• ৩ অগ্রহায়ণ ১৪৩৩, সোমবার ২৩ নভেম্বর ২০২৬ ই-পোর্টাল

Janatar Katha

Banner Add
  • কলকাতা
  • রাজ্য
  • দেশ
  • বিদেশ
  • রাজনীতি
  • খেলার দুনিয়া
  • বিনোদুনিয়া
  • সম্পাদকীয়
  • নিবন্ধ
  • ভ্রমণ
  • রাশিফল
  • টুকিটাকি
  • চিত্রহার
  • বিবিধ
  • ভিডিও
  • এছাড়াও
    • উৎসব
    • ব্যবসা
    • স্বাস্থ্য
    • শিক্ষা
    • প্রযুক্তি
    • হেঁসেল

DA

রাজ্য

রাজ্যে মোট করোনা আক্রান্ত সাড়ে ৬ লক্ষ পার, একদিনে মৃত্যু ৩৪ জনের

কোভিড-১৯ নিয়ে সাধারণ মানুষের অবহেলার সুযোগেই লাফিয়ে বাড়ছে সংক্রমণ। দেশের বিভিন্ন রাজ্যের মতোই দিনে দিনে ভয়ংকর আকার ধারণ করছে বাংলার করোনার ছবিটাও। গতকালের তুলনায় শনিবার অনেকখানি বাড়ল করোনা আক্রান্তের সংখ্যা। অতীত রেকর্ড ভেঙে দৈনিক মৃত্যুর সংখ্যাও।এদিন স্বাস্থ্যদপ্তরের দেওয়া বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় করোনার কবলে পড়েছেন ৭,৭১৩ জন। যার মধ্যে শহর কলকাতায় একদিকে আক্রান্ত ১,৯৯৮ জন। সংক্রমণের নিরিখে প্রত্যাশিতভাবেই দ্বিতীয় স্থানে রয়েছে উত্তর ২৪ পরগনা। একদিনে সেখানে ১,৬৩৯ জনের শরীরে মারণ ভাইরাসের হদিশ মিলেছে। দক্ষিণ ২৪ পরগনা একদিনে সংক্রমিতের সংখ্যা ৪৯১। হাওড়ায় একদিনে আক্রান্ত ৪৩২ জন। উল্লেখযোগ্যভাবে দৈনিক সংক্রমণ বেড়েই চলেছে বীরভূমে। একদিনে সেখানে আক্রান্ত ৪০৬ জন। এদিকে, করোনা আবহের মধ্যেও পর্যটকের সংখ্যা বাড়ছে পাহাড়ে। ফলে কোভিড আক্রান্তের সংখ্যা বাড়ছে দার্জিলিংয়েও। ২৪ ঘণ্টায় সেখানে ১৪১ জনের শরীরে থাবা বসিয়েছে এই ভাইরাস। রাজ্যে মোট করোনা আক্রান্তের সংখ্যা হল ৬ লক্ষ ৫১ হাজার ৫০৮ জন। গত কয়েকদিনের মতোই উদ্বেগ বাড়িয়ে ফের একলাফে অনেকখানি বাড়ল রাজ্যের অ্যাকটিভ কেসও। বর্তমানে করোনায় চিকিৎসাধীন ৪৫ হাজার ৩০০। একইসঙ্গে এই ভাইরাস এখনও কেড়ে চলেছে মানুষের প্রাণও। গত ২৪ ঘণ্টায় বাংলায় করোনার বলি ৩৪ জন। প্রাণ হারিয়েছেন তৃণমূলের বিদায়ী বিধায়ক আব্দুর রহমান এবং পুরুলিয়ার প্রাক্তন সাংসদ বীর সিং মাহাতো। এখনও পর্যন্ত রাজ্যে ১০ হাজার ৫৪০ জনের মৃত্যু হয়েছে কোভিড-১৯-এ।

এপ্রিল ১৮, ২০২১
কলকাতা

আক্রান্ত কামারহাটির বিজেপি প্রার্থী রাজু বন্দ্যোপাধ্যায়

পঞ্চম দফার ভোটে অব্যাহত বিক্ষিপ্ত হিংসার ঘটনা। এ বার আক্রান্ত হলেন কামারহাটির বিজেপি প্রার্থী রাজু বন্দ্যোপাধ্যায়। বিজেপি-র অভিযোগ, তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরাই রাজুর গাড়ি লক্ষ্য করে ইট মেরে তাঁর গাড়ির কাচ ভেঙে দেয়। এমনকী, বোমাবাজিও করে। এই ঘটনায় রাজু আহত হয়েছেন বলেও গেরুয়া শিবিরের তরফে দাবি করা হয়েছে। রাজুর ইঙ্গিত, কামারহাটির তৃণমূল প্রার্থী মদন মিত্রই এই হামলার পিছনে রয়েছেন। যদিও এ সব অভিযোগই অস্বীকার করেছে তৃণমূল। শনিবারই নির্বাচন কমিশনের কাছে এই হামলার অভিযোগ করেছেন রাজু।বিজেপি সূত্রের খবর, শনিবার ভোট চলাকালীন বেলঘরিয়া ব্রিজের উপরে রাজুর গাড়িতে ইট মারা হয়। অভিযোগ, তৃণমূলের দুষ্কৃতীরাই এই কাজ করেছে। এই ঘটনায় রাজুর গাড়ির সামনের দিকের কাচ ভেঙে গিয়েছে। রাজুর ডান হাতে চোট লেগেছে বলেও দাবি বিজেপি-র। ঘটনার পর রাজু বলেন, সকাল থেকে কামারহাটির ভোটে অশান্তি ছড়াচ্ছেন মদন মিত্র। তাঁর দাবি, বহিরাগতদের এনে এলাকায় হামলা করানো হচ্ছে। যদিও এই অভিযোগ অস্বীকার করেছেন তৃণমূল নেতৃত্ব।

এপ্রিল ১৮, ২০২১
রাজ্য

করোনা কাড়ল আরও এক প্রার্থীর প্রাণ, প্রয়াত জঙ্গিপুরের প্রার্থী প্রদীপ নন্দী

নির্বাচনের মাঝে ফের করোনা প্রাণ কাড়ল আরও এক প্রার্থীর। মারণ ভাইরাসে মৃত্যু হল মুর্শিদাবাদের জঙ্গিপুরের আরএসপি প্রার্থী প্রদীপ নন্দীর। শুক্রবারই কোভিড-১৯-এর সঙ্গে লড়াইয়ে হার মানেন তিনি। আগামী ২৬ এপ্রিল এই কেন্দ্রে ভোট হওয়ার কথা ছিল। এই আসনেই তৃণমূলের জাকির হোসেনের বিরুদ্ধে প্রার্থী ছিলেন তিনি। ফলে এই কেন্দ্রেও স্থগিত হয়ে গেল নির্বাচন।পেশায় আইনজীবী ৭২ বছরের প্রদীপ নন্দী আরএসপির লোকাল সম্পাদক ছিলেন। প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দেওয়ার পর জ্বরে আক্রান্ত হন তিনি। তারপরই বহরমপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি হন। শুক্রবার সন্ধে ৬টা ৫ মিনিট নাগাদ শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। আর এর জেরেই আপাতত স্থগিত হয়ে গেল সেই কেন্দ্রে ভোটগ্রহণ প্রক্রিয়া। প্রদীপ নন্দীর মৃত্যুতে স্বাভাবিকভাবেই শোকের ছায়া সংযুক্ত মোর্চা শিবিরে। এর আগে করোনা প্রাণ কেড়েছে মুর্শিদাবাদের সামশেরগঞ্জের কংগ্রেস প্রার্থী রেজাউল হকের। ২৬ এপ্রিল অর্থাৎ সপ্তম দফায় সামশেরগঞ্জ আসনে নির্বাচন হওয়ার কথা ছিল। আপাতত তা স্থগিত রাখা হয়েছে। গোটা রাজ্যে রোজই লাফিয়ে বাড়ছে করোনা সংক্রমণ। আক্রান্ত ও মৃতের সংখ্যা প্রতিদিনই অতীত রেকর্ড ভাঙছে। এমন পরিস্থিতিতে আট দফাতেই ভোট হবে বলে নিশ্চিত করে দিয়েছে নির্বাচন কমিশন। তবে এদিন নয়া নির্দেশিকা জারি করে কমিশন বলে দেয়, সন্ধে ৭টা থেকে সকাল ১০টা পর্যন্ত ভোট প্রচার করতে পারবে না কোনও দল। করোনা সংক্রমণ রুখতেই এই নয়া সিদ্ধান্ত কমিশনের। কিন্তু এরই মধ্যে দুই কেন্দ্রে ভোট স্থগিত হয়ে যাওয়ায় নতুন করে জটিলতা তৈরি হল। কীভাবে, কবে সেখানে ভোটগ্রহণ হবে, তা নিয়ে এখনও কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি।

এপ্রিল ১৬, ২০২১
রাজ্য

করোনায় মৃত্যু কংগ্রেস প্রার্থী রেজাউল হকের

ভোটের মরশুমে রাজ্যে লাফিয়ে বাড়ছে সংক্রমণ। উর্ধ্বমুখী মৃত্যুও। এবার করোনা প্রাণ কাড়ল মুর্শিদাবাদের সামশেরগঞ্জের কংগ্রেস প্রার্থী রেজাউল হকের। ঘটনায় স্বাভাবিকভাবেই শোকের ছায়া এলাকায়। ২৬ এপ্রিল অর্থাৎ সপ্তম দফায় সামশেরগঞ্জ আসনে নির্বাচন হওয়ার কথা। কিন্তু কংগ্রেস প্রার্থীর মৃত্যুতে নির্বাচন নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। জানা গিয়েছে, বেশ কিছুদিন ধরেই অসুস্থ ছিলেন সামশেরগঞ্জের দাপুটে কংগ্রেস নেতা রেজাউল হক ওরফে মন্টু বিশ্বাস। করোনার উপসর্গ থাকায় ঝুঁকি না নিয়ে পরীক্ষা করা হয়। রিপোর্ট আসে পজিটিভ। প্রবল শ্বাসকষ্ট থাকায় বুধবার তাঁকে জঙ্গিপুর থেকে কলকাতায় নিয়ে আসা হয়। ভর্তি করা হল একটি বেসরকারি হাসপাতালে। বৃহস্পতিবার সেখানেই মৃত্যু হয় রেজাউল হকের। এই মৃত্যুতে প্রশ্নের মুখে সামশেরগঞ্জের নির্বাচন। আপাতত ওই আসনে ভোটগ্রহণ বাতিল করা হবে, নাকি পিছিয়ে দেওয়া হবে, সে বিষয়ে স্পষ্ট কোনও তথ্য মেলেনি। উল্লেখ্য, বাম-কংগ্রেস-আইএসএফের জোট বাঁধার পর আসনরফা নিয়ে জট তৈরি হয়েছিল। বেশ কয়েকটি আসনে প্রার্থী দিয়েছিল বাম, কংগ্রেস উভয়েই। তার মধ্যেই একটি আসন সামশেরগঞ্জ। সেখানে বামেরা প্রার্থী করেছিল মোদাসসর হোসেনকে। এদিনে কংগ্রেস প্রার্থী করে রেজাউল হককে। জোটের জটিলতা এমন পর্যায়ে পৌঁছয় যে শেষ মুহূর্ত পর্যন্ত চলে কাটাকুটির খেলা। বাকি আসনের সমস্যা মিটে গেলেও মুর্শিদাবাদের সামশেরগঞ্জ আসনে সংযুক্ত মোর্চা অর্থাৎ বাম-কংগ্রস-আইএসএফ জোট কার্যকর হয়নি। ফলে ওই আসনে আলাদাভাবে প্রার্থী দিয়েছিলে বাম ও কংগ্রেস।

