শেখ হাসিনার প্রত্যর্পণ নিয়ে ভারত ও বাংলাদেশের মধ্যে কূটনৈতিক টানাপড়েন আরও বাড়ল। বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রধান প্রসিকিউটর আমিনুল ইসলাম স্পষ্ট জানিয়ে দিয়েছেন, শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে নতুন করে বিচারের কোনও আইনি সুযোগ নেই। ভারতের তরফে এমন কোনও শর্ত দেওয়া হয়ে থাকলে তা মানা হবে না বলেও ইঙ্গিত দিয়েছেন তিনি।
সম্প্রতি বাংলাদেশের কয়েকটি সংবাদমাধ্যমে দাবি করা হয়েছিল, শেখ হাসিনাকে ফেরানোর জন্য ভারতের তরফে দু’টি শর্ত দেওয়া হয়েছে। তার মধ্যে অন্যতম ছিল, হাসিনার মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে নতুন করে বিচার বা আপিলের সুযোগ দিতে হবে। রবিবার সেই দাবি নিয়ে মুখ খোলেন আমিনুল ইসলাম। ভারতের এই শর্তকে ‘উদ্ভট’ বলে মন্তব্য করেন তিনি।
আমিনুল ইসলাম বলেন, ‘‘ভারত নিজেদের দেশে নতুন করে বিচারের এই বিধান বাতিল করে বাংলাদেশকে সেই পরামর্শ দিচ্ছে। একই বিষয়ে দ্বিতীয় বার বিচার করার কোনও আইনি সুযোগ নেই। ভারতের দাবি উদ্ভট। আমরা তা প্রত্যাখ্যান করছি।’’
তাঁর আরও দাবি, নির্দিষ্ট সময়সীমা পেরিয়ে যাওয়ায় শেখ হাসিনা মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে আপিল করার সুযোগও হারিয়েছেন। ভারতকে প্রশ্ন করে আমিনুল বলেন, হাসিনা যখন ভারতে আশ্রয় নিয়েছিলেন, তখন বিচারপ্রক্রিয়া চলছিল। সে সময় ভারত কেন তাঁকে বাংলাদেশে ফিরে বিচারের মুখোমুখি হওয়ার পরামর্শ দেয়নি?
উল্লেখ্য, শেখ হাসিনার প্রত্যর্পণ নিয়ে ভারত এখনও আনুষ্ঠানিক ভাবে কোনও অবস্থান জানায়নি। তবে সম্প্রতি বাংলাদেশের সংবাদমাধ্যমে প্রকাশিত একটি প্রতিবেদনে দাবি করা হয়, হাসিনাকে ফেরানোর ক্ষেত্রে ভারত দু’টি শর্ত দিয়েছে।
প্রথম শর্ত অনুযায়ী, শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরানোর দায়িত্ব নিতে হবে সে দেশের সেনাবাহিনীকে। ২০২৪ সালের অগস্টে সামরিক বিমানে ভারতে এসেছিলেন হাসিনা। তাই তাঁকে ফেরানোর ক্ষেত্রেও সামরিক বিমান ব্যবহারের প্রস্তাব দেওয়া হয়েছে বলে দাবি করা হয় ওই প্রতিবেদনে।
দ্বিতীয় শর্ত হিসেবে বলা হয়েছে, হাসিনাকে মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে আপিল করার সুযোগ দিতে হবে। প্রয়োজনে নতুন করে বিচারপ্রক্রিয়া শুরু করতে হবে। তবে এই দুই শর্তের বিষয়ে ভারত সরকারের তরফে কোনও আনুষ্ঠানিক বিবৃতি প্রকাশ করা হয়নি।
হাসিনার অনুপস্থিতিতে বাংলাদেশে তাঁর বিরুদ্ধে বিচারপ্রক্রিয়া চলে। পরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তাঁকে মৃত্যুদণ্ডের সাজা শোনায়। সেই বিচারপ্রক্রিয়া এবং রায় নিয়ে নানা মহলে প্রশ্ন উঠেছে। বিশেষ করে, অনুপস্থিতিতে বিচার এবং আত্মপক্ষ সমর্থনের সুযোগ নিয়ে বিতর্ক তৈরি হয়েছে।
এই পরিস্থিতিতে ভারতের তরফে সত্যিই নতুন করে বিচার বা আপিলের সুযোগ দেওয়ার শর্ত রাখা হয়ে থাকলে, তা হাসিনার আইনি অধিকার ও নিরাপত্তার প্রশ্নের সঙ্গে যুক্ত হতে পারে বলে মনে করছেন পর্যবেক্ষকদের একাংশ।
অন্য দিকে, বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনা হলে নতুন করে রাজনৈতিক অস্থিরতা তৈরি হতে পারে বলেও আশঙ্কা রয়েছে। ফলে তাঁর প্রত্যর্পণ নিয়ে ঢাকার অবস্থান কতটা বদলাবে, তা নিয়ে প্রশ্ন উঠছে।
সব মিলিয়ে শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরানো নিয়ে ভারত ও বাংলাদেশের মধ্যে কূটনৈতিক আলোচনা আরও জটিল হয়ে উঠতে পারে। ভারতের শর্ত নিয়ে বাংলাদেশের আপত্তি এবং মৃত্যুদণ্ডের রায় পুনর্বিচারের সম্ভাবনা নাকচ করার পর এখন সবচেয়ে বড় প্রশ্ন, শেষ পর্যন্ত হাসিনার প্রত্যর্পণ কি আদৌ সম্ভব হবে?
- More Stories On :
- Sheikh Hasina
- Banglaesh
- India

