• ২৩ কার্তিক ১৪৩৩, শুক্রবার ১৩ নভেম্বর ২০২৬ ই-পোর্টাল

Janatar Katha

Banner Add
  • কলকাতা
  • রাজ্য
  • দেশ
  • বিদেশ
  • রাজনীতি
  • খেলার দুনিয়া
  • বিনোদুনিয়া
  • সম্পাদকীয়
  • নিবন্ধ
  • ভ্রমণ
  • রাশিফল
  • টুকিটাকি
  • চিত্রহার
  • বিবিধ
  • ভিডিও
  • এছাড়াও
    • উৎসব
    • ব্যবসা
    • স্বাস্থ্য
    • শিক্ষা
    • প্রযুক্তি
    • হেঁসেল

Delhi

কলকাতা

কালীপুজোর পরেই মমতার বাড়িতে দিল্লি পুলিশ! ১৩ বছরের পুরনো মামলায় কেন তলব প্রাক্তন মুখ্যমন্ত্রীকে?

ফের আইনি জটিলতায় প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কালীপুজোর পরের দিন সোমবার আচমকাই কালীঘাটে তাঁর বাড়িতে পৌঁছে গেল দিল্লি পুলিশের একটি দল। সঙ্গে ছিলেন কালীঘাট থানার পুলিশ আধিকারিকরাও। ১৩ বছর আগের একটি মামলায় সাক্ষী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায়কে তলব করেছে দিল্লির পার্লামেন্ট স্ট্রিট থানা। সেই সংক্রান্ত নোটিস দিতেই তাঁর বাড়িতে পৌঁছন পুলিশ আধিকারিকরা।পুলিশ সূত্রে জানা গিয়েছে, মামলাটি ২০১৩ সালের। সরকারি কাজে বাধা দেওয়া এবং সরকারি আধিকারিকদের উপর হামলার মতো একাধিক অভিযোগ রয়েছে ওই মামলায়। দিল্লির পার্লামেন্ট স্ট্রিট থানায় মামলাটি দায়ের হয়েছিল। সেই মামলাতেই সাক্ষী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায়কে নোটিস পাঠানো হয়েছে।সোমবার বিকেলে কালীঘাট থানার আধিকারিকদের সঙ্গে নিয়ে মমতার বাড়িতে পৌঁছয় দিল্লি পুলিশের দল। সেখানে তাঁকে নোটিস দেওয়া হয়। তবে এখনই তাঁকে থানায় হাজির হতে বলা হয়নি বলে জানা গিয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের সুবিধামতো সময়ে তাঁর সাক্ষ্য নেওয়া হবে বলে দিল্লি পুলিশের তরফে জানানো হয়েছে।১৩ বছরের পুরনো মামলায় এতদিন পর কেন প্রাক্তন মুখ্যমন্ত্রীকে সাক্ষী হিসেবে তলব করা হল, তা নিয়ে রাজনৈতিক মহলে প্রশ্ন উঠতে শুরু করেছে। এই ঘটনাকে ঘিরে নতুন করে শুরু হয়েছে জল্পনা।এ বিষয়ে বিজেপির মুখপাত্র দেবজিৎ সরকার বলেন, এতদিন পর কেন তাঁকে ডাকা হল, সেই প্রশ্ন উঠতেই পারে। তবে এর উত্তর দিল্লি পুলিশই দিতে পারবে। আদালতেও নিশ্চয়ই এ বিষয়ে তাদের জবাব দিতে হবে। মামলাটি দিল্লির হওয়ায় এর বেশি কিছু বলতে চাননি তিনি।উল্লেখ্য, রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর গত কয়েক মাসে একাধিকবার কালীঘাটে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে পৌঁছেছে তদন্তকারী সংস্থা ও পুলিশ। কখনও পুলিশ, কখনও সিবিআইয়ের উপস্থিতি ঘিরে রাজনৈতিক মহলে আলোচনা হয়েছে। বিভিন্ন মামলায় বিজেপির বিরুদ্ধে রাজনৈতিক প্রতিহিংসার অভিযোগ তুলেছে তৃণমূল। এবার ২০১৩ সালের পুরনো মামলায় দিল্লি পুলিশের নোটিস ঘিরে নতুন করে চর্চা শুরু হল রাজনৈতিক মহলে।

নভেম্বর ০৯, ২০২৬
বিদেশ

বাংলাদেশের বস্তির ছবি দেখিয়ে চিনা ব্লগারদের দাবি, এ নাকি দিল্লি! ভারতকে বদনাম করার নেপথ্যে কারা?

বাংলাদেশের রাজধানী ঢাকার বস্তি ও ঘিঞ্জি এলাকার ছবি দেখিয়ে চিনের সমাজমাধ্যমে দাবি করা হচ্ছে, সেগুলি ভারতের রাজধানী নয়াদিল্লির ছবি! শুধু তা-ই নয়, ওই সব এলাকার বাসিন্দাদের জীবনযাত্রা নিয়েও করা হচ্ছে কুরুচিকর মন্তব্য। অভিযোগ, প্রায় ১৫০ জন চিনা নাগরিক ঢাকার বিভিন্ন দরিদ্র এলাকায় ঘুরে ঘুরে ভিডিও করছেন। পরে সেই ভিডিও সরাসরি সম্প্রচার করা হচ্ছে চিনের সমাজমাধ্যমে। সেখানে বাংলাদেশের জায়গাকে ভারতের বলে পরিচয় দেওয়া হচ্ছে। এই ঘটনা ঘিরে নতুন করে প্রশ্ন উঠেছে, ভারতের ভাবমূর্তি নষ্ট করতে কি পরিকল্পিত ভাবে এই কাজ করা হচ্ছে?বাংলাদেশের সংবাদমাধ্যম প্রথম আলোর ৬ নভেম্বরের একটি অনুসন্ধানী প্রতিবেদনে এই তথ্য সামনে এসেছে। প্রতিবেদন অনুযায়ী, ঢাকার উত্তরার সেক্টর ১২ এবং টেকপাড়া এলাকার সরু গলিতে ঘুরে ভিডিও করছেন চিনা নাগরিকেরা। তাঁদের দাবি, তাঁরা ভারতের রাজধানী নয়াদিল্লিতে রয়েছেন। অথচ যে সব জায়গার ছবি দেখানো হচ্ছে, সেগুলি আসলে বাংলাদেশের রাজধানী ঢাকার বিভিন্ন এলাকা।প্রতিবেদনে এক চিনা মহিলা ব্লগারের কথা উল্লেখ করা হয়েছে। তাঁর নাম মিয়ানমিয়ান। তিনি নিজেকে চিনের সিচুয়ান প্রদেশের বাসিন্দা বলে পরিচয় দিয়েছেন। গত ১ নভেম্বর উত্তরার একটি খালের পাশে দাঁড়িয়ে সরাসরি সম্প্রচার করছিলেন তিনি। সেই সময় ওই এলাকাকে নয়াদিল্লি বলে পরিচয় দেন। সেখানকার বাড়িঘরকে অপরিচ্ছন্ন, অনুন্নত এবং অস্বাস্থ্যকর বলেও মন্তব্য করেন।প্রথম আলোর প্রতিবেদন অনুযায়ী, ওই মহিলা সরাসরি সম্প্রচারে বলেন, নয়াদিল্লির বাড়িগুলি অত্যন্ত নোংরা। টিনের ছাউনি দেওয়া বাড়িতে পাখাও নেই। এলাকাটি খুবই অপরিচ্ছন্ন এবং সেখানে আইনশৃঙ্খলার অবস্থাও খারাপ।আর এক চিনা নাগরিকের ভিডিও ঘিরেও বিতর্ক তৈরি হয়েছে। ওয়াং ওয়েই নামে ওই ব্যক্তি ঢাকার টেকপাড়ার একটি চায়ের দোকানে বসে থাকা মানুষদের ভিডিও করছিলেন। সেই সময় তিনি দাবি করেন, স্থানীয় বাসিন্দারা গোমূত্র দিয়ে তৈরি চা পান করছেন। এমনকি নোংরা নদীর জল দিয়েও চা তৈরি হয় বলে মন্তব্য করেন তিনি। যদিও এই দাবির কোনও সত্যতা পাওয়া যায়নি।শুধু পুরুষ নয়, চিনা মহিলাদেরও এই ধরনের ভিডিও করতে দেখা গিয়েছে। তাঁদের কেউ কেউ দাবি করেছেন, তাঁরা ভারতে বিয়ে করেছেন এবং স্বামী ও পরিবারের সঙ্গে সেখানেই থাকেন। অথচ ভিডিওগুলি করা হচ্ছে বাংলাদেশের ঢাকায়।চিনের উইচ্যাট এবং ডুয়িনের মতো সমাজমাধ্যমে এই ভিডিওগুলি সম্প্রচার করা হচ্ছে বলে জানা গিয়েছে। ডুয়িন চিনের নিজস্ব ছোট ভিডিও তৈরির জনপ্রিয় মাধ্যম। প্রথম আলোর প্রতিবেদন অনুযায়ী, ফাংইউ নামে এক চিনা নাগরিক জানিয়েছেন, তাঁরা পণ্যের প্রচারের জন্য এই ধরনের ভিডিও তৈরি করছেন। তবে কেন ঢাকার দরিদ্র এলাকাগুলিকেই বেছে নেওয়া হয়েছে, সে বিষয়ে তিনি বিস্তারিত কিছু জানাননি।এই ঘটনা অবশ্য একেবারে নতুন নয়। বাংলাদেশের সংবাদমাধ্যম দ্য বিজনেস স্ট্যান্ডার্ড গত ২৮ মে প্রকাশিত একটি প্রতিবেদনে জানিয়েছিল, ঢাকার টেকপাড়া এবং আশপাশের দরিদ্র এলাকাগুলিতে চিনা নাগরিকদের আনাগোনা বেড়েছে। হাতে আধুনিক মুঠোফোন এবং তার সঙ্গে বিশেষ পাখা লাগিয়ে দীর্ঘ সময় ধরে ভিডিও করতে দেখা গিয়েছে তাঁদের।চিনের বিলিবিলি এবং ইউকু-র মতো সমাজমাধ্যমেও এই ধরনের একাধিক ভিডিও পাওয়া গিয়েছে বলে ওই প্রতিবেদনে জানানো হয়। ভিডিওগুলির শিরোনামে বার বার ব্যবহার করা হয়েছে গরিব, নোংরা এবং বস্তি-র মতো শব্দ। সেখানে দরিদ্র মানুষের জীবনযাত্রা দেখানোর পাশাপাশি নিজেদের সাহায্যকারী হিসেবেও তুলে ধরছেন কয়েক জন চিনা ব্লগার।বাংলাদেশের আর এক সংবাদমাধ্যম কালের কণ্ঠ গত ৬ জুলাই প্রকাশিত প্রতিবেদনে জানিয়েছিল, উত্তরার সেক্টর ১২ এলাকায় চিনা নাগরিকদের আনাগোনা উল্লেখযোগ্য ভাবে বেড়েছে। স্থানীয় বাসিন্দাদের দাবি, কয়েক মাস ধরেই তাঁরা নিয়মিত এলাকায় এসে ভিডিও করছেন। কেউ কেউ দোকানে ঢুকে, আবার কেউ বাড়ির সামনে দাঁড়িয়ে ক্যামেরায় ছবি তুলছেন।স্থানীয় এক বাসিন্দার কথায়, তাঁরা চিনা নাগরিকদের ভাষা বোঝেন না। কেন তাঁরা নিয়মিত এলাকায় এসে ভিডিও করছেন, তা-ও তাঁদের কাছে স্পষ্ট নয়। আর এক বাসিন্দা জানিয়েছেন, প্রায় তিন-চার মাস ধরে এই কাজ চলছে। প্রায় প্রতিটি দোকানে ঢুকে ভিডিও করা হচ্ছে।এই ভিডিও তৈরির উদ্দেশ্য নিয়েও প্রশ্ন উঠেছে। কারণ, অভিযোগ শুধু ভুল জায়গার পরিচয় দেওয়াতেই সীমাবদ্ধ নয়। স্থানীয় বাসিন্দাদের দাবি, কয়েক জন চিনা নাগরিক অনুমতি ছাড়াই বাড়িতে ঢুকে ভিডিও করেছেন। এমনকি বাড়ির রান্নাঘর এবং শৌচাগারের মতো ব্যক্তিগত জায়গাতেও ক্যামেরা নিয়ে ঢোকার অভিযোগ উঠেছে। এতে স্থানীয়দের ব্যক্তিগত গোপনীয়তা এবং নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।ভিডিও তৈরির কাজে কয়েক জন বাংলাদেশি মহিলাও চিনা নাগরিকদের সাহায্য করছেন বলে বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদনে দাবি করা হয়েছে। প্রথম আলোর প্রতিবেদন অনুযায়ী, এক স্থানীয় মহিলা জানিয়েছেন, চিনা নাগরিকদের সাহায্য করে তিনি দিনে ৭০০ থেকে ৮০০ টাকা পান। দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের প্রতিবেদনে আবার কয়েক জন মহিলার দৈনিক ৫০০ থেকে ১০০০ টাকা পারিশ্রমিক পাওয়ার কথা উল্লেখ করা হয়েছে।ঘটনাটি নিয়ে স্থানীয়দের মধ্যে অসন্তোষও তৈরি হয়েছে। কালের কণ্ঠের প্রতিবেদন অনুযায়ী, এক চিনা নাগরিকের সঙ্গে কথা বলতে গেলে এক বাংলাদেশি সাংবাদিককে ফোনে অন্য এক ব্যক্তির সঙ্গে যোগাযোগ করানো হয়। অভিযোগ, ফোনের অপর প্রান্ত থেকে ওই সাংবাদিকদের ফোন নম্বর সংগ্রহ করতে এবং এলাকা ছেড়ে চলে যেতে বলা হয়েছিল।এত দিন ধরে এই ধরনের ভিডিও তৈরি হলেও এর পিছনে আসল উদ্দেশ্য কী, তা এখনও স্পষ্ট নয়। উত্তরার পশ্চিম থানার এক আধিকারিক প্রথম আলোকে জানিয়েছেন, চিনা নাগরিকদের এলাকায় ভিডিও করতে দেখা গিয়েছে। তবে তাঁরা কেন এই কাজ করছেন, সে বিষয়ে পুলিশ নিশ্চিত নয়। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে এবং প্রয়োজনীয় পদক্ষেপের কাজ চলছে।তবে বিদেশি পর্যটক ও ব্লগারদের কাছে দক্ষিণ এশিয়ার দরিদ্র এলাকা নতুন আকর্ষণ নয়। ভারতের মুম্বইয়ের ধারাভির মতো বস্তি এলাকাতেও বিদেশি পর্যটকদের নিয়মিত যাতায়াত রয়েছে। তাঁদের অনেকেই স্থানীয় গাইডের সাহায্যে ওই সব এলাকা ঘুরে দেখেন। ২০২৬ সালের মার্চে ইন্ডিয়া টুডে-র একটি প্রতিবেদনে দাবি করা হয়েছিল, ধারাভির বাসিন্দাদের একাংশ বিদেশি পর্যটকদের ঘুরিয়ে দেখিয়ে ভালো আয় করছেন। কোনও কোনও ক্ষেত্রে এক জন পর্যটকের কাছ থেকে ১৫ হাজার টাকা পর্যন্ত নেওয়া হচ্ছে।সেই কারণেই চিনা ব্লগারদের একাংশ হয়তো ঢাকার দরিদ্র এলাকাগুলিকে ব্যবহার করে চিনের দর্শকদের কাছে জনপ্রিয়তা বা আয় বাড়ানোর চেষ্টা করছেন। কিন্তু বাংলাদেশের জায়গাকে ভারতের বলে পরিচয় দেওয়া এবং ভারতীয়দের জীবনযাত্রা নিয়ে অপমানজনক মন্তব্য করার বিষয়টি আরও গুরুতর প্রশ্ন তুলে দিচ্ছে।বিশেষজ্ঞদের একাংশের আশঙ্কা, এর পিছনে ভারতের বিরুদ্ধে ভুল তথ্য ছড়ানোর কোনও পরিকল্পনা থাকতে পারে। চিনের দর্শকদের সামনে ভারতের ভাবমূর্তি খারাপ করার উদ্দেশ্যেও এই ধরনের ভিডিও তৈরি হতে পারে বলে সন্দেহ করা হচ্ছে। তবে এখনও পর্যন্ত কোনও সংবাদমাধ্যমের অনুসন্ধানে প্রমাণিত হয়নি যে, এই ব্লগারেরা কোনও সংগঠিত প্রচার অভিযানের অংশ।ফলে প্রশ্ন থেকেই যাচ্ছে, শুধুই সমাজমাধ্যমে জনপ্রিয়তা ও অর্থ উপার্জনের জন্য এই কাজ, নাকি এর পিছনে রয়েছে আরও বড় কোনও উদ্দেশ্য? ঢাকার দরিদ্র এলাকাকে নয়াদিল্লি বলে প্রচার করার ঘটনায় সেই রহস্যই ক্রমশ ঘনীভূত হচ্ছে।

নভেম্বর ০৯, ২০২৬
দেশ

দীপাবলির রাতেই বিষাক্ত ধোঁয়ায় ঢাকল দিল্লি! এক ধাক্কায় বাড়ল দূষণ, সোমবার কী অপেক্ষা করছে?

দীপাবলির উৎসবের মধ্যেই দূষণে আরও বিপর্যস্ত দিল্লি। রবিবার সারাদিন রাজধানীর বাতাসের মান ছিল অত্যন্ত খারাপ পর্যায়ে। উৎসবের রাতে বাজি পোড়ানোর জেরে পরিস্থিতি আরও খারাপ হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। রবিবার দিল্লির বাতাসের গড় দূষণ সূচক ছিল ৩৭৬। ঘন ধোঁয়াশায় ঢেকে যায় শহরের বিস্তীর্ণ এলাকা। কমে যায় দৃশ্যমানতাও। আবহাওয়াবিদদের আশঙ্কা, সোমবার বাতাসের মান আরও নেমে গুরুতর পর্যায়ে পৌঁছতে পারে।রবিবার দিল্লির ৫৯টি দূষণ পরিমাপক কেন্দ্রের তথ্য সামনে এসেছে। তার মধ্যে ১২টি কেন্দ্রে বাতাসের মান ছিল গুরুতর এবং ২২টি কেন্দ্রে ছিল অত্যন্ত খারাপ। সবচেয়ে খারাপ পরিস্থিতি ছিল জাহাঙ্গিরপুরীতে। সেখানে দূষণ সূচক পৌঁছয় ৪৬৩-তে। শনিবার দিল্লির গড় দূষণ সূচক ছিল ৩৬৯। রবিবার তা বেড়ে দাঁড়ায় ৩৭৬। অর্থাৎ রাজধানীর গড় দূষণ গুরুতর পর্যায়ের সীমার কাছাকাছি পৌঁছে গিয়েছে। শহরের কয়েকটি এলাকায় সেই সীমা ইতিমধ্যেই পেরিয়ে গিয়েছে।দিল্লির বাতাসের মান নিয়ে আগাম সতর্কবার্তা দেওয়া সংস্থার পূর্বাভাস, ৯ নভেম্বর থেকে কয়েক দিন রাজধানীর দূষণ গুরুতর পর্যায়ে থাকতে পারে। বিশেষজ্ঞদের মতে, প্রতিকূল আবহাওয়া, দীপাবলির বাজি, যানবাহনের ধোঁয়া এবং প্রতিবেশী রাজ্যগুলিতে খড় পোড়ানোর ঘটনা সব মিলিয়ে পরিস্থিতি আরও খারাপ হতে পারে। বাতাসের গতিবেগ ঘণ্টায় ১০ কিলোমিটারের কম থাকলে দূষিত বাতাস সহজে ছড়াতে পারবে না। ফলে দূষণের মাত্রা আরও বাড়ার আশঙ্কা রয়েছে।কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের মাপকাঠি অনুযায়ী, দূষণ সূচক ০ থেকে ৫০-এর মধ্যে থাকলে বাতাসের মান ভাল, ৫১ থেকে ১০০ হলে সন্তোষজনক, ১০১ থেকে ২০০ হলে মাঝারি, ২০১ থেকে ৩০০ হলে খারাপ এবং ৩০১ থেকে ৪০০ হলে অত্যন্ত খারাপ বলে ধরা হয়। সূচক ৪০১ থেকে ৫০০-এর মধ্যে পৌঁছলে বাতাসের মান গুরুতর পর্যায়ে চলে যায়। রবিবারের পরিসংখ্যান বলছে, দিল্লির বাতাস ইতিমধ্যেই বিপজ্জনক সীমার খুব কাছে। দীপাবলির পর পরিস্থিতি কোন দিকে যায়, এখন সেটাই দেখার।

