• ৩ অগ্রহায়ণ ১৪৩৩, সোমবার ২৩ নভেম্বর ২০২৬ ই-পোর্টাল

Janatar Katha

Banner Add
  • কলকাতা
  • রাজ্য
  • দেশ
  • বিদেশ
  • রাজনীতি
  • খেলার দুনিয়া
  • বিনোদুনিয়া
  • সম্পাদকীয়
  • নিবন্ধ
  • ভ্রমণ
  • রাশিফল
  • টুকিটাকি
  • চিত্রহার
  • বিবিধ
  • ভিডিও
  • এছাড়াও
    • উৎসব
    • ব্যবসা
    • স্বাস্থ্য
    • শিক্ষা
    • প্রযুক্তি
    • হেঁসেল

DA

রাজ্য

বিমল গুরুংয়ের বিরোধিতায় শান্তি মিছিল মোর্চার

বিমল গুরুংয়ের বিরোধিতায় রবিবার শান্তি মিছিল করল বিনয় তামাংপন্থী মোর্চা শিবির। এদিন তারা দার্জিলিঙের চকবাজারে মিছিল বের করেন। মিছিলে অবশ্য বিনয় তামাং ছিলেন না। কিন্তু শয়ে শয়ে মোর্চা সমর্থক এদিনের মিছিলে পা মেলান। তাদের একটাই দাবি , বিমল গুরুং যাতে পাহাড়ে আবার না ফিরতে পারেন। তাঁদের বক্তব্য, ক্ষমতার লোভেই গুরুং ফিরছেন। কিন্তু সেই ফিরলেনই যদি, তা হলে আগে পাহাড়ে এত অশান্তি বাধালেন কেন? মোর্চাকর্মীদের মিছিলের জেরে যাতে কোনও সমস্যা তৈরি না হয়, সেজন্য এলাকায় কড়া নিরাপত্তার ব্যবস্থা ছিল। তবে কোথাও কোথাও গুরুংয়ের সমর্থনেও পোস্টার পড়েছে। আরও পড়ুনঃ কামারহাটিতে ওষুধের দোকানে বিস্ফোরণ, এলাকায় চাঞ্চল্য উল্লেখ্য , দীর্ঘদিন ফেরার থাকার পর কয়েকদিন আগে প্রকাশ্যে আসেন বিমল গুরুং । গোর্খাল্যান্ডের দাবিতে অনড় থেকেও বিজেপির বিরুদ্ধে প্রতিশ্রুতিভঙ্গের অভিযোগ তোলেন গুরুং। মমতা বন্দ্যোপাধ্যায়ের হয়ে আগামী বিধানসভা নির্বাচনে লড়বেন বলে জানান তিনি।

অক্টোবর ২৫, ২০২০
উৎসব

কবিগুরুর "দুঃসময়" কবিতাকে আশ্রয় করেই সেজে উঠেছে চেতলা অগ্রণীর মণ্ডপ

কলকাতার মেগাপুজোগুলোর অন্যতম চেতলা অগ্রণী। এই পুজো মন্ত্রী ববি হাকিমের পুজো হিসেবে বেশি পরিচিত। প্রত্যেক বছরই লক্ষ লক্ষ মানুষের পদার্পণ হয় এই মণ্ডপে। এবার পরিস্থিতিটা একটু অন্যরকম। হাইকোর্টের নির্দেশে মণ্ডপের ভিতরে দর্শকদের প্রবেশাধিকার নেই। তাই এখানকার পুজো কমিটির সঙ্গে যু্ক্ত সকলেরই মন খারাপ। প্রসঙ্গত, গত ১২ অক্টোবর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এখানকার দুর্গাপ্রতিমার চক্ষুদান করেছেন। চক্ষুদান করার পর, ১৯ তারিখ থেকেই খুলে দেওয়া হয় এই মণ্ডপ। আরও পড়ুনঃ ভারতচক্রের পুজোয় এবার মহামারীর অন্ধকার কাটিয়ে আলোয় জেগে ওঠার কাহিনি গত বছর তাদের থিম ছিল কলিকাতা চলিয়াছে নড়িতে নড়িতে। আঠাশতম বর্ষেও তাঁদের মণ্ডপভাবনায় রবীন্দ্রনাথের কবিতা। কবিগুরুর দুঃসময় কবিতাকে আশ্রয় করেই সেজে উঠেছে এবারের মণ্ডপ। অতিমারী ও ঘূর্ণিঝড় বিধ্বস্ত বঙ্গে এই কবিতাটি অত্যন্ত প্রাসঙ্গিক বলেই মনে করছেন শিল্পী। বাঁশ দিয়ে তৈরি করা হয়েছে বিরাট একটা পাখি। মহাশূন্যে ডানা মেলে উড়ছে সে। প্রদীপ হাতে অভয় দিচ্ছেন ভয়ঙ্করী চামুণ্ডারূপিণী মা দুর্গা। কঠিন সময় কাটিয়ে আশার প্রতীক ওই বিরাট ডানামেলা পাখিটি, যাকে উদ্দেশ্য করে ধ্বনিত হয় লক্ষ মানুষের মানুষের বেঁচে থাকার আর্তি ---এখনই অন্ধ, বন্ধ কোরো না পাখা।

অক্টোবর ২২, ২০২০
কলকাতা

ছাড়লেন এনডিএ , একুশে তৃণমূলের সঙ্গে জোট বেঁধে ভোট ময়দানে বিমল গুরুং

এনডিএ ছাড়ছেন তিনি। একুশের ভোটে মমতা বন্দ্যোপাধ্যায় তথা তৃণমূল কংগ্রেসের সঙ্গে জোট বেঁধে লড়বে গোর্খা জনমুক্তি মোর্চা। হঠাৎ বুধবার কলকাতায় এক অভিজাত হোটেলে বসে সাংবাদিক বৈঠক করে এই মন্তব্য করেন গোর্খা নেতা বিমল গুরুং। তিনি বলেন, ১২ বছর ধরে লোকসভা ভোটে বিজেপি প্রার্থীকে সমর্থন করছি। কিন্তু আমরা কী পেয়েছি? প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, অমিত শাহ সকলেই আশ্বাস দিয়েছিলেন গোর্খাল্যান্ডের দাবির স্থায়ী সমাধানের ব্যাপারে। ভোট ইস্তেহারেও সে কথা লিখেছিলেন। কিন্তু গত ৬ বছরে কিছুই তো হয়নি। প্রধানমন্ত্রী বা স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা করলে শুধু বলেন, দেখছি, হবে। তুলনায় মমতা বন্দ্যোপাধ্যায় তো বরং ভাল। উনি আমাদের কথা শুনেছিলেন। তার পর কেন্দ্রের কাছে সুপারিশ পাঠিয়েছিলেন। সাংবাদিক বৈঠকে এর পরেই গুরুং বলেন, আমি কেন্দ্রে জাতীয় গণতান্ত্রিক জোট তথা এনডিএ-র শরিক। কিন্তু আজ এই মুহূর্ত থেকে এনডিএ ছাড়ছি। সেই সঙ্গে এই অঙ্গীকার করছি যে একুশের বিধানসভা ভোটে মমতা বন্দ্যোপাধ্যায় তথা তৃণমূল কংগ্রেসের সঙ্গে জোট গড়ে ভোট লড়ব। সেই সঙ্গে গোর্খাল্যাণ্ডের স্থায়ী রাজনৈতিক সমাধানের চেষ্টা করব। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে গুরুং বলেন , এখনও তৃণমূলের কারও সঙ্গে আমার আলোচনা হয়নি। গুরুংয়ের সঙ্গে এদিন সাংবাদিক বৈঠকে রোশন গিরি উপস্থিত ছিলেন। গুরুং আরও বলেন, আমি রাজনৈতিক কর্মী। কোনও অন্যায় করিনি। এর পরেও যদিব পুলিশ আমাকে গ্রেফতার করে তা হলে জেলে যেতে রাজি। সেখানে বসেই কাজ করব। আরও পড়ুনঃ পুলিশের প্রশংসা করে টুইট রাজ্যপালের প্রসঙ্গত , এদিন বিকেল পৌনে পাঁচটা নাগাদ সল্টলেকের গোর্খা ভবনের সামনে হাজির হয় গো্র্খা জনমুক্তি মোর্চার পলাতক এই নেতার গাড়ি। তবে এদিন গোর্খা ভবনের গেট বিমলের জন্য খোলেনি। এক পুলিশকর্মী গোর্খা ভবনের গেট খোলার চেষ্টা করলেও সফল হননি। এসময় বিমলের কাছে জানতে চাওয়া হয়, তাঁকে তো পুলিশ খুঁজছে। তাহলে তিনি কিভাবে কলকাতায় এলেন? জবাবে এই গোর্খা নেতা বলেন, যা বলার তিনি গোর্খা ভবনের ভিতরে বলবেন। তবে শেষ পর্যন্ত গোর্খা ভবনের ভিতরে যেতে পারেননি তিনি। গেট না খোলায় শেষ পর্যন্ত গাড়ি ঘুরিয়ে অন্যদিকে চলে যান তিনি। দীর্ঘদিন ধরে পলাতক থাকার পর এদিন তিনি প্রকাশ্যে এলেন। শো্না যাচ্ছিল , পুজো্র সময় তিনি কলকাতায় আসতে পারেন। সেই জল্পনাকে সত্যি করে এদিন তিনি কলকাতায় এলেন। প্রসঙ্গত , পাহাড়ে অশান্তি ছড়ানো, সরকারি সম্পত্তি নষ্ট, সাব-ইনস্পেক্টর অমিতাভ মালিক খুনে অভিযুক্ত বিমল গুরুংয়ের বিরুদ্ধে পুলিশের খাতায় একাধিক অভিযোগ রয়েছে। ইউএপিএ আইনের ধারাও রুজু রয়েছে তাঁর নামে। এবছরের মার্চে দিল্লিতে বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডার ছেলের বিয়ের আসরে দেখা গিয়েছিল গুরুং এবং গিরিকে। তখনই বিজেপি নেতৃত্বের সঙ্গে গুরুংয়ের যোগসাজশের জল্পনা বাড়ে। কিছুদিন আগে গোর্খাল্যান্ড নিয়ে আলোচনার জন্য স্বরাষ্ট্রমন্ত্রক মোর্চা, রাজ্য সরকারকে আমন্ত্রণ জানিয়েছিল। কয়েকদিন ধরেই শোনা যাচ্ছিল, নবান্নে মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে পারেন বিমল গুরুং ও রোশন গিরি। অবশেষে এদিন তিনি সামনে এলেন।

অক্টোবর ২১, ২০২০
বিনোদুনিয়া

মুক্তি পেল নুসরত- মিমি অভিনীত 'এসওএস কলকাতা '

