• ৯ অগ্রহায়ণ ১৪৩৩, শনিবার ২৮ নভেম্বর ২০২৬ ই-পোর্টাল

Janatar Katha

Banner Add
  • কলকাতা
  • রাজ্য
  • দেশ
  • বিদেশ
  • রাজনীতি
  • খেলার দুনিয়া
  • বিনোদুনিয়া
  • সম্পাদকীয়
  • নিবন্ধ
  • ভ্রমণ
  • রাশিফল
  • টুকিটাকি
  • চিত্রহার
  • বিবিধ
  • ভিডিও
  • এছাড়াও
    • উৎসব
    • ব্যবসা
    • স্বাস্থ্য
    • শিক্ষা
    • প্রযুক্তি
    • হেঁসেল

Jahangir Khan

রাজ্য

‘জাহাঙ্গিরের জমিতে গরিবদের বাড়ি হবে’, হাওড়ার মঞ্চ থেকে বড় ঘোষণা শুভেন্দুর! শাহজাহানকেও হুঁশিয়ারি

সরকারি জমি দখল করে প্রায় ১০ কোটি টাকার বিলাসবহুল বাড়ি তৈরির অভিযোগ উঠেছে ফলতার তৃণমূল নেতা জাহাঙ্গির খানের বিরুদ্ধে। সেই বাড়ি ভাঙার কাজ শুরু করেছে প্রশাসন। এ বার ওই জমি উদ্ধার করে সেখানে গরিব মানুষের জন্য আবাসন তৈরির ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। শুধু জাহাঙ্গির নন, সন্দেশখালির প্রাক্তন তৃণমূল নেতা শেখ শাহজাহানের সম্পত্তি নিয়েও কড়া বার্তা দিয়েছেন তিনি। শুভেন্দুর স্পষ্ট হুঁশিয়ারি, এই সরকার কাউকে ছাড়বে না।বৃহস্পতিবার ছটপুজোর একটি অনুষ্ঠানে যোগ দিতে হাওড়ায় গিয়েছিলেন মুখ্যমন্ত্রী। সেখান থেকেই ফলতার জাহাঙ্গির খানকে নিশানা করেন তিনি। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ বলে পরিচিত এই নেতার নাম করে শুভেন্দু বলেন, ফলতায় কী চলছে, তা সবাই দেখতে পাচ্ছেন। সরকারি জমি দখল করে ১০ কোটি টাকার বিলাসবহুল বাড়ি তৈরি করা হয়েছিল। পুষ্পা ওরফে জাহাঙ্গির খান বলেছিলেন, ঝুঁকেগা নেহি। কিন্তু তাঁর বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে।শুধু হুঁশিয়ারি দিয়েই থেমে থাকেননি শুভেন্দু। ওই জমি উদ্ধার করে সেখানে স্থানীয় গরিব মানুষের জন্য আবাস যোজনার বাড়ি তৈরি করা হবে বলেও ঘোষণা করেন তিনি।এর পরেই সন্দেশখালির শেখ শাহজাহানের প্রসঙ্গ তোলেন মুখ্যমন্ত্রী। সরাসরি তাঁর নাম করে শুভেন্দু বলেন, শাহজাহানের দখলে থাকা জমিও উদ্ধার করা হবে। সেই জমিতে মাছের বাজার তৈরি করার পরিকল্পনা রয়েছে। তাঁর কথায়, এটা সবে শুরু। আগামী দিনে আরও অনেক কিছু হবে।উল্লেখ্য, বুধবার সকাল থেকেই দক্ষিণ ২৪ পরগনার ফলতার শ্রীরামপুর এলাকায় জাহাঙ্গির খানের বিলাসবহুল বাড়ি ভাঙার কাজ শুরু করে প্রশাসন। অভিযোগ, সরকারি জমি দখল করেই ওই বাড়ি তৈরি করেছিলেন তিনি। প্রশাসনের তরফে তাঁকে নোটিস দিয়ে সাত দিনের মধ্যে বাড়ি ভেঙে ফেলার নির্দেশ দেওয়া হয়েছিল। কিন্তু নির্দিষ্ট সময় পেরিয়ে গেলেও বাড়ি ভাঙা হয়নি বলে অভিযোগ। এরপরই প্রশাসনের তরফে বুলডোজার দিয়ে বাড়ি ভাঙার কাজ শুরু হয়। বৃহস্পতিবারও সকাল থেকে সেই কাজ চলছে। ঘটনাস্থলে রয়েছেন পুলিশের উচ্চপদস্থ আধিকারিকেরা।একসময় ফলতা ও ডায়মন্ড হারবার এলাকায় যথেষ্ট প্রভাব ছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ বলে পরিচিত জাহাঙ্গিরের। পূর্বতন তৃণমূল সরকারের আমলে ওই এলাকায় তাঁর প্রভাব নিয়ে রাজনৈতিক মহলে আলোচনা হত। ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে ফলতা কেন্দ্র থেকে তাঁকে প্রার্থী করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু একাধিক অনিয়মের অভিযোগ সামনে আসায় ওই কেন্দ্রের ভোট বাতিল করে নতুন করে ভোটের দিন ঘোষণা করে নির্বাচন কমিশন। পরে নতুন ভোটের আগে নির্বাচনী লড়াই থেকে সরে দাঁড়ান জাহাঙ্গির।নাড্ডার কনভয়ে হামলা এবং ভোট-পরবর্তী হিংসা-সহ একাধিক মামলায় অভিযুক্ত জাহাঙ্গির বর্তমানে জেলে রয়েছেন। পরে নেপাল থেকে তাঁকে গ্রেফতার করা হয় বলে জানা গিয়েছে।অন্যদিকে, সন্দেশখালির একসময়ের প্রভাবশালী তৃণমূল নেতা শেখ শাহজাহানের সম্পত্তি নিয়েও নতুন করে রাজনৈতিক চর্চা শুরু হয়েছে। তাঁর দখলে থাকা জমি উদ্ধার করে সেখানে মাছের বাজার তৈরির শুভেন্দুর ঘোষণাকে ঘিরে নজর রয়েছে রাজনৈতিক মহলের। সরকারি জমি দখলের অভিযোগে প্রশাসনের এই পদক্ষেপ আগামী দিনে আরও কোন কোন এলাকায় পৌঁছয়, এখন সেটাই দেখার।

নভেম্বর ১২, ২০২৬
রাজ্য

জেলে জাহাঙ্গির, এ বার বুলডোজার তাঁর বাড়িতে! ফলতায় কী ঘটল ভাইফোঁটার দিন?