নভেম্বর ০৯, ২০২৬
কলকাতা

কালীপুজোর আগেই গ্যাস চেম্বার কলকাতা? হাওড়া-সল্টলেকে দূষণের ভয়াবহ ছবি, আরও বাড়বে আশঙ্কা

দিল্লির পথে কি এ বার বাংলা? কালীপুজোর আগেই কলকাতা ও সংলগ্ন এলাকার বাতাসে বাড়ছে দূষণের মাত্রা। বাজি ফাটানো শুরু হতেই পরিস্থিতি উদ্বেগজনক হয়ে উঠেছে। হাওড়া, যাদবপুর ও সল্টলেকের বাতাসে সূক্ষ্ম ধূলিকণার পরিমাণ অনেকটাই বেড়েছে। কোথাও কোথাও দূষণের মাত্রা ৩০০ ছাড়িয়ে গিয়েছে। ফলে কালীপুজো ও দীপাবলির আগে থেকেই চিন্তায় পরিবেশবিদেরা। তাঁদের আশঙ্কা, আগামী দুদিন বাজি পোড়ানোর ফলে দূষণ আরও বাড়তে পারে। তা হলে কি দিল্লির মতোই দূষণের কবলে পড়বে কলকাতা?কালীপুজোয় বায়ুদূষণ ও শব্দদূষণ নিয়ন্ত্রণে রাখতে ইতিমধ্যেই একাধিক নিয়ম জারি করেছে রাজ্য সরকার। নির্দেশ অনুযায়ী, রাত ৮টা থেকে ১০টা পর্যন্ত বাজি ফাটানো যাবে। বাজি বিক্রির ক্ষেত্রেও নির্দিষ্ট নিয়ম ও শর্ত রাখা হয়েছে। পরিবেশের ক্ষতি কমাতেই এই পদক্ষেপ।কিন্তু সেই সব নিয়মের মধ্যেও পরিস্থিতি যে খুব একটা স্বস্তিদায়ক নয়, তা স্পষ্ট হয়ে উঠেছে দূষণের পরিসংখ্যানে। কালীপুজোর আগেই বিভিন্ন এলাকায় বাতাসে সূক্ষ্ম ধূলিকণা বা পিএম ২.৫-এর মাত্রা বিপজ্জনক ভাবে বেড়েছে। এই ধরনের অতি ক্ষুদ্র কণা সহজেই শ্বাসের সঙ্গে ফুসফুসে ঢুকে যেতে পারে। ফলে বাড়তে পারে শ্বাসকষ্ট-সহ নানা শারীরিক সমস্যা।দূষণের নিরিখে সবচেয়ে খারাপ পরিস্থিতি হাওড়ার ঘুসুরিতে। সেখানে বাতাসে পিএম ২.৫-এর সর্বোচ্চ মাত্রা পৌঁছেছে ৩৯৭-এ। যাদবপুরেও ছবিটা উদ্বেগজনক। সেখানে এই সূক্ষ্ম ধূলিকণার সর্বোচ্চ মাত্রা ৩১৫। সল্টলেকের বাতাসও দূষণমুক্ত নয়। সেখানে পিএম ২.৫-এর সর্বোচ্চ মাত্রা ৩০৬।পরিবেশ বিশেষজ্ঞদের আশঙ্কা, আগামী দুদিনে পরিস্থিতি আরও খারাপ হতে পারে। কারণ, কালীপুজো ও দীপাবলিকে কেন্দ্র করে এই সময় বাজি পোড়ানোর প্রবণতা বাড়ে। এখনই যদি দূষণের মাত্রা ৩০০ পার করে যায়, তা হলে উৎসবের দিনগুলিতে তা আরও বেড়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। কোনও কোনও এলাকায় এই মাত্রা ৪০০ ছাড়িয়ে যেতে পারে বলেও মনে করছেন বিশেষজ্ঞেরা।তাঁদের মতে, বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বাড়লে দূষিত কণা সহজে ছড়িয়ে পড়তে পারে না। ফলে বাতাসের গুণমান আরও খারাপ হতে পারে। বাজির ধোঁয়া এবং বাতাসের পরিবর্তিত পরিস্থিতি মিলিয়ে কলকাতা ও আশপাশের এলাকার বাসিন্দাদের সমস্যা বাড়ার আশঙ্কা রয়েছে।অন্য দিকে, দিল্লির পরিস্থিতিও ক্রমশ উদ্বেগজনক হয়ে উঠছে। প্রতি বছরের মতো এ বারও দীপাবলির আগেই রাজধানীর বাতাসে দূষণের মাত্রা চরমে পৌঁছেছে। ৭ নভেম্বর সকাল ১০টা নাগাদ দিল্লির বায়ুর গুণমান সূচক ৫২৫ ছাড়িয়ে গিয়েছে বলে জানা গিয়েছে। পরিস্থিতি সামাল দিতে ইতিমধ্যেই গ্রেডেড রেসপন্স অ্যাকশন প্ল্যানের তৃতীয় পর্যায় কার্যকর করা হয়েছে।দিল্লির মতো পরিস্থিতি যাতে কলকাতা বা বাংলার অন্য শহরগুলিতে তৈরি না হয়, এখন সেটাই সবচেয়ে বড় চিন্তা। কালীপুজোর আগে থেকেই দূষণের এই বাড়বাড়ন্ত নতুন করে প্রশ্ন তুলছে বাজি নিয়ন্ত্রণের কার্যকারিতা নিয়ে।

নভেম্বর ০৭, ২০২৬
দেশ

১১ হাজার কোটি টাকার ক্ষতি কার জন্য? দিল্লির ব্যবসায়ীদের অভিযোগের জবাব দিলেন রাহুল

দিল্লির রামলীলা ময়দানে ইন্ডিয়া জোটের জনসভাকে ঘিরে নতুন বিতর্ক। ওই সভার কারণে এক দিনেই ১১ হাজার কোটি টাকার ব্যবসার ক্ষতি হয়েছে বলে দাবি করল দিল্লির ব্যবসায়ী সংগঠন। তাদের অভিযোগ, উৎসবের মরশুমের ঠিক আগে এই সভার আয়োজন করায় শহরের বহু বাজার বন্ধ রাখতে হয়েছিল। যান চলাচলেও নিয়ন্ত্রণ জারি ছিল। ফলে খুচরো ও পাইকারি ব্যবসা থেকে শুরু করে পরিবহণ, হোটেল এবং পর্যটন ক্ষেত্রেও বড় ক্ষতি হয়েছে।চেম্বার অব ট্রেড অ্যান্ড ইন্ডাস্ট্রির দাবি, রবিবার ১ নভেম্বর রামলীলা ময়দানে ইন্ডিয়া জোটের বড় সভার কারণে দিল্লির ব্যবসায়ীরা বিপুল লোকসানের মুখে পড়েছেন। সংগঠনের অভিযোগ, দীপাবলির আগে এই সভা না করার জন্য রাহুল গান্ধী-সহ বিরোধী নেতাদের কাছে বারবার আবেদন জানানো হয়েছিল। চিঠি লিখে তাঁদের অনুরোধ করা হয়েছিল, দীপাবলির পরে সভার আয়োজন করতে। কারণ, সভার জন্য যানজট এবং রাস্তা বন্ধ থাকার কারণে ব্যবসায়ীদের ক্ষতি হতে পারে বলে আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন তাঁরা। কিন্তু সেই অনুরোধ রাখা হয়নি বলে দাবি ব্যবসায়ী সংগঠনের।সংগঠনটির দেওয়া হিসাব অনুযায়ী, রামলীলা ময়দানের পাঁচ কিলোমিটারের মধ্যে থাকা একাধিক বড় বাজারে ব্যবসা বন্ধ ছিল। কাশ্মীরি গেট, মোরি গেট, চাঁদনি চক, চৌরি বাজার, খারি বাওলি, নয়া বাজার, সদর বাজার, আজমেরি গেট, দরিয়াগঞ্জ, পাহাড়গঞ্জ, কমলা মার্কেট, জামা মসজিদ, লাজপত রাই মার্কেট, তিলক বাজার, কনট প্লেস, গফ্ফর মার্কেট এবং করোল বাগের মতো এলাকার বাজারে এর প্রভাব পড়ে বলে দাবি করা হয়েছে।চেম্বার অব ট্রেড অ্যান্ড ইন্ডাস্ট্রির হিসাব বলছে, দিল্লির প্রায় তিন লক্ষ দোকানের মধ্যে আড়াই লক্ষ দোকান বন্ধ ছিল। এর ফলে খুচরো ও পাইকারি ব্যবসায় প্রায় ৮৮০০ কোটি টাকার ক্ষতি হয়েছে বলে দাবি সংগঠনের।শুধু দোকানপাট নয়, পরিবহণ এবং পণ্য সরবরাহের ক্ষেত্রেও বড় ক্ষতির অভিযোগ উঠেছে। রামলীলা ময়দানের ১০ কিলোমিটারের মধ্যে যান চলাচল নিয়ন্ত্রিত থাকায় পরিবহণ ও পণ্য সরবরাহে প্রায় ১৫০০ কোটি টাকার ক্ষতি হয়েছে বলে দাবি ব্যবসায়ীদের। এ ছাড়া হাসপাতাল, হোটেল, রেস্তরাঁ এবং পর্যটন ক্ষেত্র মিলিয়ে আরও প্রায় ৫০০ কোটি টাকার লোকসান হয়েছে বলে জানিয়েছে সংগঠনটি।সব মিলিয়ে এক দিনের জনসভার কারণে ১১ হাজার কোটি টাকার ব্যবসার ক্ষতি হয়েছে বলে দাবি তাদের। এই ক্ষতির দায় কে নেবে, সেই প্রশ্নও তুলেছেন ব্যবসায়ীরা।অন্য দিকে, লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী এই অভিযোগের পাল্টা কেন্দ্রীয় সরকারকে দায়ী করেছেন। তাঁর দাবি, জোর করে দোকানপাট বন্ধ করে দেওয়া হয়েছিল। ফলে দিল্লির ব্যবসায়ীদের ক্ষতির জন্য বিরোধীদের সভাকে দায়ী করা ঠিক নয় বলেই তাঁর বক্তব্য।ব্যবসায়ী সংগঠনের অভিযোগ এবং রাহুল গান্ধীর পাল্টা বক্তব্য ঘিরে দিল্লির রাজনৈতিক মহলে নতুন করে বিতর্ক শুরু হয়েছে। তবে ১১ হাজার কোটি টাকার ক্ষতির হিসাব ব্যবসায়ী সংগঠনের দাবি। এই অঙ্কের স্বাধীন যাচাইয়ের তথ্য এখনও সামনে আসেনি।

নভেম্বর ০২, ২০২৬
দেশ

হুডখোলা গাড়িতে রাহুল সামনে, মমতা পিছনের সারিতে! বাংলার ভোটে হারের পর বদলে গেল সমীকরণ?

হুডখোলা গাড়ির সামনের সারিতে রাহুল গান্ধী। তাঁর পিছনের সারিতে ফারুক আবদুল্লা ও ডি রাজা। তৃতীয় সারিতে সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদবের পাশে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রবিবার দিল্লির রামলীলা ময়দানে বিরোধী জোটের কর্মসূচিতে যোগ দেওয়ার আগে এই ছবি ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক চর্চা। বাংলার বিধানসভা নির্বাচনে তৃণমূলের খারাপ ফলের পর বিরোধী জোটে মমতার অবস্থান বদলেছে কি না, তা নিয়েও প্রশ্ন উঠছে।একসময় বিভিন্ন আন্দোলনে সামনের সারিতে দেখা যেত মমতাকে। বিরোধী রাজনীতিতেও তাঁর ভূমিকা ছিল গুরুত্বপূর্ণ। কিন্তু ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে বাংলায় তৃণমূলের বড় ধাক্কার পর রাজনৈতিক পরিস্থিতি বদলেছে। রামলীলা ময়দানে যাওয়ার পথে হুডখোলা গাড়িতে রাহুল গান্ধীকে সামনের সারিতে এবং মমতাকে পিছনের দিকে দেখা গিয়েছে। রাজনৈতিক মহলের একাংশের মতে, এই ছবি বিরোধী জোটে নেতাদের অবস্থান নিয়ে নতুন করে আলোচনার সুযোগ তৈরি করেছে।ওই গাড়িতে ছিলেন কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী, ন্যাশনাল কনফারেন্সের নেতা ফারুক আবদুল্লা, সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব, সাংসদ সুপ্রিয়া সুলে এবং তেজস্বী যাদবও। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কেও দেখা যায়। তবে তিনি ছিলেন পিছনের সারিতে।বাংলার বিধানসভা নির্বাচনে তৃণমূলের পরাজয়ের পর মমতা বন্দ্যোপাধ্যায় প্রয়োজনে বাম ও কংগ্রেসের সঙ্গে একসঙ্গে কাজ করার ইচ্ছা প্রকাশ করেছিলেন। যদিও বাংলায় সেই প্রস্তাবে তেমন সাড়া মেলেনি। এর পর দিল্লিতে গিয়ে একাধিক বার রাহুল গান্ধী ও সোনিয়া গান্ধীর সঙ্গে বৈঠক করেছেন মমতা। এই পরিস্থিতিতে বিরোধী জোটে কংগ্রেসের সঙ্গে তাঁর সম্পর্ক কতটা গুরুত্বপূর্ণ হয়ে উঠছে, তা নিয়েও রাজনৈতিক মহলে আলোচনা চলছে।রবিবার দিল্লির রামলীলা ময়দানে বিরোধী জোটের মহাসমাবেশের আয়োজন করা হয়েছে। ভোটে কারচুপির অভিযোগ তুলে এবং মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের অপসারণের দাবি জানিয়ে এই কর্মসূচি নেওয়া হয়েছে। সমাবেশকে ঘিরে রাজধানীতে কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। রামলীলা ময়দান এলাকায় পুলিশ ও আধাসেনা মিলিয়ে প্রায় ১০ হাজার নিরাপত্তাকর্মী মোতায়েন করা হয়েছে বলে জানা গিয়েছে। নজরদারির জন্য ব্যবহার করা হচ্ছে অন্তত ২০০টি কৃত্রিম বুদ্ধিমত্তা-যুক্ত ক্যামেরা।হুডখোলা গাড়িতে কোন নেতা কোথায় ছিলেন, তা নিয়ে রাজনৈতিক মহলে নানা ব্যাখ্যা সামনে আসছে। তবে শুধু আসন বিন্যাসের ভিত্তিতে বিরোধী জোটে কোনও নেতার গুরুত্ব কমেছে বা বেড়েছে, এমন সিদ্ধান্তে পৌঁছনোর সুযোগ নেই। সমাবেশে নেতাদের বক্তব্য এবং পরবর্তী রাজনৈতিক পদক্ষেপের দিকেই এখন নজর।

নভেম্বর ০১, ২০২৬
দেশ

যন্তর মন্তরে প্রতিবাদে ‘না’, জামিনের শর্তে কী মুচলেকা দিলেন ককরোচ জনতা পার্টির দুই নেতা?

এক সপ্তাহ তিহাড়ে কাটিয়ে মুক্তি আশুতোষ রাঙ্কা ও সৌরভ দাসের, ৫০ হাজার টাকার ব্যক্তিগত বন্ডে জামিনজ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে এখনও অনড় দুই নেতা।এক সপ্তাহ জেলবন্দি থাকার পর অবশেষে মুক্তি পেলেন ককরোচ জনতা পার্টির দুই নেতা আশুতোষ রাঙ্কা ও সৌরভ দাস। বুধবার বিকেলে তাঁদের জামিন মঞ্জুর করেন স্পেশাল এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট। তবে মুক্তির পথ একেবারে শর্তহীন ছিল না। ভবিষ্যতে আইনশৃঙ্খলা বজায় রাখা, অনুমতি ছাড়া প্রতিবাদ কর্মসূচি না করা এবং শান্তিভঙ্গকারী কোনও কাজে জড়িত না হওয়ার অঙ্গীকার করতে হয়েছে দুই নেতাকে। মাথাপিছু ৫০ হাজার টাকার ব্যক্তিগত বন্ডেও সই করেছেন তাঁরা।প্রশাসনের নির্ধারিত বিধি উপেক্ষা করে যন্তর মন্তরে প্রতিবাদ কর্মসূচি চালানোর অভিযোগেই তাঁদের গ্রেপ্তার করা হয়েছিল। ওই এলাকায় প্রতিবাদ কর্মসূচির উপর নিষেধাজ্ঞা জারি হওয়ার পরেও সেখানে প্রবেশ করে জাতীয় পতাকা উত্তোলন করেন ককরোচ জনতা পার্টির কর্মীরা। এই ঘটনাকে কেন্দ্র করেই পুলিশি পদক্ষেপ এবং পরবর্তী সময়ে দুই নেতার জেলযাত্রা।জামিনের শর্তে কী জানালেন দুই নেতা?জামিনের শুনানিতে আশুতোষ ও সৌরভের বক্তব্য ছিল, দেশের আইন ও সংবিধান মেনেই তাঁরা ভবিষ্যতে নিজেদের রাজনৈতিক কর্মসূচি পরিচালনা করবেন। যন্তর মন্তরে অনুমতি ছাড়া কোনও প্রতিবাদ কর্মসূচির আয়োজন করবেন না বলেও জানিয়েছেন তাঁরা। একই সঙ্গে শান্তি বজায় রাখা এবং আইনশৃঙ্খলা রক্ষায় সহযোগিতা করার প্রতিশ্রুতি দিয়েছেন দুই নেতা।প্রশাসনিক বিধিনিষেধ মেনে চলার এই অঙ্গীকারের ভিত্তিতেই তাঁদের জামিন মঞ্জুর হয়েছে বলে জানা গিয়েছে। তবে জামিন পাওয়ার অর্থ এই নয় যে, তাঁদের বিরুদ্ধে ওঠা অভিযোগের নিষ্পত্তি হয়ে গিয়েছে। দুই নেতার বিরুদ্ধে তদন্ত প্রক্রিয়া চলবে।তিন দিনের অতিরিক্ত হেফাজতের আবেদন খারিজসূত্রের খবর, আশুতোষ ও সৌরভকে আরও তিন দিন হেফাজতে রাখার আবেদন জানিয়েছিল দিল্লি পুলিশ। কিন্তু সেই আবেদন মঞ্জুর হয়নি। বুধবার বিকেলে জামিনের নির্দেশ দেওয়ার পর রাতের দিকে তাঁদের তিহাড় জেল থেকে মুক্তি দেওয়া হয়। ফলে প্রায় এক সপ্তাহের বন্দিজীবনের অবসান ঘটে দুই নেতার।জেল থেকে বেরিয়েও অবস্থান বদল নয়জেল থেকে মুক্তি পাওয়ার পরেও নিজেদের রাজনৈতিক অবস্থান থেকে সরে আসেননি আশুতোষ ও সৌরভ। মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে তাঁরা এখনও অনড়। ককরোচ জনতা পার্টির সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে প্রকাশিত একটি ভিডিয়োয় দুই নেতাকে স্লোগান দিতেও দেখা গিয়েছে। সেখানে তাঁদের মুখে শোনা যায়, ভারতমাতা কি জয়, ইনকিলাব জিন্দাবাদ-এর পাশাপাশি জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে স্লোগান।অন্যদিকে, জেলজীবন নিয়ে আশুতোষের মন্তব্যও নজর কেড়েছে। মুক্তির পর তিনি জানিয়েছেন, তিহাড় জেলের খাবার বেশ ভালো। তবে জেলবন্দি হওয়ার অভিজ্ঞতা কিংবা জামিনের শর্তকোনও কিছুই যে তাঁদের রাজনৈতিক দাবিতে প্রভাব ফেলেনি, তাঁদের বক্তব্য ও স্লোগানে সেই বার্তাই স্পষ্ট।সব মিলিয়ে, জামিনে মুক্তি পেলেও ককরোচ জনতা পার্টির দুই নেতার আইনি লড়াই এখনও শেষ হয়নি। একদিকে জামিনের শর্ত মেনে চলার বাধ্যবাধকতা, অন্যদিকে নির্বাচন কমিশনের শীর্ষ আধিকারিকের পদত্যাগের দাবিতে আন্দোলন চালিয়ে যাওয়ার অবস্থানএই দুইয়ের মধ্যে আগামী দিনে তাঁরা কীভাবে নিজেদের রাজনৈতিক কর্মসূচি এগিয়ে নিয়ে যান, এখন সেদিকেই নজর।

