কালীঘাটে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে নিরাপত্তা আরও জোরদার করা হল। বাড়ির সামনে আগে থেকেই লোহার ব্যারিকেড ছিল। এবার সেই ব্যারিকেডের উচ্চতা আরও বাড়ানো হয়েছে। নতুন করে লোহার কাঠামো বসানো হয়েছে দৃশ্যরোধক দেওয়ালের সামনের অংশেও। এই পদক্ষেপ ঘিরে উঠছে একাধিক প্রশ্ন।
বিধানসভা নির্বাচনে তৃণমূলের পরাজয়ের পর থেকেই দলের নেতা-কর্মীদের বিক্ষোভ এবং সাধারণ মানুষের ক্ষোভের মুখে পড়তে হয়েছে দলকে। বিভিন্ন জায়গায় ‘চোর চোর’ স্লোগান দেওয়া হয়েছে। কোথাও আবার ডিম ছোড়ার ঘটনাও সামনে এসেছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনেও আগে ডিম ছোড়ার অভিযোগ উঠেছিল।
এই পরিস্থিতিতে নিরাপত্তার কথা মাথায় রেখে গত জুন মাসে কালীঘাটে মমতার বাড়ির সামনে অস্থায়ী দৃশ্যরোধক দেওয়াল বসানো হয়। সূত্রের খবর, তৃণমূল নেত্রীর বাড়ির নিরাপত্তার দায়িত্বে থাকা ডিরেক্টর সিকিউরিটির তরফে এই ব্যবস্থা নেওয়া হয়েছিল। এবার সেই দৃশ্যরোধক দেওয়ালের সামনের দিকে লোহার কাঠামো আরও উঁচু করা হয়েছে।
আগে ব্যারিকেডের নীচের অংশে লোহার কাঠামো থাকলেও উপরের অংশ খোলা ছিল। এবার সেই ফাঁকা অংশেও নতুন করে লোহার ব্যারিকেড বসানো হয়েছে। ফলে বাড়ির সামনে নিরাপত্তার ঘেরাটোপ আরও উঁচু হয়েছে।
উল্লেখ্য, এর আগে প্রাক্তন মুখ্যমন্ত্রীর বাড়ি থেকে বেরোনোর সময় ডিম হামলার মুখে পড়েছিলেন কুণাল ঘোষ। অভিযোগ, কালো পোশাক পরা এক যুবক তাঁর সামনে এসে মাথা লক্ষ্য করে ডিম ছোড়ে। এই ঘটনার পর মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির নিরাপত্তা নিয়েও প্রশ্ন তুলেছিলেন কুণাল।
তাহলে কি এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি ঠেকাতেই বাড়ানো হল ব্যারিকেডের উচ্চতা? কে বা কারা এই নতুন লোহার কাঠামো বসানোর সিদ্ধান্ত নিয়েছে? এখনও পর্যন্ত সেই বিষয়ে স্পষ্ট করে কিছু জানা যায়নি। কালীঘাটে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার হওয়ায় এই প্রশ্নগুলিই এখন সামনে আসছে।
- More Stories On :
- Mamata Banerjee House
- Kalighat
- Security