আপাতত জেলবন্দি জাহাঙ্গির খান ওরফে পুষ্পা। এর মধ্যেই তাঁর বিরুদ্ধে আরও বড় পদক্ষেপ করল প্রশাসন। এ বার ফলতার শ্রীরামপুরে তাঁর বাড়ি ভাঙার কাজ শুরু করল স্থানীয় পৌরসভা। প্রশাসনের দাবি, বাড়িটি বেআইনি ভাবে তৈরি করা হয়েছিল। বাড়ির ভিতর থেকে আসবাবপত্র-সহ বিভিন্ন জিনিসও বের করে দেওয়া হয়েছে।ভোটে কারচুপি, ভোটারদের ভয় দেখানো এবং হুমকি দেওয়ার মতো একাধিক অভিযোগ উঠেছিল জাহাঙ্গিরের বিরুদ্ধে। সম্প্রতি বিধানসভা নির্বাচনের সময় নিজেকে পুষ্পা বলে পরিচয় দিয়েছিলেন তিনি। সিনেমার সংলাপ আওড়ে বলেছিলেন, পুষ্পা ঝুঁকেগা নেহি। তবে পরে গ্রেফতার হন তৃণমূলের এই নেতা। বর্তমানে তিনি জেলে রয়েছেন।ভাইফোঁটার দিনেই তাঁর বাড়ি ভাঙার কাজ শুরু হয়। বিডিও-র উপস্থিতিতে ফলতার শ্রীরামপুরে পৌঁছয় জেলা প্রশাসন ও পুলিশ। বাড়ি থেকে একে একে বের করে আনা হয় আসবাবপত্র এবং অন্যান্য সামগ্রী। মিক্সার, মাইক্রোওয়েভ, দেওয়াল ঘড়ি, বেতের সোফা, ট্রেডমিল, কম্বল এবং ওয়াশিং মেশিনের মতো জিনিসও বাইরে বের করে দেওয়া হয়।এলাকার বাসিন্দাদের একাংশের দাবি, সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ হওয়ার পর থেকেই জাহাঙ্গিরের রাজনৈতিক উত্থান দ্রুত হয়েছিল। শেষ দিকে ফলতা এলাকায় তৃণমূলের পর্যবেক্ষকের দায়িত্বেও ছিলেন তিনি।ভোটের আগে থেকেই ফলতা বার বার খবরের শিরোনামে উঠে এসেছিল। বিশেষ করে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়া চলার সময় ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের অন্তর্গত ফলতা থেকে একাধিক অভিযোগ সামনে আসে। বুথ স্তরের আধিকারিকদের উপর চাপ তৈরি করে মৃত ব্যক্তিদের নাম ভোটার তালিকায় তোলার চেষ্টা হয়েছিল বলে অভিযোগ ওঠে। এই ঘটনায় এলাকার প্রভাবশালী তৃণমূল নেতা জাহাঙ্গির খানের নামও সামনে এসেছিল।এ বার জাহাঙ্গিরের বাড়ি ভাঙার ঘটনায় নতুন করে চর্চা শুরু হয়েছে ফলতায়। প্রশাসনের দাবি, বেআইনি নির্মাণের কারণেই এই পদক্ষেপ করা হয়েছে।

নভেম্বর ১১, ২০২৬
কলকাতা

জাহাঙ্গিরকে দড়ি বেঁধে ঘোরানো নিয়ে বড় প্রশ্ন! মানবাধিকার ইস্যুতে কড়া বার্তা হাই কোর্টের

ফলতার জাহাঙ্গির খানকে গ্রেপ্তারের পর কোমরে দড়ি বেঁধে এবং অস্বাভাবিক পোশাকে প্রকাশ্যে ঘোরানোর ঘটনাকে কেন্দ্র করে গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ করল কলকাতা হাই কোর্ট। জাহাঙ্গির খানের স্ত্রী সারিকা বিবির দায়ের করা মামলার শুনানিতে আদালত জানিয়ে দিয়েছে, তদন্ত চললেও কোনও অভিযুক্তের মানবাধিকার লঙ্ঘন করা যাবে না।বিচারপতি সৌগত ভট্টাচার্য স্পষ্ট নির্দেশ দিয়েছেন, জাহাঙ্গির খানের সঙ্গে এমন কোনও আচরণ করা যাবে না, যা তাঁর মানবাধিকার ক্ষুণ্ন করে। পাশাপাশি আদালত পুলিশকে নির্দেশ দিয়েছে, আগামী সাত দিনের মধ্যে জানাতে হবে জাহাঙ্গির খানের বিরুদ্ধে নতুন কোনও মামলা দায়ের হয়েছে কি না। এই মামলার পরবর্তী শুনানি আগামী পয়লা জুলাই।প্রসঙ্গত, ফলতা বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে তৃণমূলের প্রার্থী ছিলেন জাহাঙ্গির খান। নির্বাচনের আগে তাঁর একাধিক মন্তব্য রাজনৈতিক মহলে আলোচনার বিষয় হয়ে উঠেছিল। পরে ভোটের আগে তিনি নির্বাচনী প্রচার থেকে সরে দাঁড়ান। এরপর তিনি প্রকাশ্যে আর দেখা না গেলেও পরে বাংলা-নেপাল সীমান্ত এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে রাজ্য পুলিশের বিশেষ বাহিনী।গ্রেপ্তারের পর ফলতার সহরারহাট এলাকায় জাহাঙ্গির খানকে কোমরে দড়ি বেঁধে এবং সাধারণ পোশাকে নিয়ে যাওয়া হয়। সেই সময় নিরাপত্তার দায়িত্বে কেন্দ্রীয় বাহিনীর সদস্যরাও উপস্থিত ছিলেন। ঘটনাস্থলে উপস্থিত বহু মানুষ প্রথমে তাঁকে চিনতে না পারলেও পরে বিষয়টি জানাজানি হতেই এলাকায় ব্যাপক আলোচনা শুরু হয়। সেই সময় জাহাঙ্গির খানকে হাতজোড় করে হাঁটতে এবং প্রকাশ্যে ক্ষমা চাইতেও দেখা যায়।এই ঘটনাকেই কেন্দ্র করে আদালতের দ্বারস্থ হন তাঁর স্ত্রী। মামলার শুনানিতে হাই কোর্ট জানিয়ে দিয়েছে, আইনের প্রক্রিয়া চলবে ঠিকই, তবে কোনও অবস্থাতেই মানবাধিকার লঙ্ঘন করে ব্যবস্থা নেওয়া যাবে না। আদালতের এই পর্যবেক্ষণকে ঘিরে ইতিমধ্যেই নতুন করে শুরু হয়েছে আইনি ও রাজনৈতিক আলোচনা।

জুন ২৬, ২০২৬
কলকাতা

জাহাঙ্গির বিতর্কে ফুঁসছে তৃণমূল! কুণাল-ঋতব্রতদের ডেকে জরুরি বৈঠক মমতার

ভোটে ভরাডুবির পর থেকেই তৃণমূলের অন্দরে অসন্তোষ ক্রমশ বাড়ছে। বিশেষ করে ফলতার পুনর্নির্বাচনের আগে জাহাঙ্গির খানের সরে দাঁড়ানোর ঘোষণাকে ঘিরে দলের মধ্যে শুরু হয়েছে তীব্র বিতর্ক। এই ঘটনায় সরব হয়েছেন তৃণমূলের তিন বিধায়ক কুণাল ঘোষ, ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এবং সন্দীপন সাহা। তাঁদের প্রশ্ন, দলের কঠিন সময়ে এমন আচরণের পরও কেন জাহাঙ্গির খানের বিরুদ্ধে কোনও কড়া পদক্ষেপ করা হচ্ছে না।এই পরিস্থিতিতে দলের অন্দরের ক্ষোভ সামাল দিতে উদ্যোগী হয়েছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার বিকেলে কালীঘাটের বাড়িতে ডেকে পাঠানো হয় কুণাল ঘোষ, ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এবং সন্দীপন সাহাকে। তিনজনই সেখানে উপস্থিত হন এবং দলীয় নেতৃত্বের সঙ্গে দীর্ঘ আলোচনা হয় বলে সূত্রের খবর।তবে বৈঠকের পরেও জাহাঙ্গির খানের বিরুদ্ধে আদৌ কোনও পদক্ষেপ নেওয়া হবে কি না, তা এখনও স্পষ্ট নয়। বৃহস্পতিবার ফলতায় পুনর্নির্বাচন। তার আগে মঙ্গলবার ছিল প্রচারের শেষ দিন। সেদিনই জাহাঙ্গির খান ঘোষণা করেন, তিনি এই ভোটে লড়বেন না। তৃণমূলের পক্ষ থেকে জানানো হয়, এটি তাঁর সম্পূর্ণ ব্যক্তিগত সিদ্ধান্ত, দলের সঙ্গে এর কোনও সম্পর্ক নেই।কালীঘাটের বৈঠকে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় সকলকে সেই কথাই মনে করিয়ে দেন বলে জানা গিয়েছে। কিন্তু তাতেও পরিস্থিতি পুরোপুরি শান্ত হয়নি।সূত্রের খবর, বৈঠকে কুণাল ঘোষ নিজের ক্ষোভ স্পষ্ট ভাষায় প্রকাশ করেন। একইভাবে প্রতিবাদের সুর চড়ান সন্দীপন সাহা এবং ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ও। নাম না করেই তাঁরা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দিকেই ইঙ্গিত করেছেন বলে রাজনৈতিক মহলের ধারণা। জাহাঙ্গির খানকে কেন্দ্রশাসিত অঞ্চলের নেতা বলেও খোঁচা দেওয়া হয়েছে বলে সূত্রের দাবি।কুণাল ঘোষদের বক্তব্য ছিল, শুধুমাত্র ঘরোয়া বৈঠক করে নয়, দলের মধ্যে খোলাখুলি আলোচনা করার সুযোগ দিতে হবে। যদিও এর আগেই মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন, দলীয় নেতৃত্বের বিরুদ্ধে কারও অভিযোগ থাকলে তা লিখিত আকারে জমা দিতে হবে। কিন্তু সেই বার্তায় বিশেষ কাজ হয়নি বলেই মনে করছে রাজনৈতিক মহল।মঙ্গলবারের বৈঠকে কুণাল, ঋতব্রত এবং সন্দীপনদের ক্ষোভ প্রকাশ্যে আসার পরেই বুধবার তাঁদের আলাদা করে ডেকে পাঠান মমতা বন্দ্যোপাধ্যায়। রাজনৈতিক মহলের মতে, দলের অন্দরের বিদ্রোহ থামাতেই এই উদ্যোগ নিয়েছেন তৃণমূল নেত্রী।

