এসআইআর নিয়ে নতুন করে বিতর্ক রাজ্যে। ভোটার তালিকায় নাম বাদ পড়া ব্যক্তিদের বাড়ি বাড়ি গিয়ে নথি সংগ্রহ করছে পুলিশ। কিন্তু কার নির্দেশে এই কাজ করছে পুলিশ? নির্বাচন কমিশনের অনুমতি রয়েছে কি? এই প্রশ্ন তুলেই সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় তৃণমূল। তবে এই বিষয়ে এখনই শুনানি করতে রাজি হয়নি শীর্ষ আদালত। প্রধান বিচারপতি সূর্য কান্তের বেঞ্চের পরামর্শ, এই অভিযোগ নিয়ে প্রথমে কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হতে পারেন মামলাকারীরা।
জানা গিয়েছে, এসআইআরে নাম বাদ পড়ার পর যাঁরা ট্রাইব্যুনালে আবেদন করেছেন এবং যাঁদের মামলা এখনও বিচারাধীন, তাঁদের নথি ও অন্যান্য তথ্য সংগ্রহ করছে পুলিশ। আইনজীবী গোপাল শঙ্কর নারায়ণের অভিযোগ, নির্বাচন কমিশনের অনুমতি ছাড়াই এই কাজ করছে পুলিশ। হাওড়া, কালনা থেকে ধূপগুড়ি—রাজ্যের বিভিন্ন জায়গায় পুলিশ বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ করছে বলে দাবি তাঁর।
অন্য দিকে, আইনজীবী প্রশান্ত ভূষণের দাবি, পুরভোটের আগে যাঁদের নাম সংক্রান্ত মামলার নিষ্পত্তি হবে না, তাঁদের ভোট দেওয়ার অধিকার ফিরিয়ে দেওয়া উচিত।
শুক্রবার এই বিষয়ে সুপ্রিম কোর্টের দৃষ্টি আকর্ষণ করা হয়। প্রধান বিচারপতি সূর্য কান্ত, বিচারপতি জয়মাল্য বাগচী এবং বিচারপতি ভি মোহনার বেঞ্চ জানায়, আপাতত এই বিষয়ে হস্তক্ষেপ করতে চায় না আদালত। মামলাকারীরা চাইলে কলকাতা হাই কোর্টে অভিযোগ জানাতে পারেন। ফলে এসআইআর প্রক্রিয়ায় পুলিশের নথি সংগ্রহ নিয়ে আপাতত কোনও নির্দেশ দিল না শীর্ষ আদালত।
এই ঘটনা নিয়ে সরব হয়েছেন তৃণমূল নেতা তথা বেলেঘাটার বিধায়ক কুণাল ঘোষ। তাঁর প্রশ্ন, বৈধ ভোটারদের নাম যাতে কোনও ভাবেই বাদ না যায়, তা নিশ্চিত করতে হবে। কিন্তু পুলিশ কেন বাড়ি বাড়ি গিয়ে নথি চাইছে, তা নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি। কুণালের বক্তব্য, নির্বাচন কমিশন কি পুলিশকে এই দায়িত্ব দিয়েছে? কমিশনকে স্পষ্ট করে জানাতে হবে, তাদের নির্দেশেই পুলিশ নথি সংগ্রহ করছে কি না। তাঁর অভিযোগ, পুলিশের এই তৎপরতায় সাধারণ ভোটারদের মধ্যে অযথা ভয় বা চাপ তৈরি হতে পারে।
একই প্রশ্ন তুলেছেন সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিমও। তাঁর দাবি, যাঁদের নাম নিয়ে ট্রাইব্যুনালে মামলা চলছে, তাঁদের বাড়িতে গিয়ে নথি দেখতে চাইছে পুলিশ। কিন্তু কে ভোটার হবেন, আর কে হবেন না, তা ঠিক করার দায়িত্ব পুলিশের নয়। সেলিমের প্রশ্ন, কোন কর্তৃপক্ষের নির্দেশে পুলিশ ভোটারদের নথি পরীক্ষা করছে? তাঁর অভিযোগ, রাজনৈতিক সমস্যায় পড়লেই পুলিশকে সামনে আনা হচ্ছে।
যদিও পুলিশের এই ভূমিকার পক্ষে সওয়াল করেছে বিজেপি। দলের রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্যের দাবি, পশ্চিমবঙ্গ সীমান্তবর্তী রাজ্য হওয়ায় নিরাপত্তার স্বার্থে পুলিশের এই তৎপরতা প্রয়োজন। তাঁর বক্তব্য, রাজ্যের বিভিন্ন জায়গা থেকে জঙ্গি সংগঠনের সঙ্গে যুক্ত সন্দেহে অভিযুক্তদের গ্রেপ্তার করা হয়েছে। অনুপ্রবেশের অভিযোগে ধৃত অনেকের কাছ থেকে ভুয়ো পরিচয়পত্রও উদ্ধার হয়েছে। সেই পরিচয়পত্রের সঙ্গে বারাসত, মধ্যমগ্রাম, শিলিগুড়ি এবং সোনারপুরের যোগ পাওয়া গিয়েছে বলে দাবি করেন তিনি। তাই পুলিশের বাড়ি বাড়ি গিয়ে তথ্য যাচাই করা প্রয়োজন বলেই মনে করেন শমীক।
সব মিলিয়ে এসআইআর প্রক্রিয়ায় পুলিশের ভূমিকা নিয়ে নতুন করে রাজনৈতিক চাপানউতোর শুরু হয়েছে রাজ্যে। এক দিকে পুলিশের নথি সংগ্রহের এক্তিয়ার নিয়ে প্রশ্ন তুলছে বিরোধী দলগুলি, অন্য দিকে নিরাপত্তার যুক্তিতে পুলিশের পদক্ষেপকে সমর্থন করছে বিজেপি। এই পরিস্থিতিতে নির্বাচন কমিশন কী অবস্থান নেয়, এখন সেদিকেই নজর।
- More Stories On :
- Supreme Court
- SIR
- Police