অক্টোবর ২২, ২০২৬
দেশ

‘যন্তর-মন্তরই প্রতিবাদের পীঠস্থান’, আন্দোলনের দিন ঠিক করতে পুলিশকে চরম বার্তা সিজেপির

যন্তর-মন্তরেই আন্দোলন করতে চায় ককরোচ জনতা পার্টি। শান্তিপূর্ণ বিক্ষোভের অনুমতি চেয়ে এ বার দিল্লি পুলিশকে ২৪ ঘণ্টার সময়সীমা বেঁধে দিল সিজেপি। সোমবার পাঁচ সদস্যের একটি প্রতিনিধি দল পার্লামেন্ট স্ট্রিট থানায় যায়। থানায় ঢোকার আগে সিজেপি নেতারা আশুতোষ রাঙ্কা ও সৌরভ দাস স্পষ্ট জানিয়ে দেন, যন্তর-মন্তর ছেড়ে অন্য কোথাও আন্দোলন করতে তাঁরা রাজি নন। তাঁদের দাবি, যন্তর-মন্তরই প্রতিবাদের অন্যতম প্রধান জায়গা। সেখানে বিক্ষোভের দিন ও সময় পুলিশকেই ঠিক করে দিতে হবে।সিজেপি নেতৃত্বের বক্তব্য, আন্দোলনের দিনক্ষণ ঠিক করার দায়িত্ব দিল্লি পুলিশের হাতেই ছেড়ে দেওয়া হচ্ছে। তবে সিদ্ধান্ত জানাতে বেশি সময় নেওয়া যাবে না। আগামী ২৪ ঘণ্টার মধ্যে পুলিশকে নিজেদের সিদ্ধান্ত জানাতে হবে বলে দাবি করেছেন তাঁরা।আশুতোষ রাঙ্কা বলেন, আন্দোলনের তারিখ জানতে তাঁরা দিল্লি পুলিশের কাছে যাচ্ছেন। পুলিশই তাঁদের বিক্ষোভের দিন জানাবে। তবে ২৪ ঘণ্টার মধ্যে সিদ্ধান্ত না জানালে তাঁরা পরবর্তী পদক্ষেপ করবেন বলেও জানিয়েছেন তিনি।সৌরভ দাসের বক্তব্য, তাঁরা শান্তিপূর্ণ আন্দোলন করতে চান। শান্তিপূর্ণ ভাবে প্রতিবাদ জানানোর অধিকার সকলের রয়েছে বলেও দাবি করেন তিনি। তাঁর কথায়, আগে পুলিশ বিক্ষোভের অনুমতি চাইতে গেলে অন্তত ১০ দিন আগে আবেদন করার কথা বলত। এ বার তাঁরা পুলিশের কাছেই আন্দোলনের দিন ও সময় জানতে চাইছেন। তবে সেই সিদ্ধান্তের জন্য দীর্ঘদিন অপেক্ষা করতে রাজি নন তাঁরা।উল্লেখ্য, শনিবার সিজেপির আন্দোলনে যোগ দিতে মুম্বই থেকে দিল্লিতে এসেছিলেন দলের তিন শীর্ষ নেতা অভিজিৎ দীপক, সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কা। তাঁদের অভিযোগ, দিল্লিতে পৌঁছনোর আগেই বিমানের ভিতর থেকে তাঁদের আটক করা হয়। পরে রবিবার ম্যাজিস্ট্রেটের সামনে পেশ করার পর তাঁদের ছেড়ে দেওয়া হয়।মুক্তি পাওয়ার পরেও আন্দোলন থেকে সরে আসার কোনও ইঙ্গিত দেননি সিজেপি নেতারা। বরং শান্তিপূর্ণ বিক্ষোভের অনুমতি চেয়ে পুলিশের সঙ্গে আলোচনায় বসার কথা জানিয়েছিলেন তাঁরা। সেই মতো সোমবার পার্লামেন্ট স্ট্রিট থানায় যান দলের পাঁচ সদস্যের প্রতিনিধি দল।যন্তর-মন্তরকে বিক্ষোভস্থল হিসেবে ব্যবহার করা নিয়ে দিল্লি পুলিশের সাম্প্রতিক নির্দেশিকার পরেই এই টানাপড়েন আরও বেড়েছে। সিজেপির দাবি, যন্তর-মন্তরেই তাঁদের শান্তিপূর্ণ আন্দোলনের সুযোগ দিতে হবে। অন্য দিকে, পুলিশ কী সিদ্ধান্ত নেয়, তা এখনও স্পষ্ট নয়। আগামী ২৪ ঘণ্টার মধ্যে এই বিষয়ে কোনও ঘোষণা হয় কি না, এখন সে দিকেই নজর।

অক্টোবর ১২, ২০২৬
দেশ

যন্তর মন্তর থেকে সরল আন্দোলনের মঞ্চ, বিক্ষোভের জায়গা বদলে দিল দিল্লি পুলিশ

দিল্লির যন্তর মন্তরে আর বিক্ষোভ দেখানো যাবে না? বিক্ষোভস্থল হিসেবে যন্তর মন্তরকে চিহ্নিত করার পুরনো নির্দেশ বদলে দিল দিল্লি পুলিশ। নতুন নির্দেশিকায় জানানো হয়েছে, এ বার থেকে রামলীলা ময়দান, বুরারি ময়দান এবং সিবিডি গ্রাউন্ডে বিক্ষোভ করতে পারবে রাজনৈতিক দল ও বিভিন্ন সংগঠন। দিল্লি পুলিশের এই সিদ্ধান্ত ঘিরে নতুন করে বিতর্ক শুরু হয়েছে।বিভিন্ন রাজনৈতিক দলের আন্দোলনের পরিচিত কেন্দ্র যন্তর মন্তর। গত জুলাই মাসে ককরোচ জনতা পার্টির বিক্ষোভকে ঘিরে সেখানে উত্তেজনা ছড়িয়েছিল বলে দাবি করা হয়েছে। সাম্প্রতিক সময়ে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে ঘিরে আন্দোলনের ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছিল এই এলাকা। এরই মধ্যে বিক্ষোভস্থল হিসেবে যন্তর মন্তরের স্বীকৃতি প্রত্যাহার করল দিল্লি পুলিশ।বিরোধী জোট ইন্ডিয়ার নেতারা যখন এই সিদ্ধান্তের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আবেদন জানানোর প্রস্তুতি নিচ্ছেন, তার কয়েক ঘণ্টা আগেই পুলিশের নতুন নির্দেশিকা সামনে আসে। দিল্লি পুলিশ কমিশনার এই নির্দেশ জারি করেছেন বলে জানা গিয়েছে।নতুন নির্দেশ অনুযায়ী, বিক্ষোভের জন্য বিকল্প হিসেবে তিনটি জায়গা নির্ধারণ করা হয়েছেরামলীলা ময়দান, বুরারি ময়দান এবং সিবিডি গ্রাউন্ড। ২০২২ সালের এপ্রিল মাসে যন্তর মন্তরকে বিক্ষোভস্থল হিসেবে নির্দিষ্ট করে যে নির্দেশ জারি করা হয়েছিল, এ বার তাতে পরিবর্তন আনা হয়েছে। বিকল্প তিনটি জায়গায় বিক্ষোভ পরিচালনার নিয়মকানুন নিয়ে পরে পৃথক নির্দেশিকা জারি করা হবে বলে জানিয়েছে পুলিশ।এই সিদ্ধান্তের ফলে নতুন দিল্লি এলাকায় বিক্ষোভের সুযোগ আরও সীমিত হতে পারে বলে মনে করছেন অনেকে। কারণ, বিকল্প হিসেবে চিহ্নিত তিনটি জায়গাই পুরনো দিল্লির দিকে। তবে নির্দেশিকার আওতায় ঠিক কোন কোন ধরনের কর্মসূচি পড়বে, তা বিস্তারিত নিয়ম সামনে এলে আরও স্পষ্ট হবে।এর আগেও দিল্লিতে বিক্ষোভের জায়গা নিয়ে বিতর্ক হয়েছে। নির্ভয়া-কাণ্ডের পর যন্তর মন্তর বা ইন্ডিয়া গেটের কাছে প্রতিবাদ কর্মসূচির অনুমতি না পাওয়ার অভিযোগ উঠেছিল। পরে আন্না হাজারের নেতৃত্বে রামলীলা ময়দানে দুর্নীতিবিরোধী আন্দোলন হয়।এ দিকে, ককরোচ জনতা পার্টি জানিয়েছে, পুলিশ যে দিন বিক্ষোভের অনুমতি দেবে, সে দিনই তারা কর্মসূচি করতে চায়। এ নিয়ে পুলিশের সঙ্গে আলোচনা চলছে বলে দলের তরফে জানানো হয়েছে। তবে যন্তর মন্তরকে বিক্ষোভস্থল হিসেবে চিহ্নিত করার পুরনো নির্দেশ বদলের সিদ্ধান্তের বিরোধিতা করেছে দলটি।দিল্লি পুলিশের এই পদক্ষেপের বিরুদ্ধে বিরোধীরা কী আইনি পদক্ষেপ করে এবং বিক্ষোভের নতুন জায়গাগুলি নিয়ে কী নিয়ম জারি হয়, এখন সে দিকেই নজর রাজনৈতিক মহলের।

অক্টোবর ১২, ২০২৬
কলকাতা

‘বিদেশি শক্তির খেলনা’, সিজেপি আন্দোলন নিয়ে বিস্ফোরক মন্তব্য দিলীপ ঘোষের! আরও কী বললেন বিজেপি নেতা?

জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে দিল্লিতে সিজেপির আন্দোলন ঘিরে রাজনৈতিক উত্তেজনা বাড়ছে। শনিবারের পর রবিবারও পথে নামার ডাক দিয়েছে সংগঠনটি। এরই মধ্যে আন্দোলনকে কটাক্ষ করে বিতর্কিত মন্তব্য করেছেন দিলীপ ঘোষ। তাঁর অভিযোগ, কিছু মানুষ কাজ না থাকলে আন্দোলনে নামেন। আন্দোলনে বিদেশি অর্থের মদত এবং রাষ্ট্রবিরোধী শক্তির ভূমিকা রয়েছে বলেও দাবি করেছেন তিনি। তবে এই অভিযোগের পক্ষে কোনও প্রমাণের উল্লেখ করেননি তিনি।রবিবার সিজেপির আন্দোলন নিয়ে দিলীপ ঘোষ বলেন, এর আগেও দেশে দীর্ঘদিন ধরে বিভিন্ন আন্দোলন হয়েছে। এই আন্দোলনও কিছু দিন চলতে পারে। তাঁর কথায়, কিছু মানুষের কাছে আন্দোলন যেন একটি ফ্যাশন হয়ে দাঁড়িয়েছে। কাজ না থাকলে তাঁরা আন্দোলনে নামেন বলেও কটাক্ষ করেন তিনি। পাশাপাশি, আন্দোলনকারীরা বিদেশি অর্থ এবং রাষ্ট্রবিরোধী শক্তির মদতে কাজ করছেন বলে অভিযোগ তোলেন বিজেপি নেতা।জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে সিজেপি রবিবার ফের যন্তর মন্তর চলো কর্মসূচির ডাক দিয়েছে। শনিবারের বিক্ষোভ ঘিরে দিল্লিতে উত্তেজনা ছড়ায়। ওই দিন প্রায় তিন হাজার জনকে আটক করা হয়েছিল বলে প্রতিবেদনে দাবি করা হয়েছে। অশান্তির আশঙ্কায় সিজেপির তিন শীর্ষ নেতা অভিজিৎ দীপ, সৌরভ দাস এবং আশুতোষ রাঙ্কাকে বিমান থেকে নামার পর আটক করা হয় বলে জানা যায়। পরে তাঁদের আগাম সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে আটক করা হয়েছিল বলে খবর সামনে আসে। রবিবার সকালে তাঁদের ছেড়ে দেওয়া হয়েছে।এদিকে, যন্তর মন্তরে সিজেপির বিক্ষোভ ঘিরে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বও সরব হয়েছে। দলের সর্বভারতীয় সভাপতি নিতিন নবীন অভিযোগ করেছেন, দেশে অস্থির পরিস্থিতি তৈরির চেষ্টা চলছে। তাঁর দাবি, দেশের ১৪০ কোটি মানুষকে অনিশ্চয়তার দিকে ঠেলে দেওয়ার চেষ্টা করছে দুটি গোষ্ঠী। একটি রাহুল গান্ধীর নেতৃত্বাধীন ইন্ডি জোট এবং অন্যটি অরবিন্দ কেজরীওয়াল ও তাঁর সহযোগী সিজেপি।জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে আন্দোলন চালিয়ে যাওয়ার কথা জানিয়েছে সিজেপি। অন্য দিকে, আন্দোলনকে কেন্দ্র করে বিদেশি মদতের অভিযোগ তুলেছে বিজেপি। এই অভিযোগ ও পাল্টা বক্তব্য ঘিরে দিল্লির রাজনৈতিক মহলে বিতর্ক আরও বাড়ছে।

অক্টোবর ১১, ২০২৬
দেশ

জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে আটক মমতা, এ বার কি সুপ্রিম কোর্টের পথে বিরোধীরা?

মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে দিল্লিতে বিক্ষোভ করতে গিয়ে আটক হলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর সঙ্গে আটক করা হয় তৃণমূলের সাংসদ ডেরেক ওব্রায়েন, দোলা সেন-সহ দলের আরও কয়েক জন নেতাকে। পুলিশের এই পদক্ষেপের প্রতিবাদে থানায় বসে অবস্থান করেন মমতা। প্রিজন ভ্যানে ওঠার সময় তাঁকে দোলা সেন-সহ অন্যদের সঙ্গে উই শ্যাল ওভারকাম গান গাইতেও শোনা যায়। প্রাথমিক খবর অনুযায়ী, শনিবার রাতেই কলকাতায় ফেরার কথা ছিল মমতার। রাত নটার বিমানের টিকিট থাকলেও তিনি সেই বিমান বাতিল করেছেন বলে সূত্রের দাবি। দিল্লিতে থেকে যাওয়ার সিদ্ধান্তের নেপথ্যে সোমবারের কর্মসূচি রয়েছে কি না, তা নিয়েই শুরু হয়েছে জল্পনা। সূত্রের খবর, রাহুল গান্ধীর সঙ্গে ফোনে কথা বলেছেন মমতা। সোমবার বিরোধী জোটের কর্মসূচিতে যোগ দেওয়ার সম্ভাবনাও রয়েছে। তবে সুপ্রিম কোর্ট অভিযানের পরিকল্পনা এবং প্রধান বিচারপতির হাতে স্মারকলিপি তুলে দেওয়ার বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা এখনও স্পষ্ট নয়। জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে শনিবার দিল্লিতে বিক্ষোভের ডাক দিয়েছিল ককরোচ জনতা পার্টি। ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়া নিয়ে আপত্তি জানিয়ে ওই কর্মসূচিতে যোগ দিতে চেয়েছিলেন বিরোধী নেতারা। তাঁদের মধ্যে ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, অরবিন্দ কেজরীওয়াল, পিনারাই বিজয়ন-সহ একাধিক নেতা। দিল্লি পুলিশ বিভিন্ন জায়গায় বিক্ষোভকারীদের আটক করে। পুলিশের দাবি, কর্মসূচির অনুমতি ও নিরাপত্তা নিয়ে সমস্যা ছিল। অন্য দিকে, বিরোধীদের অভিযোগ, শান্তিপূর্ণ প্রতিবাদে যোগ দিতে গিয়েও তাঁদের আটক করা হয়েছে। মমতাকে আটকের ঘটনায় সরব হয়েছেন তৃণমূলের সাংসদ ডেরেক ওব্রায়েন। সাধারণ মানুষের মতো রাস্তায় ঘুরিয়ে নেত্রীকে কেন নিয়ে যাওয়া হল, সেই প্রশ্ন তুলেছেন তিনি। বিরোধী জোটের তরফে এর আগে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছে স্মারকলিপি দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছিল। এ বার সোমবারের কর্মসূচিতে কী পদক্ষেপ করা হয়, সেদিকেই নজর রাজনৈতিক মহলের। মমতা দিল্লিতে থেকে গেলে এবং বিরোধী নেতাদের সঙ্গে পরবর্তী কর্মসূচিতে যোগ দিলে জ্ঞানেশ কুমারকে ঘিরে আন্দোলন আরও কোন দিকে গড়ায়, তা স্পষ্ট হবে আগামী দিনে।

অক্টোবর ১০, ২০২৬
দেশ

দিল্লিতে আটক অতিশী-সৌরভরা, মুম্বইয়ে শাবানা আজমি! জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে কী হচ্ছে দেশজুড়ে?

দিল্লি ও মুম্বইদেশের দুই গুরুত্বপূর্ণ শহরে একই দিনে জোরালো বিক্ষোভ। মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগ এবং ভোটার তালিকা নিয়ে নিজেদের দাবিতে রাস্তায় নেমেছে ককরোচ জনতা পার্টি-সহ একাধিক সংগঠন। দিল্লির যন্তর মন্তরে বিক্ষোভ ঘিরে পাঁচশোর বেশি মানুষকে আটক করেছে পুলিশ। অন্য দিকে মুম্বইয়ের শিবাজি পার্কে ককরোচ জনতা পার্টির ডাকা জেল ভরো আন্দোলনেও জড়ো হন বহু মানুষ।দিল্লিতে বিক্ষোভকারীদের দাবি, মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে পদত্যাগ করতে হবে। ভোটার তালিকার বিশেষ সংশোধন নিয়েও আপত্তি জানিয়েছে আন্দোলনকারীরা। এই কর্মসূচিতে আম আদমি পার্টির নেত্রী অতিশী, সৌরভ ভরদ্বাজ এবং সঞ্জয় সিং-সহ একাধিক রাজনৈতিক নেতা অংশ নেন। তাঁদেরও আটক করা হয়েছে বলে বিভিন্ন প্রতিবেদনে জানানো হয়েছে।বিক্ষোভের আগে নয়াদিল্লি এলাকায় ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতার ১৬৩ ধারা জারি করা হয়। অনুমতি ছাড়া জমায়েত, মিছিল ও বিক্ষোভে নিষেধাজ্ঞা জারি করে পুলিশ। যন্তর মন্তর ও আশপাশের এলাকায় ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা করা হয়। পরিস্থিতি সামাল দিতে একাধিক মেট্রো স্টেশনের প্রবেশ ও প্রস্থান পথেও বিধিনিষেধ জারি করা হয়েছিল।অন্য দিকে মুম্বইয়ের শিবাজি পার্কে ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকের নেতৃত্বে জেল ভরো আন্দোলন হয়। সংগঠনের পক্ষ থেকে জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবি তোলা হয়েছে। একই সঙ্গে ভোটার তালিকার স্বচ্ছতা এবং তালিকায় পরিবর্তন নিয়ে প্রশ্ন তোলা হয়েছে।অভিজিৎ দীপকের দাবি, আন্দোলন থামবে না যতক্ষণ না তাঁদের দাবি মানা হচ্ছে। তিনি মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়ণবীসকেও আন্দোলনকারীদের গ্রেফতার করার চ্যালেঞ্জ জানান। পুলিশ অবশ্য শিবাজি পার্কে জমায়েতের অনুমতি দেওয়া হয়নি বলে জানিয়েছে।এই আন্দোলনে যোগ দেন অভিনেত্রী শাবানা আজমি। পরে অভিনেতা নাসিরুদ্দিন শাহ এবং গায়ক বিশাল দাদলানিকেও মুম্বইয়ের কর্মসূচিতে দেখা যায় বলে প্রতিবেদন প্রকাশিত হয়েছে। ফলে জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে মুম্বইয়ের আন্দোলন আরও নজর কেড়েছে।দিল্লি ও মুম্বইয়ের এই দুই কর্মসূচিকে ঘিরে ইতিমধ্যেই রাজনৈতিক উত্তেজনা তৈরি হয়েছে। এক দিকে দিল্লিতে পুলিশের ধরপাকড়, অন্য দিকে মুম্বইয়ে জেল ভরো আন্দোলনএকই দিনে দুই শহরের এই ছবি নিয়ে জাতীয় রাজনীতিতে নতুন করে আলোচনা শুরু হয়েছে।