মে ২০, ২০২৬
রাজ্য

জাহাঙ্গির ভোটে লড়ছেন না, এবার মুখ খুলল তৃণমূল! সামনে এল বড় সত্য

ফলতার পুনর্নির্বাচনের আগে আচমকা ভোটের লড়াই থেকে সরে দাঁড়ানোর ঘোষণা করেছেন তৃণমূল নেতা জাহাঙ্গির খান। মঙ্গলবার দুপুরে সাংবাদিক বৈঠক করে তিনি জানান, আগামী ২১ মে-র পুনর্নির্বাচনে তিনি আর প্রতিদ্বন্দ্বিতা করবেন না। এরপর থেকেই রাজনৈতিক মহলে শুরু হয় জোর জল্পনা। প্রশ্ন ওঠে, এই সিদ্ধান্ত কি সম্পূর্ণ তাঁর ব্যক্তিগত, নাকি দলের তরফে তাঁকে ভোটে না লড়ার নির্দেশ দেওয়া হয়েছিল?অবশেষে এই বিতর্কে মুখ খুলল তৃণমূল কংগ্রেস। দলের পক্ষ থেকে স্পষ্ট জানানো হয়েছে, নির্বাচন থেকে সরে দাঁড়ানো জাহাঙ্গির খানের ব্যক্তিগত সিদ্ধান্ত। এর সঙ্গে দলের কোনও সম্পর্ক নেই। সমাজমাধ্যমে তৃণমূলের তরফে জানানো হয়, এই সিদ্ধান্ত দলের নয়।সাংবাদিক বৈঠকে জাহাঙ্গির বলেন, ফলতার উন্নয়ন এবং সাধারণ মানুষের স্বার্থের কথা ভেবেই তিনি ভোটের লড়াই থেকে সরে দাঁড়াচ্ছেন। তবে এই সিদ্ধান্ত কেন নিলেন বা এর পিছনে অন্য কোনও কারণ রয়েছে কি না, সেই প্রশ্নের সরাসরি উত্তর দেননি তিনি।ভোটের সময় ইভিএমে টেপ লাগানো এবং আতর ছড়ানোর অভিযোগও উঠেছিল তাঁর বিরুদ্ধে। যদিও সেই সমস্ত অভিযোগ উড়িয়ে দিয়েছেন জাহাঙ্গির। তবে কারা এই কাজ করেছে, তা নিয়েও কোনও মন্তব্য করতে চাননি তিনি।এই ঘটনার পর তৃণমূল নেতা কুণাল ঘোষও মুখ খোলেন। তিনি বলেন, পুষ্পা তো ঝুকেগা নেহি। তাহলে ভয় পেল কেন? যদি ভয় পেয়ে থাকে, তাহলে প্রশ্ন উঠবে কেন এমন পরিস্থিতি তৈরি হল। কুণাল আরও বলেন, ডায়মন্ড হারবার এলাকায় অভিষেক বন্দ্যোপাধ্যায় বিপুল ভোটে জয় পেয়েছিলেন। সেই জায়গায় দাঁড়িয়ে জাহাঙ্গিরের এই সিদ্ধান্ত দলের জন্য খুব ভাল বার্তা নয় বলেও মন্তব্য করেন তিনি।জাহাঙ্গিরকে ঘিরে এই নতুন বিতর্কে এখন সরগরম রাজ্য রাজনীতি। ভোটের আগে তাঁর এই সিদ্ধান্ত আগামী দিনে ফলতার রাজনৈতিক সমীকরণে কতটা প্রভাব ফেলবে, সেদিকেই তাকিয়ে রাজনৈতিক মহল।

মে ১৯, ২০২৬
রাজ্য

“পুষ্পা ঝুকেগা নেহি” বলেই কি শেষমেশ ঝুকে গেলেন জাহাঙ্গির? ভোটের আগে বড় চমক ফলতায়

একসময় পুষ্পা ঝুকেগা নেহি বলে প্রকাশ্যে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিলেন তৃণমূল প্রার্থী জাহাঙ্গির খান। কিন্তু ফলতার পুনর্নির্বাচনের আগেই আচমকা ভোটের লড়াই থেকে সরে দাঁড়ানোর ঘোষণা করে রাজনৈতিক মহলে নতুন জল্পনা তৈরি করলেন তিনি। আগামী ২১ মে ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের অন্তর্গত ফলতায় পুনর্নির্বাচন হওয়ার কথা। তার আগেই সাংবাদিক বৈঠক করে জাহাঙ্গির জানিয়ে দিলেন, তিনি আর নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন না।জাহাঙ্গির দাবি করেছেন, ফলতার মানুষের শান্তি এবং এলাকার উন্নয়নের স্বার্থেই তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন। তাঁর কথায়, ফলতার সাধারণ মানুষের ভালোর জন্য তিনি নিজেকে ভোটের লড়াই থেকে সরিয়ে নিচ্ছেন। তবে এই সিদ্ধান্ত তিনি নিজে নিয়েছেন, নাকি দলের নির্দেশে নিয়েছেন, সেই প্রশ্নের কোনও স্পষ্ট উত্তর দেননি।ভোটের সময় ইভিএমে টেপ লাগানো বা আতর ছড়ানোর মতো অভিযোগও উঠেছিল তাঁর বিরুদ্ধে। যদিও সেই সব অভিযোগ অস্বীকার করেছেন জাহাঙ্গির। তবে কে বা কারা এই কাজ করেছে, তা নিয়েও মুখ খোলেননি তিনি।হঠাৎ কেন ভোটের ময়দান ছাড়লেন জাহাঙ্গির, তা নিয়েই এখন জোর চর্চা শুরু হয়েছে রাজনৈতিক মহলে। অনেকের মতে, ফলতায় নিজের অবস্থান দুর্বল বুঝেই হয়তো তিনি সরে দাঁড়ালেন। কারণ, এর আগে ভোটের সময় উত্তরপ্রদেশ থেকে আসা এক আইপিএস অফিসারকে হুঁশিয়ারির সুরে তিনি বলেছিলেন, পুষ্পা ঝুকেগা নেহি। সেই জাহাঙ্গিরই পুনর্নির্বাচনের আগে লড়াই ছেড়ে দেওয়ায় প্রশ্ন উঠছে, তবে কি তিনি আগেই বুঝে গিয়েছিলেন তাঁর হার প্রায় নিশ্চিত?আবার রাজনৈতিক মহলের একাংশের মতে, দলের উপর অভিমান থেকেও এই সিদ্ধান্ত হতে পারে। গত লোকসভা নির্বাচনে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিপুল ভোটে লিড দিয়েছিলেন জাহাঙ্গির। অথচ পুনর্নির্বাচনের প্রচারে অভিষেককে তাঁর পাশে দেখা যায়নি। অন্যদিকে বিজেপির হয়ে প্রচারে নেমেছিলেন শুভেন্দু অধিকারী। এমনকি বামফ্রন্টও মাঠে নেমেছিল। কিন্তু তৃণমূলের শীর্ষ নেতৃত্বের অনুপস্থিতি নিয়ে প্রশ্ন উঠছিল বারবার।এখন আরও একটি প্রশ্ন ঘুরছে রাজনৈতিক মহলে। তৃণমূল কি ইচ্ছাকৃতভাবেই জাহাঙ্গিরকে সরিয়ে দিল? ভোটের পর সরকার গঠনের পর পুনর্নির্বাচনের ঘটনা এমনিতেই রাজনৈতিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। তার মধ্যে জাহাঙ্গিরের সরে দাঁড়ানো নতুন করে বিতর্ক বাড়িয়েছে। এর আগে তিনি প্রশ্ন তুলেছিলেন, কয়েকটি বুথে অভিযোগ উঠলে পুরো বিধানসভা কেন্দ্রে কেন পুনর্নির্বাচন হবে। সেই পরিস্থিতিতে তাঁর এই সিদ্ধান্তের পিছনে রাজনৈতিক কৌশল রয়েছে কি না, তা নিয়েও শুরু হয়েছে জোর আলোচনা।

