ছবিতে বাংলাদেশের ঢাকার বস্তি। অথচ সমাজমাধ্যমে সেই ছবি ও ভিডিয়ো প্রচার করে দাবি করা হচ্ছে, সেগুলি নাকি নয়াদিল্লির বাস্তব ছবি! চিনা ভ্লগারদের বিরুদ্ধে এমনই অভিযোগ উঠেছে। এই ঘটনাকে কেন্দ্র করে সরব হয়েছে ভারত। বাংলাদেশের মাটিতে বসে ভারতের ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা কোনও ভাবেই মেনে নেওয়া হবে না বলে স্পষ্ট জানিয়েছে নয়াদিল্লি। শুধু প্রতিবাদ জানানোই নয়, এই প্রচারের সঙ্গে যুক্ত চিনা নাগরিকদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নেওয়ার জন্য বাংলাদেশ সরকারের কাছে আর্জি জানিয়েছে ভারতের বিদেশমন্ত্রক।
মঙ্গলবার সাংবাদিক বৈঠকে এই বিষয়টি নিয়ে মুখ খোলেন বিদেশমন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল। তিনি বলেন, কোনও দেশের ভুল ও বিকৃত ছবি তুলে ধরে মানুষের মধ্যে বিভ্রান্তি ছড়ানো কখনওই মেনে নেওয়া যায় না। তাঁর কথায়, মিথ্যা প্রচার করে কোনও লাভ হবে না। বরং যাঁরা এই ধরনের প্রচার করছেন, তাঁদের উদ্দেশ্য নিয়েই প্রশ্ন উঠবে।
বিদেশমন্ত্রকের দাবি, চিনা ভ্লগারদের একটি দল বাংলাদেশের রাজধানী ঢাকার বিভিন্ন বস্তি এলাকায় ঘুরে সেখানকার দারিদ্র্য এবং নাগরিক পরিষেবার খারাপ অবস্থার ছবি ও ভিডিয়ো তুলছে। পরে সেই ছবি ও ভিডিয়োই ভারতের রাজধানী নয়াদিল্লির বলে সমাজমাধ্যমে ছড়িয়ে দেওয়া হচ্ছে। এর ফলে আন্তর্জাতিক মহলে ভারতের ভাবমূর্তি নষ্ট করার পাশাপাশি দেশের আর্থিক ও সামাজিক উন্নয়ন নিয়েও ভুল ধারণা তৈরি হতে পারে বলে মনে করছে নয়াদিল্লি।
এই ঘটনায় যথেষ্ট ক্ষুব্ধ ভারত। বিদেশমন্ত্রকের বক্তব্য, অন্য দেশের ছবি ভারতের বলে প্রচার করে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা অত্যন্ত দুর্ভাগ্যজনক। বাংলাদেশের মাটিতে বসে ভারতের বিরুদ্ধে এমন প্রচার চলতে দেওয়া যায় না। তাই এই ঘটনার সঙ্গে যুক্ত চিনা নাগরিকদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য ঢাকার কাছে আবেদন জানিয়েছে নয়াদিল্লি।
এই প্রচারের পিছনে কোনও সংগঠিত গোষ্ঠী কাজ করছে কি না, তা নিয়েও প্রশ্ন উঠেছে। তবে এর পিছনে কোনও রাষ্ট্রের সরাসরি মদত রয়েছে, এমন কোনও প্রমাণ এখনও সামনে আসেনি।
এখন নজর বাংলাদেশের সরকারের পদক্ষেপের দিকে। ভারতের এই কূটনৈতিক বার্তার পর ঢাকা কী ব্যবস্থা নেয়, তা নিয়েই তৈরি হয়েছে কৌতূহল। দুই দেশের কূটনৈতিক সম্পর্কের ক্ষেত্রে এই ঘটনা নতুন করে কোনও প্রভাব ফেলে কি না, সেটাও দেখার।
- More Stories On :
- Chinese Vloggers
- Dhaka
- India

