বিশ্বরাজনীতিতে আমেরিকা, রাশিয়া ও চিনের মধ্যে বন্ধুত্ব কতটা সম্ভব, তা নিয়ে বরাবরই প্রশ্ন রয়েছে। তিন দেশের স্বার্থও একে অপরের থেকে আলাদা। তবে বুধবার চিনের শেনঝেনে দেখা গেল এক বিরল ছবি। একই লাল গালিচায় হাসিমুখে করমর্দন করলেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং চিনের প্রেসিডেন্ট শি জিনপিং। তিন মহাশক্তিধর দেশের রাষ্ট্রপ্রধানদের এ ভাবে একসঙ্গে দেখা যেতেই শুরু হয়েছে জল্পনা। তবে কি বদলাতে চলেছে বিশ্বরাজনীতির সমীকরণ? নাকি এই বৈঠকের প্রভাব পড়তে চলেছে ছোট দেশগুলির উপর? এই সব প্রশ্নের উত্তর খুঁজছে আন্তর্জাতিক কূটনৈতিক মহল।
এশিয়া-প্যাসিফিক অর্থনৈতিক সহযোগিতা গোষ্ঠীর শীর্ষ সম্মেলনকে কেন্দ্র করেই শেনঝেনে জড়ো হয়েছেন তিন রাষ্ট্রনেতা। বুধবার জিনপিং এবং তাঁর স্ত্রী পেং লিউয়ানের তরফে একটি বিশেষ নৈশভোজের আয়োজন করা হয়। তার আগেই তিন রাষ্ট্রপ্রধানের করমর্দনের দৃশ্য সামনে আসে।
সমাজমাধ্যম টেলিগ্রামে এই ঘটনার একটি ভিডিয়ো প্রকাশ করেছে ‘ক্রেমলিন পুল টিম’। সেখানে দেখা যাচ্ছে, ছবি তোলার জন্য ট্রাম্প ও জিনপিংয়ের দিকে এগিয়ে যাচ্ছেন পুতিন। এরপর ট্রাম্পের সঙ্গে করমর্দন করেন তিনি। দু’জনকে হাসিমুখে কথা বলতেও দেখা যায়। এক সময় একে অপরের কাঁধে হাত রাখেন তাঁরা। অন্য দিকে, ট্রাম্প ও জিনপিংয়ের স্ত্রীকেও একসঙ্গে দেখা যায়। পরে তাঁদের সঙ্গে কথা বলতে এগিয়ে আসেন পুতিন। বৃহস্পতিবার শেনঝেনে তিন রাষ্ট্রনেতার গুরুত্বপূর্ণ বৈঠক হওয়ার কথা।
ট্রাম্পকে স্বাগত জানিয়ে জিনপিং বলেন, আমেরিকা ও চিনের মধ্যে গঠনমূলক এবং স্থিতিশীল সম্পর্ক গড়ে তুলতে আগ্রহী বেজিং। পারস্পরিক শ্রদ্ধা এবং সমতার ভিত্তিতে দুই দেশের সম্পর্ক আরও মজবুত করার বার্তাও দেন তিনি। এশিয়া-প্যাসিফিক অঞ্চলে সহযোগিতা-সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনার আগ্রহ প্রকাশ করেন চিনের প্রেসিডেন্ট।
অন্য দিকে, ট্রাম্প জানিয়েছেন, বৃহস্পতিবারের বৈঠকে ইরান এবং ইউক্রেনের যুদ্ধ নিয়ে আলোচনা হতে পারে। পরমাণু অস্ত্রের বিষয়টিও আলোচনায় উঠে আসতে পারে বলে জানিয়েছেন তিনি। ফলে এই বৈঠকের দিকে তাকিয়ে রয়েছে গোটা বিশ্ব।
কূটনৈতিক মহলের মতে, তিন রাষ্ট্রনেতার এই বৈঠক শুধু আমেরিকা, রাশিয়া ও চিনের সম্পর্কের মধ্যেই সীমাবদ্ধ থাকবে না। এর প্রভাব পড়তে পারে আন্তর্জাতিক রাজনীতি এবং বিভিন্ন যুদ্ধ পরিস্থিতির উপরেও। চিনের বক্তব্য, বিশ্বশান্তি বজায় রাখা এবং বড় শক্তিগুলির মধ্যে স্থিতিশীল সম্পর্ক গড়ে তোলাই এই আলোচনার অন্যতম লক্ষ্য।
তবে আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞদের একাংশের আশঙ্কা, এই বৈঠকে ছোট দেশগুলির স্বার্থ কতটা গুরুত্ব পাবে, তা নিয়ে প্রশ্ন রয়েছে। তাঁদের মতে, বড় শক্তিগুলি নিজেদের মধ্যে সমঝোতা করলে তার প্রভাব পড়তে পারে অপেক্ষাকৃত দুর্বল দেশগুলির উপর। বিশেষ করে ইউক্রেন, তাইওয়ান এবং দক্ষিণ চিন সাগরের মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলিতে তিন দেশের অবস্থান অত্যন্ত তাৎপর্যপূর্ণ।
ট্রাম্পের বিদেশনীতি অনেকটাই ব্যবসায়িক সমঝোতার উপর নির্ভরশীল বলে মনে করেন বিশেষজ্ঞদের একাংশ। তাঁর মতে, বড় শক্তিগুলির মধ্যে বোঝাপড়া হলে যুদ্ধ এবং সংঘাতের সমাধান সম্ভব। অন্য দিকে, পুতিন দীর্ঘদিন ধরেই ইউক্রেন-সহ প্রাক্তন সোভিয়েত ইউনিয়নের অন্তর্ভুক্ত এলাকাগুলিতে রাশিয়ার প্রভাব বজায় রাখার পক্ষে সওয়াল করে আসছেন। ন্যাটোর সম্প্রসারণকেও রাশিয়ার নিরাপত্তার জন্য হুমকি বলে মনে করে মস্কো।
অন্য দিকে, জিনপিংয়ের লক্ষ্য আন্তর্জাতিক রাজনীতিতে আমেরিকার একক আধিপত্য কমিয়ে চিনের প্রভাব বাড়ানো। তাইওয়ান এবং দক্ষিণ চিন সাগরকে ঘিরে বেজিংয়ের অবস্থানও আন্তর্জাতিক রাজনীতিতে বড় বিতর্কের বিষয়।
তিন দেশের মধ্যে মতপার্থক্য থাকলেও নিজেদের কৌশলগত স্বার্থ রক্ষার প্রশ্নে তারা যে আপস করতে রাজি নয়, তা স্পষ্ট। ফলে বৃহস্পতিবারের বৈঠকে ইউক্রেন যুদ্ধ, ইরান, তাইওয়ান এবং পরমাণু অস্ত্র নিয়ে কী আলোচনা হয়, সেদিকেই নজর আন্তর্জাতিক মহলের। ট্রাম্পের রাজনৈতিক পরিস্থিতির পরিবর্তনের পর এই বৈঠক বিশ্ব কূটনীতিতে নতুন কোনও মোড় আনে কি না, এখন সেটাই দেখার।
- More Stories On :
- Donald Trump
- Vladimir Putin
- Xi Jinping

