• ২৬ কার্তিক ১৪৩৩, সোমবার ১৬ নভেম্বর ২০২৬ ই-পোর্টাল

Janatar Katha

Banner Add
  • কলকাতা
  • রাজ্য
  • দেশ
  • বিদেশ
  • রাজনীতি
  • খেলার দুনিয়া
  • বিনোদুনিয়া
  • সম্পাদকীয়
  • নিবন্ধ
  • ভ্রমণ
  • রাশিফল
  • টুকিটাকি
  • চিত্রহার
  • বিবিধ
  • ভিডিও
  • এছাড়াও
    • উৎসব
    • ব্যবসা
    • স্বাস্থ্য
    • শিক্ষা
    • প্রযুক্তি
    • হেঁসেল

TMC Councilor

রাজ্য

তিন বছর পর বড় পদক্ষেপ! তৃণমূল কাউন্সিলরকে গ্রেপ্তার করল তদন্তকারী সংস্থা, চাঞ্চল্য রিষড়ায়

রামনবমীর সময় রিষড়ায় হওয়া অশান্তির মামলায় বড় পদক্ষেপ করল জাতীয় তদন্তকারী সংস্থা। দীর্ঘ তিন বছর পর মঙ্গলবার রিষড়া পুরসভার তৃণমূল কাউন্সিলর সাকির আলিকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি আরামবাগের প্রাক্তন তৃণমূল সাংসদ অপরূপা পোদ্দারের স্বামী।মঙ্গলবার দুপুরে কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তায় তদন্তকারী সংস্থার একটি দল রিষড়ায় সাকির আলির বাড়িতে পৌঁছয়। বাড়িটি ঘিরে ফেলার পর দীর্ঘ সময় জিজ্ঞাসাবাদ করা হয় তাঁকে। পরে তদন্তের স্বার্থে তাঁকে গ্রেপ্তার করা হয়। এই ঘটনাকে ঘিরে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।সাকির আলি রিষড়া পুরসভার চার নম্বর ওয়ার্ডের নির্বাচিত কাউন্সিলর। দুই হাজার তেইশ সালে রামনবমীর সময় রিষড়ায় যে অশান্তি ও হিংসার ঘটনা ঘটেছিল, সেই মামলায় তাঁর নাম উঠে আসে। অভিযোগ ছিল, সাম্প্রদায়িক উত্তেজনা ছড়ানোর ঘটনায় তাঁর ভূমিকা ছিল। সেই সময় এলাকায় ব্যাপক সংঘর্ষ, বোমাবাজি ও ভাঙচুরের ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কয়েক দিন কারফিউও জারি করা হয়েছিল।তদন্তের শুরু থেকেই এই মামলাটি রাজনৈতিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছিল। কারণ, সাকির আলি শুধু তৃণমূলের জনপ্রতিনিধিই নন, তিনি প্রাক্তন সাংসদ অপরূপা পোদ্দারের স্বামীও। যদিও পরবর্তী লোকসভা নির্বাচনে অপরূপা পোদ্দারকে আর প্রার্থী করা হয়নি, সাকির আলি কাউন্সিলর পদে বহাল ছিলেন।সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতির মধ্যেই এই গ্রেপ্তারি নতুন করে জল্পনা বাড়িয়েছে। তদন্তকারী সংস্থা জানিয়েছে, পুরনো মামলার তদন্তে পাওয়া তথ্যের ভিত্তিতেই এই পদক্ষেপ করা হয়েছে। এখন তাঁকে জিজ্ঞাসাবাদ করে আরও গুরুত্বপূর্ণ তথ্য পাওয়ার চেষ্টা করা হবে।এই গ্রেপ্তারের পর রামনবমীর অশান্তি মামলার তদন্তে নতুন মোড় এল বলে মনে করছে রাজনৈতিক মহল। আগামী দিনে এই মামলায় আরও কেউ তদন্তের আওতায় আসেন কি না, সেদিকেই এখন নজর।

জুন ৩০, ২০২৬
কলকাতা

তারাতলা বিপর্যয়ের পর বড় ধাক্কা তৃণমূলে! দল ছাড়লেন কাউন্সিলর, বিস্ফোরক মন্তব্যে তোলপাড় রাজনীতি

তারাতলা গোডাউন ধসের ঘটনার পর বড় ধাক্কা খেল তৃণমূল। কলকাতা পুরসভার আটচল্লিশ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর বিশ্বরূপ দে দল ছাড়ার ঘোষণা করলেন। তাঁর দাবি, তারাতলা বিপর্যয়ের ঘটনায় তিনি গভীরভাবে মর্মাহত। এই ঘটনার পর আর তৃণমূলে থাকা তাঁর পক্ষে সম্ভব নয় বলেই জানিয়েছেন তিনি।বিশ্বরূপ দে বলেন, একের পর এক ঘটনায় দলের নাম জড়িয়ে পড়ায় তিনি অত্যন্ত ব্যথিত। তাঁর কথায়, তারাতলার ঘটনায় বহু নিরীহ মানুষের প্রাণ গিয়েছে। মুখ্যমন্ত্রী বিধানসভায় জানিয়েছেন, অনুমোদিত নকশাতেই গুরুতর ত্রুটি ছিল। সেই কথা জানার পর তাঁর মানসিকভাবে ভেঙে পড়ার মতো পরিস্থিতি তৈরি হয়েছে।তিনি আরও বলেন, যে দলের প্রতিনিধি হিসেবে তিনি দীর্ঘদিন কাজ করেছেন, সেই দলের আমলেই যদি এমন গুরুতর গাফিলতি হয়ে থাকে, তবে তা মেনে নেওয়া তাঁর পক্ষে সম্ভব নয়। এই ঘটনার যন্ত্রণা তিনি আর সহ্য করতে পারছেন না বলেই দল ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন।বিশ্বরূপ দে জানান, অতীতে দলের পাশে থেকেছেন এবং দলের কঠিন সময়েও আনুগত্য বজায় রেখেছেন। কিন্তু এই ঘটনার পর তাঁর মনে হয়েছে, তিনি ভুল সিদ্ধান্ত নিয়েছিলেন। সেই ভুলের জন্য ভবিষ্যতে তাঁকে প্রায়শ্চিত্ত করতে হবে বলেও মন্তব্য করেন তিনি।প্রসঙ্গত, বৃহস্পতিবার বিধানসভায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী দাবি করেন, তারাতলার নির্মীয়মাণ গোডাউনের অনুমোদিত নকশাতেই একাধিক ত্রুটি ছিল। তিনি সেই সংক্রান্ত নথিও বিধানসভায় তুলে ধরেন। মুখ্যমন্ত্রীর বক্তব্যের পরেই বিশ্বরূপ দে দল ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছেন।তারাতলা বিপর্যয়কে কেন্দ্র করে ইতিমধ্যেই রাজ্যের রাজনৈতিক মহলে তীব্র বিতর্ক শুরু হয়েছে। এই ঘটনায় একের পর এক নতুন রাজনৈতিক প্রতিক্রিয়া সামনে আসায় আগামী দিনে বিষয়টি আরও তাৎপর্যপূর্ণ হয়ে উঠতে পারে বলে মনে করা হচ্ছে।

জুন ২৬, ২০২৬
কলকাতা

মুকুন্দপুরে তল্লাশি ঘিরে শোরগোল, অফিস থেকে কী কী মিলল তা নিয়ে জোর জল্পনা

কলকাতা পৌরনিগমের একশো নয় নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অনন্যা বন্দ্যোপাধ্যায়ের মুকুন্দপুরের অফিস ঘিরে সোমবার চাঞ্চল্য ছড়ায়। তল্লাশির সময় অফিস থেকে একাধিক ডায়েরি, নথি এবং বিভিন্ন সামগ্রী উদ্ধারের দাবি ঘিরে রাজনৈতিক বিতর্ক শুরু হয়েছে।স্থানীয়দের একাংশের অভিযোগ, অফিসে থাকা কয়েকটি ডায়েরিতে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের নামের পাশে টাকার অঙ্ক লেখা ছিল। তাঁদের দাবি, সেখানে কিছু প্রোমোটার, চাকরিপ্রার্থী এবং একটি বেসরকারি হাসপাতালের নামও উল্লেখ ছিল। তবে ওই নথির সত্যতা বা সেখানে থাকা তথ্যের বিষয়ে এখনও কোনও সরকারি নিশ্চিতকরণ পাওয়া যায়নি।তল্লাশির সময় উপস্থিত কয়েকজন স্থানীয় বাসিন্দা দাবি করেন, বিভিন্ন নির্মাণ প্রকল্প এবং চাকরির নামে অর্থ লেনদেনের হিসাব ওই ডায়েরিগুলিতে নথিভুক্ত ছিল। যদিও এই অভিযোগের স্বাধীনভাবে কোনও যাচাই এখনও হয়নি।অফিসের উপরের তলা থেকেও বিভিন্ন সামগ্রী উদ্ধারের দাবি উঠেছে। কিছু স্থানীয় বাসিন্দা জানান, সেখানে প্রসাধনী সামগ্রী, পোশাক এবং আরও কিছু ব্যক্তিগত ব্যবহার্য জিনিস পাওয়া গিয়েছে। এসব সামগ্রী কী কারণে সেখানে রাখা ছিল, তা নিয়েও প্রশ্ন তুলেছেন অনেকে।ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক প্রতিক্রিয়াও সামনে এসেছে। বিজেপি বিধায়ক রুদ্রনীল ঘোষ দাবি করেন, এই ঘটনা দীর্ঘদিনের দুর্নীতির অভিযোগকে আরও জোরালো করছে। তাঁর বক্তব্য, তদন্তের মাধ্যমে পুরো বিষয়টি সামনে আসা প্রয়োজন।অন্যদিকে সমস্ত অভিযোগ উড়িয়ে দিয়েছেন কাউন্সিলর অনন্যা বন্দ্যোপাধ্যায়। তাঁর দাবি, এটি একটি সরকারি অফিস এবং সেখানে অফিস সংক্রান্ত নথি ও প্রয়োজনীয় সামগ্রীই রয়েছে। বর্ষাকালের ত্রাণসামগ্রী এবং উৎসব উপলক্ষে রাখা কিছু পোশাকও সেখানে থাকতে পারে বলে জানান তিনি। একই সঙ্গে তিনি দাবি করেন, তল্লাশি চালানোর বিষয়ে তাঁকে আগে থেকে কোনও তথ্য দেওয়া হয়নি।ঘটনাকে ঘিরে রাজনৈতিক মহলে জোর আলোচনা শুরু হয়েছে। উদ্ধার হওয়া নথি ও সামগ্রীর প্রকৃত সত্যতা কী, তা জানতে এখন তদন্তের দিকেই তাকিয়ে রয়েছে সকলেই।

