ভাইফোঁটার সন্ধ্যায় বড় দুঃসংবাদ! প্রয়াত প্রাক্তন মন্ত্রী, শোকে ভেঙে পড়লেন মমতা বন্দ্যোপাধ্যায়
ভাইফোঁটার সন্ধ্যায় এল দুঃসংবাদ। প্রয়াত রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা তৃণমূল কংগ্রেস নেতা উজ্জ্বল বিশ্বাস। বুধবার, ১১ নভেম্বর তাঁর মৃত্যু হয়েছে। বেশ কয়েকদিন ধরেই অসুস্থ ছিলেন তিনি। সপ্তমীর রাতে তাঁকে হাসপাতালে ভর্তি করানো হয়েছিল। চলছিল ডায়ালিসিসও। কিন্তু শেষরক্ষা হল না। একে একে শরীরের বিভিন্ন অঙ্গ বিকল হয়ে মৃত্যু হয় তাঁর। উজ্জ্বল বিশ্বাসের প্রয়াণে শোকপ্রকাশ করেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।উজ্জ্বল বিশ্বাস তৃণমূল কংগ্রেসের একজন পুরনো নেতা ছিলেন। ২০২২ সাল পর্যন্ত রাজ্যের বিজ্ঞান ও প্রযুক্তি দফতরের মন্ত্রী হিসেবে দায়িত্ব সামলেছেন তিনি। ২০২৬ সালের বিধানসভা নির্বাচনেও কৃষ্ণনগর দক্ষিণ কেন্দ্র থেকে প্রার্থী হয়েছিলেন। তবে বিজেপি প্রার্থী সাধন ঘোষের কাছে পরাজিত হন।উজ্জ্বল বিশ্বাসের মৃত্যুর খবর পেয়ে সমাজমাধ্যমে দীর্ঘ শোকবার্তা প্রকাশ করেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে তিনি লেখেন, উজ্জ্বল বিশ্বাসের মৃত্যুতে তিনি গভীর ভাবে শোকাহত। প্রাক্তন মন্ত্রী, বিধায়ক এবং তৃণমূল পরিবারের একনিষ্ঠ সদস্য হিসেবে তিনি মানুষের সেবা ও দলের জন্য নিজের জীবন উৎসর্গ করেছিলেন। দলের প্রতি তাঁর নিষ্ঠা, দায়িত্ববোধ এবং দীর্ঘদিনের কাজের কথা কখনও ভোলার নয়।মমতা আরও লেখেন, উজ্জ্বল বিশ্বাসের মৃত্যু তাঁর কাছে ব্যক্তিগত ক্ষতি। তাঁর চলে যাওয়ায় এমন এক শূন্যতা তৈরি হল, যা পূরণ করা সম্ভব নয়।শোকবার্তায় উজ্জ্বল বিশ্বাসের জীবনের শেষ কয়েক মাসের ঘটনাও তুলে ধরেছেন মমতা। তাঁর অভিযোগ, জীবনের শেষ দিকে ভয়াবহ পরিস্থিতির মধ্যে দিয়ে যেতে হয়েছিল প্রাক্তন মন্ত্রীকে। কয়েক মাস আগে তাঁর উপর হামলা চালানো হয়েছিল। ৪৯ দিন তাঁকে জেলে থাকতে হয়েছিল। মিথ্যা মামলায় ফাঁসিয়ে শারীরিক ও মানসিক ভাবে অত্যাচার করা হয়েছিল বলেও অভিযোগ করেন তিনি।উল্লেখ্য, ত্রাণ চুরির অভিযোগে গত জুন মাসে উজ্জ্বল বিশ্বাসকে গ্রেফতার করেছিল পুলিশ। সেই সময় তাঁকে লক্ষ্য করে ডিম ছোড়া হয়েছিল। পাশাপাশি চোর চোর স্লোগানও দেওয়া হয়েছিল বলে অভিযোগ।সেই ঘটনার কথা মনে করিয়ে মমতা লেখেন, উজ্জ্বল বিশ্বাস যখন তাঁর সঙ্গে দেখা করতে এসেছিলেন, তখন নিজের উপর হওয়া অত্যাচার, অপমান এবং ভয় দেখানোর অভিজ্ঞতার কথা জানিয়েছিলেন। রাজনৈতিক আদর্শ না বদলানোর কারণেই তাঁকে এমন পরিস্থিতির মুখে পড়তে হয়েছিল বলে দাবি করেন মমতা। সেই সময় তাঁর কষ্টের কথা শুনে যে যন্ত্রণা অনুভব করেছিলেন, তা কোনও দিন ভুলবেন না বলেও জানিয়েছেন তিনি।এই ঘটনার জন্য বিজেপিকে নিশানা করেছেন তৃণমূল নেত্রী। তাঁর অভিযোগ, বাংলায় রাজনৈতিক প্রতিহিংসা, ভয় দেখানো এবং বিরোধীদের উপর চাপ তৈরির রাজনীতি চলছে। রাজনৈতিক আনুগত্যের কারণে কাউকে হেনস্থা করা হলে তা গণতন্ত্রের পক্ষে বিপজ্জনক বলেও মন্তব্য করেছেন তিনি।মমতার বক্তব্য, মিথ্যা মামলা দিয়ে কারও মনোবল ভেঙে দেওয়ার চেষ্টা করা উচিত নয়। কোনও রাজনৈতিক বিরোধিতাই এমন নিষ্ঠুর আচরণের কারণ হতে পারে না। সরকারও রাজনৈতিক প্রতিহিংসা মেটানোর জন্য প্রশাসনকে ব্যবহার করতে পারে না বলে মন্তব্য করেছেন তিনি।শোকবার্তার শেষে মমতা লেখেন, উজ্জ্বল বিশ্বাসের মৃত্যুতে একটি পরিবার তাদের প্রিয়জনকে হারাল। তৃণমূল কংগ্রেস হারাল দলের একনিষ্ঠ কর্মীকে। আর তিনি হারালেন দীর্ঘদিনের বিশ্বাস, স্নেহ ও ভালোবাসার সম্পর্ক থাকা এক মানুষকে। জীবনের নানা প্রতিকূলতা ও কষ্টের মধ্যেও নিজের আদর্শে অবিচল ছিলেন উজ্জ্বল বিশ্বাস। তাঁকে এভাবেই মনে রাখবেন বলে জানিয়েছেন তৃণমূল নেত্রী।