অক্টোবর ০২, ২০২৬
দেশ

যশোভূমিতে ফিজিওথেরাপির মহামিলন: ১০ হাজারের মঞ্চে বাংলার গর্ব, সম্মানে IAP Bengal

২,০০০ কিলোমিটারের Physio Baton যাত্রা থেকে দিল্লির বর্ণাঢ্য মহাযাত্রাআন্তর্জাতিক সম্মেলনে উজ্জ্বল বাংলার উপস্থিতিনয়াদিল্লি: ফিজিওথেরাপির জগতে এক ঐতিহাসিক অধ্যায়ের সাক্ষী থাকল নয়াদিল্লির যশোভূমি কনভেনশন সেন্টার। ২৬ ও ২৭ সেপ্টেম্বর অনুষ্ঠিত World Physiotherapy Asia Western Pacific (AWP) Regional Conference 2026-এ দেশ-বিদেশের ফিজিওথেরাপি বিশেষজ্ঞ, শিক্ষক, গবেষক, ছাত্রছাত্রী ও পেশাজীবীদের মিলন ঘটল এক বিশাল আন্তর্জাতিক মঞ্চে। Fitness for Allএই বার্তাকে সামনে রেখে আয়োজিত সম্মেলনে ফিজিওথেরাপির ভবিষ্যৎ, আধুনিক চিকিৎসা-পদ্ধতি, গবেষণা, জনস্বাস্থ্য এবং পেশাগত বিকাশ নিয়ে হয় একাধিক আলোচনা।সম্মেলনের অন্যতম উল্লেখযোগ্য দিক ছিল ১০ হাজারেরও বেশি ফিজিওথেরাপিস্টের একসঙ্গে উপস্থিতি। এই বিপুল অংশগ্রহণকে World Record হিসেবে বিশেষভাবে তুলে ধরা হয়। ফলে সম্মেলনটি শুধু একটি পেশাগত অনুষ্ঠানেই সীমাবদ্ধ থাকেনি, বরং আন্তর্জাতিক ফিজিওথেরাপি জগতের একটি গুরুত্বপূর্ণ মঞ্চে পরিণত হয়।বিশেষ সম্মান IAP Bengal Branch-এরএই আন্তর্জাতিক সম্মেলনে পশ্চিমবঙ্গের জন্য আসে আরও একটি উল্লেখযোগ্য স্বীকৃতি। IAP Bengal Branch-কে দেশের সেরা শাখা হিসেবে বিশেষ সম্মাননা প্রদান করা হয়। দীর্ঘদিন ধরে সাংগঠনিক কর্মকাণ্ড, পেশাগত উন্নয়ন এবং ফিজিওথেরাপি সংক্রান্ত বিভিন্ন উদ্যোগের স্বীকৃতি হিসেবেই এই সম্মানকে দেখা হচ্ছে।দিল্লির আন্তর্জাতিক মঞ্চে বাংলার প্রতিনিধিদের হাতে এই সম্মান তুলে দেওয়ার মুহূর্তটি ছিল আবেগঘন। পশ্চিমবঙ্গের ফিজিওথেরাপি পেশাজীবীদের কাছে এটি নিঃসন্দেহে এক গর্বের মুহূর্ত হয়ে ওঠে।বর্ধমান থেকে শুরু Physio Baton-এর ঐতিহাসিক যাত্রাসম্মেলনের আগে বাংলার সঙ্গে এই আন্তর্জাতিক আয়োজনের যোগসূত্র আরও দৃঢ় করে Physio Baton বা মশাল যাত্রা। ২২ সেপ্টেম্বর বর্ধমানের ঐতিহাসিক কার্জন গেট হয়ে সেই মশাল যাত্রার সূচনা হয়।কার্জন গেটে Physio Baton-কে স্বাগত জানাতে উপস্থিত ছিলেন প্রায় ৭০ জন ফিজিওথেরাপিস্ট। তাঁদের মধ্যে ছিলেন ডাঃ সত্যেন ভট্টাচার্য, ডাঃ শুভেন্দু দ্বিবেদী (PT), ডাঃ আদিত্য পাল ডাঃ অতনু রায়, ডাঃ অনিন্দ দে (PT), ডাঃ শুকদেব মুখার্জী (PT)-সহ আরও অনেকে। উপস্থিত ছিলেন গোলাপবাগ ফিজিওথেরাপি কলেজের অধ্যক্ষ ডাঃ এম. এস. আনোয়ার (PT)।ঐতিহাসিক বর্ধমানের মাটি থেকে শুরু হয়ে প্রায় ২,০০০ কিলোমিটার সড়কপথ পেরিয়ে Physio Baton পৌঁছে যায় দিল্লিতে। এই দীর্ঘ যাত্রাপথে বিভিন্ন জেলা ও রাজ্যের ফিজিওথেরাপিস্টদের সঙ্গে যোগাযোগ, মতবিনিময় এবং পেশাগত সম্পর্ক গড়ে তোলার উদ্যোগও নেওয়া হয়।বাংলার ঐতিহ্য ধরা পড়ল দিল্লির মহাযাত্রায়দিল্লিতে পৌঁছনোর পর Physio Baton-কে কেন্দ্র করে আয়োজিত হয় বর্ণাঢ্য মহাযাত্রা। সেখানে বাংলার প্রতিনিধিরা নিজেদের সাংস্কৃতিক ঐতিহ্যকে সামনে তুলে ধরেন।পুরুষ প্রতিনিধিদের অনেকেই ধুতি-পাঞ্জাবি এবং মহিলা প্রতিনিধিরা শাড়ি পরে শোভাযাত্রায় অংশ নেন। পেশাগত পরিচয়ের পাশাপাশি বাংলার সংস্কৃতি ও ঐতিহ্যের এই উপস্থাপনা আন্তর্জাতিক মঞ্চে আলাদা মাত্রা যোগ করে।বর্ধমান থেকে শুরু হওয়া মশাল যাত্রার সেই ধারাবাহিকতা শেষ পর্যন্ত পৌঁছয় World Physiotherapy-এর সর্বোচ্চ আন্তর্জাতিক নেতৃত্বের মঞ্চে।ডাঃ রুচি ভার্শনে (PT) (Dr. Ruchi Varshney) এবং ডাঃ সঞ্জীব ঝা (PT) (Dr. Sanjeev Jha)-এর হাত ধরে Physio Baton তুলে দেওয়া হয় World Physiotherapy-এর President-এর হাতে। মুহূর্তটি উপস্থিত প্রতিনিধিদের মধ্যে বিশেষ আবেগ ও গর্বের সৃষ্টি করে।যাত্রার নেতৃত্বে ডাঃ কৌশিক মল্লিক (PT)এই দীর্ঘ ও তাৎপর্যপূর্ণ যাত্রার পরিকল্পনা, নেতৃত্ব এবং সমন্বয়ের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন ডাঃ কৌশিক মল্লিক (PT), Vice President, IAP West Bengal Branch।প্রায় ২,০০০ কিলোমিটারের এই সড়কযাত্রা শুধুমাত্র একটি মশাল বহনের কর্মসূচি ছিল না। পথে বিভিন্ন জেলা ও রাজ্যের ফিজিওথেরাপিস্টদের সঙ্গে যোগাযোগ, তাঁদের সঙ্গে মতবিনিময় এবং পেশাগত নেটওয়ার্ক আরও শক্তিশালী করার উদ্যোগও এই যাত্রার অন্যতম লক্ষ্য হয়ে ওঠে।ফলে Physio Baton-এর যাত্রা কার্যত বাংলার সঙ্গে দেশের বিভিন্ন প্রান্তের ফিজিওথেরাপি পেশাজীবীদের মধ্যে একটি সংযোগের সেতু তৈরি করে।১৩টি হলে একসঙ্গে বৈজ্ঞানিক কর্মসূচি২৬ ও ২৭ সেপ্টেম্বর যশোভূমি কনভেনশন সেন্টারের বিশাল পরিসরে সম্মেলনের বিভিন্ন পর্ব পরিচালিত হয় ১৩টি হলে। একই সঙ্গে চলে একাধিক বৈজ্ঞানিক ও পেশাগত অধিবেশন।পেপার ও পোস্টার প্রেজেন্টেশন, বিশেষজ্ঞদের বক্তব্য, প্যানেল আলোচনা, কর্মশালা, ছাত্রছাত্রীদের বিভিন্ন কার্যক্রম এবং দেশ-বিদেশের বিশিষ্ট ফিজিওথেরাপিস্টদের অংশগ্রহণে সম্মেলন কার্যত পরিণত হয় জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময়ের এক বিশাল প্ল্যাটফর্মে।এই আন্তর্জাতিক মঞ্চে বর্ধমানের ফিজিওথেরাপিস্ট ডাঃ সত্যেন ভট্টাচার্য (PT) ও বক্তা হিসেবে অংশ নেন। বাংলার একটি জেলা শহর থেকে উঠে এসে আন্তর্জাতিক সম্মেলনের বৈজ্ঞানিক অধিবেশনে বক্তব্য রাখার বিষয়টিও স্থানীয় পেশাজীবীদের কাছে বিশেষ তাৎপর্য বহন করে।শুধু চিকিৎসা ও গবেষণার ক্ষেত্রেই নয়, আধুনিক যোগাযোগ ব্যবস্থার গুরুত্ব উপলব্ধি করে কনটেন্ট ক্রিয়েটর, পডকাস্টার এবং ডিজিটাল মিডিয়ার জন্যও বিশেষ পরিসর রাখা হয় সম্মেলনে।ফিজিওথেরাপির গুরুত্ব তুলে ধরলেন দিল্লির মুখ্যমন্ত্রীসম্মেলনে উপস্থিত ছিলেন দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা। তাঁর বক্তব্যে আধুনিক স্বাস্থ্যব্যবস্থায় ফিজিওথেরাপির গুরুত্বের বিষয়টি উঠে আসে।এছাড়াও প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ভিডিও বার্তা এবং কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের পক্ষ থেকেও ভিডিও বার্তা সম্মেলনে বিশেষ গুরুত্ব বহন করে। এর ফলে ফিজিওথেরাপি যে শুধুমাত্র পুনর্বাসনমূলক চিকিৎসার একটি অংশ নয়, বরং বৃহত্তর জনস্বাস্থ্য ব্যবস্থার গুরুত্বপূর্ণ অঙ্গএই বার্তাটিও আন্তর্জাতিক মঞ্চে আরও স্পষ্ট হয়ে ওঠে।বাংলার জন্য একাধিক গর্বের মুহূর্তএকদিকে ১০ হাজারেরও বেশি ফিজিওথেরাপিস্টের ঐতিহাসিক উপস্থিতি, অন্যদিকে IAP Bengal Branch-এর বিশেষ সম্মাননা। তার সঙ্গে বর্ধমানের কার্জন গেট থেকে শুরু হওয়া Physio Baton-এর প্রায় ২,০০০ কিলোমিটারের যাত্রা এবং দিল্লির মহাযাত্রায় বাংলার ঐতিহ্যবাহী পোশাকে প্রতিনিধিদের অংশগ্রহণসব মিলিয়ে সম্মেলনে বাংলার উপস্থিতি হয়ে ওঠে বিশেষভাবে স্মরণীয়।এই যাত্রা দেখিয়ে দিল, ফিজিওথেরাপি এখন আর শুধুমাত্র চিকিৎসাক্ষেত্রের একটি নির্দিষ্ট শাখার মধ্যে সীমাবদ্ধ নেই। গবেষণা, জনস্বাস্থ্য, ফিটনেস, পুনর্বাসন, প্রযুক্তি এবং সামাজিক সচেতনতার বৃহত্তর পরিসরে ফিজিওথেরাপির ভূমিকা ক্রমশ বিস্তৃত হচ্ছে।যশোভূমির আন্তর্জাতিক মঞ্চে সেই পরিবর্তনেরই প্রতিফলন দেখা গেল। আর সেই মঞ্চে বাংলার প্রতিনিধিত্ব, IAP Bengal Branch-এর স্বীকৃতি এবং বর্ধমান থেকে শুরু হওয়া Physio Baton-এর ঐতিহাসিক যাত্রা পশ্চিমবঙ্গের ফিজিওথেরাপি মহলের জন্য তৈরি করল এক স্মরণীয় অধ্যায়।বর্ধমানের কার্জন গেট থেকে দিল্লির যশোভূমিপ্রায় ২,০০০ কিলোমিটারের সেই যাত্রা তাই কেবল একটি মশাল বহনের গল্প নয়; এটি বাংলার ফিজিওথেরাপি পেশাজীবীদের ঐক্য, উদ্যোগ, পেশাগত সংযোগ এবং আন্তর্জাতিক মঞ্চে নিজেদের উপস্থিতি জানান দেওয়ার এক অনন্য কাহিনি।

সেপ্টেম্বর ২৯, ২০২৬
রাজ্য

সোনার বাজারে ভূমিকম্প! এক ঝটকায় হুড়মুড়িয়ে কমল দাম, কলকাতায় আজ ২২ ক্যারেটের দাম জানলে চমকে যাবেন

বিশ্ববাজারের অস্থিরতা ও সুদের হার বৃদ্ধির আশঙ্কার মাঝে ভারতীয় বাজারে পতন লক্ষ্য করা গেল সোনার দামে। সোমবার (২৮ সেপ্টেম্বর, ২০২৬) প্রতি গ্রাম ২৪ ক্যারেট সোনার দাম দাঁড়িয়েছে ১৫,০১৭ টাকায়, যা গত ২৬ সেপ্টেম্বরের তুলনায় গ্রাম প্রতি ২৫১ টাকা কম। একইভাবে ২২ ক্যারেট ও ১৮ ক্যারেটের সোনার দামও কমেছে। ভারতে আজ সোনার দর (প্রতি গ্রাম ও ১০ গ্রাম)২৪ ক্যারেট: প্রতি গ্রাম ১৫,০১৭ টাকা (১০ গ্রামে ১,৫০,১৭০ টাকা)। ২৬ সেপ্টেম্বরের তুলনায় দর কমেছে ২৫১ টাকা।২২ ক্যারেট: প্রতি গ্রাম ১৩,৭৬৫ টাকা (১০ গ্রামে ১,৩৭,৬৫০ টাকা)। দর কমেছে ২৩০ টাকা।১৮ ক্যারেট: প্রতি গ্রাম ১১,২৬৩ টাকা (১০ গ্রামে ১,১২,৬৩০ টাকা)। দর কমেছে ১৮৮ টাকা।প্রধান শহরগুলিতে আজ সোনার দর (প্রতি ১০ গ্রাম)কলকাতা, মুম্বাই, বেঙ্গালুরু, হায়দরাবাদ ও পুনে: ২৪ ক্যারেট ১,৫০,১৭০ টাকা। ২২ ক্যারেট ১,৩৭,৬৫০ টাকা। ১৮ ক্যারেট ১,১২,৬৩০ টাকা।দিল্লি: ২৪ ক্যারেট ১,৫০,৩২০ টাকা। ২২ ক্যারেট ১,৩৭,৮০০ টাকা। ১৮ ক্যারেট ১,১২,৭৮০ টাকা।চেন্নাই: ২৪ ক্যারেট ১,৫০,১৭০ টাকা। ২২ ক্যারেট ১,৩৭,৬৫০ টাকা। ১৮ ক্যারেট ১,১৫,৩৫০ টাকা।আহমেদাবাদ ও বরোদা: ২৪ ক্যারেট ১,৫০,২২০ টাকা। ২২ ক্যারেট ১,৩৭,৭০০ টাকা। ১৮ ক্যারেট ১,১২,৬৮০ টাকা।কেন কমছে সোনার দাম?অর্থনৈতিক বিশ্লেষকদের মতে, আন্তর্জাতিক বাজারের চাপই দেশীয় বাজারে সোনার দাম কমার প্রধান কারণ। ট্রেডিং প্ল্যাটফর্ম Giottus.com-এর সিইও বিক্রম সুব্বুরাজ জানিয়েছেন, বিশ্ববাজারে স্পট গোল্ডের দাম ১.৫ শতাংশ কমে প্রতি আউন্সে ৪,২২৪ ডলারে নেমে এসেছে। পাশাপাশি ইউএস ফিউচার্স প্রতি আউন্সে প্রায় ৪,২৫৮ ডলারে লেনদেন হচ্ছে।তেলের দাম বাড়ায় মূল্যস্ফীতির আশঙ্কা জোরালো হচ্ছে, যার ফলে মার্কিন যুক্তরাষ্ট্রে সুদের হার আরও বাড়তে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। ডলারের শক্তি বৃদ্ধি ও সুদের হার বাড়ার কারণে অলঙ্কার ও সোনায় বিনিয়োগের প্রবণতা সাময়িকভাবে কমছে। তবে অন্যদিকে, রুপোর বাজারে কিছুটা ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত মিলেছে। এমসিএক্স (MCX)-এ সিলভার মিনি কন্ট্রাক্ট প্রতি কেজিতে প্রায় ২,৩৬,৬৮০ টাকায় লেনদেন হয়েছে।পশ্চিম এশিয়ার উত্তেজনা ও আন্তর্জাতিক বাজারের অনিশ্চয়তাআন্তর্জাতিক অঙ্গনে পশ্চিম এশিয়ার ভূ-রাজনৈতিক উত্তেজনা এখন চরম পর্যায়ে। হরমুজ প্রণালীতে বাণিজ্যিক জাহাজ চলাচলের নিরাপত্তা দিতে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে স্বাক্ষরিত ৬০ দিনের সামুদ্রিক যুদ্ধবিরতি চুক্তি ভেস্তে গেছে। চুক্তি ভঙ্গের পর থেকেই দুই দেশ পুনরায় সামরিক অভিযান শুরু করেছে এবং সব ধরনের কূটনৈতিক পথ বন্ধ করে দিয়েছে।ইরানের বিদেশমন্ত্রী আব্বাস আরাঘচি জানিয়েছেন, তেহরান আলোচনার জন্য প্রস্তুত হলেও মার্কিন হামলার জবাবে পূর্ণাঙ্গ যুদ্ধের জন্যও তৈরি। অন্যদিকে, আন্তর্জাতিক বাজারে জ্বালানি সরবরাহে বিঘ্ন ঘটায় নিরাপদ বিনিয়োগ হিসেবে বিশ্বজুড়ে সোনার চাহিদা ও দামের ওপর দীর্ঘমেয়াদে বড় প্রভাব পড়ার সম্ভাবনা বজায় থাকছে।

সেপ্টেম্বর ২৮, ২০২৬
দেশ

সাড়ে ৪ ঘণ্টায় যমুনা থেকে ৫৮৫ কেজি আবর্জনা! মধ্যপ্রদেশের সেই বিট্টু এবার দিল্লিতে

মধ্যপ্রদেশের আজনার নদী পরিষ্কার করে সমাজমাধ্যমে ব্যাপক পরিচিতি পেয়েছিলেন ২০ বছরের তরুণ সুরেন্দ্র সিং চৌধরী, যিনি বিট্টু তাবাহি নামে পরিচিত। সেই বিট্টুই এবার দিল্লির যমুনা নদী পরিষ্কারের কাজে নামলেন। তিন দিনের এই অভিযানের প্রথম দিনেই সাড়ে ৪ ঘণ্টা কাজ করে যমুনার ঘাট থেকে ৫৮৫ কেজি বর্জ্য সরানোর দাবি করেছেন তিনি। অভিযানের প্রথম দিনে একটি স্বেচ্ছাসেবী দলকে সঙ্গে নিয়ে দিল্লির যমুনা ঘাটে পৌঁছন বিট্টু। নদীর পাড়ে জমে থাকা প্লাস্টিক, পরিত্যক্ত ফুল, মালা এবং পুজোর বিভিন্ন সামগ্রী সরানোর কাজে হাত লাগান তিনি। সাড়ে ৪ ঘণ্টা ধরে চলে এই সাফাই অভিযান। তাঁর দাবি, এই সময়ের মধ্যেই মোট ৫৮৫ কেজি আবর্জনা সরানো হয়েছে। সাফাই অভিযানের সেই ছবি এবং ভিডিয়ো সমাজমাধ্যমে প্রকাশ করেন বিট্টু। ভিডিয়োতে তাঁকে নদীর পাড়ে জমে থাকা বর্জ্য নিজের হাতে সরাতে দেখা যায়। ভিডিয়ো ছড়িয়ে পড়তেই তাঁর কাজের প্রশংসা করতে শুরু করেন বহু নেটাগরিক। অভিযানে স্থানীয় বাসিন্দারাও সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিলেন বলে জানান বিট্টু। বিট্টু জানিয়েছেন, দেশজুড়ে ঘুরে বিভিন্ন জায়গায় সাফাই অভিযান চালিয়ে মানুষের মধ্যে পরিবেশ নিয়ে সচেতনতা তৈরি করাই তাঁর লক্ষ্য। যমুনার পর তাঁর পরবর্তী অভিযান গুরুগ্রামের খেড়কি দৌলা এলাকায় হতে পারে বলেও জানিয়েছেন তিনি। সেখানেও সাধারণ মানুষকে সাফাই অভিযানে যোগ দেওয়ার আবেদন করেছেন এই তরুণ। এর আগে মধ্যপ্রদেশের আজনার নদী পরিষ্কার করে সমাজমাধ্যমে নজর কেড়েছিলেন বিট্টু। নদী ও নদীর পাড়ে বছরের পর বছর ধরে জমে থাকা প্লাস্টিক, বোতল, শ্যাওলা এবং বিভিন্ন ধরনের আবর্জনা নিজের উদ্যোগে সরিয়েছিলেন তিনি। প্রশাসনের অপেক্ষায় না থেকে নিজেই নদী পরিষ্কারের কাজে নেমে পড়েছিলেন বিট্টু। ওই অভিযানে নিজের পকেট থেকে প্রায় ৩০ হাজার টাকা খরচ করেছিলেন বলেও জানা যায়। একা হাতে নদী পরিষ্কারের সেই ছবি ও ভিডিয়ো সমাজমাধ্যমে ছড়িয়ে পড়ার পর তাঁর পরিচিতি দ্রুত বাড়ে। পরে নেদারল্যান্ডসের পরিবেশ সংস্থা দ্য ওশান ক্লিনআপের তরফে তাঁকে চাকরির প্রস্তাব দেওয়া হয়েছিল বলে তাঁর পক্ষ থেকে জানানো হয়। সেই পরিচিতির পর এবার দিল্লির যমুনা। প্রথম দিনেই ৫৮৫ কেজি বর্জ্য সরানোর দাবি করে ফের সমাজমাধ্যমের নজরে এসেছেন বিট্টু তাবাহি। নদী পরিষ্কারের পাশাপাশি সাধারণ মানুষের মধ্যে পরিবেশ সচেতনতা বাড়ানোর বার্তাও দিচ্ছেন তিনি।

