সরকারি জমি দখল করে প্রায় ১০ কোটি টাকার বিলাসবহুল বাড়ি তৈরির অভিযোগ উঠেছে ফলতার তৃণমূল নেতা জাহাঙ্গির খানের বিরুদ্ধে। সেই বাড়ি ভাঙার কাজ শুরু করেছে প্রশাসন। এ বার ওই জমি উদ্ধার করে সেখানে গরিব মানুষের জন্য আবাসন তৈরির ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। শুধু জাহাঙ্গির নন, সন্দেশখালির প্রাক্তন তৃণমূল নেতা শেখ শাহজাহানের সম্পত্তি নিয়েও কড়া বার্তা দিয়েছেন তিনি। শুভেন্দুর স্পষ্ট হুঁশিয়ারি, “এই সরকার কাউকে ছাড়বে না।”
বৃহস্পতিবার ছটপুজোর একটি অনুষ্ঠানে যোগ দিতে হাওড়ায় গিয়েছিলেন মুখ্যমন্ত্রী। সেখান থেকেই ফলতার জাহাঙ্গির খানকে নিশানা করেন তিনি। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ বলে পরিচিত এই নেতার নাম করে শুভেন্দু বলেন, ফলতায় কী চলছে, তা সবাই দেখতে পাচ্ছেন। সরকারি জমি দখল করে ১০ কোটি টাকার বিলাসবহুল বাড়ি তৈরি করা হয়েছিল। পুষ্পা ওরফে জাহাঙ্গির খান বলেছিলেন, ‘ঝুঁকেগা নেহি’। কিন্তু তাঁর বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে।
শুধু হুঁশিয়ারি দিয়েই থেমে থাকেননি শুভেন্দু। ওই জমি উদ্ধার করে সেখানে স্থানীয় গরিব মানুষের জন্য আবাস যোজনার বাড়ি তৈরি করা হবে বলেও ঘোষণা করেন তিনি।
এর পরেই সন্দেশখালির শেখ শাহজাহানের প্রসঙ্গ তোলেন মুখ্যমন্ত্রী। সরাসরি তাঁর নাম করে শুভেন্দু বলেন, শাহজাহানের দখলে থাকা জমিও উদ্ধার করা হবে। সেই জমিতে মাছের বাজার তৈরি করার পরিকল্পনা রয়েছে। তাঁর কথায়, “এটা সবে শুরু। আগামী দিনে আরও অনেক কিছু হবে।”
উল্লেখ্য, বুধবার সকাল থেকেই দক্ষিণ ২৪ পরগনার ফলতার শ্রীরামপুর এলাকায় জাহাঙ্গির খানের বিলাসবহুল বাড়ি ভাঙার কাজ শুরু করে প্রশাসন। অভিযোগ, সরকারি জমি দখল করেই ওই বাড়ি তৈরি করেছিলেন তিনি। প্রশাসনের তরফে তাঁকে নোটিস দিয়ে সাত দিনের মধ্যে বাড়ি ভেঙে ফেলার নির্দেশ দেওয়া হয়েছিল। কিন্তু নির্দিষ্ট সময় পেরিয়ে গেলেও বাড়ি ভাঙা হয়নি বলে অভিযোগ। এরপরই প্রশাসনের তরফে বুলডোজার দিয়ে বাড়ি ভাঙার কাজ শুরু হয়। বৃহস্পতিবারও সকাল থেকে সেই কাজ চলছে। ঘটনাস্থলে রয়েছেন পুলিশের উচ্চপদস্থ আধিকারিকেরা।
একসময় ফলতা ও ডায়মন্ড হারবার এলাকায় যথেষ্ট প্রভাব ছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ বলে পরিচিত জাহাঙ্গিরের। পূর্বতন তৃণমূল সরকারের আমলে ওই এলাকায় তাঁর প্রভাব নিয়ে রাজনৈতিক মহলে আলোচনা হত। ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে ফলতা কেন্দ্র থেকে তাঁকে প্রার্থী করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু একাধিক অনিয়মের অভিযোগ সামনে আসায় ওই কেন্দ্রের ভোট বাতিল করে নতুন করে ভোটের দিন ঘোষণা করে নির্বাচন কমিশন। পরে নতুন ভোটের আগে নির্বাচনী লড়াই থেকে সরে দাঁড়ান জাহাঙ্গির।
নাড্ডার কনভয়ে হামলা এবং ভোট-পরবর্তী হিংসা-সহ একাধিক মামলায় অভিযুক্ত জাহাঙ্গির বর্তমানে জেলে রয়েছেন। পরে নেপাল থেকে তাঁকে গ্রেফতার করা হয় বলে জানা গিয়েছে।
অন্যদিকে, সন্দেশখালির একসময়ের প্রভাবশালী তৃণমূল নেতা শেখ শাহজাহানের সম্পত্তি নিয়েও নতুন করে রাজনৈতিক চর্চা শুরু হয়েছে। তাঁর দখলে থাকা জমি উদ্ধার করে সেখানে মাছের বাজার তৈরির শুভেন্দুর ঘোষণাকে ঘিরে নজর রয়েছে রাজনৈতিক মহলের। সরকারি জমি দখলের অভিযোগে প্রশাসনের এই পদক্ষেপ আগামী দিনে আরও কোন কোন এলাকায় পৌঁছয়, এখন সেটাই দেখার।
- More Stories On :
- CM Suvendu Adhikari
- Jahangir Khan

