সরকারি চাকরির আবেদনে আর দিতে হবে না টাকা! বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, উপকৃত হবেন কারা?
সরকারি চাকরির আবেদন করতে আর দিতে হবে না কোনও টাকা। রাজ্যের চাকরিপ্রার্থীদের জন্য বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সরকারি চাকরির পরীক্ষায় আবেদন করার জন্য যে ফি দিতে হত, তা পুরোপুরি মকুব করার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। সোমবার নবান্নে মন্ত্রিসভার বৈঠকের পর এই ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। তাঁর এই সিদ্ধান্তে স্বাভাবিক ভাবেই স্বস্তি পেয়েছেন সরকারি চাকরির প্রস্তুতি নেওয়া যুবক-যুবতীরা।মুখ্যমন্ত্রী জানান, এত দিন সরকারি চাকরির বিভিন্ন পরীক্ষায় আবেদন করতে প্রার্থীদের নির্দিষ্ট পরিমাণ টাকা দিতে হত। সাধারণ বিভাগের প্রার্থীদের ক্ষেত্রে কলেজ সার্ভিস কমিশনের পরীক্ষায় আবেদনের ফি সবচেয়ে বেশি। অন্য দিকে, পুলিশ নিয়োগের পরীক্ষায় আবেদন করতে দিতে হত ৫০০ টাকা। এ বার থেকে আর সেই টাকা দিতে হবে না চাকরিপ্রার্থীদের। আবেদন ফি-র পুরো খরচ বহন করবে রাজ্য সরকার।এই সিদ্ধান্তের কারণ ব্যাখ্যা করে শুভেন্দু বলেন, চাকরির নামে টাকা নেওয়া অপরাধ এবং সংকীর্ণতার পরিচয়। তাঁর বক্তব্য, বেকার যুবক-যুবতীদের চাকরির পরীক্ষায় বসার জন্য নিজের পকেট থেকে টাকা খরচ করতে হবে না। রাজ্য সরকারই সেই খরচ বহন করবে।শুধু আবেদন ফি মকুব নয়, এ দিন মন্ত্রিসভার বৈঠকের পর বিভিন্ন সরকারি দফতরে নিয়োগের কথাও জানান মুখ্যমন্ত্রী। তাঁর ঘোষণা, স্বাস্থ্য-সহ রাজ্যের বিভিন্ন দফতরে মোট ১০ হাজার ১৪৭ জন কর্মী নিয়োগ করা হবে। এর মধ্যে কিছু পদে চুক্তির ভিত্তিতেও নিয়োগ হবে।মুখ্যমন্ত্রী আরও জানান, রাজ্য সরকারের লক্ষ্য মোট এক লক্ষ কর্মসংস্থানের ব্যবস্থা করা। আগামী ডিসেম্বর মাসে ১ হাজার ৩৩১ জনের হাতে নিয়োগপত্র তুলে দেওয়া হবে। পাশাপাশি, ২৬ হাজার চাকরি বাতিলের মামলায় সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে জানুয়ারির মধ্যে ধাপে ধাপে নিয়োগ প্রক্রিয়া শেষ করার চেষ্টা করা হবে বলেও জানিয়েছেন তিনি।উল্লেখ্য, বিধানসভা নির্বাচনের আগে বিজেপি নেতারা বারবার প্রতিশ্রুতি দিয়েছিলেন, রাজ্যে ক্ষমতায় এলে সরকারি চাকরিতে নতুন করে নিয়োগ শুরু হবে। বেকারত্ব কমাতে বিশেষ উদ্যোগ নেওয়া হবে। ক্ষমতায় আসার পর প্রথম মন্ত্রিসভার বৈঠকেই চাকরিপ্রার্থীদের বয়সের ঊর্ধ্বসীমা পাঁচ বছর বাড়ানোর সিদ্ধান্তের কথা জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী।সরকারের যুক্তি ছিল, আগের সরকারের আমলে দীর্ঘদিন নিয়োগ না হওয়ায় বহু যুবক-যুবতী সরকারি চাকরির পরীক্ষায় বসার সুযোগ হারিয়েছেন। সেই সমস্যা মেটাতেই বয়সের ঊর্ধ্বসীমা বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নতুন নিয়মে গ্রুপ এ পদের ক্ষেত্রে আবেদনের সর্বোচ্চ বয়সসীমা করা হয়েছে ৪১ বছর। গ্রুপ বি পদের ক্ষেত্রে তা ৪৪ বছর এবং গ্রুপ সি ও ডি পদের ক্ষেত্রে ৪৫ বছর।এ বার সরকারি চাকরির আবেদন ফি পুরোপুরি মকুবের ঘোষণায় চাকরিপ্রার্থীদের জন্য আরও একটি বড় সুবিধা তৈরি হল। নিয়োগের সংখ্যা বাড়ানোর পাশাপাশি পরীক্ষায় আবেদন করার আর্থিক চাপও কমাতে চাইছে রাজ্য সরকার। তবে এই সিদ্ধান্ত কবে থেকে এবং কোন কোন নিয়োগের ক্ষেত্রে কার্যকর হবে, সে বিষয়ে বিস্তারিত সরকারি বিজ্ঞপ্তির দিকে তাকিয়ে রয়েছেন চাকরিপ্রার্থীরা।

