আপাতত জেলবন্দি জাহাঙ্গির খান ওরফে ‘পুষ্পা’। এর মধ্যেই তাঁর বিরুদ্ধে আরও বড় পদক্ষেপ করল প্রশাসন। এ বার ফলতার শ্রীরামপুরে তাঁর বাড়ি ভাঙার কাজ শুরু করল স্থানীয় পৌরসভা। প্রশাসনের দাবি, বাড়িটি বেআইনি ভাবে তৈরি করা হয়েছিল। বাড়ির ভিতর থেকে আসবাবপত্র-সহ বিভিন্ন জিনিসও বের করে দেওয়া হয়েছে।
ভোটে কারচুপি, ভোটারদের ভয় দেখানো এবং হুমকি দেওয়ার মতো একাধিক অভিযোগ উঠেছিল জাহাঙ্গিরের বিরুদ্ধে। সম্প্রতি বিধানসভা নির্বাচনের সময় নিজেকে ‘পুষ্পা’ বলে পরিচয় দিয়েছিলেন তিনি। সিনেমার সংলাপ আওড়ে বলেছিলেন, ‘পুষ্পা ঝুঁকেগা নেহি’। তবে পরে গ্রেফতার হন তৃণমূলের এই নেতা। বর্তমানে তিনি জেলে রয়েছেন।
ভাইফোঁটার দিনেই তাঁর বাড়ি ভাঙার কাজ শুরু হয়। বিডিও-র উপস্থিতিতে ফলতার শ্রীরামপুরে পৌঁছয় জেলা প্রশাসন ও পুলিশ। বাড়ি থেকে একে একে বের করে আনা হয় আসবাবপত্র এবং অন্যান্য সামগ্রী। মিক্সার, মাইক্রোওয়েভ, দেওয়াল ঘড়ি, বেতের সোফা, ট্রেডমিল, কম্বল এবং ওয়াশিং মেশিনের মতো জিনিসও বাইরে বের করে দেওয়া হয়।
এলাকার বাসিন্দাদের একাংশের দাবি, সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ হওয়ার পর থেকেই জাহাঙ্গিরের রাজনৈতিক উত্থান দ্রুত হয়েছিল। শেষ দিকে ফলতা এলাকায় তৃণমূলের পর্যবেক্ষকের দায়িত্বেও ছিলেন তিনি।
ভোটের আগে থেকেই ফলতা বার বার খবরের শিরোনামে উঠে এসেছিল। বিশেষ করে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়া চলার সময় ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের অন্তর্গত ফলতা থেকে একাধিক অভিযোগ সামনে আসে। বুথ স্তরের আধিকারিকদের উপর চাপ তৈরি করে মৃত ব্যক্তিদের নাম ভোটার তালিকায় তোলার চেষ্টা হয়েছিল বলে অভিযোগ ওঠে। এই ঘটনায় এলাকার প্রভাবশালী তৃণমূল নেতা জাহাঙ্গির খানের নামও সামনে এসেছিল।
এ বার জাহাঙ্গিরের বাড়ি ভাঙার ঘটনায় নতুন করে চর্চা শুরু হয়েছে ফলতায়। প্রশাসনের দাবি, বেআইনি নির্মাণের কারণেই এই পদক্ষেপ করা হয়েছে।
- More Stories On :
- Jahangir Khan
- Falta

