কলেজ স্ট্রিটে বই ঘিরে রাজনৈতিক সংঘাত। এক দিকে বামপন্থী প্রগতিশীল বইয়ের সম্ভার, অন্য দিকে জাতীয়তাবাদী বই নিয়ে পাল্টা স্টল বসানোর উদ্যোগ। বুধবার সকালে এসএফআই এবং এবিভিপির সদস্যদের মধ্যে সংঘর্ষে উত্তপ্ত হয়ে উঠল কলেজ স্ট্রিট চত্বর। দু’পক্ষের মধ্যে শুরু হয় ধস্তাধস্তি। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। বসানো হয় ব্যারিকেড। কিন্তু তাতেও উত্তেজনা কমেনি।
বুধবার সকালে এসএফআইয়ের বুকস্টলের সামনেই নিজেদের বইয়ের স্টল বসাতে চান এবিভিপির সদস্যরা। তাঁদের হাতে ছিল স্বামী বিবেকানন্দের বই এবং ভারতমাতার ছবি। এই নিয়েই দু’পক্ষের মধ্যে বচসা শুরু হয়। কিছুক্ষণের মধ্যেই তা হাতাহাতিতে পৌঁছয়।
এসএফআইয়ের অভিযোগ, এবিভিপির সদস্যরা তাঁদের ব্যানার ছিঁড়ে দেন। মার্ক্স ও লেনিনের বই রাস্তায় ছুড়ে ফেলা হয় বলেও অভিযোগ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে দ্রুত পুলিশ বাহিনী মোতায়েন করা হয়। ব্যারিকেড দিয়ে দু’পক্ষকে আলাদা করার চেষ্টা চলে। কিন্তু পুলিশের বাধা সত্ত্বেও উত্তেজনা কমেনি। ব্যারিকেড ভাঙার চেষ্টা করলে এবিভিপির সদস্যদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তি শুরু হয়। এই সময় এসএফআইয়ের এক সদস্য আহত হয়ে রাস্তায় পড়ে যান। তাঁকে দ্রুত উদ্ধার করা হয়। অন্য দিকে, নিজেদেরও বইয়ের স্টল বসানোর অনুমতি দিতে হবে, এই দাবিতে রাস্তায় শুয়ে বিক্ষোভ দেখান এবিভিপির সদস্যরা।
এ দিন এসএফআইয়ের বুকস্টলে উপস্থিত ছিলেন বাম নেতা বিমান বসু এবং সুজন চক্রবর্তী। স্টল থেকে বেরোনোর সময় বিমান বসুকে ঘিরে স্লোগান দিতে শুরু করেন এবিভিপির সমর্থকেরা। তাঁকে লক্ষ্য করে ‘গো ব্যাক’ স্লোগানও দেওয়া হয়। এর জবাবে বিমান বসু বলেন, “গো ব্যাক বলার দরকার নেই, এখানে থাকতে আসিনি। বই বিক্রি করতেও আসিনি।”
উল্লেখ্য, মঙ্গলবার থেকেই কলেজ স্ট্রিটে বইয়ের স্টল ঘিরে উত্তেজনার সূত্রপাত। পুলিশের অনুমতি নিয়ে মহাবোধি সোসাইটির সামনে তিন দিনের জন্য ছোট বইমেলার আয়োজন করেছিল সিপিএম। মূলত এসএফআইয়ের উদ্যোগেই এই কর্মসূচি শুরু হয়েছিল। কিন্তু অভিযোগ, বুকস্টল তৈরির সময় পুলিশ বাধা দেয়। এর পর রাস্তার ট্রামলাইনের উপরেই বই সাজিয়ে বসেন এসএফআইয়ের সদস্যেরা।
পুলিশের দাবি ছিল, রাস্তার উপর এ ভাবে বইয়ের স্টল বসানো আইনবিরুদ্ধ। সেই স্টল সরাতে গেলে মঙ্গলবারও পুলিশের সঙ্গে এসএফআই সদস্যদের সংঘর্ষ বাধে। দিনভর উত্তপ্ত থাকে কলেজ স্ট্রিট এলাকা।
মঙ্গলবারের ঘটনার পর বুধবার একই জায়গায় পাল্টা বইয়ের স্টল বসানোর উদ্যোগ নেয় এবিভিপি। আর তা থেকেই নতুন করে উত্তেজনা ছড়ায়। বইয়ের স্টল ঘিরে দুই ছাত্র সংগঠনের এই সংঘাত ঘিরে বুধবার সকাল থেকেই সরগরম কলেজ স্ট্রিট।
- More Stories On :
- College Street
- ABVP
- SFI