এপ্রিল ১৫, ২০২১
কলকাতা

বরানগরে পার্নো মিত্রের মিছিলে হামলা

বরানগরে বিজেপি প্রার্থী পার্নো মিত্রের মিছিলে হামলার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। বুধবার দুপুরে বরানগর পুরসভার ১ নম্বর ওয়ার্ডের সতীন সেন নগর এলাকায় প্রচারে গিয়েছিলেন পার্নো-সহ বিজেপি নেতা-কর্মীরা। তাঁরা বাইক নিয়ে রোড শো করার সে সময়ই তৃণমূলের স্থানীয় কর্মী-সমর্থকেরা হামলা চালান বলে অভিযোগ।শনিবার পঞ্চম দফায় বরানগরে ভোট হবে। বুধবারই প্রচারের শেষ দিন। পার্নো হামলার ঘটনার পরে বলেন, পরিকল্পিতভাবে আমাদের প্রচারে হামলা করেছে তৃণমূল।আমাদের শান্তিপূর্ণ মিছিলে আক্রমণ করা হয়েছে। মহিলাদের মারা হয়েছে। আমাদের কর্মীদের তৃণমূল হুমকি দিচ্ছে, ২ মের পরে দেখে নেওয়া হবে।ঘটনার প্রতিবাদে বিটি রোড অবরোধ করেন বিজেপি নেতা-কর্মীরা। বরানগর থানায় বিষয়টি নিয়ে অভিযোগ দায়ের করা হয় বিজেপি-র তরফে।বরানগরে পার্নোর প্রতিদ্বন্দ্বী তৃণমূল প্রার্থী তথা বিদায়ী বিধায়ক তাপস রায় অবশ্য হামলার অভিযোগ উড়িয়ে দিয়ে বলেন, ভোটে পরাজয় নিশ্চিত বুঝে গিয়ে বিজেপি নাটক করছে। বরং ১ নম্বর ওয়ার্ডে বিজেপি-র হামলায় আমাদের এক মহিলা নেত্রী আহত হয়েছেন।

এপ্রিল ১৪, ২০২১
রাজ্য

কোভিড সংক্রমণ বৃদ্ধিতে চিন্তিত কমিশন, শুক্রবার সর্বদল বৈঠকের ডাক

রাজ্যে এক দিকে নির্বাচন চলছে, অন্য দিকে বাড়ছে কোভিড সংক্রমণ। বুধবার আক্রান্তের সংখ্যা নয়া রেকর্ড ছুঁয়েছে। কিন্তু কোনও মতেই প্রচারের জন্য জমায়েতে রাশ টানা যাচ্ছে না। এই অবস্থায় সর্বদল বৈঠক ডাকল নির্বাচন কমিশন। শুক্রবার এই বৈঠক ডাকা হয়েছে।কমিশনের তরফে রাজ্যের ১০টি রাজনৈতিক দলকে চিঠি লিখে এ কথা জানানো হয়েছে। ১৬ এপ্রিল, শুক্রবার, দুপুর ২টোর সময় কমিশনের রাজ্য দপ্তরে হাজির হতে বলা হয়েছে তাদের। স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছে, প্রতিটি দল থেকে ১ জন করে প্রতিনিধি যাবেন এই বৈঠকে। কোভিড বিধির কথা মাথায় রেখেই এই নির্দেশ দেওয়া হয়েছে। শুধু রাজনৈতিক দলের প্রতিনিধিদের নয়, শুক্রবারের বৈঠকে এডিজি আইনশৃঙ্খলা জগমোহন ও স্বাস্থ্য সচিব নারায়ণস্বরূপ নিগমকেও ডেকে পাঠানো হয়েছে। রাজ্যে সংক্রমণ বৃদ্ধির মধ্যেও প্রচারে জমায়েত কমানো যাচ্ছে না, এই অভিযোগ তুলে একাধিক জনস্বার্থ মামলা দায়ের হয়েছিল হাইকোর্টে। মঙ্গলবার এই ব্যাপারে শুনানিতে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ জানিয়েছে, প্রচারের সময় যাতে কোভিড গাইডলাইন মেনে চলা হয়, সেটা নিশ্চিত করতে হবে কমিশনকে। মাস্ক পরা, নির্দিষ্ট দূরত্ব বিধি মেনে চলার মতো বিষয়গুলোকে গুরুত্ব দিতে হবে। আদালতের এই নির্দেশের পরেই বৈঠক ডাকা হয়েছে কমিশনের তরফে। কী ভাবে কোভিড বিধি মেনে প্রচার করা যাবে সেটা নিয়েই কথা হবে শুক্রবারের বৈঠকে।

এপ্রিল ১৪, ২০২১
রাজ্য

বর্ধমানের মানুষ পরিবর্তন চাইছে, ‘চায়ে পে চর্চা’ থেকে বার্তা দিলীপের

ধরনাস্থলে বসে ছবি আঁকা নিয়ে তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তীব্র কটাক্ষ করলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। বললেন, ২ মের পর শুধুই ছবি আঁকতে হবে মুখ্যমন্ত্রীকে। আর কোনও কাজ থাকবে না। তাই উনি অভ্যেস করুন। বুধবার সকাল বর্ধমানের নীলপুরে চায়ে পে চর্চায় উপস্থিত ছিলেন দিলীপ। সেখান থেকেই এই মন্তব্য করলেন তিনি।মঙ্গলবার রসিকপুরে দিলীপ ঘোষ ব়্যালিতে হামলা হয়। এদিন সেই প্রসঙ্গেও প্রতিক্রিয়া দেন বিজেপির রাজ্য সভাপতি। বলেন, বিভিন্ন জায়গাতেই গন্ডগোল পাকানোর চেষ্টা চালাচ্ছে গুন্ডারা। কিন্তু ভয় দেখিয়ে এবার আর ভোটারদের প্রভাবিত করা যাবে না। আমরা কারও দলীয় কার্যালয়ে হামলা করি না।কালকে ওরা হামলার চেষ্টা করেছিল। আমাদের ছেলেরা আটকেছে। তারপর সাধারণ মানুষ যা করার করেছে। একইসঙ্গে তাঁর হুঁশিয়ারি, শুধু বর্ধমান কেন রাজ্যের কোথাওই এই গুন্ডামির রাজনীতি আমরা চলতে দেব না। জঙ্গলমহলে দিদিমণির দোকান বন্ধ হয়েছে, এবার বর্ধমানের দোকানটা বন্ধ করে দেব। বিরোধী হিসেবে দু একটা সিট ছেড়ে দেব আমরা। বীরভূম থেকে গুন্ডা এসে বর্ধমানে অশান্তি ছড়াচ্ছে বলে অভিযোগ করেন দিলীপ। তিনি আরও বলেন, বর্ধমানের মানুষ পরিবর্তন চাইছে। এখানে গুন্ডামির রাজনীতি আমরা করতে দেব না। বিভিন্ন জায়গায় গুন্ডারা মারামারি, গন্ডগোলের চেষ্টা করছে, কিন্তু ভোট প্রভাবিত হচ্ছে না। বর্ধমানে ব্যাপক হারে ভোটিং হবে, পরিবর্তনের পক্ষেই ভোট হবে বলে জানান তিনি। মারপিট ভয় ভোট কে কেউ ডিস্ট্রাব করতে পারবে না। শীতলকুচি নিয়ে দিলীপ বলেন, যারা শীতলকুচি নিয়ে পরে আছে তারা হেরে গিয়েছে, আমরা অনেক এগিয়ে গিয়েছি।জঙ্গল মহলে দিদিমণির দোকান বন্ধ হয়ে গিয়েছে। সব বুথে কেন্দ্রীয় বাহিনী থাকবে, কোন ভোটারকে ভোটদানে কেউ বাধা দিতে পারবে না বলে জানান তিনি। পাশাপাশি নির্বাচন কমিশনের শোকজের জবাব গতকাল তিনি দিয়েছেন বলে জানালেন। আজ সকালে জেলা বিজেপি কার্যালয় থেকে বেড়িয়ে নীলপুর এলাকায় পায়ে হেঁটে প্রাতভ্রমণ সারেন তিনি। তারপর নীলপুরের বটতলায় চায়েপে চর্চায় অংশগ্রহণ করেন দিলীপ ঘোষ।

এপ্রিল ১৪, ২০২১
দেশ

সব রেকর্ড ভাঙল দৈনিক করোনা সংক্রমণ, মৃত্যু হাজারের বেশি

বিপজ্জনক, ভয়াবহ অবস্থা দেশের। বর্তমান করোনা পরিস্থিতি এতটাই ভয়াবহ যে তা আমেরিকাকেও কার্যত চ্যালেঞ্জ করছে। গত বছর সবচেয়ে ভয়াবহ সময়েও এই পরিস্থিতির ধারেকাছে ছিল না ভারত। কিন্তু স্রেফ মানুষের উদাসীনতা আর ভ্রান্ত নীতির জন্য করোনার দ্বিতীয় ঢেউ কার্যত ভেঙে দিচ্ছে ভারতের স্বাস্থ্য ব্যবস্থা। স্রেফ গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত হয়েছেন ১ লক্ষ ৮৪ হাজারের বেশি। মৃত্যু এক হাজারের বেশি। এই প্রথমবার দেশে একদিনে অ্যাকটিভ কেস বাড়ল লক্ষাধিক।বুধবার সকালে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের দেওয়া পরিসংখ্যান বলছে, গত ২৪ ঘণ্টায় দেশে ১ লক্ষ ৮৪ হাজার ৩৭২ জন করোনা আক্রান্ত হয়েছেন। যা আগের দিনের থেকে প্রায় ২৩ হাজার বেশি। এই সংখ্যাটা দেশের সর্বকালের সর্বোচ্চ। আপাতত দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১ কোটি ৩৮ লক্ষ ৭৩ হাজার ৮২৫ জন। স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী, আপাতত মৃতের সংখ্যা ১ লক্ষ ৭২ হাজার ৮৫ জন। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ১ হাজার ২৭ জনের। যা সাম্প্রতিক অতীতে সর্বোচ্চ। গত ২৪ ঘণ্টায় দেশে করোনামুক্ত হয়েছেন ৮২ হাজার ৩৩৯ জন। যা দৈনিক আক্রান্তের অর্ধেকের থেকেও বহু কম। যার ফলে দেশের মোট অ্যাকটিভ কেস একধাক্কায় বেড়ে দাঁড়াল ১৩ লক্ষ ৬৫ হাজার ৭০৪ জন। সম্ভবত প্রথমবার দেশে একদিনে অ্যাকটিক কেস বাড়ল এক লক্ষের বেশি। দেশে এখনও পর্যন্ত সুস্থ হয়েছেন ১ কোটি ২৩ লক্ষ ৩৬ হাজার ৩৬ জন। এখনও পর্যন্ত দেশে মোট টিকা পেয়েছেন ১১ কোটি ১১ লক্ষ ৭৯ হাজার ৫৭৮ জন।

এপ্রিল ১৪, ২০২১
দেশ

মহারাষ্ট্রে জারি জনতা কার্ফু

লকডাউন নয়, কড়া জনতা কার্ফু জারি হচ্ছে মহারাষ্ট্রে। মঙ্গলবার প্রশাসনিক এই সিদ্ধান্তের কথা জানালেন সে রাজ্যের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে। বুধবার, ১৪ এপ্রিল রাত ৮টা থেকে ১ মে সকাল ৭টা পর্যন্ত এই কার্ফু জারি থাকবে। মঙ্গলবার সন্ধ্যায় উদ্ধব এক ভিডিওবার্তায় জানিয়েছেন, মহারাষ্ট্র সরকার স্বাস্থ্য পরিকাঠামোর উন্নতিতে কাজ করে চলেছে। কিন্তু যে ভাবে করোনা-আক্রান্তের সংখ্যা বাড়ছে তাতে স্বাস্থ্য পরিষেবার উপর প্রবল প্রভাব পড়ছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্যই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।ওই বার্তায় তিনি বলেন, এখন রাজনীতি করার সময় নয়। প্রতিনিয়ত অক্সিজেনের চাহিদা বাড়ছে, হাসপাতালে শয্যার সংখ্যা কমে আসছে, ওষুধের চাহিদাও বাড়ছে লাফিয়ে লাফিয়ে। তাই সরকার এই সিদ্ধান্ত নিয়েছে। পুরো মহারাষ্ট্রেই জমায়েত রুখতে জারি করা হচ্ছে জনতা কার্ফু। বিশেষ কারণ ছাড়া বাইরে বেরনোর উপর নিষেধাজ্ঞা জারি করা হচ্ছে। সমস্ত সরকারি ও বেসরকারি পরিষেবা, প্রতিষ্ঠান, কাজকর্ম বন্ধ রাখতে হবে। তবে চালু থাকবে জরুরি পরিষেবা। খোলা থাকবে থাকবে হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্র, স্বাস্থ্যবিমা অফিস, ওষুধের দোকান ও ওষুধ-কারখানা। স্যানিটাইজার, মাস্ক, টিকা সরবরাহ ও দেওয়ার কাজ চলবে সমান তালে। বিমান, ট্রেন, ট্যাক্সি, অটো, বাস চলবে। বন্ধ থাকবে শপিং মল, সিনেমা হল। তবে রেস্তরাঁ থেকে শুধু খাবার কিনে নিয়ে যাওয়ার সুযোগ থাকবে। রাজনৈতিক সভা, বিয়ে বাড়ি ও শ্রাদ্ধের মতো অনুষ্ঠান করতে হবে নামমাত্র লোক নিয়ে। ইতিমধ্যেই দশম ও দ্বাদশ শ্রেণির পরীক্ষা স্থগিত করে দেওয়া হয়েছে।

