অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্মদিনের রাতে কালীঘাটে উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়েছিল। সাংসদের সঙ্গে বচসায় জড়িয়েছিলেন কালীঘাট থানার ওসি বলাই বাগ। সেই ঘটনার কয়েক দিন পরেই ভবানীপুরে মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাই বাবুনের কালীপুজোয় হাজির হলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। পুজো শেষে সোজা চলে গেলেন কালীঘাট থানায়। সেখানে ওসি বলাই বাগের সঙ্গে বেশ কিছুক্ষণ কথা বলেন তিনি। সূত্রের খবর, পুলিশকর্তাকে আশ্বস্ত করে এসেছেন মুখ্যমন্ত্রী। তাঁর বার্তা, ভয় না পেয়ে সাহসের সঙ্গে নিজের দায়িত্ব পালন করতে হবে।
মঙ্গলবার সন্ধ্যায় ভবানীপুরে বাবুনের ক্লাবের কালীপুজোয় উপস্থিত হয়েছিলেন শুভেন্দু। কয়েক দিন আগেই ওই এলাকায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন ঘিরে উত্তেজনা ছড়িয়েছিল। রাতভর সরগরম ছিল কালীঘাটের এলাকা। সেই সময় অভিষেকের সঙ্গে কালীঘাট থানার পুলিশ আধিকারিকদের বচসা হয়। বচসায় সামনের সারিতে ছিলেন ওসি বলাই বাগ।
মঙ্গলবার কালীপুজো থেকে বেরিয়ে সোজা কালীঘাট থানায় যান শুভেন্দু। তাঁর সঙ্গে ছিলেন কলকাতার পুলিশ কমিশনার অজয় নন্দা। থানায় যাওয়ার কারণ জানতে চাইলে মুখ্যমন্ত্রী জানান, চায়ের আমন্ত্রণ পেয়েই সেখানে গিয়েছেন তিনি। থানার ভিতরে বেশ কিছুক্ষণ সময় কাটান শুভেন্দু। কথা বলেন ওসি বলাই বাগের সঙ্গে।
সূত্রের খবর, ওই পুলিশ আধিকারিককে সাহস জুগিয়েছেন মুখ্যমন্ত্রী। দায়িত্ব পালনের সময় কোনও রকম ভয় না পেয়ে দৃঢ় থাকার পরামর্শ দিয়েছেন তিনি। ‘ভয় পাবেন না, আমি সঙ্গে আছি’ বলেও আশ্বাস দিয়েছেন বলে জানা গিয়েছে। চোখে চোখ রেখে নিজের কাজ করার বার্তাও দিয়েছেন শুভেন্দু।
উল্লেখ্য, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্মদিনের রাতে তাঁর বাড়ির সামনে পুলিশ আধিকারিকদের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন সাংসদ এবং তাঁর অনুগামীরা বলে জানা গিয়েছে। সেই সময় কালীঘাট থানার ওসি বলাই বাগের সঙ্গে অভিষেকের তীব্র কথা কাটাকাটি হয়। ওই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক মহলেও আলোচনা শুরু হয়েছিল। তার পরেই মঙ্গলবার কালীঘাট থানায় গিয়ে সেই ওসি-র সঙ্গে মুখ্যমন্ত্রীর সাক্ষাৎ ঘিরে নতুন করে চর্চা শুরু হয়েছে।
- More Stories On :
- CM Suvendu Adhikari
- Kalighat PS OC
- Abhishek Banerjee

