• ৩ অগ্রহায়ণ ১৪৩৩, সোমবার ২৩ নভেম্বর ২০২৬ ই-পোর্টাল

Janatar Katha

Banner Add
  • কলকাতা
  • রাজ্য
  • দেশ
  • বিদেশ
  • রাজনীতি
  • খেলার দুনিয়া
  • বিনোদুনিয়া
  • সম্পাদকীয়
  • নিবন্ধ
  • ভ্রমণ
  • রাশিফল
  • টুকিটাকি
  • চিত্রহার
  • বিবিধ
  • ভিডিও
  • এছাড়াও
    • উৎসব
    • ব্যবসা
    • স্বাস্থ্য
    • শিক্ষা
    • প্রযুক্তি
    • হেঁসেল

DA

রাজ্য

জাঁকিয়ে শীতের আগেই বড় বিপত্তি! বঙ্গোপসাগরে ফুঁসছে শক্তিশালী নিম্নচাপ, সরাসরি বাংলাতেই কি আঘাত?

নভেম্বরের মাঝামাঝি এসেও জাঁকিয়ে শীতের দেখা নেই, উল্টে বৃষ্টির ভ্রুকুটিতে ফের কপালে চিন্তার ভাঁজ পড়েছে সাধারণ মানুষের। আলিপুর আবহাওয়া অফিস জানাচ্ছে, বঙ্গোপসাগরে শক্তি বাড়াচ্ছে একটি নিম্নচাপ। সোমবারের মধ্যে সেখানে নতুন করে একটি ঘূর্ণিঝড় তৈরির পূর্বাভাস দিয়েছে মৌসম ভবন। অর্ণব ও মুরাসুরের পর এবার বঙ্গোপসাগরে আরও একটি ঘূর্ণিঝড় আছড়ে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে। এই সম্ভাব্য ঘূর্ণিঝড়ের নাম দেওয়া হয়েছে আকভান। এটি ঠিক কোন দিকে এগোবে, সে বিষয়ে এখনও স্পষ্ট করে কিছু জানায়নি আবহাওয়া দফতর। তবে এই ঝড়ের প্রভাবে আসন্ন জগদ্ধাত্রী পুজোয় দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বৃষ্টির প্রবল সম্ভাবনা রয়েছে।আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী ১৮ এবং ১৯ নভেম্বর দক্ষিণবঙ্গের একাধিক জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। এমনকি ১৯ নভেম্বর কলকাতার আকাশেও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির আশঙ্কা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। গত কয়েকদিন ধরে কিছুটা ঠান্ডা অনুভূত হলেও, এই বৃষ্টির জেরে ফের তাপমাত্রা বেড়ে যাওয়ার পূর্বাভাস মিলেছে। গত শুক্রবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল একুশ দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে এক দশমিক দুই ডিগ্রি বেশি। ফলে এই মুহূর্তে শীতের আমেজ ফিকে হয়ে তাপমাত্রা বাড়ার সম্ভাবনাই বেশি।

নভেম্বর ১৪, ২০২৬
বিনোদুনিয়া

শিবা এন্টারটেইনমেন্টের নতুন ছবির প্রি প্রোডাকশন ও অভিনেত্রীর জন্মদিন উদযাপন

শিবা এন্টারটেইনমেন্টের ব্যানারে নতুন ছবি অরণ্যের আতঙ্ক। এই ছবির কলাকুশলীদের উপস্থিতিতে ডুয়ার্স এর গভীর জঙ্গলে অরণ্যের আতঙ্ক-র প্রি প্রোডাকশনের কাজ শেষ হল। এর পাশাপাশি শিবা এন্টারটেইনমেন্টের অভিনেত্রী ভেদিকার জন্মদিন উদযাপন হল। ভেদিকার জন্মদিনে উপস্থিত ছিলেন তার পরিবারের সদস্য ছাড়াও শিবা এন্টারটেইনমেন্টের কর্ণধার প্রফেসর সুবীর ভট্টাচার্য। তাঁর ব্যবস্থাপনায় অভিনেত্রী র জন্মদিন উদযাপিত হয়। শিবা এন্টারটেইনমেন্ট-এর ব্যানারে বর্তমানে বেশ কিছু ছবি পাইপলাইনে রয়েছে। এর মধ্যে ভূতের কৌতুহল হল মহরত হবে এই মাসে। এছাড়া এই প্রোডাকশনের অন্যান্য ছবির আপডেট ও খুব তাড়াতাড়ি পাওয়া যাবে জানিয়েছেন প্রযোজক সুবীর ভট্টাচার্য। জনতার কথা টিমের পক্ষ থেকে ভেদিকার জন্মদিনে অনেক অনেক শুভেচ্ছা রইল।

নভেম্বর ১৩, ২০২৬
দেশ

‘হ্যাপি দিওয়ালি’ বলেই গুলি! সিসিটিভিতে ধরা পড়ল টেক মহিন্দ্রার প্রাক্তন কর্তার খুনের ভয়ংকর দৃশ্য

হ্যাপি দিওয়ালি বলেই গুলি! ফরিদাবাদে টেক মহিন্দ্রার প্রাক্তন আধিকারিক পরমজিৎ ধনখড়কে খুনের ঘটনায় সামনে এল সিসিটিভি ফুটেজ। সেই ফুটেজে দেখা যাচ্ছে, পার্কিং নিয়ে কথা বলার অজুহাতে পরমজিৎকে ফ্ল্যাট থেকে নীচে ডেকে আনেন অভিযুক্ত মনু শর্মা। এর পরই তাঁকে লক্ষ্য করে গুলি চালান তিনি। শুধু প্রথম দফার গুলিই নয়, আবাসনের মূল ফটকের কাছেও পরমজিৎকে লক্ষ্য করে ফের গুলি চালাতে দেখা গিয়েছে অভিযুক্তকে।ঘটনাটি ২০২৬ সালের ৫ নভেম্বর, ধনতেরসের সন্ধ্যার। দীপাবলির দুদিন আগে ফরিদাবাদের সেক্টর ২১সি-তে নিজের আবাসনেই খুন হন পরমজিৎ। অভিযুক্ত মোহন ওরফে মনু শর্মা একই আবাসনের বাসিন্দা ছিলেন। ঘটনার পর পরিবারের সদস্যদের নিয়ে পালিয়ে যান তিনি। পরে ফরিদাবাদ পুলিশের অপরাধ দমন শাখা তাঁকে গ্রেফতার করে। পুলিশের দাবি, নিজের লাইসেন্সপ্রাপ্ত পিস্তল থেকে ১৫ থেকে ১৬ রাউন্ড গুলি চালিয়েছিলেন অভিযুক্ত। পরমজিতের শরীরে আট থেকে নটি গুলি লাগে।প্রথম সিসিটিভি ফুটেজে দেখা যাচ্ছে, মনু শর্মা পরমজিতের কাছে এগিয়ে যাচ্ছেন। সেই সময় পরমজিৎ তাঁর ছেলেকে নিয়ে গাড়ি রাখার জায়গায় আসেন। অভিযোগ, কথাবার্তার শুরুতেই মনু তাঁকে দুবার প্রশ্ন করেন, তিনি বিধবা সম্পর্কে জানেন কি না এবং এ বিষয়ে তাঁর বিশ্বাস আছে কি না। এমন প্রশ্ন শুনে কিছুটা অবাক হয়ে যান পরমজিৎ। কী হয়েছে, তা জানতে চান তিনি।এর পরমনু অভিযোগ করেন, তিন জনকে দিয়ে তাঁকে মার খাওয়ানোর ব্যবস্থা করেছেন পরমজিৎ। পাল্টা পরমজিৎ হাতজোড় করে বোঝানোর চেষ্টা করেন, কাউকে দিয়ে তিনি মারধর করাননি। কী নিয়ে এই বিবাদ, তা-ও জানতে চান। কিন্তু মনু কথা বলতে চাননি। বার বার জানান, পরমজিতের সঙ্গে তাঁর কোনও কথা নেই।এক সময় পরমজিৎ বলেন, কথা বলতে না চাইলে আলোচনা চালিয়ে যাওয়ার কোনও অর্থ নেই। তাঁর ছেলে তখন বিষয়টিতে হস্তক্ষেপ করতে গেলে তাঁকে থামিয়ে দেন পরমজিৎ। ফুটেজে দেখা যাচ্ছে, এর পর মনু পরমজিতের ছেলের দিকে ইশারা করে তাঁকে সামনে আসতে বলেন। তার পর পরমজিৎকে প্রশ্ন করেন, তিনি ঈশ্বরে বিশ্বাস করেন কি না। এর পরেই পকেট থেকে পিস্তল বার করে গুলি চালাতে শুরু করেন। বাবার উপর গুলি চলতে দেখে ঘটনাস্থল থেকে দৌড়ে পালিয়ে যায় পরমজিতের ছেলে।দ্বিতীয় সিসিটিভি ফুটেজে দেখা যাচ্ছে, গুলিবিদ্ধ অবস্থায় আবাসনের মূল ফটকের দিকে এগিয়ে যাচ্ছেন পরমজিৎ। সম্ভবত সাহায্য চাইছিলেন তিনি। সেই সময় পিছন থেকে তাঁর কাছে পৌঁছন মনু। পরমজিৎ অভিযুক্তের জামার কলার ধরে তাঁকে মাটিতে ফেলে দেন। এই ধস্তাধস্তির মধ্যেই সেখানে পৌঁছে যান পরমজিতের মা। তিনি পুত্রবধূকে ডাকতে থাকেন।এর পরেও থামেননি অভিযুক্ত। ফুটেজে দেখা যাচ্ছে, পরমজিৎকে লক্ষ্য করে আরও চার রাউন্ড গুলি চালান মনু। তাঁকে গালিগালাজ করতেও শোনা যায়। তার পর হ্যাপি দিওয়ালি বলে ঘটনাস্থল থেকে পালিয়ে যান তিনি।পুলিশ সূত্রে জানা গিয়েছে, পার্কিং নিয়ে বিবাদ থেকেই এই ঘটনার সূত্রপাত। তবে দুই পরিবারের মধ্যে আগে থেকেই নানা বিষয় নিয়ে মনোমালিন্য ছিল বলে খবর। কয়েক দিন আগে একটি কুকুরকে কেন্দ্র করে পরমজিতের ছেলে ও মনুর মধ্যে বচসাও হয়েছিল বলে জানা গিয়েছে।ঘটনার কিছু দিন আগে সিঙ্গাপুর থেকে ফরিদাবাদে ফিরেছিলেন পরমজিৎ। ভাইপোর বিয়েতে যোগ দিতেই তাঁর আসা। এর প্রায় দুমাস আগে তিনি টেক মহিন্দ্রার চাকরি ছেড়ে সিঙ্গাপুরের একটি বহুজাতিক সংস্থায় উচ্চপদে যোগ দিয়েছিলেন। ফরিদাবাদের ওই আবাসনে স্ত্রী, ছেলে ও মেয়েকে নিয়ে থাকতেন তিনি। অন্য দিকে, মনু থাকতেন আবাসনের তিন তলায়।সিসিটিভি ফুটেজে খুনের আগে ও পরে দুই ব্যক্তির মধ্যে সংঘর্ষের একাধিক মুহূর্ত ধরা পড়েছে। ঘটনার তদন্ত চালাচ্ছে পুলিশ।

নভেম্বর ১২, ২০২৬
রাজ্য

বৃষ্টি বিদায় নিতেই বাংলায় শীতের হাওয়া! রবিবার থেকেই পারদ নামবে ৪ ডিগ্রি, কবে থেকে বদলাবে আবহাওয়া?

বৃষ্টির পর এবার কি বাংলায় শীতের আমেজ? তেমনই ইঙ্গিত দিচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। সপ্তাহের শেষ থেকেই রাজ্যের বিভিন্ন জেলায় তাপমাত্রা কমতে পারে। বিশেষ করে ভোর ও রাতের দিকে শীতের অনুভূতি বাড়বে। আগামী রবিবার ও সোমবারের মধ্যে দক্ষিণবঙ্গের তাপমাত্রা ২ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে। উত্তরবঙ্গেও একই হারে তাপমাত্রা কমার সম্ভাবনা রয়েছে। ফলে বৃষ্টির পর আগামী কয়েকদিন মনোরম আবহাওয়া উপভোগ করতে পারবেন বঙ্গবাসী।আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, বৃহস্পতিবার রাজ্যের বেশির ভাগ জায়গায় আকাশ পরিষ্কার থাকবে। তবে দক্ষিণবঙ্গের উপকূলবর্তী কয়েকটি জেলায় আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব ও পশ্চিম মেদিনীপুরের কিছু এলাকায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাকি জেলাগুলিতে মূলত শুষ্ক আবহাওয়া থাকবে।শুক্রবার থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা আরও কমবে। আগামী দুতিন দিনের মধ্যে তাপমাত্রা ২ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে। ফলে সপ্তাহান্তে ভোর ও রাতের দিকে শীতের আমেজ অনুভব করবেন দক্ষিণবঙ্গের বাসিন্দারা।কলকাতা ও সংলগ্ন এলাকাতেও আগামী কয়েকদিন আবহাওয়া মনোরম থাকবে। আজ থেকেই শহরে বৃষ্টির সম্ভাবনা কমবে। সকালের দিকে কুয়াশা দেখা যেতে পারে। সপ্তাহান্তে আরও কিছুটা কমতে পারে তাপমাত্রা।বৃহস্পতিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২১.৭ ডিগ্রি সেলসিয়াস। বুধবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৭.৮ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল ৬৫ থেকে ৯৭ শতাংশ। গত ২৪ ঘণ্টায় বৃষ্টিপাতের পরিমাণ ছিল ৭.২ মিলিমিটার।উত্তরবঙ্গেও আগামী কয়েকদিন মূলত পরিষ্কার আকাশ থাকবে। বৃহস্পতিবার থেকে বৃষ্টির সম্ভাবনা কমবে। সপ্তাহান্তে সেখানেও তাপমাত্রা ২ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে। ফলে উত্তরবঙ্গের জেলাগুলিতেও ভোর ও রাতের দিকে শীতের অনুভূতি বাড়ার সম্ভাবনা রয়েছে।অন্যদিকে, বঙ্গোপসাগরে তৈরি হয়েছে ঘূর্ণাবর্ত। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, শুক্রবার দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরি হতে পারে। পরবর্তী ৪৮ ঘণ্টায় সেটি আরও শক্তিশালী হয়ে সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে। সপ্তাহের শেষে তা গভীর নিম্নচাপে পরিণত হতে পারে।এ ছাড়াও সিকিম, অসম ও উত্তরপ্রদেশের উপর ঘূর্ণাবর্ত রয়েছে। উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর থেকে উত্তরপ্রদেশ পর্যন্ত একটি নিম্নচাপ অক্ষরেখা বিস্তৃত রয়েছে। সেটি ওড়িশা, ঝাড়খণ্ড এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর দিয়ে গিয়েছে।এই নিম্নচাপ আরও শক্তিশালী হলে পরবর্তী সময়ে ঘূর্ণিঝড় তৈরির আশঙ্কাও রয়েছে। ঘূর্ণিঝড় তৈরি হলে তার নাম হবে আকভান। এই নামটি দিয়েছে ইরান। তবে নিম্নচাপ থেকে ঘূর্ণিঝড় তৈরি হবে কি না, তা এখনও নিশ্চিত নয়।সব মিলিয়ে, বৃষ্টির সম্ভাবনা কমার পাশাপাশি আগামী সপ্তাহের শুরুতে তাপমাত্রা নামার ইঙ্গিত মিলেছে। ফলে দিনের বেলায় মনোরম আবহাওয়া থাকলেও ভোর ও রাতের দিকে শীতের হালকা অনুভূতি পেতে পারেন রাজ্যবাসী।