আজ মুক্তি পেল অংশুমান প্রত্যুষ পরিচালিত ছবি এসওএস কলকাতা। কলকাতা সহ বিভিন্ন প্রেক্ষাগৃহে বুধবার ছবিটি মুক্তি পেল। এই ছবিটিতে অভিনয় করেছেন যশ দাশগুপ্ত , নুসরত জাহান, মিমি চক্রবর্তী , এনা সাহা , সুদীপ মুখোপাধ্যায় সহ আরও অনেকে। সদ্য প্রকাশিত হয়েছে ছবিটির ট্রেলার ও টিজার। এটি একটি অ্যাকশন প্যাকড সিনেমা। ছবিটি প্রযোজনা করেছেন এনা সাহা। কয়েক বছর আগে ঘটে যাওয়া কলকাতায় জঙ্গি হামলার ঘটনা অবলম্বনে ছবিটি তৈরি হয়েছে। মিমি এখানে যশের স্ত্রীর ভূমিকায় অভিনয় করছেন। উল্লেখ্য , পুজোয় এবার মোট ১২ টি ছবি মুক্তি পাচ্ছে। এই ছবিটি কতটা দর্শকের মনোরঞ্জন করতে পারে , সেটাই এখন দেখার। আরও পড়ুনঃ নতুন মিউজিক ভিডিও লঞ্চ লক্ষীরতন শুক্লার প্রসঙ্গত , এর আগে অংশুমান প্রত্যুষ প্যান্থার নামে একটি ছবি পরিচালনা করেছিলেন। সেই ছবিতে ছিলেন সুপারস্টার জিৎ। ছবিটি ভালই চলেছিল। চলতি বছরে করোনা আবহে সরকারের তরফ থেকে ঘোষণা করা হয়েছে , সিনেমা হলে ৫০ শতাংশ আসনে দর্শকরা বসতে পারবে।

অক্টোবর ২১, ২০২০
কলকাতা

করোনামুক্ত হয়ে বাড়ি ফিরলেন অনুপম হাজরা

করোনামুক্ত হয়ে বাড়ি ফিরলেন বিজেপির জাতীয় সম্পাদক অনুপম হাজরা। সোমবার তিনি হাসপাতাল থেকে ছাড়া পান। কয়েকদিন আগে তিনি করোনা আক্রান্ত হয়ে বিপি পোদ্দার হাসপাতালে ভরতি হয়েছিলেন। শ্বাসকষ্ট ও জ্বর নিয়ে তিনি হাসপাতালে ভরতি হয়েছিলেন। তার কোনও কো- মরবিডিটি ছিল না। আরও পড়ুনঃ রাজ্যের হাসপাতালগুলিতে অ্যাম্বুল্যান্স ও বেডের পর্যাপ্ত ব্যবস্থার নির্দেশ মুখ্যমন্ত্রীর তিনি দলের এক কর্মীসভায় বলেছিলেন , আমার করোনা হলে আমি মমতা বন্দ্যোপাধ্যায়কে জড়িয়ে ধরব। তার কয়েকদিন বাদে তিনি নিজেই করোনা আক্রান্ত হয়েছিলেন। তারপর থেকেই তিনি হাসপাতালে ভরতি ছিলেন।

অক্টোবর ১৯, ২০২০
রাজ্য

মমতা বন্দ্যোপাধ্যায় বাংলায় কৃষি আইনে বাধা দিচ্ছেন : নাড্ডা

বাংলার বিজেপি কর্মীদের মনোবল চাঙ্গা করতে শিলিগুড়িতে সাংগঠনিক সভা করলেন সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা। তিনি এদিন বলেন , বাংলাকে ভাঙতে চায় বর্তমান সরকার। আমাদের লক্ষ্য সবকা সাথ সবকা বিকাশ। সবাইকে নিয়ে চলার ক্ষমতা মোদিজিরই আছে। গত ছয় বছরে ভারতে আত্মনির্ভরতা বেড়েছে। তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ করে তিনি বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় সবকিছুতেই বলেন হবে না। বাংলায় কৃষি আইনে বাধা দিচ্ছেন। গরিব কল্যাণে একাধিক পদক্ষেপ নিয়েছে কেন্দ্র। কেন্দ্রের প্রকল্প থেকে বঞ্চিত হচ্ছে বাংলা। আরও পড়ুনঃ পুজোয় বাংলা গান বাজানোর আবেদন জানিয়ে চিঠি বাংলাপক্ষের কৃষকনিধি সম্মান থেকে বঞ্চিত হচ্ছে বাংলার কৃষকরা। বাংলায় যা হয়নি , তার একটি তালিকা তৈরি করুন , মোদি সরকার সব করে দেবে। বাংলায় আয়ুষ্মান ভারত কার্যকর হয়নি। ক্ষমতায় এলে এক মাসের মধ্যে কার্যকর করে দেব। করোনার প্রভাব কমলেই সিএএ কার্যকর হবে। এদিন তিনি শিলিগুড়ির নৌকাঘাটে রাজবংশী নেতা ঠাকুর পঞ্চানন বর্মার মূর্তিতে শ্রদ্ধা প্রদর্শন করেন। দুপুরে আনন্দময়ী কালীবাড়িতে পুজো দেন বিজেপি সভাপতি। এদিন বৈঠকে উপস্থিত ছিলেন মুকুল রায় , কৈলাস বিজয়বর্গীয় , দেবশ্রী চৌধু্রী সহ দলের নেতানেত্রীরা।

অক্টোবর ১৯, ২০২০
কলকাতা

বাংলায় সব পুজো মণ্ডপ দর্শকশূন্য রাখতে হবে , রায় হাইকোর্টের

বাংলায় সব পুজো মণ্ডপ দর্শকশূন্য রাখতে হবে। প্রতিটি পুজো মণ্ডপ কন্টেইনমেন্ট জোন বলে গণ্য হবে। করোনা আবহে ঐতিহাসিক রায় দিল কলকাতা হাইকোর্ট। ছোট মণ্ডপ হলে তার ৫ মিটারের মধ্যে এবং বড় মণ্ডপ হলে তার ১০ মিটারের মধ্যে কোনও দর্শনার্থী প্রবেশ করতে পারবে না। রাজ্যের সব পুজো মণ্ডপকে কনটেইনমেন্ট জোন হিসাবে ঘোষণা করতে হবে। হাইকোর্টের বিচারপতি সঞ্জীব বন্দ্যোপাধ্যায় ও অভিজিৎ বন্দ্যোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ সোমবার এই রায় দিয়েছেন। নির্দেশ কতটা মানা হল পুজোর পর সেই রিপোর্ট রাজ্য পুলিশের ডিজিকে জমা দেওয়ার নির্দেশ হাইকোর্টের। উল্লেখ্য , এদিন সকালেই মামলার প্রথম পর্যায়ের শুনানির পর্যবেক্ষণে হাই কোর্ট জানিয়েছিল, পুজোর সঙ্গে বাঙালির আবেগ জড়িত। তাই মণ্ডপে দর্শনার্থীদের প্রবেশাধিকার থাকলে সেখানে জড়ো হবেনই উৎসবপ্রেমীরা। এছাড়া ইতিমধ্যে বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত এবং প্রচারিত ছবি দেখেই ভিড় কতটা হতে পারে, সে সম্পর্কে সম্যক ধারণা করা যাচ্ছে। রাজ্য সরকারের তরফে পুজোয় ভিড় সামাল দেওয়ার জন্য ৩০ হাজার পুলিশের কথা বলা হয়েছে। তবে তা ভিড় সামাল দেওয়ার জন্য যথেষ্ট নয়। প্রাথমিক পর্যবেক্ষণে আদালত আরও জানিয়েছিল, সেক্ষেত্রে পুজো মণ্ডপগুলিকে কনটেনমেন্ট জোন করে দেওয়া হোক। এছাড়াও মণ্ডপে দর্শনার্থীদের প্রবেশ নিষিদ্ধ করা হোক। মণ্ডপগুলিতে শুধুমাত্র পুজো উদ্যোক্তাদের ঢোকার বন্দোবস্ত থাক। তবে সেক্ষেত্রে রাজ্য সরকারের কাছে সংশ্লিষ্ট ক্লাব কর্তৃপক্ষকে তাঁদের সদস্যদের তালিকা জমা দিতে হবে। আরও পড়ুনঃ অমিত শাহ সম্পর্কে এ কি বললেন অভিষেক ! তারা পরিস্কারভাবে বলে দিয়েছেন, মণ্ডপের শেষ প্রান্ত থেকে ফিতে মেপে ওই বলয় তৈরি করতে হবে। কোনও বড় মণ্ডপের বাইরে কোনও গেট তৈরি হলে সেটাকেই মণ্ডপের শেষ প্রান্ত বলে বিবেচনা করতে হবে। হাইকোর্টের বিচারপতিরা আরও বলেছেন, আদালত যে রায় দিল তা বড় বড় করে লিখে প্রতিটি পুজো মণ্ডপের বাইরে ঝোলাতে হবে। এছাড়াও প্রতিটি মণ্ডপের বাইরে নো এন্ট্রি বোর্ড ঝুলিয়ে রাখতে হবে বলে নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। প্যান্ডেলের মধ্যে ২৫ জনের বেশি পুজো কমিটির লোক ঢুকতে পারবে না। সেই তালিকা রোজ বদল করা যাবে না। এই তালিকাও মণ্ডপের বাইরে ঝুলিয়ে রাখতে হবে। দর্শকশূন্য রেখে পুজো পরিচালনার ব্যবস্থা সুনিশ্চিত করবে পুলিশপ্রশাসনকে। প্রসঙ্গত, করোনা পরিস্থিতিতে পুজো হোক , কিন্তু উৎসব নয়। এই দাবি জানিয়ে কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা করেন বিদ্যুৎ দপ্তরের প্রাক্তন কর্মী অজয়কুমার দে। সেই মামলার পরিপ্রেক্ষিতে রাজ্যের স্বরাষ্ট্রসচিব এবং মুখ্যসচিবকে ভিড় নিয়ন্ত্রণের ব্লু প্রিন্ট জমা দেওয়ার নির্দেশ দিয়েছিল কলকাতা হাই কোর্ট। তবে সোমবার রাজ্যের তরফে কোনও ব্লু প্রিন্ট জমা দেওয়া হয়নি। এই মামলার অন্যতম আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য রায় ঘোষণার পরে বলেছেন, যে হেতু বহু মানুষ কোথাও একসঙ্গে জড়ো হলে ভাইরাসের সংক্রমণের ঝুঁকি বেশি, তাই আদালত এই রায় দিয়েছে। কারণ, যত কম সংখ্যক মানুষ পুজো দেখতে বেরোবে ততই সবার জন্য মঙ্গল। সন্দেহ নেই এই রায় ঐতিহাসিক।

অক্টোবর ১৯, ২০২০
কলকাতা

পুজোয় কোভিড বিধি , প্রতি প্যান্ডেলে একজন করে নোডাল অফিসার নিয়োগের সিদ্ধান্ত লালবাজারের

কলকাতার পুজো প্যান্ডেলগুলিতে কোভিড বিধি ঠিকঠাক মানা হচ্ছে কি না তা দেখার জন্য নোডাল অফিসার নিয়োগের সিদ্ধান্ত নিল লালবাজার। প্রতিটি প্যান্ডেলে একজন করে এসআই পদমর্যাদার পুলিশকর্মী এই নোডাল অফিসারের দায়িত্ব পালন করবেন। সামাজিক দূরত্ব, মাস্ক পড়ার মতো বিধি মানা হচ্ছে কিনা সেদিকে কড়া নজর রাখবেন তাঁরা। নোডাল অফিসাররা রিপোর্ট দেবেন সংশ্লিষ্ট ওসিকে। তাঁরা রিপোর্ট দেবেন ডিসিকে। আরও পড়ুনঃ গনেশ চন্দ্র অ্যাভিনিউয়ে বহুতলে বিধ্বংসী অগ্নিকাণ্ড , মৃত ২ , আহত ১ করোনা আবহে বাংলায় বারোয়ারি দুর্গাপুজো কিভাবে হবে, শুক্রবারে এই সংক্রান্ত মামলার শুনানির পর রাজ্য সরকারের কাছ থেকে রিপোর্ট চেয়েছে আদালত। মুখ্যসচিব ও স্বরাষ্ট্রসচিবকে আলাদা করে সোমবার রিপোর্ট জমা দিতে হবে। তারপর আদালত গাইডলাইন ঠিক করে দেবে।

