দীর্ঘদিন এসি বন্ধ থাকলেও অবহেলা নয়! শীতের আগে কয়েকটি নিয়ম মেনে চলুন, আবার গরম পড়লে চালু করার আগে নজর দিন জরুরি কিছু বিষয়ে।
শীত পড়তেই বাড়ি বা অফিসে এয়ার কন্ডিশনারের ব্যবহার কমে যায়। অনেকেই মাসের পর মাস এসি বন্ধ রাখেন। কিন্তু দীর্ঘদিন ব্যবহার না হলে মেশিনের ভিতরে ধুলো, আর্দ্রতা ও ময়লা জমে যান্ত্রিক সমস্যা দেখা দিতে পারে। তাই এসির আয়ু বাড়াতে শীতের আগে এবং শীতের পরে কয়েকটি নিয়ম মেনে চলা জরুরি।
শীতের আগে যা যা করবেনঃ
এয়ার ফিল্টার পরিষ্কার: এসি বন্ধ করার আগে ফিল্টার খুলে ধুলো-ময়লা পরিষ্কার করুন। জল দিয়ে ধুলে সম্পূর্ণ শুকিয়ে তবেই লাগান।
ড্রেন পাইপ পরীক্ষা: এসির জল বেরোনোর পাইপে কোনও বাধা রয়েছে কি না দেখে নিন। ভিতরে জল জমে থাকলে তা পরিষ্কার করান।
বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন: এসি বন্ধ করার পাশাপাশি মেইন পাওয়ার সাপ্লাই বা প্লাগ খুলে রাখুন। এতে বিদ্যুতের ওঠানামার কারণে সম্ভাব্য ক্ষতি এড়ানো যায়।
ইউনিট পরিষ্কার রাখুন: ইনডোর ও আউটডোর ইউনিটের বাইরের অংশ পরিষ্কার করুন। আউটডোর ইউনিট বায়ুরোধী কভার দিয়ে ঢেকে রাখবেন না।
শীতের পরে যা যা করবেনঃ
ফের চালুর আগে পরীক্ষা: এসি চালু করার আগে ইনডোর ও আউটডোর ইউনিটে ধুলো, পোকামাকড় বা কোনও ক্ষতি হয়েছে কি না দেখে নিন।
ফিল্টার ফের পরিষ্কার: দীর্ঘদিন বন্ধ থাকার কারণে ফিল্টারে ধুলো জমতে পারে। প্রয়োজন অনুযায়ী পরিষ্কার করে শুকিয়ে লাগান।
বৈদ্যুতিক সংযোগ পরীক্ষা: প্লাগ, তার ও সুইচে কোনও ক্ষতি রয়েছে কি না পরীক্ষা করুন।
টেকনিশিয়ান দিয়ে সার্ভিসিং: গরম পড়ার আগে পেশাদার টেকনিশিয়ান দিয়ে কয়েল, ড্রেনেজ ব্যবস্থা এবং কুলিং সিস্টেম পরীক্ষা করিয়ে নিন।
পরীক্ষামূলকভাবে চালান: সব কিছু ঠিক থাকলে এসি চালিয়ে কিছুক্ষণ পর্যবেক্ষণ করুন। অস্বাভাবিক শব্দ, জল পড়া বা কুলিংয়ের সমস্যা হলে টেকনিশিয়ানের সাহায্য নিন।
মনে রাখা দরকার সঠিক সময়ে সামান্য রক্ষণাবেক্ষণই এসির কার্যক্ষমতা বজায় রাখতে এবং অপ্রয়োজনীয় মেরামতির খরচ কমাতে সাহায্য করে।
আরও পড়ুনঃ গ্রাম বাংলার শীতের অমৃত খাঁটি খেজুরের রস: শরীরের জন্য কতটা ভালো?
- More Stories On :
- Air conditioned