নভেম্বর ১২, ২০২৬
বিদেশ

রুশ রাষ্ট্রদূতের আকস্মিক মৃত্যু ঘিরে রহস্য! চায়ের কাপে বিষ, নাকি অন্য কোনও কারণ? সমাজমাধ্যমে তোলপাড়

আমেরিকায় নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজ়ান্ডার দারচিয়েভের আকস্মিক মৃত্যু ঘিরে রহস্য ক্রমশ বাড়ছে। ৬৬ বছর বয়সি এই প্রবীণ কূটনীতিকের মৃত্যুর খবর বুধবার, ১১ নভেম্বর, জানিয়েছে রাশিয়ার বিদেশ মন্ত্রক। কিন্তু কী কারণে তাঁর মৃত্যু হয়েছে, এমনকি কোথায় তাঁর মৃত্যু হয়েছে, সে বিষয়েও কিছু জানানো হয়নি। আর তার পরেই সমাজমাধ্যমে শুরু হয়েছে নানা জল্পনা। কেউ তুলছেন বিষপ্রয়োগের প্রশ্ন, কেউ আবার রাশিয়ার অতীতের একাধিক রহস্যজনক মৃত্যুর প্রসঙ্গ টেনে আনছেন।রাশিয়ার বিদেশ মন্ত্রক এক বিবৃতিতে গভীর শোক প্রকাশ করে জানায়, দারচিয়েভের আকস্মিক মৃত্যু হয়েছে। তবে মৃত্যুর কারণ এবং স্থান সম্পর্কে কোনও তথ্য দেওয়া হয়নি। সরকারি বিবৃতিতে এই নীরবতাই নতুন করে প্রশ্নের জন্ম দিয়েছে।এর পরেই সমাজমাধ্যমে নানা ধরনের মন্তব্য করতে শুরু করেন নেটাগরিকদের একাংশ। রাশিয়ায় অতীতে বেশ কয়েক জন প্রভাবশালী ব্যক্তির রহস্যজনক মৃত্যুর ঘটনা সামনে এসেছে। সেই সব ঘটনার কথা মনে করিয়ে দিয়ে অনেকে দারচিয়েভের মৃত্যুর পিছনে কোনও ষড়যন্ত্র রয়েছে কি না, তা নিয়ে প্রশ্ন তুলেছেন। যদিও এই ধরনের দাবির পক্ষে এখনও কোনও প্রমাণ সামনে আসেনি।সমাজমাধ্যমের বিভিন্ন পাতায় ছড়িয়ে পড়েছে নানা ব্যঙ্গাত্মক মন্তব্য ও মিম। কেউ অতীতে তেজস্ক্রিয় পদার্থ মেশানো চা খাইয়ে বিষপ্রয়োগের ঘটনার কথা উল্লেখ করেছেন। কেউ আবার প্রশ্ন তুলেছেন, এ বারও কি চায়ের মাধ্যমে বিষ দেওয়া হয়েছিল? অন্য এক নেটাগরিকের মন্তব্য, সবার প্রথমেই মনে হচ্ছে, উনি কি জানলা থেকে পড়ে গিয়েছিলেন? এই ধরনের মন্তব্য ঘিরে সরগরম হয়ে উঠেছে নেটদুনিয়া। অনেকে কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্য নিয়েও জানতে চাইছেন, এই মৃত্যুর পিছনে কোনও ষড়যন্ত্র রয়েছে কি না।দারচিয়েভের মৃত্যুর সময় নিয়েও প্রশ্ন উঠেছে। কারণ, রাশিয়া ও ইউক্রেনের মধ্যে যুদ্ধ থামানোর লক্ষ্যে আবু ধাবিতে শান্তি আলোচনা শুরু হয়েছিল। আমেরিকার মধ্যস্থতায় হওয়া এই আলোচনার প্রথম দফা শেষ হওয়ার সময়েই সামনে আসে রুশ রাষ্ট্রদূতের মৃত্যুর খবর।আলোচনার আগে থেকেই রাশিয়ার অবস্থান নিয়ে কড়া বার্তা দিয়েছিলেন মস্কোর প্রধান আলোচক ভ্লাদিমির মেদিনস্কি। তাঁর বক্তব্য ছিল, রাশিয়া নিজেদের নির্ধারিত লক্ষ্য পূরণ করবেই। নিজেদের দাবিকৃত ভূখণ্ডের প্রতিটি অংশের নিয়ন্ত্রণ ও নিরাপত্তা নিশ্চিত করতে চায় মস্কো। তাঁর এই মন্তব্যে স্পষ্ট হয়েছিল, ইউক্রেনের সঙ্গে আলোচনায় রাশিয়া নিজেদের অবস্থান থেকে সহজে সরে আসতে রাজি নয়।এই পরিস্থিতিতে ওয়াশিংটনে রাশিয়ার অন্যতম গুরুত্বপূর্ণ কূটনীতিকের আকস্মিক মৃত্যু নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। বিশেষ করে শান্তি আলোচনার মতো গুরুত্বপূর্ণ ঘটনার ঠিক পরেই তাঁর মৃত্যুর খবর প্রকাশ্যে আসায় সময়ের বিষয়টি নিয়ে প্রশ্ন তুলছেন অনেকে। তবে এই দুই ঘটনার মধ্যে কোনও যোগসূত্র রয়েছে, এমন কোনও প্রমাণ এখনও পাওয়া যায়নি।দারচিয়েভকে রাশিয়া-আমেরিকা সম্পর্কের বিশেষজ্ঞ হিসাবে বিবেচনা করা হত। ২০২৫ সালের মার্চ মাসে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তাঁকে আমেরিকায় রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ করেছিলেন। ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের সঙ্গে মস্কোর সম্পর্ক উন্নত করার দায়িত্বও ছিল তাঁর উপর। দুই দেশের মধ্যে দীর্ঘদিনের উত্তেজনা কমিয়ে কূটনৈতিক সম্পর্ক স্বাভাবিক করাই ছিল তাঁর অন্যতম প্রধান কাজ।xতাই এমন এক গুরুত্বপূর্ণ সময়ে দারচিয়েভের আকস্মিক মৃত্যু স্বাভাবিক ভাবেই আন্তর্জাতিক মহলে চর্চার বিষয় হয়ে উঠেছে। তবে সমাজমাধ্যমে ছড়িয়ে পড়া বিষপ্রয়োগ বা ষড়যন্ত্রের অভিযোগের কোনও সত্যতা এখনও প্রমাণিত হয়নি। মৃত্যুর প্রকৃত কারণ জানতে এখন রাশিয়ার বিদেশ মন্ত্রকের আনুষ্ঠানিক বিবৃতির দিকেই তাকিয়ে রয়েছে আন্তর্জাতিক মহল।

নভেম্বর ১২, ২০২৬
দেশ

মাদার ডেয়ারির পর আমুলের দুধেও বড় ধাক্কা! বৃহস্পতিবার থেকেই বাড়ছে দাম, কত টাকা বেশি গুনতে হবে?

উৎসবের মরশুমে ফের বাড়ল আমজনতার খরচ। মাদার ডেয়ারির পর এ বার দেশজুড়ে দুধের দাম বাড়ানোর সিদ্ধান্ত নিল আমুল। লিটারপিছু ২ থেকে ৪ টাকা পর্যন্ত দাম বাড়ানো হয়েছে। বৃহস্পতিবার, ১২ নভেম্বর থেকে নতুন দাম কার্যকর হবে। ফলে প্রতিদিনের দুধ কেনার খরচ আরও বাড়তে চলেছে সাধারণ মানুষের।এমনিতেই নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম বাড়ায় চাপে মধ্যবিত্ত। তার উপর পশ্চিম এশিয়ার যুদ্ধের জেরে বিশ্ব জুড়ে জ্বালানি সংকট তৈরি হয়েছে। এই পরিস্থিতিতে দুধের দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে একাধিক সংস্থা। বুধবারই মাদার ডেয়ারি দুধের দাম বাড়ানোর কথা ঘোষণা করে। একই দিনে আমুলও মূল্যবৃদ্ধির কথা জানাল।গুজরাট কো-অপারেটিভ মিল্ক মার্কেটিং ফেডারেশনের তরফে জানানো হয়েছে, দিল্লিতে আমুল গোল্ডের এক লিটারের দাম ৮০ টাকা থেকে বেড়ে হচ্ছে ৮৪ টাকা। আমুল তাজা এক লিটারের দাম ৬০ টাকা থেকে বেড়ে হচ্ছে ৬২ টাকা। আমুল বাফেলো মিল্কের ৫০০ মিলিলিটারের প্যাকেটের দাম ৩৯ টাকা থেকে বেড়ে হচ্ছে ৪৩ টাকা। আমুল শক্তি দুধের ৫০০ মিলিলিটারের প্যাকেটের দামও বাড়ানো হচ্ছে। অন্যান্য শহরেও একই অনুপাতে দাম বাড়বে বলে জানিয়েছে সংস্থা।কেন এই মূল্যবৃদ্ধি? আমুলের তরফে জানানো হয়েছে, গত এক বছরে গবাদি পশুর খাদ্য, দুধের প্যাকেট তৈরির উপকরণ এবং জ্বালানির খরচ বেড়েছে। সেই কারণেই দুধের দাম বাড়ানোর সিদ্ধান্ত। পাশাপাশি, ২০২৫ সালের মে মাস থেকে দুধ উৎপাদক কৃষকদের দেওয়া দামও ৩.৭ শতাংশ বাড়ানো হয়েছে বলে জানিয়েছে সংস্থা।এর আগে মাদার ডেয়ারিও লিটারপিছু ২ থেকে ৪ টাকা দাম বাড়ানোর কথা ঘোষণা করেছিল। তবে আপাতত দিল্লি-এনসিআর এলাকায় বর্ধিত দামে দুধ বিক্রি করবে সংস্থাটি। দেশের অন্য শহরগুলিতেও একই হারে দাম বাড়বে কি না, সে বিষয়ে এখনও কিছু জানানো হয়নি।

নভেম্বর ১১, ২০২৬
রাজ্য

‘অর্ণব’, ‘মুরাসু’র পর ফের ঘূর্ণিঝড়ের চোখরাঙানি! নভেম্বরেই বঙ্গোপসাগরে তৈরি হতে পারে ‘আকভান’?

অর্ণব, মুরাসুর পর এ বার কি বঙ্গোপসাগরে তৈরি হতে চলেছে আরও একটি ঘূর্ণিঝড়? নভেম্বরের মাঝামাঝি সময়ে সমুদ্রের বুকে নতুন করে শক্তি বাড়াতে পারে একটি ঘূর্ণাবর্ত। অনুকূল পরিস্থিতি তৈরি হলে সেটি প্রথমে নিম্নচাপ এবং পরে গভীর নিম্নচাপে পরিণত হতে পারে। এমনকি ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার সম্ভাবনাও উড়িয়ে দিচ্ছেন না আবহাওয়াবিদদের একাংশ। সম্ভাব্য এই ঘূর্ণিঝড়ের নাম হতে পারে আকভান। তবে সেটি তৈরি হলে বাংলার উপকূলে কতটা প্রভাব পড়বে, তা এখনও স্পষ্ট নয়।আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, এই মুহূর্তে দক্ষিণ-পূর্ব বাংলাদেশে একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে। তার প্রভাবেই বুধবার ও বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের জেলাগুলিতেও বৃষ্টি হতে পারে।মঙ্গলবার কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টি হয়েছে। বুধবার, ভাইফোঁটার সকালেও আকাশের মুখ ভার। হালকা শীতের আমেজ থাকলেও বিভিন্ন জেলায় বিক্ষিপ্ত ভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি চলছে। আবহাওয়া দফতরের পূর্বাভাস, বুধবার বিকেলের দিকে বৃষ্টির পরিমাণ বাড়তে পারে।হাওয়া অফিসের তথ্য অনুযায়ী, বুধবার কলকাতায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা সর্বোচ্চ ৯৬ শতাংশের কাছাকাছি থাকতে পারে। মঙ্গলবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১.৫ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২২.৩ ডিগ্রি সেলসিয়াস। বুধবার সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে ৩০ এবং ২২ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে থাকতে পারে। অর্থাৎ, আগের দিনের তুলনায় সামান্য কমতে পারে তাপমাত্রা।বুধবার ও বৃহস্পতিবার উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, হাওড়া এবং হুগলি জেলায় বিক্ষিপ্ত ভাবে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের জেলাগুলিতেও বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।নভেম্বর মাস পড়তেই ভোর ও রাতের দিকে শীতের আমেজ অনুভূত হচ্ছে। বিশেষ করে পশ্চিমের জেলাগুলিতে তাপমাত্রা অনেকটাই নেমেছে। ধীরে ধীরে শীতের অপেক্ষায় দিন গুনছেন বাংলার মানুষ। কিন্তু তার মধ্যেই বার বার ঘূর্ণাবর্ত ও বৃষ্টির পূর্বাভাসে কিছুটা চিন্তা বাড়ছে। অনেকেই চাইছেন, আকাশ পরিষ্কার হয়ে ঝলমলে রোদ উঠুক এবং জাঁকিয়ে পড়ুক শীত।কিন্তু নভেম্বরের মাঝামাঝি বঙ্গোপসাগরে নতুন ঘূর্ণাবর্ত তৈরি হলে পরিস্থিতি কোন দিকে এগোবে? সেটি কি আদৌ ঘূর্ণিঝড়ে পরিণত হবে? বাংলার উপকূল বা স্থলভাগে তার কোনও প্রভাব পড়বে কি না, তা নিয়ে এখনও নিশ্চিত করে কিছু জানায়নি আবহাওয়া দফতর। আপাতত ঘূর্ণাবর্তের গতিপ্রকৃতির উপর নজর রাখছেন আবহাওয়াবিদেরা।

নভেম্বর ১১, ২০২৬
রাজ্য

ভাইফোঁটায় বৃষ্টির ভ্রুকুটি! মঙ্গলবার থেকেই বদলাবে বাংলার আবহাওয়া, কোন কোন জেলায় দুর্যোগের আশঙ্কা?