সেপ্টেম্বর ২৩, ২০২৬
রাজ্য

দক্ষিণেশ্বর থেকে দিল্লি, পথে বর্ধমান—পথ নিরাপত্তার বার্তা নিয়ে ফিজিওথেরাপিস্টদের বিশেষ র‍্যালি

বর্ধমান: চিকিৎসা পরিষেবার গণ্ডি পেরিয়ে এবার পথ নিরাপত্তার সচেতনতা ছড়ানোর বার্তা নিয়ে রাস্তায় নামলেন ফিজিওথেরাপিস্টরা। দক্ষিণেশ্বর থেকে দিল্লি পর্যন্ত দীর্ঘপথে বিশেষ র্যালির আয়োজন করা হয়েছে। গোটা দেশের বিভিন্ন প্রান্তের ফিজিওথেরাপিস্ট, চিকিৎসক এবং পড়ুয়ারা এই কর্মসূচিতে অংশ নিয়েছেন। মঙ্গলবার সেই র্যালিরই একটি গুরুত্বপূর্ণ পর্বের সাক্ষী থাকল বর্ধমান শহর।দক্ষিণেশ্বর মন্দিরে পুজো দিয়ে পূর্ব ভারতের এই র্যালির সূচনা হয়। এরপর বর্ধমানের বিজয় তোরণ তথা কার্জন গেট হয়ে র্যালিটি এগিয়ে যাবে দুর্গাপুর, আসানসোল, ধানবাদ-সহ একাধিক শহরের দিকে। শেষপর্যন্ত দিল্লিতে গিয়ে এই যাত্রার সমাপ্তি হবে।র্যালিতে অংশ নেওয়া ফিজিওথেরাপিস্টদের বক্তব্যে উঠে আসে পথ নিরাপত্তার গুরুত্বপূর্ণ বার্তা। হেলমেট পরে বাইক চালানো, গাড়িতে সিটবেল্ট ব্যবহার এবং ট্রাফিক নিয়ম মেনে চলার মতো বিষয়গুলিতে সাধারণ মানুষকে সচেতন করাই এই কর্মসূচির অন্যতম লক্ষ্য।দক্ষিণবঙ্গ তথা বাংলার বিশিষ্ট ফিজিওথেরাপিস্ট ডাঃ সত্যেন ভট্টাচার্য (PT) জনতার কথা-কে জানান, ফিজিওথেরাপিস্টরা প্রতিদিনই দুর্ঘটনার পর গুরুতর শারীরিক সমস্যায় আক্রান্ত রোগীদের চিকিৎসা করেন। সড়ক দুর্ঘটনার পরে অনেক রোগী পক্ষাঘাত, অঙ্গ-প্রত্যঙ্গের অক্ষমতা কিংবা দীর্ঘস্থায়ী শারীরিক সমস্যায় আক্রান্ত হন। দুর্ঘটনা এড়ানোর জন্য সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বাড়ানো গেলে এই ধরনের বহু বিপর্যয় প্রতিরোধ করা সম্ভব।বর্ধমান শহরের বি.আই.এম.এল.এস ফিজিওথেরাপি কলেজের অধ্যক্ষ ডাঃ এম. এস. আনোয়ার (PT) বলেন, এটি অত্যন্ত সাধু ও প্রশংসনীয় উদ্যোগ। আমাদের বি.আই.এম.এল.এস কলেজে বর্তমানে পরীক্ষা চলায় ইচ্ছা থাকা সত্ত্বেও বহু ছাত্রছাত্রী এই কনভেনশনে যোগ দিতে পারেনি। অন্য সময়ে এই আয়োজন হলে অংশগ্রহণকারীর সংখ্যা আরও অনেক বেশি হত।ডঃ ভট্টাচার্যের কথায়, আমরা ফিজিওথেরাপিস্ট হিসেবে এমন বহু রোগীকে দেখি, যারা সড়ক দুর্ঘটনার পরে পক্ষাঘাতগ্রস্ত বা পঙ্গুত্বের মতো গুরুতর সমস্যায় আমাদের কাছে আসেন। তাঁদের জীবন একেবারে অন্য জায়গায় চলে যায়। তাই দুর্ঘটনার পরে চিকিৎসার পাশাপাশি দুর্ঘটনা যাতে না ঘটে, সেই সচেতনতা তৈরি করাও আমাদের দায়িত্ব।এই কর্মসূচি শুধুমাত্র পূর্ব ভারতেই সীমাবদ্ধ নয়। দেশের পূর্ব, পশ্চিম, উত্তর ও দক্ষিণচার প্রান্ত থেকেই একই ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান আয়োজকরা। তাঁদের দাবি, দেশের বিভিন্ন প্রান্ত থেকে ফিজিওথেরাপিস্টরা এই সচেতনতা কর্মসূচিতে যুক্ত হয়েছেন।র্যালির সঙ্গে ছিলেন West Bengal IAP-এর ভাইস প্রেসিডেন্ট ডাঃ কৌশিক মল্লিক (PT) এবং EC মেম্বার তথা জয়েন্ট সেক্রেটারি ডাঃ শুভেন্দু জানা (PT)। বর্ধমানের পক্ষ থেকেও একাধিক বিশিষ্ট ফিজিওথেরাপিস্ট এই কর্মসূচিতে অংশ নেন। তাঁদের মধ্যে ছিলেন IAP-এর কনভেনর ডাঃ শুভেন্দু দ্বিবেদী (PT), বিশিষ্ট ফিজিওথেরাপিস্ট ডাঃ আদিত্য পাল (PT), ডাঃ সুখদেব মুখার্জি (PT), ডাঃ অতনু রায় (PT), ডাঃ অনিন্দ্য দে (PT) - সহ আরও অনেকে।দিল্লিতে বড় সম্মেলন, বিশ্ব রেকর্ডের লক্ষ্যর্যালির পাশাপাশি আগামী ২৬ ও ২৭ সেপ্টেম্বর দিল্লিতে একটি বৃহৎ ফিজিওথেরাপি সম্মেলনের আয়োজন করা হচ্ছে বলেও জানান আয়োজকরা। সেখানে প্রায় ১২ হাজার প্রতিনিধি অংশ নেবেন বলে দাবি করা হয়েছে। এত বিপুল সংখ্যক ফিজিওথেরাপিস্টের একসঙ্গে সম্মেলনে যোগ দেওয়ার ঘটনাটি বিশ্ব রেকর্ডের জন্য মনোনীত হয়েছে বলেও জানান তাঁরা।দক্ষিণেশ্বর থেকে শুরু হওয়া র্যালির মূল সুর তাই শুধু চিকিৎসা পেশার প্রচার নয়দুর্ঘটনার পরে চিকিৎসার চেয়ে দুর্ঘটনা প্রতিরোধ অনেক বেশি গুরুত্বপূর্ণএই বার্তাই সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়া।বর্ধমান শহরের বুক দিয়ে ফিজিওথেরাপিস্টদের এই বিশেষ র্যালি অতিক্রম করার সময় সেই বার্তাই হয়ে উঠল দিনের অন্যতম আলোচ্য বিষয়। চিকিৎসক ও ছাত্রছাত্রীদের এই উদ্যোগে পথ নিরাপত্তা নিয়ে সাধারণ মানুষের মধ্যে কতটা সচেতনতা তৈরি হয়, এখন সেটাই দেখার।

সেপ্টেম্বর ২২, ২০২৬
দেশ

ব্রিকসের পর হঠাৎ শি জিনপিংয়ের স্ট্রোক? ভাইরাল দাবিতে তোলপাড়, কী বলল দিল্লি?

ভারতের মাটিতে সদ্য শেষ হয়েছে ব্রিকসের ১৮তম শীর্ষ সম্মেলন। সম্মেলনে চিনের প্রেসিডেন্ট শি জিনপিং-সহ একাধিক রাষ্ট্রনেতা যোগ দেন। শি ১২ ও ১৩ সেপ্টেম্বর দিল্লিতে ব্রিকসের দুই অধিবেশনেও অংশ নেন। কিন্তু সম্মেলন শেষ হওয়ার পরই তাঁর স্বাস্থ্য নিয়ে সামাজিক মাধ্যমে একটি দাবি ছড়িয়ে পড়ে।চিনের গণতন্ত্র পার্টির চেয়ারম্যান ওয়ানজুন শিয়ে সামাজিক মাধ্যমে দাবি করেন, দিল্লিতে ব্রিকস সম্মেলনে যোগ দেওয়ার সময় শি জিনপিং অসুস্থ হয়ে পড়েছিলেন এবং তাঁর স্ট্রোক হয়েছিল। তাঁর আরও দাবি, পরে বিশেষ বিমানে শিকে চিনে ফিরিয়ে নিয়ে যাওয়া হয় এবং সেখানে তাঁর চিকিৎসা করা হয়। তবে এই দাবির পক্ষে কোনও চিকিৎসা সংক্রান্ত নথি বা সরকারি প্রমাণ সামনে আসেনি। ভারতের সাম্প্রতিক প্রতিবেদনগুলিও জানিয়েছে, দাবিটি স্বাধীন ভাবে যাচাই করা যায়নি।এদিকে চিনের সরকারি তথ্যের সঙ্গে ভাইরাল দাবির বেশ কিছু অমিল রয়েছে। চিনের বিদেশ মন্ত্রকের সরকারি বিবরণ অনুযায়ী, শি জিনপিং ১২ সেপ্টেম্বর ব্রিকসের প্রথম অধিবেশনে এবং ১৩ সেপ্টেম্বর দ্বিতীয় অধিবেশনে অংশ নেন। দুই অধিবেশনেই তিনি বক্তব্য রাখেন এবং অন্যান্য রাষ্ট্রনেতাদের সঙ্গে বৈঠক করেন।চিনের বিদেশ মন্ত্রক আরও জানিয়েছে, ১৩ সেপ্টেম্বর দুপুরে শি জিনপিং ব্রিকস সম্মেলনে তাঁর কর্মসূচি শেষ করে বেজিংয়ের উদ্দেশে রওনা দেন। অর্থাৎ সরকারি নথিতে তাঁর সফর নির্ধারিত কর্মসূচি মেনেই শেষ হওয়ার কথা জানানো হয়েছে।শুধু শি জিনপিং নন, ব্রিকস সম্মেলনে যোগ দেওয়া একাধিক রাষ্ট্রনেতা দেশে ফিরে অসুস্থ হয়ে পড়েছেন বলেও সামাজিক মাধ্যমে বিভিন্ন পোস্ট ছড়ায়। দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসার স্বাস্থ্য নিয়েও এমন আলোচনা শুরু হয়।এই ধরনের দাবির বিরুদ্ধে ভারতের বিদেশ মন্ত্রকের তরফে সতর্ক করা হয়েছে। মন্ত্রকের তথ্য যাচাই সংক্রান্ত শাখা সামাজিক মাধ্যমে একাধিক রাষ্ট্রনেতার অসুস্থতা নিয়ে ছড়ানো পোস্টকে ভুয়ো এবং বিভ্রান্তিকর বলে সতর্ক করেছে। মানুষকে এই ধরনের বিভ্রান্তিকর পোস্টে বিশ্বাস না করারও বার্তা দেওয়া হয়েছে।তবে শি জিনপিংয়ের ক্ষেত্রে বিষয়টি আরও সতর্কতার সঙ্গে দেখা প্রয়োজন। কারণ তাঁর স্ট্রোক, অজ্ঞান হয়ে যাওয়া বা অস্ত্রোপচারের দাবি কোনও সরকারি সূত্র নিশ্চিত করেনি। একই সঙ্গে চিনের সরকারও এমন কোনও স্বাস্থ্যগত ঘটনার কথা ঘোষণা করেনি। ফলে সামাজিক মাধ্যমে ছড়ানো ওই দাবিকে এই মুহূর্তে নিশ্চিত খবর হিসেবে দেখার সুযোগ নেই।অন্যদিকে, ব্রিকস সম্মেলনে শি জিনপিংয়ের উপস্থিতি এবং তাঁর বক্তব্যের বিষয়ে চিনের সরকারি নথি রয়েছে। সম্মেলনের পর তাঁর বেজিং ফেরার বিষয়টিও চিনের বিদেশ মন্ত্রক জানিয়েছে। ফলে শি জিনপিংয়ের স্বাস্থ্য নিয়ে ছড়ানো দাবির সত্যতা নিয়ে এখনও অনিশ্চয়তা রয়েছে।সব মিলিয়ে, ব্রিকস সম্মেলনের পর শি জিনপিংয়ের অসুস্থতা নিয়ে যে দাবি ছড়িয়েছে, তার কোনও স্বাধীন ও নির্ভরযোগ্য প্রমাণ এখনও সামনে আসেনি। অন্যদিকে, বিদেশ মন্ত্রক একাধিক রাষ্ট্রনেতাকে নিয়ে ছড়ানো অসুস্থতার দাবিকে ভুয়ো বলে সতর্ক করেছে। তাই এই মুহূর্তে শি জিনপিংয়ের স্ট্রোক বা জরুরি অস্ত্রোপচারের দাবিকে সত্য বলে ধরে নেওয়ার কোনও ভিত্তি নেই।

সেপ্টেম্বর ১৭, ২০২৬
রাজ্য

সোনার দামে ভূমিকম্প! কৌশিকী অমাবস্যার দিনে হলুদ ধাতুর দরে বাজারে সুনামি

Gold Price Today: ফের বাড়ল সোনা-রুপোর দাম। ১০ সেপ্টেম্বর, বৃহস্পতিবার ইন্ডিয়া বুলিয়ন অ্যান্ড জুয়েলার্স অ্যাসোসিয়েশন (IBJA)-এর তথ্য অনুযায়ী, ১০ গ্রাম ২৪ ক্যারেট সোনার দাম ৫৪২ টাকা বেড়ে প্রায় ১.৫৪ লক্ষ টাকায় পৌঁছেছে। একইসঙ্গে এক কেজি রুপোর দামও বেড়েছে ৩,৩০৭ টাকা। ফলে প্রতি কেজি রুপোর দাম দাঁড়িয়েছে প্রায় ২.৩৯ লক্ষ টাকা।চলতি বছরে সোনা ও রুপোর দামে একাধিকবার ওঠানামা দেখা গিয়েছে। ২০২৫ সালের ৩১ ডিসেম্বর ১০ গ্রাম সোনার দাম ছিল প্রায় ১.৩৩ লক্ষ টাকা। সেখান থেকে বর্তমানে দাম বেড়ে হয়েছে প্রায় ১.৫৪ লক্ষ টাকা। অর্থাৎ বছরের শুরু থেকে ১০ গ্রাম সোনার দাম প্রায় ২১ হাজার টাকা বেড়েছে।অন্যদিকে, ২০২৫ সালের ৩১ ডিসেম্বর প্রতি কেজি রুপোর দাম ছিল প্রায় ২.৩০ লক্ষ টাকা। বর্তমানে সেই দাম বেড়ে দাঁড়িয়েছে প্রায় ২.৩৯ লক্ষ টাকা।জানুয়ারিতে তৈরি হয়েছিল রেকর্ডএর আগে ২৯ জানুয়ারি সোনা ও রুপোর দামে সর্বকালীন রেকর্ড তৈরি হয়েছিল। সেই সময়ে ১০ গ্রাম সোনার দাম প্রায় ১.৭৬ লক্ষ টাকা এবং প্রতি কেজি রুপোর দাম প্রায় ৩.৮৬ লক্ষ টাকা পর্যন্ত পৌঁছেছিল। পরে অবশ্য দুই মূল্যবান ধাতুর দাম কিছুটা কমে যায়।বাজার বিশেষজ্ঞদের পূর্বাভাস অনুযায়ী, ডিসেম্বরের মধ্যে ১০ গ্রাম সোনার দাম প্রায় ১.৭০ লক্ষ টাকা এবং প্রতি কেজি রুপোর দাম প্রায় ৩ লক্ষ টাকায় পৌঁছতে পারে। তবে আন্তর্জাতিক বাজারের পরিস্থিতি, অর্থনীতির গতিপ্রকৃতি এবং বিনিয়োগকারীদের চাহিদার মতো একাধিক বিষয়ের উপর নির্ভর করে সোনা ও রুপোর প্রকৃত দাম পরিবর্তিত হতে পারে।আজ শহরভেদে ২৪ ক্যারেট সোনার দামগুডরিটার্নসের দেওয়া তথ্য অনুযায়ী, আজ দেশের বিভিন্ন শহরে ১০ গ্রাম ২৪ ক্যারেট সোনার দামে সামান্য পার্থক্য রয়েছে।দিল্লি ও লখনউয়ে ১০ গ্রাম ২৪ ক্যারেট সোনার দাম ১,৫৪,৪৫০ টাকা। ভোপাল ও আহমেদাবাদে একই পরিমাণ সোনার দাম ১,৫৪,৩৫০ টাকা। কলকাতা, মুম্বই, চেন্নাই, বেঙ্গালুরু, হায়দরাবাদ এবং রায়পুরে ১০ গ্রাম ২৪ ক্যারেট সোনার দাম ১,৫৪,৩০০ টাকা।২২ ক্যারেট সোনার দাম২২ ক্যারেট সোনার ক্ষেত্রেও শহরভেদে সামান্য ফারাক রয়েছে। দিল্লি ও লখনউয়ে ১০ গ্রাম ২২ ক্যারেট সোনার দাম ১,৪১,৫৯০ টাকা। ভোপাল ও আহমেদাবাদে দাম ১,৪১,৪৯০ টাকা।অন্যদিকে, কলকাতা, মুম্বই, চেন্নাই, বেঙ্গালুরু, হায়দরাবাদ এবং রায়পুরে ১০ গ্রাম ২২ ক্যারেট সোনার দাম ১,৪১,৪৪০ টাকা।১৮ ক্যারেট সোনার দাম কত?১৮ ক্যারেট সোনার দামেও শহরভেদে পার্থক্য রয়েছে। দিল্লি ও লখনউয়ে ১০ গ্রাম ১৮ ক্যারেট সোনার দাম ১,১৫,৮৭০ টাকা। ভোপাল ও আহমেদাবাদে দাম ১,১৫,৭৭০ টাকা।মুম্বই, কলকাতা, বেঙ্গালুরু, হায়দরাবাদ এবং রায়পুরে ১০ গ্রাম ১৮ ক্যারেট সোনার দাম ১,১৫,৭২০ টাকা। তবে চেন্নাইয়ে ১৮ ক্যারেট সোনার দাম তুলনামূলক বেশি, ১,১৯,১৪০ টাকা।অর্থাৎ, ২৪ ও ২২ ক্যারেট সোনার ক্ষেত্রে আজ দিল্লি ও লখনউয়ে দাম সবচেয়ে বেশি। আর ১৮ ক্যারেট সোনার ক্ষেত্রে চেন্নাইয়ে দাম সর্বোচ্চ।গয়না কেনার আগে কী কী দেখবেন?সোনার গয়না কেনার সময় প্রথমেই তার বিশুদ্ধতা যাচাই করা জরুরি। BIS বা ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডসের হলমার্কযুক্ত সোনা কেনার পরামর্শ দেওয়া হয়। হলমার্কের মাধ্যমে সোনার বিশুদ্ধতা ও ক্যারেট সম্পর্কে তথ্য পাওয়া যায়।গয়না কেনার আগে একাধিক উৎস থেকে সেই দিনের সোনার দাম যাচাই করে নেওয়াও গুরুত্বপূর্ণ। ২৪, ২২ এবং ১৮ ক্যারেট সোনার দাম আলাদা হওয়ায় কোন ক্যারেটের গয়না কিনছেন, তা নিশ্চিত করুন। পাশাপাশি গয়নার ওজনও ভালোভাবে যাচাই করে নিন।সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়গুলির মধ্যে রয়েছে মেকিং চার্জ। সোনাকে গয়নায় রূপান্তরের জন্য নেওয়া এই অতিরিক্ত চার্জ দোকানভেদে আলাদা হতে পারে। তাই গয়না কেনার আগে মেকিং চার্জ কত, তা জেনে নেওয়ার পাশাপাশি প্রয়োজনে দরদাম করে নেওয়া ভালো।এছাড়া সোনার দামের সঙ্গে GST, মেকিং চার্জ এবং অন্যান্য প্রযোজ্য খরচ যোগ হতে পারে। ফলে দোকানে গিয়ে গয়নার চূড়ান্ত দাম অবশ্যই যাচাই করে নেওয়া উচিত।

সেপ্টেম্বর ১০, ২০২৬
খেলার দুনিয়া

ভারত-আফগানিস্তান ম্যাচ ঘিরে হঠাৎ অনিশ্চয়তা! কেন সূচি বদলের আবেদন দিল্লি পুলিশের?