জুন ১৫, ২০২৬
কলকাতা

গভীর রাতে আবাসনে পুলিশের হানা! গ্রেফতার তৃণমূল নেতা সব্যসাচী দত্ত

তোলাবাজির অভিযোগে গ্রেফতার করা হল তৃণমূল নেতা সব্যসাচী দত্তকে। সোমবার গভীর রাতে রাজারহাটের রাইগাছি এলাকার একটি অভিজাত আবাসন থেকে তাঁকে গ্রেফতার করে বিধাননগর উত্তর থানার পুলিশ। মঙ্গলবার আদালতে নিয়ে যাওয়ার সময় সব্যসাচী দাবি করেন, রাজনৈতিক প্রতিহিংসার কারণেই পুরনো একটি মামলায় তাঁকে গ্রেফতার করা হয়েছে।পুলিশ সূত্রে জানা গিয়েছে, কয়েকদিন আগে সল্টলেকের এক ব্যবসায়ী সব্যসাচী দত্তের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। অভিযোগে বলা হয়, দীর্ঘদিন ধরে তাঁকে ভয় দেখানো হচ্ছিল এবং টাকা দেওয়ার জন্য চাপ দেওয়া হচ্ছিল। তোলাবাজির অভিযোগও তোলা হয়। অভিযোগ পাওয়ার পর তদন্ত শুরু করে পুলিশ।তদন্তের সূত্র ধরে সোমবার গভীর রাতে রাইগাছির একটি আবাসনে পৌঁছয় পুলিশের বড় দল। সেখান থেকেই সব্যসাচী দত্তকে গ্রেফতার করা হয়। তাঁর গ্রেফতারির খবর প্রকাশ্যে আসতেই রাজনৈতিক মহলে চাঞ্চল্য ছড়িয়েছে।একসময় রাজারহাট-নিউটাউন এলাকার অন্যতম প্রভাবশালী নেতা হিসেবে পরিচিত ছিলেন সব্যসাচী। তিনি দীর্ঘদিন তৃণমূলের হয়ে রাজনীতি করেছেন। দুই হাজার এগারো সাল থেকে দুই হাজার উনিশ সাল পর্যন্ত রাজারহাট-নিউটাউন কেন্দ্রের বিধায়ক ছিলেন তিনি।পরবর্তীতে দুই হাজার উনিশ সালে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেন। দলবদলের পর দুই হাজার একুশ সালের বিধানসভা নির্বাচনে বিধাননগর কেন্দ্র থেকে বিজেপির প্রার্থীও হন। তবে সেই নির্বাচনে তৃণমূল নেতা সুজিত বসুর কাছে পরাজিত হন।এরপর আবার তৃণমূলে ফিরে আসেন সব্যসাচী দত্ত। দুই হাজার বাইশ সালের বিধাননগর পুরসভা নির্বাচনে একত্রিশ নম্বর ওয়ার্ড থেকে কাউন্সিলর নির্বাচিত হন। পরে তাঁকে পুরবোর্ডের চেয়ারম্যানও করা হয়।সাম্প্রতিক বিধানসভা নির্বাচনে বারাসত কেন্দ্র থেকে তৃণমূল তাঁকে প্রার্থী করেছিল। তবে সেই নির্বাচনে জয় পেতে পারেননি তিনি। পরে তাঁকে বারাসত সাংগঠনিক জেলার চেয়ারম্যানের দায়িত্ব দেওয়া হয়।এই পরিস্থিতিতে সব্যসাচীর গ্রেফতারিকে ঘিরে রাজনৈতিক চাপানউতোর শুরু হয়েছে। একদিকে পুলিশের দাবি, অভিযোগের ভিত্তিতেই পদক্ষেপ করা হয়েছে। অন্যদিকে সব্যসাচীর অভিযোগ, তাঁর বিরুদ্ধে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবে ব্যবস্থা নেওয়া হয়েছে।

জুন ০৯, ২০২৬
কলকাতা

তালা ভেঙে বাড়িতে ঢুকল পুলিশ, ঘর থেকে টেনে বের করা হল তৃণমূল কাউন্সিলরকে

কলেজ স্ট্রিটে রবিবার ভোর থেকে চলে টানটান উত্তেজনা। প্রায় সাড়ে ৫ ঘণ্টার নাটকীয় অভিযানের পর অবশেষে গ্রেপ্তার করা হল ৩৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মহম্মদ জসিমউদ্দিনকে। পুলিশ সূত্রে খবর, ভোর সাড়ে ৫টা নাগাদ কাউন্সিলরের বাড়িতে পৌঁছে যায় জোড়াসাঁকো থানার পুলিশ। কিন্তু দীর্ঘক্ষণ ডাকাডাকির পরেও তিনি দরজা খোলেননি।পুলিশের দাবি, কাউন্সিলর বাড়ির ভিতরেই ছিলেন। বিষয়টি নিশ্চিত হওয়ার পর আধিকারিকরা দীর্ঘ সময় অপেক্ষা করেন। তবুও দরজা না খোলায় শেষ পর্যন্ত চাবিওয়ালাকে ডাকা হয়। সদর দরজা ও একাধিক কোলাপসিবল গেটের তালা খুলে বাড়ির ভিতরে প্রবেশ করে পুলিশ। এরপর ঘর থেকে কাউন্সিলরকে বের করে নিয়ে যাওয়া হয়।কাউন্সিলরকে বাড়ি থেকে বের করার সময় এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। তাঁর সমর্থকেরা বাড়ির সামনে জড়ো হয়ে পুলিশের গাড়ি আটকে দেওয়ার চেষ্টা করেন বলে অভিযোগ। অন্যদিকে স্থানীয় বাসিন্দারাও বিক্ষোভে সামিল হন। কাউন্সিলরকে লক্ষ্য করে ডিম ছোড়ার ঘটনাও ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশকে হস্তক্ষেপ করতে হয় এবং জমায়েত সরাতে বাহিনী তৎপর হয়।পুলিশ সূত্রে জানা গিয়েছে, ২০২৩ সালে এক নাবালিকাকে নির্যাতনের অভিযোগে পকসো আইনে একটি মামলা দায়ের হয়েছিল। সেই মামলায় কাউন্সিলর এবং তাঁর ঘনিষ্ঠ কয়েক জনের নাম ছিল। অভিযোগ, মামলা তুলে নেওয়ার জন্য দীর্ঘদিন ধরে নির্যাতিতার পরিবারকে চাপ দেওয়া হচ্ছিল।শনিবার নতুন করে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। অভিযোগ, ওই তরুণীকে একা পেয়ে কাউন্সিলর ঘনিষ্ঠ কয়েক জন প্রথমে কটূক্তি করে। প্রতিবাদ করলে তাঁকে মারধর করা হয়। স্থানীয় সূত্রের দাবি, আক্রান্ত তরুণী বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন।এলাকার বাসিন্দাদের অভিযোগ, ঘটনার পর আশপাশের একাধিক নজরদারি ক্যামেরাও ভাঙচুর করা হয়েছে। এই সমস্ত অভিযোগের ভিত্তিতেই রবিবার সকালে পুলিশ কাউন্সিলরের বাড়িতে অভিযান চালায়।দীর্ঘ সাড়ে ৫ ঘণ্টার টানাপোড়েনের পর কাউন্সিলর মহম্মদ জসিমউদ্দিনকে গ্রেপ্তার করা হয়। পুলিশ জানিয়েছে, এই ঘটনায় কাউন্সিলরসহ মোট দুই জনকে আটক করা হয়েছে। ঘটনার তদন্ত শুরু হয়েছে এবং পুলিশ গোটা বিষয়টি খতিয়ে দেখছে।

জুন ০৭, ২০২৬
কলকাতা

দেবরাজ ঘনিষ্ট তৃণমূল কাউন্সিলরের রহস্যমৃত্যু! ঝুলন্ত দেহ উদ্ধারে চাঞ্চল্য, সামনে এল ভয়ংকর অভিযোগ