অক্টোবর ১৭, ২০২০
কলকাতা

দেবদারু ফটকের পুজোয় এবার দর্শনার্থীদের প্রবেশাধিকার নিষিদ্ধ

এবার বেহালা দেবদারু ফটকের পুজোয় দর্শনার্থীদের প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ। করোনা পরিস্থিতির কথা মাথায় রেখে সন্তোষ মিত্র স্কোয়ারের পর দ্বিতীয় পুজো প্যান্ডেল হিসেবে ঐতিহাসিক সিদ্ধান্ত নিয়ে ফেলল বেহালা দেবদারু ফটক পুজো কমিটি। এ বছর তাদের পুজো ৪৮ তম বর্ষে পা দিয়েছে। ক্লাবের সভাপতি শক্তিপদ মণ্ডল বলছিলেন, বেহালা ক্লাব, আদর্শ পল্লি আর দেবদারু ফটক- এই তিন ক্লাবের হাত ধরেই বেহালায় থিম পুজোর খাতে খড়ি। সেই ৯৮ সাল থেকে দেবদারু ফটকে থিম পুজো আয়োজিত হচ্ছে। এবারও যতটা সম্ভব কম পরিসরে পুজোর আয়োজন করা হয়েছে। সরকারি নির্দেশিকা মেনে রাস্তার অনেকটা কাছে এগিয়ে আনা হয়েছে মণ্ডপ। যাতে প্যান্ডেলে না ঢুকেও মায়ের দর্শন করে সোজা রাস্তা দিয়ে বেরিয়ে যেতে পারেন মানুষ। কিন্তু বর্তমান পরিস্থিতি ক্লাবকে এ নিয়ে নতুন করে ভাবতে বাধ্য করে। দর্শনার্থীদের প্রবেশের অনুমতি না দেওয়ার সিদ্ধান্ত অত্যন্ত কঠিন ছিল। কিন্তু দীর্ঘ আলোচনার পর এই পরিস্থিতিতে এটাই সঠিক সিদ্ধান্ত বলে মনে হয়েছে। কিন্তু মেন রোডের উপর একটি জায়ান্ট স্ক্রিনে প্যান্ডেল দেখানোর ব্যবস্থা করা হচ্ছে। পাশাপাশি পুজো যাতে বাড়ি বসেই লাইভ দেখা যায়, সেই চেষ্টাও করছেন উদ্যোক্তারা। এছাড়া পুজো দেখাতে একাধিক অ্যাপের সঙ্গেও হাত মিলিয়েছে দেবদারু ফটক। আর ক্লাবের ফেসবুক পেজ থেকেও দেখে নেওয়া যাবে মণ্ডপ সজ্জা। এবার তাদের থিম শব্দযাপন। একদিকে শহরের ক্যাকোফনি আর অন্যদিকে আচমকা লকডাউনে ফিরে পাওয়া প্রকৃতি ও পাখিদের কলরব- এই দুই শব্দের সহাবস্থান ঘটিয়েছেন শিল্পী শুভদীপ ও সুমি মজুমদার। একচালায় মায়ের মমতাময়ী রূপ ফুটিয়ে তুলেছেন প্রতিমাশিল্পী সৌমেন পাল। এসবই দেখতে পাবেন বাঙালি। তবে ভারচুয়ালি। আরও পড়ুনঃ শহরের পুজো প্রস্তুতি খতিয়ে দেখতে মণ্ডপ পরিদর্শন স্বয়ং নগরপালের প্রসঙ্গত, বুধবারই শহরের ঐতিহ্যবাহী পুজো কমিটি সন্তোষ মিত্র স্কোয়্যার জানিয়েছিল, অনেক চিন্তাভাবনা, আলাপ-আলোচনার পর দর্শকহীন পুজোই করবে তারা। অর্থাৎ ক্লাব সদস্য ছাড়া আর কাউকে প্রবেশের অনুমতি দেওয়া হবে না।

অক্টোবর ১৫, ২০২০
রাজ্য

পুজোর আগে উত্তরবঙ্গে অমিত শাহের বদলে আসছেন জেপি নাড্ডা

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বদলে বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা উত্তরবঙ্গ সফরে আসছেন বলে জানালেন রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক সায়ন্তন বসু। একথা বলে তিনি বলেন, আগামী ১৯ অক্টোবর শিলিগুড়িতে একটি সাংগঠনিক বৈঠকে যোগ দেবেন তিনি। আরও পড়ুনঃ দুর্গাপুজোর গাইড ম্যাপের উদ্বোধন করলেন মন্ত্রী শুভেন্দু অধিকারী এর পাশাপাশি ওইদিনই আলাদা একটি বৈঠক করবেন গোর্খা ও রাজবংশী সম্প্রদায়ের মানুষদের সঙ্গে। পরের দিন শিলিগুড়ি থেকেই দিল্লি ফিরে যাওয়া কথা রয়েছে তাঁর। দলীয় বৈঠকের পরে শহরের কিছু পুজো মণ্ডপও ঘুরে দেখার কথা রয়েছে তাঁর। অমিত শাহ পুজোর পরে দক্ষিণবঙ্গ সফরে আসবেন বলে জানিয়েছেন।

অক্টোবর ১৪, ২০২০
দেশ

দৈনিক করোনা সংক্রমণ কমলেও বিপদ এখনও কাটেনি, মন্তব্য প্রধানমন্ত্রীর

করোনা ভাইরাসের বিপদ এখনও পুরোমাত্রায় রয়েছে। যতদিন না ভ্যাকসিন আসছে সকলেই যেন সাবধানে থাকেন। মঙ্গলবার একথা বলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী বালাসাহেব বিকে পাতিলের আত্মজীবনী প্রকাশ করার সময় একথা বলেন তিনি। ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে বইটির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। আরও পড়ুন ঃ কৃষি বিল নিয়ে কেন্দ্রের জবাব তলব সুপ্রিম কোর্টের তবে তিনি দাবি করেছেন, দেশ অবশ্যই এই মারণ রোগের সঙ্গে লড়াইয়ে জয়লাভ করবে। আমি সকলের কাছে আরজি জানাচ্ছি, অসতর্ক না হওয়ার। মাস্ক পরুন ও সামাজিক দূরত্ব মেনে চলুন। মনে রাখবেন, যতদিন না ওষুধ আসছে, ততদিন অসতর্কতা নয়।

অক্টোবর ১৩, ২০২০
খেলার দুনিয়া

চাপ কাটিয়ে দুর্দান্ত জয় তুলে নিল মহমেডান

মহমেডান: ৪ (উইলিস প্লাজা, রিজাল–২, ফৈয়াজ) আরা এফসি: ১ (সফিউল–আত্মঘাতী) আই লিগের দ্বিতীয় ডিভিশনের প্রথম ম্যাচে সেভাবে নিজেদের মেলে ধরতে পারেনি। এসেছিল কষ্টার্জিত জয়। দ্বিতীয় ম্যাচে ঝলমলে মহমেডান। আরা এফ সি–কে ৪–১ গোলের ব্যবধানে উড়িয়ে দুর্দান্ত জয় তুলে নিল সাদাকালো ব্রিগেড। ২টি গোল করেন রিজাল, ১টি করে গোল উইলিস প্লাজা ও শেখ ফৈয়াজের। গড়াপেটার আশঙ্কা নিয়ে ম্যাচের আগে থেকেই দারুণ চাপে ছিল মহমেডান। তাছাড়া আগের ম্যাচের পারফরমেন্সে খুশি ছিলেন না সদস্য–সমর্থকরা। আরা এফ সি–র বিরুদ্ধে প্রথম একাদশে কয়েকটা পরিবর্তনই বদলে দেয় মহমেডানকে। এদিন দুর্দান্ত খেলা উপহার দিলেন ফুটবলাররা। এদিন শুরু থেকেই ঝড় তোলে মহমেডান। ম্যাচের প্রথমার্ধেই ৩–০ ব্যবধানে এগিয়ে যায়। ১৩ মিনিটে ছাংতের পাস থেকে প্রথম গোল করেন উইলিস প্লাজা। ২১ মিনিটে ব্যবধান বাড়ান অভিষেক রিজাল। চোটের জন্য এদিন খেলতে পারেননি কিংসলে। বাকিরা তঁার অভাব বুঝতে দেননি। ৪৫ মিনিটে হীরা মণ্ডলের পাস থেকে ৩–০ করেন রিজাল। ম্যাচের ৫৩ মিনিটে আত্মঘাতী গোল করে বসেন মহমেডানের সফিউল। তার আগে ব্যবধান বাড়ানোর সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেননি প্লাজা। ৮০ মিনিটে ফৈয়াজের শট বারে লাগে। ৮ মিনিট পর তিনিই ৪–১ করেন। গোলের সহজ সুযোগ নষ্ট না করলে আরও বড় ব্যবধানে জিততে পারত মহমেডান।

অক্টোবর ১১, ২০২০
রাজ্য

ঝাড়গ্রামের রাজকিরণের কাছে ভগবান শুভেন্দু অধিকারী

রাজকিরণ পাত্র। সাকিন ঝাড়গ্রাম জেলার গোপীবল্লভপুর ১ নং ব্লকের আঠাঙ্গী গ্রাম। রাজকিরণের বাবা অপ্রকৃতিস্থ, মা নেই। অভাবের সংসারের ভার রাজকিরণেরই কাঁধে। সেই যুবকের ভবিষ্যৎ অনিশ্চিত করে দিয়েছিল এক দুর্ঘটনা। যে অনিশ্চয়তার মেঘ কাটিয়ে রাজকিরণের কাছে এখন ভগবান রাজ্যের মন্ত্রী তথা জঙ্গলমহলের কুটুম শুভেন্দু অধিকারী। গত ২৯ আগস্ট রাজকিরণের মোটরবাইক নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার কবলে পড়ে। রাজকিরণের চোয়াল ভেঙে যায়। গোপীবল্লভপুর হাসপাতাল রেফার করে মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে। কিন্তু বড় সার্জারির প্রয়োজন থাকায় রাজকিরণকে কলকাতায় নিয়ে যেতে বলা হয়। কিন্তু পরিবারের আর্থিক অবস্থা খারাপ থাকায় রাজকিরণকে কলকাতায় নিয়ে যাওয়া সম্ভব হচ্ছিল না। বেশ কিছু দিন ওই অবস্থাতেই বাড়িতে পড়ে থাকেন রাজকিরণ, দিন দিন অবস্থার অবনতিও হচ্ছিল। ১৩ সেপ্টেম্বর অনুগামীদের কাছ থেকে সেই খবর জানতে পারেন শুভেন্দু অধিকারী। পরের দিনই রাজকিরণের ব্যাঙ্ক অ্যাকাউন্টে গোপীবল্লভপুর থেকে এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়ার আর্থিক সাহায্য পাঠান তিনি। এমনকী ওইদিন থেকে কলকাতায় তাঁদের থাকা-খাওয়ার ব্যবস্থা থেকে শুরু করে এসএসকেএমে অপারেশন- সমস্ত ব্যবস্থা করেন শুভেন্দুবাবু। নিজে যখন কোভিড আক্রান্ত তখনও নিয়মিত রাজকিরণের চিকিৎসার যাবতীয় খবর নিয়েছেন মন্ত্রী। গত ৫ অক্টোবর সফল অপারেশন হয়েছে রাজকিরণের। ৭ অক্টোবর বাড়িও ফিরেছেন, এখন তিনি ভালোই আছেন। বিপদে এভাবে পাশে পেয়ে শুভেন্দুবাবুর প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন রাজকিরণের বন্ধু ও প্রতিবেশীরা। খুশি আমরা দাদার অনুগামীর সদস্যরাও, যাঁরা জেলায় জেলায় এভাবেই শুভেন্দু অধিকারীকে আদর্শ মেনে সমাজসেবার কাজ চালিয়ে যাচ্ছেন।