ফের বৃষ্টির ভ্রুকুটি বাংলার আকাশে। আগেই বৃষ্টির পূর্বাভাস দিয়েছিল আলিপুর আবহাওয়া দফতর। সেই পূর্বাভাস অনুযায়ী, সোমবার থেকেই বদলাতে পারে আবহাওয়া। মঙ্গলবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত রাজ্যের বিভিন্ন জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বুধবার ভাইফোঁটা। ফলে উৎসবের দিনে বৃষ্টি হবে কি না, তা নিয়ে চিন্তায় সাধারণ মানুষ। ভাইফোঁটার আনন্দে বৃষ্টি বাধা হয়ে দাঁড়াবে কি না, এখন সেটাই বড় প্রশ্ন।আবহাওয়া দফতর জানিয়েছে, সোমবার কলকাতা-সহ দক্ষিণবঙ্গের আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। আগামী কয়েক দিনে তাপমাত্রাও কিছুটা বাড়তে পারে। বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প রাজ্যে ঢুকছে। তার জেরেই কলকাতা-সহ আশপাশের এলাকায় বাড়তে পারে গরম ও অস্বস্তি।সোমবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২২.৭ ডিগ্রি সেলসিয়াস। রবিবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩০.২ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল ৫৬ থেকে ৯৬ শতাংশ। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, মঙ্গলবার বৃষ্টির সম্ভাবনা বেশি। বুধবারও বৃষ্টি হতে পারে। বৃহস্পতিবার পর্যন্ত রাজ্যের বিভিন্ন জেলায় বৃষ্টির পরিস্থিতি থাকতে পারে। কয়েকটি এলাকায় কুয়াশাও দেখা যেতে পারে।সোমবার কলকাতা, হাওড়া, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, নদিয়া এবং মুর্শিদাবাদে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মঙ্গলবার উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুরে বৃষ্টি হতে পারে। বুধবার কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে।অর্থাৎ, ভাইফোঁটার দিন দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টির সম্ভাবনা থাকছে। ফলে ভাইফোঁটার আয়োজন বা আত্মীয়ের বাড়ি যাতায়াতের পরিকল্পনায় কিছুটা সমস্যা হতে পারে। তবে বৃহস্পতিবার থেকে ধীরে ধীরে আবহাওয়ার পরিবর্তন হওয়ার সম্ভাবনা রয়েছে। কমতে পারে বৃষ্টির পরিমাণ।উত্তরবঙ্গেও বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। সোমবার মালদহ, উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুরে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। মঙ্গলবার দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়িতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বুধবারও এই জেলাগুলিতে বৃষ্টি হতে পারে।বৃহস্পতিবার থেকে উত্তরবঙ্গেও আবহাওয়ার পরিবর্তন হওয়ার সম্ভাবনা রয়েছে। কমতে পারে বৃষ্টির পরিমাণ। পাশাপাশি তাপমাত্রাও কিছুটা নামতে পারে।সব মিলিয়ে, ভাইফোঁটার আগে থেকেই বাংলার আকাশে মেঘের আনাগোনা বাড়ার সম্ভাবনা। বিশেষ করে বুধবার দক্ষিণবঙ্গের সব জেলাতেই বৃষ্টির পূর্বাভাস থাকায় উৎসবের পরিকল্পনা নিয়ে কিছুটা চিন্তা তৈরি হয়েছে। তাই ভাইফোঁটার দিন বাড়ির বাইরে বেরোনোর পরিকল্পনা থাকলে আবহাওয়ার দিকে নজর রাখার পরামর্শ দিচ্ছে পরিস্থিতি।

নভেম্বর ০৯, ২০২৬
রাজ্য

ক্ষমতায় নেই তৃণমূল, তবু অনুব্রতর কালীপুজোয় ৭০০ ভরি সোনা! কী বললেন কেষ্ট?

রাজ্যে ক্ষমতার পালাবদল হয়েছে। তৃণমূল আর ক্ষমতায় নেই। বোলপুরে দলের কার্যালয়ের কালীপুজোয় তাই আগের মতো জৌলুস নেই। কমেছে লোকজনের ভিড়ও। তবে পুজোর আয়োজনে কোনও খামতি রাখতে চান না অনুব্রত মণ্ডল। তাঁর দাবি, এ বারও মায়ের প্রতিমা সাজানো হয়েছে প্রায় ৭০০ ভরি সোনার গয়নায়। তিহার জেল থেকে ফিরে এসেও মায়ের গয়নার পরিমাণে কোনও পরিবর্তন দেখেননি তিনি।শনিবার বোলপুরে তৃণমূলের দলীয় কার্যালয়ে কালীপুজো নিয়ে স্মৃতিচারণা করেন অনুব্রত। তিনি জানান, ছোটবেলা থেকেই কালীপুজোর সঙ্গে যুক্ত তিনি। প্রথমে বোলপুরের নিচুপট্টিতে পুজো করতেন। পরে তৃণমূলের জেলা কার্যালয়ে পুজো শুরু করেন। সেই পুজোর বয়সও প্রায় ৫০ থেকে ৬০ বছর। অনুব্রতর কথায়, দল ক্ষমতায় নেই। ভেবেছিলাম, পুজোর উপকরণ জোগাড় করতে সমস্যা হবে। কিন্তু মায়ের আশীর্বাদে কোনও অভাব হয়নি।পুজোর আয়োজন নিয়ে অনুব্রত বলেন, সবাই নিজের মতো করে জিনিস দিয়ে যাচ্ছে। আগে মায়ের যত ভরি গয়না ছিল, এ বারও ততটাই রয়েছে। তাঁর দাবি, এ বারও প্রতিমাকে সাজানো হয়েছে প্রায় ৭০০ ভরি সোনার গয়নায়। রবিবার মায়ের ভোগে থাকছে খিচুড়ি, তরকারি, ন রকম ভাজা, পায়েস, চাটনি এবং পাঠার মাংস।২০২১ সালের পরিসংখ্যান অনুযায়ী, তৃণমূলের দলীয় কার্যালয়ে অনুব্রতর কালীপ্রতিমার গয়নার পরিমাণ ছিল ৫৭০ ভরি। তার পর থেকে প্রতি বছর গয়নার পরিমাণ বেড়েছে বলে দাবি করা হয়। এ বার সেই পরিমাণ প্রায় ৭০০ ভরি। গয়নার আনুমানিক বাজারমূল্য সাড়ে ১১ কোটি টাকা বলে জানা যাচ্ছে।একসময় এই কালীপুজো ঘিরে বোলপুরে বড়সড় আয়োজন হত। জেলার বিভিন্ন প্রান্ত থেকে ছোট-বড় তৃণমূল নেতা, বিধায়ক, মন্ত্রী এবং সাংসদেরা ভিড় জমাতেন। খাওয়াদাওয়ার আয়োজনও থাকত চোখে পড়ার মতো। কিন্তু রাজনৈতিক পালাবদলের পর এ বারের ছবিটা অনেকটাই আলাদা। এখন হাতে গোনা কয়েক জনকে নিয়েই পুজোর আয়োজন করছেন অনুব্রত। তবু পুজোর প্রস্তুতিতে কোনও খামতি রাখতে চাইছেন না উদ্যোক্তারা। ইতিমধ্যেই সাজিয়ে তোলা হয়েছে বোলপুরের তৃণমূল কার্যালয়।অন্য দিকে, বোলপুরের বাড়িপুকুর সম্মিলনীর কালীপুজোর সঙ্গেও একসময় অনুব্রতর যোগ ছিল। তাঁর হাত ধরেই ওই পুজোর সূচনা হয়েছিল। এ দিন সেই পুজোর আনুষ্ঠানিক উদ্বোধন করেন বিজেপির বোলপুর সাংগঠনিক জেলা সভাপতি শ্যামাপদ মণ্ডল। তিনি বলেন, এটাই জগতের নিয়ম। উনি যখন নিজের জায়গায় ছিলেন, তখন পুজো করেছেন। আজ এলেও কোনও বাধা ছিল না। পুজোর ক্ষেত্রে রাজনীতি নেই। পুজো সবার। এখানে পাড়ার লোকেরাই সমস্ত আয়োজন করেছেন।রাজনৈতিক পালাবদলের পর বোলপুরে অনুব্রতর কালীপুজো কেমন হয়, তা নিয়ে কৌতূহল ছিল অনেকের। ক্ষমতায় না থাকলেও পুজোর আয়োজন ঘিরে নিজের পুরনো ঐতিহ্য ধরে রাখার চেষ্টা করছেন অনুব্রত।

নভেম্বর ০৮, ২০২৬
রাজ্য

কালীপুজোর পরেই আবহাওয়ায় বড় বদল! সোমবার থেকে কলকাতা-সহ জেলায় জেলায় বৃষ্টি, কী বলছে হাওয়া অফিস?

দুর্গাপুজো ও লক্ষ্মীপুজোয় বৃষ্টির কারণে কিছুটা হলেও সমস্যায় পড়েছিলেন সাধারণ মানুষ। তবে কালীপুজোয় আকাশ পরিষ্কার থাকবে বলে আগেই জানিয়েছিল হাওয়া অফিস। সেই পূর্বাভাস মেনেই কালীপুজোর সকাল থেকে কলকাতা-সহ দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় দেখা গিয়েছে ঝলমলে রোদ। সেই সঙ্গে কিছুটা কমেছে তাপমাত্রাও। ফলে শীতের আমেজ আসার অপেক্ষায় রয়েছেন অনেকে। তবে এখনই কি রাজ্যে শীতের প্রবেশ ঘটবে? আবহাওয়া দপ্তরের পূর্বাভাস বলছে, আগামী সপ্তাহ থেকেই ফের বদলাতে পারে আবহাওয়া।আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর, রবিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২১.২ ডিগ্রি সেলসিয়াস। পশ্চিমের জেলাগুলিতে তাপমাত্রা আরও কম। সেখানে সর্বনিম্ন তাপমাত্রা নেমে এসেছে ১৭ থেকে ১৮ ডিগ্রি সেলসিয়াসে। আপাতত দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গের কোথাও বৃষ্টির সম্ভাবনা নেই।তবে সোমবার থেকেই আবহাওয়ার পরিবর্তন হতে পারে। আকাশ মেঘলা থাকার পাশাপাশি রাজ্যের একাধিক জেলায় বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। কলকাতা, হাওড়া, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, নদিয়া ও মুর্শিদাবাদে বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টি হতে পারে। উপকূলবর্তী এলাকায় ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে।মঙ্গলবার ও বুধবারও দক্ষিণবঙ্গের সব জেলাতেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ফলে কালীপুজোর পরেই ফের ভিজতে পারে রাজ্যের বিভিন্ন এলাকা। তবে বৃহস্পতিবার থেকে পরিস্থিতির পরিবর্তন হতে পারে। কমতে পারে বৃষ্টির সম্ভাবনা।উত্তরবঙ্গেও আগামী সপ্তাহ থেকে আবহাওয়ার পরিবর্তনের ইঙ্গিত দিয়েছে হাওয়া অফিস। সোমবার মালদহ, উত্তর দিনাজপুর ও দক্ষিণ দিনাজপুরে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কয়েকটি জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। সঙ্গে বইতে পারে দমকা হাওয়া। তবে দার্জিলিং-সহ উত্তরবঙ্গের উপরের দিকের জেলাগুলিতে সেদিন আবহাওয়া মূলত শুষ্ক থাকবে।মঙ্গলবার উত্তরবঙ্গের সব জেলাতেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে। হালকা থেকে মাঝারি বৃষ্টির পাশাপাশি দু-এক জায়গায় দমকা হাওয়া বইতে পারে। বুধবারও দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়িতে বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে। তবে উত্তরবঙ্গের সমতলের তিন জেলা মালদহ, উত্তর দিনাজপুর ও দক্ষিণ দিনাজপুরে আবহাওয়া শুষ্ক থাকার সম্ভাবনা।সব মিলিয়ে কালীপুজোর পরেই রাজ্যের আবহাওয়ায় বড় পরিবর্তনের ইঙ্গিত মিলেছে। আপাতত তাপমাত্রা কমলেও বৃষ্টির কারণে শীতের আমেজ আসতে আরও কিছুটা দেরি হতে পারে। এখন নজর বৃহস্পতিবারের পর আবহাওয়ার গতিপ্রকৃতির দিকে।

নভেম্বর ০৮, ২০২৬
দেশ

প্রকৃত নিয়ন্ত্রণরেখার একেবারে কাছে ভারতের নতুন বিমানঘাঁটি, এবার কী বড় পদক্ষেপ করতে চলেছে সেনা?

দীর্ঘ প্রতীক্ষার অবসান। গত বছর চালু হয়েছে লাদাখের নোওমা বিমানঘাঁটি। সীমান্তে যে কোনও জরুরি পরিস্থিতি মোকাবিলার কথা মাথায় রেখেই বিশেষ ভাবে তৈরি করা হয়েছে এই বিমানঘাঁটি। সেনা সূত্রে খবর, কৌশলগত দিক থেকে ভারতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বিমানঘাঁটি।২০২১ সালে এই প্রকল্পে অনুমোদন দেয় কেন্দ্রীয় সরকার। বিমানঘাঁটি তৈরির জন্য বরাদ্দ করা হয়েছিল ২১৪ কোটি টাকা। অনুমোদন পাওয়ার পরেই শুরু হয় নির্মাণের কাজ। দীর্ঘ প্রস্তুতির পর অবশেষে গত বছর চালু হয় এই বিমানঘাঁটি।লাদাখের নোওমা অঞ্চল প্রকৃত নিয়ন্ত্রণরেখার খুব কাছেই অবস্থিত। সেই কারণে এই বিমানঘাঁটির গুরুত্ব অনেকটাই বেশি। সীমান্তে কোনও জরুরি পরিস্থিতি তৈরি হলে দ্রুত সেখানে পৌঁছতে পারবেন বায়ুসেনার কর্মীরা। পাশাপাশি উত্তর সীমান্তের দুর্গম পাহাড়ি এলাকাগুলিতেও সহজে পৌঁছনো সম্ভব হবে।লাদাখের মতো প্রত্যন্ত অঞ্চলে স্থলপথে যাতায়াত বেশ কঠিন। বিশেষ করে প্রতিকূল আবহাওয়া এবং দুর্গম পাহাড়ি রাস্তার কারণে অনেক সময় সেনার কাছে প্রয়োজনীয় সামগ্রী পৌঁছে দিতে সমস্যা হয়। নোওমা বিমানঘাঁটি চালু হওয়ায় সেই সমস্যা অনেকটাই কমবে বলে মনে করা হচ্ছে। সব মিলিয়ে, ভারতের উত্তর সীমান্তের নিরাপত্তা এবং সেনার দ্রুত যাতায়াতের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে এই বিমানঘাঁটি।