মে ১৯, ২০২৬
রাজ্য

ভোটের আগেই ফলতায় বড় ধাক্কা! গ্রেপ্তার জাহাঙ্গির ঘনিষ্ঠ তৃণমূল নেতা, চরম উত্তেজনা এলাকায়

পুনর্নির্বাচনের আর মাত্র কয়েকদিন বাকি। তার আগেই ফলতায় চরম রাজনৈতিক উত্তেজনা ছড়াল। গ্রেপ্তার হলেন তৃণমূল নেতা এবং ফলতা পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি সাইদুল খান। তিনি পুষ্পা জাহাঙ্গির খানের ঘনিষ্ঠ বলেই পরিচিত। ফলতা থানার পুলিশ শুক্রবার গভীর রাতে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করে।পুলিশ সূত্রে জানা গিয়েছে, সাইদুল খানের বিরুদ্ধে খুনের চেষ্টা এবং রাজনৈতিক হিংসা ছড়ানোর মতো গুরুতর অভিযোগ রয়েছে। দীর্ঘদিন ধরেই তাঁর বিরুদ্ধে একাধিক অভিযোগ জমা পড়েছিল। সেই অভিযোগের তদন্তে নেমেই পুলিশ তাঁর বাড়িতে হানা দেয় এবং গ্রেপ্তার করে।এই ঘটনাকে ঘিরে ইতিমধ্যেই এলাকায় রাজনৈতিক চাপানউতোর শুরু হয়েছে। যদিও এখনও পর্যন্ত এই বিষয়ে তৃণমূলের তরফে কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।নির্বাচন কমিশনের নির্দেশ অনুযায়ী আগামী ২১ মে ফলতায় পুনর্নির্বাচন হবে। ভোট গণনা হবে ২৪ মে। এর মধ্যেই রাজ্যের রাজনৈতিক পরিস্থিতিতে বড় পরিবর্তন হয়েছে। তৃণমূলকে সরিয়ে রাজ্যে ক্ষমতায় এসেছে বিজেপি। নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী শনিবার ডায়মন্ড হারবারে প্রশাসনিক বৈঠক করবেন। এরপর ফলতায় তাঁর কর্মিসভা রয়েছে। আগামী ১৯ মে প্রচারের শেষ দিনে ফলতায় মুখ্যমন্ত্রীর রোড শো হওয়ার কথাও রয়েছে। ফলে বিজেপি কর্মীদের মধ্যে উৎসাহ তুঙ্গে।এই আবহেই দীর্ঘদিন পর শুক্রবার প্রকাশ্যে দেখা গেল ফলতার তৃণমূল প্রার্থী জাহাঙ্গির খানকে। সকালে তিনি বাড়ি থেকে বেরিয়ে শ্রীরামপুরে নিজের দলীয় কার্যালয়ে যান। উল্লেখ্য, ২৯ এপ্রিল ওই অফিস থেকেই ভোট পরিচালনা করেছিলেন তিনি।বিজেপি রাজ্যে ক্ষমতায় আসার পর ওই দলীয় কার্যালয়ে হামলা ও ভাঙচুর চালানোর অভিযোগ উঠেছিল বিজেপি কর্মীদের বিরুদ্ধে। সেখানে বিজেপির পতাকাও লাগানো হয়েছিল বলে অভিযোগ। শুক্রবার ফের নিজের অফিসে গিয়ে জাহাঙ্গির খান দাবি করেন, তিনি কোথাও পালিয়ে ছিলেন না।জাহাঙ্গির বলেন, বিজেপি ক্ষমতায় আসার পর থেকে কেন্দ্রীয় বাহিনীকে ব্যবহার করে তৃণমূল নেতা-কর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া হচ্ছে। সেই কারণেই এলাকার শান্তি বজায় রাখতে তিনি প্রকাশ্যে আসেননি। তাঁর কথায়, পুলিশ তাঁকে বাড়িতে ফিরিয়ে এনেছে বলে যে দাবি করা হচ্ছে, তা সম্পূর্ণ মিথ্যা। তিনি এতদিন বাড়িতেই ছিলেন।ফলতায় পুনর্নির্বাচনের আগে এই ঘটনাকে ঘিরে রাজনৈতিক উত্তেজনা আরও বাড়ল বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।

মে ১৬, ২০২৬

ট্রেন্ডিং

রাজ্য

ক্লাস সেভেনে মুদি দোকানে চুরির অভিযোগ, বড় হয়ে ডাকাতি! শেষমেশ পুলিশের গুলিতে জখম ‘প্যাঁও’

ক্লাস সেভেনে পড়ার সময়ই চুরির অভিযোগ উঠেছিল তার বিরুদ্ধে। একটি মুদি দোকানে চুরির অভিযোগে ধরাও পড়েছিল সে। পাঠানো হয়েছিল কিশোর সংশোধনাগারে। কিন্তু সেখান থেকে ফিরে নিজেকে বদলাতে পারেনি প্রতাপ দাস। বরং সময়ের সঙ্গে সঙ্গে অপরাধের জগতে আরও গভীরে ঢুকে পড়ে সে। চুরির অভিযোগ থেকে ডাকাতি, আগ্নেয়াস্ত্র নিয়ে এলাকায় দাপাদাপি, এমনকি সাইবার প্রতারণাএকাধিক অপরাধে নাম জড়িয়েছে বছর পঁচিশের প্রতাপের। আসানসোল, হিরাপুর, সালানপুর থেকে পুরুলিয়া, বিভিন্ন এলাকায় তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে। পাড়ায় প্যাঁও নামেই পরিচিত সে।২০২৩ সালে একটি পেট্রল পাম্পে গুলি চালানোর অভিযোগে গ্রেপ্তার হয়েছিল প্রতাপ। সেই ঘটনায় বেশ কয়েক বছর জেলেও থাকতে হয় তাকে। জেল থেকে ছাড়া পাওয়ার পর আবার অপরাধের জগতে ফিরে আসে সে। তবে এ বার অপরাধের ধরন বদলে যায়। সাইবার প্রতারণায় জড়িয়ে পড়ে প্রতাপ। একটি বিয়ের বিজ্ঞাপনের ওয়েবসাইট খুলে প্রতারণা করার অভিযোগ ওঠে তার বিরুদ্ধে। সেই অভিযোগের তদন্তেই গত বুধবার তার খোঁজে তল্লাশি শুরু করে পুলিশ।আসানসোলের হিরাপুরের মাদার টেরিজা কলোনিতে প্রতাপের বাড়ি। কাছেই পাঁজাগলির পিছনে তার মামাবাড়ি। দুটি এলাকাই পাশাপাশি। ছোট থেকে ওই এলাকায় বড় হওয়ায় এলাকার অলিগলি এবং বাসিন্দাদের চেনা ছিল তার। পুলিশের অনুমান, পরিচিত এলাকা হওয়ায় সেখানেই লুকিয়ে থাকার পরিকল্পনা করেছিল প্রতাপ। ভেবেছিল, নিজের পাড়ার গলিতে আত্মগোপন করলে পুলিশের চোখ এড়ানো সহজ হবে। কিন্তু শেষ পর্যন্ত সেই খবরও পুলিশের কাছে পৌঁছে যায়।এর পর ইসমাইলের গুরু নানক পল্লিতে প্রতাপের একটি গোপন আস্তানায় হানা দেয় পুলিশ। পুলিশের দাবি, সেই সময় তাদের লক্ষ্য করে গুলি চালিয়ে পালিয়ে যায় সে। ঘটনার পরই আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেটের তরফে শিল্পাঞ্চল জুড়ে তল্লাশি শুরু হয়। বাংলা-ঝাড়খণ্ড সীমানাতেও শুরু হয় নাকা তল্লাশি।উপ-পুলিশ কমিশনার ধ্রুব দাসের নেতৃত্বে গোয়েন্দা বিভাগের আধিকারিক এবং বিভিন্ন থানার ওসিরা সাদা পোশাকে তল্লাশি চালান। তদন্তে বাধা দেওয়ার অভিযোগে প্রতাপের মামা বাম দাস-সহ তার দলের প্রায় ১৫ থেকে ২০ জনকে আটক করে পুলিশ। প্রতাপের খোঁজে বিভিন্ন এলাকায় নজরদারিও বাড়ানো হয়।পুলিশ সূত্রে খবর, বিভিন্ন থানায় প্রতাপের বিরুদ্ধে প্রায় ২০টি মামলা রয়েছে। দীর্ঘদিন ধরে পুলিশের হাত থেকে বাঁচতে বারবার নিজের থাকার জায়গা, সিম কার্ড এবং বাইক বদল করত সে। সেই কারণে তার খোঁজ পাওয়া কঠিন হয়ে পড়েছিল তদন্তকারীদের কাছে।অবশেষে শুক্রবার ভোরে পুলিশের অভিযানে গ্রেপ্তার হয় প্রতাপ। পুলিশের গুলিতে তার পায়ে আঘাত লাগে বলে জানা গিয়েছে। দীর্ঘদিন ধরে পলাতক থাকা এই অভিযুক্তের গ্রেপ্তারিকে বড় সাফল্য বলে মনে করছে আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেট।