অক্টোবর ১০, ২০২০
রাজ্য

ডে সেন্টারের উদ্বোধন করলেন  রাজীব বন্দোপাধ্যায়

শুক্রবার ডে সেন্টারের উদ্বোধন করলেন রাজ্যের বনমন্ত্রী রাজীব বন্দোপাধ্যায়। এর পাশাপাশি বেশ কিছু নানা জাতের পাখি ছাড়া হয় ৷বনমন্ত্রী ছাড়াও এদিন উপস্থিত ছিলেন পানাগড় ও দুর্গাপুরের বন দফতরের আধিকারিকরা। এছাড়াও উপস্থিত ছিলেন কাঁকসার বিডিও সুদীপ্ত ভট্টাচার্য সহ কাঁকসা ব্লকের অধিকারিকরা। এছাড়াও উপস্থিত ছিলেন বনকাটি পঞ্চায়েতের প্রধান পিন্টু বাগদি সহ অন্যান্য পঞ্চায়েত সদস্যরা। প্রসঙ্গত, কাঁকসা ব্লকের বনকাটি শিবপুর এলাকায় প্রায় ১০ কিলোমিটার জুড়ে রয়েছে ঘন জঙ্গল। সেই জঙ্গলে পর্যটকদের ভ্রমনের জন্য রয়েছে দেউল পার্ক,ইছাই ঘোষের পৌরাণিক শিব মন্দির, শ্যামরূপ মন্দির। এছাড়াও ঘন জঙ্গলে পশু পাখি থেকে শুরু করে ময়ূর দেখার সুযোগ,দেখা পাওয়া যেতে পারে দীর্ঘায়তনের পাইথন। পর্যটকরা ট্রেকিংয়ের পর ডে সেন্টারে বিশ্রাম ও খাওয়াদাওয়া করে সেখানে আদিবাসীদের হাতের তৈরি হস্তশিল্পের সরঞ্জাম কিনতে পারবেন। ডে সেন্টারে থাকছে নানান হস্তশিল্পের স্টল।

অক্টোবর ০৯, ২০২০
ব্যবসা

 রেপো রেট অপরিবর্তিত রাখল রিজার্ভ ব্যাংক

রেপো রেট অপরিবর্তিত থাকছে। শুক্রবার মনিটারি পলিসি কমিটির বৈঠক শেষে এমনটাই জানিয়ে দিল রিজার্ভ ব্যাংক। রিজার্ভ ব্যাংকের গভর্নর শক্তিকান্ত দাস জানিয়েছেন, আপাতত রেপো রেট অপরিবর্তিত রাখা হচ্ছে ৪ শতাংশ। রিভার্স রেপো রেট থাকছে ৩.৫ শতাংশে। তিনি আরও বলেন, করোনার সঙ্গে যুদ্ধে একেবারে চূড়ান্ত পর্যায়ে রয়েছে ভারতের অর্থনীতি। প্রথম ত্রৈমাসিকে অর্থনৈতিক সংকোচন পিছনে ফেলে আসা হয়েছে। এখন বরং রুপোলী প্রলেপ দেখা যাচ্ছে। এছাড়াও নজর দেওয়া হয়েছে সংযত অবস্থা থেকে ঘুরে দাঁড়ানোর দিকে। চতুর্থ ত্রৈমাসিকে মুদ্রাস্ফীতি অবস্থা সহজ হবে এবং জিডিপি সংকোচন থেকে বেরিয়ে আসবে বলে আশা করছেন তিনি। রিজার্ভ ব্যাংকের গভর্নর আশাপ্রকাশ করেন, চলতি আর্থিক বছরে জিডিপি সংকোচন আশা করা হচ্ছে ৯.৫ শতাংশে থাকবে।

অক্টোবর ০৯, ২০২০
দেশ

পশুখাদ্য কেলেঙ্কারির একটি মামলায় জামিন লালুপ্রসাদ যাদবের

পশুখাদ্য কেলেঙ্কারিতে তাঁর বিরুদ্ধে একটি মামলায় জামিন পেলেন বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী লালুপ্রসাদ যাদব । কিন্তু জামিন পেলেও আপাতত তাঁকে সংশোধনাগারেই থাকতে হবে।শুক্রবার ঝাড়খণ্ড আদালত চাইবাসা কোষাগার মামলায় তার জামিন মঞ্জুর করে । পশুখাদ্য কেলেঙ্কারির অভিযোগে তাঁর বিরুদ্ধে এই মামলা চলছে । কিন্তু আপাতত সংশোধনাগারেই থাকতে হবে লালুপ্রসাদকে । কারণ পশুখাদ্য কেলেঙ্কারিতে দুমকা কোষাগার মামলা এখনও চলছে । প্রসঙ্গত, চলতি মাসের শেষ সপ্তাহেই বিহারে বিধানসভা ভোট হতে চলেছে। অন্যান্যবারের মতো লালুপ্রসাদ যাদব আরেকটি মামলায় জামিন পেয়ে এবারের ভোটে উপস্থিত থাকবেন কিনা, তা নিয়ে জল্পনা চরমে উঠেছে।

অক্টোবর ০৯, ২০২০
কলকাতা

করোনায় প্রয়াত শিক্ষাবিদ আনন্দদেব মুখোপাধ্যায়

করোনায় প্রাণ হারালেন বিশিষ্ট শিক্ষাবিদ আনন্দদেব মুখোপাধ্যায়। বয়স হয়েছিল প্রায় ৭৫ বছর। বৃহস্পতিবার সকালে দক্ষিণ কলকাতার এক নার্সিংহোমে তাঁর মৃত্যু হয়। তাঁর স্ত্রী আগেই প্রয়াত হয়েছেন। কন্যা আমেরিকায় বসবাস করেন। জানা গিয়েছে, দিন দশেক আগে তিনি কোভিডে আক্রান্ত হন।চিকিৎসকের পরামর্শে তিনি নার্সিংহোমে ভরতি হন।সেখানেই ১০ দিন ধরে লড়াই করার পর এদিন তিনি মারা গেলেন। জানা গিয়েছে, কোভিড প্রোটোকল মেনেই আনন্দদেব মুখোপাধ্যায়ের শেষকৃত্য সম্পন্ন হবে। প্রসঙ্গত, ২০০৬ সালে বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদ থেকে অবসর নেওয়ার পর নিজের মতোই শিক্ষাচর্চা করতেন। এ রাজ্যে সাক্ষরতা অভিযানের অগ্রণী ভূমিকা ছিল তাঁর। বামপন্থী মতাদর্শে বিশ্বাসী বিশিষ্ট অধ্যাপক ঘরে ঘরে শিক্ষা পৌঁছে দিতে সরকারি পরিকল্পনায় বিভিন্ন গুরুত্বপূর্ণ পরামর্শ দেন।

অক্টোবর ০৮, ২০২০
কলকাতা

বিজেপির নবান্ন অভিযানকে কেন্দ্র করে রণক্ষেত্র হয়ে উঠল কলকাতা ও হাওড়া

বিজেপির নবান্ন অভিযানকে কেন্দ্র করে রণক্ষেত্রের চেহারা নিল কলকাতা ও হাওড়ার বিভিন্ন এলাকা। বৃহস্পতিবার দুপুর ১২ টা নাগাদ বিজেপির নবান্ন অভিযান শুরু হয়। শহরের বিভিন্ন অংশ থেকে মিছিল নবান্নের দিকে আসতে শুরু করে। মিছিলের শুরুতেই রণক্ষেত্রের চেহারা নেয় কলকাতার হেস্টিংস ও সাঁতরাগাছি৷ মিছিল ছত্রভঙ্গ করতে পুলিশ ব্যাপক লাঠিচার্জ করে বলে অভিযোগ বিজেপির। কাঁদাতে গ্যাসের শেল ফাটানো হয়। এছাড়াও মিছিল ছত্রভঙ্গ করতে জলকামানের মাধ্যমে রঙিন জল ব্যবহার করা হয়৷ এদিকে এদিন এই মিছিলের জেরে অবরুদ্ধ হয়ে পড়ে সেন্ট্রাল অ্যাভিনিউ। সাঁতরাগাছিতে মিছিল থেকে পাল্টা পাথরও ছোঁড়া হয়। অসুস্থ হয়ে পড়েন বিজেপি নেতা রাজু বন্দ্যোপাধ্যায়। হেস্টিংসে বহু বিজেপি কর্মী আহত হন৷ হেস্টিংস মোড়ে বসে পড়েন কৈলাস বিজয়বর্গীয়, লকেট চট্টোপাধ্যায় সহ বিজেপির নেতানেত্রীরা৷ অপরদিকে হাওড়া ময়দান এলাকায় মিছিল লক্ষ্য করে বোমা মারার অভিযোগ উঠেছে। এখানেও অশান্ত হয়ে ওঠে এলাকা। একটি বহুতলের ছাদ থেকে বোমা মারার অভিযোগ উঠছে।প্রসঙ্গত, এদিন সকালে সাঁতরাগাছি থেকে রাজু বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে শুরু হয় বিজেপির নবান্ন অভিযান। বাঁশের ব্যারিকেডের সামনে মিছিল এলে ব্যারিকেড ভাঙার চেষ্টা করেন বিজেপি নেতা-কর্মীরা। সামনে থাকেন রাজু। সেই সময় জলকামান থেকে রঙিন জল স্প্রে শুরু করে পুলিশ। এর জেরে অসুস্থ হয়ে পড়েন তিনি। শুরু হয় রক্তবমি।পরিস্থিতি ক্রমশ খারাপ হতে থাকায় সঙ্গে সঙ্গে তাঁকে নিয়ে যাওয়া হয় বাইপাসের ধারের হাসপাতালে।এছাড়াও অসুস্থ হয়ে পড়েছেন বিজেপি নেতা তাপস ঘোষ। আহত হয়েছেন অরবিন্দ মেনন, সায়ন্তন বসু ও জ্যোতির্ময় মাহাতো। দিলীপ ঘোষে্র নেতৃত্বে একটি মিছিল হাওড়া ব্রিজে উঠতেই বাধা দেয় পুলিশ। শুরু হয় লাঠিচার্জ। দিলীপ ঘোষের অভিযোগ, তাঁর উপরও লাঠিচার্জ করা হয়। পড়ে যান তিনি। জখম হন বেশ কয়েকজন কর্মী। তাঁদের পাঠানো হয়েছে হাসপাতালে। অন্যদিকে পুলিশের কিয়স্ক ভাঙচুর চালানো হয় হাওড়া ময়দানে। বোমাবাজিও করা হয় বলে অভিযোগ। ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয় সেখানেও। দিলীপ ঘোষের কটাক্ষ, কলকাতাকে গোটা দেশের থেকে বিচ্ছিন্ন করে ফেলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। অপরদিকে হেস্টিংস মোড়ে দ্বিতীয় সেতুতে ওঠার মুখেই পুলিশের ব্যারিকেড। হেস্টিংসের মিছিলকে আটকায় পুলিশ। জলকামান থেকে জল ছেটানো হয়। লাঠি উচিয়ে মিছিলকে তাড়া করে পুলিশ। কৈলাশ বিজয়বর্গীয় এদিন তৃণমূল সরকারকে তীব্র আক্রমণ করে বলেন, দুর্নীতিমুক্ত করতে পুরো রাজ্য সরকারের স্যানিটাইজেশন হোক। রাজ্য সরকার ঘাবড়ে গিয়েছে। বেহালা, ভবানীপুর, ডানকুনিতে বিজেপি কর্মীদের আটকেছে পুলিশ। লাঠিচার্জ করছে। তৃণমূল কার্যকর্তাদের মতো কাজ করছে পুলিশ। তৃণমূল সরকার ঘাবড়ে গিয়েছে। গণতন্ত্র বাঁচাও, বাংলা বাঁচাওয়ের দাবিতে এই আন্দোলন চলবে।

