শান্তিনিকেতনে পুলিশকর্মীকে গুলি করার অভিযোগে গ্রেপ্তার হওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই পুলিশের গুলিতে মৃত্যু হল অভিযুক্ত রতন শেখের। রবিবার নানুরের একটি ইটভাঁটার কাছে এই ঘটনা ঘটে বলে পুলিশ সূত্রে খবর। পুলিশের দাবি, অস্ত্র উদ্ধারের জন্য রতনকে নিয়ে যাওয়া হয়েছিল ওই এলাকায়। সেই সময় পুলিশের উপর হামলার চেষ্টা করে সে। আত্মরক্ষার জন্য পুলিশ গুলি চালায়। পরে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন। পুলিশের দাবি, রতনের বিরুদ্ধে মোট ৩৬টি মামলা ছিল।
এই ঘটনায় নতুন করে চাঞ্চল্য ছড়িয়েছে রাজ্যজুড়ে। এনকাউন্টারের খবর সামনে আসতেই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, ‘‘বাংলায় খুনি, ধর্ষকদের কোনও জায়গা নেই। পুলিশকে গুলি করলে যা করার, তাই করা হবে। গুলি করলে ওরা কী বাতাসা খাওয়াবে নাকি!’’
ঘটনার সূত্রপাত শুক্রবার সন্ধ্যায়। পুলিশ সূত্রে খবর, গোপন সূত্রে খবর আসে, কুখ্যাত দুষ্কৃতী রতন শেখ শান্তিনিকেতনের লাইক বাজার এলাকায় রয়েছে। তাকে ধরতে সাদা পোশাকে মোটরবাইকে সেখানে পৌঁছন শান্তিনিকেতন থানার তিন পুলিশকর্মী। অভিযোগ, রতনকে ধরার কাছাকাছি পৌঁছে গিয়েছিলেন তাঁরা। সেই সময় রতন আগ্নেয়াস্ত্র থেকে গুলি চালায়। গুলিতে পায়ে গুরুতর জখম হন কনস্টেবল বিশ্বজিৎ দাস।
আহত পুলিশকর্মীকে প্রথমে বোলপুর মহকুমা হাসপাতালে ভর্তি করানো হয়। শনিবার রাতে তাঁকে দেখতে হাসপাতালে যান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সেখানেই তিনি বলেছিলেন, ‘‘পুলিশকর্মীর রক্ত বৃথা যাবে না।’’
এর পর রবিবার দুপুরে গ্রেপ্তার করা হয় রতন শেখকে। কিন্তু তার কয়েক ঘণ্টার মধ্যেই পরিস্থিতি বদলে যায়। পুলিশের দাবি, জিজ্ঞাসাবাদের সময় রতন জানায়, নানুরের চারকল গ্রামের কাছে একটি ইটভাঁটায় অস্ত্র লুকিয়ে রাখা রয়েছে। সেই অস্ত্র উদ্ধারের জন্য তাকে নিয়ে সেখানে যায় পুলিশ।
পুলিশের অভিযোগ, ওই এলাকায় পৌঁছনোর পর রতন সঙ্গে থাকা আগ্নেয়াস্ত্র দিয়ে পুলিশকর্মীদের উপর হামলার চেষ্টা করে। তখন আত্মরক্ষার জন্য গুলি চালায় পুলিশ। সেই গুলিতেই মৃত্যু হয় রতনের।
বোলপুর হাসপাতালের চিকিৎসক গৌরব তরফদার জানান, বিকেল ৫টা ৪৫ মিনিটে নানুর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে রতন শেখকে মৃত বলে ঘোষণা করা হয়। তাঁর কথায়, পুলিশের গুলিতে মৃত্যুর কথা প্রেসক্রিপশনে উল্লেখ রয়েছে। তবে মৃত্যুর প্রকৃত কারণ এবং অন্যান্য বিস্তারিত তথ্য ময়নাতদন্তের পরেই জানা যাবে।
উল্লেখ্য, রাজ্যে ক্ষমতায় আসার আগে থেকেই অপরাধীদের বিরুদ্ধে কড়া পদক্ষেপের কথা বলে আসছিলেন শুভেন্দু অধিকারী। মুখ্যমন্ত্রী হওয়ার পরেও একাধিকবার সেই বার্তা দিয়েছেন তিনি। রতন শেখের মৃত্যুর পর রাজ্যে এনকাউন্টারের ঘটনা নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। দাবি করা হচ্ছে, গত ছয় মাসে এই নিয়ে বাংলায় পাঁচটি এনকাউন্টারের ঘটনা ঘটল।
- More Stories On :
- Encounter
- Ratan Sheikh
- Birbhum