নভেম্বর ০৭, ২০২৬
কলকাতা

আমার ওপর দিয়ে বুলডোজার চালাতে হবে! অভিষেকের বাড়ির সঙ্গে হুঙ্কার মমতার

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে উত্তেজনা ও হামলার অভিযোগ ঘিরে তীব্র ক্ষোভ প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শনিবার দুপুরে কালীঘাটে অভিষেকের বাড়িতে পৌঁছে পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন তিনি। তাঁর অভিযোগ, বিরোধী জোটে থাকার কারণেই রাজনৈতিক প্রতিহিংসা থেকে ডায়মন্ড হারবারের সাংসদকে ইচ্ছাকৃত ভাবে হেনস্থা করা হচ্ছে। নাম না করে বিজেপি নেতা শুভেন্দু অধিকারীকেও নিশানা করেন মুখ্যমন্ত্রী।৭ নভেম্বর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন। সেই উপলক্ষে শুক্রবার রাত থেকেই তাঁর বাড়ির সামনে ভিড় জমাতে শুরু করেন অনুগামীরা। রাত বাড়ার সঙ্গে সঙ্গে সেখানে উত্তেজনা ছড়ায়। অভিযোগ, সেই সময় কয়েক জন বিজেপি কর্মী-সমর্থক কালীপুজোর প্রতিমা আনতে যাচ্ছিলেন। তাঁদের সঙ্গে অভিষেকের অনুগামীদের বচসা শুরু হয়। পরিস্থিতি ক্রমে উত্তপ্ত হয়ে ওঠে।অভিযোগ, অভিষেককে লক্ষ্য করে চোর স্লোগান দেওয়া হয়। তাঁর ব্যানার ও কাটআউটও ছিঁড়ে ফেলা হয়। এর প্রতিবাদ করতে গেলে দুপক্ষের মধ্যে হাতাহাতি শুরু হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। দুপক্ষকে সরিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন পুলিশকর্মীরা।এর পরেই বাড়ির ভিতর থেকে বেরিয়ে আসেন অভিষেক। তাঁকে সামনে দেখে ফের স্লোগান দিতে শুরু করেন দুপক্ষের লোকজন। পাল্টা স্লোগানেও উত্তেজনা বাড়ে। পরিস্থিতি সামাল দিতে এলাকায় আরও পুলিশ মোতায়েন করা হয়।অভিষেকও কর্মী-সমর্থকদের সঙ্গে বাড়ির সামনে বসে পড়েন। নিরাপত্তার কথা ভেবে পুলিশ তাঁকে বাড়ির ভিতরে চলে যাওয়ার অনুরোধ করে। কিন্তু তাতে রাজি হননি তিনি। পুলিশের সঙ্গে তাঁর বচসাও হয়। অভিষেকের অভিযোগ, পুলিশের সামনেই তাঁকে মারধর করা হয়েছে। শেষ পর্যন্ত শনিবার ভোর ৬টা নাগাদ তিনি বাড়ির ভিতরে যান।এই ঘটনার পর শনিবার দুপুরে অভিষেকের বাড়িতে পৌঁছন মমতা বন্দ্যোপাধ্যায়। গোটা এলাকায় তখন প্রচুর পুলিশ মোতায়েন ছিল। সেখানে দাঁড়িয়েই কালীপুজোর আগে পরিকল্পিত ভাবে অশান্তি ছড়ানোর অভিযোগ তোলেন মুখ্যমন্ত্রী।মমতার অভিযোগ, পুরনো ক্লাবগুলির পুজোর আয়োজন করতে বাধা দেওয়া হচ্ছে। অথচ রাতারাতি নতুন নতুন পুজোর আয়োজন করা হচ্ছে। এমনকি অভিষেকের বাড়িতে ঢোকার পথ আটকে নতুন করে পুজোর ব্যবস্থা করা হয়েছে বলেও অভিযোগ করেন তিনি।মুখ্যমন্ত্রী স্পষ্ট জানান, অভিষেকের বিরুদ্ধে কোনও অভিযোগ থাকলে আইন মেনেই ব্যবস্থা নেওয়া হোক। কিন্তু তাঁকে অকারণে হেনস্থা করা হলে তা মেনে নেওয়া হবে না। এই ধরনের ঘটনা চলতে থাকলে প্রতিবাদে নামার হুঁশিয়ারিও দেন তিনি। নাম না করে শুভেন্দু অধিকারীকে নিশানা করে তাঁর বক্তব্য, রাজনৈতিক প্রতিহিংসা থেকে এ ভাবে কাউকে হেনস্থা করা উচিত নয়।অন্য দিকে, এই ঘটনাকে কেন্দ্র করে মমতা ও অভিষেককে পাল্টা আক্রমণ করেছেন বরানগরের বিজেপি বিধায়ক সজল ঘোষ। তাঁর দাবি, বিরোধী জোট বলে বাস্তবে কিছু নেই। তাই সেই জোটে থাকার কারণে অভিষেকের বাড়িতে হামলা হয়েছে, এমন অভিযোগের কোনও ভিত্তি নেই বলেই মনে করেন তিনি।রাতের বেলা রাস্তায় কেন জন্মদিন পালন করা হচ্ছিল, সেই প্রশ্নও তুলেছেন বিজেপি বিধায়ক। ফলে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনের ঘটনাকে কেন্দ্র করে তৃণমূল ও বিজেপির মধ্যে রাজনৈতিক চাপানউতর আরও বেড়েছে।

নভেম্বর ০৭, ২০২৬
কলকাতা

পাস দুর্নীতি মামলায় নয়া মোড়! বাবার নাম করেই দায় এড়ালেন ইন্দ্রনীলের মেয়ে?

পুজোর প্রিভিউ পাস দুর্নীতি মামলায় আরও চাপে প্রাক্তন মন্ত্রী তথা গায়ক ইন্দ্রনীল সেন। তাঁর কসবার বাড়ি এবং চন্দননগরের বাংলোয় তল্লাশি চালাল লালবাজারের বিশেষ তদন্তকারী দল। শুধু তল্লাশিই নয়, ইন্দ্রনীলকে সঙ্গে নিয়েই দুই জায়গায় পৌঁছন গোয়েন্দারা। তদন্তকারীদের সূত্রে খবর, দুই জায়গা থেকেই বেশ কিছু গুরুত্বপূর্ণ নথি উদ্ধার হয়েছে।লালবাজার সূত্রে জানা গিয়েছে, ইউনেস্কোর নাম ব্যবহার করে পুজোর প্রিভিউ পাস বিক্রির অভিযোগের তদন্তে টাকা লেনদেন সংক্রান্ত বেশ কিছু নথির খোঁজ পেয়েছেন গোয়েন্দারা। সেই নথি ইন্দ্রনীলের বাড়িতে থাকতে পারে বলে সন্দেহ করা হচ্ছে। সেই সূত্র ধরেই শুক্রবার তাঁকে কসবার বহুতলে নিয়ে যান তদন্তকারীরা। তাঁর উপস্থিতিতেই বাড়ির বিভিন্ন জায়গায় তল্লাশি চালানো হয়। এরপর ইন্দ্রনীলকে নিয়ে চন্দননগরের বাংলোয় পৌঁছন গোয়েন্দারা। সেখানেও চলে তল্লাশি।লালবাজারের এক কর্তার দাবি, এখনও পর্যন্ত পুজোর প্রিভিউ পাস দুর্নীতি মামলায় ১৫০ কোটি টাকারও বেশি আর্থিক অনিয়মের প্রমাণ মিলেছে। তদন্তে উঠে এসেছে, ইন্দ্রনীলের ঘনিষ্ঠ তিনটি সংস্থার সঙ্গে এই লেনদেনের যোগ থাকতে পারে। ওই সংস্থাগুলির বেশ কিছু নথি ইন্দ্রনীলের বাড়িতে রয়েছে বলে জেরায় জানতে পারেন তদন্তকারীরা। সেই কারণেই কসবা ও চন্দননগরে তল্লাশি চালানো হয়। সূত্রের খবর, দুই জায়গা থেকেই বেশ কিছু নথি উদ্ধার হয়েছে।এর আগে বৃহস্পতিবার ইন্দ্রনীলের মেয়ে আভেরি সেনকে লালবাজারে তলব করা হয়েছিল। তাঁর দুটি সংস্থার সঙ্গে ইন্দ্রনীলের ঘনিষ্ঠ একটি সংস্থার প্রায় সাড়ে ২২ লক্ষ টাকার লেনদেন হয়েছিল বলে অভিযোগ। সেই লেনদেন কী কারণে হয়েছিল, তা জানতে আভেরিকে প্রশ্ন করেন গোয়েন্দারা। পুজোর প্রিভিউ পাস এবং পর্যটন দফতরের টেন্ডার সংক্রান্ত দুর্নীতির অভিযোগ নিয়েও তাঁকে জিজ্ঞাসাবাদ করা হয়। তাঁর দুটি সংস্থার নথিও খতিয়ে দেখেন তদন্তকারীরা।জেরার মুখে আভেরি জানিয়েছেন, তাঁর বাবা ইন্দ্রনীল সেন সব কিছু জানেন। এই বিষয়ে তিনি কিছুই জানেন না। তাঁকে যা করতে বলা হয়েছিল, তিনি শুধু সেটুকুই করেছেন বলে তদন্তকারীদের জানিয়েছেন তিনি।এর আগে ইন্দ্রনীলের স্ত্রী মধুছন্দাকেও লালবাজারে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল। সূত্রের খবর, তিনিও গোয়েন্দাদের জানিয়েছিলেন, তাঁর স্বামীই সব কিছু জানতেন। তিনি কিছু জানতেন না।অন্যদিকে, ইন্দ্রনীল সেনের দাবি, মাস আর্টের সেক্রেটারি ধ্রুবজ্যোতি বসু ওরফে শুভই সমস্ত লেনদেনের দায়িত্বে ছিলেন। তাঁর মাধ্যমেই যাবতীয় টাকা লেনদেন হত বলে দাবি করেছেন প্রাক্তন মন্ত্রী। ইন্দ্রনীলের বক্তব্য, এই দুর্নীতির মূল মাথা শুভ। যদিও তাঁর এই দাবি খতিয়ে দেখছেন তদন্তকারীরা। ইতিমধ্যেই পুলিশের হেফাজতে রয়েছেন শুভ। তাঁকে জিজ্ঞাসাবাদ করে লেনদেনের বিষয়ে আরও তথ্য জানার চেষ্টা চলছে। এই মামলায় ইন্দ্রনীল-সহ অভিযুক্তদের বিরুদ্ধে অর্থ পাচার প্রতিরোধ আইন এবং দুর্নীতিদমন আইনের ধারাও যুক্ত করার প্রস্তুতি চলছে বলে পুলিশ সূত্রে খবর।

নভেম্বর ০৭, ২০২৬
রাজ্য

কালীপুজোর আগেই নামবে পারদ! ৪ ডিগ্রি পর্যন্ত কমতে পারে তাপমাত্রা, পুজোর পরেই বৃষ্টিতে ভিজবে বাংলা

কালীপুজোর আগেই বদলাতে চলেছে বাংলার আবহাওয়া। শনিবার থেকে আগামী ২৪ ঘণ্টায় রাজ্যের তাপমাত্রা ২ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে। ফলে সকাল ও সন্ধ্যায় আবহাওয়া থাকবে বেশ মনোরম। পশ্চিমের জেলাগুলিতে হালকা শীতের আমেজও অনুভূত হতে পারে। তবে স্বস্তি বেশিদিন স্থায়ী হবে না। কালীপুজো মিটতেই দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। বৃষ্টি চলবে উত্তরবঙ্গেও।হাওয়া অফিস সূত্রে খবর, উত্তরবঙ্গে নতুন করে একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। পাশাপাশি অসমের ঘূর্ণাবর্তের প্রভাব পড়েছে সংলগ্ন বাংলাদেশেও। এই দুইয়ের প্রভাবে সপ্তাহের শুরু থেকেই রাজ্যের বিভিন্ন জেলায় বৃষ্টির অনুকূল পরিস্থিতি তৈরি হতে পারে।রবিবার কালীপুজোর দিন পর্যন্ত মূলত শুষ্ক থাকবে আবহাওয়া। তবে সোমবার থেকেই আবহাওয়ার পরিবর্তন শুরু হবে। কলকাতা, হাওড়া, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, নদিয়া ও মুর্শিদাবাদে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উপকূলবর্তী জেলাগুলিতে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে।মঙ্গলবার থেকে বৃষ্টির সম্ভাবনা আরও বাড়বে। উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর ও পশ্চিম মেদিনীপুরে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। বুধবার কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই বৃষ্টির পূর্বাভাস রয়েছে। কোথাও কোথাও ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে।অন্য দিকে, উত্তরবঙ্গেও বৃষ্টির পরিস্থিতি তৈরি হচ্ছে। মঙ্গলবার উত্তরবঙ্গের সব জেলাতেই বৃষ্টির সম্ভাবনা বাড়বে। বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। কয়েকটি জায়গায় দমকা হাওয়াও বইতে পারে। বুধবার দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়িতে হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে।এ দিকে ঘূর্ণাবর্তের প্রভাবে বৃষ্টির সম্ভাবনা থাকলেও আপাতত তাপমাত্রা কমার কারণে সকাল ও রাতের দিকে শীতের আমেজ বাড়বে। আবহবিদদের মতে, ঘূর্ণাবর্তের প্রভাব কেটে গেলে রাজ্যে শীতের অনুভূতি আরও বাড়তে পারে।আজ কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩০ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ২১.২ ডিগ্রি সেলসিয়াস। আজ শহরে বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। আকাশ মূলত পরিষ্কার থাকবে।

নভেম্বর ০৭, ২০২৬
কলকাতা

রাত দুটো থেকে ভোর ছ’টা! অভিষেকের বাড়ির সামনে কী ঘটল? জন্মদিনের রাতেই তুমুল উত্তেজনা

