অঙ্কের নাম শুনলেই অনেকের মনে ভয় তৈরি হয়। কিন্তু কারও কারও কাছে অঙ্ক শুধু হিসাব মেলানোর বিষয় নয়, বরং নতুন প্রশ্নের উত্তর খোঁজার পথ। সেই পথ ধরেই আন্তর্জাতিক স্তরে পরিচিতি পেয়েছেন কলকাতার মেয়ে নীনা গুপ্তা। প্রায় ৭০ বছর ধরে অমীমাংসিত একটি জটিল গাণিতিক সমস্যার সমাধানে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন তিনি। এ বার তাঁর সেই সাফল্যের মুকুটে জুড়ল আরও একটি পালক। টাইমের ‘১০০ নেক্সট ইন্ডিয়া’ তালিকায় জায়গা করে নিয়েছেন এই বাঙালি গণিতবিদ। বিজ্ঞান ও স্বাস্থ্য ক্ষেত্রে উদ্ভাবকদের বিভাগে নির্বাচিত হয়েছেন ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউটের অধ্যাপক নীনা।
তবে এই সাফল্য এক দিনে আসেনি। দীর্ঘদিনের গবেষণা, পরিশ্রম এবং অঙ্কের প্রতি গভীর আগ্রহ তাঁকে এই জায়গায় পৌঁছে দিয়েছে। ২০১৪ সালে প্রায় সাত দশক ধরে অমীমাংসিত একটি গাণিতিক সমস্যার বিশেষ ক্ষেত্রে নতুন সমাধান সামনে এনে আন্তর্জাতিক গণিতের জগতে পরিচিতি পান নীনা। তাঁর গবেষণা গণিতের একটি গুরুত্বপূর্ণ শাখা বীজগাণিতিক জ্যামিতিতে নতুন দিশা দেখায়।
১৯৮৪ সালে কলকাতায় জন্ম নীনার। ছোটবেলা থেকেই অঙ্কের ধাঁধা সমাধান করতে ভালবাসতেন তিনি। তাঁর এই আগ্রহ তৈরিতে বড় ভূমিকা ছিল মা জ্ঞানলতা গুপ্তার। মেয়েকে বিভিন্ন অঙ্কের সমস্যা সমাধান করতে উৎসাহ দিতেন তিনি। শুধু নীনা নন, তাঁর ভাইকেও অঙ্কের প্রতিযোগিতায় অংশ নিতে উৎসাহিত করতেন মা। ছোটবেলা থেকেই প্রশ্ন করা, যুক্তি দিয়ে ভাবা এবং নতুন সমাধান খোঁজার অভ্যাস তৈরি হয়েছিল নীনার।
কলেজে পড়ার সময়ই গণিত নিয়ে এগোনোর সিদ্ধান্ত নেন তিনি। বেথুন কলেজে গণিত নিয়ে পড়াশোনা শুরু করেন। ২০০৬ সালে স্নাতক হওয়ার পর কলকাতার ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউটে স্নাতকোত্তর পড়তে শুরু করেন। ২০০৮ সালে স্নাতকোত্তর ডিগ্রি অর্জনের পর বীজগাণিতিক জ্যামিতি নিয়ে গবেষণা শুরু করেন।
তবে তাঁর পড়াশোনার পথ সব সময় সহজ ছিল না। স্নাতকোত্তর পড়ার সময় গণিতের ক্লাসে একমাত্র মহিলা ছিলেন নীনা। সেই অভিজ্ঞতা তাঁকে বিজ্ঞান ও গণিতের মতো বিষয়ে মেয়েদের অংশগ্রহণ বাড়ানোর প্রয়োজনীয়তা বুঝতে সাহায্য করে। পরবর্তী সময়ে বিভিন্ন মঞ্চে মেয়েদের গণিত ও বিজ্ঞান নিয়ে পড়াশোনা এবং গবেষণায় এগিয়ে আসার বার্তা দিয়েছেন তিনি।
নীনার আন্তর্জাতিক পরিচিতির পিছনে রয়েছে ২০১৪ সালের একটি গুরুত্বপূর্ণ গবেষণা। প্রায় ৭০ বছর ধরে গণিতবিদদের কাছে অমীমাংসিত ছিল ‘জারিস্কি ক্যানসেলেশন প্রবলেম’ নামে একটি সমস্যা। ১৯৪৯ সালে গণিতবিদ অস্কার জারিস্কি এই সমস্যাটি সামনে এনেছিলেন।