দক্ষিণ দমদম পুরসভার ১৮ নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেস কাউন্সিলর তথা চেয়ারম্যান ইন কাউন্সিল স্বাস্থ্য সঞ্জয় দাসের অস্বাভাবিক মৃত্যু ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। শনিবার তাঁর বাড়ি থেকে ঝুলন্ত দেহ উদ্ধার করা হয়। দ্রুত তাঁকে নাগেরবাজারের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হলেও চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন। প্রাথমিকভাবে এটি আত্মহত্যার ঘটনা বলেই মনে করা হচ্ছে।সঞ্জয় দাস রাজ্যের প্রাক্তন বিধায়ক অদিতি মুন্সির স্বামী দেবরাজ চক্রবর্তীর ঘনিষ্ঠ বলেও রাজনৈতিক মহলে পরিচিত ছিলেন। মৃত্যুর খবর পেয়ে দ্রুত সেখানে পৌঁছে যান অদিতি মুন্সিও। ঘটনার পর থেকেই রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর চর্চা।এর মধ্যেই বিস্ফোরক অভিযোগ করেছেন তৃণমূল কংগ্রেসের ২৪ নম্বর ওয়ার্ডের সভাপতি কিরণ ভট্টাচার্য। তাঁর দাবি, সঞ্জয় দাসকে কিছু লোক দীর্ঘদিন ধরে হুমকি দিচ্ছিল। এমনকি তাঁর কাছে ১০ লক্ষ টাকা চাওয়া হয়েছিল বলেও অভিযোগ। কিরণের দাবি, যারা এই চাপ দিচ্ছিল তারা আগে তৃণমূল করলেও এখন বিজেপির সঙ্গে যুক্ত।তিনি বলেন, সঞ্জয় দাস নাকি ওই ব্যক্তিদের বলেছিলেন, এখন ১০ হাজার টাকা নিতে, পরে বাকি টাকা দেবেন। সেই ঘটনার পর থেকেই তিনি প্রচণ্ড মানসিক চাপে ছিলেন। কিরণ ভট্টাচার্যের অভিযোগ, সেই চাপই শেষ পর্যন্ত সঞ্জয়কে ভয়ংকর সিদ্ধান্ত নিতে বাধ্য করেছে। যদিও বিজেপির বিরুদ্ধে সরাসরি অভিযোগ করতে চাননি তিনি। তাঁর বক্তব্য, বিজেপির শীর্ষ নেতৃত্ব এ ধরনের ঘটনা কোনওভাবেই সমর্থন করবে না। তবে যারা হুমকি দিয়েছিল, তাদের দ্রুত খুঁজে বের করার দাবি জানিয়েছেন তিনি।রাজ্যে সরকার বদলের পর থেকেই দুর্নীতির অভিযোগে একের পর এক তৃণমূল নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। ইতিমধ্যেই বিধাননগর পুরনিগমের একাধিক কাউন্সিলর পুলিশের জালে ধরা পড়েছেন। গ্রেফতার হয়েছেন ৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সমরেশ চক্রবর্তী, ২৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুশোভন মণ্ডল এবং ৩৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রঞ্জন পোদ্দার। একদিন আগেই গ্রেফতার হয়েছেন দক্ষিণ দমদম পুরসভার ৩৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তথা চেয়ারম্যান ইন কাউন্সিল পার্থ বর্মাও।এই পরিস্থিতির মধ্যেই সঞ্জয় দাসের মৃত্যু ঘিরে রাজনৈতিক চাপানউতোর আরও তীব্র হয়েছে। ঘটনাটি আত্মহত্যা, নাকি এর পিছনে অন্য কোনও কারণ রয়েছে, তা খতিয়ে দেখছে পুলিশ।

মে ২৩, ২০২৬
রাজ্য

তৃণমূলের প্রাক্তন কাউন্সিলরকে গ্রেফতারের দাবিতে থানায় বিক্ষোভ জেলা সাধারণ সম্পাদকের

শাসক দলের গোষ্ঠী সংঘর্ষের জেরে অভিযুক্ত মহম্মদ সেলিমকে গ্রেফতারের দাবিতে থানা ঘেরাও হল বর্ধমানে। আর সেই থানা ঘেরাও কর্মসূচিতে উপস্থিত ছিলেন খোদ তৃণমূলের জেলা সাধারণ সম্পাদক খোকন দাস। ঘন্টা দেড়েক বিক্ষোভ চলার পর পুলিশি আশ্বাসে ঘেরাও কর্মসূচি উঠে যায়। আরও পড়ুন ঃ হাওড়ায় নতুন পুর কমিশনার ঘটনার সূত্রপাত শুক্রবার দুপুরে। বর্ধমানের লোকো কলোনীতে দুয়ারে সরকার ক্যাম্পে তৃণমূল কংগ্রেসের দুই বিবদমান গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ হয় । এই ঘটনায় দুই গোষ্ঠীরই বেশ কয়েকজন জখম হয়। বর্ধমানের ৬ নম্বর ওয়ার্ডের রেলওয়ে বিদ্যাপীঠ স্কুলে দুয়ারে সরকার ক্যাম্প বসেছিল। সেখানেই ক্যাম্পের দখলদারি নিয়ে জেলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক খোকন দাস ও ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর মহম্মদ সেলিমের অনুগামীদের মধ্যে সংঘর্ষ বেঁধে যায়। অভিযোগ , শিবু ঘোষ তার বৌদি ও স্ত্রীকে নিয়ে বিদ্যাপীঠ স্কুলে স্বাস্থ্যসাথীর কার্ডের জন্য দাঁড়িয়ে ছিল। তখন মহম্মদ সেলিমের অনুগামীরা খোকন দাসের অনুগামী শিবু ঘোষকে মারধর করে। এরপর এলাকার একটি বাড়িতে শিবু ঘোষ আশ্রয় নিলে সেখানেও ঢুকে মারধর করা হয়। পাশের দলীয় কার্যালয়ে হামলা হয় ও ভাঙচুর চালানো হয়। খোকন দাস পুলিশকে হুঁশিয়ারি দেন যদি বিকেলের মধ্যে অভিযুক্তদের না ধরা হয়, তাহলে তারা থানা ঘেরাও করবেন। পুলিশ প্রশাসন ঠিক মত কাজ করছে না বলে অভিযোগ করেন তিনি। অন্যদিকে প্রাক্তন কাউন্সিলর মহম্মদ সেলিম বলেন, দুয়ারে সরকার ক্যাম্পে হাজির হয়ে শিবু ঘোষের নেতৃত্বে কয়েকজন দাদাগিরি করছিল। এলাকার বাসিন্দারা প্রতিবাদ করলে প্রথমে বাদানুবাদ হয়।পরে স্থানীয় বাসিন্দারা তাদের তাড়া করলে ছুটে পালাতে গিয়ে কেউ আহত হতে পারে। কেউ তাদের মারধর করেনি। আর ওখানে কোন তৃণমূল কংগ্রেসের পার্টি অফিস নেই। শিবু ঘোষের দাবি, সেলিমের নেতৃত্বে একদল যুবক তাঁদের উপর হামলা করে। ব্যাপক মারধর করেছে।

ডিসেম্বর ০৫, ২০২০

ট্রেন্ডিং

বিদেশ

হাসিনাকে ফেরাতে ভারতের দুই শর্ত! একটিও মানতে নারাজ বাংলাদেশ, প্রত্যর্পণ নিয়ে বাড়ছে জট