৭ নভেম্বর জন্মদিন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। কিন্তু জন্মদিনের রাতেই তাঁর কালীঘাটের বাড়ির সামনে ছড়াল তীব্র উত্তেজনা। তৃণমূল ও বিজেপি কর্মী-সমর্থকদের মধ্যে শুরু হয় বাদানুবাদ। পরিস্থিতি ক্রমে হাতাহাতি ও ধস্তাধস্তির পর্যায়ে পৌঁছয়। ঘটনায় দুপক্ষেরই বেশ কয়েক জন আহত হয়েছেন বলে অভিযোগ। এই ঘটনায় ক্ষুব্ধ অভিষেক বন্দ্যোপাধ্যায়। রাত দুটো থেকে ভোর ছটা পর্যন্ত বাড়ির বাইরে বসে থাকেন তিনি। পুলিশের সঙ্গেও তর্কে জড়িয়ে পড়েন ডায়মন্ড হারবারের সাংসদ।জানা গিয়েছে, শনিবার মধ্যরাতের পর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন উপলক্ষে তাঁর কালীঘাটের বাড়ির সামনে ভিড় জমিয়েছিলেন তৃণমূলের কর্মী-সমর্থকেরা। অভিযোগ, রাত দুটো নাগাদ সেখানে হাজির হন বিজেপির কয়েক জন কর্মী। তাঁরা অভিষেকের বিরুদ্ধে চোর চোর স্লোগান দিতে শুরু করেন। ভেঙে ফেলা হয় অভিষেকের ছবি, কাটআউট ও ব্যানার। তৃণমূল কর্মীরা বাধা দিতে গেলে দুপক্ষের মধ্যে বচসা শুরু হয়। কিছুক্ষণের মধ্যেই তা হাতাহাতিতে গড়ায়। ঘটনায় কয়েক জন তৃণমূল কর্মী আহত হন বলে অভিযোগ।খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। দুপক্ষকে সরিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন পুলিশকর্মীরা। কিন্তু তাতেও উত্তেজনা পুরোপুরি কমেনি। এর পরেই বাড়ির বাইরে বেরিয়ে আসেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।অভিযোগ, এর পরেও অভিষেকের বাড়ির সামনে গিয়ে স্লোগান দিতে থাকেন বিজেপি কর্মীরা। তাঁদের মুখে শোনা যায় গরু চোর, মাছ চোর স্লোগান। অন্য দিকে, অভিষেকের সমর্থকেরাও তাঁর নামে পাল্টা স্লোগান দিতে থাকেন। ফলে পুলিশের সামনেই দুপক্ষের মধ্যে শুরু হয় স্লোগান-পাল্টা স্লোগান।এক দিকে বিজেপি কর্মীদের হাতে ছিল মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ছবি দেওয়া ব্যানার। অন্য দিকে, তৃণমূল কর্মীদের হাতে ছিল অভিষেকের ছবি ও কাটআউট। দুপক্ষের মুখোমুখি অবস্থানে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে আরও পুলিশ মোতায়েন করা হয়। পাশাপাশি, নামানো হয় র্যাপিড অ্যাকশন ফোর্সও।এই ঘটনার পর থেকেই বাড়ির নীচে কর্মী-সমর্থকদের সঙ্গে বসে থাকেন অভিষেক। পুলিশ তাঁকে বাড়ির ভিতরে যাওয়ার অনুরোধ জানায়। কিন্তু সেই অনুরোধে রাজি হননি তিনি। বরং পুলিশের সঙ্গে তর্কে জড়িয়ে পড়েন সাংসদ। রাত দুটো থেকে ভোর ছটা পর্যন্ত বাড়ির বাইরেই কাটান তিনি।অভিষেকের অভিযোগ ছিল, এক তৃণমূল কর্মীকে আটক করেছে পুলিশ। ওই কর্মীকে ছাড়ার দাবিতে সরব হন তিনি। শেষ পর্যন্ত আটক কর্মীকে ছেড়ে দেওয়া হলে পুলিশের অনুরোধে বাড়ির ভিতরে যান অভিষেক। এর কিছুক্ষণ পরেই তাঁর সঙ্গে দেখা করতে আসেন তৃণমূল সাংসদ দোলা সেন।অন্য দিকে, বিজেপি কর্মীদের দাবি, কালীপুজোর প্রতিমা নিয়ে আসার সময় তাঁদের লক্ষ্য করে স্লোগান দিতে শুরু করেন তৃণমূল কর্মীরা। তা থেকেই দুপক্ষের মধ্যে বচসা ও পরে হাতাহাতি শুরু হয়। এই ঘটনায় বিজেপি ও তৃণমূল, দুপক্ষেরই কয়েক জন আহত হয়েছেন বলে দাবি।জন্মদিনের রাতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে এই সংঘর্ষকে কেন্দ্র করে কালীঘাটে রাজনৈতিক উত্তেজনা ছড়িয়েছে। দুপক্ষের অভিযোগ-পাল্টা অভিযোগ ঘিরে পরিস্থিতি কোন দিকে যায়, এখন সে দিকেই নজর রাজনৈতিক মহলের।

নভেম্বর ০৭, ২০২৬
দেশ

২০২১ সালে বেকসুর খালাস, পরে ধর্ষণে দোষী সাব্যস্ত! তেজপালের সাজা নিয়ে কী বলল সুপ্রিম কোর্ট?

২০১৩ সালের ধর্ষণ মামলায় আপাতত কোনও স্বস্তি পেলেন না তেহেলকা পত্রিকার প্রাক্তন প্রধান সম্পাদক তরুণ তেজপাল। তাঁর ১০ বছরের কারাদণ্ডের সাজা স্থগিত করতে রাজি হল না সুপ্রিম কোর্ট। ফলে সাজা ও দোষী সাব্যস্ত হওয়ার বিরুদ্ধে তাঁর আবেদন বিচারাধীন থাকলেও আপাতত জেলেই থাকতে হবে তাঁকে।বৃহস্পতিবার বিচারপতি এম এম সুন্দরেশ এবং বিচারপতি প্রসন্ন বি ভারালের বেঞ্চে মামলাটির শুনানি হয়। বম্বে হাই কোর্টের ৬ অগস্টের রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে আবেদন করেছিলেন তেজপাল।২০১৩ সালে নিজের এক জুনিয়র সহকর্মীকে ধর্ষণের অভিযোগ উঠেছিল তেজপালের বিরুদ্ধে। ২০২১ সালে নিম্ন আদালত তাঁকে এই মামলায় বেকসুর খালাস করেছিল। কিন্তু সেই রায় খারিজ করে বম্বে হাই কোর্ট তাঁকে ধর্ষণের দায়ে দোষী সাব্যস্ত করে এবং ১০ বছরের কারাদণ্ডের সাজা দেয়।হাই কোর্টের সেই রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন তেজপাল। তাঁর আবেদন ছিল, মামলার চূড়ান্ত নিষ্পত্তি না হওয়া পর্যন্ত সাজা স্থগিত রাখা হোক। কিন্তু বৃহস্পতিবার সেই আর্জিতে সাড়া দেয়নি শীর্ষ আদালত। ফলে ধর্ষণ মামলায় ১০ বছরের কারাদণ্ডের সাজা আপাতত বহাল থাকল।

নভেম্বর ০৬, ২০২৬
খেলার দুনিয়া

প্রাক্তন হকি অধিনায়কের বাড়িতে চুরি! নগদ-গয়নার সঙ্গে উধাও ১৯৮০ সালের অলিম্পিকের সোনার পদক

নগদ টাকা, সোনা-রুপোর গয়না তো ছিলই। এ বার চোরেদের হাত থেকে রেহাই পেল না অলিম্পিকের সোনার পদকও! প্রাক্তন ভারতীয় হকি অধিনায়ক এম এম সোমায়ার বাড়িতে চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। ১৯৮০ সালের মস্কো অলিম্পিকে ভারতীয় দলের জেতা সোনার পদক-সহ একাধিক আন্তর্জাতিক প্রতিযোগিতার পদক চুরি গিয়েছে। পাশাপাশি নগদ টাকা এবং মূল্যবান গয়নাও নিয়ে গিয়েছে দুষ্কৃতীরা। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। তবে এক সপ্তাহ পেরিয়ে গেলেও এখনও ধরা পড়েনি অভিযুক্তেরা। উদ্ধার হয়নি চুরি যাওয়া সামগ্রীও।বেঙ্গালুরুর হ্যাল থার্ড স্টেজ এলাকায় থাকেন সোমায়া। এলাকাটি ইন্দিরানগর থানার অধীনে। গত ২৮ অক্টোবর রাতে এই চুরির ঘটনা ঘটে। সেই সময় পরিবারের সঙ্গে কোডাগুতে গিয়েছিলেন প্রাক্তন হকি তারকা। বাড়ি ফাঁকা থাকার সুযোগ নিয়ে চোরেরা সেখানে ঢুকে পড়ে। পরে প্রতিবেশীরা বাড়ির দরজা ভাঙা অবস্থায় দেখতে পান। তাঁরাই ফোন করে সোমায়াকে বিষয়টি জানান। এর পর থানায় অভিযোগ দায়ের করেন তিনি।পুলিশ সূত্রে খবর, চুরি যাওয়া সামগ্রীর মধ্যে রয়েছে ১৯৮০ সালের মস্কো অলিম্পিকে পাওয়া সোনার পদক। এ ছাড়াও ১৯৮২ সালের এশিয়ান গেমসে পাওয়া রুপোর পদক এবং ১৯৮৬ সালের সিওল এশিয়ান গেমস ও ১৯৮২ সালের চ্যাম্পিয়ন্স ট্রফির ব্রোঞ্জ পদকও চুরি গিয়েছে। অর্থাৎ, সোমায়ার দীর্ঘ ক্রীড়াজীবনের একাধিক গুরুত্বপূর্ণ স্মারক এখন চোরেদের হাতে।এ ছাড়া বাড়ি থেকে নগদ ৩০ হাজার টাকা, সোনা ও রুপোর গয়নাও নিয়ে গিয়েছে দুষ্কৃতীরা। সব মিলিয়ে চুরি যাওয়া সামগ্রীর আনুমানিক মূল্য প্রায় ৩ লক্ষ ৫৩ হাজার টাকা।ঘটনার তদন্তে এলাকার বিভিন্ন বাড়ির নজরদারি ক্যামেরার ছবি খতিয়ে দেখছে পুলিশ। সোমায়ার বাড়ির উল্টো দিকের একটি বাড়ির ক্যামেরায় দুজন সন্দেহভাজনের ছবি ধরা পড়েছে। ফুটেজে দেখা গিয়েছে, ২৮ অক্টোবর রাত ২টো ৩৪ মিনিট নাগাদ ওই দুজন সোমায়ার বাড়িতে ঢুকেছিল। একজনের পরনে ছিল নীল রঙের জামা, অন্য জনের লাল।অভিযুক্তদের দ্রুত শনাক্ত করে গ্রেফতার এবং চুরি যাওয়া সমস্ত সামগ্রী উদ্ধারের আবেদন জানিয়েছেন সোমায়া। পুলিশ ইতিমধ্যেই তদন্তের জন্য দুটি বিশেষ দল তৈরি করেছে। ভারতীয় ন্যায় সংহিতার ৩৩১(৪) এবং ৩০৫ ধারায় মামলা দায়ের হয়েছে।ভারতীয় হকির ইতিহাসে পরিচিত নাম এম এম সোমায়া। দীর্ঘ দিন দলের হাফ ব্যাক হিসেবে খেলেছেন তিনি। তিনটি অলিম্পিকে দেশের প্রতিনিধিত্ব করেছেন। ভারতীয় দলের অধিনায়কত্বও সামলেছেন। তাঁর নেতৃত্বে ১৯৮৮ সালে নাইরোবিতে পুজো কাপ জেতে ভারত। ক্রীড়াক্ষেত্রে অবদানের জন্য ১৯৮৫ সালে তাঁকে অর্জুন পুরস্কার দেওয়া হয়।দেশের হয়ে অলিম্পিকে সোনা জেতা এক ক্রীড়াবিদের বাড়ি থেকে সেই পদকই চুরি যাওয়ার ঘটনায় উদ্বিগ্ন ক্রীড়ামহল। যে পদক এক সময় দেশের সাফল্যের স্মারক ছিল, সেটি এখন কোথায়, তা নিয়েই তৈরি হয়েছে প্রশ্ন।

নভেম্বর ০৬, ২০২৬
বিনোদুনিয়া

সেন্সরের ছাড়পত্র পেল সলমনের ‘মাতৃভূমি’, তবু ৬ নভেম্বর মুক্তি অনিশ্চিত কেন?

সলমন খানের নতুন ছবি মাতৃভূমি: মে ওয়ার রেস্ট ইন পিস-এর ট্রেলার দেখার ছাড়পত্র দিল কেন্দ্রীয় চলচ্চিত্র সেন্সর বোর্ড। বুধবার, ৪ নভেম্বর এই ছাড়পত্র মিলেছে। ছবিটি পরিচালনা করেছেন অপূর্ব লাখিয়া। গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন চিত্রাঙ্গদা সিংহও।বলিউড হাঙ্গামার প্রতিবেদন অনুযায়ী, ট্রেলারটি ইউ/এ ১৬ প্লাস শংসাপত্র পেয়েছে। ট্রেলারের দৈর্ঘ্য ৪ মিনিট ৪৩ সেকেন্ড। তবে ট্রেলারের ছাড়পত্র মিললেও ছবিটি ৬ নভেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার সম্ভাবনা কম। কারণ, এখনও পুরো ছবির সেন্সর শংসাপত্র পাওয়া যায়নি।প্রতিবেদন অনুযায়ী, ছবির নির্মাতারা মুক্তির নতুন দিন ঠিক করার কথা ভাবছেন। ২০ নভেম্বর অথবা ১১ ডিসেম্বর ছবিটি মুক্তি পেতে পারে। তবে এ বিষয়ে এখনও চূড়ান্ত ঘোষণা হয়নি। সারা দেশে ছবিটি পরিবেশনার দায়িত্বে রয়েছে জিয়ো স্টুডিয়োজ।প্রথমে ছবিটির নাম রাখা হয়েছিল ব্যাটল অফ গলওয়ান। চলতি বছরের শুরুতে নাম বদলে রাখা হয় মাতৃভূমি: মে ওয়ার রেস্ট ইন পিস। ২০২০ সালে গলওয়ান উপত্যকায় ভারত ও চিনের সেনার সংঘর্ষের ঘটনা অবলম্বনে তৈরি হয়েছে ছবিটি। ছবির বিষয়বস্তু এবং চিনের প্রসঙ্গ নিয়ে ছাড়পত্র পেতে কিছু সমস্যার মুখে পড়তে হয়েছিল নির্মাতাদের। পরে অবশ্য সরকারি ছাড়পত্র মেলে। ছবির নতুন মুক্তির তারিখ নিয়ে শীঘ্রই আনুষ্ঠানিক ঘোষণা হতে পারে।এই ছবিতে কর্নেল বিক্কুমল্লা সন্তোষ বাবুর চরিত্রে অভিনয় করেছেন সলমন। ২০২০ সালে গলওয়ান উপত্যকায় সংঘর্ষের সময় ১৬ বিহার রেজিমেন্টের নেতৃত্বে ছিলেন তিনি। দেশের জন্য প্রাণ দেওয়ার পর তাঁকে মরণোত্তর মহাবীর চক্রে সম্মানিত করা হয়।ছবিতে কর্নেল সন্তোষ বাবুর নেতৃত্ব, সাহস এবং আত্মত্যাগের কাহিনি তুলে ধরা হয়েছে। প্রকৃত সামরিক অভিযানের পাশাপাশি সংঘর্ষের আবেগঘন দিকও ছবির গল্পে গুরুত্ব পেয়েছে। ছবিতে আরও অভিনয় করেছেন মুকেশ ঋষি, অঙ্কুর ভাটিয়া, জ়েন শ এবং অভিলাষ চৌধুরী। তাঁরা সেনা আধিকারিক ও সীমান্ত অভিযানের সঙ্গে যুক্ত বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন। বর্ণনাকারীর কণ্ঠে রয়েছেন বিজয় রাজ।