নয়াদিল্লির ভারত মণ্ডপমে আগামী ১২ ও ১৩ সেপ্টেম্বর ব্রিকস সম্মেলন হওয়ার কথা। সেই সম্মেলনের মধ্যেই ১৩ সেপ্টেম্বর অরুণ জেটলি স্টেডিয়ামে ভারত ও আফগানিস্তানের টি-টোয়েন্টি ম্যাচ নির্ধারিত রয়েছে। কিন্তু ব্রিকস সম্মেলনকে কেন্দ্র করে রাজধানীর নিরাপত্তা ও যান চলাচল নিয়ন্ত্রণের কারণে ম্যাচটি নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।ব্রিকস সম্মেলনে বিদেশি প্রতিনিধি এবং ভিভিআইপি-দের যাতায়াত থাকবে। তাঁদের নিরাপদ ও নির্বিঘ্ন চলাচলের জন্য দিল্লিতে বিশেষ ট্র্যাফিক ব্যবস্থা করতে হবে। এই পরিস্থিতিতে একই দিনে কয়েক হাজার দর্শককে নিয়ে ক্রিকেট ম্যাচ আয়োজন করা কঠিন হতে পারে বলে মনে করছে দিল্লি ট্র্যাফিক পুলিশ।এই কারণেই ম্যাচের দিন বদলের জন্য দিল্লি ক্রিকেট সংস্থাকে অনুরোধ করেছে দিল্লি ট্র্যাফিক পুলিশ। শুক্রবার কেন্দ্রীয় রেঞ্জের উপ-পুলিশ কমিশনার ডিডিসিএ-কে একটি চিঠি পাঠিয়ে বিষয়টি জানানো হয়েছে। চিঠিতে বলা হয়েছে, ১১ থেকে ১৩ সেপ্টেম্বর দিল্লিতে ব্রিকস সম্মেলনকে ঘিরে বিশেষ নিরাপত্তা ও ট্র্যাফিক ব্যবস্থা থাকবে।পুলিশের আশঙ্কা, ১৩ সেপ্টেম্বরের ম্যাচ দেখতে প্রায় ২৫ থেকে ৩৫ হাজার দর্শক অরুণ জেটলি স্টেডিয়ামে আসতে পারেন। ফলে বিদেশি প্রতিনিধি এবং ভিভিআইপি-দের যাতায়াতের সঙ্গে সাধারণ দর্শকদের বিপুল ভিড় সামলানো কঠিন হয়ে উঠতে পারে।অরুণ জেটলি স্টেডিয়াম এবং তার আশপাশের এলাকাতেও এমনিতেই যানবাহন ও পথচারীদের চাপ থাকে। ম্যাচের সময় অতিরিক্ত গাড়ি চলাচল এবং বিভিন্ন জায়গায় পার্কিংয়ের চাপ বাড়লে রাস্তার জায়গা আরও কমে যেতে পারে। ফলে যানজটের আশঙ্কাও বাড়বে বলে জানিয়েছে পুলিশ।বিশেষ করে বিএসজেড মার্গ, মাতা সুন্দরী কলেজ, রাজঘাট এবং বাল ভবনের আশপাশে অতিরিক্ত পার্কিং হলে পরিস্থিতি আরও জটিল হতে পারে। পাশাপাশি অরুণ জেটলি স্টেডিয়াম, ডিডিইউ মার্গ, মিন্টো রোড, কমলা মার্কেট এবং সংলগ্ন এলাকাতেও যান চলাচলের উপর বাড়তি চাপ পড়ার আশঙ্কা রয়েছে।শুধু যানজট নয়, নিরাপত্তা ব্যবস্থাও পুলিশের কাছে বড় চিন্তার বিষয়। ব্রিকস সম্মেলনের কারণে দিল্লি ট্র্যাফিক পুলিশের বহু কর্মীকে বিদেশি প্রতিনিধি এবং ভিভিআইপি-দের যাতায়াত নিয়ন্ত্রণ, রাস্তা পরিষ্কার রাখা, যানবাহন নিয়ন্ত্রণ এবং বিভিন্ন জায়গায় পথ পরিবর্তনের ব্যবস্থা সামলাতে হবে। তার মধ্যে হাজার হাজার দর্শকের ক্রিকেট ম্যাচ হলে বাড়তি চাপ তৈরি হবে বলে মনে করছে পুলিশ।এই পরিস্থিতিতে ডিডিসিএ-কে ১৩ সেপ্টেম্বরের ম্যাচটি পিছিয়ে দেওয়ার অনুরোধ করা হয়েছে। ব্রিকস সম্মেলন শেষ হওয়ার পর সুবিধামতো অন্য কোনও দিনে ম্যাচ আয়োজনের প্রস্তাব দিয়েছে দিল্লি ট্র্যাফিক পুলিশ। পুলিশের বক্তব্য, ম্যাচের সূচি বদলানো হলে সীমিত সংখ্যক কর্মী দিয়েই নিরাপত্তা ও যান চলাচল আরও ভালো ভাবে সামলানো সম্ভব হবে।এখন ডিডিসিএ এই অনুরোধে কী সিদ্ধান্ত নেয়, সেদিকেই নজর ক্রিকেটমহলের। ম্যাচের দিন বদলাবে কি না, তা এখনও নিশ্চিত নয়। তবে ব্রিকস সম্মেলনের কারণে ১৩ সেপ্টেম্বরের ভারত-আফগানিস্তান ম্যাচ ঘিরে যে নতুন অনিশ্চয়তা তৈরি হয়েছে, তা নিয়ে ইতিমধ্যেই জল্পনা শুরু হয়েছে।

সেপ্টেম্বর ১০, ২০২৬
শিক্ষা

‘শিক্ষাষ্টকম্’ মডেলের জাতীয় স্বীকৃতি, জাতীয় সম্মানে সম্মানিত পূর্ব বর্ধমানের জেলা শিক্ষা আধিকারিক

আনন্দ, সৃজনশীলতা আর সামগ্রিক বিকাশবিদ্যালয় শিক্ষার এই নতুন ভাবনাই এবার পেল জাতীয় স্বীকৃতি। পূর্ব বর্ধমানের জেলা শিক্ষা আধিকারিক পৌষালী চক্রবর্তীর পরিকল্পিত শিক্ষাষ্টকম্ মডেল জাতীয় স্তরে পুরস্কৃত হল। বিদ্যালয়কে শুধু পুঁথিগত শিক্ষার জায়গা না রেখে শিশুদের আনন্দ, সৃজনশীলতা, দক্ষতা ও ব্যক্তিত্ব বিকাশের কেন্দ্র হিসেবে গড়ে তোলার এই উদ্যোগই এনে দিল এই বিশেষ সম্মান।৩ সেপ্টেম্বর দিল্লির ন্যাশনাল ইনস্টিটিউট অফ এডুকেশন প্ল্যানিং অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন-এর সভাগৃহে আয়োজিত এক অনুষ্ঠানে পৌষালী চক্রবর্তীর হাতে তুলে দেওয়া হয় পুরস্কার ও শংসাপত্র। পূর্ব বর্ধমানের শিক্ষাক্ষেত্রে এই স্বীকৃতিকে গুরুত্বপূর্ণ সাফল্য হিসেবেই দেখা হচ্ছে।শিক্ষাষ্টকম্ মডেলের মূল ভাবনা হলবিদ্যালয়ের সঙ্গে পড়ুয়াদের সম্পর্ককে আরও নিবিড় করে তোলা এবং শিক্ষার পরিবেশকে এমনভাবে গড়ে তোলা, যাতে কোনও পড়ুয়া মাঝপথে স্কুলছুট না হয়। দীর্ঘদিন বিদ্যালয়ে অনুপস্থিত থাকার প্রবণতা কমানো এবং বাল্যবিবাহের মতো সামাজিক সমস্যার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলাও এই উদ্যোগের অন্যতম লক্ষ্য।এই মডেলটি গড়ে উঠেছে আটটি গুরুত্বপূর্ণ স্তম্ভের ওপর। ক্রীড়া, সাংস্কৃতিক ও সৃজনশীল কর্মকাণ্ডের পাশাপাশি রয়েছে পরিবেশ সচেতনতা, ডিজিটাল শিক্ষা, দক্ষতা উন্নয়ন বা স্কিলিং, শিক্ষাগত সহায়তা, স্বাস্থ্য এবং অন্তর্ভুক্তিমূলক শিক্ষা। অর্থাৎ, শুধুমাত্র পরীক্ষার ফল নয়একজন পড়ুয়ার সার্বিক বিকাশকেই এখানে শিক্ষার মূল লক্ষ্য হিসেবে দেখা হয়েছে।এই মডেলের মাধ্যমে বিদ্যালয়ের পরিসরে এমন একটি পরিবেশ তৈরির চেষ্টা করা হচ্ছে, যেখানে পড়ুয়ারা নিজেদের প্রতিভা প্রকাশের সুযোগ পাবে, আনন্দের সঙ্গে শিক্ষার সঙ্গে যুক্ত থাকবে এবং ভবিষ্যতের জন্য প্রয়োজনীয় বিভিন্ন দক্ষতা অর্জন করতে পারবে। একইসঙ্গে শিক্ষা ব্যবস্থার সঙ্গে সামাজিক সচেতনতার যোগসূত্রও তৈরি করছে শিক্ষাষ্টকম্।জাতীয় স্বীকৃতি পাওয়ার পর পৌষালী চক্রবর্তীর বক্তব্যেও উঠে এসেছে এই উদ্যোগের নেপথ্যে থাকা সম্মিলিত প্রচেষ্টার কথা। তিনি বলেন, জেলাশাসকের সহযোগিতা না পেলে এই পুরস্কার আমরা পেতাম না। বিদ্যালয় পরিদর্শক থেকে শিক্ষকরা সবাই সঙ্গ দিয়েছেন। তাই এই পুরস্কার সবার সঙ্গেই ভাগ করে নিয়েছি।তবে জাতীয় সম্মানের আনন্দের মধ্যেও তাঁর নজর রয়েছে আরও বড় লক্ষ্যের দিকে। বিশেষ করে বাল্যবিবাহ রোধের ক্ষেত্রে অগ্রগতি হলেও এখনও যে পথ অনেকটা বাকি, তা স্পষ্ট করে জানিয়েছেন তিনি। তাঁর কথায়, বাল্যবিবাহ রোধ করতে পেরেছি অনেকটা। পুরোটা তো পারিনি। চেষ্টা করব আগামীতে শূন্য বাল্যবিবাহ করার জন্য।একদিকে স্কুলছুট রোধ, অন্যদিকে পড়ুয়াদের বিদ্যালয়মুখী করে তোলা, তাদের সৃজনশীলতা ও দক্ষতার বিকাশ এবং সামাজিক সমস্যার বিরুদ্ধে সচেতনতাএই সমস্ত লক্ষ্যকে একসূত্রে বেঁধেছে শিক্ষাষ্টকম্। আর সেই ভাবনাই এবার দিল্লির মঞ্চে পেল জাতীয় স্বীকৃতি। পূর্ব বর্ধমানের শিক্ষা ব্যবস্থায় এই সম্মান তাই শুধু একজন আধিকারিকের ব্যক্তিগত সাফল্য নয়, বরং শিক্ষক, বিদ্যালয় পরিদর্শক, প্রশাসন এবং পড়ুয়াদের সম্মিলিত প্রয়াসেরও স্বীকৃতি।

সেপ্টেম্বর ০৫, ২০২৬
  • ‹
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
  • 6
  • 7
  • 8
  • 9
  • ›

ট্রেন্ডিং

বিনোদুনিয়া

বিগ বসের ঘরে বড় ষড়যন্ত্র! রাজবীরকে সরাতে গোপন ছক কষলেন দুর্নিবার-সৌরভ, ফাঁস হল জীতুর নামও!

বিগ বসের ঘরে দিন যত এগোচ্ছে, ততই বাড়ছে উত্তেজনা। কে কার বন্ধু, আর কে আড়ালে কার বিরুদ্ধে পরিকল্পনা করছেন, তা বোঝা কঠিন হয়ে উঠেছে। এর মধ্যেই নতুন করে আলোচনায় রাজবীরকে ঘিরে তৈরি হওয়া সমীকরণ। এই শনিবার তনুশ্রী, সোনামণি এবং রাজবীরের মধ্যে কে ঘর ছাড়বেন, তা নিয়ে দর্শকদের মধ্যে জল্পনা তুঙ্গে। তবে তার আগেই ঘরের ভিতরে শুরু হয়েছে নতুন খেলা। জীতু, সৌরভ এবং দুর্নিবারের কথাবার্তায় উঠে এসেছে রাজবীরকে সরানোর পরিকল্পনা।এক সময় রাজবীরকে বাঁচিয়েছিলেন জীতু। কিন্তু এখন তাঁদের সম্পর্কের সমীকরণ অনেকটাই বদলে গিয়েছে। সোনামণি এবং রণিতার সঙ্গে রাজবীর কী পরিকল্পনা করছেন, তা বুঝতে পারছেন না জীতু নিজেও। তাঁর মতে, রাজবীর এখন অতিরিক্ত আত্মবিশ্বাসী হয়ে উঠেছেন। অন্য দিকে, দুর্নিবারের দাবি, রাজবীরের কথাবার্তার মধ্যে কোনও যুক্তি খুঁজে পাওয়া যাচ্ছে না।দুর্নিবারের মতে, নন্দিনী যত দিন ঘরে ছিলেন, তত দিন রাজবীরের পাশে একজন ভরসার মানুষ ছিলেন। কিন্তু নন্দিনী চলে যাওয়ার পর রাজবীর যেন দিশাহারা হয়ে পড়েছেন। জীতুরও ধারণা, রণিতা এবং রাজবীর দুজনেই এখন কোনও নির্দিষ্ট পরিকল্পনা ছাড়াই খেলছেন।কিন্তু আসল আলোচনা শুরু হয় জীতু সেখান থেকে উঠে যাওয়ার পর। জীতু চলে যেতেই সৌরভের সঙ্গে আলাদা করে কথা বলতে শুরু করেন দুর্নিবার। তাঁদের আলোচনায় উঠে আসে রাজবীরকে একা করে দেওয়ার পরিকল্পনা। দুর্নিবার বুঝতে পেরেছেন, জীতু ছাড়া এই মুহূর্তে রাজবীরের পাশে তেমন কেউ নেই। আবার জীতুর মনোযোগও এখন অনেকটাই সৃজলার দিকে।সেই সুযোগকেই কাজে লাগাতে চান দুর্নিবার। তাঁর পরিকল্পনা, জীতুকে আরও বেশি করে সৃজলার কাছাকাছি নিয়ে যেতে হবে। তাতে রাজবীর ধীরে ধীরে একা হয়ে পড়বেন। শুধু তা-ই নয়, কথার মাঝে মনামীরও যে এক দিন ঘর থেকে বিদায় নেওয়ার সময় আসবে, সেই ইঙ্গিতও দেন দুর্নিবার।তবে সৌরভকে সাবধান করে দেন তিনি। রাজবীরের হয়ে বেশি কথা বললে বিপদে পড়তে পারেন সৌরভ। কারণ, রাজবীর যদি তাঁদের কথাবার্তা জীতুকে জানিয়ে দেন, তা হলে পুরো পরিকল্পনাই ভেস্তে যেতে পারে। তাই নিজেদের অবস্থান বুঝে পা ফেলার পরামর্শ দেন দুর্নিবার।অন্য দিকে, সৌরভের মাথায় এখন একটাই চিন্তা। যে ভাবেই হোক, রাজবীরকে ঘর থেকে সরাতে হবে। তাঁর মতে, রাজবীর চলে গেলে প্রথমে খেলাটা আরও কঠিন মনে হলেও পরে পুরো পরিস্থিতিই বদলে যেতে পারে। দুর্নিবার আবার দাবি করেন, জীতু এবং সৃজলার সম্পর্কের মাঝে একমাত্র বাধা রাজবীর। জীতু রাজবীরকে পছন্দ করলেও সৃজলার সঙ্গে তাঁর সম্পর্কের সমীকরণ একেবারেই আলাদা।এর মধ্যেই নতুন প্রশ্ন উঠেছে, রাজবীর যদি দলের নেতা বা ক্যাপ্টেন হয়ে যান, তা হলে কি পরিস্থিতি বদলে যাবে? জীতু কি আবার রাজবীরের দলে ফিরে যাবেন? এই বিষয় নিয়েও সৌরভ ও দুর্নিবারের মধ্যে আলোচনা হয়। তবে তড়িঘড়ি কোনও সিদ্ধান্ত নিতে চান না তাঁরা। বরং সব দিক ভেবেই পরবর্তী পদক্ষেপ করতে চান।এই পরিকল্পনায় গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছেন দুর্নিবারের মা-ও। বিশেষ সপ্তাহে বিগ বসের ঘরে এসেছিলেন তিনি। তাঁর হাতে নিজের পছন্দের প্রতিযোগীকে ক্যাপ্টেন্সির দাবিদার হিসেবে বেছে নেওয়ার ক্ষমতা দিয়েছিলেন বিগ বস। সেই সুযোগ কাজে লাগিয়ে দুর্নিবারের সঙ্গে আলোচনা করে রাজবীরকে বেছে নেন তিনি। এর পিছনে উদ্দেশ্য ছিল, রাজবীরকে নিজেদের দলে টেনে আনা।এখন প্রশ্ন, এই পরিকল্পনায় কি শেষ পর্যন্ত সফল হবেন দুর্নিবার ও সৌরভ? রাজবীর কি তাঁদের দলে যোগ দেবেন, নাকি পুরো ছক বুঝে পাল্টা চাল দেবেন? অন্য দিকে, এই শনিবার ও রবিবার বিগ বসের ঘর থেকে শেষ পর্যন্ত কার বিদায় হয়, তা জানার অপেক্ষায় দর্শকরা। তনুশ্রী, সোনামণি না রাজবীরকার যাত্রা শেষ হবে, এখন সেটাই দেখার।