শেখ হাসিনার প্রত্যর্পণ নিয়ে ভারত ও বাংলাদেশের মধ্যে কূটনৈতিক টানাপড়েন আরও বাড়ল। বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রধান প্রসিকিউটর আমিনুল ইসলাম স্পষ্ট জানিয়ে দিয়েছেন, শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে নতুন করে বিচারের কোনও আইনি সুযোগ নেই। ভারতের তরফে এমন কোনও শর্ত দেওয়া হয়ে থাকলে তা মানা হবে না বলেও ইঙ্গিত দিয়েছেন তিনি।সম্প্রতি বাংলাদেশের কয়েকটি সংবাদমাধ্যমে দাবি করা হয়েছিল, শেখ হাসিনাকে ফেরানোর জন্য ভারতের তরফে দুটি শর্ত দেওয়া হয়েছে। তার মধ্যে অন্যতম ছিল, হাসিনার মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে নতুন করে বিচার বা আপিলের সুযোগ দিতে হবে। রবিবার সেই দাবি নিয়ে মুখ খোলেন আমিনুল ইসলাম। ভারতের এই শর্তকে উদ্ভট বলে মন্তব্য করেন তিনি।আমিনুল ইসলাম বলেন, ভারত নিজেদের দেশে নতুন করে বিচারের এই বিধান বাতিল করে বাংলাদেশকে সেই পরামর্শ দিচ্ছে। একই বিষয়ে দ্বিতীয় বার বিচার করার কোনও আইনি সুযোগ নেই। ভারতের দাবি উদ্ভট। আমরা তা প্রত্যাখ্যান করছি।তাঁর আরও দাবি, নির্দিষ্ট সময়সীমা পেরিয়ে যাওয়ায় শেখ হাসিনা মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে আপিল করার সুযোগও হারিয়েছেন। ভারতকে প্রশ্ন করে আমিনুল বলেন, হাসিনা যখন ভারতে আশ্রয় নিয়েছিলেন, তখন বিচারপ্রক্রিয়া চলছিল। সে সময় ভারত কেন তাঁকে বাংলাদেশে ফিরে বিচারের মুখোমুখি হওয়ার পরামর্শ দেয়নি?উল্লেখ্য, শেখ হাসিনার প্রত্যর্পণ নিয়ে ভারত এখনও আনুষ্ঠানিক ভাবে কোনও অবস্থান জানায়নি। তবে সম্প্রতি বাংলাদেশের সংবাদমাধ্যমে প্রকাশিত একটি প্রতিবেদনে দাবি করা হয়, হাসিনাকে ফেরানোর ক্ষেত্রে ভারত দুটি শর্ত দিয়েছে।প্রথম শর্ত অনুযায়ী, শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরানোর দায়িত্ব নিতে হবে সে দেশের সেনাবাহিনীকে। ২০২৪ সালের অগস্টে সামরিক বিমানে ভারতে এসেছিলেন হাসিনা। তাই তাঁকে ফেরানোর ক্ষেত্রেও সামরিক বিমান ব্যবহারের প্রস্তাব দেওয়া হয়েছে বলে দাবি করা হয় ওই প্রতিবেদনে।দ্বিতীয় শর্ত হিসেবে বলা হয়েছে, হাসিনাকে মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে আপিল করার সুযোগ দিতে হবে। প্রয়োজনে নতুন করে বিচারপ্রক্রিয়া শুরু করতে হবে। তবে এই দুই শর্তের বিষয়ে ভারত সরকারের তরফে কোনও আনুষ্ঠানিক বিবৃতি প্রকাশ করা হয়নি।হাসিনার অনুপস্থিতিতে বাংলাদেশে তাঁর বিরুদ্ধে বিচারপ্রক্রিয়া চলে। পরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তাঁকে মৃত্যুদণ্ডের সাজা শোনায়। সেই বিচারপ্রক্রিয়া এবং রায় নিয়ে নানা মহলে প্রশ্ন উঠেছে। বিশেষ করে, অনুপস্থিতিতে বিচার এবং আত্মপক্ষ সমর্থনের সুযোগ নিয়ে বিতর্ক তৈরি হয়েছে।এই পরিস্থিতিতে ভারতের তরফে সত্যিই নতুন করে বিচার বা আপিলের সুযোগ দেওয়ার শর্ত রাখা হয়ে থাকলে, তা হাসিনার আইনি অধিকার ও নিরাপত্তার প্রশ্নের সঙ্গে যুক্ত হতে পারে বলে মনে করছেন পর্যবেক্ষকদের একাংশ।অন্য দিকে, বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনা হলে নতুন করে রাজনৈতিক অস্থিরতা তৈরি হতে পারে বলেও আশঙ্কা রয়েছে। ফলে তাঁর প্রত্যর্পণ নিয়ে ঢাকার অবস্থান কতটা বদলাবে, তা নিয়ে প্রশ্ন উঠছে।সব মিলিয়ে শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরানো নিয়ে ভারত ও বাংলাদেশের মধ্যে কূটনৈতিক আলোচনা আরও জটিল হয়ে উঠতে পারে। ভারতের শর্ত নিয়ে বাংলাদেশের আপত্তি এবং মৃত্যুদণ্ডের রায় পুনর্বিচারের সম্ভাবনা নাকচ করার পর এখন সবচেয়ে বড় প্রশ্ন, শেষ পর্যন্ত হাসিনার প্রত্যর্পণ কি আদৌ সম্ভব হবে?

নভেম্বর ১৫, ২০২৬
রাজ্য

‘শেষ দেখাও দেখতে চাই না’, এনকাউন্টারে রতন শেখের মৃত্যুতে বিস্ফোরক দাদা! ভাইয়ের কুকীর্তি নিয়ে কী বললেন?

পুলিশকে লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগে এনকাউন্টারে মৃত্যু হয়েছে কুখ্যাত দুষ্কৃতী রতন শেখের। রবিবার সন্ধ্যায় পুলিশের গুলিতে মৃত্যু হয় তার। তবে ভাইয়ের এমন পরিণতিতে পরিবারের তরফে পুলিশের পদক্ষেপ নিয়ে কোনও অভিযোগ নেই। বরং ভাইয়ের অপরাধের শাস্তি হয়েছে বলেই মনে করছেন দাদা সালাম শেখ। ভাইয়ের মৃত্যুতে মন খারাপ হলেও তার কুকীর্তি কোনও ভাবেই মেনে নিতে রাজি নন তিনি। এমনকি ভাইয়ের শেষ দেখাও দেখতে চান না বলে জানিয়েছেন সালাম।সালাম শেখ পেশায় দিনমজুর। রবিবার তিনি বলেন, এক মায়ের পেটের ভাই হলেও ওর অপকর্ম মেনে নেওয়া সম্ভব নয়। সারা বছর চুরি, ডাকাতি, ছিনতাই করে জেলে গিয়েছে, তা-ও মেনে নিয়েছি। কিন্তু পুলিশকে লক্ষ্য করে গুলি চালানো কখনওই মেনে নেওয়া যায় না। নিজের কাজের শাস্তি পেয়েছে ভাই। শেষ দেখাও আর দেখতে চাই না।ভাইয়ের মৃত্যুতে শোক রয়েছে। কিন্তু তার চেয়েও বেশি রয়েছে ভাইয়ের অপরাধের প্রতি ক্ষোভ। পুলিশের সঙ্গে সংঘর্ষে রতনের মৃত্যুর পর পরিবারের এমন অবস্থান ঘিরে এলাকায় চর্চা শুরু হয়েছে। সালামের দাবি, রতনের অপরাধের সঙ্গে পরিবারের কোনও যোগ ছিল না। দীর্ঘদিন ধরেই পরিবারের সঙ্গে তার যোগাযোগ প্রায় বন্ধ হয়ে গিয়েছিল। পরিবারের সঙ্গেও সম্পর্ক ভাল ছিল না তার।গত ১২ নভেম্বর বোলপুর সংশোধনাগারে শেষ বার ভাইয়ের সঙ্গে দেখা হয়েছিল সালামের। তার কয়েক দিনের মধ্যেই রতনের মৃত্যুর খবর পান তিনি। নানুরের সাতরা গ্রামে ছিল রতন শেখের আদি বাড়ি। তবে প্রায় সাত বছর আগে জমি ও ভিটেমাটি বিক্রি করে গ্রাম ছেড়ে চলে যায় পরিবার।স্থানীয় বাসিন্দাদের দাবি, একের পর এক চুরি, ছিনতাই ও ডাকাতির ঘটনায় জড়িয়ে পড়েছিল রতন। সেই কারণেই এক সময় সাতরা ছাড়তে হয়েছিল তাকে। শুধু অপরাধমূলক কাজ নয়, মাদক কারবারের সঙ্গেও তার যোগ ছিল বলে অভিযোগ গ্রামবাসীদের।পরিবারের সদস্যদের দাবি, রতনের জীবনযাপন এমন ছিল যে, এক মাস বাড়িতে থাকলে পরের ছমাস কাটত জেলে। অপরাধের কারণে বার বার জেলে যেতে হত তাকে। রতনের মৃত্যুর পর তার দেহ সাতরা গ্রামে ফিরিয়ে আনা হোক, তা-ও চান না স্থানীয় বাসিন্দাদের একাংশ।সব মিলিয়ে রতন শেখের মৃত্যুর পর সামনে এসেছে তার পরিবারের ক্ষোভ এবং এলাকার বাসিন্দাদের দীর্ঘদিনের অসন্তোষ। যে ভাইয়ের অপরাধের কথা মেনে নিতে পারেননি দাদা, সেই রতনের শেষকৃত্য নিয়েও আপত্তি উঠছে গ্রামে।

নভেম্বর ১৫, ২০২৬
দেশ

সিকিমের আকাশে ২৫ মিনিট ধরে চক্কর চিনা সামরিক বিমানের! বারবার সতর্ক করেও লাভ হল না, কীসের ইঙ্গিত?