নভেম্বর ০৬, ২০২৬
দেশ

লাদাখের কাছে গভীর রাতে শক্তিশালী ভূমিকম্প! কেঁপে উঠল জম্মু-কাশ্মীরও

চিনের জিনজিয়াং অঞ্চলে লাদাখ সীমান্তের কাছে গভীর রাতে ভূমিকম্প। বৃহস্পতিবার রাতের এই কম্পনের জেরে লাদাখ এবং জম্মু-কাশ্মীরের কয়েকটি এলাকায়ও কাঁপুনি অনুভূত হয়েছে বলে জানা গিয়েছে। জাতীয় ভূকম্পন কেন্দ্রের তথ্য অনুযায়ী, রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৫।জাতীয় ভূকম্পন কেন্দ্রের এক্সে করা পোস্ট অনুযায়ী, ৫ নভেম্বর রাত ১০টা ২৬ মিনিটে ভূমিকম্পটি হয়। ভূপৃষ্ঠ থেকে প্রায় ১৬৪ কিলোমিটার গভীরে ছিল কম্পনের উৎসস্থল। চিনের জিনজিয়াং অঞ্চলে ৩৫.৫৮৭ ডিগ্রি উত্তর অক্ষাংশ এবং ৭৮.১৩০ ডিগ্রি পূর্ব দ্রাঘিমাংশে ভূমিকম্পের কেন্দ্র চিহ্নিত করা হয়েছে।এই ভূমিকম্পে কতটা ক্ষয়ক্ষতি হয়েছে, তা এখনও স্পষ্ট নয়। এখনও পর্যন্ত কোনও প্রাণহানি বা ক্ষয়ক্ষতির নিশ্চিত খবর পাওয়া যায়নি। পরিস্থিতির উপর নজর রাখা হচ্ছে।এর কয়েক সপ্তাহ আগেই চিনের তিব্বত অঞ্চলে ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প হয়েছিল। চিনের সরকারি সংবাদ সংস্থা সিনহুয়ার প্রতিবেদন অনুযায়ী, সেই ঘটনায় অন্তত ১৬ জনের মৃত্যু হয় এবং ৩২ জন আহত হন। ভেঙে পড়ে ৩০০-রও বেশি বাড়ি। বিদ্যুৎ ও যোগাযোগ ব্যবস্থাও ব্যাহত হয়েছিল। উদ্ধার ও ত্রাণের কাজ শুরু করে প্রশাসন।সেই ভূমিকম্পের কেন্দ্র ছিল তিব্বতের বাচেন জেলার মারু এলাকা। ভূপৃষ্ঠ থেকে মাত্র ১০ কিলোমিটার গভীরে কম্পনের উৎসস্থল থাকায় ক্ষয়ক্ষতি বেশি হয়েছিল বলে জানা যায়। চিনের ভূমিকম্পপ্রবণ এলাকাগুলির মধ্যে অন্যতম তিব্বত। ২০২৫ সালের জানুয়ারিতেও তিব্বতের তিংরি জেলায় ভয়াবহ ভূমিকম্পে অন্তত ১২৬ জনের মৃত্যু হয়েছিল।

নভেম্বর ০৬, ২০২৬
রাজ্য

নাড্ডার কনভয়ে হামলার ৬ বছর পর বড় গ্রেফতারি! অভিষেক ঘনিষ্ঠ তৃণমূল নেতা ইমরানকে ধরল পুলিশ

২০২০ সালে ডায়মন্ড হারবার যাওয়ার পথে বিজেপির তৎকালীন সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডার কনভয়ে হামলার অভিযোগ উঠেছিল। সেই ঘটনার প্রায় ছবছর পর ফের বড় পদক্ষেপ করল পুলিশ। বুধবার গভীর রাতে দেউলা সংলগ্ন এলাকা থেকে তৃণমূল নেতা ইমরান হাসানকে গ্রেফতার করেছে উস্তি থানার পুলিশ। তিনি মগরাহাট পশ্চিম বিধানসভা এলাকার যুব তৃণমূলের সভাপতি ছিলেন। ইমরান অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ বলেও পরিচিত। নাড্ডার কনভয়ে হামলার অভিযোগ ছাড়াও তাঁর বিরুদ্ধে ভোটের আগে বিজেপি কর্মীদের হুমকি দেওয়া, মারধর এবং বাড়িঘর ভাঙচুরের মতো একাধিক অভিযোগ রয়েছে।ঘটনার সূত্রপাত ২০২০ সালের ১০ ডিসেম্বর। বিধানসভা নির্বাচনের আগে ডায়মন্ড হারবারে সভা করতে যাচ্ছিলেন জে পি নাড্ডা। তাঁর কনভয়ে ছিলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ-সহ কেন্দ্র ও রাজ্যের একাধিক নেতা। অভিযোগ, ডায়মন্ড হারবার যাওয়ার পথে সরিষা ও ফলতা এলাকায় তাঁদের কনভয় লক্ষ্য করে হামলা চালানো হয়। কনভয়ের গাড়িগুলিকে লক্ষ্য করে ইট ছোড়া হয়। লাঠি নিয়েও হামলা চালানো হয়েছিল বলে অভিযোগ।এই ঘটনায় দিলীপ ঘোষের গাড়ি ভাঙচুর করা হয় বলে অভিযোগ ওঠে। ইটের আঘাতে আহত হয়েছিলেন বিজেপি নেতা কৈলাস বিজয়বর্গীয়ও। ঘটনাকে কেন্দ্র করে সে সময় রাজ্য রাজনীতিতে ব্যাপক উত্তেজনা ছড়ায়। তৃণমূল ও বিজেপির মধ্যে শুরু হয় তীব্র রাজনৈতিক চাপানউতোর।রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর এই ঘটনার তদন্তে নতুন করে তৎপর হয় পুলিশ। শুরু হয় পুরনো মামলার তদন্ত। সেই তদন্তে প্রথমে মগরাহাট এক নম্বর পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ তৌসিফ আহমেদ মোল্লা ওরফে বাচ্চু, আরিফ হোসেন এবং আনিসুর রহমানকে গ্রেফতার করা হয়।তাঁদের জিজ্ঞাসাবাদ করে তদন্তকারীরা সঞ্জীব মণ্ডল ও রিপনের নাম জানতে পারেন বলে পুলিশ সূত্রে খবর। পরে তাঁদেরও গ্রেফতার করা হয়। সম্প্রতি এই মামলায় জাহাঙ্গির খান নামে আরও এক ব্যক্তিকে গ্রেফতার করে উস্তি থানার পুলিশ।এ বার সেই মামলাতেই গ্রেফতার করা হল ইমরান হাসানকে। বুধবার গভীর রাতে দেউলা সংলগ্ন এলাকা থেকে তাঁকে আটক করে পুলিশ। পরে গ্রেফতার করা হয়। প্রায় ছবছর আগের এই হামলার ঘটনায় আরও কারা জড়িত ছিলেন, তা জানার চেষ্টা করছেন তদন্তকারীরা।নাড্ডার কনভয়ে হামলার পুরনো মামলায় একের পর এক গ্রেফতারিকে ঘিরে নতুন করে চর্চা শুরু হয়েছে ডায়মন্ড হারবারের রাজনৈতিক মহলে। এই ঘটনায় তদন্তের পরবর্তী পদক্ষেপ কী হয়, এখন সেদিকেই নজর।

নভেম্বর ০৫, ২০২৬
  • ‹
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
  • 6
  • 7
  • 8
  • 9
  • 10
  • ...
  • 102
  • 103
  • ›

ট্রেন্ডিং

দেশ

বিচারপতির বদলে ওয়েইসিকে ‘গার্ড অফ অনার’! যোগীরাজ্যে পুলিশের কাণ্ডে তোলপাড়

বিচারপতির জন্য নির্দিষ্ট গার্ড অফ অনার পেলেন এআইএমআইএম প্রধান আসাদউদ্দিন ওয়েইসি! উত্তরপ্রদেশের সাহারানপুরে পুলিশের এই ভুল ঘিরে শুরু হয়েছে বিতর্ক। সাধারণত সাংবিধানিক পদে থাকা বিশিষ্ট ব্যক্তিদেরই এই বিশেষ সম্মান দেওয়া হয়। তা হলে একজন সাংসদকে কেন গার্ড অফ অনার দেওয়া হল, তা নিয়ে প্রশ্ন উঠেছে। যদিও পুলিশের দাবি, ওয়েইসিকে এই সম্মান দেওয়ার কথা ছিল না। এক বিচারপতির জন্য তৈরি করা ব্যবস্থা ভুল করে তাঁকেই দেওয়া হয়েছে।শনিবার সাহারানপুরের সার্কিট হাউসে যাওয়ার কথা ছিল সুপ্রিম কোর্টের এক বিচারপতির। তাঁর জন্যই গার্ড অফ অনার-এর ব্যবস্থা করেছিল জেলা পুলিশ। কিন্তু আচমকাই সেখানে হাজির হন হায়দরাবাদের সাংসদ ওয়েইসি। ভোটের প্রচারের মাঝে বিশ্রাম নেওয়ার জন্য তিনি সার্কিট হাউসে যান। সেই সময় উপস্থিত পুলিশকর্মীরা ভুল করে তাঁকেই গার্ড অফ অনার দিয়ে বসেন। ঘটনায় প্রথমে কিছুটা অবাক হয়ে যান ওয়েইসি। পরে অবশ্য পুলিশের অভিবাদন গ্রহণ করেন তিনি।এই ঘটনা সামনে আসতেই প্রশ্ন ওঠে, একজন সাধারণ সাংসদকে কেন এমন সম্মান দেওয়া হল? সাহারানপুরের পুলিশ সুপারও ভুলের কথা স্বীকার করেছেন। তাঁর বক্তব্য, ওয়েইসির গার্ড অফ অনার পাওয়ার কথা ছিল না। এক বিচারপতির জন্যই এই ব্যবস্থা করা হয়েছিল। ভুল করে ওয়েইসিকে তা দেওয়া হয়েছে। কী ভাবে এই ভুল হল এবং কার গাফিলতিতে এমন ঘটনা ঘটল, তা খতিয়ে দেখছে পুলিশ।উল্লেখ্য, ওয়েইসিকে দীর্ঘদিন ধরেই বিজেপির বি টিম বলে কটাক্ষ করে আসছে কংগ্রেস-সহ বিরোধী জোটের একাধিক দল। এবার উত্তরপ্রদেশে চন্দ্রশেখর আজাদের সঙ্গে জোট বেঁধে ভোটের ময়দানে নেমেছেন এআইএমআইএম প্রধান। ইতিমধ্যেই বিভিন্ন জেলায় প্রচারও শুরু করেছেন তিনি। এই পরিস্থিতিতে পুলিশের কাছ থেকে গার্ড অফ অনার পাওয়ার ঘটনা নিয়ে আগামী দিনে রাজনৈতিক মহলে নতুন করে বিতর্ক তৈরি হতে পারে।

নভেম্বর ২২, ২০২৬
খেলার দুনিয়া

৭২০ রানের পাহাড় ভারতের, শতরান পন্থেরও! চতুর্থ দিনে ঘরের মাঠে হার বাঁচানোর লড়াই কিউয়িদের

ওয়েলিংটন: ব্যাট হাতে রীতিমতো দাপট দেখাল ভারত। একের পর এক ব্যাটারের দুরন্ত পারফরম্যান্সে নিউজিল্যান্ডের বোলিংকে কার্যত দিশেহারা করে ৭২০ রানে ইনিংস ঘোষণা করল শুভমন গিলের দল। ঋষভ পন্থের দুরন্ত শতরান ভারতীয় ইনিংসের অন্যতম আকর্ষণ হয়ে উঠল। প্রথম ইনিংসে ৩৫২ রানের বিশাল ব্যবধানে এগিয়ে যাওয়ার পর এখন ম্যাচের নিয়ন্ত্রণ পুরোপুরি ভারতের হাতে। অন্যদিকে, চতুর্থ দিনের শেষে হার এড়াতে মরিয়া লড়াই চালাচ্ছে নিউজিল্যান্ড।প্রথম ইনিংসে নিউজিল্যান্ডের ৩৬৮ রানের জবাবে ভারত ৯ উইকেটে ৭২০ রান তুলে ইনিংস ঘোষণা করে। বিদেশের মাটিতে টেস্টে ভারতের সর্বোচ্চ রানের ইনিংস গড়ে নতুন নজির তৈরি করলেন গিলেরা। দলের ব্যাটিং গভীরতা এবং ধারাবাহিকতা এ দিন স্পষ্ট হয়ে উঠেছে। ভারতের প্রথম সাতটি উইকেটের জুটিতেই ৫০ বা তার বেশি রান ওঠা টেস্ট ক্রিকেটের ইতিহাসে নজিরবিহীন ঘটনা।শনিবারের অপরাজিত ৫৫ রানকে শতরানে পরিণত করলেন ঋষভ পন্থ। আগ্রাসী ব্যাটিংয়ে ১৫৩ বলে ১২৮ রান করেন তিনি। তাঁর ইনিংসে ছিল ১০টি চার ও ৬টি ছক্কা। শেষ দিকে অনশুল কম্বোজের ৩৮ রান এবং ধ্রুব জুরেলের ৭৮ রানের ঝোড়ো ইনিংস ভারতকে আরও শক্তিশালী জায়গায় পৌঁছে দেয়। ওয়াশিংটন সুন্দর ২৪, আকাশ দীপ ১৩ রান করেন। জসপ্রীত বুমরাহ ৭ রানে অপরাজিত থাকেন।ভারতের টেস্ট ইতিহাসে এটি তৃতীয় সর্বোচ্চ ইনিংস। ২০১৬ সালে চেন্নাইয়ে ইংল্যান্ডের বিরুদ্ধে ৭ উইকেটে ৭৫৯ রান ভারতের সর্বোচ্চ। ২০০৯ সালে মুম্বইয়ে শ্রীলঙ্কার বিরুদ্ধে ৯ উইকেটে ৭২৬ রান দ্বিতীয় স্থানে রয়েছে। ওয়েলিংটনে ৯ উইকেটে ৭২০ রান করে সেই তালিকায় তৃতীয় স্থান দখল করল ভারত। টেস্টে পঞ্চম বার ৭০০ রানের গণ্ডি পার করল ভারতীয় দল।ভারতের ব্যাটিং তাণ্ডবে নিউজিল্যান্ডের বোলারদের কার্যত অসহায় দেখিয়েছে। গ্লেন ফিলিপস ১৫৪ রান দিয়ে তিন উইকেট নিয়ে দলের সফলতম বোলার। রাচিন রবীন্দ্র ৪৪ রানে দুটি উইকেট পান। নাথান স্মিথ, কাইল জেমিসন ও ম্যাট হেনরি একটি করে উইকেট নেন। জেকব ডাফি একটি উইকেট পেলেও খরচ করেছেন ২০১ রান।৩৫২ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে শুরুতেই ধাক্কা খায় নিউজিল্যান্ড। অধিনায়ক টম লাথাম কোনও রান না করেই ফিরে যান। প্রথম ইনিংসে শতরান করা হেনরি নিকোলসও দ্বিতীয় ইনিংসে বড় রান করতে পারেননি। তাঁর সংগ্রহ ৩১। তবে ডেভন কনওয়ে ও রাচিন রবীন্দ্র প্রতিরোধ গড়ে তোলেন। দিনের শেষে কনওয়ে ৫৯ এবং রাচিন ২৭ রানে অপরাজিত। দ্বিতীয় ইনিংসে নিউজিল্যান্ডের রান ২ উইকেটে ১১৯। এখনও ভারতের থেকে ২৩৩ রান পিছিয়ে তারা।ভারতের হয়ে জসপ্রীত বুমরাহ ও প্রসিদ্ধ কৃষ্ণ একটি করে উইকেট নিয়েছেন। আকাশ দীপ ভাল বল করলেও উইকেট পাননি। শেষ দিনে ভারতের সামনে প্রথম ইনিংসের ব্যবধানে জয় তুলে নেওয়ার সুবর্ণ সুযোগ। নিউজিল্যান্ডের হাতে আট উইকেট থাকলেও লক্ষ্য একটাইযতক্ষণ সম্ভব উইকেটে টিকে থেকে হার এড়ানো। অন্যদিকে, ভারতীয় বোলারদের লক্ষ্য দ্রুত কিউয়িদের বাকি উইকেট তুলে নিয়ে ম্যাচের নিষ্পত্তি করা।শেষ দিনের লড়াইয়ে এখন নজর বুমরাহদের দিকে। ভারত কি বিশাল ব্যবধানে জয় তুলে নেবে, নাকি নিউজিল্যান্ডের ব্যাটারেরা শেষ মুহূর্ত পর্যন্ত প্রতিরোধ গড়ে তুলবেন? টেস্টের শেষ অধ্যায় ঘিরে উত্তেজনা তুঙ্গে।