অক্টোবর ০৮, ২০২০
দেশ

জুলাইয়ে মধ্যে টিকা ২৫ কোটিকে

আগামী জুলাইয়ের মধ্যে ২৫ কোটি নাগরিককে করোনার টিকা দেওয়া হবে। রবিবার দুপুর ১টায় সানডে সংবাদ নামে একটি ভিডিও প্রকাশ করেন তিনি। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষবর্ধন এদিন একথা জানিয়ে বলেন, জুলাই মাসের মধ্যে অন্তত ৪০ থেকে ৫০ কোটি টিকা সংগ্রহ করা পরিকল্পনা করছে সরকার।ভ্যাক্সিন একবার প্রস্তুত হয়ে গেলেই বেশির ভাগ মানুষের কাছে তা পৌঁছে দেওয়ার ব্যবস্থা করবে কেন্দ্র। কোন রাজ্য অগ্রাধিকারের ভিত্তিতে কত টিকা পাবে তার তালিকা তৈরি করতেও বলা হয়েছে। বিশেষ করে গুরুত্ব দেওয়া হবে করোনা মোকাবিলায় নিযু্ক্ত স্বাস্থ্যকর্মীদের। সেইসঙ্গে বেসরকারি ডাক্তার, আশাকর্মীদেরও প্রথম তালিকায় রাখা হবে। অক্টোবরের মধ্যেই এই কাজ শেষ করা হবে। দেখা হচ্ছে রোগ প্রতিরোধ ক্ষমতার খুঁটিনাটিও। এই কাজের দায়িত্বে রয়েছেন নীতি আয়োগের সদস্য ভি কে পলের নেতৃত্বে একটি উচ্চপর্যায়ের টিম। বিদেশে তৈরি টিকা ভারতে ব্যবহারের আগে তার এখানে কার্যকারিতা নিয়ে পরীক্ষা করা হবে।

অক্টোবর ০৪, ২০২০
রাজ্য

ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি,আতঙ্ক চাকদহে

নদিয়া: ভর সন্ধেবেলায় জনবহুল এলাকায় চলল গুলি।দুটি দোকানে ভাঙচুরও চালানো হয়। ঘটনার জেরে আতঙ্কিত হয়ে পড়েন স্থানীয় ব্যবসায়ীরা। হামলাকারী তৃণমূল সমর্থক বলে অভিযোগ স্থানীয় বিজেপি নেতৃত্বের। তৃণমূল নেতৃত্বের পাল্টা দাবি, ওই দুষ্কৃতী কোনওদিনই তাঁদের দলের সমর্থক নয়।অভিযোগ, বুধবার সন্ধেবেলা চাকদহ পুরসভার ৬ নম্বর ওয়ার্ডের যসরা এলাকায় হামলা চালায় তাপস বিশ্বাস ওরফে হুলু নামে এক সমাজবিরোধী। প্রথমে একটি চায়ের দোকানের সামনে পরপর দুরাউন্ড গুলি চালায়। এরপর ওই দোকানের থেকে কিছুটা দূরে আরও একটি চায়ের দোকানে ঢুকে হামলা চালায়। দোকানের সমস্ত জিনিস ভাঙচুর চালায়। দোকানদার ও উপস্থিত ক্রেতাদের মারধর করে। দোকানদারকে লক্ষ্য করে গুলি ছোড়ে। সেই গুলি লক্ষ্যভ্রষ্ট হয়। আশেপাশের মানুষজন ছুটে এলে হুমকি দিতে দিতে এলাকা ছাড়ে। স্থানীয় দোকানদারদের অভিযোগ, তাপস বিশ্বাস নামে ওই বছর তিরিশের যুবক আগ্নেয়াস্ত্র নিয়ে দোকানের সামনে এসে হুমকির সুরে বলে, তোরা বিজেপির বড় নেতা হয়ে গিয়েছিস? এরপরই গুলি ছুড়তে শুরু করে। মোট চার রাউন্ড গুলি চালায়। চাকদহ শহর বিজেপির সভাপতি শ্যামল বিশ্বাসের অভিযোগ, হামলাকারী তৃণমূল সমর্থক। ওই দুষ্কৃতী আমাদের দুই কর্মীর দোকানে ভাঙচুর চালায়। চাকদহে থেকে বিজেপি করা যাবে না বলে হুমকি দেয়। বলে বিজেপি করতে গেলে এমনই অবস্থা হবে। আমরাও দলগতভাবে বিষয়টিকে চ্যালেঞ্জ হিসেবেই নিয়েছি।যদিও চাকদহ শহর তৃণমূল কংগ্রেসের যুব সভাপতি সাধন বিশ্বাসের দাবি, যে ছেলেটি তাণ্ডব চালিয়েছে সে তৃণমূল কংগ্রেস করে না। তিনি বলেন, এর আগেও ওর বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে। ও এলাকায় দুষ্কৃতী বলেই পরিচিত। বিরোধী রাজনৈতিক দল উল্টো কথা বলবে এটাই স্বাভাবিক। তবে ওই ছেলেটি আমাদের দলের কেউ নয়। ঘটনার তীব্র নিন্দা করছি।

অক্টোবর ০১, ২০২০
  • ‹
  • 1
  • 2
  • ...
  • 94
  • 95
  • 96
  • 97
  • 98
  • 99
  • 100
  • 101
  • 102
  • 103
  • ›

ট্রেন্ডিং

দেশ

বিচারপতির বদলে ওয়েইসিকে ‘গার্ড অফ অনার’! যোগীরাজ্যে পুলিশের কাণ্ডে তোলপাড়

বিচারপতির জন্য নির্দিষ্ট গার্ড অফ অনার পেলেন এআইএমআইএম প্রধান আসাদউদ্দিন ওয়েইসি! উত্তরপ্রদেশের সাহারানপুরে পুলিশের এই ভুল ঘিরে শুরু হয়েছে বিতর্ক। সাধারণত সাংবিধানিক পদে থাকা বিশিষ্ট ব্যক্তিদেরই এই বিশেষ সম্মান দেওয়া হয়। তা হলে একজন সাংসদকে কেন গার্ড অফ অনার দেওয়া হল, তা নিয়ে প্রশ্ন উঠেছে। যদিও পুলিশের দাবি, ওয়েইসিকে এই সম্মান দেওয়ার কথা ছিল না। এক বিচারপতির জন্য তৈরি করা ব্যবস্থা ভুল করে তাঁকেই দেওয়া হয়েছে।শনিবার সাহারানপুরের সার্কিট হাউসে যাওয়ার কথা ছিল সুপ্রিম কোর্টের এক বিচারপতির। তাঁর জন্যই গার্ড অফ অনার-এর ব্যবস্থা করেছিল জেলা পুলিশ। কিন্তু আচমকাই সেখানে হাজির হন হায়দরাবাদের সাংসদ ওয়েইসি। ভোটের প্রচারের মাঝে বিশ্রাম নেওয়ার জন্য তিনি সার্কিট হাউসে যান। সেই সময় উপস্থিত পুলিশকর্মীরা ভুল করে তাঁকেই গার্ড অফ অনার দিয়ে বসেন। ঘটনায় প্রথমে কিছুটা অবাক হয়ে যান ওয়েইসি। পরে অবশ্য পুলিশের অভিবাদন গ্রহণ করেন তিনি।এই ঘটনা সামনে আসতেই প্রশ্ন ওঠে, একজন সাধারণ সাংসদকে কেন এমন সম্মান দেওয়া হল? সাহারানপুরের পুলিশ সুপারও ভুলের কথা স্বীকার করেছেন। তাঁর বক্তব্য, ওয়েইসির গার্ড অফ অনার পাওয়ার কথা ছিল না। এক বিচারপতির জন্যই এই ব্যবস্থা করা হয়েছিল। ভুল করে ওয়েইসিকে তা দেওয়া হয়েছে। কী ভাবে এই ভুল হল এবং কার গাফিলতিতে এমন ঘটনা ঘটল, তা খতিয়ে দেখছে পুলিশ।উল্লেখ্য, ওয়েইসিকে দীর্ঘদিন ধরেই বিজেপির বি টিম বলে কটাক্ষ করে আসছে কংগ্রেস-সহ বিরোধী জোটের একাধিক দল। এবার উত্তরপ্রদেশে চন্দ্রশেখর আজাদের সঙ্গে জোট বেঁধে ভোটের ময়দানে নেমেছেন এআইএমআইএম প্রধান। ইতিমধ্যেই বিভিন্ন জেলায় প্রচারও শুরু করেছেন তিনি। এই পরিস্থিতিতে পুলিশের কাছ থেকে গার্ড অফ অনার পাওয়ার ঘটনা নিয়ে আগামী দিনে রাজনৈতিক মহলে নতুন করে বিতর্ক তৈরি হতে পারে।

নভেম্বর ২২, ২০২৬
খেলার দুনিয়া

৭২০ রানের পাহাড় ভারতের, শতরান পন্থেরও! চতুর্থ দিনে ঘরের মাঠে হার বাঁচানোর লড়াই কিউয়িদের