সিকিমে ভারত-চিন সীমান্তের আকাশে রহস্যময় চিনা বিমানের উড়ান ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযোগ, প্রায় ২০ থেকে ২৫ মিনিট ধরে ভারতের আকাশে চক্কর কেটেছে বিমানটি। গত ১২ নভেম্বর, বৃহস্পতিবার এই ঘটনা ঘটেছে বলে জানা গিয়েছে। প্রাথমিক তথ্য অনুযায়ী, চিনের দিক থেকে বিমানটি ভারতের আকাশে ঢুকে পড়েছিল। বার বার সতর্ক করার পরেও সেটি ভারতের আকাশসীমা ছেড়ে যায়নি বলে দাবি সূত্রের।বায়ুসেনা সূত্রে খবর, বৃহস্পতিবার সকাল ৮টা নাগাদ সিকিমের আকাশে বিমানটিকে দেখা যায়। প্রায় ২৫ হাজার ফুট উচ্চতায় উড়ছিল সেটি। বেশ কিছুক্ষণ ধরে ওই এলাকায় চক্কর কাটার পর হঠাৎই উধাও হয়ে যায় বিমানটি। সূত্রের দাবি, সেটি চিনের সামরিক বাহিনীর বিমান ছিল। তবে বিমানটির পরিচয় এবং ভারতে প্রবেশের উদ্দেশ্য সম্পর্কে এখনও নিশ্চিত ভাবে কিছু জানা যায়নি।ঘটনাটি সামনে আসতেই নানা প্রশ্ন উঠতে শুরু করেছে। তা হলে কি ভারতের সীমান্ত এলাকায় নজরদারি চালাতেই ওই বিমান পাঠিয়েছিল চিন? নাকি এর পিছনে অন্য কোনও উদ্দেশ্য ছিল? এই নিয়ে জল্পনা বাড়ছে। যদিও বিষয়টি নিয়ে এখনও কোনও নিশ্চিত তথ্য প্রকাশ্যে আসেনি।উল্লেখ্য, সিকিমের উত্তরে রয়েছে ভারতের অত্যন্ত গুরুত্বপূর্ণ শিলিগুড়ি করিডর, যা চিকেনস নেক নামে পরিচিত। এই সরু ভূখণ্ডের সঙ্গে দেশের উত্তর-পূর্বাঞ্চলের যোগাযোগের গুরুত্বপূর্ণ যোগ রয়েছে। তাই এই এলাকার নিরাপত্তা নিয়ে বরাবরই সতর্ক ভারত।বর্তমানে এই সংবেদনশীল এলাকায় নিরাপত্তা আরও জোরদার করার দিকে নজর দিয়েছে কেন্দ্রীয় সরকার। সীমান্তে সেনার উপস্থিতি বাড়ানোর পাশাপাশি আধুনিক অস্ত্র ও সামরিক সরঞ্জামও মজুত করা হচ্ছে বলে খবর।অন্য দিকে, ডোকলামকে কেন্দ্র করে অতীতে ভারত ও চিনের মধ্যে দীর্ঘদিন উত্তেজনা চলেছে। সীমান্ত এলাকায় চিনের নির্মাণকাজ নিয়েও একাধিক বার আপত্তি জানিয়েছে ভারত। সিকিম এবং আশপাশের সীমান্তবর্তী এলাকায় তাই কড়া নজরদারি চালাচ্ছে ভারতীয় সেনা।এই পরিস্থিতিতে ভারতের আকাশে চিনা সামরিক বিমানের প্রবেশের অভিযোগ নতুন করে উদ্বেগ বাড়িয়েছে। তবে বিমানটি ঠিক কোথা থেকে এসেছিল, কতক্ষণ ভারতের আকাশসীমায় ছিল এবং কেন সেখানে চক্কর কাটছিল, সেই সব প্রশ্নের উত্তর এখনও স্পষ্ট নয়। বিষয়টি নিয়ে সরকারি ভাবে বিস্তারিত তথ্য সামনে আসার অপেক্ষায় রয়েছে ওয়াকিবহাল মহল।

নভেম্বর ১৫, ২০২৬
রাজ্য

কনস্টেবলকে গুলি করার অভিযোগ, গ্রেপ্তারের কয়েক ঘণ্টার মধ্যেই পুলিশের গুলিতে মৃত্যু রতন শেখের! কী ঘটেছিল নানুরে?

শান্তিনিকেতনে পুলিশকর্মীকে গুলি করার অভিযোগে গ্রেপ্তার হওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই পুলিশের গুলিতে মৃত্যু হল অভিযুক্ত রতন শেখের। রবিবার নানুরের একটি ইটভাঁটার কাছে এই ঘটনা ঘটে বলে পুলিশ সূত্রে খবর। পুলিশের দাবি, অস্ত্র উদ্ধারের জন্য রতনকে নিয়ে যাওয়া হয়েছিল ওই এলাকায়। সেই সময় পুলিশের উপর হামলার চেষ্টা করে সে। আত্মরক্ষার জন্য পুলিশ গুলি চালায়। পরে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন। পুলিশের দাবি, রতনের বিরুদ্ধে মোট ৩৬টি মামলা ছিল।এই ঘটনায় নতুন করে চাঞ্চল্য ছড়িয়েছে রাজ্যজুড়ে। এনকাউন্টারের খবর সামনে আসতেই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, বাংলায় খুনি, ধর্ষকদের কোনও জায়গা নেই। পুলিশকে গুলি করলে যা করার, তাই করা হবে। গুলি করলে ওরা কী বাতাসা খাওয়াবে নাকি!ঘটনার সূত্রপাত শুক্রবার সন্ধ্যায়। পুলিশ সূত্রে খবর, গোপন সূত্রে খবর আসে, কুখ্যাত দুষ্কৃতী রতন শেখ শান্তিনিকেতনের লাইক বাজার এলাকায় রয়েছে। তাকে ধরতে সাদা পোশাকে মোটরবাইকে সেখানে পৌঁছন শান্তিনিকেতন থানার তিন পুলিশকর্মী। অভিযোগ, রতনকে ধরার কাছাকাছি পৌঁছে গিয়েছিলেন তাঁরা। সেই সময় রতন আগ্নেয়াস্ত্র থেকে গুলি চালায়। গুলিতে পায়ে গুরুতর জখম হন কনস্টেবল বিশ্বজিৎ দাস।আহত পুলিশকর্মীকে প্রথমে বোলপুর মহকুমা হাসপাতালে ভর্তি করানো হয়। শনিবার রাতে তাঁকে দেখতে হাসপাতালে যান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সেখানেই তিনি বলেছিলেন, পুলিশকর্মীর রক্ত বৃথা যাবে না।এর পর রবিবার দুপুরে গ্রেপ্তার করা হয় রতন শেখকে। কিন্তু তার কয়েক ঘণ্টার মধ্যেই পরিস্থিতি বদলে যায়। পুলিশের দাবি, জিজ্ঞাসাবাদের সময় রতন জানায়, নানুরের চারকল গ্রামের কাছে একটি ইটভাঁটায় অস্ত্র লুকিয়ে রাখা রয়েছে। সেই অস্ত্র উদ্ধারের জন্য তাকে নিয়ে সেখানে যায় পুলিশ।পুলিশের অভিযোগ, ওই এলাকায় পৌঁছনোর পর রতন সঙ্গে থাকা আগ্নেয়াস্ত্র দিয়ে পুলিশকর্মীদের উপর হামলার চেষ্টা করে। তখন আত্মরক্ষার জন্য গুলি চালায় পুলিশ। সেই গুলিতেই মৃত্যু হয় রতনের।বোলপুর হাসপাতালের চিকিৎসক গৌরব তরফদার জানান, বিকেল ৫টা ৪৫ মিনিটে নানুর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে রতন শেখকে মৃত বলে ঘোষণা করা হয়। তাঁর কথায়, পুলিশের গুলিতে মৃত্যুর কথা প্রেসক্রিপশনে উল্লেখ রয়েছে। তবে মৃত্যুর প্রকৃত কারণ এবং অন্যান্য বিস্তারিত তথ্য ময়নাতদন্তের পরেই জানা যাবে।উল্লেখ্য, রাজ্যে ক্ষমতায় আসার আগে থেকেই অপরাধীদের বিরুদ্ধে কড়া পদক্ষেপের কথা বলে আসছিলেন শুভেন্দু অধিকারী। মুখ্যমন্ত্রী হওয়ার পরেও একাধিকবার সেই বার্তা দিয়েছেন তিনি। রতন শেখের মৃত্যুর পর রাজ্যে এনকাউন্টারের ঘটনা নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। দাবি করা হচ্ছে, গত ছয় মাসে এই নিয়ে বাংলায় পাঁচটি এনকাউন্টারের ঘটনা ঘটল।

নভেম্বর ১৫, ২০২৬
কলকাতা

পানিহাটিতে বিজেপির অন্দরের সংঘাতের বলি! নেত্রী রুমা সাহার স্বামীর মৃত্যু, শুভেন্দুর হস্তক্ষেপ চেয়ে বিস্ফোরক বিধায়ক রত্না