এপ্রিল ১৩, ২০২১
দেশ

নয়ডার বসতিতে ভয়াবহ আগুন, ঝলসে মৃত ২ শিশু

নয়ডার সেক্টর ৬৩-র কাছে একটি বস্তিতে ভয়াবহ আগুন লাগে। ঘটনাস্থলে যায় প্রচুর পুলিশ এবং দমকল কর্মী। পুলিশ সূত্রে জানা গিয়েছে, আগুনে ২টি বছর তিনেকের শিশুর মৃত্যু হয়েছে। আগুনে এখনও পর্যন্ত অন্তত ১৫০টি ঝুপড়ি পুড়ে যাওয়ার খবর পাওয়া গিয়েছে।রবিবার দুপুরে হঠাৎই নয়ডার বাহোলপুর এলাকায় আগুন লাগে। নয়ডা পুলিশের গৌতম বুদ্ধ নগর কমিশনারের অফিসিয়াল টুইটার হ্যান্ডলে আগুন লাগার কথা জানানো হয়েছে। তবে কী কারণে আগুন লেগেছে তা এখনও স্পষ্ট নয়। আগুন লাগার পরই পুলিশ এবং দমকল ঘটনাস্থলে পৌঁছয়। তার আগেই অবশ্য বসতিবাসীরা আগুন নেভানোর চেষ্টা করেন। দমকল কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছেন। আগুনে ২ শিশুর মৃত্যুর পাশাপাশি কয়েক জন আহত হয়েছেন বলেও জানা গিয়েছে।সোশ্যাল মিডিয়ায় এই আগুনের বেশ কয়েকটি ভিডিও ছড়িয়ে পড়ে। সেখানে দেখা যাচ্ছে, অনেক দূর থেকে কালো ধোঁয়া নজরে পড়েছে। আশপাশের এলাকা কালো ধোঁয়ায় ঢেকে গিয়েছে। ছড়িয়েছে আতঙ্কও।

এপ্রিল ১১, ২০২১
রাজ্য

দৈনিক সংক্রমণ ৪ হাজার, ২৪ ঘণ্টায় রাজ্যে মৃত ১২

রাজ্যে দৈনিক করোনা সংক্রমণ পেরিয়ে গেল ৪ হাজারে গণ্ডি। শেষ ২৪ ঘণ্টায় রাজ্যে ৪০৪৩ জন নতুন করোনা আক্রান্তের সন্ধান পাওয়া গিয়েছে। ফলে মোট আক্রান্তের সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে ৬ লক্ষ ১০ হাজার ৪৯৮এ। শতাংশের বিচারে দেখলে দৈনিক সংক্রমণের হারও বেড়ে গিয়েছে অনেকটাই। শেষ ২৪ ঘণ্টার বিচারে সংক্রমণের হার দাঁড়িয়েছে ১০.৯৭ শতাংশ।আক্রান্তের নিরিখে এখনও সর্বোচ্চ স্থানেই রয়েছে কলকাতা। শেষ ২৪ ঘণ্টায় শহরে আক্রান্ত হয়েছেন ৯৯৭ জন। এরপর রয়েছে উত্তর ২৪ পরগনা। এই জেলায় আক্রান্তের সংখ্যা ৮৮৭ জন। রাজ্যের আরও কয়েকটি জেলায় সমান তালে সংক্রমণ ছড়িয়েছে। এর মধ্যে হাওড়া (২৮৯), হুগলি (১৯১), দক্ষিণ ২৪ পরগনা (২৯১), পশ্চিম বর্ধমান (২৬৬) ও বীরভূম (২৭১) উল্লেখযোগ্য। এখন পর্যন্ত রাজ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৫ লক্ষ ৭৮ হাজার ৭৪২ জন। শুক্রবারে তুলনায় শেষ ২৪ ঘণ্টায় বেড়েছে মৃত্যুও। স্বাস্থ্য দপ্তরের বুলেটিনে উল্লেখ করা হয়েছে, শেষ ২৪ ঘণ্টায় রাজ্যে মৃত্যু হয়েছে ১২ জনের। এদের মধ্যে ৪ জন কলকাতার, ও ৫ জন উত্তর ২৪ পরগনার। মুর্শিদাবাদ, হাওড়া ও দক্ষিণ ২৪ পরগনায় ১ জন করে মৃত্যু হয়েছে। রাজ্যে সমান তালে চলছে টিকাকরণের কাজও। এখনও পর্যন্ত ৭৬ লক্ষ ৭৪ হাজার ৬৩৪ জন করোনার টিকা নিয়েছেন। এর মধ্যে শেষ ২৪ ঘণ্টায় টিকা পেয়েছেন ৩ লক্ষ ৬১ হাজার ৯৪০ জন।

এপ্রিল ১১, ২০২১
রাজ্য

বঙ্গে লাফিয়ে বাড়ছে করোনা সংক্রমণ

ভোটের বঙ্গে রাজনৈতিক অশান্তির পাশাপাশি নতুন করে চিন্তা বাড়িয়ে তুলছে রাজ্যের ঊর্ধ্বমুখী করোনা সংক্রমণ। স্বাস্থ্যদপ্তরের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় লাফিয়ে বেড়েছে করোনা আক্রান্তের সংখ্যা। একদিনে নতুন করে কোভিড-১৯-এ সংক্রমিত ৩৬৪৮ জন। বৃহস্পতিবারও এই সংখ্যা ছিল প্রায় ২৮০০। অর্থাৎ দৈনিক সংক্রমণ বাড়ল প্রায় ৮০০। গত ২৪ ঘণ্টায় করোনার ছোবলে মৃত্যু হয়েছে রাজ্যের ৮ জনের। সংক্রমণের হারে সবচেয়ে এগিয়ে কলকাতা। এখানে দৈনিক আক্রান্ত ৬৭৫ জন। স্বাস্থ্যদপ্তরের পরিসংখ্যান বলছে, একদিনে রাজ্যে আক্রান্তের তুলনায় সুস্থতার হার অনেক কম। ২৪ ঘণ্টায় ১১৪৬ জন সুস্থ হয়ে ফিরেছেন। করোনা থেকে সুস্থতার হার এ নিয়ে দাঁড়াল ৯৫.২২ শতাংশ। এখনও পর্যন্ত মহামারির কামড়ে মৃত্যুর মুখে পড়েছেন রাজ্যের ১০,৩৭৮ জন। এই মুহূর্তে রাজ্যে অ্যাকটিভ করোনা রোগীর সংখ্যা ১৮, ৬০৩, যা গত দিনের তুলনায় প্রায় ৩০০০ বেশি। কলকাতার পরই যেসব জেলার করোনা পরিসংখ্যানে মাথাব্যথা বাড়ছে, তা হল উত্তর ২৪ পরগনা, এখানে একদিনেই সংক্রমিত হয়েছেন ৬৫৭ জন। দেশে করোনার দ্বিতীয় ঢেউ আচড়ে পড়ার পর বৃহস্পতিবারই সব রাজ্যের মুখ্যমন্ত্রীদের নিয়ে বৈঠক করেছেন প্রধানমন্ত্রী। যদিও বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায় ভোটের প্রচারে ব্যস্ত থাকায় এই বৈঠকে ছিলেন না। বাংলার তরফে ছিলেন মুখ্যসচিব। তাতে নানা সতর্কতামূলক পদক্ষেপ নিয়ে আলোচনা হয়। আলোচনা হয়েছে ভ্যাকসিন সরবরাহ নিয়েও। বাংলায় টিকাকরণের কী পরিস্থিতি, ভোটযুদ্ধের মাঝে সতর্কতা কতটা নেওয়া হচ্ছে, সেসব নিয়ে সংশয় থাকছে। তার উপর এই লাগামহীনভাবে সংক্রমণ বৃদ্ধিতে সাধারণ মানুষের আশঙ্কা বাড়ছে।

এপ্রিল ০৯, ২০২১
রাজ্য

শহরে আজ ভোট চতুর্থী

রাজ্যের আট দফা বিধানসভা ভোটের চতুর্থ পর্বেই নিজেদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করবেন শহর কলকাতার বাসিন্দারা। এতদিন টিভি আর খবরের কাগজে ভোটের খবর পড়ার পর ভোট এবার সশরীরে কড়া নেড়েছে তাঁদের দরজায়। কিন্তু বিগত তিন দফায় বিভিন্ন জেলায় ভোট ঘিরে যে অশান্তির ছবি উঠে এসেছে তার আঁচ কলকাতাতে এসে পড়বে কিনা তা নিয়ে যথেষ্ট আশঙ্কা রয়েছে শহরের অনেক নাগরিকের মনে। সকাল থেকে গোটা দিনের আঁচ পাওয়ার প্রবাদ যদি সত্যি হয় তবে কলকাতার ভোট নিয়ে আশঙ্কার কারণ আছে। ভোটের আগের দিন শুক্রবার তৃণমূল-বিজেপি সংঘর্ষে রণক্ষেত্র হয়ে ওঠে কসবা এলাকা। যা অবাধ ও শান্তিপূর্ণ ভোট নিয়ে কমিশন এবং প্রশাসনের চিন্তা বাড়িয়েছে। পাশাপাশি যাদবপুর, কসবা, বন্দর এলাকা চিরকালই নির্বাচনী হিংসার আঁতুড়ঘর বলে পরিচিত।ভোট নির্বিঘ্নে করতে অবশ্য সবরকম ব্যবস্থা করা হয়েছে বলে দাবি করেছে কমিশন। প্রচুর সংখ্যায় কেন্দ্রীয় বাহিনীর পাশাপাশি পর্যাপ্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।শুক্রবার যেসব এলাকায় এদিন ভোট খাতায় কলমে তা দক্ষিণ ২৪ পরগনা জেলায় হলেও দীর্ঘদিন ধরেই কলকাতা পুরনিগমের আওতায় রয়েছে। এই সব এলাকাকে কলকাতার অন্দর বলেই ধরা হয়। সেই হিসাবে এদিনই হতে চলেছে কলকাতার বুকে চলতি বিধানসভা নির্বাচনের প্রথম দফার ভোটগ্রহণের পালা। আর সেই ভোটগ্রহণ যাতে নির্বিঘ্নে সম্পন্ন হয় তাই এখন থেকেই কোমর বাঁধছে নির্বাচন কমিশনের পাশাপাশি কলকাতা পুলিশ ও রাজ্য প্রশাসন। কলকাতার মোট ২৫টি থানা এলাকায় ভোটগ্রহণ করা হবে বলে পুলিশের ওপরেই বেশিরভাগ দায়িত্ব চেপেছে ভোটপর্ব নির্বিঘ্নে উতরে দিতে। ভোটপর্বে যাতে কোনও প্রকার অশান্তির ঘটনা না ঘটে বা ঘটলেও যাতে দ্রুত পদক্ষেপ নেওয়া যায় সেই কারণে বৃহস্পতিবার রাতেই কলকাতা পুলিশের আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন কলকাতা পুলিশের কমিশনার সৌমেন মিত্র। সেই বৈঠকেই তিনি নির্দেশ দিয়েছেন, ভোটের সময় সামান্য গোলমালের খবর পেলেই সঙ্গে সঙ্গে যেন পুলিশ বাহিনীকে সেখানে পৌঁছে যায়। প্রতিটি থানা এলাকায় যাতে শান্তিপূর্ণ ও অবাধ ভোট হয়, তার জন্য আগে থেকেই ব্যবস্থা নেওয়ার নির্দেশও দেন পুলিশ কমিশনার।অসেই সঙ্গে তিনি এটাও জানিয়ে দেন যে, নির্বাচন কমিশনের নির্দেশ অনুযায়ীই প্রতিটি ব্যবস্থা নিতে হবে। পুলিশের দিকে নিয়মভঙ্গের যেন কোনও অভিযোগ না ওঠে সেই দিকটিও দেখতে বলেন তিনি। এদিকে কলকাতার বুকে প্রথম দফার ভোটগ্রহণ পর্ব যাতে সুষ্ঠুভাবে সম্পন্ন হয় তার জন্য ইতিমধ্যেই শহরে ১০২ কোম্পানি কেন্দ্রীয় বাহিনীকে পাঠিয়ে দিয়েছে নির্বাচন কমিশন। এই বাহিনীর একটা বড় অংশকেই কাজে লাগানো হবে এদিনের ভোটে। বাকি অংশ কলকাতার বিভিন্ন অংশে রুট মার্চ করবে। ভোটকেন্দ্রগুলিতে মোতায়েন করা থাকবে কেন্দ্রীয় বাহিনী। শনিবার শহরের ৭২১টি ভোটকেন্দ্রের ২ হাজার ৩৪৩টি বুথে ভোটগ্রহণ করা হবে। যে এলাকায় ৯টি বা তার বেশি সংখ্যক বুথ রয়েছে, সেখানে মোতায়েন করা হচ্ছে ২ সেকশন কেন্দ্রীয় বাহিনী, ৫টি ও তার বেশি বুথ থাকলে দেড় সেকশন এবং ২ থেকে ৪টি বুথ কোনও ভোটকেন্দ্রে থাকলে ১ সেকশন কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হচ্ছে।ভোটের দিন রাস্তায় নামানো হচ্ছে প্রায় সাড়ে চার হাজার অতিরিক্ত পুলিশ। ৩৩ জন ডেপুটি কমিশনার রাস্তায় থাকছেন। এ ছাড়াও অ্যাসিস্ট্যান্ট কমিশনার ও ইন্সপেক্টর পদমর্যাদার পুলিশ আধিকারিকরাও রাস্তায় থাকছেন। একাধিক জায়গায় উড়বে ড্রোন। আকাশপথেও চলবে নজরদারি। এছাড়াও পুলিশের পদস্থ কর্তারাও পরিস্থিতির উপর নজর রাখবেন। ভোটের সময় অবাঞ্ছিত ঘটনা এড়াতে পুরো এলাকায় টহল দেবে মোট ১২৩টি সেক্টর মোবাইল, ২৫টি ও তার সঙ্গে আরও ১২টি হেভি রেডিও ফ্লাইং স্কোয়াড এবং ৫০টি টহলদার বাইক। থাকছে ৬টি ডিভিশনাল ও একটি লালবাজারের স্ট্রাইকিং বাহিনী। একেকটি স্ট্রাইকিং বাহিনীর টহলদার গাড়িতে থাকছেন কুড়ি জন করে পুলিশকর্মী ও আধিকারিক। ৯৪টি কুইক রেসপন্স টিমে টহল দেবে কেন্দ্রীয় বাহিনী। সঙ্গে থাকবেন কলকাতা পুলিশ আধিকারিকরাও। যেখানে ভোট হচ্ছে, সেই এলাকার অপরিসর রাস্তা ও ভোটকেন্দ্রের আশপাশেও কেন্দ্রীয় বাহিনী পুলিশকে সঙ্গে নিয়ে টহল দেবে। এখন থেকেই বহিরাগতদের আটকাতে ৪০টি প্রবেশ ও বেরনোর রাস্তায় শুরু হয়েছে নাকা চেকিং। বিভিন্ন রাস্তায় কেন্দ্রীয় বাহিনী রুট মার্চও শুরু করেছে। ভোটের আগেও কোথাও কোনও গোলমাল যাতে না হয়, সেদিকে কড়া নজর রাখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

