‘হাসপাতালে গুন্ডামি বরদাস্ত নয়’, আট ইন্টার্নের বিক্ষোভ ঘিরে কলকাতা মেডিক্যালকে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর
আট ইন্টার্ন চিকিৎসককে শোকজ করার প্রতিবাদে দফায় দফায় বিক্ষোভে উত্তপ্ত কলকাতা মেডিক্যাল কলেজ। এই আন্দোলনের নেপথ্যে বামেদের দায়ী করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। হাসপাতাল চত্বরে কোনও ধরনের বিশৃঙ্খলা বরদাস্ত করা হবে না বলে স্পষ্ট জানিয়ে দিলেন তিনি। প্রয়োজন হলে কয়েক সেকেন্ডের মধ্যেই পুলিশ পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন মুখ্যমন্ত্রী।বৃহস্পতিবার এই প্রসঙ্গে শুভেন্দু বলেন, আমার সঙ্গে স্বাস্থ্যমন্ত্রীর কথা হয়েছে। পরিস্থিতির উপর নজর রাখছি। অধ্যক্ষ যা সাহায্য চাইবেন, প্রশাসনের তরফে সব রকম সাহায্য করা হবে। হাসপাতালে গুন্ডামি বরদাস্ত করা হবে না। কমিউনিস্টদের নৈরাজ্য তৈরির জায়গা মেডিক্যাল কলেজ নয়। স্পষ্ট বলে দিচ্ছি, কর্তৃপক্ষ পুলিশের সাহায্য চাইলে কয়েক সেকেন্ড লাগবে। পুলিশ যা করার করবে।শুধু কলকাতা মেডিক্যাল কলেজ নয়, কলেজ স্ট্রিটের অশান্তি নিয়েও বামেদের নিশানা করেন মুখ্যমন্ত্রী। তাঁর অভিযোগ, ভোটে জেতার ক্ষমতা নেই বলেই বইয়ের স্টল নিয়ে রাজনীতি করছে বামেরা।উল্লেখ্য, দুর্গাপুজোর সপ্তমীর দিন চোরবাগানে ঠাকুর দেখতে গিয়ে পদপিষ্ট হয়ে মৃত্যু হয় ১৯ জনের। তাঁদের দেহ নিয়ে আসা হয়েছিল কলকাতা মেডিক্যাল কলেজে। সেই সময় হাসপাতালের চিকিৎসা পরিকাঠামো নিয়ে প্রশ্ন তোলেন কয়েক জন জুনিয়র চিকিৎসক। সাংবাদিক বৈঠক করে তাঁদের অভিযোগ ছিল, বড় কোনও দুর্ঘটনা ঘটলে জরুরি পরিস্থিতিতে চিকিৎসা করার মতো পর্যাপ্ত পরিকাঠামো এই শতাব্দীপ্রাচীন হাসপাতালে নেই।কর্মরত অবস্থায় সংবাদমাধ্যমের সামনে এ ধরনের মন্তব্য করা শৃঙ্খলাভঙ্গ বলে মনে করেছে স্বাস্থ্য দফতর। সেই কারণে মঙ্গলবার আট জন জুনিয়র চিকিৎসককে শোকজ করা হয়। এর পরেই বুধবার সকাল থেকে প্রতিবাদে নামেন কলকাতা মেডিক্যাল কলেজের জুনিয়র ডাক্তার ও ইন্টার্নরা।বিক্ষোভকারীদের প্রশ্ন, ঠিক কী কারণে তাঁদের আট সহপাঠিকে শোকজ করা হয়েছে, তা স্পষ্ট করতে হবে। পাশাপাশি, যে তদন্ত কমিটির সুপারিশের ভিত্তিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে, সেই কমিটির রিপোর্টও দেখতে চান তাঁরা। এই দাবিতে কলেজ কাউন্সিলের বৈঠক হয়। অন্য দিকে, অধ্যক্ষের ঘরের বাইরে অবস্থান বিক্ষোভ চালিয়ে যান পড়ুয়ারা।বুধবার রাতে সাংবাদিক বৈঠক করে ইন্টার্ন চিকিৎসকদের দাবি, কলেজের সুপার তাঁদের জানিয়েছেন, স্বাস্থ্যভবনের নির্দেশেই আট জনকে শোকজ করা হয়েছে। উচ্চতর কর্তৃপক্ষের চাপেই এই পদক্ষেপ করতে হয়েছে বলে অভিযোগ তাঁদের।এ দিকে, অধ্যক্ষকে কেন ঘেরাও করা হবে, সেই প্রশ্ন তুলে বিক্ষোভকারী পড়ুয়াদের সঙ্গে সংঘাতে জড়ান এবিভিপির সদস্যরা। ফলে নতুন করে উত্তেজনা ছড়ায় কলেজ চত্বরে। সব মিলিয়ে আট ইন্টার্নকে শোকজের ঘটনাকে কেন্দ্র করে কলকাতা মেডিক্যাল কলেজে অশান্তি অব্যাহত। এর মধ্যেই মুখ্যমন্ত্রীর পুলিশি পদক্ষেপের হুঁশিয়ারি ঘিরে নতুন করে চর্চা শুরু হয়েছে।

