১৯৯৬ সালে প্রধানমন্ত্রী হওয়ার সুযোগ এসেছিল জ্যোতি বসুর সামনে। কিন্তু দলের সিদ্ধান্ত মেনে সেই প্রস্তাব ফিরিয়ে দিয়েছিলেন তিনি। ফলে ভারতের প্রথম বাঙালি প্রধানমন্ত্রী হওয়ার সুযোগ হাতছাড়া হয় তাঁর। এ বার আরও এক বাঙালি নেতার প্রধানমন্ত্রী হওয়ার ইচ্ছা নিয়ে চাঞ্চল্যকর দাবি করলেন কংগ্রেস নেত্রী সনিয়া গান্ধী। তাঁর দাবি, ২০১০ সালে প্রধানমন্ত্রী হওয়ার ইচ্ছার কথা ঘুরিয়ে বুঝিয়ে দিয়েছিলেন প্রণব মুখোপাধ্যায়। নিজের নতুন স্মৃতিকথা ‘বিলংগিং: আ জার্নি অফ লাভ’ বইয়ে এই ঘটনার কথা লিখেছেন সনিয়া।
সনিয়ার দাবি, ২০১০ সালে তৎকালীন প্রধানমন্ত্রী মনমোহন সিংকে সরিয়ে দেওয়ার পরামর্শ দিয়েছিলেন প্রণব। সেই সময় কেন্দ্রীয় অর্থমন্ত্রী পি চিদম্বরমের সঙ্গে প্রণবের মতবিরোধ চরমে উঠেছিল। নিজের অসন্তোষের কথা জানাতে এক দিন সনিয়ার সঙ্গে দেখা করেন প্রণব। আলোচনার সময় তিনি জানান, এ বার একেবারে শীর্ষ পদে পরিবর্তন আনার সময় এসেছে।
প্রণবের এই কথা শুনে অবাক হয়ে গিয়েছিলেন সনিয়া। তাঁর মনে হয়েছিল, আসলে প্রধানমন্ত্রী হওয়ার ইচ্ছার কথাই ঘুরিয়ে জানাচ্ছেন প্রণব। তবে পরিস্থিতি বুঝে সুকৌশলে আলোচনার বিষয় বদলে দেন তিনি। সনিয়ার কথায়, এতে হতাশ হয়েছিলেন প্রণব। যদিও নিজের বিরক্তি বা হতাশা প্রকাশ করেননি তিনি।
স্মৃতিকথায় সনিয়া আরও জানিয়েছেন, সংসদে কোন বিষয় নিয়ে আলোচনা হবে, তা ঠিক করার জন্য কংগ্রেসের একটি বিশেষ দল তৈরি করা হয়েছিল। কিন্তু সেই দলের বৈঠকে মাঝেমধ্যেই উপস্থিত থাকতেন না প্রণব। অথচ কংগ্রেসের নেতৃত্বাধীন সরকারের আমলে একাধিক গুরুত্বপূর্ণ দায়িত্ব সামলেছেন তিনি। সনিয়ার মতে, প্রণব নিজেকে প্রধানমন্ত্রী হওয়ার যোগ্য প্রার্থী বলেই মনে করতেন।
প্রণব মুখোপাধ্যায় সম্পর্কে নিজের বইয়ে বেশ কিছু ব্যক্তিগত অভিজ্ঞতার কথাও তুলে ধরেছেন সনিয়া। তাঁর দাবি, প্রণবের মেজাজ কিছুটা চড়া ছিল। খুব তাড়াতাড়ি রেগে যেতেন তিনি। সনিয়ার কথায়, “তাঁর মেজাজের সমস্যা ছিল। অতি দ্রুত রেগে লাল হয়ে যেতেন প্রণব মুখোপাধ্যায়।”
উল্লেখ্য, ইউপিএ-২ সরকারের আমলে ২০১২ সালে রাষ্ট্রপতি নির্বাচিত হন প্রণব মুখোপাধ্যায়। তিনিই ছিলেন দেশের প্রথম বাঙালি রাষ্ট্রপতি। তবে তাঁকে রাষ্ট্রপতি পদে বসিয়ে সক্রিয় রাজনীতি থেকে সরিয়ে দেওয়া হয়েছিল কি না, তা নিয়ে রাজনৈতিক মহলে বহু দিন ধরেই আলোচনা রয়েছে।
অন্য দিকে, ইউপিএ সরকারকে নেপথ্য থেকে পরিচালনা করার অভিযোগও নিজের বইয়ে খারিজ করেছেন সনিয়া। তাঁর বক্তব্য, তিনি সব সময় স্পষ্ট করে দিয়েছিলেন যে মনমোহন সিংই দেশের প্রধানমন্ত্রী। কংগ্রেস সভানেত্রী হিসেবে প্রধানমন্ত্রীর সঙ্গে নিজের মতামত ভাগ করে নেওয়ার অধিকার তাঁর ছিল। প্রয়োজনে মনমোহনের সঙ্গে মতপার্থক্যও জানাতেন তিনি। কিন্তু তার অর্থ এই নয় যে, তিনি সরকারের হয়ে সিদ্ধান্ত নিতেন।
সনিয়ার নতুন বই প্রকাশের পর তাঁকে আক্রমণ করেছে বিজেপি। বিজেপির জাতীয় মুখপাত্র সি আর কেশবন সমাজমাধ্যমে প্রশ্ন তুলেছেন, প্রয়াত কে নটবর সিংয়ের বই প্রকাশের আগে তাঁর বাড়িতে সনিয়া গান্ধীর আকস্মিক যাওয়ার পিছনে কী কারণ ছিল, তা-ও কি নিজের স্মৃতিকথায় প্রকাশ করবেন কংগ্রেস নেত্রী? তাঁর এই মন্তব্য ঘিরেও রাজনৈতিক মহলে আলোচনা শুরু হয়েছে।
- More Stories On :
- Sonia Gandhi
- Pranab Mukherjee
- Prime Minister