এপ্রিল ১০, ২০২১
কলকাতা

রুদ্রনীলকে নিয়ে দুয়ারে দুয়ারে অমিত শাহ, চাকদহে রোড শো নাড্ডার

নবান্ন দখলের লড়াইয়ের প্রায় মাঝপথে বাংলা। ২৬ এপ্রিল সপ্তম দফার ভোট তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের গড় ভবানীপুরে। মমতা বন্দ্যোপাধ্যায় নিজে সেই কেন্দ্রে না দাঁড়ালেও তাঁর বিরুদ্ধেই যে প্রধান প্রতিপক্ষ বিজেপিকে লড়তে হবে তা বলাই বাহুল্য। বিজেপির টিকিটে ভবানীপুরে দাঁড়িয়েছেন রুদ্রনীল ঘোষ। শুক্রবার চতুর্থ দফার ভোটের আগের দিন সেখানেই পথে নামলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ । কার্যত বাড়ি বাড়ি ঘুরে প্রচার করেন। অন্যদিকে, চাকদহে বিজেপি প্রার্থীদের সমর্থনে রোড শো করেন বিজেপি সভাপতি জেপি নাড্ডা।ভবানীপুরে প্রার্থী রুদ্রনীলকে নিয়ে অমিত শাহ অলিতে গলিতে ঘুরে ঘুরে প্রচার করলেন। নিজের হাতে বিলি করলেন লিফলেট। আর কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে সামনে পেয়ে বিজেপির কর্মী সমর্থকরাও ফুল দিয়ে তাঁকে স্বাগত জানান। কপালে তিলকও লাগিয়ে দেন। ভবানীপুরের বেশ কয়েকটি এলাকায় এভাবে প্রচার সারেন অমিত শাহ। পরে সংবাদমাধ্যমের সামনে অমিত শাহ বলেন, রুদ্রনীল অত্যন্ত জ্ঞানী প্রার্থী। ভবানীপুরে রুদ্রনীল অনেক বেশি মার্জিনে জিতবেন। ভবানীপুর ছাড়াও মধ্যমগ্রাম-সহ একাধিক জায়গায় প্রচার সারেন অমিত শাহ। রোড শো করেন মধ্যমগ্রামে। অন্যদিকে, নদিয়ার চাকদহে রোড শো সারেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জগৎ প্রকাশ নাড্ডা। প্রায় দেড় কিলোমিটার পথ ট্যাবলোতে অতিক্রম করেন তিনি। সঙ্গে ছিলেন চাকদহের বিজেপির প্রার্থী বঙ্কিম ঘোষ। রোড শোয়ের পর জনসভায় বক্তব্য রাখেন নাড্ডা। তাঁর বক্তব্যের নিশানায় ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। নাড্ডার দাবি, দিদির শাসনকাল শেষ। তোলাবাজি,কাটমানি আর তুষ্টিকরণের সরকার বেশি দিন চলবে না। এ বার ক্ষমতায় আসবে বিজেপি। চাকদহ ছাড়াও বর্ধমান-সহ আরও কয়েকটি জায়গায় দলীয় প্রার্থীদের সমর্থনে প্রচার সারেন নাড্ডা।

এপ্রিল ০৯, ২০২১
কলকাতা

ভোটের আগের দিন উত্তপ্ত কসবা

ভোটের আগের দিনই রাজনৈতিক সংঘর্ষে উত্তপ্ত হয়ে উঠল কসবা বিধানসভা কেন্দ্র। দিনেদুপুরে ঘরবাড়ি ভাঙচুর, বিজেপি প্রার্থী ইন্দ্রনীল খাঁর উপর হামলার ঘটনায় কাঠগড়ায় তৃণমূল। স্থানীয়দের অভিযোগ, ভোটের কয়েকদিন আগে থেকেই কসবার ৬৭নং ওয়ার্ড এলাকায় দুষ্কৃতীদের দৌরাত্ম্য বাড়ছে। বিজেপিকে ভোট না দেওয়ার হুমকি দিয়ে বারবার তাঁদের উপর চাপ দেওয়ার অভিযোগ উঠল স্থানীয়দের তরফে। তবে শুক্রবার এলাকার অশান্তির মাঝে এলাকায় কোথাও কেন্দ্রীয় বাহিনীকে দেখা যায়নি। ফলে নির্বাচনী আবহে কসবার নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে, আতঙ্কিত স্থানীয় বাসিন্দারা।কসবা বিধানসভা কেন্দ্র থেকে একুশের ভোটে লড়ছেন তৃণমূল প্রার্থী জাভেদ খান, বিজেপির ইন্দ্রনীল খাঁ এবং সিপিএমের শতরূপ ঘোষ। ৬৭ নং ওয়ার্ড এলাকার বাসিন্দাদের অভিযোগ, বারবারই তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা বাড়ি বাড়ি ঢুকে বিজেপিকে ভোট না দেওয়ার হুমকি দিচ্ছে। শুক্রবার সকালের দিকেও ছবিটা একই ছিল। রামঠিকারী মাঠ এলাকায় জনা ২০ যুবক বাইক নিয়ে একই কথা বলে তাঁদের। আর সেই হুমকি দিতে দিতেই তারা বাড়িতে হামলা চালায়, ভাঙচুর করে। সেখানে উপস্থিত এক যুবককে রড দিয়ে বেধড়ক মারধর করা হয় বলেও অভিযোগ।ঘটনার খবর পেয়ে বিকেলের দিকে সেখানে যান বিজেপি প্রার্থী ইন্দ্রনীল খাঁ, সিপিএমের শতরূপ ঘোষ। শতরূপের অভিযোগ, এলাকায় কয়েকদিন ধরে অশান্তির খবর পেয়েও উদাসীন থানা। কর্তব্যে গাফিলতির অভিযোগে কসবা থানার ওসিকে অপসারণের দাবি তোলেন তিনি। বিজেপি প্রার্থী ইন্দ্রনীল খাঁর অভিযোগ, তিনি নিজে থানায় গিয়ে অভিযোগ করেছেন, বিজেপি কর্মী, সমর্থকরা এর প্রতিকার চেয়ে বিক্ষোভেও শামিল হয়েছেন। তা সত্ত্বেও পুলিশ পদক্ষেপ করছে না বলে অভিযোগ। এ নিয়ে পালটা ফিরহাদ হাকিমের বক্তব্য, তৃণমূল নয়, বিজেপির তরফেই এলাকার শান্তি বিঘ্নিত করার চেষ্টা হয়েছে। ভোটের আগে বিজেপিই সন্ত্রাস ছড়াচ্ছে কসবায়।

এপ্রিল ০৯, ২০২১
কলকাতা

অফিস টাইমে ব্যাহত শিয়ালদহ দক্ষিণ শাখার ট্রেন চলাচল

সিগন্যালিংয়ের সমস্যা। অফিস টাইমে ব্যাহত শিয়ালদহ দক্ষিণ শাখায় ব্যাহত ট্রেন চলাচল। প্রায় এক ঘণ্টারও বেশি সময় ধরে সম্পূর্ণ বন্ধ ছিল পরিষেবা। এক ঘণ্টা বাদে আংশিকভাবে তা চালু করার চেষ্টা করছে রেল। পরিষেবা ব্যাহত হওয়ার জেরে বহু নিত্যযাত্রীকে নাকাল হতে হচ্ছে। বিশেষ করে অফিস যাত্রীরা চরম সমস্যার সম্মুখীন হচ্ছেন।দক্ষিণ পূর্ব রেল সূত্রের খবর, শিয়ালদহ দক্ষিণ শাখার বালিগঞ্জ স্টেশনে সিগন্যালে সমস্যা থাকার কারণে এদিন সকাল ৮টা নাগাদ ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। আপ বা ডাউন কোনও লাইনেই ট্রেন চলছিল না। যার ফলে সোনারপুর, ক্যানিং, বারুইপুর, ডায়মন্ডহারবার, লক্ষীকান্তপুর, নামখানা এবং বজবজ লাইনে ট্রেন চলাচল বিঘ্নিত হয়। ব্যাপক ভোগান্তির মধ্যে পড়েন নিত্যযাত্রীরা। প্রায় প্রতিটি স্টেশনেই বহু যাত্রীর ভিড় জমে গিয়েছে। আটকে বহু ট্রেন। রেলের পদস্থ আধিকারিক ও টেকনিশিয়ানরা দ্রুত সিগন্যাল ব্যবস্থায় কাজ করছে। সকাল ৯ টার পর আংশিক পরিষেবা চালু করা গেলেও তা পর্যাপ্ত নয়।

এপ্রিল ০৯, ২০২১
খেলার দুনিয়া

আট মাসের গর্ভবতী হয়ে তাইকোন্ডোয় সোনা!