নভেম্বর ১২, ২০২৬
নিবন্ধ

পাঞ্চালীর ক্রোধ: হস্তিনাপুরের ধ্বংসের ভবিষ্যদ্বাণী - প্রথম পর্ব

হস্তীনাপুরের রাজসভা নিঃস্তব্ধ, পিতামহ ভীষ্ম, গুরু দ্রোনচার্য সকলে যেন পাথর হয়ে গেছেন। মহামন্ত্রী বিদূর রাগে ঘৃনায় যেন ওই অবস্থায় মৃত্যু স্বীকার করেছেন আর শত কৌরব ভাই একত্রে উল্লাস করছে সামনের দৃশ্য দেখে। দুরাচারী দুঃশাসন, ইন্দ্রপ্রস্থ্যের পাটরানীর কেশ নিজের হাতের মুঠোয় নিয়ে তাকে টানতে টানতে নিয়ে আসছে সভার কেন্দ্রস্থলে। মহাবলী ভীম ক্ষনে ক্ষনে গর্জন করছেন কিন্তু আজ এই গর্জনের কোনো প্রভাব বাকিদের উপর পড়ছেনা, নকুল আর সহদেব নিজেদের প্রাণাধিক প্ৰিয় পত্নীর এই অসহায় অবস্থা চোখে দেখতে পারছেন না, কানে বাজছে দুর্যোধনের লালসার বিকৃত সিংহনাদ, গান্ডিবধারী বীরশ্রেষ্ট অর্জুন নিজের পরাক্রমের উপরে সন্দীহান আর ধর্মরাজ যুধিষ্টির আজ পাশার চক্রব্যুহে এমন জড়িয়েছেন যে এহেন অধর্মেও তিনি নিঃস্তব্ধ, সব হারিয়ে আজ নিঃস্ব।দ্রৌপদী দুঃশাসনের হাত ছাড়িয়ে প্রথমে দৌড়ে গেলেন মহামহিম ভীষ্মর কাছে, করজোড়ে প্রার্থনা করলেন তাকে যেন তিনি উদ্ধার করেন কিন্তু বীরত্বের প্রতীক হয়েও তিনি অস্ত্র তুললেন না এক নারীর জন্য। মহামহিমের নিঃস্তব্ধতা দ্রৌপদীর মনে ছুরির মতো বিধলো, সে এবারে একই প্রার্থনা ক্রমে দ্রোনচার্য, মহামন্ত্রী বিদূর সবাইকেই করলো কিন্তু কেওই কোনো উত্তর দিলো না, যেন তার এই ক্রন্দন এই নিস্প্রান পাথরগুলোর সামনে কিছুই না। তার পাঁচ বীর স্বামী পরাজয় স্বীকার করে মাটিতে বসে।দুর্যোধন এবারে গর্জন করে উঠলো, দাসী দ্রৌপদী, নিজের মর্যাদা উলঙ্ঘন করোনা, তোমার স্থান বাকি দাসীদের সাথেই, সেখানেই তোমায় থাকতে হবে। দুর্যোধনের এই কথার উত্তরে দ্রৌপদী জানায়, ওরে মূর্খ রাজকুমার, আমি পাঞ্চালি, ইন্দ্রপ্রস্থ্যের পাটরানী হওয়ার আগে পাঞ্চাল রাজ্যের রাজকন্যা, যার পিতার কাছে তোরা শত কৌরব ভাই বন্দি হয়েছিলি আর আজও আমার পিতা মহারাজ দ্রুপদ আর আমার ভ্রাতা ধৃষ্টধুম্ন যদিও একত্রে সেনা নিয়ে আসে তবে আমি এবং আমার স্বামী সকলেই স্বাধীন হবোই সাথে এই হস্তীনাপুর ধ্বংস করে দেবো। দুর্যোধন, এতো বড়ো সাহস? একজন সামান্য দাসী হয়ে নিজের প্রভুর সাথে এই ব্যবহার। দুঃশাসন নীরবস্ত্র করো এই নারীকে, এই সভায়। দুর্যোধনের এই নিষ্ঠুর দাবি শুনেও বাকিরা মৌন রইলেন, যেন কেও কিছু শুনতেই পায়নি। ভীম গর্জন করে উঠলো, দ্রৌপদীর অঙ্গে কেও স্পর্শ করলে তার হাত আমি শরীর থেকে আলাদা করে দেবো দুর্যোধন। ভীমের এই গর্জনেও কোনো লাভ হলোনা।কৌরবদেরই আর এক ভাই বিকর্ন এইসময় উঠে দাঁড়ালেন আর প্রতিবাদ করলেন নিজের জ্যেষ্ঠ ভাই দুর্যোধনের এই ঘৃণ্য দাবির, সাথে নিজের পিতা জন্মান্ধ রাজা ধৃতরাষ্ট্রকেও তিরস্কার করলেন। তবে দুর্যোধনের সামনে সেও অসহায়, তার প্রতিবাদ টিকলোনা দুর্যোধনের অহংকারের সামনে। উল্টে দুর্যোধনের পক্ষে নিয়ে অঙ্গরাজ কর্ণ বললেন, নিজের ভাইকে অপমান করছো রাজকুমার? তাও এমন এক নারীর জন্য যে কিনা পাঁচজন পুরুষের সাথে সম্পর্ক রাখে? বেশ্যা হয় এরকম নারী। দুঃশাসন আর সময় নস্ট না করে এগোলেন দ্রৌপদীর দিকে, টান দিলেন তার তার বস্ত্র ধরে। আর দ্রৌপদী তখন চোখ বন্ধ করে স্মরণ করতে শুরু করলেন পরম ঈশ্বরকে। দুঃ শাসন দ্রৌপদীর বস্ত্র ধরে টান মেরেই গেলেন, তার পিছনে হলুদ বস্ত্রের পাহাড় তৈরী হয়ে গেলো কিন্তু দ্রৌপদীর শরীর নীরবস্ত্র করা সম্ভব হলোনা। ক্রমে ক্লান্ত হয়ে মাটিতে বসে পড়লেন দুঃশাসন। এহেন দৈবিক ঘটনা দেখে সভায় উপস্থিত সকলে ঘাবড়ে গেলেন, তারা ভাবতেও পারেন নি এরকম কিছু ঘটতে পারে আর যখন তারা দ্রৌপদীর দিকে তাকালেন তখন অগ্নিকন্যা দ্রৌপদীর ওই জ্বলন্ত চোখ দুটি দেখে ভয়ে আঁতকে উঠলেন। এতক্ষনে সভায় এসে উপস্থিত হয়েছেন মাতা কুন্তী আর মহারানী গান্ধারী কিন্তু অনেক দেরি করে ফেলেছেন তারা। দ্রৌপদী সভাস্থলে দাঁড়িয়ে বলে বসলেন, এই অশুদ্ধ সভাস্থলে কেও এমন ছিলোনা যে একজন নারীর অপমানে প্রতিবাদ করতে পারতো। আজ যারা যারা এই সভায় বসে এই ঘোর পাপকে সমর্থন জানিয়েছেন নিঃস্তব্ধভাবে তারা প্রত্যেকেই কঠিন মৃত্যু পাবেন যা গোটা বিশ্ব মনে রাখবে শতাব্দী পর শতাব্দী। এক এক করে সকলের মৃত্যু হবে, এই হলো যাজ্ঞশিনী দ্রৌপদীর অভিশাপ আর এই অভিশাপে শেষ হয়ে যাবে কৌরবকুল। এই বলে দ্রৌপদী সভাস্থল ছাড়লেন, আর দ্রৌপদীর এই অভিশাপ শুনে মাতা গান্ধারীর বুক কেঁপে উঠলো কারণ তিনি ইতিমধ্যে নিজের বংশের অন্তিম সময় দেখতে পাচ্ছেন, তিনি তৎক্ষণাৎ মহারাজকে এক স্ত্রী হিসাবে অনুরোধ করলেন পান্ডবদের সব ফিরিয়ে দেওয়ার জন্য।মহারাজ ধৃতরাষ্ট্র নিজেও এতক্ষনে বুঝে গেছেন দ্রৌপদী কোনো সাধারণ নারী নয় আর দ্রৌপদীর অসম্মান করে দুর্যোধন নিজের বিনাশ ডেকে এনেছে তাই তিনিও পান্ডবদের সব ফিরিয়ে দিতে রাজি ছিলেন তবে এখানে আবারও বাঁধ সাধলো গান্ধার রাজ শকুনি। তিনি বললেন এভাবে সব ফিরিয়ে দেওয়া উচিত না, ধর্মরাজ যুধিষ্টিরের কাছে সুযোগ ছিল হার মানার এবং থেমে যাওয়ার কিন্তু উনি নিজে নিঃস্ব হওয়া বেছে নিয়েছেন তাই কিছু শাস্তি তাদেরকে পেতেই হবে। এই কথার সমর্থনে দুর্যোধন নিজের প্রস্তাব দিলো এই যে পান্ডবদের বারো বছরের বনবাস আর এক বছরের অজ্ঞাত বাস পালন করতে হবে আর যদিও এই শেষের একবছর শেষ হওয়ার আগে তারা ধরা পরে যায় তবে তাদেরকে আবারও একই শাস্তি পালন করতে হবে।ধর্মরাজ যুধিষ্টির এই শর্তে রাজি হন, তবে সভা ছাড়ার আগে ভীম সভার কেন্দ্রে এসে বলে, এই সভা আজ আমার স্ত্রীর অপমান দেখেছে, এই সভা এরপর এই রাজকুমারদের রক্ত দেখবে। যে হাত দিয়ে আজ দুঃশাসন দ্রৌপদীর কেশ ধরার সাহস করেছে সেই হাত আমি উপড়ে ফেলবো আর বুক ছিঁড়ে ওর রক্তপান করবো। যে দুর্যোধন দ্রৌপদীকে নিজের জঙ্ঘায় বসার ইঙ্গিত করেছে তার আমি মৃত্যু দেবো ওই জঙ্ঘা ভেঙেই। সাথে এই শত ধৃতরাষ্ট্র সন্তানের মৃত্যু হবে কেবল আমার হাতে, এই হলো কুন্তীপুত্র ভীমের প্রতিজ্ঞা।ভীমের এই পৈশাচিক প্রতিজ্ঞা শুনে সকলের হৃদয়ে কম্পন ধরতে বাধ্য এরই মধ্যে অর্জুন হুঙ্কার দিয়ে বসলেন, নিজেকে মহান বীর, শ্রেষ্ট ধনুর্ধারি বলে বেড়ানো অঙ্গরাজ কর্ণ এতটাই কাপুরুষ যে একজন নারীর অসম্মানেও চুপ থাকেন, উল্টে সেই নারীর সমন্ধে কটুকথা বলেন। আজ অঙ্গরাজ কর্ণ যে পাপ করেছেন তার একটাই শাস্তি, মৃত্যু। ঠিক আজকের মতোই সেদিনও আপনি অসহায় থাকবেন, ভিক্ষা চাইবেন জীবনের জন্য কিন্তু পাবেন শুধুই মৃত্যু। বনবাসে যাওয়ার আগে পান্ডবকুমারদের এই প্রতিজ্ঞা শুনে এটুকু বোঝা যাচ্ছিলো যে যেদিন এরা ফিরে আসবে, একে একে এই কৌরবকুল এদের হাতে শেষ হয়ে যাবে।আজ অর্জুনের প্রতিজ্ঞা শুনে প্রথমবারের জন্য হলেও যেন বুক কেঁপে উঠলো কর্ণের, অর্জুনের এই রূদ্ররূপ তিনি এর আগে কোনোদিনও দেখেননি, বা হয়তো দেখেছিলেন কিন্তু তখন তিনি জানতেন তিনিও ঠিক কিন্তু আজ হয়তো তার মনই তাকে বলে উঠেছে তিনি পাপ করেছেন যার দন্ড অর্জুন তাকে অবশ্যই দেবে।ক্রমশ.......(পরবর্তী পর্বে)লেখকঃ সায়ন্তন গোস্বামী, বর্ধমান

নভেম্বর ১২, ২০২৬
দেশ

‘হ্যাপি দিওয়ালি’ বলেই গুলি! সিসিটিভিতে ধরা পড়ল টেক মহিন্দ্রার প্রাক্তন কর্তার খুনের ভয়ংকর দৃশ্য

হ্যাপি দিওয়ালি বলেই গুলি! ফরিদাবাদে টেক মহিন্দ্রার প্রাক্তন আধিকারিক পরমজিৎ ধনখড়কে খুনের ঘটনায় সামনে এল সিসিটিভি ফুটেজ। সেই ফুটেজে দেখা যাচ্ছে, পার্কিং নিয়ে কথা বলার অজুহাতে পরমজিৎকে ফ্ল্যাট থেকে নীচে ডেকে আনেন অভিযুক্ত মনু শর্মা। এর পরই তাঁকে লক্ষ্য করে গুলি চালান তিনি। শুধু প্রথম দফার গুলিই নয়, আবাসনের মূল ফটকের কাছেও পরমজিৎকে লক্ষ্য করে ফের গুলি চালাতে দেখা গিয়েছে অভিযুক্তকে।ঘটনাটি ২০২৬ সালের ৫ নভেম্বর, ধনতেরসের সন্ধ্যার। দীপাবলির দুদিন আগে ফরিদাবাদের সেক্টর ২১সি-তে নিজের আবাসনেই খুন হন পরমজিৎ। অভিযুক্ত মোহন ওরফে মনু শর্মা একই আবাসনের বাসিন্দা ছিলেন। ঘটনার পর পরিবারের সদস্যদের নিয়ে পালিয়ে যান তিনি। পরে ফরিদাবাদ পুলিশের অপরাধ দমন শাখা তাঁকে গ্রেফতার করে। পুলিশের দাবি, নিজের লাইসেন্সপ্রাপ্ত পিস্তল থেকে ১৫ থেকে ১৬ রাউন্ড গুলি চালিয়েছিলেন অভিযুক্ত। পরমজিতের শরীরে আট থেকে নটি গুলি লাগে।প্রথম সিসিটিভি ফুটেজে দেখা যাচ্ছে, মনু শর্মা পরমজিতের কাছে এগিয়ে যাচ্ছেন। সেই সময় পরমজিৎ তাঁর ছেলেকে নিয়ে গাড়ি রাখার জায়গায় আসেন। অভিযোগ, কথাবার্তার শুরুতেই মনু তাঁকে দুবার প্রশ্ন করেন, তিনি বিধবা সম্পর্কে জানেন কি না এবং এ বিষয়ে তাঁর বিশ্বাস আছে কি না। এমন প্রশ্ন শুনে কিছুটা অবাক হয়ে যান পরমজিৎ। কী হয়েছে, তা জানতে চান তিনি।এর পরমনু অভিযোগ করেন, তিন জনকে দিয়ে তাঁকে মার খাওয়ানোর ব্যবস্থা করেছেন পরমজিৎ। পাল্টা পরমজিৎ হাতজোড় করে বোঝানোর চেষ্টা করেন, কাউকে দিয়ে তিনি মারধর করাননি। কী নিয়ে এই বিবাদ, তা-ও জানতে চান। কিন্তু মনু কথা বলতে চাননি। বার বার জানান, পরমজিতের সঙ্গে তাঁর কোনও কথা নেই।এক সময় পরমজিৎ বলেন, কথা বলতে না চাইলে আলোচনা চালিয়ে যাওয়ার কোনও অর্থ নেই। তাঁর ছেলে তখন বিষয়টিতে হস্তক্ষেপ করতে গেলে তাঁকে থামিয়ে দেন পরমজিৎ। ফুটেজে দেখা যাচ্ছে, এর পর মনু পরমজিতের ছেলের দিকে ইশারা করে তাঁকে সামনে আসতে বলেন। তার পর পরমজিৎকে প্রশ্ন করেন, তিনি ঈশ্বরে বিশ্বাস করেন কি না। এর পরেই পকেট থেকে পিস্তল বার করে গুলি চালাতে শুরু করেন। বাবার উপর গুলি চলতে দেখে ঘটনাস্থল থেকে দৌড়ে পালিয়ে যায় পরমজিতের ছেলে।দ্বিতীয় সিসিটিভি ফুটেজে দেখা যাচ্ছে, গুলিবিদ্ধ অবস্থায় আবাসনের মূল ফটকের দিকে এগিয়ে যাচ্ছেন পরমজিৎ। সম্ভবত সাহায্য চাইছিলেন তিনি। সেই সময় পিছন থেকে তাঁর কাছে পৌঁছন মনু। পরমজিৎ অভিযুক্তের জামার কলার ধরে তাঁকে মাটিতে ফেলে দেন। এই ধস্তাধস্তির মধ্যেই সেখানে পৌঁছে যান পরমজিতের মা। তিনি পুত্রবধূকে ডাকতে থাকেন।এর পরেও থামেননি অভিযুক্ত। ফুটেজে দেখা যাচ্ছে, পরমজিৎকে লক্ষ্য করে আরও চার রাউন্ড গুলি চালান মনু। তাঁকে গালিগালাজ করতেও শোনা যায়। তার পর হ্যাপি দিওয়ালি বলে ঘটনাস্থল থেকে পালিয়ে যান তিনি।পুলিশ সূত্রে জানা গিয়েছে, পার্কিং নিয়ে বিবাদ থেকেই এই ঘটনার সূত্রপাত। তবে দুই পরিবারের মধ্যে আগে থেকেই নানা বিষয় নিয়ে মনোমালিন্য ছিল বলে খবর। কয়েক দিন আগে একটি কুকুরকে কেন্দ্র করে পরমজিতের ছেলে ও মনুর মধ্যে বচসাও হয়েছিল বলে জানা গিয়েছে।ঘটনার কিছু দিন আগে সিঙ্গাপুর থেকে ফরিদাবাদে ফিরেছিলেন পরমজিৎ। ভাইপোর বিয়েতে যোগ দিতেই তাঁর আসা। এর প্রায় দুমাস আগে তিনি টেক মহিন্দ্রার চাকরি ছেড়ে সিঙ্গাপুরের একটি বহুজাতিক সংস্থায় উচ্চপদে যোগ দিয়েছিলেন। ফরিদাবাদের ওই আবাসনে স্ত্রী, ছেলে ও মেয়েকে নিয়ে থাকতেন তিনি। অন্য দিকে, মনু থাকতেন আবাসনের তিন তলায়।সিসিটিভি ফুটেজে খুনের আগে ও পরে দুই ব্যক্তির মধ্যে সংঘর্ষের একাধিক মুহূর্ত ধরা পড়েছে। ঘটনার তদন্ত চালাচ্ছে পুলিশ।

নভেম্বর ১২, ২০২৬
কলকাতা

তৃণমূলের নথি লুটের আশঙ্কা! নির্বাচন কমিশনে চিঠি অভিষেকের, চাঞ্চল্য রাজনৈতিক মহলে

আসল তৃণমূল কংগ্রেস কোনটি, তা নিয়ে নির্বাচন কমিশনে লড়াই এখনও জারি। একদিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস, অন্যদিকে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের গণতান্ত্রিক তৃণমূল কংগ্রেস। নিজেদের দাবির সমর্থনে দুই পক্ষই দিল্লিতে জাতীয় নির্বাচন কমিশনের কাছে বিভিন্ন নথি ও হলফনামা জমা দিচ্ছে। এরই মধ্যে দলের নথি লুটের আশঙ্কা প্রকাশ করে নির্বাচন কমিশনকে চিঠি দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।বৃহস্পতিবার আইনজীবী অর্ককুমার নাগের মাধ্যমে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার এবং দুই নির্বাচন কমিশনার সুখবীর সিং সান্ধু ও বিবেক যোশীকে চিঠি পাঠান অভিষেক। সেখানে কমিশনে জমা দেওয়ার জন্য তৈরি করা দলের গুরুত্বপূর্ণ নথি ও হলফনামা লুট হয়ে যেতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন তিনি। তাঁর অভিযোগ, এই নথি হাতিয়ে নেওয়ার চক্রান্ত হতে পারে।চিঠিতে অভিষেক তাঁর কালীঘাটের বাড়ির নিরাপত্তা নিয়েও উদ্বেগ প্রকাশ করেছেন। তাঁর দাবি, গত ৬ থেকে ১১ নভেম্বর পর্যন্ত বাড়ির আশপাশে কয়েক জন সন্দেহভাজন ব্যক্তির গতিবিধি দেখা গিয়েছে। এই বিষয়টি নিয়ে আগেও একাধিক বার সমাজমাধ্যমে সরব হয়েছিলেন তিনি। কলকাতা পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক।এরই মধ্যে বৃহস্পতিবার সকালে অভিষেকের কালীঘাটের বাড়ির একাংশ ভেঙে ফেলা হয় বুলডোজার দিয়ে। ওই অংশটি পুরসভার তরফে বেআইনি বলে চিহ্নিত করা হয়েছিল। বাড়ির একাংশ ভাঙার ঘটনাকে কেন্দ্র করে নতুন করে চর্চা শুরু হয় রাজনৈতিক মহলে। সেই দিনই নির্বাচন কমিশনে চিঠি পাঠিয়ে নথি লুটের আশঙ্কার কথা জানান অভিষেক।উল্লেখ্য, এর আগে গত ২৬ অক্টোবর একই ধরনের অভিযোগ তুলেছিলেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। সমাজমাধ্যমে একটি পোস্ট করে তিনি দাবি করেছিলেন, তাঁদের দলের পাঠানো ট্রাকভর্তি নথি হরিয়ানার কাছে কোথাও লুট করা হয়েছে। এই ঘটনার পিছনে কালীঘাটের তৃণমূলের হাত রয়েছে বলেও অভিযোগ করেছিলেন তিনি।এ বার সেই নথি লুটের আশঙ্কা প্রকাশ করেই সরাসরি নির্বাচন কমিশনের দ্বারস্থ হলেন অভিষেক। আসল তৃণমূলের পরিচয় নিয়ে দুই শিবিরের লড়াইয়ের মধ্যেই নথি নিয়ে এই পাল্টাপাল্টি অভিযোগ নতুন করে রাজনৈতিক উত্তাপ বাড়াল।

