বুধবার পুলিশের হাত থেকে বাঁচতে গুলি চালিয়ে পালিয়ে গিয়েছিল সে। তারপর থেকেই তার খোঁজে তল্লাশি চালাচ্ছিল পুলিশ। অবশেষে শুক্রবার ভোরে আসানসোলের ইসমাইলে পুলিশের অভিযানে ধরা পড়ল সাইবার প্রতারণায় অভিযুক্ত প্রতাপ দাস ওরফে প্যাও। পুলিশের দাবি, এ দিনও পালানোর চেষ্টা করে সে। পুলিশকে লক্ষ্য করে গুলি চালানোর চেষ্টা করলে পাল্টা গুলি চালানো হয়। তাতে প্রতাপের পায়ে গুলি লাগে। জখম অবস্থায় তাকে গ্রেপ্তার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
পুলিশ সূত্রে খবর, সাইবার প্রতারণা-সহ একাধিক অপরাধের সঙ্গে যুক্ত প্রতাপ। পুজোর আগেই জেল থেকে ছাড়া পেয়েছিল সে। তার পর থেকেই কার্যত নিখোঁজ ছিল অভিযুক্ত। আসানসোলের ইসমাইল এলাকায় একটি বাড়িতে ভাড়া থাকত তার পরিবার। পুলিশের কাছে খবর আসে, দীর্ঘদিন পলাতক থাকার পর গত বুধবার সেই বাড়িতে ফিরেছে প্রতাপ।
এর পরেই আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেটের আধিকারিকদের নেতৃত্বে ওই বাড়িতে অভিযান চালানো হয়। পুলিশ বাড়িটি ঘিরে ফেলেছে বুঝতে পেরেই পরপর কয়েক রাউন্ড গুলি চালিয়ে পালিয়ে যায় প্রতাপ। তার পর থেকেই অভিযুক্তের খোঁজে তল্লাশি শুরু করে পুলিশ।
শুক্রবার ভোররাতে গোপন সূত্রে খবর আসে, ইসমাইল এলাকার একটি গোপন আস্তানায় ফিরে এসেছে প্রতাপ। খবর পেয়েই বিশাল পুলিশ বাহিনী সেখানে পৌঁছয়। এলাকার অলিগলিতে শুরু হয় তল্লাশি। শেষ পর্যন্ত ওই আস্তানা থেকেই তার খোঁজ মেলে।
পুলিশের দাবি, এ বারও পালানোর চেষ্টা করে প্রতাপ। সেই সময় আগ্নেয়াস্ত্র নিয়ে পুলিশকে লক্ষ্য করে গুলি চালানোর চেষ্টা করে সে। পরিস্থিতি সামাল দিতে পাল্টা গুলি চালায় পুলিশ। তাতেই প্রতাপের পায়ে গুলি লাগে। রক্তাক্ত অবস্থায় মাটিতে পড়ে যায় সে। এর পর তাকে গ্রেপ্তার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