আট মাস গর্ভবতী হয়েও তাইকোন্ডো প্রতিযোগিতায় নামলেন। শুধু নামলেনই না, জিতলেন সোনার মেডেলও। শুনতে অবাক লাগলেও এটাই সত্যি। আর এই খবর সামনে আসতেই সোশ্যাল মিডিয়ায় নেটিজেনরা নাইজেরিয়ার মহিলা অ্যাথলিটের কীর্তিকে কুর্নিশও জানিয়েছেন।একটি আন্তর্জাতিক সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, সম্প্রতি নাইজেরিয়ায় আয়োজিত হচ্ছে ন্যাশনাল স্পোর্টস ফেস্টিভ্যাল। তাতেই তাইকোন্ডো বিভাগে নেমেছিলেন আমিনাত ইদ্রিস নামে ২৬ বছর বয়সি ওই অ্যাথলিট। তবে অন্যান্যদের মতো তাঁর শারীরিক পরিস্থিতি ছিল না। কারণ ততদিনে তিনি আটমাসের অন্তঃসত্ত্বা। তা সত্ত্বেও মনের জোরে প্রতিযোগিতায় অংশ নেন। তবে শুধু অংশ নেওয়াই নয়, সবাইকে অবাক করে সোনার মেডেলও জিতে নেন। তাঁর টুর্নামেন্টে লড়ার ভিডিওটি ইতিমধ্যে সোশ্যাল মিডিয়াতেও ভাইরাল হয়েছে।এই প্রসঙ্গে এক সাক্ষাৎকারে ইদ্রিস জানান, এটা আমার কাছে খুবই সম্মানের। কয়েকদিন ট্রেনিং করার পরই আমি টুর্নামেন্টে নামার ব্যাপারে মনস্থির করে ফেলি। সোনার মেডেল জিতে তাই খুবই ভাল লাগছে। ইতিমধ্যে নেটিজেনরাও তাঁর এই লড়াইকে কুর্নিশ জানিয়েছেন। গর্ভবতী হয়েও সোনার মেডেল জেতা, তাও আবার তাইকোন্ডোর মতো খেলায়, সত্যিই অবাক করার মতো ঘটনায়।

এপ্রিল ০৯, ২০২১
দেশ

দেশে একদিনে করোনা আক্রান্ত ১ লক্ষ ১৫ হাজারের বেশি, মৃত ৬৩০

গত বছর এই সময়ই ভারতে প্রভাব বাড়াতে শুরু করেছিল করোনা। আর এখন এই মারণ ভাইরাস নতুন করে জাঁকিয়ে বসেছে। গত বছরও আক্রান্তের যে সংখ্যাটার সাক্ষী হয়নি দেশ, সেটাই হল এবছর। দিন দুয়েক আগেই দৈনিক সংক্রমণ ছাড়িয়েছিল এক লক্ষের গণ্ডি। এবার তা আরও বাড়ল। পাল্লা দিয়ে ঊর্ধ্বমুখী মৃতের সংখ্যাও।বুধবার স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের দেওয়া পরিসংখ্যান বলছে, গত ২৪ ঘণ্টায় দেশে ১ লক্ষ ১৫ হাজার ৭৩৬ জন করোনা আক্রান্ত হয়েছেন। এর বেশিরভাগটাই যে মহারাষ্ট্রের সেটা বলাই বাহুল্য। গত ২৪ ঘণ্টায় সে রাজ্যে আক্রান্ত ৫৫ হাজারেরও বেশি। মহারাষ্ট্র ছাড়াও পঞ্জাব, কর্নাটক, ছত্তিশগড়, দিল্লি, উত্তরপ্রদেশের মতো রাজ্যগুলিও রীতিমতো উদ্বেগ বাড়াচ্ছে। দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১ কোটি ২৮ লক্ষ ১ হাজার ৭৮৫ জন। এদিকে একদিনে এই মারণ ভাইরাসে প্রাণ হারালেন ৬৩০ জন। দেশে মোট মৃতের সংখ্যা ১ লক্ষ ৬৬ হাজার ১৭৭ জন। এই সংখ্যা আগের দিনের থেকে অনেকটাই বেশি। লাফিয়ে বাড়ছে অ্যাকটিভ কেসের সংখ্যাও। বর্তমানে করোনার চিকিৎসাধীন ৮ লক্ষ ৪৩ হাজার ৪৭৩ জন।পরিসংখ্যান বলছে, গত ২৪ ঘণ্টায় দেশে করোনামুক্ত হয়েছেন ৫৯ হাজার ৮৫৬ জন। এখনও পর্যন্ত দেশে ১ কোটি ১৭ লক্ষ ৯২ হাজার ১৩৫ করোনা থেকে মুক্ত হয়েছেন। টিকা পেয়েছেন ৮ কোটি ৭০ লক্ষ ৭৭ হাজার ৪৭৪ জন। টিকাকরণের পাশাপাশি চলছে টেস্টিংও। আইসিএমআর-এর রিপোর্ট বলছে, গতকাল ১২ লক্ষেরও বেশি নমুনা পরীক্ষা হয়েছে। তবে শুধু বাড়তে থাকা সংক্রমণই নয়, চিন্তা বাড়াচ্ছে করোনার নয়া স্ট্রেনও। স্বাস্থ্য মন্ত্রক জানাচ্ছে, পঞ্জাবে ৮০ শতাংশ মানুষের সংক্রমণের কারণ ব্রিটেন থেকে আসা স্ট্রেন। নির্বাচন, কৃষক বিক্ষোভের মতো কারণে সংক্রমণ ছড়াচ্ছে বলেো দাবি স্বাস্থ্য মন্ত্রকের।

এপ্রিল ০৭, ২০২১
রাজ্য

পাপিয়া অধিকারীকে মারধর, তৃণমূলের বিরুদ্ধে কমিশনে যাচ্ছে বিজেপি

তৃতীয় দফার ভোটে একের পর এক অশান্তির খবর সামনে এসেছে। তৃণমূল প্রার্থী সুজাতা মণ্ডল খাঁর পর এবার উলুবেড়িয়া দক্ষিণের বিজেপি প্রার্থী পাপিয়া অধিকারীর উপর হামলার অভিযোগ উঠল। উলুবেড়িয়া হাসপাতালে এক বিজেপি কর্মীকে দেখতে যান পাপিয়া। সেখানেই তাঁর উপর হামলা হয়, চড় মারা হয় বলেও অভিযোগ। এর জেরে হাসপাতাল চত্বর রণক্ষেত্র হয়ে ওঠে।উলুবেড়িয়া দক্ষিণ বিধানসভা এলাকায় এক বিজেপি কর্মী আহত হন। তাঁকে উদ্ধার করে উলুবেড়িয়া হাসপাতালে ভরতি করা হয়। খবর পেয়ে সেখানে তাঁকে দেখতে যান উলুবেড়িয়া দক্ষিণের বিজেপি প্রার্থী পাপিয়া অধিকারী। তাঁর সঙ্গে বেশ কয়েকজন কর্মী সমর্থকও ছিলেন। হাসপাতালে পৌঁছলে সেখানে পাপিয়া অধিকারীকে ধাক্কা দেওয়া হয় বলে অভিযোগ। বাধা দিতে যান বিজেপি কর্মী সমর্থকরা। এরপরই দুপক্ষের মধ্যে বচসা থেকে হাতাহাতি শুরু হয়ে যায়। পরিস্থিতি রণক্ষেত্রের আকার নেয়। শেষে পুলিশ গিয়ে পরিস্থিতি কোনওরকমে নিয়ন্ত্রণে আনে। ঘটনাস্থল থেকে বার করে নিয়ে যাওয়া হয় পাপিয়া অধিকারীকে।পরে পাপিয়াও সংবাদমাধ্যমের কাছে জানান, তাঁকে হাসপাতাল চত্বরে মারধর করা হয়েছে। আর এই ঘটনার পিছনে সরাসরি তৃণমূল কংগ্রেসের হাত রয়েছে বলে অভিযোগ করেন তিনি। তাঁর দাবি, তৃণমূল কংগ্রেস যে হারছে সেটা তারা বুঝতে পেরেছে। তাই এমন হামলা করছে। যদিও তৃণমূলের তরফে পাপিয়ার উপর হামলার অভিযোগ অস্বীকার করা হয়।পাপিয়া অধিকারীর উপর হামলার খবর পেয়ে তাঁকে ফোন করেন বিজেপি নেতা কৈলাশ বিজয়বর্গীয়। খোঁজ নেন কী ঘটেছিল। বিজেপির তরফে এই হামলার প্রতিবাদ করে কমিশনে অভিযোগ জানানো হচ্ছে বলে জানানো হয়েছে। হামলার ঘটনায় যুক্ত থাকার অভিযোগে ইতিমধ্যে ২ জনকে পাকড়াও করা হয়েছে।

এপ্রিল ০৬, ২০২১
রাজ্য

বাংলায় করোনার তাণ্ডব, একদিনে সংক্রমিত ২ হাজারের বেশি

ভোটের মরশুমে রাজ্যজুড়ে নতুন করে তাণ্ডব চালাচ্ছে করোনা সংক্রমণ। গত ২৪ ঘণ্টায় সংক্রমিতের সংখ্যা ২ হাজার ছাড়িয়ে গেল। বেড়েছে মৃত্যুও। উদ্বেগ বাড়াচ্ছে রাজ্যের সুস্থতার হারও। মঙ্গলবার তৃতীয় দফা ভোট মিটল বঙ্গে। এখনও বাকি পাঁচ দফা। আর তার আগে জোরকদমে চলছে মিটিং-মিছিল-সমাবেশ। কোভিডবিধি উড়িয়ে মাস্ক ছাড়াই জমায়েত করছেন হাজার হাজার মানুষ। আর সেই উদাসীনতার মাশুল গুনতে হচ্ছে বঙ্গবাসীকেই। স্বাস্থ্যদপ্তরের মঙ্গলবারের রিপোর্ট বলছে, একদিনে রাজ্যে কোভিড আক্রান্ত ২ হাজার ৫৮ জন। ফলে এদিন রাজ্যের মোট সংক্রমিতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৫ লক্ষ ৯৭ হাজার ৬৩৪ জন। স্বাস্থ্যভবনের রিপোর্ট বলছে, গত ২৪ ঘণ্টায় সর্বাধিক আক্রান্তের হদিশ মিলেছে কলকাতায়। সংক্রমিত হয়েছেন ৫৮২ জন। দ্বিতীয় স্থানে রয়েছেন উত্তর ২৪ পরগনা। এই জেলায় করোনা আক্রান্ত হয়েছেন ৪৭২ জন। এই দুই জেলা ছাড়া গত ২৪ ঘণ্টায় শতাধিক আক্রান্তের হদিশ মিলেছে দক্ষিণ ২৪ পরগণা, হাওড়া ও বীরভূমে। সরকারি হিসেব বলছে, বাংলায় চিকিৎসাধীন করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১২ হাজার ৭৭৫ জন। যা সোমবারের তুলনায় ১ হাজার ৩২৯ জন বেশি। সুস্থ হয়ে উঠেছেন ৫ লক্ষ ৭৪ হাজার ৫০৪ জন। একদিনে করোনামুক্ত হয়েছেন ৭২২ জন। ফলে রাজ্যে সুস্থতার হার বেড়ে দাঁড়াল ৯৬.১২ শতাংশ। সোমবারের তুলনায় রাজ্যে বেড়েছে মৃত্যুও। সরকারি রিপোর্ট অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় বাংলায় ৭ জনের মৃত্যু হয়েছে। তাঁদের মধ্যে তিন জন কলকাতার বাসিন্দা। বাকিরা হুগলি, উত্তর ২৪ পরগনা, মালদা ও মুর্শিদাবাদের বাসিন্দা। এদিনে এ রাজ্যে করোনা মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১০ হাজার ৩৫৫ জন।

এপ্রিল ০৬, ২০২১
  • ‹
  • 1
  • 2
  • ...
  • 88
  • 89
  • 90
  • 91
  • 92
  • 93
  • 94
  • ...
  • 102
  • 103
  • ›