ব্যবসায়ীকে মারধরের প্রতিবাদ করতে গিয়ে দলেরই কর্মীদের সঙ্গে বচসা, স্ত্রীকে অপমানের প্রতিবাদ করায় আক্রান্ত অরূপ সাহা। হাসপাতালে মৃত্যু ঘিরে উত্তপ্ত পানিহাটি। দলবদলুদের দাপট, জেলা নেতৃত্বের ভূমিকা ও পুলিশের নিষ্ক্রিয়তা নিয়ে সরব বিজেপি বিধায়ক রত্না দেবনাথ।রাজ্যের রাজনৈতিক মহলে ফের চর্চায় উঠে এল বিজেপির অভ্যন্তরীণ কোন্দল। উত্তর ২৪ পরগনার পানিহাটিতে দলেরই দুই গোষ্ঠীর মধ্যে সংঘাতের অভিযোগকে কেন্দ্র করে মৃত্যু হল এক বিজেপি কর্মীর। নিহতের নাম অরূপ সাহা। তিনি পানিহাটি-১ মণ্ডলের বিজেপি সম্পাদক রুমা সাহার স্বামী। শনিবার রাতে বাজার এলাকায় অশান্তি থামাতে গিয়ে আক্রান্ত হন অরূপ। গুরুতর অসুস্থ অবস্থায় তাঁকে হাসপাতালে ভর্তি করা হলেও রবিবার চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। এই ঘটনাকে কেন্দ্র করে রবিবার সকাল থেকেই উত্তেজনা ছড়িয়েছে এলাকায়।ঘটনার পর থেকেই বিজেপির অন্দরেই শুরু হয়েছে চাপানউতোর। একদিকে নিহতের পরিবারের অভিযোগ, অন্যদিকে স্থানীয় বিজেপি বিধায়ক রত্না দেবনাথের বিস্ফোরক মন্তব্যসব মিলিয়ে পানিহাটির রাজনৈতিক পরিস্থিতি ক্রমশ জটিল হয়ে উঠেছে। পরিস্থিতি সামাল দিতে এবার সরাসরি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর হস্তক্ষেপ দাবি করেছেন বিধায়ক। একই সঙ্গে এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং দলের সাংগঠনিক নেতৃত্বের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি।স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শনিবার সন্ধ্যায় একটি ব্যবসায়ীকে মারধরের ঘটনাকে কেন্দ্র করেই অশান্তির সূত্রপাত। ওই ঘটনার প্রতিবাদ করেছিলেন পানিহাটি-১ মণ্ডলের বিজেপি সম্পাদক রুমা সাহা। অভিযোগ, প্রতিবাদ করার পর দলেরই কয়েকজন কর্মী তাঁকে উদ্দেশ্য করে অশালীন ভাষায় কথা বলেন এবং গালিগালাজ করেন। স্ত্রীর অপমানের প্রতিবাদ করতে গিয়ে পরিস্থিতির মধ্যে জড়িয়ে পড়েন তাঁর স্বামী অরূপ সাহা। অভিযোগ, সেই সময় কয়েকজন যুবক তাঁকে শারীরিকভাবে আক্রমণ করেন।রুমা সাহার দাবি, শনিবার সন্ধ্যা সাড়ে সাতটা থেকে আটটার মধ্যে তিনি দলীয় কার্যালয় থেকে বাড়ি ফিরছিলেন। পথে বাজার এলাকায় একটি দোকানের সামনে কয়েকজন যুবককে বচসায় জড়িয়ে পড়তে দেখেন। পরিস্থিতি উত্তপ্ত হতে পারে বুঝতে পেরে তিনি তাঁদের কাছে গিয়ে কী হয়েছে জানতে চান। সকলকে শান্ত হওয়ার এবং বাড়ি ফিরে যাওয়ার পরামর্শও দেন। প্রয়োজনে বিষয়টি বিধায়ককে জানাবেন বলেও আশ্বাস দিয়েছিলেন তিনি।কিন্তু তাঁর অভিযোগ, বাড়ি ফেরার কিছুক্ষণের মধ্যেই ফের অশান্তির খবর পান। পরিস্থিতি সামাল দিতে তিনি আবার ঘটনাস্থলে পৌঁছন। সঙ্গে ছিলেন স্বামী অরূপও। সেখানে গিয়ে প্রায় ৪০ থেকে ৫০ জন যুবককে দেখতে পান বলে দাবি রুমার। তাঁদের মধ্যে রাজদীপ, রাজা তহশিলদার, সুরজিৎ বিশ্বাস ওরফে ননী-সহ কয়েকজনের নাম উল্লেখ করেছেন তিনি। রুমার অভিযোগ, ওই যুবকদের মধ্যে নির্মল ঘোষের ঘনিষ্ঠ বলেও পরিচিত কয়েকজন ছিলেন।রুমার বক্তব্য অনুযায়ী, তিনি ফের পরিস্থিতি শান্ত করার চেষ্টা করলে পায়েল ও রাজা তহশিলদার নামে দুই ব্যক্তি তাঁর দিকে তেড়ে আসেন। স্ত্রীর দিকে এমন আচরণ দেখে প্রতিবাদ করেন অরূপ। অভিযোগ, তখন রাজা তহশিলদার-সহ কয়েকজন তাঁকে বুকে ধাক্কা দিয়ে সরিয়ে দেন। রুমাকে হুমকিও দেওয়া হয় বলে অভিযোগ। পরিস্থিতি আরও খারাপ হতে থাকায় তিনি থানায় ফোন করেন। কিন্তু তাঁর দাবি, থানার আইসি তাঁকে পুলিশ কমিশনারেটে যোগাযোগ করার পরামর্শ দেন।এরপর স্বামীকে নিয়ে বাড়ি ফিরে আসেন রুমা। কিন্তু বাড়িতে পৌঁছনোর পরই অরূপের শারীরিক অবস্থার দ্রুত অবনতি হতে শুরু করে। রুমার কথায়, বাড়ি ফেরার পর অরূপের চোখ-মুখ উল্টে যায়। ঠিকমতো কথা বলার ক্ষমতাও হারিয়ে ফেলেন তিনি। তড়িঘড়ি তাঁকে সাগর দত্ত মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসা চললেও শেষরক্ষা হয়নি। রবিবার চিকিৎসাধীন অবস্থাতেই মৃত্যু হয় অরূপ সাহার।স্বামীর মৃত্যুর পর রুমা সাহার অভিযোগ, এই হামলার পিছনে রয়েছেন তৃণমূল থেকে বিজেপিতে আসা কিছু ব্যক্তি। তাঁর দাবি, দলের পুরনো কর্মীদের সঙ্গে নতুন যোগ দেওয়া কর্মীদের বিরোধ থেকেই এই ধরনের পরিস্থিতি তৈরি হচ্ছে। যদিও এই অভিযোগের স্বাধীন সত্যতা এখনও সামনে আসেনি।অরূপের মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই পানিহাটিতে নতুন করে উত্তেজনা তৈরি হয়। নিহতের পরিবারের পাশে দাঁড়াতে সেখানে পৌঁছন স্থানীয় বিজেপি বিধায়ক রত্না দেবনাথ। আর সেখানেই দলের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে ক্ষোভ উগরে দেন তিনি।রত্নার অভিযোগ, পানিহাটির বিভিন্ন ওয়ার্ডে জেলা সভাপতি চণ্ডীচরণ রায় নিজের পছন্দমতো আহ্বায়ক নিয়োগ করেছেন। তাঁদের মধ্যে অনেকেই আগে তৃণমূলের সঙ্গে যুক্ত ছিলেন বলে দাবি বিধায়কের। তাঁর বক্তব্য, পুরনো বিজেপি কর্মীদের উপেক্ষা করে দলবদল করে আসা ব্যক্তিদের অতিরিক্ত গুরুত্ব দেওয়ার ফলেই সংগঠনের মধ্যে অসন্তোষ বাড়ছে।শুধু তাই নয়, পানিহাটি-১ মণ্ডলের যুব সভাপতি এবং ১৪ নম্বর ওয়ার্ডের এক নেতার বিরুদ্ধেও ক্ষোভ প্রকাশ করেছেন বিধায়ক। তাঁর অভিযোগ, পানিহাটির ২৯টি ওয়ার্ডে আলাদা আলাদা লোক বসানো হলেও তাঁদের সঙ্গে জেলা নেতৃত্বের কোনও কার্যকর সমন্বয় নেই। ফলে সংগঠনের মধ্যে বিভ্রান্তি ও সংঘাত বাড়ছে। জেলা সভাপতি চণ্ডীচরণ রায়ের সঙ্গে তাঁর মতবিরোধ রয়েছে বলেও প্রকাশ্যে জানিয়েছেন রত্না। তাঁর দাবি, জেলা সভাপতি তাঁকে পছন্দ করেন না এবং দলের সাংগঠনিক সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রেও সমন্বয়ের অভাব রয়েছে।রত্না দেবনাথের বক্তব্য, কোনও ব্যক্তি তৃণমূল থেকে বিজেপিতে এসেছেন কি না, সেটি বড় কথা নয়। কিন্তু দলে যোগ দেওয়ার পর কেউ যদি অপরাধমূলক কাজে জড়িয়ে পড়েন, তাহলে তাঁকে কোনওভাবেই আড়াল করা উচিত নয়। অপরাধের সঙ্গে যুক্ত ব্যক্তির রাজনৈতিক পরিচয় দেখে বিচার করা যায় না। যে অন্যায় করবে, সে যে দলেরই হোক, আইন অনুযায়ী তার শাস্তি হওয়া প্রয়োজন।এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও সরব হয়েছেন বিধায়ক। তাঁর দাবি, পানিহাটির বিভিন্ন ওয়ার্ডে একাধিকবার মারামারি ও অশান্তির ঘটনা ঘটেছে। বিষয়টি প্রশাসনকে বারবার জানানো হলেও পরিস্থিতির বিশেষ পরিবর্তন হয়নি। এমনকি কয়েক দিন আগেই তিনি পানিহাটির পরিস্থিতি নিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে অবগত করেছিলেন বলেও জানিয়েছেন। মুখ্যমন্ত্রীর নির্দেশ অনুযায়ী প্রয়োজনীয় পদক্ষেপ করেছেন বলেও দাবি তাঁর।এবার অরূপ সাহার মৃত্যুর পর বিষয়টি আরও গুরুত্ব দিয়ে দেখার জন্য মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ চেয়েছেন রত্না। তাঁর দাবি, এই ঘটনায় যাঁরা জড়িত, তাঁদের প্রত্যেকের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নিতে হবে। একই সঙ্গে নিহতের পরিবারের পাশে দাঁড়ানোর আশ্বাস দিয়েছেন তিনি।উল্লেখ্য, পানিহাটির এই ঘটনা এমন এক সময়ে সামনে এল, যখন রাজ্যের বিভিন্ন জায়গায় বিজেপির অভ্যন্তরীণ গোষ্ঠীদ্বন্দ্ব নিয়ে প্রশ্ন উঠছে। ব্যারাকপুরেও ছটপুজো উপলক্ষে শাড়ি বিতরণ করতে গিয়ে বিজেপি বিধায়ক কৌস্তুভ বাগচীকে দলেরই একাংশের গো ব্যাক স্লোগানের মুখে পড়তে হয়েছিল বলে অভিযোগ। সেই আবহে পানিহাটির ঘটনা বিজেপির সাংগঠনিক ঐক্য নিয়েও নতুন করে প্রশ্ন তুলছে।অন্যদিকে, অরূপ সাহার মৃত্যুর ঘটনায় বিজেপির অপর পক্ষের তরফে এখনও কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। ঘটনায় এখনও পর্যন্ত কারও আটক বা গ্রেফতারির খবরও সামনে আসেনি। ফলে ঠিক কী কারণে অরূপের মৃত্যু হয়েছে, কারা তাঁকে আক্রমণ করেছিলেন এবং এই সংঘর্ষের পিছনে রাজনৈতিক গোষ্ঠীদ্বন্দ্ব কতটা দায়ীতা তদন্তের পরই স্পষ্ট হবে।এখন সবচেয়ে বড় প্রশ্ন, দলের অভ্যন্তরীণ সংঘাতের অভিযোগে এক কর্মীর মৃত্যুর পর বিজেপি নেতৃত্ব কতটা কঠোর পদক্ষেপ করে এবং প্রশাসন এই ঘটনায় কত দ্রুত নিরপেক্ষ তদন্ত ও আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে।