নভেম্বর ২২, ২০২৬
কলকাতা

২৫ বছর ধরে মিলবে ২৫০০ মেগাওয়াট বিদ্যুৎ! আদানি গোষ্ঠীর সঙ্গে বড় চুক্তি রাজ্যের

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর বিদ্যুৎ সরবরাহ নিয়ে বড় সিদ্ধান্ত নিল নতুন সরকার। আগামী ২৫ বছর ধরে রাজ্যে ২৫০০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহের দায়িত্ব নিতে চলেছে আদানি গোষ্ঠী। এই মর্মে আদানি এনার্জি সলিউশনস লিমিটেডের সঙ্গে রাজ্য সরকারের চুক্তি হয়েছে বলে সূত্রের খবর। পশ্চিমবঙ্গ বিদ্যুৎ পর্ষদ নিগমের মাধ্যমে রাজ্যের বিভিন্ন এলাকায় বিদ্যুৎ সরবরাহ করবে আদানি গোষ্ঠীর এই সংস্থা। সরকারের আশা, এই উদ্যোগের ফলে রাজ্যে বিদ্যুতের ঘাটতি মেটানো সহজ হবে।রাজ্য সরকারের অধীনস্থ বিদ্যুৎ সংস্থার সঙ্গে আদানি গোষ্ঠীর এই চুক্তিকে সরকারি ও বেসরকারি যৌথ উদ্যোগের গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলে মনে করা হচ্ছে। আদানি এনার্জি সলিউশনস লিমিটেডের প্রধান কার্যনির্বাহী আধিকারিক কন্দর্প প্যাটেল জানিয়েছেন, পরিবেশবান্ধব বিদ্যুৎ সরবরাহের ক্ষেত্রে তাঁদের সংস্থা গুরুত্বপূর্ণ ভূমিকা নিচ্ছে। দেশজুড়েই এই ধরনের বিদ্যুতের চাহিদা বাড়ছে। পশ্চিমবঙ্গ সরকারের সঙ্গে কাজ করার সুযোগ পেয়ে তাঁরা খুশি বলেও জানিয়েছেন তিনি। তাঁর মতে, এই চুক্তির ফলে রাজ্যে সংস্থার কাজের পরিধি আরও বাড়বে।সূত্রের খবর, ২০২৮ সালের জুলাই মাস থেকে প্রথম ধাপে ১৭৫০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ শুরু হবে। এর পর ২০২৯ সালে দ্বিতীয় ধাপে আরও ৭৫০ মেগাওয়াট বিদ্যুৎ পাবে রাজ্য। সব মিলিয়ে আগামী ২৫ বছর ধরে মোট ২৫০০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহের পরিকল্পনা রয়েছে।এই বিদ্যুৎ তৈরি হবে কী ভাবে? জানা গিয়েছে, সৌরশক্তি ও বায়ুশক্তি ব্যবহার করে ৪.৬ গিগাওয়াট ক্ষমতার বিদ্যুৎ উৎপাদনের ব্যবস্থা করা হবে। পাশাপাশি ব্যাটারিতে বিদ্যুৎ সঞ্চয় ও সরবরাহের জন্য ৩.৬ গিগাওয়াট ক্ষমতার ব্যবস্থাও গড়ে তোলা হবে। শুধু বিদ্যুৎ উৎপাদন বা সরবরাহই নয়, স্মার্ট মিটার বসানোর কাজেও যুক্ত থাকবে আদানি এনার্জি সলিউশনস লিমিটেড।এই বিদ্যুৎ শুধু বাড়ির দৈনন্দিন ব্যবহারের জন্য নয়, শিল্প, বাণিজ্য এবং প্রযুক্তি ক্ষেত্রেও কাজে লাগানো যাবে। রাজ্য সরকারের আশা, নতুন এই ব্যবস্থা চালু হলে বিদ্যুতের ঘাটতি কমবে এবং আগামী দিনে রাজ্যের বিদ্যুতের চাহিদা মেটানো আরও সহজ হবে।

নভেম্বর ২২, ২০২৬
রাজ্য

বাবাকে খুন করে রান্নাঘরেই লুকিয়েছিল রক্তমাখা চাপাতি! সবজি রাখার ট্রে খুলতেই চমকে গেল পুলিশ

বাবাকে খুনের পর রক্তমাখা চাপাতি লুকিয়ে রেখেছিল রান্নাঘরে। তাও আবার সবজি রাখার ট্রের ভিতরে! পুলিশ হেফাজতে যাওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই অভিযুক্ত ছেলেকে সঙ্গে নিয়ে সেই অস্ত্র উদ্ধার করল পুলিশ। জলপাইগুড়ির নেতাজিপাড়ার এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। ধৃতের নাম পল লেপচা। বাবাকে খুনের অভিযোগে তাঁকে গ্রেফতার করেছে কোতোয়ালি থানার পুলিশ।পুলিশ সূত্রে জানা গিয়েছে, শুক্রবার বিকেলে নেতাজিপাড়ার বাড়িতে খুন হন বৃদ্ধ অনিমা প্রসাদ লেপচা। বাবাকে খুনের অভিযোগ ওঠে তাঁর ছেলে পল লেপচার বিরুদ্ধে। ঘটনার তদন্তে নেমে তাঁকে গ্রেফতার করে পুলিশ। শনিবার জলপাইগুড়ি আদালতে পেশ করা হলে বিচারক তাঁকে চার দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন।এর পর শনিবার রাতেই অভিযুক্ত পলকে নিয়ে তাঁর বাড়িতে যায় পুলিশ। তদন্তকারীদের নিয়ে রান্নাঘরে যায় সে। সেখানেই সবজি রাখার ট্রের ভিতর থেকে উদ্ধার হয় মাংস কাটার একটি চাপাতি। পুলিশ সূত্রে খবর, সেটি রক্তমাখা ছিল। অভিযোগ, বাবাকে খুন করার পর ওই চাপাতিটিই রান্নাঘরের সবজি রাখার ট্রেতে লুকিয়ে রেখেছিল পল।পুলিশের দাবি, পল দীর্ঘদিন ধরে নেশায় আসক্ত ছিল। নেশার অভ্যাস ছাড়ানোর জন্য তাকে একটি নেশামুক্তি কেন্দ্রে পাঠানো হয়েছিল। সেখানে বেশ কিছু দিন থাকার পর সম্প্রতি বাড়ি ফিরেছিল সে। কিন্তু বাড়ি ফেরার পর আবারও নেশায় আসক্ত হয়ে পড়ে বলে অভিযোগ।তবে নেশার কারণেই কি বাবাকে খুন করেছে পল? নাকি এই ঘটনার পিছনে অন্য কোনও কারণ রয়েছে? তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। খুনের প্রকৃত কারণ জানতে ধৃতকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।বর্তমানে চার দিনের পুলিশ হেফাজতে রয়েছে অভিযুক্ত। ঘটনার পুনর্নির্মাণও করা হতে পারে। তদন্তের প্রয়োজনে ফরেনসিক বিশেষজ্ঞদের সাহায্য নেওয়ার পরিকল্পনা রয়েছে পুলিশের। উদ্ধার হওয়া চাপাতি-সহ অন্যান্য নমুনাও পরীক্ষার জন্য পাঠানো হতে পারে। কেন এমন ঘটনা ঘটল, তা জানতে সব দিক খতিয়ে দেখছে জলপাইগুড়ি কোতোয়ালি থানার পুলিশ।

নভেম্বর ২২, ২০২৬
কলকাতা

৭০ বছরের অমীমাংসিত অঙ্কের সমস্যার সমাধান! কলকাতার নীনা এবার জায়গা পেলেন টাইমের বিশেষ তালিকায়

অঙ্কের নাম শুনলেই অনেকের মনে ভয় তৈরি হয়। কিন্তু কারও কারও কাছে অঙ্ক শুধু হিসাব মেলানোর বিষয় নয়, বরং নতুন প্রশ্নের উত্তর খোঁজার পথ। সেই পথ ধরেই আন্তর্জাতিক স্তরে পরিচিতি পেয়েছেন কলকাতার মেয়ে নীনা গুপ্তা। প্রায় ৭০ বছর ধরে অমীমাংসিত একটি জটিল গাণিতিক সমস্যার সমাধানে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন তিনি। এ বার তাঁর সেই সাফল্যের মুকুটে জুড়ল আরও একটি পালক। টাইমের ১০০ নেক্সট ইন্ডিয়া তালিকায় জায়গা করে নিয়েছেন এই বাঙালি গণিতবিদ। বিজ্ঞান ও স্বাস্থ্য ক্ষেত্রে উদ্ভাবকদের বিভাগে নির্বাচিত হয়েছেন ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউটের অধ্যাপক নীনা।তবে এই সাফল্য এক দিনে আসেনি। দীর্ঘদিনের গবেষণা, পরিশ্রম এবং অঙ্কের প্রতি গভীর আগ্রহ তাঁকে এই জায়গায় পৌঁছে দিয়েছে। ২০১৪ সালে প্রায় সাত দশক ধরে অমীমাংসিত একটি গাণিতিক সমস্যার বিশেষ ক্ষেত্রে নতুন সমাধান সামনে এনে আন্তর্জাতিক গণিতের জগতে পরিচিতি পান নীনা। তাঁর গবেষণা গণিতের একটি গুরুত্বপূর্ণ শাখা বীজগাণিতিক জ্যামিতিতে নতুন দিশা দেখায়।১৯৮৪ সালে কলকাতায় জন্ম নীনার। ছোটবেলা থেকেই অঙ্কের ধাঁধা সমাধান করতে ভালবাসতেন তিনি। তাঁর এই আগ্রহ তৈরিতে বড় ভূমিকা ছিল মা জ্ঞানলতা গুপ্তার। মেয়েকে বিভিন্ন অঙ্কের সমস্যা সমাধান করতে উৎসাহ দিতেন তিনি। শুধু নীনা নন, তাঁর ভাইকেও অঙ্কের প্রতিযোগিতায় অংশ নিতে উৎসাহিত করতেন মা। ছোটবেলা থেকেই প্রশ্ন করা, যুক্তি দিয়ে ভাবা এবং নতুন সমাধান খোঁজার অভ্যাস তৈরি হয়েছিল নীনার।কলেজে পড়ার সময়ই গণিত নিয়ে এগোনোর সিদ্ধান্ত নেন তিনি। বেথুন কলেজে গণিত নিয়ে পড়াশোনা শুরু করেন। ২০০৬ সালে স্নাতক হওয়ার পর কলকাতার ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউটে স্নাতকোত্তর পড়তে শুরু করেন। ২০০৮ সালে স্নাতকোত্তর ডিগ্রি অর্জনের পর বীজগাণিতিক জ্যামিতি নিয়ে গবেষণা শুরু করেন।তবে তাঁর পড়াশোনার পথ সব সময় সহজ ছিল না। স্নাতকোত্তর পড়ার সময় গণিতের ক্লাসে একমাত্র মহিলা ছিলেন নীনা। সেই অভিজ্ঞতা তাঁকে বিজ্ঞান ও গণিতের মতো বিষয়ে মেয়েদের অংশগ্রহণ বাড়ানোর প্রয়োজনীয়তা বুঝতে সাহায্য করে। পরবর্তী সময়ে বিভিন্ন মঞ্চে মেয়েদের গণিত ও বিজ্ঞান নিয়ে পড়াশোনা এবং গবেষণায় এগিয়ে আসার বার্তা দিয়েছেন তিনি।নীনার আন্তর্জাতিক পরিচিতির পিছনে রয়েছে ২০১৪ সালের একটি গুরুত্বপূর্ণ গবেষণা। প্রায় ৭০ বছর ধরে গণিতবিদদের কাছে অমীমাংসিত ছিল জারিস্কি ক্যানসেলেশন প্রবলেম নামে একটি সমস্যা। ১৯৪৯ সালে গণিতবিদ অস্কার জারিস্কি এই সমস্যাটি সামনে এনেছিলেন।সহজ করে বললে, সমস্যাটির মূল প্রশ্ন ছিল, দুটি গাণিতিক কাঠামোর সঙ্গে অতিরিক্ত একটি মাত্রা যোগ করার পর যদি তাদের গঠন একই রকম হয়ে যায়, তা হলে কি বলা যায় যে অতিরিক্ত মাত্রা যোগ করার আগেও তাদের গঠন একই ছিল? দীর্ঘদিন ধরে এই প্রশ্নের উত্তর খুঁজছিলেন গণিতবিদেরা।নীনা গুপ্তা এই সমস্যার একটি বিশেষ ক্ষেত্রে এমন একটি উদাহরণ সামনে আনেন, যা প্রচলিত ধারণাকে চ্যালেঞ্জ জানায়। তাঁর গবেষণায় দেখানো হয়, দুটি আলাদা গাণিতিক কাঠামোতেও অতিরিক্ত মাত্রা যোগ করার পর মিল দেখা যেতে পারে। এই কাজের জন্য তিনি আসানুমার তৈরি একটি বিশেষ ত্রিমাত্রিক গাণিতিক কাঠামো ব্যবহার করেন। তাঁর এই গবেষণা আন্তর্জাতিক গণিত মহলে বিশেষ গুরুত্ব পায়।এই গবেষণার জন্য ২০১৪ সালে ইন্ডিয়ান ন্যাশনাল সায়েন্স অ্যাকাডেমির ইয়ং সায়েন্টিস্ট পুরস্কার পান নীনা। এর পর একের পর এক সম্মান এসেছে তাঁর ঝুলিতে। ২০১৯ সালে গণিত বিজ্ঞানে দেশের অন্যতম গুরুত্বপূর্ণ সম্মান শান্তিস্বরূপ ভাটনগর পুরস্কার পান তিনি।২০২১ সালে উন্নয়নশীল দেশগুলির তরুণ গণিতবিদদের জন্য দেওয়া রামানুজন পুরস্কার পান নীনা। এই পুরস্কার পাওয়া তৃতীয় মহিলা তিনি। ২০২২ সালে তাঁকে দেওয়া হয় নারী শক্তি পুরস্কার। ওই বছর আন্তর্জাতিক গণিতবিদ সম্মেলনে বক্তব্য রাখার আমন্ত্রণও পান তিনি।২০২৩ সালে পান টিডব্লিউএএস-ক্যাস ইয়ং সায়েন্টিস্ট পুরস্কার। ২০২৪ সালে অ্যালজেব্রিক জিওমেট্রি এবং কমিউটেটিভ অ্যালজেব্রায় তাঁর অবদানের জন্য ইনফোসিস পুরস্কার দেওয়া হয় তাঁকে। ২০২৫ সালে আমেরিকান ম্যাথমেটিক্যাল সোসাইটি এবং অ্যাসোসিয়েশন ফর উইমেন ইন ম্যাথমেটিক্সের উদ্যোগে আয়োজিত ৪৪তম এমি নোয়েথার বক্তৃতা দেন তিনি।এ বার সেই সাফল্যের তালিকায় যুক্ত হল আরও একটি আন্তর্জাতিক স্বীকৃতি। টাইমের ১০০ নেক্সট ইন্ডিয়া তালিকায় জায়গা করে নিলেন কলকাতার নীনা গুপ্তা।ছোটবেলায় মায়ের উৎসাহে অঙ্কের ধাঁধা সমাধান করা থেকে শুরু করে আন্তর্জাতিক স্তরে গণিতের কঠিন সমস্যার সমাধাননীনার এই যাত্রা অনেকের কাছেই অনুপ্রেরণার। বিশেষ করে বিজ্ঞান ও গণিত নিয়ে পড়াশোনা করতে চাওয়া মেয়েদের কাছে তাঁর সাফল্য একটি বড় উদাহরণ। তাঁর জীবন দেখিয়ে দেয়, কৌতূহল, পরিশ্রম এবং নতুন ভাবে ভাবার সাহস থাকলে গবেষণার জগতে নিজের জায়গা তৈরি করা সম্ভব।