নভেম্বর ১২, ২০২৬
রাজ্য

‘জাহাঙ্গিরের জমিতে গরিবদের বাড়ি হবে’, হাওড়ার মঞ্চ থেকে বড় ঘোষণা শুভেন্দুর! শাহজাহানকেও হুঁশিয়ারি

সরকারি জমি দখল করে প্রায় ১০ কোটি টাকার বিলাসবহুল বাড়ি তৈরির অভিযোগ উঠেছে ফলতার তৃণমূল নেতা জাহাঙ্গির খানের বিরুদ্ধে। সেই বাড়ি ভাঙার কাজ শুরু করেছে প্রশাসন। এ বার ওই জমি উদ্ধার করে সেখানে গরিব মানুষের জন্য আবাসন তৈরির ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। শুধু জাহাঙ্গির নন, সন্দেশখালির প্রাক্তন তৃণমূল নেতা শেখ শাহজাহানের সম্পত্তি নিয়েও কড়া বার্তা দিয়েছেন তিনি। শুভেন্দুর স্পষ্ট হুঁশিয়ারি, এই সরকার কাউকে ছাড়বে না।বৃহস্পতিবার ছটপুজোর একটি অনুষ্ঠানে যোগ দিতে হাওড়ায় গিয়েছিলেন মুখ্যমন্ত্রী। সেখান থেকেই ফলতার জাহাঙ্গির খানকে নিশানা করেন তিনি। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ বলে পরিচিত এই নেতার নাম করে শুভেন্দু বলেন, ফলতায় কী চলছে, তা সবাই দেখতে পাচ্ছেন। সরকারি জমি দখল করে ১০ কোটি টাকার বিলাসবহুল বাড়ি তৈরি করা হয়েছিল। পুষ্পা ওরফে জাহাঙ্গির খান বলেছিলেন, ঝুঁকেগা নেহি। কিন্তু তাঁর বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে।শুধু হুঁশিয়ারি দিয়েই থেমে থাকেননি শুভেন্দু। ওই জমি উদ্ধার করে সেখানে স্থানীয় গরিব মানুষের জন্য আবাস যোজনার বাড়ি তৈরি করা হবে বলেও ঘোষণা করেন তিনি।এর পরেই সন্দেশখালির শেখ শাহজাহানের প্রসঙ্গ তোলেন মুখ্যমন্ত্রী। সরাসরি তাঁর নাম করে শুভেন্দু বলেন, শাহজাহানের দখলে থাকা জমিও উদ্ধার করা হবে। সেই জমিতে মাছের বাজার তৈরি করার পরিকল্পনা রয়েছে। তাঁর কথায়, এটা সবে শুরু। আগামী দিনে আরও অনেক কিছু হবে।উল্লেখ্য, বুধবার সকাল থেকেই দক্ষিণ ২৪ পরগনার ফলতার শ্রীরামপুর এলাকায় জাহাঙ্গির খানের বিলাসবহুল বাড়ি ভাঙার কাজ শুরু করে প্রশাসন। অভিযোগ, সরকারি জমি দখল করেই ওই বাড়ি তৈরি করেছিলেন তিনি। প্রশাসনের তরফে তাঁকে নোটিস দিয়ে সাত দিনের মধ্যে বাড়ি ভেঙে ফেলার নির্দেশ দেওয়া হয়েছিল। কিন্তু নির্দিষ্ট সময় পেরিয়ে গেলেও বাড়ি ভাঙা হয়নি বলে অভিযোগ। এরপরই প্রশাসনের তরফে বুলডোজার দিয়ে বাড়ি ভাঙার কাজ শুরু হয়। বৃহস্পতিবারও সকাল থেকে সেই কাজ চলছে। ঘটনাস্থলে রয়েছেন পুলিশের উচ্চপদস্থ আধিকারিকেরা।একসময় ফলতা ও ডায়মন্ড হারবার এলাকায় যথেষ্ট প্রভাব ছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ বলে পরিচিত জাহাঙ্গিরের। পূর্বতন তৃণমূল সরকারের আমলে ওই এলাকায় তাঁর প্রভাব নিয়ে রাজনৈতিক মহলে আলোচনা হত। ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে ফলতা কেন্দ্র থেকে তাঁকে প্রার্থী করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু একাধিক অনিয়মের অভিযোগ সামনে আসায় ওই কেন্দ্রের ভোট বাতিল করে নতুন করে ভোটের দিন ঘোষণা করে নির্বাচন কমিশন। পরে নতুন ভোটের আগে নির্বাচনী লড়াই থেকে সরে দাঁড়ান জাহাঙ্গির।নাড্ডার কনভয়ে হামলা এবং ভোট-পরবর্তী হিংসা-সহ একাধিক মামলায় অভিযুক্ত জাহাঙ্গির বর্তমানে জেলে রয়েছেন। পরে নেপাল থেকে তাঁকে গ্রেফতার করা হয় বলে জানা গিয়েছে।অন্যদিকে, সন্দেশখালির একসময়ের প্রভাবশালী তৃণমূল নেতা শেখ শাহজাহানের সম্পত্তি নিয়েও নতুন করে রাজনৈতিক চর্চা শুরু হয়েছে। তাঁর দখলে থাকা জমি উদ্ধার করে সেখানে মাছের বাজার তৈরির শুভেন্দুর ঘোষণাকে ঘিরে নজর রয়েছে রাজনৈতিক মহলের। সরকারি জমি দখলের অভিযোগে প্রশাসনের এই পদক্ষেপ আগামী দিনে আরও কোন কোন এলাকায় পৌঁছয়, এখন সেটাই দেখার।

নভেম্বর ১২, ২০২৬
রাজ্য

যুবতীর মৃত্যুর পরও চালু মোবাইল! পরিবারের কাছে মেসেজ, টাওয়ারের অবস্থান দেখে বাড়ছে রহস্য

বরানগরে বন্ধ ফ্ল্যাটের ভিতর থেকে এক যুবতীর দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। মৃতার নাম অঞ্জলি সাউ। তাঁর জামাইবাবুর ফ্ল্যাট থেকে মঙ্গলবার রাতে দেহ উদ্ধার করে পুলিশ। যুবতীর শরীরে একাধিক আঘাতের চিহ্ন মিলেছে। প্রাথমিক ভাবে পুলিশের অনুমান, তাঁকে মারধর করা হয়েছিল। এই ঘটনায় খুনের সন্দেহও উড়িয়ে দিচ্ছেন না তদন্তকারীরা।সবচেয়ে বেশি রহস্য তৈরি হয়েছে অঞ্জলির খোয়া যাওয়া মোবাইল ফোন ঘিরে। বুধবার সকাল ১০টা ৫৩ মিনিট থেকে ১১টার মধ্যে ওই ফোন থেকে পরিবারের একাধিক সদস্যের কাছে বার্তা পাঠানো হয়েছে। কিন্তু সেই সময় ফোনটির অবস্থান দেখাচ্ছে ভিনরাজ্যে। ফলে কে বা কারা ওই ফোন ব্যবহার করে বার্তা পাঠাল, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।পুলিশ সূত্রে খবর, অঞ্জলির শরীরের বিভিন্ন জায়গায় ক্ষতচিহ্ন রয়েছে। গলায় দাগের পাশাপাশি মাথার পিছনেও ভারী কোনও বস্তু দিয়ে আঘাতের চিহ্ন পাওয়া গিয়েছে। পুলিশের প্রাথমিক অনুমান, মৃত্যুর আগে তাঁকে মারধর করা হয়ে থাকতে পারে।ঘটনার তদন্তে নেমে এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছেন তদন্তকারীরা। ফুটেজে এক যুবককে চিহ্নিত করা হয়েছে বলে জানা গিয়েছে। পুলিশের প্রাথমিক ধারণা, এই ঘটনার পিছনে পরিচিত কারও হাত থাকতে পারে। ওই যুবকের সঙ্গে ঘটনার কোনও যোগ রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।বরানগরের ১৭ নম্বর ওয়ার্ডের লেকপল্লি এলাকায় এই ঘটনা ঘটেছে। ওই এলাকার একটি ফ্ল্যাটে থাকতেন অঞ্জলির জামাইবাবু ও তাঁর স্ত্রী। প্রায় চার বছর ধরে সেখানে বসবাস করছিলেন তাঁরা। তবে ব্যবসার কাজে বর্তমানে স্ত্রীকে নিয়ে হুগলির শ্রীরামপুরে থাকেন অঞ্জলির জামাইবাবু।জানা গিয়েছে, সোমবার রাতে ফ্ল্যাটের চাবি প্রতিবেশী লতিকা মান্নার কাছে রেখে যান অঞ্জলির জামাইবাবু। মঙ্গলবার দুপুরে সেই চাবি নিয়ে পাঁচতলার ফ্ল্যাটে যান অঞ্জলি। বিকেলের দিকে তাঁর দিদি ফোন করেন। কিন্তু ফোনে কোনও উত্তর না পেয়ে উদ্বিগ্ন হয়ে পড়েন তিনি। এরপর প্রতিবেশীদের সঙ্গে যোগাযোগ করেন।ফ্ল্যাটের দরজায় বারবার ধাক্কা দিয়েও কোনও সাড়া পাওয়া যায়নি। শেষ পর্যন্ত বরানগর থানায় খবর দেওয়া হয়। মঙ্গলবার রাতে পুলিশ গিয়ে দরজা ভেঙে ভিতরে ঢোকে। সেখান থেকেই অঞ্জলির দেহ উদ্ধার হয়।উদ্ধারের সময় যুবতীর শরীরে মোবাইল ফোন, আংটি ও ব্রেসলেট ছিল বলে জানা গিয়েছে। তবে তাঁর মোবাইল ফোনটি পরে খোয়া যায়। সেই ফোন থেকেই পরিবারের সদস্যদের কাছে বার্তা যাওয়ার ঘটনায় নতুন করে রহস্য তৈরি হয়েছে।ফোনটির অবস্থান ভিনরাজ্যে দেখানোয় তদন্তকারীদের সন্দেহ আরও বেড়েছে। ফোনটি কে ব্যবহার করছে, কী ভাবে সেটি রাজ্যের বাইরে পৌঁছল এবং অঞ্জলির মৃত্যুর সঙ্গে তার কোনও যোগ রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। আপাতত সিসিটিভি ফুটেজ, মোবাইলের অবস্থান এবং অন্যান্য তথ্যের ভিত্তিতে অভিযুক্তের খোঁজ চালাচ্ছে পুলিশ।

নভেম্বর ১২, ২০২৬
দেশ

৭ কোটি টাকা না দিলে খুন! অরবিন্দ কেজরীওয়াল ও মেয়েকে প্রাণনাশের হুমকি, চাঞ্চল্য

৭ কোটি টাকা না দিলে খুন করা হবে। এমনই হুমকি দেওয়া হয়েছে আম আদমি পার্টির জাতীয় আহ্বায়ক তথা দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীওয়াল এবং তাঁর মেয়ে হর্ষিতা কেজরীওয়ালকে। অভিযোগ, ফোন করা ব্যক্তি নিজেকে কুখ্যাত গ্যাংস্টার লরেন্স বিষ্ণোইয়ের দলের সদস্য বলে পরিচয় দিয়েছে। এই ঘটনায় পুলিশের দ্বারস্থ হয়েছেন আম আদমি পার্টির বিধায়ক জারনেল সিং।দিল্লির তিলক নগরের বিধায়ক জারনেলের অভিযোগ, তাঁকেও ফোন এবং হোয়াটসঅ্যাপের মাধ্যমে হুমকি দেওয়া হয়েছে। গত ৬ নভেম্বর তিনি মোহালির পুলিশ সুপারের কাছে লিখিত অভিযোগ দায়ের করেন। সেখানে তিনি জানান, ফোন করা ব্যক্তি নিজেকে লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের সদস্য বলে দাবি করেছে।অভিযোগ অনুযায়ী, কেজরীওয়ালের কাছে ৭ কোটি টাকা দাবি করা হয়েছে। সেই টাকা না দিলে তাঁকে এবং তাঁর মেয়েকে খুনের হুমকি দেওয়া হয়েছে বলেও অভিযোগ। ঘটনার ভিত্তিতে ভারতীয় ন্যায় সংহিতা এবং তথ্যপ্রযুক্তি আইনের একাধিক ধারায় মামলা দায়ের করেছে মোহালি পুলিশ। তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে সাইবার অপরাধ দমন শাখার পরিদর্শক সুনীল কুমারকে।এর আগেও প্রাণনাশের হুমকি পেয়েছিলেন কেজরীওয়াল। ২০১৯ সালে তিনি দিল্লির মুখ্যমন্ত্রী থাকাকালীন তাঁর দফতরে ইমেল পাঠিয়ে খুনের হুমকি দেওয়া হয়েছিল। সেই ঘটনায় মুখ্যমন্ত্রীর দফতরের তরফে অভিযোগ দায়ের করা হয়। তদন্ত শুরু করে দিল্লি পুলিশ।এ বার হুমকির ঘটনায় ফোন করা ব্যক্তির পরিচয় জানার চেষ্টা করছে পুলিশ। যে মোবাইল নম্বর থেকে ফোন এবং বার্তা পাঠানো হয়েছিল, তার কলের তথ্য, ইন্টারনেট সংযোগের সূত্র এবং অবস্থান খতিয়ে দেখা হচ্ছে। কেজরীওয়াল এবং তাঁর পরিবারের নিরাপত্তা বাড়ানোরও আর্জি জানিয়েছেন বিধায়ক জারনেল সিং।ঘটনার তদন্ত চলছে। এখনও পর্যন্ত হুমকি দেওয়া ব্যক্তির পরিচয় সম্পর্কে নিশ্চিত করে কিছু জানায়নি পুলিশ।

নভেম্বর ১২, ২০২৬
দেশ

কাশ্মীরে নিখোঁজ হওয়ার ২৪ ঘণ্টার মধ্যেই উদ্ধার দুই পুলিশকর্মীর গুলিবিদ্ধ দেহ! জঙ্গি হামলার আশঙ্কা

কাশ্মীরে দুই পুলিশকর্মীর রহস্যমৃত্যু ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। বুধবার থেকে নিখোঁজ ছিলেন তাঁরা। বৃহস্পতিবার সকালে তাঁদের গুলিবিদ্ধ দেহ উদ্ধার হয়েছে। মৃতদের শরীরে একাধিক গুলির চিহ্ন মিলেছে। প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে, জঙ্গি হামলায় তাঁদের মৃত্যু হয়ে থাকতে পারে। তবে ঘটনার পিছনে ঠিক কী কারণ রয়েছে, তা এখনও স্পষ্ট নয়। ইতিমধ্যেই তদন্ত শুরু হয়েছে। জঙ্গিদের খোঁজে তল্লাশি চালাচ্ছে নিরাপত্তাবাহিনী।পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত দুই কর্মীর নাম রাশাপাল কুমার (৪০) এবং ববি চাঁদ (৫৪)। তাঁরা জম্মু ও কাশ্মীর পুলিশের স্পেশাল অপারেশনস গ্রুপের সদস্য ছিলেন। কিস্তওয়ারের দাচ্চানের কিয়ার গ্রামে তাঁদের পোস্টিং ছিল।বুধবার বিকেলে কিয়ার শিবির থেকে ধেরনা-মারওয়াহ এলাকার সেনা ছাউনির দিকে যাচ্ছিলেন ওই দুই পুলিশকর্মী। সেই সময় মারওয়া এলাকার দেহারণার জঙ্গলে আচমকা গুলির শব্দ শোনা যায়। তার পর থেকেই তাঁদের কোনও খোঁজ পাওয়া যাচ্ছিল না। শুরু হয় তল্লাশি অভিযান।সূত্রের খবর, যে জায়গা থেকে তাঁরা নিখোঁজ হয়েছিলেন, সেখান থেকে প্রায় দুকিলোমিটার দূরে তাঁদের দেহ পাওয়া যায়। বৃহস্পতিবার সকালে ধেরনা টপ এলাকা থেকে দেহ দুটি উদ্ধার করা হয়। দুজনের মাথা ও পিঠে গুলির চিহ্ন রয়েছে বলে জানা গিয়েছে।তদন্তকারীদের আরও সন্দেহ বাড়িয়েছে তাঁদের সার্ভিস অস্ত্রের খোঁজ না পাওয়া। দুই পুলিশকর্মীর কাছেই সরকারি আগ্নেয়াস্ত্র ছিল। কিন্তু দেহ উদ্ধারের সময় সেগুলি পাওয়া যায়নি। জঙ্গিরা অস্ত্রগুলি নিয়ে পালিয়ে থাকতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।সূত্রের খবর, গুলির শব্দ শোনার পরেও কিছুক্ষণ পর্যন্ত দুই পুলিশকর্মীর মোবাইল ফোন চালু ছিল। পরে ফোন দুটি বন্ধ হয়ে যায়। দীর্ঘক্ষণ তাঁদের সঙ্গে যোগাযোগ করতে না পেরে উদ্বিগ্ন হয়ে পড়েন সহকর্মীরা। এরপরই তল্লাশি শুরু হয়।ঘটনার পর কাশ্মীরের ওই এলাকায় নিরাপত্তা আরও বাড়ানো হয়েছে। জঙ্গিদের খোঁজে বিশেষ অভিযান শুরু করেছে সেনা ও নিরাপত্তাবাহিনী। কী ভাবে ওই দুই পুলিশকর্মীর মৃত্যু হল, তাঁদের উপর কারা হামলা চালাল, তা খতিয়ে দেখা হচ্ছে।উল্লেখ্য, বুধবারই জম্মু ও কাশ্মীরের কুলগামে সিআরপিএফ শিবিরে হামলার ঘটনা ঘটে। দুপুর দুটো নাগাদ বাইকে চড়ে দুই জঙ্গি সেখানে আসে বলে সূত্রের খবর। নাকা তল্লাশির সময় সিআরপিএফ শিবির লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি চালায় তারা। ওই হামলায় তিন সিআরপিএফ জওয়ান গুলিবিদ্ধ হন।আহত জওয়ানদের উদ্ধার করে অনন্তনাগ হাসপাতালে ভর্তি করানো হয়েছে। তাঁদের মধ্যে একজন পশ্চিমবঙ্গের বাসিন্দা। একই দিনে কুলগামে সিআরপিএফ শিবিরে হামলা এবং দুই পুলিশকর্মীর মৃত্যুর ঘটনায় উপত্যকায় নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। দুই ঘটনার মধ্যে কোনও যোগ রয়েছে কি না, তা এখনও জানা যায়নি।

নভেম্বর ১২, ২০২৬

Ads

You May Like

Gallery

265-year-old "Mukhopadhyay House" in Bhavanandpur, Kalnar, played vermilion on Dasami during Durga Puja
BJP candidate Locket Chatterjee campaigned on the banks of the Ganges from Chandannagar Ranighat to Triveni Ghat wishing New Year.
A living depiction of history with a touch of color, everyone is enthralled by the initiative of the Eastern Railway
Sucharita Biswas actress and model on Durga Puja
Lord Kalabau came up in palanquin; Navapatrika walked towards the mandap - the puja started
On Sunday, the 'Hilsa festival' is celebrated in the city with great joy.
Check out who has joined Mamata's new cabinet
Take a look at the list of recipients at the Bangabibhushan award ceremony
If you are grassroots, you will get ration for free. Lakshmi Bhandar, Kanyashree, Swastha Sathi, Krishakbandhu, Oikyashree, Sabujsathi — you will get all.

Categories

  • কলকাতা
  • রাজ্য
  • দেশ
  • বিদেশ
  • রাজনীতি
  • খেলার দুনিয়া
  • বিনোদুনিয়া
  • সম্পাদকীয়
  • নিবন্ধ
  • ভ্রমণ
  • রাশিফল
  • টুকিটাকি
  • চিত্রহার
  • বিবিধ
  • ভিডিও

Company

  • About Us
  • Advertise
  • Privacy
  • Terms of Use
  • Contact Us
Copyright © 2026 Janatar Katha News Portal