নভেম্বর ১৫, ২০২৬
রাজ্য

পুলিশের অভিযানে গুলির লড়াই, মৃত রতন শেখ! জখম কনস্টেবলকে দেখতে হাসপাতালে মুখ্যমন্ত্রী

রাজ্যে ফের পুলিশি এনকাউন্টার-এর ঘটনা। বীরভূমের শান্তিনিকেতনে পুলিশকে লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগে অভিযুক্ত রতন শেখের মৃত্যু হল পুলিশের গুলিতে। শুক্রবার সন্ধ্যায় শান্তিনিকেতন থানার লাইকবাজার এলাকায় এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিশের দাবি, অভিযুক্তকে ধরতে গেলে সে পুলিশকর্মীদের লক্ষ্য করে গুলি চালায়। পাল্টা জবাব দেয় পুলিশও। সেই গুলিতেই মৃত্যু হয় রতনের। অন্য দিকে, অভিযুক্তের ছোড়া গুলিতে গুরুতর জখম হয়েছেন কনস্টেবল বিশ্বজিৎ দাস।মুখ্যমন্ত্রীর বক্তব্য, পুলিশকে গুলি করলে কি পুস্পবৃষ্টি করা হবে? রতন শেখ একজন দুষ্কৃতী। এই দুষ্কৃতী পালিয়ে বাংলাদেশ চলে যাক। এখানে তাঁদের কোনও জায়গা হবে না। রেপিস্ট বা দুষ্কৃতীরা কেউ ছাড় পাবে না বলে স্পষ্ট জানিয়ে দেন শুভেন্দু অধিকারী।পুলিশ সূত্রে জানা গিয়েছে, শুক্রবার সন্ধ্যায় একটি মামলার তদন্তের সূত্রে রতন শেখকে গ্রেফতার করতে লাইকবাজার এলাকায় অভিযান চালায় পুলিশ। সেই সময় পরিস্থিতি আচমকাই উত্তপ্ত হয়ে ওঠে। পুলিশের দাবি, গ্রেফতারি এড়াতে রতন পুলিশকর্মীদের লক্ষ্য করে গুলি চালায়। একটি গুলি এসে লাগে কনস্টেবল বিশ্বজিৎ দাসের বাঁ পায়ে। মুহূর্তের মধ্যে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। আত্মরক্ষার্থে পুলিশ পাল্টা গুলি চালালে তাতে গুরুতর জখম হয় রতন শেখ। পরে তার মৃত্যু হয় বলে জানা গিয়েছে।গুলিবিদ্ধ কনস্টেবল বিশ্বজিৎ দাসকে প্রথমে বোলপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাঁকে সেখান থেকে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছিল। পরে রবিবার তাঁকে কলকাতার একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তাঁর চিকিৎসা চলছে।শনিবার বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে আহত কনস্টেবলকে দেখতে যান মুখ্যমন্ত্রী তথা রাজ্যের পুলিশমন্ত্রী শুভেন্দু অধিকারী। সেখানে বিশ্বজিতের সাহসিকতার প্রশংসা করেন তিনি। মুখ্যমন্ত্রীর বক্তব্য, পুলিশের আত্মত্যাগ কোনওভাবেই বৃথা যেতে দেওয়া হবে না। অপরাধীদের বিরুদ্ধে আইন মেনেই কঠোর ব্যবস্থা নেওয়া হবে। একই সঙ্গে পুলিশের আত্মরক্ষার অধিকার নিয়েও স্পষ্ট বার্তা দেন তিনি।শুভেন্দু অধিকারী বলেন, ভারতীয় ন্যায় সংহিতা অনুযায়ী যা যা করার, পুলিশ তা-ই করবে। পরিস্থিতি অনুযায়ী প্রয়োজনীয় পদক্ষেপ করার স্বাধীনতা পুলিশের রয়েছে। তাঁর বক্তব্য, পুলিশকর্মীদেরও নিজেদের জীবন রক্ষার অধিকার রয়েছে। অপরাধীরা যখন আগ্নেয়াস্ত্র নিয়ে পুলিশকে আক্রমণ করছে, তখন পুলিশ শুধু আত্মরক্ষার জন্য নয়, পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্যও আইনসম্মত পদক্ষেপ করতে পারে। বন্দুক ও গুলি পুলিশকে শুধু বহন করার জন্য দেওয়া হয়নি, প্রয়োজনে সেগুলির যথাযথ ব্যবহার করতে হবে বলেও মন্তব্য করেন তিনি।উল্লেখ্য, এর আগে চলতি বছরে চারটি এনকাউন্টারের ঘটনা ঘটেছেঃ ৮ জুলাই, বারুইপুর: প্রভাস মণ্ডল নিহত, ২৭ অক্টোবর, গাইঘাটা: প্রহ্লাদ দাস নিহত, ২৭ অক্টোবর, সামশেরগঞ্জ: সামিউল শেখ নিহত, ৯ নভেম্বর, রায়গঞ্জ: দিলীপ রায় নিহত।এই ঘটনার পর নতুন করে আলোচনায় উঠে এসেছে রতন শেখের অপরাধের অতীত। বীরভূমের নানুরের সাঁওতা গ্রামের বাসিন্দা রতনের বিরুদ্ধে বেআইনি আগ্নেয়াস্ত্র রাখা, মাদক পাচার-সহ একাধিক অভিযোগে মামলা ছিল বলে পুলিশ সূত্রে খবর। এলাকায় তাঁর বিরুদ্ধে একাধিক অপরাধমূলক কর্মকাণ্ডে যুক্ত থাকার অভিযোগও রয়েছে। পুলিশ জানিয়েছে, কয়েক মাস আগে একটি মামলায় গ্রেফতার হয়েছিল রতন। সম্প্রতি জামিনে মুক্তি পাওয়ার পর অন্য একটি মামলার তদন্তের সূত্রে তাকে ধরতে গিয়েছিল পুলিশ। সেই অভিযানেই ঘটে যায় রক্তক্ষয়ী সংঘর্ষ।রতনের জামিন পাওয়া নিয়েও প্রশ্ন তুলেছেন মুখ্যমন্ত্রী। তাঁর দাবি, আদালতের পুজোর ছুটির সময় কীভাবে অভিযুক্ত জামিন পেল, তা খতিয়ে দেখা হচ্ছে। শুধু জামিনের বিষয়টিই নয়, সংশ্লিষ্ট মামলায় সরকারি আইনজীবীর ভূমিকা নিয়েও পর্যালোচনা করা হবে বলে জানিয়েছেন তিনি। মুখ্যমন্ত্রীর বক্তব্য অনুযায়ী, রতন শেখ একসঙ্গে ৩৬টি মামলায় জামিন পেয়েছিল। কীভাবে এতগুলি মামলায় তার জামিন মঞ্জুর হল, সেই প্রক্রিয়া নিয়েও প্রশ্ন উঠেছে।সব মিলিয়ে শান্তিনিকেতনের লাইকবাজারের এই ঘটনা ঘিরে একাধিক প্রশ্ন সামনে এসেছে। পুলিশের অভিযানে গুলি চালানোর অভিযোগ, এক পুলিশকর্মীর গুরুতর জখম হওয়া, অভিযুক্তের মৃত্যু এবং একাধিক মামলায় জামিন পাওয়ার বিষয়সবকিছু নিয়েই শুরু হয়েছে নতুন করে রাজনৈতিক ও প্রশাসনিক আলোচনা। তবে গোটা ঘটনার প্রকৃত পরিস্থিতি, গুলি চালানোর ধারাবাহিকতা এবং পুলিশের পদক্ষেপের পূর্ণ বিবরণ তদন্তের মাধ্যমেই স্পষ্ট হবে।

নভেম্বর ১৫, ২০২৬
বিদেশ

একবিংশ শতাব্দীতেও বাংলাদেশে ভয়াবহ রূপ নিয়েছে হামের প্রাদুর্ভাব, এর পিছনে আসল কারণ কি?