নভেম্বর ২২, ২০২৬
রাজ্য

বিহার থেকে গ্রেফতার, দুর্গাপুর থানায় এনে রাখা হয়েছিল! রাতারাতি লকআপ ভেঙে পালাল অভিযুক্ত

পুলিশের হেফাজতে থাকা এক অভিযুক্ত থানার লকআপের জানলা ভেঙে পালিয়ে গেলেন! বিহার থেকে গ্রেফতার করে দুর্গাপুরে নিয়ে আসা হয়েছিল তাঁকে। আদালতের নির্দেশে রাখা হয়েছিল পুলিশ হেফাজতে। কিন্তু শনিবার রাতে থানার লকআপ থেকে উধাও হয়ে যান ওই অভিযুক্ত। রবিবার সকাল পর্যন্ত তাঁর কোনও খোঁজ মেলেনি। এই ঘটনায় দুর্গাপুরে চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিশের নজরদারি এবং থানার নিরাপত্তা ব্যবস্থা নিয়ে উঠতে শুরু করেছে একাধিক প্রশ্ন।পুলিশ সূত্রে জানা গিয়েছে, গাড়ি চুরির মামলায় অভিযুক্ত মনোজ চক্রবর্তীকে বিহার থেকে গ্রেফতার করা হয়েছিল। তাঁকে দুর্গাপুরে নিয়ে এসে আদালতে হাজির করানো হয়। বিচারকের নির্দেশে মনোজকে পুলিশ হেফাজতে রাখার সিদ্ধান্ত নেওয়া হয়। সেই মতো তাঁকে কোকওভেন থানার লকআপে রাখা হয়েছিল।পুলিশ সূত্রে খবর, শনিবার রাতে লকআপ পরীক্ষা করতে গিয়ে দেখা যায়, জানলা ভাঙা। কিন্তু ভিতরে নেই মনোজ। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, লকআপের জানলা ভেঙেই পালিয়েছেন তিনি। বিষয়টি জানাজানি হতেই থানার পুলিশকর্মীরা তল্লাশি শুরু করেন। আশপাশের এলাকাতেও খোঁজ চালানো হচ্ছে। তবে রবিবার সকাল পর্যন্ত তাঁর কোনও সন্ধান পাওয়া যায়নি।এই ঘটনায় থানার নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠেছে। পুলিশ হেফাজতে থাকা এক অভিযুক্ত কী ভাবে লকআপের জানলা ভেঙে পালালেন, তা নিয়ে শুরু হয়েছে আলোচনা। থানার ভিতরে পুলিশকর্মীদের নজরদারি থাকা সত্ত্বেও কেন বিষয়টি কারও নজরে এল না, সেই প্রশ্নও উঠছে। লকআপের জানলাটি আগে থেকেই ভাঙা ছিল কি না, সেটি মেরামত করা হয়েছিল কি না এবং অভিযুক্তের উপর যথাযথ নজর রাখা হয়েছিল কি না, সব দিক খতিয়ে দেখছেন তদন্তকারীরা।ঘটনায় অস্বস্তিতে পড়েছেন থানার পুলিশকর্মীরা। আপাতত এ বিষয়ে প্রকাশ্যে কিছু বলতে চাইছেন না থানার আধিকারিকেরা। অন্য দিকে, পলাতক অভিযুক্তের খোঁজে বিভিন্ন এলাকায় তল্লাশি চালানো হচ্ছে।এই বিষয়ে আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনার প্রণব কুমার জানিয়েছেন, ঘটনার তদন্ত শুরু হয়েছে। কোনও পুলিশ আধিকারিকের গাফিলতি প্রমাণিত হলে তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। কী ভাবে পুলিশের হেফাজত থেকে অভিযুক্ত পালালেন, তা তদন্তের পরেই স্পষ্ট হবে।

নভেম্বর ২২, ২০২৬
বিদেশ

শেখ হাসিনার দেশে ফেরার জল্পনার মধ্যেই পেট্রাপোলে আওয়ামি লীগের চার নেতা! কী পরিকল্পনা দলের?

বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে জল্পনার মধ্যেই পেট্রাপোল-বেনাপোল সীমান্ত এলাকা পরিদর্শনে যাচ্ছেন আওয়ামি লীগের চার শীর্ষ নেতা। রবিবার তাঁদের বনগাঁর পেট্রাপোল সীমান্তে যাওয়ার কথা। দলীয় সূত্রে খবর, কলকাতায় থাকা আওয়ামি লীগের এই চার নেতা সেখানে তিন থেকে চার দিন থাকতে পারেন। তার পর তাঁদের ত্রিপুরার রাজধানী আগরতলায় যাওয়ার পরিকল্পনা রয়েছে।দলীয় সূত্রে জানা গিয়েছে, এই চার নেতার মধ্যে রয়েছেন আওয়ামি লীগের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গির কবির নানক, মোফাজ্জল হোসেন মায়া, যুগ্ম সাধারণ সম্পাদক বাহাউদ্দিন নাসিম এবং প্রাক্তন সাংসদ সালাউদ্দিন নাসিম। বর্তমানে তাঁরা কলকাতায় রয়েছেন। সেখান থেকেই পেট্রাপোল-বেনাপোল সীমান্ত এলাকা পরিদর্শনে যাবেন।অন্য দিকে, বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরা নিয়েও রাজনৈতিক মহলে আলোচনা চলছে। আগামী মাসে তিনি বাংলাদেশে ফিরতে পারেন বলে জল্পনা ছড়িয়েছে। তবে কবে, কী ভাবে এবং কোন পথে তিনি দেশে ফিরবেন, সে বিষয়ে আওয়ামি লীগের তরফে এখনও কোনও নিশ্চিত তথ্য দেওয়া হয়নি। মানবাধিকার দিবস কিংবা বাংলাদেশের বিজয় দিবসের মতো গুরুত্বপূর্ণ দিনগুলিকে ঘিরে তাঁর দেশে ফেরার সম্ভাবনা নিয়ে আলোচনা চলছে। রাজনৈতিক মহলের একাংশের ধারণা, আকাশপথের বদলে স্থলপথে বাংলাদেশে ফেরার চেষ্টা করতে পারেন শেখ হাসিনা। তবে এই বিষয়ে এখনও কোনও সরকারি ঘোষণা হয়নি।এদিকে, বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে বিভিন্ন দেশের কূটনীতিকদের কাছে বিস্তারিত রিপোর্ট পাঠিয়েছে আওয়ামি লীগ। ঢাকায় কর্মরত বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও হাইকমিশনারদের পাশাপাশি বিদেশে থাকা বাংলাদেশের দূতাবাসগুলিতেও ওই রিপোর্ট পাঠানো হয়েছে বলে দলীয় সূত্রে খবর।আওয়ামি লীগের তথ্য ও গবেষণা সম্পাদক তথা প্রাক্তন সাংসদ সালিম মাহমুদ ওই রিপোর্ট তৈরি করেছেন। সেখানে বাংলাদেশের রাজনৈতিক হিংসা, অগ্নিসংযোগ এবং সংখ্যালঘু সম্প্রদায়ের উপর নির্যাতনের অভিযোগ তোলা হয়েছে। দলের দাবি, নড়াইলে প্রায় দুই শতাধিক বাড়িতে হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এই সব ঘটনার নিরপেক্ষ তদন্তের দাবিও জানিয়েছে তারা।রিপোর্টে আরও অভিযোগ করা হয়েছে, সরকারের শীর্ষ পর্যায় থেকে আওয়ামি লীগকে নিশানা করে বিদ্বেষমূলক মন্তব্য করা হচ্ছে। পাশাপাশি, সংবাদমাধ্যমের উপর চাপ সৃষ্টি করে সংবাদ প্রকাশের ক্ষেত্রে নিয়ন্ত্রণ আরোপ করা হচ্ছে বলেও দাবি করেছে দলটি।বাংলাদেশের পরিস্থিতি নিয়ে আন্তর্জাতিক মহলের হস্তক্ষেপও চেয়েছে আওয়ামি লীগ। রাষ্ট্রপুঞ্জ-সহ বিভিন্ন আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাকে বাংলাদেশের পরিস্থিতি স্বাধীন ভাবে পর্যবেক্ষণের আবেদন জানানো হয়েছে। একই সঙ্গে দেশে রাজনৈতিক বহুত্ববাদ, নাগরিকের নিরাপত্তা এবং গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখার ক্ষেত্রেও আন্তর্জাতিক সংস্থাগুলির ভূমিকা দাবি করেছে দলটি।

নভেম্বর ২২, ২০২৬
রাজ্য

মায়ের খুনের মামলায় সাক্ষী ছিল মেয়ে! জামিনে বাবার মুক্তির পরই সোনারপুরে উদ্ধার ছাত্রীর ঝুলন্ত দেহ

মায়ের খুনের মামলায় বাবা ছিলেন মূল অভিযুক্ত। সেই মামলার অন্যতম গুরুত্বপূর্ণ সাক্ষী ছিল নাবালিকা মেয়ে। প্রায় তিন বছর জেলে থাকার পর সম্প্রতি জামিনে মুক্তি পান বাবা। আর তার কিছু দিনের মধ্যেই বাড়ি থেকে উদ্ধার হল মেয়ের ঝুলন্ত দেহ। সোনারপুরের এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। কিশোরীর মৃত্যুকে ঘিরে একাধিক প্রশ্ন উঠতে শুরু করেছে।মৃত ছাত্রীর নাম সায়নী শিকারি। সে অতুলকৃষ্ণ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী ছিল। প্রায় তিন বছর আগে খুন হন সায়নীর মা মালা শিকারি। ওই ঘটনায় স্ত্রীকে খুনের অভিযোগে গ্রেফতার করা হয় সায়নীর বাবা সমীর শিকারিকে। মায়ের খুনের মামলায় অন্যতম সাক্ষী ছিল সায়নী। মায়ের মৃত্যুর পর থেকে মামাবাড়িতেই থাকত সে।পরিবার সূত্রে জানা গিয়েছে, সম্প্রতি জামিনে জেল থেকে ছাড়া পান সমীর। তার পর থেকেই মেয়ের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করছিলেন তিনি বলে অভিযোগ। বিষয়টি পুলিশকেও জানানো হয়েছিল বলে দাবি পরিবারের সদস্যদের। তাঁদের অভিযোগ, সায়নীর নিরাপত্তার কথা ভেবে মোবাইলের সিম কার্ড বদলে নম্বর পরিবর্তনের পরামর্শ দিয়েছিল পুলিশ। সেই মতো নতুন নম্বরও নেওয়া হয়। কিন্তু পরিবারের দাবি, সেই নম্বরও কোনও ভাবে জেনে যান সমীর।এরই মধ্যে ঘটে যায় মর্মান্তিক ঘটনা। পরিবারের সদস্যদের দাবি, ঘটনার দিন বিকেলে বাড়িতে কেউ ছিলেন না। সন্ধ্যায় বাড়ি ফিরে সায়নীর দাদু ঘরের মধ্যে তার ঝুলন্ত দেহ দেখতে পান। সঙ্গে সঙ্গে প্রতিবেশীদের খবর দেন তিনি। পরে পুলিশকেও খবর দেওয়া হয়।খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। সায়নীর দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। পাশাপাশি তার মোবাইল ফোনও বাজেয়াপ্ত করেছেন তদন্তকারীরা। মৃত্যুর আগে সায়নী কারও সঙ্গে ফোনে কথা বলেছিল কি না, তা জানতে কলের তথ্য-সহ মোবাইলের বিভিন্ন তথ্য খতিয়ে দেখা হচ্ছে।এদিকে, সায়নীর মৃত্যুর ঘটনায় তার বাবা সমীর শিকারির ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছে মামাবাড়ির পরিবার। তাঁদের অভিযোগ, এই মৃত্যুর পিছনে সমীরের ভূমিকা থাকতে পারে। তবে পরিবারের এই অভিযোগের সত্যতা এখনও প্রমাণিত হয়নি। কী কারণে সায়নীর মৃত্যু হল, তা জানতে তদন্ত শুরু করেছে পুলিশ। ময়নাতদন্তের রিপোর্ট এবং মোবাইলের তথ্য সামনে আসার পরই মৃত্যুর কারণ সম্পর্কে আরও স্পষ্ট ধারণা পাওয়া যাবে।

নভেম্বর ২২, ২০২৬

Ads

You May Like

Gallery

265-year-old "Mukhopadhyay House" in Bhavanandpur, Kalnar, played vermilion on Dasami during Durga Puja
BJP candidate Locket Chatterjee campaigned on the banks of the Ganges from Chandannagar Ranighat to Triveni Ghat wishing New Year.
A living depiction of history with a touch of color, everyone is enthralled by the initiative of the Eastern Railway
Sucharita Biswas actress and model on Durga Puja
Lord Kalabau came up in palanquin; Navapatrika walked towards the mandap - the puja started
On Sunday, the 'Hilsa festival' is celebrated in the city with great joy.
Check out who has joined Mamata's new cabinet
Take a look at the list of recipients at the Bangabibhushan award ceremony
If you are grassroots, you will get ration for free. Lakshmi Bhandar, Kanyashree, Swastha Sathi, Krishakbandhu, Oikyashree, Sabujsathi — you will get all.

Categories

  • কলকাতা
  • রাজ্য
  • দেশ
  • বিদেশ
  • রাজনীতি
  • খেলার দুনিয়া
  • বিনোদুনিয়া
  • সম্পাদকীয়
  • নিবন্ধ
  • ভ্রমণ
  • রাশিফল
  • টুকিটাকি
  • চিত্রহার
  • বিবিধ
  • ভিডিও

Company

  • About Us
  • Advertise
  • Privacy
  • Terms of Use
  • Contact Us
Copyright © 2026 Janatar Katha News Portal