হোয়াইট হাউসের কাছে আচমকাই এলোপাথাড়ি গুলি! পাঁচজনকে লক্ষ্য করে হামলা, কী ঘটল ওয়াশিংটনে?
মার্কিন প্রেসিডেন্টের সরকারি বাসভবন হোয়াইট হাউসের কাছেই ভয়াবহ গুলিকাণ্ড। ওয়াশিংটন ডিসির লোগান সার্কেল এলাকায় বন্দুকবাজের হামলায় পাঁচ জন গুলিবিদ্ধ হয়েছেন। তাঁদের মধ্যে এক জনের মৃত্যু হয়েছে। বাকি চার জন আহত। অন্য দিকে, পুলিশের উপস্থিতি টের পেয়ে এক সন্দেহভাজন বন্দুকধারী নিজেকেও গুলি করে আত্মহত্যার চেষ্টা করেন বলে প্রাথমিক ভাবে জানা গিয়েছে। এই ঘটনার পর হোয়াইট হাউসের নিরাপত্তা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে। পরিস্থিতি সামাল দিতে ওই এলাকার নিরাপত্তা বাড়ানো হয়েছে। সতর্কতামূলক ব্যবস্থা হিসাবে বেশ কয়েকটি রাস্তা বন্ধ করে দিয়েছে পুলিশ।প্রাথমিক তথ্য অনুযায়ী, ওয়াশিংটন ডিসির ১৫তম স্ট্রিট ও পি স্ট্রিটের উত্তর-পশ্চিম অংশে একটি শরীরচর্চা কেন্দ্রের বাইরে গুলি চালানোর ঘটনা ঘটে। এই ঘটনায় পাঁচ জন গুলিবিদ্ধ হন। পরে তাঁদের মধ্যে এক জনের মৃত্যু হয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। সেই সময় সন্দেহভাজন বন্দুকধারী নিজেকেও গুলি করেন বলে খবর।এখনও ঘটনাস্থলে পুলিশের অভিযান চলছে। স্থানীয় বাসিন্দা ও পথচারীদের ১৫তম স্ট্রিটের ১৫০০ ব্লকের আশপাশে না যাওয়ার পরামর্শ দিয়েছে প্রশাসন। ওই এলাকার বড় অংশ ঘিরে রেখেছে পুলিশ। বন্ধ করে দেওয়া হয়েছে আশপাশের একাধিক রাস্তা। ফলে যান চলাচলেও প্রভাব পড়েছে।ওয়াশিংটন ডিসি পুলিশ জানিয়েছে, পরিস্থিতি স্বাভাবিক করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যেরা কাজ করছেন। এক জনের মৃত্যু এবং চার জনের আহত হওয়ার খবর নিশ্চিত করা হয়েছে। তবে আহতদের শারীরিক অবস্থা সম্পর্কে বিস্তারিত কিছু জানানো হয়নি। সন্দেহভাজন বন্দুকধারীর পরিচয় কী, কেন তিনি হামলা চালালেন, কিংবা এই ঘটনায় অন্য কেউ জড়িত রয়েছেন কি না, তা এখনও স্পষ্ট নয়।প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, অভিযুক্ত প্রথমে ওই এলাকার একটি শরীরচর্চা কেন্দ্রের ভিতরে গুলি চালান। তার পর বাইরে বেরিয়ে রাস্তায় ফের এলোপাথাড়ি গুলি চালাতে শুরু করেন। ওই এলাকায় একটি জিম, সেন্ট লিউকস এপিসকোপাল চার্চ এবং বেশ কয়েকটি আবাসন রয়েছে। কাছেই রয়েছে একটি সুপারমার্কেটও। ফলে ব্যস্ত এলাকায় এই গুলিকাণ্ডে আতঙ্ক ছড়িয়েছে।তবে এই হামলার সঙ্গে সন্ত্রাসবাদী কার্যকলাপের কোনও যোগ রয়েছে কি না, তা এখনও নিশ্চিত করেনি প্রশাসন। হামলার উদ্দেশ্য সম্পর্কেও কিছু জানানো হয়নি।উল্লেখ্য, গত সোমবার হোয়াইট হাউসের উল্টো দিকে লাফায়েট স্কোয়ারে একটি গাড়ি গিয়ে রাস্তার সাইনবোর্ডের খুঁটিতে ধাক্কা মারে। ঘটনাটি নিছক দুর্ঘটনা, নাকি এর পিছনে অন্য কোনও কারণ রয়েছে, তা খতিয়ে দেখছে পুলিশ। ওই ঘটনার পর নিরাপত্তার কারণে হোয়াইট হাউস এবং সংলগ্ন এলাকা সাময়িক ভাবে বন্ধ করে দেওয়া হয়েছিল। ঘটনার সময় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউসেই ছিলেন।তার পর বৃহস্পতিবার ফের হোয়াইট হাউসের কাছাকাছি এলাকায় গুলির ঘটনায় মার্কিন রাজধানীর নিরাপত্তা ব্যবস্থা নিয়ে উদ্বেগ বেড়েছে। পরপর এমন ঘটনায় প্রশাসনের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠছে। এর মধ্যেই নিউ ইয়র্কে একটি বহুতল ভেঙে আট জনের মৃত্যুর খবর সামনে এসেছে। সব মিলিয়ে একাধিক ঘটনায় উদ্বেগ ছড়িয়েছে মার্কিন মুলুকে।