নভেম্বর ২৭, ২০২৬
দেশ

এসআইআর নিয়ে ফের বিতর্ক! বাড়ি বাড়ি গিয়ে নথি চাইছে পুলিশ, কার নির্দেশে এই কাজ? সুপ্রিম কোর্টে নতুন মামলা

এসআইআর নিয়ে নতুন করে বিতর্ক রাজ্যে। ভোটার তালিকায় নাম বাদ পড়া ব্যক্তিদের বাড়ি বাড়ি গিয়ে নথি সংগ্রহ করছে পুলিশ। কিন্তু কার নির্দেশে এই কাজ করছে পুলিশ? নির্বাচন কমিশনের অনুমতি রয়েছে কি? এই প্রশ্ন তুলেই সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় তৃণমূল। তবে এই বিষয়ে এখনই শুনানি করতে রাজি হয়নি শীর্ষ আদালত। প্রধান বিচারপতি সূর্য কান্তের বেঞ্চের পরামর্শ, এই অভিযোগ নিয়ে প্রথমে কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হতে পারেন মামলাকারীরা।জানা গিয়েছে, এসআইআরে নাম বাদ পড়ার পর যাঁরা ট্রাইব্যুনালে আবেদন করেছেন এবং যাঁদের মামলা এখনও বিচারাধীন, তাঁদের নথি ও অন্যান্য তথ্য সংগ্রহ করছে পুলিশ। আইনজীবী গোপাল শঙ্কর নারায়ণের অভিযোগ, নির্বাচন কমিশনের অনুমতি ছাড়াই এই কাজ করছে পুলিশ। হাওড়া, কালনা থেকে ধূপগুড়িরাজ্যের বিভিন্ন জায়গায় পুলিশ বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ করছে বলে দাবি তাঁর।অন্য দিকে, আইনজীবী প্রশান্ত ভূষণের দাবি, পুরভোটের আগে যাঁদের নাম সংক্রান্ত মামলার নিষ্পত্তি হবে না, তাঁদের ভোট দেওয়ার অধিকার ফিরিয়ে দেওয়া উচিত।শুক্রবার এই বিষয়ে সুপ্রিম কোর্টের দৃষ্টি আকর্ষণ করা হয়। প্রধান বিচারপতি সূর্য কান্ত, বিচারপতি জয়মাল্য বাগচী এবং বিচারপতি ভি মোহনার বেঞ্চ জানায়, আপাতত এই বিষয়ে হস্তক্ষেপ করতে চায় না আদালত। মামলাকারীরা চাইলে কলকাতা হাই কোর্টে অভিযোগ জানাতে পারেন। ফলে এসআইআর প্রক্রিয়ায় পুলিশের নথি সংগ্রহ নিয়ে আপাতত কোনও নির্দেশ দিল না শীর্ষ আদালত।এই ঘটনা নিয়ে সরব হয়েছেন তৃণমূল নেতা তথা বেলেঘাটার বিধায়ক কুণাল ঘোষ। তাঁর প্রশ্ন, বৈধ ভোটারদের নাম যাতে কোনও ভাবেই বাদ না যায়, তা নিশ্চিত করতে হবে। কিন্তু পুলিশ কেন বাড়ি বাড়ি গিয়ে নথি চাইছে, তা নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি। কুণালের বক্তব্য, নির্বাচন কমিশন কি পুলিশকে এই দায়িত্ব দিয়েছে? কমিশনকে স্পষ্ট করে জানাতে হবে, তাদের নির্দেশেই পুলিশ নথি সংগ্রহ করছে কি না। তাঁর অভিযোগ, পুলিশের এই তৎপরতায় সাধারণ ভোটারদের মধ্যে অযথা ভয় বা চাপ তৈরি হতে পারে।একই প্রশ্ন তুলেছেন সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিমও। তাঁর দাবি, যাঁদের নাম নিয়ে ট্রাইব্যুনালে মামলা চলছে, তাঁদের বাড়িতে গিয়ে নথি দেখতে চাইছে পুলিশ। কিন্তু কে ভোটার হবেন, আর কে হবেন না, তা ঠিক করার দায়িত্ব পুলিশের নয়। সেলিমের প্রশ্ন, কোন কর্তৃপক্ষের নির্দেশে পুলিশ ভোটারদের নথি পরীক্ষা করছে? তাঁর অভিযোগ, রাজনৈতিক সমস্যায় পড়লেই পুলিশকে সামনে আনা হচ্ছে।যদিও পুলিশের এই ভূমিকার পক্ষে সওয়াল করেছে বিজেপি। দলের রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্যের দাবি, পশ্চিমবঙ্গ সীমান্তবর্তী রাজ্য হওয়ায় নিরাপত্তার স্বার্থে পুলিশের এই তৎপরতা প্রয়োজন। তাঁর বক্তব্য, রাজ্যের বিভিন্ন জায়গা থেকে জঙ্গি সংগঠনের সঙ্গে যুক্ত সন্দেহে অভিযুক্তদের গ্রেপ্তার করা হয়েছে। অনুপ্রবেশের অভিযোগে ধৃত অনেকের কাছ থেকে ভুয়ো পরিচয়পত্রও উদ্ধার হয়েছে। সেই পরিচয়পত্রের সঙ্গে বারাসত, মধ্যমগ্রাম, শিলিগুড়ি এবং সোনারপুরের যোগ পাওয়া গিয়েছে বলে দাবি করেন তিনি। তাই পুলিশের বাড়ি বাড়ি গিয়ে তথ্য যাচাই করা প্রয়োজন বলেই মনে করেন শমীক।সব মিলিয়ে এসআইআর প্রক্রিয়ায় পুলিশের ভূমিকা নিয়ে নতুন করে রাজনৈতিক চাপানউতোর শুরু হয়েছে রাজ্যে। এক দিকে পুলিশের নথি সংগ্রহের এক্তিয়ার নিয়ে প্রশ্ন তুলছে বিরোধী দলগুলি, অন্য দিকে নিরাপত্তার যুক্তিতে পুলিশের পদক্ষেপকে সমর্থন করছে বিজেপি। এই পরিস্থিতিতে নির্বাচন কমিশন কী অবস্থান নেয়, এখন সেদিকেই নজর।

