রাজ্যে আরও ৫০০টি ‘মা আহার’ ক্যান্টিন চালু করার সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। এর ফলে রাজ্যে এই ক্যান্টিনের সংখ্যা বেড়ে হবে ১,০০০। কলকাতার পাশাপাশি জেলার বিভিন্ন জনবহুল এলাকাতেও চালু হবে এই ক্যান্টিন। হাসপাতাল, আদালত, সরকারি দফতর, বাসস্ট্যান্ড, জেটিঘাট, বড় বাজার এবং গুরুত্বপূর্ণ যাতায়াতের জায়গাগুলিতে এই পরিষেবা পৌঁছে দেওয়ার পরিকল্পনা করেছে রাজ্য সরকার। একই সঙ্গে এ বার থেকে মা আহার ক্যান্টিনে নিরামিষ বা সাত্ত্বিক খাবারও পাওয়া যাবে। সোমবার নিউটাউনে গৌরী মেলার উদ্বোধনে গিয়ে এই ঘোষণা করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
মুখ্যমন্ত্রী জানান, বর্তমানে রাজ্যজুড়ে স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের পরিচালনায় ৫০০টি মা আহার ক্যান্টিন চলছে। সেখানে মাত্র ৫ টাকায় খাবার পান সাধারণ মানুষ। এই প্রকল্পে অতিরিক্ত ১৩৪ কোটি টাকা বরাদ্দ করে সপ্তাহে দু’দিন মাছের ব্যবস্থা করা হয়েছে। এ বার আরও ৫০০টি ক্যান্টিন চালু করার পরিকল্পনা নেওয়া হয়েছে। এর ফলে স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের কাজের সুযোগও বাড়বে।
মা আহার ক্যান্টিনের খাবারের তালিকাতেও নতুন সংযোজন হতে চলেছে। এত দিন এই ক্যান্টিনে মাছ ও ডিম-সহ খাবারের ব্যবস্থা ছিল। এ বার তার পাশাপাশি পাওয়া যাবে নিরামিষ বা সাত্ত্বিক খাবারও। বিশেষ করে বৈষ্ণব সম্প্রদায়ের মানুষের কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী।
তিনি বলেন, বারাসত থেকে প্রথম এই ব্যবস্থা চালু করা হবে। পাশাপাশি নবদ্বীপ ও মায়াপুরের মতো বৈষ্ণব ধর্মাবলম্বী মানুষের বসবাস রয়েছে, এমন জায়গা থেকেও সাত্ত্বিক খাবারের দাবি উঠেছে। তাই বর্তমান খাবারের ব্যবস্থা বন্ধ না করে অতিরিক্ত বিকল্প হিসেবে নিরামিষ খাবার চালু করা হবে। এই ব্যবস্থার জন্য অর্থ দফতর থেকে অতিরিক্ত টাকা বরাদ্দ করা হবে বলেও জানিয়েছেন তিনি।
মহিলাদের স্বনির্ভর করার লক্ষ্যেও একাধিক পরিকল্পনার কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী। এত দিন স্বনির্ভর গোষ্ঠীর তৈরি হস্তশিল্প, খাবার, মশলা-সহ বিভিন্ন সামগ্রী নিয়ে সবলা মেলার আয়োজন করা হত। রাজ্যে সরকার পরিবর্তনের পর সেই মেলার নতুন নাম হয়েছে ‘গৌরী মেলা’। এ বার সেই মেলাকে আরও বড় পরিসরে নিয়ে যাওয়ার পরিকল্পনা করেছে রাজ্য সরকার।
মুখ্যমন্ত্রী জানিয়েছেন, আগামী বছর থেকে শুধু রাজ্য বা জেলা স্তরে নয়, ব্লক স্তরেও গৌরী মেলার আয়োজন করা হবে। এর ফলে গ্রামের মহিলাদের তৈরি বিভিন্ন সামগ্রী আরও বেশি মানুষের কাছে পৌঁছবে। তাঁদের আয় ও কর্মসংস্থানের সুযোগও বাড়বে।
স্বনির্ভর গোষ্ঠীগুলির আর্থিক সাহায্য নিয়েও এ দিন বক্তব্য রাখেন মুখ্যমন্ত্রী। তাঁর দাবি, রাজ্যের ৬ লক্ষ স্বনির্ভর গোষ্ঠীর জন্য কেন্দ্রীয় সরকারের কাছ থেকে ২৫০ কোটি টাকা আনা হয়েছে। যাচাইয়ের কাজ শেষ করে ইতিমধ্যেই আড়াই লক্ষ গোষ্ঠীর ব্যাঙ্ক অ্যাকাউন্টে ১৫০ কোটি টাকা পাঠানো হয়েছে। আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে আরও গোষ্ঠীর অ্যাকাউন্টে টাকা পাঠানো হবে। এ ছাড়া কেন্দ্রীয় সরকারের সহযোগিতায় ৩০০টি ছোট প্রকল্পও চালু করা হয়েছে বলে জানিয়েছেন তিনি।
এ বছর নিউটাউনের মেলা মাঠে গৌরী মেলায় মোট ২৬০টি স্টল তৈরি করা হয়েছে। মেলার আয়োজনের জন্য ১০ কোটি টাকা বরাদ্দ করেছে রাজ্য সরকার। এ বারই প্রথম একাধিক কেন্দ্রীয় সরকারি সংস্থাও এই মেলায় অংশ নিয়েছে। আগামী ২ ডিসেম্বর পর্যন্ত চলবে নিউটাউনের এই মেলা।
এর পর বুধবার কোচবিহারের রাসমেলা মাঠে গৌরী মেলার উদ্বোধন করা হবে। সেখানেও উপস্থিত থাকার কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী। বাংলার মহিলাদের হাতে তৈরি বড়ি, আচার-সহ বিভিন্ন খাবার ও হস্তশিল্প কেনার আগ্রহ প্রকাশ করেছেন তিনি।
সব মিলিয়ে, মা আহার ক্যান্টিনের সংখ্যা বাড়ানো, সাত্ত্বিক খাবারের ব্যবস্থা এবং গৌরী মেলাকে ব্লক স্তরে ছড়িয়ে দেওয়ার পরিকল্পনার মাধ্যমে মহিলাদের কর্মসংস্থান ও স্বনির্ভরতার উপর জোর দিতে চাইছে রাজ্য সরকার।
- More Stories On :
- CM Suvendu Adhikari
- MAA Ahar,