ট্রেন্ডিং

দেশ

বিচারপতির বদলে ওয়েইসিকে ‘গার্ড অফ অনার’! যোগীরাজ্যে পুলিশের কাণ্ডে তোলপাড়

বিচারপতির জন্য নির্দিষ্ট গার্ড অফ অনার পেলেন এআইএমআইএম প্রধান আসাদউদ্দিন ওয়েইসি! উত্তরপ্রদেশের সাহারানপুরে পুলিশের এই ভুল ঘিরে শুরু হয়েছে বিতর্ক। সাধারণত সাংবিধানিক পদে থাকা বিশিষ্ট ব্যক্তিদেরই এই বিশেষ সম্মান দেওয়া হয়। তা হলে একজন সাংসদকে কেন গার্ড অফ অনার দেওয়া হল, তা নিয়ে প্রশ্ন উঠেছে। যদিও পুলিশের দাবি, ওয়েইসিকে এই সম্মান দেওয়ার কথা ছিল না। এক বিচারপতির জন্য তৈরি করা ব্যবস্থা ভুল করে তাঁকেই দেওয়া হয়েছে।শনিবার সাহারানপুরের সার্কিট হাউসে যাওয়ার কথা ছিল সুপ্রিম কোর্টের এক বিচারপতির। তাঁর জন্যই গার্ড অফ অনার-এর ব্যবস্থা করেছিল জেলা পুলিশ। কিন্তু আচমকাই সেখানে হাজির হন হায়দরাবাদের সাংসদ ওয়েইসি। ভোটের প্রচারের মাঝে বিশ্রাম নেওয়ার জন্য তিনি সার্কিট হাউসে যান। সেই সময় উপস্থিত পুলিশকর্মীরা ভুল করে তাঁকেই গার্ড অফ অনার দিয়ে বসেন। ঘটনায় প্রথমে কিছুটা অবাক হয়ে যান ওয়েইসি। পরে অবশ্য পুলিশের অভিবাদন গ্রহণ করেন তিনি।এই ঘটনা সামনে আসতেই প্রশ্ন ওঠে, একজন সাধারণ সাংসদকে কেন এমন সম্মান দেওয়া হল? সাহারানপুরের পুলিশ সুপারও ভুলের কথা স্বীকার করেছেন। তাঁর বক্তব্য, ওয়েইসির গার্ড অফ অনার পাওয়ার কথা ছিল না। এক বিচারপতির জন্যই এই ব্যবস্থা করা হয়েছিল। ভুল করে ওয়েইসিকে তা দেওয়া হয়েছে। কী ভাবে এই ভুল হল এবং কার গাফিলতিতে এমন ঘটনা ঘটল, তা খতিয়ে দেখছে পুলিশ।উল্লেখ্য, ওয়েইসিকে দীর্ঘদিন ধরেই বিজেপির বি টিম বলে কটাক্ষ করে আসছে কংগ্রেস-সহ বিরোধী জোটের একাধিক দল। এবার উত্তরপ্রদেশে চন্দ্রশেখর আজাদের সঙ্গে জোট বেঁধে ভোটের ময়দানে নেমেছেন এআইএমআইএম প্রধান। ইতিমধ্যেই বিভিন্ন জেলায় প্রচারও শুরু করেছেন তিনি। এই পরিস্থিতিতে পুলিশের কাছ থেকে গার্ড অফ অনার পাওয়ার ঘটনা নিয়ে আগামী দিনে রাজনৈতিক মহলে নতুন করে বিতর্ক তৈরি হতে পারে।

নভেম্বর ২২, ২০২৬
খেলার দুনিয়া

৭২০ রানের পাহাড় ভারতের, শতরান পন্থেরও! চতুর্থ দিনে ঘরের মাঠে হার বাঁচানোর লড়াই কিউয়িদের

ওয়েলিংটন: ব্যাট হাতে রীতিমতো দাপট দেখাল ভারত। একের পর এক ব্যাটারের দুরন্ত পারফরম্যান্সে নিউজিল্যান্ডের বোলিংকে কার্যত দিশেহারা করে ৭২০ রানে ইনিংস ঘোষণা করল শুভমন গিলের দল। ঋষভ পন্থের দুরন্ত শতরান ভারতীয় ইনিংসের অন্যতম আকর্ষণ হয়ে উঠল। প্রথম ইনিংসে ৩৫২ রানের বিশাল ব্যবধানে এগিয়ে যাওয়ার পর এখন ম্যাচের নিয়ন্ত্রণ পুরোপুরি ভারতের হাতে। অন্যদিকে, চতুর্থ দিনের শেষে হার এড়াতে মরিয়া লড়াই চালাচ্ছে নিউজিল্যান্ড।প্রথম ইনিংসে নিউজিল্যান্ডের ৩৬৮ রানের জবাবে ভারত ৯ উইকেটে ৭২০ রান তুলে ইনিংস ঘোষণা করে। বিদেশের মাটিতে টেস্টে ভারতের সর্বোচ্চ রানের ইনিংস গড়ে নতুন নজির তৈরি করলেন গিলেরা। দলের ব্যাটিং গভীরতা এবং ধারাবাহিকতা এ দিন স্পষ্ট হয়ে উঠেছে। ভারতের প্রথম সাতটি উইকেটের জুটিতেই ৫০ বা তার বেশি রান ওঠা টেস্ট ক্রিকেটের ইতিহাসে নজিরবিহীন ঘটনা।শনিবারের অপরাজিত ৫৫ রানকে শতরানে পরিণত করলেন ঋষভ পন্থ। আগ্রাসী ব্যাটিংয়ে ১৫৩ বলে ১২৮ রান করেন তিনি। তাঁর ইনিংসে ছিল ১০টি চার ও ৬টি ছক্কা। শেষ দিকে অনশুল কম্বোজের ৩৮ রান এবং ধ্রুব জুরেলের ৭৮ রানের ঝোড়ো ইনিংস ভারতকে আরও শক্তিশালী জায়গায় পৌঁছে দেয়। ওয়াশিংটন সুন্দর ২৪, আকাশ দীপ ১৩ রান করেন। জসপ্রীত বুমরাহ ৭ রানে অপরাজিত থাকেন।ভারতের টেস্ট ইতিহাসে এটি তৃতীয় সর্বোচ্চ ইনিংস। ২০১৬ সালে চেন্নাইয়ে ইংল্যান্ডের বিরুদ্ধে ৭ উইকেটে ৭৫৯ রান ভারতের সর্বোচ্চ। ২০০৯ সালে মুম্বইয়ে শ্রীলঙ্কার বিরুদ্ধে ৯ উইকেটে ৭২৬ রান দ্বিতীয় স্থানে রয়েছে। ওয়েলিংটনে ৯ উইকেটে ৭২০ রান করে সেই তালিকায় তৃতীয় স্থান দখল করল ভারত। টেস্টে পঞ্চম বার ৭০০ রানের গণ্ডি পার করল ভারতীয় দল।ভারতের ব্যাটিং তাণ্ডবে নিউজিল্যান্ডের বোলারদের কার্যত অসহায় দেখিয়েছে। গ্লেন ফিলিপস ১৫৪ রান দিয়ে তিন উইকেট নিয়ে দলের সফলতম বোলার। রাচিন রবীন্দ্র ৪৪ রানে দুটি উইকেট পান। নাথান স্মিথ, কাইল জেমিসন ও ম্যাট হেনরি একটি করে উইকেট নেন। জেকব ডাফি একটি উইকেট পেলেও খরচ করেছেন ২০১ রান।৩৫২ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে শুরুতেই ধাক্কা খায় নিউজিল্যান্ড। অধিনায়ক টম লাথাম কোনও রান না করেই ফিরে যান। প্রথম ইনিংসে শতরান করা হেনরি নিকোলসও দ্বিতীয় ইনিংসে বড় রান করতে পারেননি। তাঁর সংগ্রহ ৩১। তবে ডেভন কনওয়ে ও রাচিন রবীন্দ্র প্রতিরোধ গড়ে তোলেন। দিনের শেষে কনওয়ে ৫৯ এবং রাচিন ২৭ রানে অপরাজিত। দ্বিতীয় ইনিংসে নিউজিল্যান্ডের রান ২ উইকেটে ১১৯। এখনও ভারতের থেকে ২৩৩ রান পিছিয়ে তারা।ভারতের হয়ে জসপ্রীত বুমরাহ ও প্রসিদ্ধ কৃষ্ণ একটি করে উইকেট নিয়েছেন। আকাশ দীপ ভাল বল করলেও উইকেট পাননি। শেষ দিনে ভারতের সামনে প্রথম ইনিংসের ব্যবধানে জয় তুলে নেওয়ার সুবর্ণ সুযোগ। নিউজিল্যান্ডের হাতে আট উইকেট থাকলেও লক্ষ্য একটাইযতক্ষণ সম্ভব উইকেটে টিকে থেকে হার এড়ানো। অন্যদিকে, ভারতীয় বোলারদের লক্ষ্য দ্রুত কিউয়িদের বাকি উইকেট তুলে নিয়ে ম্যাচের নিষ্পত্তি করা।শেষ দিনের লড়াইয়ে এখন নজর বুমরাহদের দিকে। ভারত কি বিশাল ব্যবধানে জয় তুলে নেবে, নাকি নিউজিল্যান্ডের ব্যাটারেরা শেষ মুহূর্ত পর্যন্ত প্রতিরোধ গড়ে তুলবেন? টেস্টের শেষ অধ্যায় ঘিরে উত্তেজনা তুঙ্গে।

নভেম্বর ২২, ২০২৬
কলকাতা

২৫ বছর ধরে মিলবে ২৫০০ মেগাওয়াট বিদ্যুৎ! আদানি গোষ্ঠীর সঙ্গে বড় চুক্তি রাজ্যের

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর বিদ্যুৎ সরবরাহ নিয়ে বড় সিদ্ধান্ত নিল নতুন সরকার। আগামী ২৫ বছর ধরে রাজ্যে ২৫০০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহের দায়িত্ব নিতে চলেছে আদানি গোষ্ঠী। এই মর্মে আদানি এনার্জি সলিউশনস লিমিটেডের সঙ্গে রাজ্য সরকারের চুক্তি হয়েছে বলে সূত্রের খবর। পশ্চিমবঙ্গ বিদ্যুৎ পর্ষদ নিগমের মাধ্যমে রাজ্যের বিভিন্ন এলাকায় বিদ্যুৎ সরবরাহ করবে আদানি গোষ্ঠীর এই সংস্থা। সরকারের আশা, এই উদ্যোগের ফলে রাজ্যে বিদ্যুতের ঘাটতি মেটানো সহজ হবে।রাজ্য সরকারের অধীনস্থ বিদ্যুৎ সংস্থার সঙ্গে আদানি গোষ্ঠীর এই চুক্তিকে সরকারি ও বেসরকারি যৌথ উদ্যোগের গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলে মনে করা হচ্ছে। আদানি এনার্জি সলিউশনস লিমিটেডের প্রধান কার্যনির্বাহী আধিকারিক কন্দর্প প্যাটেল জানিয়েছেন, পরিবেশবান্ধব বিদ্যুৎ সরবরাহের ক্ষেত্রে তাঁদের সংস্থা গুরুত্বপূর্ণ ভূমিকা নিচ্ছে। দেশজুড়েই এই ধরনের বিদ্যুতের চাহিদা বাড়ছে। পশ্চিমবঙ্গ সরকারের সঙ্গে কাজ করার সুযোগ পেয়ে তাঁরা খুশি বলেও জানিয়েছেন তিনি। তাঁর মতে, এই চুক্তির ফলে রাজ্যে সংস্থার কাজের পরিধি আরও বাড়বে।সূত্রের খবর, ২০২৮ সালের জুলাই মাস থেকে প্রথম ধাপে ১৭৫০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ শুরু হবে। এর পর ২০২৯ সালে দ্বিতীয় ধাপে আরও ৭৫০ মেগাওয়াট বিদ্যুৎ পাবে রাজ্য। সব মিলিয়ে আগামী ২৫ বছর ধরে মোট ২৫০০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহের পরিকল্পনা রয়েছে।এই বিদ্যুৎ তৈরি হবে কী ভাবে? জানা গিয়েছে, সৌরশক্তি ও বায়ুশক্তি ব্যবহার করে ৪.৬ গিগাওয়াট ক্ষমতার বিদ্যুৎ উৎপাদনের ব্যবস্থা করা হবে। পাশাপাশি ব্যাটারিতে বিদ্যুৎ সঞ্চয় ও সরবরাহের জন্য ৩.৬ গিগাওয়াট ক্ষমতার ব্যবস্থাও গড়ে তোলা হবে। শুধু বিদ্যুৎ উৎপাদন বা সরবরাহই নয়, স্মার্ট মিটার বসানোর কাজেও যুক্ত থাকবে আদানি এনার্জি সলিউশনস লিমিটেড।এই বিদ্যুৎ শুধু বাড়ির দৈনন্দিন ব্যবহারের জন্য নয়, শিল্প, বাণিজ্য এবং প্রযুক্তি ক্ষেত্রেও কাজে লাগানো যাবে। রাজ্য সরকারের আশা, নতুন এই ব্যবস্থা চালু হলে বিদ্যুতের ঘাটতি কমবে এবং আগামী দিনে রাজ্যের বিদ্যুতের চাহিদা মেটানো আরও সহজ হবে।

নভেম্বর ২২, ২০২৬
রাজ্য

বাবাকে খুন করে রান্নাঘরেই লুকিয়েছিল রক্তমাখা চাপাতি! সবজি রাখার ট্রে খুলতেই চমকে গেল পুলিশ