নভেম্বর ২৭, ২০২৬
রাজ্য

হাই কোর্টের কড়া নির্দেশ, শেষ পর্যন্ত আত্মসমর্পণ মিলন প্রধানের! নন্দীগ্রামে নতুন করে চর্চা

নন্দীগ্রামের উপনির্বাচনের সময় মমতা বন্দ্যোপাধ্যায় তাঁকে সমর্থনের কথা ঘোষণা করেছিলেন। তার পরেই গ্রেপ্তার হন কংগ্রেস প্রার্থী মিলন প্রধান। পরে অন্তর্বর্তী জামিন পান তিনি। কিন্তু সেই জামিনের মেয়াদ শেষ হওয়ায় ফের আদালতের দ্বারস্থ হয়েছিলেন নন্দীগ্রামের এই কংগ্রেস নেতা। শেষ পর্যন্ত কলকাতা হাই কোর্টের নির্দেশ মেনে শুক্রবার হলদিয়া আদালতে আত্মসমর্পণ করলেন মিলন। তাঁর অভিযোগ, তাঁকে মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে।২০০৭ সালে নন্দীগ্রামে জমি অধিগ্রহণ বিরোধী আন্দোলনের সময়কার একাধিক মামলায় উপনির্বাচনের আগে গ্রেপ্তার হয়েছিলেন মিলন। খুন, খুনের চেষ্টা, বেআইনি জমায়েত এবং লুটপাটের মতো অভিযোগে নন্দীগ্রাম ও খেজুরি থানায় তাঁর বিরুদ্ধে মোট ছটি মামলা দায়ের হয়েছিল। ভোটের আগে সেই মামলাগুলিতেই তাঁকে গ্রেপ্তার করা হয়। জামিনের জন্য কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হন কংগ্রেস প্রার্থী।ভোটের আগে সব কটি মামলাতেই শর্তসাপেক্ষে অন্তর্বর্তী জামিন পান মিলন। বিচারপতি নির্দেশ দিয়েছিলেন, ২৫ নভেম্বর পর্যন্ত তাঁর জামিন বহাল থাকবে। নির্বাচনী প্রক্রিয়া শেষ হওয়ার পর তাঁকে আদালতে আত্মসমর্পণ করতে হবে। হাই কোর্টের এই নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে গিয়েছিল রাজ্য সরকার। তবে হাই কোর্টের নির্দেশে হস্তক্ষেপ করেনি শীর্ষ আদালত। মিলনের অন্তর্বর্তী জামিন বহাল রাখার পাশাপাশি রাজ্যকে হাই কোর্টের দ্বারস্থ হওয়ার নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট।এর পরেও নির্ধারিত সময়ে আত্মসমর্পণ করেননি মিলন। শুক্রবারের আগে ফের জামিনের আবেদন নিয়ে কলকাতা হাই কোর্টে যান তিনি। বিচারপতি তীর্থঙ্কর ঘোষের বেঞ্চে মামলার শুনানি হয়। আদালতের নির্দেশ থাকা সত্ত্বেও কেন তিনি আত্মসমর্পণ করেননি, তা নিয়ে অসন্তোষ প্রকাশ করেন বিচারপতি। আগামী ২৭ নভেম্বরের মধ্যে তাঁকে আত্মসমর্পণের নির্দেশ দেওয়া হয়। সেই নির্দেশ মেনেই শুক্রবার হলদিয়া আদালতে পৌঁছে আত্মসমর্পণ করেন মিলন প্রধান। আদালতে যাওয়ার পরেও তাঁর দাবি, মিথ্যা মামলায় তাঁকে ফাঁসানো হয়েছে।

নভেম্বর ২৭, ২০২৬
দেশ

ট্রাম্পের ‘আমেরিকা প্রথম’ নীতির ধাক্কা ভারতীয় কর্মীদের! আইবিএমের নতুন সিদ্ধান্তে ৩১ ডিসেম্বরের মধ্যে দেশ ছাড়ার নির্দেশ?

আমেরিকায় কর্মরত বহু বিদেশি কর্মীর ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা তৈরি হল। তাঁদের মধ্যে রয়েছেন বহু ভারতীয়ও। সৌজন্যে তথ্যপ্রযুক্তি সংস্থা আইবিএমের নয়া সিদ্ধান্ত। সংস্থার কনসাল্টিং ব্যবসার অধিকাংশ পদে আর এইচ-১বি ভিসা এবং গ্রিন কার্ডের জন্য স্পনসর করবে না আইবিএম। এর ফলে সমস্যায় পড়তে পারেন আমেরিকায় কর্মরত বহু বিদেশি কর্মী। সংস্থার তরফে কর্মীদের জানানো হয়েছে, আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে আমেরিকা ছাড়তে হবে তাঁদের। অন্যথায় চাকরি ছাড়তে হতে পারে। আইবিএমের এই সিদ্ধান্তে স্বাভাবিক ভাবেই উদ্বেগ বেড়েছে ভারতীয় কর্মীদের মধ্যে।আইবিএমের কনসাল্টিং ব্যবসায় দেড় লক্ষেরও বেশি কর্মী রয়েছেন। তাঁদের মধ্যে আমেরিকায় কর্মরত বিদেশি কর্মীর সংখ্যাও কম নয়। এই কর্মীদের বড় অংশই ভারতীয় বলে জানা গিয়েছে। তবে সংস্থার এই সিদ্ধান্তে ঠিক কতজন ভারতীয় কর্মী প্রভাবিত হবেন, তা এখনও স্পষ্ট নয়। বিশেষ করে যাঁরা এইচ-১বি ভিসায় আমেরিকায় কাজ করছেন এবং গ্রিন কার্ডের অপেক্ষায় রয়েছেন, তাঁদের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।বিভিন্ন সূত্রের খবর, আমেরিকার বাইরে অন্য কোনও দেশে গিয়ে কাজ করার সুযোগও কর্মীদের দিচ্ছে আইবিএম। আগামী তিন সপ্তাহের মধ্যে সংস্থাকে নিজেদের সিদ্ধান্ত জানাতে হবে তাঁদের। কেউ যদি অন্য দেশে গিয়ে কাজ করতে না চান, সে ক্ষেত্রে তিন মাসের বেতন ক্ষতিপূরণ হিসেবে দিয়ে চাকরি থেকে সরিয়ে দেওয়া হতে পারে। আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে এই প্রক্রিয়া শেষ করার পরিকল্পনা রয়েছে সংস্থার।কেন এমন সিদ্ধান্ত নিল আইবিএম? সংস্থার দাবি, বদলে যাওয়া ব্যবসায়িক পরিস্থিতি এবং দক্ষ কর্মীদের সহজলভ্যতার কথা মাথায় রেখেই এই পদক্ষেপ। আইবিএমের এক মুখপাত্র জানিয়েছেন, আমেরিকায় দক্ষ কর্মীর চাহিদা মেটাতে এত দিন এইচ-১বি ভিসার মাধ্যমে বিদেশি কর্মীদের নিয়োগ করা হত। কিন্তু গত কয়েক বছরে এই ধরনের কর্মীর প্রয়োজন অনেকটাই কমেছে। গ্রাহকদের চাহিদা এবং কর্মীদের দক্ষতার কথা বিবেচনা করেই কনসাল্টিং ব্যবসার অধিকাংশ ক্ষেত্রে এইচ-১বি ভিসা ও গ্রিন কার্ডের স্পনসরশিপ বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে সংস্থার সমস্ত বিভাগে এই নিয়ম কার্যকর হবে না বলেও জানিয়েছেন তিনি।প্রসঙ্গত, গত কয়েক বছর ধরে আইবিএমের কনসাল্টিং ব্যবসায় তেমন বৃদ্ধি হয়নি। ২০২৪ সাল থেকে এই ব্যবসায় প্রায় একই অবস্থায় রয়েছে সংস্থাটি। অন্য দিকে, নিজেদের ব্যবসার ধরন বদলে আরও বেশি সফটওয়্যার-কেন্দ্রিক সংস্থা হয়ে ওঠার চেষ্টা করছে আইবিএম। সেই লক্ষ্যে রেড হ্যাট, হ্যাশিকর্প এবং কনফ্লুয়েন্টের মতো সংস্থাকে অধিগ্রহণ করেছে তারা।আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আমেরিকা প্রথম নীতির আবহে বিদেশি কর্মীদের নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। তার মধ্যেই আইবিএমের এই সিদ্ধান্ত ভারতীয় তথ্যপ্রযুক্তি কর্মীদের উদ্বেগ আরও বাড়াল। তবে সংস্থার বক্তব্য অনুযায়ী, এই পদক্ষেপের মূল কারণ ব্যবসায়িক চাহিদার পরিবর্তন। ফলে কতজন ভারতীয় কর্মী শেষ পর্যন্ত সমস্যায় পড়বেন, তা এখনও স্পষ্ট নয়।