ওয়েলিংটন: ব্যাট হাতে রীতিমতো দাপট দেখাল ভারত। একের পর এক ব্যাটারের দুরন্ত পারফরম্যান্সে নিউজিল্যান্ডের বোলিংকে কার্যত দিশেহারা করে ৭২০ রানে ইনিংস ঘোষণা করল শুভমন গিলের দল। ঋষভ পন্থের দুরন্ত শতরান ভারতীয় ইনিংসের অন্যতম আকর্ষণ হয়ে উঠল। প্রথম ইনিংসে ৩৫২ রানের বিশাল ব্যবধানে এগিয়ে যাওয়ার পর এখন ম্যাচের নিয়ন্ত্রণ পুরোপুরি ভারতের হাতে। অন্যদিকে, চতুর্থ দিনের শেষে হার এড়াতে মরিয়া লড়াই চালাচ্ছে নিউজিল্যান্ড।প্রথম ইনিংসে নিউজিল্যান্ডের ৩৬৮ রানের জবাবে ভারত ৯ উইকেটে ৭২০ রান তুলে ইনিংস ঘোষণা করে। বিদেশের মাটিতে টেস্টে ভারতের সর্বোচ্চ রানের ইনিংস গড়ে নতুন নজির তৈরি করলেন গিলেরা। দলের ব্যাটিং গভীরতা এবং ধারাবাহিকতা এ দিন স্পষ্ট হয়ে উঠেছে। ভারতের প্রথম সাতটি উইকেটের জুটিতেই ৫০ বা তার বেশি রান ওঠা টেস্ট ক্রিকেটের ইতিহাসে নজিরবিহীন ঘটনা।শনিবারের অপরাজিত ৫৫ রানকে শতরানে পরিণত করলেন ঋষভ পন্থ। আগ্রাসী ব্যাটিংয়ে ১৫৩ বলে ১২৮ রান করেন তিনি। তাঁর ইনিংসে ছিল ১০টি চার ও ৬টি ছক্কা। শেষ দিকে অনশুল কম্বোজের ৩৮ রান এবং ধ্রুব জুরেলের ৭৮ রানের ঝোড়ো ইনিংস ভারতকে আরও শক্তিশালী জায়গায় পৌঁছে দেয়। ওয়াশিংটন সুন্দর ২৪, আকাশ দীপ ১৩ রান করেন। জসপ্রীত বুমরাহ ৭ রানে অপরাজিত থাকেন।ভারতের টেস্ট ইতিহাসে এটি তৃতীয় সর্বোচ্চ ইনিংস। ২০১৬ সালে চেন্নাইয়ে ইংল্যান্ডের বিরুদ্ধে ৭ উইকেটে ৭৫৯ রান ভারতের সর্বোচ্চ। ২০০৯ সালে মুম্বইয়ে শ্রীলঙ্কার বিরুদ্ধে ৯ উইকেটে ৭২৬ রান দ্বিতীয় স্থানে রয়েছে। ওয়েলিংটনে ৯ উইকেটে ৭২০ রান করে সেই তালিকায় তৃতীয় স্থান দখল করল ভারত। টেস্টে পঞ্চম বার ৭০০ রানের গণ্ডি পার করল ভারতীয় দল।ভারতের ব্যাটিং তাণ্ডবে নিউজিল্যান্ডের বোলারদের কার্যত অসহায় দেখিয়েছে। গ্লেন ফিলিপস ১৫৪ রান দিয়ে তিন উইকেট নিয়ে দলের সফলতম বোলার। রাচিন রবীন্দ্র ৪৪ রানে দুটি উইকেট পান। নাথান স্মিথ, কাইল জেমিসন ও ম্যাট হেনরি একটি করে উইকেট নেন। জেকব ডাফি একটি উইকেট পেলেও খরচ করেছেন ২০১ রান।৩৫২ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে শুরুতেই ধাক্কা খায় নিউজিল্যান্ড। অধিনায়ক টম লাথাম কোনও রান না করেই ফিরে যান। প্রথম ইনিংসে শতরান করা হেনরি নিকোলসও দ্বিতীয় ইনিংসে বড় রান করতে পারেননি। তাঁর সংগ্রহ ৩১। তবে ডেভন কনওয়ে ও রাচিন রবীন্দ্র প্রতিরোধ গড়ে তোলেন। দিনের শেষে কনওয়ে ৫৯ এবং রাচিন ২৭ রানে অপরাজিত। দ্বিতীয় ইনিংসে নিউজিল্যান্ডের রান ২ উইকেটে ১১৯। এখনও ভারতের থেকে ২৩৩ রান পিছিয়ে তারা।ভারতের হয়ে জসপ্রীত বুমরাহ ও প্রসিদ্ধ কৃষ্ণ একটি করে উইকেট নিয়েছেন। আকাশ দীপ ভাল বল করলেও উইকেট পাননি। শেষ দিনে ভারতের সামনে প্রথম ইনিংসের ব্যবধানে জয় তুলে নেওয়ার সুবর্ণ সুযোগ। নিউজিল্যান্ডের হাতে আট উইকেট থাকলেও লক্ষ্য একটাইযতক্ষণ সম্ভব উইকেটে টিকে থেকে হার এড়ানো। অন্যদিকে, ভারতীয় বোলারদের লক্ষ্য দ্রুত কিউয়িদের বাকি উইকেট তুলে নিয়ে ম্যাচের নিষ্পত্তি করা।শেষ দিনের লড়াইয়ে এখন নজর বুমরাহদের দিকে। ভারত কি বিশাল ব্যবধানে জয় তুলে নেবে, নাকি নিউজিল্যান্ডের ব্যাটারেরা শেষ মুহূর্ত পর্যন্ত প্রতিরোধ গড়ে তুলবেন? টেস্টের শেষ অধ্যায় ঘিরে উত্তেজনা তুঙ্গে।

নভেম্বর ২২, ২০২৬
কলকাতা

২৫ বছর ধরে মিলবে ২৫০০ মেগাওয়াট বিদ্যুৎ! আদানি গোষ্ঠীর সঙ্গে বড় চুক্তি রাজ্যের

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর বিদ্যুৎ সরবরাহ নিয়ে বড় সিদ্ধান্ত নিল নতুন সরকার। আগামী ২৫ বছর ধরে রাজ্যে ২৫০০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহের দায়িত্ব নিতে চলেছে আদানি গোষ্ঠী। এই মর্মে আদানি এনার্জি সলিউশনস লিমিটেডের সঙ্গে রাজ্য সরকারের চুক্তি হয়েছে বলে সূত্রের খবর। পশ্চিমবঙ্গ বিদ্যুৎ পর্ষদ নিগমের মাধ্যমে রাজ্যের বিভিন্ন এলাকায় বিদ্যুৎ সরবরাহ করবে আদানি গোষ্ঠীর এই সংস্থা। সরকারের আশা, এই উদ্যোগের ফলে রাজ্যে বিদ্যুতের ঘাটতি মেটানো সহজ হবে।রাজ্য সরকারের অধীনস্থ বিদ্যুৎ সংস্থার সঙ্গে আদানি গোষ্ঠীর এই চুক্তিকে সরকারি ও বেসরকারি যৌথ উদ্যোগের গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলে মনে করা হচ্ছে। আদানি এনার্জি সলিউশনস লিমিটেডের প্রধান কার্যনির্বাহী আধিকারিক কন্দর্প প্যাটেল জানিয়েছেন, পরিবেশবান্ধব বিদ্যুৎ সরবরাহের ক্ষেত্রে তাঁদের সংস্থা গুরুত্বপূর্ণ ভূমিকা নিচ্ছে। দেশজুড়েই এই ধরনের বিদ্যুতের চাহিদা বাড়ছে। পশ্চিমবঙ্গ সরকারের সঙ্গে কাজ করার সুযোগ পেয়ে তাঁরা খুশি বলেও জানিয়েছেন তিনি। তাঁর মতে, এই চুক্তির ফলে রাজ্যে সংস্থার কাজের পরিধি আরও বাড়বে।সূত্রের খবর, ২০২৮ সালের জুলাই মাস থেকে প্রথম ধাপে ১৭৫০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ শুরু হবে। এর পর ২০২৯ সালে দ্বিতীয় ধাপে আরও ৭৫০ মেগাওয়াট বিদ্যুৎ পাবে রাজ্য। সব মিলিয়ে আগামী ২৫ বছর ধরে মোট ২৫০০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহের পরিকল্পনা রয়েছে।এই বিদ্যুৎ তৈরি হবে কী ভাবে? জানা গিয়েছে, সৌরশক্তি ও বায়ুশক্তি ব্যবহার করে ৪.৬ গিগাওয়াট ক্ষমতার বিদ্যুৎ উৎপাদনের ব্যবস্থা করা হবে। পাশাপাশি ব্যাটারিতে বিদ্যুৎ সঞ্চয় ও সরবরাহের জন্য ৩.৬ গিগাওয়াট ক্ষমতার ব্যবস্থাও গড়ে তোলা হবে। শুধু বিদ্যুৎ উৎপাদন বা সরবরাহই নয়, স্মার্ট মিটার বসানোর কাজেও যুক্ত থাকবে আদানি এনার্জি সলিউশনস লিমিটেড।এই বিদ্যুৎ শুধু বাড়ির দৈনন্দিন ব্যবহারের জন্য নয়, শিল্প, বাণিজ্য এবং প্রযুক্তি ক্ষেত্রেও কাজে লাগানো যাবে। রাজ্য সরকারের আশা, নতুন এই ব্যবস্থা চালু হলে বিদ্যুতের ঘাটতি কমবে এবং আগামী দিনে রাজ্যের বিদ্যুতের চাহিদা মেটানো আরও সহজ হবে।

নভেম্বর ২২, ২০২৬
রাজ্য

বাবাকে খুন করে রান্নাঘরেই লুকিয়েছিল রক্তমাখা চাপাতি! সবজি রাখার ট্রে খুলতেই চমকে গেল পুলিশ

বাবাকে খুনের পর রক্তমাখা চাপাতি লুকিয়ে রেখেছিল রান্নাঘরে। তাও আবার সবজি রাখার ট্রের ভিতরে! পুলিশ হেফাজতে যাওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই অভিযুক্ত ছেলেকে সঙ্গে নিয়ে সেই অস্ত্র উদ্ধার করল পুলিশ। জলপাইগুড়ির নেতাজিপাড়ার এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। ধৃতের নাম পল লেপচা। বাবাকে খুনের অভিযোগে তাঁকে গ্রেফতার করেছে কোতোয়ালি থানার পুলিশ।পুলিশ সূত্রে জানা গিয়েছে, শুক্রবার বিকেলে নেতাজিপাড়ার বাড়িতে খুন হন বৃদ্ধ অনিমা প্রসাদ লেপচা। বাবাকে খুনের অভিযোগ ওঠে তাঁর ছেলে পল লেপচার বিরুদ্ধে। ঘটনার তদন্তে নেমে তাঁকে গ্রেফতার করে পুলিশ। শনিবার জলপাইগুড়ি আদালতে পেশ করা হলে বিচারক তাঁকে চার দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন।এর পর শনিবার রাতেই অভিযুক্ত পলকে নিয়ে তাঁর বাড়িতে যায় পুলিশ। তদন্তকারীদের নিয়ে রান্নাঘরে যায় সে। সেখানেই সবজি রাখার ট্রের ভিতর থেকে উদ্ধার হয় মাংস কাটার একটি চাপাতি। পুলিশ সূত্রে খবর, সেটি রক্তমাখা ছিল। অভিযোগ, বাবাকে খুন করার পর ওই চাপাতিটিই রান্নাঘরের সবজি রাখার ট্রেতে লুকিয়ে রেখেছিল পল।পুলিশের দাবি, পল দীর্ঘদিন ধরে নেশায় আসক্ত ছিল। নেশার অভ্যাস ছাড়ানোর জন্য তাকে একটি নেশামুক্তি কেন্দ্রে পাঠানো হয়েছিল। সেখানে বেশ কিছু দিন থাকার পর সম্প্রতি বাড়ি ফিরেছিল সে। কিন্তু বাড়ি ফেরার পর আবারও নেশায় আসক্ত হয়ে পড়ে বলে অভিযোগ।তবে নেশার কারণেই কি বাবাকে খুন করেছে পল? নাকি এই ঘটনার পিছনে অন্য কোনও কারণ রয়েছে? তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। খুনের প্রকৃত কারণ জানতে ধৃতকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।বর্তমানে চার দিনের পুলিশ হেফাজতে রয়েছে অভিযুক্ত। ঘটনার পুনর্নির্মাণও করা হতে পারে। তদন্তের প্রয়োজনে ফরেনসিক বিশেষজ্ঞদের সাহায্য নেওয়ার পরিকল্পনা রয়েছে পুলিশের। উদ্ধার হওয়া চাপাতি-সহ অন্যান্য নমুনাও পরীক্ষার জন্য পাঠানো হতে পারে। কেন এমন ঘটনা ঘটল, তা জানতে সব দিক খতিয়ে দেখছে জলপাইগুড়ি কোতোয়ালি থানার পুলিশ।