বাবাকে খুনের পর রক্তমাখা চাপাতি লুকিয়ে রেখেছিল রান্নাঘরে। তাও আবার সবজি রাখার ট্রের ভিতরে! পুলিশ হেফাজতে যাওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই অভিযুক্ত ছেলেকে সঙ্গে নিয়ে সেই অস্ত্র উদ্ধার করল পুলিশ। জলপাইগুড়ির নেতাজিপাড়ার এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। ধৃতের নাম পল লেপচা। বাবাকে খুনের অভিযোগে তাঁকে গ্রেফতার করেছে কোতোয়ালি থানার পুলিশ।পুলিশ সূত্রে জানা গিয়েছে, শুক্রবার বিকেলে নেতাজিপাড়ার বাড়িতে খুন হন বৃদ্ধ অনিমা প্রসাদ লেপচা। বাবাকে খুনের অভিযোগ ওঠে তাঁর ছেলে পল লেপচার বিরুদ্ধে। ঘটনার তদন্তে নেমে তাঁকে গ্রেফতার করে পুলিশ। শনিবার জলপাইগুড়ি আদালতে পেশ করা হলে বিচারক তাঁকে চার দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন।এর পর শনিবার রাতেই অভিযুক্ত পলকে নিয়ে তাঁর বাড়িতে যায় পুলিশ। তদন্তকারীদের নিয়ে রান্নাঘরে যায় সে। সেখানেই সবজি রাখার ট্রের ভিতর থেকে উদ্ধার হয় মাংস কাটার একটি চাপাতি। পুলিশ সূত্রে খবর, সেটি রক্তমাখা ছিল। অভিযোগ, বাবাকে খুন করার পর ওই চাপাতিটিই রান্নাঘরের সবজি রাখার ট্রেতে লুকিয়ে রেখেছিল পল।পুলিশের দাবি, পল দীর্ঘদিন ধরে নেশায় আসক্ত ছিল। নেশার অভ্যাস ছাড়ানোর জন্য তাকে একটি নেশামুক্তি কেন্দ্রে পাঠানো হয়েছিল। সেখানে বেশ কিছু দিন থাকার পর সম্প্রতি বাড়ি ফিরেছিল সে। কিন্তু বাড়ি ফেরার পর আবারও নেশায় আসক্ত হয়ে পড়ে বলে অভিযোগ।তবে নেশার কারণেই কি বাবাকে খুন করেছে পল? নাকি এই ঘটনার পিছনে অন্য কোনও কারণ রয়েছে? তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। খুনের প্রকৃত কারণ জানতে ধৃতকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।বর্তমানে চার দিনের পুলিশ হেফাজতে রয়েছে অভিযুক্ত। ঘটনার পুনর্নির্মাণও করা হতে পারে। তদন্তের প্রয়োজনে ফরেনসিক বিশেষজ্ঞদের সাহায্য নেওয়ার পরিকল্পনা রয়েছে পুলিশের। উদ্ধার হওয়া চাপাতি-সহ অন্যান্য নমুনাও পরীক্ষার জন্য পাঠানো হতে পারে। কেন এমন ঘটনা ঘটল, তা জানতে সব দিক খতিয়ে দেখছে জলপাইগুড়ি কোতোয়ালি থানার পুলিশ।

নভেম্বর ২২, ২০২৬
কলকাতা

৭০ বছরের অমীমাংসিত অঙ্কের সমস্যার সমাধান! কলকাতার নীনা এবার জায়গা পেলেন টাইমের বিশেষ তালিকায়

অঙ্কের নাম শুনলেই অনেকের মনে ভয় তৈরি হয়। কিন্তু কারও কারও কাছে অঙ্ক শুধু হিসাব মেলানোর বিষয় নয়, বরং নতুন প্রশ্নের উত্তর খোঁজার পথ। সেই পথ ধরেই আন্তর্জাতিক স্তরে পরিচিতি পেয়েছেন কলকাতার মেয়ে নীনা গুপ্তা। প্রায় ৭০ বছর ধরে অমীমাংসিত একটি জটিল গাণিতিক সমস্যার সমাধানে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন তিনি। এ বার তাঁর সেই সাফল্যের মুকুটে জুড়ল আরও একটি পালক। টাইমের ১০০ নেক্সট ইন্ডিয়া তালিকায় জায়গা করে নিয়েছেন এই বাঙালি গণিতবিদ। বিজ্ঞান ও স্বাস্থ্য ক্ষেত্রে উদ্ভাবকদের বিভাগে নির্বাচিত হয়েছেন ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউটের অধ্যাপক নীনা।তবে এই সাফল্য এক দিনে আসেনি। দীর্ঘদিনের গবেষণা, পরিশ্রম এবং অঙ্কের প্রতি গভীর আগ্রহ তাঁকে এই জায়গায় পৌঁছে দিয়েছে। ২০১৪ সালে প্রায় সাত দশক ধরে অমীমাংসিত একটি গাণিতিক সমস্যার বিশেষ ক্ষেত্রে নতুন সমাধান সামনে এনে আন্তর্জাতিক গণিতের জগতে পরিচিতি পান নীনা। তাঁর গবেষণা গণিতের একটি গুরুত্বপূর্ণ শাখা বীজগাণিতিক জ্যামিতিতে নতুন দিশা দেখায়।১৯৮৪ সালে কলকাতায় জন্ম নীনার। ছোটবেলা থেকেই অঙ্কের ধাঁধা সমাধান করতে ভালবাসতেন তিনি। তাঁর এই আগ্রহ তৈরিতে বড় ভূমিকা ছিল মা জ্ঞানলতা গুপ্তার। মেয়েকে বিভিন্ন অঙ্কের সমস্যা সমাধান করতে উৎসাহ দিতেন তিনি। শুধু নীনা নন, তাঁর ভাইকেও অঙ্কের প্রতিযোগিতায় অংশ নিতে উৎসাহিত করতেন মা। ছোটবেলা থেকেই প্রশ্ন করা, যুক্তি দিয়ে ভাবা এবং নতুন সমাধান খোঁজার অভ্যাস তৈরি হয়েছিল নীনার।কলেজে পড়ার সময়ই গণিত নিয়ে এগোনোর সিদ্ধান্ত নেন তিনি। বেথুন কলেজে গণিত নিয়ে পড়াশোনা শুরু করেন। ২০০৬ সালে স্নাতক হওয়ার পর কলকাতার ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউটে স্নাতকোত্তর পড়তে শুরু করেন। ২০০৮ সালে স্নাতকোত্তর ডিগ্রি অর্জনের পর বীজগাণিতিক জ্যামিতি নিয়ে গবেষণা শুরু করেন।তবে তাঁর পড়াশোনার পথ সব সময় সহজ ছিল না। স্নাতকোত্তর পড়ার সময় গণিতের ক্লাসে একমাত্র মহিলা ছিলেন নীনা। সেই অভিজ্ঞতা তাঁকে বিজ্ঞান ও গণিতের মতো বিষয়ে মেয়েদের অংশগ্রহণ বাড়ানোর প্রয়োজনীয়তা বুঝতে সাহায্য করে। পরবর্তী সময়ে বিভিন্ন মঞ্চে মেয়েদের গণিত ও বিজ্ঞান নিয়ে পড়াশোনা এবং গবেষণায় এগিয়ে আসার বার্তা দিয়েছেন তিনি।নীনার আন্তর্জাতিক পরিচিতির পিছনে রয়েছে ২০১৪ সালের একটি গুরুত্বপূর্ণ গবেষণা। প্রায় ৭০ বছর ধরে গণিতবিদদের কাছে অমীমাংসিত ছিল জারিস্কি ক্যানসেলেশন প্রবলেম নামে একটি সমস্যা। ১৯৪৯ সালে গণিতবিদ অস্কার জারিস্কি এই সমস্যাটি সামনে এনেছিলেন।সহজ করে বললে, সমস্যাটির মূল প্রশ্ন ছিল, দুটি গাণিতিক কাঠামোর সঙ্গে অতিরিক্ত একটি মাত্রা যোগ করার পর যদি তাদের গঠন একই রকম হয়ে যায়, তা হলে কি বলা যায় যে অতিরিক্ত মাত্রা যোগ করার আগেও তাদের গঠন একই ছিল? দীর্ঘদিন ধরে এই প্রশ্নের উত্তর খুঁজছিলেন গণিতবিদেরা।নীনা গুপ্তা এই সমস্যার একটি বিশেষ ক্ষেত্রে এমন একটি উদাহরণ সামনে আনেন, যা প্রচলিত ধারণাকে চ্যালেঞ্জ জানায়। তাঁর গবেষণায় দেখানো হয়, দুটি আলাদা গাণিতিক কাঠামোতেও অতিরিক্ত মাত্রা যোগ করার পর মিল দেখা যেতে পারে। এই কাজের জন্য তিনি আসানুমার তৈরি একটি বিশেষ ত্রিমাত্রিক গাণিতিক কাঠামো ব্যবহার করেন। তাঁর এই গবেষণা আন্তর্জাতিক গণিত মহলে বিশেষ গুরুত্ব পায়।এই গবেষণার জন্য ২০১৪ সালে ইন্ডিয়ান ন্যাশনাল সায়েন্স অ্যাকাডেমির ইয়ং সায়েন্টিস্ট পুরস্কার পান নীনা। এর পর একের পর এক সম্মান এসেছে তাঁর ঝুলিতে। ২০১৯ সালে গণিত বিজ্ঞানে দেশের অন্যতম গুরুত্বপূর্ণ সম্মান শান্তিস্বরূপ ভাটনগর পুরস্কার পান তিনি।২০২১ সালে উন্নয়নশীল দেশগুলির তরুণ গণিতবিদদের জন্য দেওয়া রামানুজন পুরস্কার পান নীনা। এই পুরস্কার পাওয়া তৃতীয় মহিলা তিনি। ২০২২ সালে তাঁকে দেওয়া হয় নারী শক্তি পুরস্কার। ওই বছর আন্তর্জাতিক গণিতবিদ সম্মেলনে বক্তব্য রাখার আমন্ত্রণও পান তিনি।২০২৩ সালে পান টিডব্লিউএএস-ক্যাস ইয়ং সায়েন্টিস্ট পুরস্কার। ২০২৪ সালে অ্যালজেব্রিক জিওমেট্রি এবং কমিউটেটিভ অ্যালজেব্রায় তাঁর অবদানের জন্য ইনফোসিস পুরস্কার দেওয়া হয় তাঁকে। ২০২৫ সালে আমেরিকান ম্যাথমেটিক্যাল সোসাইটি এবং অ্যাসোসিয়েশন ফর উইমেন ইন ম্যাথমেটিক্সের উদ্যোগে আয়োজিত ৪৪তম এমি নোয়েথার বক্তৃতা দেন তিনি।এ বার সেই সাফল্যের তালিকায় যুক্ত হল আরও একটি আন্তর্জাতিক স্বীকৃতি। টাইমের ১০০ নেক্সট ইন্ডিয়া তালিকায় জায়গা করে নিলেন কলকাতার নীনা গুপ্তা।ছোটবেলায় মায়ের উৎসাহে অঙ্কের ধাঁধা সমাধান করা থেকে শুরু করে আন্তর্জাতিক স্তরে গণিতের কঠিন সমস্যার সমাধাননীনার এই যাত্রা অনেকের কাছেই অনুপ্রেরণার। বিশেষ করে বিজ্ঞান ও গণিত নিয়ে পড়াশোনা করতে চাওয়া মেয়েদের কাছে তাঁর সাফল্য একটি বড় উদাহরণ। তাঁর জীবন দেখিয়ে দেয়, কৌতূহল, পরিশ্রম এবং নতুন ভাবে ভাবার সাহস থাকলে গবেষণার জগতে নিজের জায়গা তৈরি করা সম্ভব।

নভেম্বর ২২, ২০২৬
রাজ্য

বিহার থেকে গ্রেফতার, দুর্গাপুর থানায় এনে রাখা হয়েছিল! রাতারাতি লকআপ ভেঙে পালাল অভিযুক্ত