নভেম্বর ২৭, ২০২৬
রাজ্য

পুলিশের চোখে ধুলো দিয়ে বারবার পালানোর চেষ্টা! শেষরক্ষা হল না সাইবার প্রতারক প্রতাপের, এনকাউন্টারে ঝরল রক্ত

বুধবার পুলিশের হাত থেকে বাঁচতে গুলি চালিয়ে পালিয়ে গিয়েছিল সে। তারপর থেকেই তার খোঁজে তল্লাশি চালাচ্ছিল পুলিশ। অবশেষে শুক্রবার ভোরে আসানসোলের ইসমাইলে পুলিশের অভিযানে ধরা পড়ল সাইবার প্রতারণায় অভিযুক্ত প্রতাপ দাস ওরফে প্যাও। পুলিশের দাবি, এ দিনও পালানোর চেষ্টা করে সে। পুলিশকে লক্ষ্য করে গুলি চালানোর চেষ্টা করলে পাল্টা গুলি চালানো হয়। তাতে প্রতাপের পায়ে গুলি লাগে। জখম অবস্থায় তাকে গ্রেপ্তার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।পুলিশ সূত্রে খবর, সাইবার প্রতারণা-সহ একাধিক অপরাধের সঙ্গে যুক্ত প্রতাপ। পুজোর আগেই জেল থেকে ছাড়া পেয়েছিল সে। তার পর থেকেই কার্যত নিখোঁজ ছিল অভিযুক্ত। আসানসোলের ইসমাইল এলাকায় একটি বাড়িতে ভাড়া থাকত তার পরিবার। পুলিশের কাছে খবর আসে, দীর্ঘদিন পলাতক থাকার পর গত বুধবার সেই বাড়িতে ফিরেছে প্রতাপ।এর পরেই আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেটের আধিকারিকদের নেতৃত্বে ওই বাড়িতে অভিযান চালানো হয়। পুলিশ বাড়িটি ঘিরে ফেলেছে বুঝতে পেরেই পরপর কয়েক রাউন্ড গুলি চালিয়ে পালিয়ে যায় প্রতাপ। তার পর থেকেই অভিযুক্তের খোঁজে তল্লাশি শুরু করে পুলিশ।শুক্রবার ভোররাতে গোপন সূত্রে খবর আসে, ইসমাইল এলাকার একটি গোপন আস্তানায় ফিরে এসেছে প্রতাপ। খবর পেয়েই বিশাল পুলিশ বাহিনী সেখানে পৌঁছয়। এলাকার অলিগলিতে শুরু হয় তল্লাশি। শেষ পর্যন্ত ওই আস্তানা থেকেই তার খোঁজ মেলে।পুলিশের দাবি, এ বারও পালানোর চেষ্টা করে প্রতাপ। সেই সময় আগ্নেয়াস্ত্র নিয়ে পুলিশকে লক্ষ্য করে গুলি চালানোর চেষ্টা করে সে। পরিস্থিতি সামাল দিতে পাল্টা গুলি চালায় পুলিশ। তাতেই প্রতাপের পায়ে গুলি লাগে। রক্তাক্ত অবস্থায় মাটিতে পড়ে যায় সে। এর পর তাকে গ্রেপ্তার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

নভেম্বর ২৭, ২০২৬
রাজ্য

সন্ধ্যা থেকে রাত পর্যন্ত জেরা, তার পরেই গ্রেপ্তার! মালদহে রেল নিয়োগ দুর্নীতিতে বড় পদক্ষেপ সিবিআইয়ের

রেলে চাকরি দেওয়ার নামে মোটা টাকা ঘুষ নেওয়ার অভিযোগ। সেই অভিযোগের ভিত্তিতে মালদহে এক রেলকর্মীকে গ্রেপ্তার করল সিবিআই। ধৃতের নাম উমাশংকর পান্ডে। তিনি পূর্ব রেলের মালদহ ডিভিশনে কর্মরত ছিলেন। বৃহস্পতিবার সন্ধ্যা থেকে প্রায় ছঘণ্টা ধরে জিজ্ঞাসাবাদের পর রাত পৌনে ১১টা নাগাদ তাঁকে গ্রেপ্তার করেন কেন্দ্রীয় তদন্তকারীরা। পরে তাঁর কোয়ার্টারেও তল্লাশি চালিয়ে সেটি সিল করে দেওয়া হয়।সিবিআই সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার সন্ধ্যায় ইংরেজবাজারের ঝলঝলিয়ায় পূর্ব রেলের মালদহ ডিভিশনের ডিআরএম দফতরে অভিযান চালান তদন্তকারীরা। ওই দফতরেই সুপারিন্টেন্ডেন্ট পদে কর্মরত ছিলেন উমাশংকর। সেখান থেকেই তাঁকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেন সিবিআই আধিকারিকেরা। প্রায় ছঘণ্টা ধরে জিজ্ঞাসাবাদের পর তাঁকে গ্রেপ্তার করা হয়।তদন্তকারীদের অভিযোগ, পূর্ব রেলে চাকরি পাইয়ে দেওয়ার নাম করে একাধিক ব্যক্তির কাছ থেকে মোটা টাকা ঘুষ নিয়েছিলেন উমাশংকর। সেই অভিযোগের তদন্তেই তাঁর দফতরে হানা দেন সিবিআই আধিকারিকেরা। গ্রেপ্তারের পর তাঁর কোয়ার্টারেও তল্লাশি চালানো হয়। পরে সেটি সিল করে দেন তদন্তকারীরা।এই গ্রেপ্তারির ঘটনায় মালদহ রেল ডিভিশনের আধিকারিক ও কর্মীদের মধ্যে চাঞ্চল্য ছড়িয়েছে। রেলে নিয়োগের নামে ঠিক কী ধরনের দুর্নীতি হয়েছিল, এই ঘটনায় আর কারও যোগ রয়েছে কি না, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। উমাশংকরের সঙ্গে আরও কেউ যুক্ত ছিলেন কি না, সেই দিকটিও খতিয়ে দেখা হচ্ছে বলে সিবিআই সূত্রে খবর।

নভেম্বর ২৭, ২০২৬
রাজ্য

স্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনের কামরায় দাউদাউ আAগুন! অল্পের জন্য রক্ষা যাত্রীরা, কাটোয়ায় আতঙ্ক

