কাশ্মীরে ফের জঙ্গি হামলার ঘটনা। উৎসবের মরশুমে কুলগামে সিআরপিএফ ক্যাম্প লক্ষ্য করে গুলি চালাল এক জঙ্গি। দুপুরে আচমকা এই হামলায় আহত হয়েছেন তিন জন সিআরপিএফ জওয়ান। তাঁদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করানো হয়েছে। ঘটনার পর থেকেই গোটা এলাকা ঘিরে তল্লাশি শুরু করেছে পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী।
জানা গিয়েছে, কুলগামের আখরান এলাকায় সিআরপিএফের ৪৭ নম্বর ব্যাটালিয়নের ক্যাম্প রয়েছে। দুপুর ২টো ১৫ মিনিট নাগাদ সেখানে নাকা তল্লাশি চলছিল। সেই সময় একটি বাইকে চেপে এসে ক্যাম্প লক্ষ্য করে গুলি চালায় এক হামলাকারী। আচমকা গুলিতে আহত হন তিন জওয়ান। হামলার পরই ঘটনাস্থলে পৌঁছয় কুইক রিঅ্যাকশন টিম। তবে হামলাকারীকে এখনও গ্রেফতার করা যায়নি।
ঘটনার পর গোটা এলাকা ঘিরে ফেলেছে পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী। হামলাকারীর খোঁজে শুরু হয়েছে তল্লাশি। এলাকার বিভিন্ন জায়গায় চিরুনি তল্লাশি চালানো হচ্ছে। কী ভাবে হামলাকারী নিরাপত্তা বাহিনীর নজর এড়িয়ে পালাল, তা খতিয়ে দেখা হচ্ছে।
এই হামলার নেপথ্যে লতিফ মহম্মদ ভাটের নাম উঠে আসছে বলে জানা গিয়েছে। তিনটি নাশকতার ঘটনায় তাঁর যোগ রয়েছে বলে অভিযোগ। দীর্ঘদিন ধরেই তাঁর খোঁজ করছেন গোয়েন্দারা। কুলগামের এই হামলার সঙ্গে তাঁর কোনও যোগ রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।
- More Stories On :
- Terrorist Attack
- Jammu And Kashmir
- CRPF Jawan

