২৫ বছর ধরে মিলবে ২৫০০ মেগাওয়াট বিদ্যুৎ! আদানি গোষ্ঠীর সঙ্গে বড় চুক্তি রাজ্যের
রাজ্যে ক্ষমতার পালাবদলের পর বিদ্যুৎ সরবরাহ নিয়ে বড় সিদ্ধান্ত নিল নতুন সরকার। আগামী ২৫ বছর ধরে রাজ্যে ২৫০০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহের দায়িত্ব নিতে চলেছে আদানি গোষ্ঠী। এই মর্মে আদানি এনার্জি সলিউশনস লিমিটেডের সঙ্গে রাজ্য সরকারের চুক্তি হয়েছে বলে সূত্রের খবর। পশ্চিমবঙ্গ বিদ্যুৎ পর্ষদ নিগমের মাধ্যমে রাজ্যের বিভিন্ন এলাকায় বিদ্যুৎ সরবরাহ করবে আদানি গোষ্ঠীর এই সংস্থা। সরকারের আশা, এই উদ্যোগের ফলে রাজ্যে বিদ্যুতের ঘাটতি মেটানো সহজ হবে।রাজ্য সরকারের অধীনস্থ বিদ্যুৎ সংস্থার সঙ্গে আদানি গোষ্ঠীর এই চুক্তিকে সরকারি ও বেসরকারি যৌথ উদ্যোগের গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলে মনে করা হচ্ছে। আদানি এনার্জি সলিউশনস লিমিটেডের প্রধান কার্যনির্বাহী আধিকারিক কন্দর্প প্যাটেল জানিয়েছেন, পরিবেশবান্ধব বিদ্যুৎ সরবরাহের ক্ষেত্রে তাঁদের সংস্থা গুরুত্বপূর্ণ ভূমিকা নিচ্ছে। দেশজুড়েই এই ধরনের বিদ্যুতের চাহিদা বাড়ছে। পশ্চিমবঙ্গ সরকারের সঙ্গে কাজ করার সুযোগ পেয়ে তাঁরা খুশি বলেও জানিয়েছেন তিনি। তাঁর মতে, এই চুক্তির ফলে রাজ্যে সংস্থার কাজের পরিধি আরও বাড়বে।সূত্রের খবর, ২০২৮ সালের জুলাই মাস থেকে প্রথম ধাপে ১৭৫০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ শুরু হবে। এর পর ২০২৯ সালে দ্বিতীয় ধাপে আরও ৭৫০ মেগাওয়াট বিদ্যুৎ পাবে রাজ্য। সব মিলিয়ে আগামী ২৫ বছর ধরে মোট ২৫০০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহের পরিকল্পনা রয়েছে।এই বিদ্যুৎ তৈরি হবে কী ভাবে? জানা গিয়েছে, সৌরশক্তি ও বায়ুশক্তি ব্যবহার করে ৪.৬ গিগাওয়াট ক্ষমতার বিদ্যুৎ উৎপাদনের ব্যবস্থা করা হবে। পাশাপাশি ব্যাটারিতে বিদ্যুৎ সঞ্চয় ও সরবরাহের জন্য ৩.৬ গিগাওয়াট ক্ষমতার ব্যবস্থাও গড়ে তোলা হবে। শুধু বিদ্যুৎ উৎপাদন বা সরবরাহই নয়, স্মার্ট মিটার বসানোর কাজেও যুক্ত থাকবে আদানি এনার্জি সলিউশনস লিমিটেড।এই বিদ্যুৎ শুধু বাড়ির দৈনন্দিন ব্যবহারের জন্য নয়, শিল্প, বাণিজ্য এবং প্রযুক্তি ক্ষেত্রেও কাজে লাগানো যাবে। রাজ্য সরকারের আশা, নতুন এই ব্যবস্থা চালু হলে বিদ্যুতের ঘাটতি কমবে এবং আগামী দিনে রাজ্যের বিদ্যুতের চাহিদা মেটানো আরও সহজ হবে।