স্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনের কামরায় আচমকাই আগুন! মুহূর্তের মধ্যে ধোঁয়ায় ঢেকে গেল গোটা কামরা। আগুনের লেলিহান শিখা দেখে আতঙ্ক ছড়িয়ে পড়ে কাটোয়া স্টেশনে। বৃহস্পতিবার রাতের এই ঘটনায় অল্পের জন্য রক্ষা পান যাত্রীরা। দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজে হাত লাগান রেলকর্মীরা। অগ্নিনির্বাপক যন্ত্রের সাহায্যে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। তবে ততক্ষণে বর্ধমান-কাটোয়া লোকালের ভেন্ডার কামরার একাংশ পুড়ে গিয়েছে। কী কারণে আগুন লাগল, তা খতিয়ে দেখছে রেল কর্তৃপক্ষ।রেল সূত্রে খবর, বৃহস্পতিবার রাত সাড়ে ৮টা নাগাদ বর্ধমান স্টেশন থেকে কাটোয়ার উদ্দেশে রওনা দেয় ডাউন বর্ধমান-কাটোয়া লোকাল। রাত পৌনে ১০টা নাগাদ ট্রেনটি কাটোয়া স্টেশনের ৬ নম্বর প্ল্যাটফর্মে পৌঁছয়। যাত্রীরা ট্রেন থেকে নেমে যাওয়ার পরেই নজরে আসে ভেন্ডার কামরার ভিতরে আগুন জ্বলছে। মুহূর্তের মধ্যে স্টেশনে আতঙ্ক ছড়িয়ে পড়ে।খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় রেল পুলিশ এবং রেল সুরক্ষা বাহিনী। দেখা যায়, ভেন্ডার কামরার ভিতরে থাকা কাঠের চেয়ারে আগুন জ্বলছে। দেরি না করে অগ্নিনির্বাপক যন্ত্র নিয়ে আগুন নেভানোর কাজে নামেন রেলকর্মীরা। বেশ কিছুক্ষণের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। তবে আগুনে কামরার একাংশ ক্ষতিগ্রস্ত হয়েছে।এর পর ঘটনাস্থলে পৌঁছন রেলের আধিকারিকেরা। শুরু হয় তদন্ত। কীভাবে আগুন লাগল, তা এখনও স্পষ্ট নয়। প্রাথমিক ভাবে শর্ট সার্কিট অথবা ধূমপান থেকে আগুন ছড়িয়ে থাকতে পারে বলে অনুমান করা হচ্ছে। তবে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত আগুন লাগার কারণ নিয়ে নিশ্চিত করে কিছু বলতে চাইছে না রেল কর্তৃপক্ষ।উল্লেখযোগ্য বিষয় হল, মাত্র নমাস আগেও কাটোয়া স্টেশনে দাঁড়িয়ে থাকা একটি ট্রেনের কামরায় আগুন লাগার ঘটনা ঘটেছিল। ফের একই ধরনের ঘটনায় রেলের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। বারবার এমন ঘটনা ঘটলেও স্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনের কামরাগুলিতে নজরদারি কতটা রয়েছে, তা নিয়ে উদ্বেগ প্রকাশ করছেন যাত্রীরা।এই বিষয়ে কাটোয়া স্টেশনের স্টেশন ম্যানেজার সুপ্রভাত ভট্টাচার্যকে প্রশ্ন করা হলে তিনি জানান, তদন্ত না করে আগুন লাগার কারণ সম্পর্কে কিছু বলা সম্ভব নয়।

নভেম্বর ২৭, ২০২৬
রাজ্য

জাঁকিয়ে শীতের আমেজ রাজ্যে, ১৭ ডিগ্রিতে নামল কলকাতার পারদ! এরই মধ্যে ঘূর্ণাবর্তের চোখরাঙানি, ফের বৃষ্টির আশঙ্কা?

টানা বৃষ্টির পর ধীরে ধীরে বদলাতে শুরু করেছে রাজ্যের আবহাওয়া। গত কয়েক দিনে বেশ খানিকটা কমেছে তাপমাত্রা। সকাল ও রাতের দিকে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় অনুভূত হচ্ছে শীতের আমেজ। তিলোত্তমায় তাপমাত্রা নেমে এসেছে ১৭ ডিগ্রি সেলসিয়াসে। পশ্চিমের জেলাগুলিতে পারদ ঘোরাফেরা করছে ১৩ থেকে ১৫ ডিগ্রির মধ্যে। তবে শীতের এই আমেজের মধ্যেই নতুন করে বৃষ্টির আশঙ্কা তৈরি হয়েছে। আবহাওয়া দফতরের পূর্বাভাস, ২৯ নভেম্বর আন্দামান সাগরের কাছে একটি ঘূর্ণাবর্ত তৈরি হতে পারে। শক্তি বাড়িয়ে সেটি নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে। অন্য দিকে দক্ষিণ ওড়িশা এবং দক্ষিণ গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপরেও রয়েছে আরও একটি ঘূর্ণাবর্ত।আবহাওয়া দফতর সূত্রে খবর, আন্দামান সাগরের কাছে তৈরি হতে চলা ঘূর্ণাবর্তটি শক্তি বাড়িয়ে নিম্নচাপে পরিণত হতে পারে। এর অভিমুখ থাকতে পারে শ্রীলঙ্কা উপকূলের দিকে। পাশাপাশি দক্ষিণ ওড়িশা এবং দক্ষিণ গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপরেও একটি ঘূর্ণাবর্ত রয়েছে। এই দুই পরিস্থিতির জেরে আগামী দিনে আবহাওয়ার পরিবর্তন হতে পারে। ফলে বৃষ্টির সম্ভাবনাও একেবারে উড়িয়ে দিচ্ছেন না আবহবিদেরা।অন্য দিকে, উত্তুরে হাওয়ার প্রভাবে রাজ্য জুড়ে কমেছে তাপমাত্রা। কলকাতা ও সংলগ্ন এলাকায় পারদ ঘোরাফেরা করছে ১৭ থেকে ১৯ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। পশ্চিমের জেলাগুলিতে তাপমাত্রা রয়েছে ১৩ থেকে ১৫ ডিগ্রির আশপাশে। আগামী দুদিন তাপমাত্রার বিশেষ পরিবর্তন হওয়ার সম্ভাবনা নেই। তবে কিছু জায়গায় সামান্য বাড়তে পারে পারদ। আপাতত সকাল ও রাতের দিকে শীতের আমেজ বজায় থাকবে বলেই মনে করা হচ্ছে।উত্তরবঙ্গেও জাঁকিয়ে বসতে শুরু করেছে শীত। তাপমাত্রা কমার সঙ্গে সঙ্গে সকালবেলা কুয়াশায় ঢেকে যাচ্ছে বিভিন্ন জেলা। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আকাশ পরিষ্কার হয়ে যাবে। দার্জিলিঙে তাপমাত্রা নেমে এসেছে ৫ ডিগ্রি সেলসিয়াসে। অন্য দিকে, সান্দাকফুতে রাতের তাপমাত্রা নেমেছে ৩ ডিগ্রিতে। ফলে পাহাড়ে বেড়াতে যাওয়া পর্যটকেরা ইতিমধ্যেই চুটিয়ে শীত উপভোগ করছেন।

নভেম্বর ২৭, ২০২৬

Ads

You May Like

Gallery

265-year-old "Mukhopadhyay House" in Bhavanandpur, Kalnar, played vermilion on Dasami during Durga Puja
BJP candidate Locket Chatterjee campaigned on the banks of the Ganges from Chandannagar Ranighat to Triveni Ghat wishing New Year.
A living depiction of history with a touch of color, everyone is enthralled by the initiative of the Eastern Railway
Sucharita Biswas actress and model on Durga Puja
Lord Kalabau came up in palanquin; Navapatrika walked towards the mandap - the puja started
On Sunday, the 'Hilsa festival' is celebrated in the city with great joy.
Check out who has joined Mamata's new cabinet
Take a look at the list of recipients at the Bangabibhushan award ceremony
If you are grassroots, you will get ration for free. Lakshmi Bhandar, Kanyashree, Swastha Sathi, Krishakbandhu, Oikyashree, Sabujsathi — you will get all.

Categories

  • কলকাতা
  • রাজ্য
  • দেশ
  • বিদেশ
  • রাজনীতি
  • খেলার দুনিয়া
  • বিনোদুনিয়া
  • সম্পাদকীয়
  • নিবন্ধ
  • ভ্রমণ
  • রাশিফল
  • টুকিটাকি
  • চিত্রহার
  • বিবিধ
  • ভিডিও

Company

  • About Us
  • Advertise
  • Privacy
  • Terms of Use
  • Contact Us
Copyright © 2026 Janatar Katha News Portal