হামের প্রাদুর্ভাব ভয়াবহ রূপ নিয়েছে বাংলাদেশে। প্রতিদিনই বাড়ছে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও আটজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে ১৫ নভেম্বর পর্যন্ত হামের উপসর্গে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ২০৯। এর মধ্যে ১০৫ জনের মৃত্যু হামজনিত বলে নিশ্চিত করেছে বাংলাদেশের স্বাস্থ্য অধিদপ্তর। তবে সব মিলিয়ে হামে মৃত্যুর সংখ্যা ১ হাজার ৩১৪ বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। দেশের ইতিহাসে এত মৃত্যু আগে কখনো ঘটেনি। পড়শি দেশের স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ প্রতিবেদনে বলা হয়েছে, গতকাল শনিবার থেকে আজ রোববার সকাল ৮টা পর্যন্ত হামের উপসর্গ নিয়ে নতুন করে ১ হাজার ৪১৪ জন শনাক্ত হয়েছে। নিশ্চিত হাম শনাক্ত হয়েছে আরও ১৫৮ জনের। সব মিলিয়ে নতুন রোগী ১ হাজার ৫৭২ জন। এ সময়ে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছে ১ হাজার ৯৯ জন।গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হামের উপসর্গ নিয়ে শনাক্ত হয়েছেন ২ লাখ ৪৮ হাজার ৬০ জন। তাঁদের মধ্যে ২৫ হাজার ২৬৯ জনের হাম নিশ্চিত হয়েছে। সর্বশেষ ২৪ ঘণ্টায় ঢাকায় ছয়জন, চট্টগ্রামে একজন ও খুলনায় একজন মারা গেছেন।বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী, একসময় হাম নিয়ন্ত্রণে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছিল বাংলাদেশে। ২০০০ সালে প্রথম ডোজ টিকা গ্রহণের হার ছিল ৮৯ শতাংশ, ২০১৬ সালে তা ১১৮ শতাংশে ওঠে। ২০১২ সালে দ্বিতীয় ডোজ চালুর পর এর হার ২২ শতাংশ থেকে ২০২৪ সালে ১২১ শতাংশে পৌঁছায়। কিন্তু ২০২৪-২৫ সালে হাম-রুবেলার টিকার মজুত শেষ হয়ে যাওয়ায় টিকাদান কমতে থাকে। ২০২৫ সালে টিকা গ্রহণের হার নেমে আসে ৫৯ শতাংশে।বিশেষজ্ঞদের মতে, টিকাদানে এই ঘাটতিই বর্তমান বিপর্যয়ের অন্যতম কারণ। ইউনিসেফের ভারপ্রাপ্ত প্রতিনিধি স্ট্যানলি গুয়াভুইয়া জানিয়েছেন, ২০২৫ সালে টিকা সংগ্রহের পদ্ধতি পরিবর্তনের সিদ্ধান্তে সরবরাহে বিলম্ব ও প্রাদুর্ভাবের আশঙ্কা জানিয়ে সরকারকে একাধিকবার সতর্ক করেছিল ইউনিসেফ।বিশিষ্ট জনস্বাস্থ্যবিদ বে-নজীর আহমদের মতে, অন্তর্বর্তী সরকারের সময় টিকাদানে ঘাটতির মধ্য দিয়ে বিপর্যয়ের সূচনা হয়। পরবর্তী সময়ে বর্তমান সরকারও পরিস্থিতির গুরুত্ব যথাযথভাবে নেয়নি। অন্যদিকে জনস্বাস্থ্যবিদ ডা. মুশতাক হোসেনের অভিযোগ, ঘরে ঘরে গিয়ে টিকা দেওয়ার কার্যক্রম কার্যত হারিয়ে গেছে। অনেক পরিবার টিকাদানের খবরই জানে না। তাঁর ভাষায়, জনস্বাস্থ্যের প্রচার টেলিফোনে হয় না।ডব্লিউএইচওর তথ্য বলছে, আক্রান্তদের বড় অংশ ১ থেকে ১৪ বছর বয়সী শিশু। এমনকি নয় মাস বয়স পূর্ণ হওয়ার আগেও শিশুরা আক্রান্ত হচ্ছে। জাতীয় এমআর টিকাদান কর্মসূচি চালুর পরও ভিটামিন এ ক্যাম্পেইনে অংশ নেওয়া শিশুদের তুলনায় অন্তত ৪০ লাখ শিশু টিকার বাইরে রয়েছে। ফলে টিকাদানে ঘাটতি, সময়মতো প্রতিরোধমূলক উদ্যোগের অভাব এবং জনসচেতনতা তৈরিতে ব্যর্থতা মিলিয়ে হাম এখন বড় জনস্বাস্থ্য সংকটে পরিণত হয়েছে।** এই প্রতিবেদনটি নেওয়া হয়েছে বাংলাদেশের প্রথম আলো অনলাইন থেকে।

নভেম্বর ১৫, ২০২৬
রাজনীতি

বই হাতে জনসংযোগে সিপিএম, রাজ্যজুড়ে শুরু ‘ঘরে ঘরে বুক স্টল’ কর্মসূচি

দুর্গাপুজোর সময় বইয়ের স্টল ভাঙচুরকে কেন্দ্র করে রাজ্য রাজনীতিতে তৈরি হয়েছে বিতর্ক। সেই আবহেই এবার বইকে হাতিয়ার করে পথে নামল সিপিএম। রাজ্যজুড়ে শুরু হয়েছে দলের ঘরে ঘরে বুক স্টল কর্মসূচি। বইয়ের মাধ্যমে মানুষের কাছে পৌঁছনো এবং সমাজে সচেতনতা গড়ে তোলাই এই উদ্যোগের মূল লক্ষ্য বলে জানিয়েছে বাম নেতৃত্ব।রবিবার দক্ষিণ ২৪ পরগনার চম্পাহাটি বাজারে এই কর্মসূচিতে অংশ নেন বাম নেতা সুজন চক্রবর্তী। এদিন বই হাতে পাড়ায় পাড়ায় এবং দোকানে দোকানে ঘোরেন তিনি। সাধারণ মানুষের সঙ্গে কথা বলার পাশাপাশি তাঁদের হাতে বই তুলে দেন। বই পড়ার অভ্যাস বাড়ানো এবং পাঠাভ্যাসের প্রসারে এই উদ্যোগ বলে জানান তিনি।সুজন চক্রবর্তী বলেন, রাজ্যজুড়ে আগামী এক সপ্তাহ ধরে এই কর্মসূচি চলবে। নভেম্বর মাসের মধ্যেই কর্মসূচি সম্পূর্ণ করার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। তাঁর দাবি, বিভিন্ন জায়গায় এই উদ্যোগে মানুষের কাছ থেকে ব্যাপক সাড়া মিলছে। বইয়ের গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, বই মানেই চেতনা, বই মানুষের বন্ধু। বই পড়া, অন্যকে পড়তে উৎসাহিত করা এবং বই উপহার দেওয়ার মধ্য দিয়েই সমাজে সচেতনতা তৈরি করা সম্ভব।একইসঙ্গে রাজনৈতিক বক্তব্যে তাঁর দাবি, লাঠি বা অস্ত্রের চেয়ে অনেক বড় শক্তি হল বই এবং মানুষের চেতনা। মানুষকে সংগঠিত করার ক্ষেত্রে বইয়ের ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ। সব মিলিয়ে, বইকে হাতিয়ার করেই রাজ্যজুড়ে জনসংযোগ বাড়ানোর উদ্যোগ নিয়েছে সিপিএম।

নভেম্বর ১৫, ২০২৬

Ads

You May Like

Gallery

265-year-old "Mukhopadhyay House" in Bhavanandpur, Kalnar, played vermilion on Dasami during Durga Puja
BJP candidate Locket Chatterjee campaigned on the banks of the Ganges from Chandannagar Ranighat to Triveni Ghat wishing New Year.
A living depiction of history with a touch of color, everyone is enthralled by the initiative of the Eastern Railway
Sucharita Biswas actress and model on Durga Puja
Lord Kalabau came up in palanquin; Navapatrika walked towards the mandap - the puja started
On Sunday, the 'Hilsa festival' is celebrated in the city with great joy.
Check out who has joined Mamata's new cabinet
Take a look at the list of recipients at the Bangabibhushan award ceremony
If you are grassroots, you will get ration for free. Lakshmi Bhandar, Kanyashree, Swastha Sathi, Krishakbandhu, Oikyashree, Sabujsathi — you will get all.

Categories

  • কলকাতা
  • রাজ্য
  • দেশ
  • বিদেশ
  • রাজনীতি
  • খেলার দুনিয়া
  • বিনোদুনিয়া
  • সম্পাদকীয়
  • নিবন্ধ
  • ভ্রমণ
  • রাশিফল
  • টুকিটাকি
  • চিত্রহার
  • বিবিধ
  • ভিডিও

Company

  • About Us
  • Advertise
  • Privacy
  • Terms of Use
  • Contact Us
Copyright © 2026 Janatar Katha News Portal