নভেম্বর ২২, ২০২৬
কলকাতা

৭০ বছরের অমীমাংসিত অঙ্কের সমস্যার সমাধান! কলকাতার নীনা এবার জায়গা পেলেন টাইমের বিশেষ তালিকায়

অঙ্কের নাম শুনলেই অনেকের মনে ভয় তৈরি হয়। কিন্তু কারও কারও কাছে অঙ্ক শুধু হিসাব মেলানোর বিষয় নয়, বরং নতুন প্রশ্নের উত্তর খোঁজার পথ। সেই পথ ধরেই আন্তর্জাতিক স্তরে পরিচিতি পেয়েছেন কলকাতার মেয়ে নীনা গুপ্তা। প্রায় ৭০ বছর ধরে অমীমাংসিত একটি জটিল গাণিতিক সমস্যার সমাধানে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন তিনি। এ বার তাঁর সেই সাফল্যের মুকুটে জুড়ল আরও একটি পালক। টাইমের ১০০ নেক্সট ইন্ডিয়া তালিকায় জায়গা করে নিয়েছেন এই বাঙালি গণিতবিদ। বিজ্ঞান ও স্বাস্থ্য ক্ষেত্রে উদ্ভাবকদের বিভাগে নির্বাচিত হয়েছেন ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউটের অধ্যাপক নীনা।তবে এই সাফল্য এক দিনে আসেনি। দীর্ঘদিনের গবেষণা, পরিশ্রম এবং অঙ্কের প্রতি গভীর আগ্রহ তাঁকে এই জায়গায় পৌঁছে দিয়েছে। ২০১৪ সালে প্রায় সাত দশক ধরে অমীমাংসিত একটি গাণিতিক সমস্যার বিশেষ ক্ষেত্রে নতুন সমাধান সামনে এনে আন্তর্জাতিক গণিতের জগতে পরিচিতি পান নীনা। তাঁর গবেষণা গণিতের একটি গুরুত্বপূর্ণ শাখা বীজগাণিতিক জ্যামিতিতে নতুন দিশা দেখায়।১৯৮৪ সালে কলকাতায় জন্ম নীনার। ছোটবেলা থেকেই অঙ্কের ধাঁধা সমাধান করতে ভালবাসতেন তিনি। তাঁর এই আগ্রহ তৈরিতে বড় ভূমিকা ছিল মা জ্ঞানলতা গুপ্তার। মেয়েকে বিভিন্ন অঙ্কের সমস্যা সমাধান করতে উৎসাহ দিতেন তিনি। শুধু নীনা নন, তাঁর ভাইকেও অঙ্কের প্রতিযোগিতায় অংশ নিতে উৎসাহিত করতেন মা। ছোটবেলা থেকেই প্রশ্ন করা, যুক্তি দিয়ে ভাবা এবং নতুন সমাধান খোঁজার অভ্যাস তৈরি হয়েছিল নীনার।কলেজে পড়ার সময়ই গণিত নিয়ে এগোনোর সিদ্ধান্ত নেন তিনি। বেথুন কলেজে গণিত নিয়ে পড়াশোনা শুরু করেন। ২০০৬ সালে স্নাতক হওয়ার পর কলকাতার ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউটে স্নাতকোত্তর পড়তে শুরু করেন। ২০০৮ সালে স্নাতকোত্তর ডিগ্রি অর্জনের পর বীজগাণিতিক জ্যামিতি নিয়ে গবেষণা শুরু করেন।তবে তাঁর পড়াশোনার পথ সব সময় সহজ ছিল না। স্নাতকোত্তর পড়ার সময় গণিতের ক্লাসে একমাত্র মহিলা ছিলেন নীনা। সেই অভিজ্ঞতা তাঁকে বিজ্ঞান ও গণিতের মতো বিষয়ে মেয়েদের অংশগ্রহণ বাড়ানোর প্রয়োজনীয়তা বুঝতে সাহায্য করে। পরবর্তী সময়ে বিভিন্ন মঞ্চে মেয়েদের গণিত ও বিজ্ঞান নিয়ে পড়াশোনা এবং গবেষণায় এগিয়ে আসার বার্তা দিয়েছেন তিনি।নীনার আন্তর্জাতিক পরিচিতির পিছনে রয়েছে ২০১৪ সালের একটি গুরুত্বপূর্ণ গবেষণা। প্রায় ৭০ বছর ধরে গণিতবিদদের কাছে অমীমাংসিত ছিল জারিস্কি ক্যানসেলেশন প্রবলেম নামে একটি সমস্যা। ১৯৪৯ সালে গণিতবিদ অস্কার জারিস্কি এই সমস্যাটি সামনে এনেছিলেন।সহজ করে বললে, সমস্যাটির মূল প্রশ্ন ছিল, দুটি গাণিতিক কাঠামোর সঙ্গে অতিরিক্ত একটি মাত্রা যোগ করার পর যদি তাদের গঠন একই রকম হয়ে যায়, তা হলে কি বলা যায় যে অতিরিক্ত মাত্রা যোগ করার আগেও তাদের গঠন একই ছিল? দীর্ঘদিন ধরে এই প্রশ্নের উত্তর খুঁজছিলেন গণিতবিদেরা।নীনা গুপ্তা এই সমস্যার একটি বিশেষ ক্ষেত্রে এমন একটি উদাহরণ সামনে আনেন, যা প্রচলিত ধারণাকে চ্যালেঞ্জ জানায়। তাঁর গবেষণায় দেখানো হয়, দুটি আলাদা গাণিতিক কাঠামোতেও অতিরিক্ত মাত্রা যোগ করার পর মিল দেখা যেতে পারে। এই কাজের জন্য তিনি আসানুমার তৈরি একটি বিশেষ ত্রিমাত্রিক গাণিতিক কাঠামো ব্যবহার করেন। তাঁর এই গবেষণা আন্তর্জাতিক গণিত মহলে বিশেষ গুরুত্ব পায়।এই গবেষণার জন্য ২০১৪ সালে ইন্ডিয়ান ন্যাশনাল সায়েন্স অ্যাকাডেমির ইয়ং সায়েন্টিস্ট পুরস্কার পান নীনা। এর পর একের পর এক সম্মান এসেছে তাঁর ঝুলিতে। ২০১৯ সালে গণিত বিজ্ঞানে দেশের অন্যতম গুরুত্বপূর্ণ সম্মান শান্তিস্বরূপ ভাটনগর পুরস্কার পান তিনি।২০২১ সালে উন্নয়নশীল দেশগুলির তরুণ গণিতবিদদের জন্য দেওয়া রামানুজন পুরস্কার পান নীনা। এই পুরস্কার পাওয়া তৃতীয় মহিলা তিনি। ২০২২ সালে তাঁকে দেওয়া হয় নারী শক্তি পুরস্কার। ওই বছর আন্তর্জাতিক গণিতবিদ সম্মেলনে বক্তব্য রাখার আমন্ত্রণও পান তিনি।২০২৩ সালে পান টিডব্লিউএএস-ক্যাস ইয়ং সায়েন্টিস্ট পুরস্কার। ২০২৪ সালে অ্যালজেব্রিক জিওমেট্রি এবং কমিউটেটিভ অ্যালজেব্রায় তাঁর অবদানের জন্য ইনফোসিস পুরস্কার দেওয়া হয় তাঁকে। ২০২৫ সালে আমেরিকান ম্যাথমেটিক্যাল সোসাইটি এবং অ্যাসোসিয়েশন ফর উইমেন ইন ম্যাথমেটিক্সের উদ্যোগে আয়োজিত ৪৪তম এমি নোয়েথার বক্তৃতা দেন তিনি।এ বার সেই সাফল্যের তালিকায় যুক্ত হল আরও একটি আন্তর্জাতিক স্বীকৃতি। টাইমের ১০০ নেক্সট ইন্ডিয়া তালিকায় জায়গা করে নিলেন কলকাতার নীনা গুপ্তা।ছোটবেলায় মায়ের উৎসাহে অঙ্কের ধাঁধা সমাধান করা থেকে শুরু করে আন্তর্জাতিক স্তরে গণিতের কঠিন সমস্যার সমাধাননীনার এই যাত্রা অনেকের কাছেই অনুপ্রেরণার। বিশেষ করে বিজ্ঞান ও গণিত নিয়ে পড়াশোনা করতে চাওয়া মেয়েদের কাছে তাঁর সাফল্য একটি বড় উদাহরণ। তাঁর জীবন দেখিয়ে দেয়, কৌতূহল, পরিশ্রম এবং নতুন ভাবে ভাবার সাহস থাকলে গবেষণার জগতে নিজের জায়গা তৈরি করা সম্ভব।

নভেম্বর ২২, ২০২৬
রাজ্য

বিহার থেকে গ্রেফতার, দুর্গাপুর থানায় এনে রাখা হয়েছিল! রাতারাতি লকআপ ভেঙে পালাল অভিযুক্ত

পুলিশের হেফাজতে থাকা এক অভিযুক্ত থানার লকআপের জানলা ভেঙে পালিয়ে গেলেন! বিহার থেকে গ্রেফতার করে দুর্গাপুরে নিয়ে আসা হয়েছিল তাঁকে। আদালতের নির্দেশে রাখা হয়েছিল পুলিশ হেফাজতে। কিন্তু শনিবার রাতে থানার লকআপ থেকে উধাও হয়ে যান ওই অভিযুক্ত। রবিবার সকাল পর্যন্ত তাঁর কোনও খোঁজ মেলেনি। এই ঘটনায় দুর্গাপুরে চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিশের নজরদারি এবং থানার নিরাপত্তা ব্যবস্থা নিয়ে উঠতে শুরু করেছে একাধিক প্রশ্ন।পুলিশ সূত্রে জানা গিয়েছে, গাড়ি চুরির মামলায় অভিযুক্ত মনোজ চক্রবর্তীকে বিহার থেকে গ্রেফতার করা হয়েছিল। তাঁকে দুর্গাপুরে নিয়ে এসে আদালতে হাজির করানো হয়। বিচারকের নির্দেশে মনোজকে পুলিশ হেফাজতে রাখার সিদ্ধান্ত নেওয়া হয়। সেই মতো তাঁকে কোকওভেন থানার লকআপে রাখা হয়েছিল।পুলিশ সূত্রে খবর, শনিবার রাতে লকআপ পরীক্ষা করতে গিয়ে দেখা যায়, জানলা ভাঙা। কিন্তু ভিতরে নেই মনোজ। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, লকআপের জানলা ভেঙেই পালিয়েছেন তিনি। বিষয়টি জানাজানি হতেই থানার পুলিশকর্মীরা তল্লাশি শুরু করেন। আশপাশের এলাকাতেও খোঁজ চালানো হচ্ছে। তবে রবিবার সকাল পর্যন্ত তাঁর কোনও সন্ধান পাওয়া যায়নি।এই ঘটনায় থানার নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠেছে। পুলিশ হেফাজতে থাকা এক অভিযুক্ত কী ভাবে লকআপের জানলা ভেঙে পালালেন, তা নিয়ে শুরু হয়েছে আলোচনা। থানার ভিতরে পুলিশকর্মীদের নজরদারি থাকা সত্ত্বেও কেন বিষয়টি কারও নজরে এল না, সেই প্রশ্নও উঠছে। লকআপের জানলাটি আগে থেকেই ভাঙা ছিল কি না, সেটি মেরামত করা হয়েছিল কি না এবং অভিযুক্তের উপর যথাযথ নজর রাখা হয়েছিল কি না, সব দিক খতিয়ে দেখছেন তদন্তকারীরা।ঘটনায় অস্বস্তিতে পড়েছেন থানার পুলিশকর্মীরা। আপাতত এ বিষয়ে প্রকাশ্যে কিছু বলতে চাইছেন না থানার আধিকারিকেরা। অন্য দিকে, পলাতক অভিযুক্তের খোঁজে বিভিন্ন এলাকায় তল্লাশি চালানো হচ্ছে।এই বিষয়ে আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনার প্রণব কুমার জানিয়েছেন, ঘটনার তদন্ত শুরু হয়েছে। কোনও পুলিশ আধিকারিকের গাফিলতি প্রমাণিত হলে তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। কী ভাবে পুলিশের হেফাজত থেকে অভিযুক্ত পালালেন, তা তদন্তের পরেই স্পষ্ট হবে।

নভেম্বর ২২, ২০২৬
বিদেশ

শেখ হাসিনার দেশে ফেরার জল্পনার মধ্যেই পেট্রাপোলে আওয়ামি লীগের চার নেতা! কী পরিকল্পনা দলের?

বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে জল্পনার মধ্যেই পেট্রাপোল-বেনাপোল সীমান্ত এলাকা পরিদর্শনে যাচ্ছেন আওয়ামি লীগের চার শীর্ষ নেতা। রবিবার তাঁদের বনগাঁর পেট্রাপোল সীমান্তে যাওয়ার কথা। দলীয় সূত্রে খবর, কলকাতায় থাকা আওয়ামি লীগের এই চার নেতা সেখানে তিন থেকে চার দিন থাকতে পারেন। তার পর তাঁদের ত্রিপুরার রাজধানী আগরতলায় যাওয়ার পরিকল্পনা রয়েছে।দলীয় সূত্রে জানা গিয়েছে, এই চার নেতার মধ্যে রয়েছেন আওয়ামি লীগের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গির কবির নানক, মোফাজ্জল হোসেন মায়া, যুগ্ম সাধারণ সম্পাদক বাহাউদ্দিন নাসিম এবং প্রাক্তন সাংসদ সালাউদ্দিন নাসিম। বর্তমানে তাঁরা কলকাতায় রয়েছেন। সেখান থেকেই পেট্রাপোল-বেনাপোল সীমান্ত এলাকা পরিদর্শনে যাবেন।অন্য দিকে, বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরা নিয়েও রাজনৈতিক মহলে আলোচনা চলছে। আগামী মাসে তিনি বাংলাদেশে ফিরতে পারেন বলে জল্পনা ছড়িয়েছে। তবে কবে, কী ভাবে এবং কোন পথে তিনি দেশে ফিরবেন, সে বিষয়ে আওয়ামি লীগের তরফে এখনও কোনও নিশ্চিত তথ্য দেওয়া হয়নি। মানবাধিকার দিবস কিংবা বাংলাদেশের বিজয় দিবসের মতো গুরুত্বপূর্ণ দিনগুলিকে ঘিরে তাঁর দেশে ফেরার সম্ভাবনা নিয়ে আলোচনা চলছে। রাজনৈতিক মহলের একাংশের ধারণা, আকাশপথের বদলে স্থলপথে বাংলাদেশে ফেরার চেষ্টা করতে পারেন শেখ হাসিনা। তবে এই বিষয়ে এখনও কোনও সরকারি ঘোষণা হয়নি।এদিকে, বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে বিভিন্ন দেশের কূটনীতিকদের কাছে বিস্তারিত রিপোর্ট পাঠিয়েছে আওয়ামি লীগ। ঢাকায় কর্মরত বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও হাইকমিশনারদের পাশাপাশি বিদেশে থাকা বাংলাদেশের দূতাবাসগুলিতেও ওই রিপোর্ট পাঠানো হয়েছে বলে দলীয় সূত্রে খবর।আওয়ামি লীগের তথ্য ও গবেষণা সম্পাদক তথা প্রাক্তন সাংসদ সালিম মাহমুদ ওই রিপোর্ট তৈরি করেছেন। সেখানে বাংলাদেশের রাজনৈতিক হিংসা, অগ্নিসংযোগ এবং সংখ্যালঘু সম্প্রদায়ের উপর নির্যাতনের অভিযোগ তোলা হয়েছে। দলের দাবি, নড়াইলে প্রায় দুই শতাধিক বাড়িতে হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এই সব ঘটনার নিরপেক্ষ তদন্তের দাবিও জানিয়েছে তারা।রিপোর্টে আরও অভিযোগ করা হয়েছে, সরকারের শীর্ষ পর্যায় থেকে আওয়ামি লীগকে নিশানা করে বিদ্বেষমূলক মন্তব্য করা হচ্ছে। পাশাপাশি, সংবাদমাধ্যমের উপর চাপ সৃষ্টি করে সংবাদ প্রকাশের ক্ষেত্রে নিয়ন্ত্রণ আরোপ করা হচ্ছে বলেও দাবি করেছে দলটি।বাংলাদেশের পরিস্থিতি নিয়ে আন্তর্জাতিক মহলের হস্তক্ষেপও চেয়েছে আওয়ামি লীগ। রাষ্ট্রপুঞ্জ-সহ বিভিন্ন আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাকে বাংলাদেশের পরিস্থিতি স্বাধীন ভাবে পর্যবেক্ষণের আবেদন জানানো হয়েছে। একই সঙ্গে দেশে রাজনৈতিক বহুত্ববাদ, নাগরিকের নিরাপত্তা এবং গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখার ক্ষেত্রেও আন্তর্জাতিক সংস্থাগুলির ভূমিকা দাবি করেছে দলটি।

নভেম্বর ২২, ২০২৬
রাজ্য

মায়ের খুনের মামলায় সাক্ষী ছিল মেয়ে! জামিনে বাবার মুক্তির পরই সোনারপুরে উদ্ধার ছাত্রীর ঝুলন্ত দেহ

মায়ের খুনের মামলায় বাবা ছিলেন মূল অভিযুক্ত। সেই মামলার অন্যতম গুরুত্বপূর্ণ সাক্ষী ছিল নাবালিকা মেয়ে। প্রায় তিন বছর জেলে থাকার পর সম্প্রতি জামিনে মুক্তি পান বাবা। আর তার কিছু দিনের মধ্যেই বাড়ি থেকে উদ্ধার হল মেয়ের ঝুলন্ত দেহ। সোনারপুরের এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। কিশোরীর মৃত্যুকে ঘিরে একাধিক প্রশ্ন উঠতে শুরু করেছে।মৃত ছাত্রীর নাম সায়নী শিকারি। সে অতুলকৃষ্ণ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী ছিল। প্রায় তিন বছর আগে খুন হন সায়নীর মা মালা শিকারি। ওই ঘটনায় স্ত্রীকে খুনের অভিযোগে গ্রেফতার করা হয় সায়নীর বাবা সমীর শিকারিকে। মায়ের খুনের মামলায় অন্যতম সাক্ষী ছিল সায়নী। মায়ের মৃত্যুর পর থেকে মামাবাড়িতেই থাকত সে।পরিবার সূত্রে জানা গিয়েছে, সম্প্রতি জামিনে জেল থেকে ছাড়া পান সমীর। তার পর থেকেই মেয়ের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করছিলেন তিনি বলে অভিযোগ। বিষয়টি পুলিশকেও জানানো হয়েছিল বলে দাবি পরিবারের সদস্যদের। তাঁদের অভিযোগ, সায়নীর নিরাপত্তার কথা ভেবে মোবাইলের সিম কার্ড বদলে নম্বর পরিবর্তনের পরামর্শ দিয়েছিল পুলিশ। সেই মতো নতুন নম্বরও নেওয়া হয়। কিন্তু পরিবারের দাবি, সেই নম্বরও কোনও ভাবে জেনে যান সমীর।এরই মধ্যে ঘটে যায় মর্মান্তিক ঘটনা। পরিবারের সদস্যদের দাবি, ঘটনার দিন বিকেলে বাড়িতে কেউ ছিলেন না। সন্ধ্যায় বাড়ি ফিরে সায়নীর দাদু ঘরের মধ্যে তার ঝুলন্ত দেহ দেখতে পান। সঙ্গে সঙ্গে প্রতিবেশীদের খবর দেন তিনি। পরে পুলিশকেও খবর দেওয়া হয়।খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। সায়নীর দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। পাশাপাশি তার মোবাইল ফোনও বাজেয়াপ্ত করেছেন তদন্তকারীরা। মৃত্যুর আগে সায়নী কারও সঙ্গে ফোনে কথা বলেছিল কি না, তা জানতে কলের তথ্য-সহ মোবাইলের বিভিন্ন তথ্য খতিয়ে দেখা হচ্ছে।এদিকে, সায়নীর মৃত্যুর ঘটনায় তার বাবা সমীর শিকারির ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছে মামাবাড়ির পরিবার। তাঁদের অভিযোগ, এই মৃত্যুর পিছনে সমীরের ভূমিকা থাকতে পারে। তবে পরিবারের এই অভিযোগের সত্যতা এখনও প্রমাণিত হয়নি। কী কারণে সায়নীর মৃত্যু হল, তা জানতে তদন্ত শুরু করেছে পুলিশ। ময়নাতদন্তের রিপোর্ট এবং মোবাইলের তথ্য সামনে আসার পরই মৃত্যুর কারণ সম্পর্কে আরও স্পষ্ট ধারণা পাওয়া যাবে।

নভেম্বর ২২, ২০২৬

Ads

You May Like

Gallery

265-year-old "Mukhopadhyay House" in Bhavanandpur, Kalnar, played vermilion on Dasami during Durga Puja
BJP candidate Locket Chatterjee campaigned on the banks of the Ganges from Chandannagar Ranighat to Triveni Ghat wishing New Year.
A living depiction of history with a touch of color, everyone is enthralled by the initiative of the Eastern Railway
Sucharita Biswas actress and model on Durga Puja
Lord Kalabau came up in palanquin; Navapatrika walked towards the mandap - the puja started
On Sunday, the 'Hilsa festival' is celebrated in the city with great joy.
Check out who has joined Mamata's new cabinet
Take a look at the list of recipients at the Bangabibhushan award ceremony
If you are grassroots, you will get ration for free. Lakshmi Bhandar, Kanyashree, Swastha Sathi, Krishakbandhu, Oikyashree, Sabujsathi — you will get all.

Categories

  • কলকাতা
  • রাজ্য
  • দেশ
  • বিদেশ
  • রাজনীতি
  • খেলার দুনিয়া
  • বিনোদুনিয়া
  • সম্পাদকীয়
  • নিবন্ধ
  • ভ্রমণ
  • রাশিফল
  • টুকিটাকি
  • চিত্রহার
  • বিবিধ
  • ভিডিও

Company

  • About Us
  • Advertise
  • Privacy
  • Terms of Use
  • Contact Us
Copyright © 2026 Janatar Katha News Portal