সহজ করে বললে, সমস্যাটির মূল প্রশ্ন ছিল, দুটি গাণিতিক কাঠামোর সঙ্গে অতিরিক্ত একটি মাত্রা যোগ করার পর যদি তাদের গঠন একই রকম হয়ে যায়, তা হলে কি বলা যায় যে অতিরিক্ত মাত্রা যোগ করার আগেও তাদের গঠন একই ছিল? দীর্ঘদিন ধরে এই প্রশ্নের উত্তর খুঁজছিলেন গণিতবিদেরা।
নীনা গুপ্তা এই সমস্যার একটি বিশেষ ক্ষেত্রে এমন একটি উদাহরণ সামনে আনেন, যা প্রচলিত ধারণাকে চ্যালেঞ্জ জানায়। তাঁর গবেষণায় দেখানো হয়, দুটি আলাদা গাণিতিক কাঠামোতেও অতিরিক্ত মাত্রা যোগ করার পর মিল দেখা যেতে পারে। এই কাজের জন্য তিনি আসানুমার তৈরি একটি বিশেষ ত্রিমাত্রিক গাণিতিক কাঠামো ব্যবহার করেন। তাঁর এই গবেষণা আন্তর্জাতিক গণিত মহলে বিশেষ গুরুত্ব পায়।
এই গবেষণার জন্য ২০১৪ সালে ইন্ডিয়ান ন্যাশনাল সায়েন্স অ্যাকাডেমির ইয়ং সায়েন্টিস্ট পুরস্কার পান নীনা। এর পর একের পর এক সম্মান এসেছে তাঁর ঝুলিতে। ২০১৯ সালে গণিত বিজ্ঞানে দেশের অন্যতম গুরুত্বপূর্ণ সম্মান শান্তিস্বরূপ ভাটনগর পুরস্কার পান তিনি।
২০২১ সালে উন্নয়নশীল দেশগুলির তরুণ গণিতবিদদের জন্য দেওয়া রামানুজন পুরস্কার পান নীনা। এই পুরস্কার পাওয়া তৃতীয় মহিলা তিনি। ২০২২ সালে তাঁকে দেওয়া হয় নারী শক্তি পুরস্কার। ওই বছর আন্তর্জাতিক গণিতবিদ সম্মেলনে বক্তব্য রাখার আমন্ত্রণও পান তিনি।
২০২৩ সালে পান টিডব্লিউএএস-ক্যাস ইয়ং সায়েন্টিস্ট পুরস্কার। ২০২৪ সালে অ্যালজেব্রিক জিওমেট্রি এবং কমিউটেটিভ অ্যালজেব্রায় তাঁর অবদানের জন্য ইনফোসিস পুরস্কার দেওয়া হয় তাঁকে। ২০২৫ সালে আমেরিকান ম্যাথমেটিক্যাল সোসাইটি এবং অ্যাসোসিয়েশন ফর উইমেন ইন ম্যাথমেটিক্সের উদ্যোগে আয়োজিত ৪৪তম এমি নোয়েথার বক্তৃতা দেন তিনি।
এ বার সেই সাফল্যের তালিকায় যুক্ত হল আরও একটি আন্তর্জাতিক স্বীকৃতি। টাইমের ‘১০০ নেক্সট ইন্ডিয়া’ তালিকায় জায়গা করে নিলেন কলকাতার নীনা গুপ্তা।
ছোটবেলায় মায়ের উৎসাহে অঙ্কের ধাঁধা সমাধান করা থেকে শুরু করে আন্তর্জাতিক স্তরে গণিতের কঠিন সমস্যার সমাধান—নীনার এই যাত্রা অনেকের কাছেই অনুপ্রেরণার। বিশেষ করে বিজ্ঞান ও গণিত নিয়ে পড়াশোনা করতে চাওয়া মেয়েদের কাছে তাঁর সাফল্য একটি বড় উদাহরণ। তাঁর জীবন দেখিয়ে দেয়, কৌতূহল, পরিশ্রম এবং নতুন ভাবে ভাবার সাহস থাকলে গবেষণার জগতে নিজের জায়গা তৈরি করা সম্ভব।
- More Stories On :
- Neena Gupta
- Maths Problem