পুলিশের হেফাজতে থাকা এক অভিযুক্ত থানার লকআপের জানলা ভেঙে পালিয়ে গেলেন! বিহার থেকে গ্রেফতার করে দুর্গাপুরে নিয়ে আসা হয়েছিল তাঁকে। আদালতের নির্দেশে রাখা হয়েছিল পুলিশ হেফাজতে। কিন্তু শনিবার রাতে থানার লকআপ থেকে উধাও হয়ে যান ওই অভিযুক্ত। রবিবার সকাল পর্যন্ত তাঁর কোনও খোঁজ মেলেনি। এই ঘটনায় দুর্গাপুরে চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিশের নজরদারি এবং থানার নিরাপত্তা ব্যবস্থা নিয়ে উঠতে শুরু করেছে একাধিক প্রশ্ন।পুলিশ সূত্রে জানা গিয়েছে, গাড়ি চুরির মামলায় অভিযুক্ত মনোজ চক্রবর্তীকে বিহার থেকে গ্রেফতার করা হয়েছিল। তাঁকে দুর্গাপুরে নিয়ে এসে আদালতে হাজির করানো হয়। বিচারকের নির্দেশে মনোজকে পুলিশ হেফাজতে রাখার সিদ্ধান্ত নেওয়া হয়। সেই মতো তাঁকে কোকওভেন থানার লকআপে রাখা হয়েছিল।পুলিশ সূত্রে খবর, শনিবার রাতে লকআপ পরীক্ষা করতে গিয়ে দেখা যায়, জানলা ভাঙা। কিন্তু ভিতরে নেই মনোজ। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, লকআপের জানলা ভেঙেই পালিয়েছেন তিনি। বিষয়টি জানাজানি হতেই থানার পুলিশকর্মীরা তল্লাশি শুরু করেন। আশপাশের এলাকাতেও খোঁজ চালানো হচ্ছে। তবে রবিবার সকাল পর্যন্ত তাঁর কোনও সন্ধান পাওয়া যায়নি।এই ঘটনায় থানার নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠেছে। পুলিশ হেফাজতে থাকা এক অভিযুক্ত কী ভাবে লকআপের জানলা ভেঙে পালালেন, তা নিয়ে শুরু হয়েছে আলোচনা। থানার ভিতরে পুলিশকর্মীদের নজরদারি থাকা সত্ত্বেও কেন বিষয়টি কারও নজরে এল না, সেই প্রশ্নও উঠছে। লকআপের জানলাটি আগে থেকেই ভাঙা ছিল কি না, সেটি মেরামত করা হয়েছিল কি না এবং অভিযুক্তের উপর যথাযথ নজর রাখা হয়েছিল কি না, সব দিক খতিয়ে দেখছেন তদন্তকারীরা।ঘটনায় অস্বস্তিতে পড়েছেন থানার পুলিশকর্মীরা। আপাতত এ বিষয়ে প্রকাশ্যে কিছু বলতে চাইছেন না থানার আধিকারিকেরা। অন্য দিকে, পলাতক অভিযুক্তের খোঁজে বিভিন্ন এলাকায় তল্লাশি চালানো হচ্ছে।এই বিষয়ে আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনার প্রণব কুমার জানিয়েছেন, ঘটনার তদন্ত শুরু হয়েছে। কোনও পুলিশ আধিকারিকের গাফিলতি প্রমাণিত হলে তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। কী ভাবে পুলিশের হেফাজত থেকে অভিযুক্ত পালালেন, তা তদন্তের পরেই স্পষ্ট হবে।

নভেম্বর ২২, ২০২৬
বিদেশ

শেখ হাসিনার দেশে ফেরার জল্পনার মধ্যেই পেট্রাপোলে আওয়ামি লীগের চার নেতা! কী পরিকল্পনা দলের?

বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে জল্পনার মধ্যেই পেট্রাপোল-বেনাপোল সীমান্ত এলাকা পরিদর্শনে যাচ্ছেন আওয়ামি লীগের চার শীর্ষ নেতা। রবিবার তাঁদের বনগাঁর পেট্রাপোল সীমান্তে যাওয়ার কথা। দলীয় সূত্রে খবর, কলকাতায় থাকা আওয়ামি লীগের এই চার নেতা সেখানে তিন থেকে চার দিন থাকতে পারেন। তার পর তাঁদের ত্রিপুরার রাজধানী আগরতলায় যাওয়ার পরিকল্পনা রয়েছে।দলীয় সূত্রে জানা গিয়েছে, এই চার নেতার মধ্যে রয়েছেন আওয়ামি লীগের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গির কবির নানক, মোফাজ্জল হোসেন মায়া, যুগ্ম সাধারণ সম্পাদক বাহাউদ্দিন নাসিম এবং প্রাক্তন সাংসদ সালাউদ্দিন নাসিম। বর্তমানে তাঁরা কলকাতায় রয়েছেন। সেখান থেকেই পেট্রাপোল-বেনাপোল সীমান্ত এলাকা পরিদর্শনে যাবেন।অন্য দিকে, বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরা নিয়েও রাজনৈতিক মহলে আলোচনা চলছে। আগামী মাসে তিনি বাংলাদেশে ফিরতে পারেন বলে জল্পনা ছড়িয়েছে। তবে কবে, কী ভাবে এবং কোন পথে তিনি দেশে ফিরবেন, সে বিষয়ে আওয়ামি লীগের তরফে এখনও কোনও নিশ্চিত তথ্য দেওয়া হয়নি। মানবাধিকার দিবস কিংবা বাংলাদেশের বিজয় দিবসের মতো গুরুত্বপূর্ণ দিনগুলিকে ঘিরে তাঁর দেশে ফেরার সম্ভাবনা নিয়ে আলোচনা চলছে। রাজনৈতিক মহলের একাংশের ধারণা, আকাশপথের বদলে স্থলপথে বাংলাদেশে ফেরার চেষ্টা করতে পারেন শেখ হাসিনা। তবে এই বিষয়ে এখনও কোনও সরকারি ঘোষণা হয়নি।এদিকে, বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে বিভিন্ন দেশের কূটনীতিকদের কাছে বিস্তারিত রিপোর্ট পাঠিয়েছে আওয়ামি লীগ। ঢাকায় কর্মরত বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও হাইকমিশনারদের পাশাপাশি বিদেশে থাকা বাংলাদেশের দূতাবাসগুলিতেও ওই রিপোর্ট পাঠানো হয়েছে বলে দলীয় সূত্রে খবর।আওয়ামি লীগের তথ্য ও গবেষণা সম্পাদক তথা প্রাক্তন সাংসদ সালিম মাহমুদ ওই রিপোর্ট তৈরি করেছেন। সেখানে বাংলাদেশের রাজনৈতিক হিংসা, অগ্নিসংযোগ এবং সংখ্যালঘু সম্প্রদায়ের উপর নির্যাতনের অভিযোগ তোলা হয়েছে। দলের দাবি, নড়াইলে প্রায় দুই শতাধিক বাড়িতে হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এই সব ঘটনার নিরপেক্ষ তদন্তের দাবিও জানিয়েছে তারা।রিপোর্টে আরও অভিযোগ করা হয়েছে, সরকারের শীর্ষ পর্যায় থেকে আওয়ামি লীগকে নিশানা করে বিদ্বেষমূলক মন্তব্য করা হচ্ছে। পাশাপাশি, সংবাদমাধ্যমের উপর চাপ সৃষ্টি করে সংবাদ প্রকাশের ক্ষেত্রে নিয়ন্ত্রণ আরোপ করা হচ্ছে বলেও দাবি করেছে দলটি।বাংলাদেশের পরিস্থিতি নিয়ে আন্তর্জাতিক মহলের হস্তক্ষেপও চেয়েছে আওয়ামি লীগ। রাষ্ট্রপুঞ্জ-সহ বিভিন্ন আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাকে বাংলাদেশের পরিস্থিতি স্বাধীন ভাবে পর্যবেক্ষণের আবেদন জানানো হয়েছে। একই সঙ্গে দেশে রাজনৈতিক বহুত্ববাদ, নাগরিকের নিরাপত্তা এবং গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখার ক্ষেত্রেও আন্তর্জাতিক সংস্থাগুলির ভূমিকা দাবি করেছে দলটি।

নভেম্বর ২২, ২০২৬
রাজ্য

মায়ের খুনের মামলায় সাক্ষী ছিল মেয়ে! জামিনে বাবার মুক্তির পরই সোনারপুরে উদ্ধার ছাত্রীর ঝুলন্ত দেহ

মায়ের খুনের মামলায় বাবা ছিলেন মূল অভিযুক্ত। সেই মামলার অন্যতম গুরুত্বপূর্ণ সাক্ষী ছিল নাবালিকা মেয়ে। প্রায় তিন বছর জেলে থাকার পর সম্প্রতি জামিনে মুক্তি পান বাবা। আর তার কিছু দিনের মধ্যেই বাড়ি থেকে উদ্ধার হল মেয়ের ঝুলন্ত দেহ। সোনারপুরের এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। কিশোরীর মৃত্যুকে ঘিরে একাধিক প্রশ্ন উঠতে শুরু করেছে।মৃত ছাত্রীর নাম সায়নী শিকারি। সে অতুলকৃষ্ণ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী ছিল। প্রায় তিন বছর আগে খুন হন সায়নীর মা মালা শিকারি। ওই ঘটনায় স্ত্রীকে খুনের অভিযোগে গ্রেফতার করা হয় সায়নীর বাবা সমীর শিকারিকে। মায়ের খুনের মামলায় অন্যতম সাক্ষী ছিল সায়নী। মায়ের মৃত্যুর পর থেকে মামাবাড়িতেই থাকত সে।পরিবার সূত্রে জানা গিয়েছে, সম্প্রতি জামিনে জেল থেকে ছাড়া পান সমীর। তার পর থেকেই মেয়ের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করছিলেন তিনি বলে অভিযোগ। বিষয়টি পুলিশকেও জানানো হয়েছিল বলে দাবি পরিবারের সদস্যদের। তাঁদের অভিযোগ, সায়নীর নিরাপত্তার কথা ভেবে মোবাইলের সিম কার্ড বদলে নম্বর পরিবর্তনের পরামর্শ দিয়েছিল পুলিশ। সেই মতো নতুন নম্বরও নেওয়া হয়। কিন্তু পরিবারের দাবি, সেই নম্বরও কোনও ভাবে জেনে যান সমীর।এরই মধ্যে ঘটে যায় মর্মান্তিক ঘটনা। পরিবারের সদস্যদের দাবি, ঘটনার দিন বিকেলে বাড়িতে কেউ ছিলেন না। সন্ধ্যায় বাড়ি ফিরে সায়নীর দাদু ঘরের মধ্যে তার ঝুলন্ত দেহ দেখতে পান। সঙ্গে সঙ্গে প্রতিবেশীদের খবর দেন তিনি। পরে পুলিশকেও খবর দেওয়া হয়।খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। সায়নীর দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। পাশাপাশি তার মোবাইল ফোনও বাজেয়াপ্ত করেছেন তদন্তকারীরা। মৃত্যুর আগে সায়নী কারও সঙ্গে ফোনে কথা বলেছিল কি না, তা জানতে কলের তথ্য-সহ মোবাইলের বিভিন্ন তথ্য খতিয়ে দেখা হচ্ছে।এদিকে, সায়নীর মৃত্যুর ঘটনায় তার বাবা সমীর শিকারির ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছে মামাবাড়ির পরিবার। তাঁদের অভিযোগ, এই মৃত্যুর পিছনে সমীরের ভূমিকা থাকতে পারে। তবে পরিবারের এই অভিযোগের সত্যতা এখনও প্রমাণিত হয়নি। কী কারণে সায়নীর মৃত্যু হল, তা জানতে তদন্ত শুরু করেছে পুলিশ। ময়নাতদন্তের রিপোর্ট এবং মোবাইলের তথ্য সামনে আসার পরই মৃত্যুর কারণ সম্পর্কে আরও স্পষ্ট ধারণা পাওয়া যাবে।

নভেম্বর ২২, ২০২৬

Ads

You May Like

Gallery

265-year-old "Mukhopadhyay House" in Bhavanandpur, Kalnar, played vermilion on Dasami during Durga Puja
BJP candidate Locket Chatterjee campaigned on the banks of the Ganges from Chandannagar Ranighat to Triveni Ghat wishing New Year.
A living depiction of history with a touch of color, everyone is enthralled by the initiative of the Eastern Railway
Sucharita Biswas actress and model on Durga Puja
Lord Kalabau came up in palanquin; Navapatrika walked towards the mandap - the puja started
On Sunday, the 'Hilsa festival' is celebrated in the city with great joy.
Check out who has joined Mamata's new cabinet
Take a look at the list of recipients at the Bangabibhushan award ceremony
If you are grassroots, you will get ration for free. Lakshmi Bhandar, Kanyashree, Swastha Sathi, Krishakbandhu, Oikyashree, Sabujsathi — you will get all.

Categories

  • কলকাতা
  • রাজ্য
  • দেশ
  • বিদেশ
  • রাজনীতি
  • খেলার দুনিয়া
  • বিনোদুনিয়া
  • সম্পাদকীয়
  • নিবন্ধ
  • ভ্রমণ
  • রাশিফল
  • টুকিটাকি
  • চিত্রহার
  • বিবিধ
  • ভিডিও

Company

  • About Us
  • Advertise
  • Privacy
  • Terms of Use
  • Contact Us
Copyright © 2026 Janatar Katha News Portal