আমেরিকায় নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজ়ান্ডার দারচিয়েভের আকস্মিক মৃত্যু ঘিরে রহস্য ক্রমশ বাড়ছে। ৬৬ বছর বয়সি এই প্রবীণ কূটনীতিকের মৃত্যুর খবর বুধবার, ১১ নভেম্বর, জানিয়েছে রাশিয়ার বিদেশ মন্ত্রক। কিন্তু কী কারণে তাঁর মৃত্যু হয়েছে, এমনকি কোথায় তাঁর মৃত্যু হয়েছে, সে বিষয়েও কিছু জানানো হয়নি। আর তার পরেই সমাজমাধ্যমে শুরু হয়েছে নানা জল্পনা। কেউ তুলছেন বিষপ্রয়োগের প্রশ্ন, কেউ আবার রাশিয়ার অতীতের একাধিক রহস্যজনক মৃত্যুর প্রসঙ্গ টেনে আনছেন।
রাশিয়ার বিদেশ মন্ত্রক এক বিবৃতিতে গভীর শোক প্রকাশ করে জানায়, দারচিয়েভের আকস্মিক মৃত্যু হয়েছে। তবে মৃত্যুর কারণ এবং স্থান সম্পর্কে কোনও তথ্য দেওয়া হয়নি। সরকারি বিবৃতিতে এই নীরবতাই নতুন করে প্রশ্নের জন্ম দিয়েছে।
এর পরেই সমাজমাধ্যমে নানা ধরনের মন্তব্য করতে শুরু করেন নেটাগরিকদের একাংশ। রাশিয়ায় অতীতে বেশ কয়েক জন প্রভাবশালী ব্যক্তির রহস্যজনক মৃত্যুর ঘটনা সামনে এসেছে। সেই সব ঘটনার কথা মনে করিয়ে দিয়ে অনেকে দারচিয়েভের মৃত্যুর পিছনে কোনও ষড়যন্ত্র রয়েছে কি না, তা নিয়ে প্রশ্ন তুলেছেন। যদিও এই ধরনের দাবির পক্ষে এখনও কোনও প্রমাণ সামনে আসেনি।
সমাজমাধ্যমের বিভিন্ন পাতায় ছড়িয়ে পড়েছে নানা ব্যঙ্গাত্মক মন্তব্য ও মিম। কেউ অতীতে তেজস্ক্রিয় পদার্থ মেশানো চা খাইয়ে বিষপ্রয়োগের ঘটনার কথা উল্লেখ করেছেন। কেউ আবার প্রশ্ন তুলেছেন, এ বারও কি চায়ের মাধ্যমে বিষ দেওয়া হয়েছিল? অন্য এক নেটাগরিকের মন্তব্য, ‘‘সবার প্রথমেই মনে হচ্ছে, উনি কি জানলা থেকে পড়ে গিয়েছিলেন?’’ এই ধরনের মন্তব্য ঘিরে সরগরম হয়ে উঠেছে নেটদুনিয়া। অনেকে কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্য নিয়েও জানতে চাইছেন, এই মৃত্যুর পিছনে কোনও ষড়যন্ত্র রয়েছে কি না।
দারচিয়েভের মৃত্যুর সময় নিয়েও প্রশ্ন উঠেছে। কারণ, রাশিয়া ও ইউক্রেনের মধ্যে যুদ্ধ থামানোর লক্ষ্যে আবু ধাবিতে শান্তি আলোচনা শুরু হয়েছিল। আমেরিকার মধ্যস্থতায় হওয়া এই আলোচনার প্রথম দফা শেষ হওয়ার সময়েই সামনে আসে রুশ রাষ্ট্রদূতের মৃত্যুর খবর।
আলোচনার আগে থেকেই রাশিয়ার অবস্থান নিয়ে কড়া বার্তা দিয়েছিলেন মস্কোর প্রধান আলোচক ভ্লাদিমির মেদিনস্কি। তাঁর বক্তব্য ছিল, রাশিয়া নিজেদের নির্ধারিত লক্ষ্য পূরণ করবেই। নিজেদের দাবিকৃত ভূখণ্ডের প্রতিটি অংশের নিয়ন্ত্রণ ও নিরাপত্তা নিশ্চিত করতে চায় মস্কো। তাঁর এই মন্তব্যে স্পষ্ট হয়েছিল, ইউক্রেনের সঙ্গে আলোচনায় রাশিয়া নিজেদের অবস্থান থেকে সহজে সরে আসতে রাজি নয়।
এই পরিস্থিতিতে ওয়াশিংটনে রাশিয়ার অন্যতম গুরুত্বপূর্ণ কূটনীতিকের আকস্মিক মৃত্যু নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। বিশেষ করে শান্তি আলোচনার মতো গুরুত্বপূর্ণ ঘটনার ঠিক পরেই তাঁর মৃত্যুর খবর প্রকাশ্যে আসায় সময়ের বিষয়টি নিয়ে প্রশ্ন তুলছেন অনেকে। তবে এই দুই ঘটনার মধ্যে কোনও যোগসূত্র রয়েছে, এমন কোনও প্রমাণ এখনও পাওয়া যায়নি।
দারচিয়েভকে রাশিয়া-আমেরিকা সম্পর্কের বিশেষজ্ঞ হিসাবে বিবেচনা করা হত। ২০২৫ সালের মার্চ মাসে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তাঁকে আমেরিকায় রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ করেছিলেন। ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের সঙ্গে মস্কোর সম্পর্ক উন্নত করার দায়িত্বও ছিল তাঁর উপর। দুই দেশের মধ্যে দীর্ঘদিনের উত্তেজনা কমিয়ে কূটনৈতিক সম্পর্ক স্বাভাবিক করাই ছিল তাঁর অন্যতম প্রধান কাজ।x
তাই এমন এক গুরুত্বপূর্ণ সময়ে দারচিয়েভের আকস্মিক মৃত্যু স্বাভাবিক ভাবেই আন্তর্জাতিক মহলে চর্চার বিষয় হয়ে উঠেছে। তবে সমাজমাধ্যমে ছড়িয়ে পড়া বিষপ্রয়োগ বা ষড়যন্ত্রের অভিযোগের কোনও সত্যতা এখনও প্রমাণিত হয়নি। মৃত্যুর প্রকৃত কারণ জানতে এখন রাশিয়ার বিদেশ মন্ত্রকের আনুষ্ঠানিক বিবৃতির দিকেই তাকিয়ে রয়েছে আন্তর্জাতিক মহল।
- More Stories On :
- Russian Ambassador
- Alexander Darchiev
- Death Mystery

