• ২২ কার্তিক ১৪৩৩, বুধবার ১১ নভেম্বর ২০২৬ ই-পোর্টাল

Janatar Katha

Banner Add
  • কলকাতা
  • রাজ্য
  • দেশ
  • বিদেশ
  • রাজনীতি
  • খেলার দুনিয়া
  • বিনোদুনিয়া
  • সম্পাদকীয়
  • নিবন্ধ
  • ভ্রমণ
  • রাশিফল
  • টুকিটাকি
  • চিত্রহার
  • বিবিধ
  • ভিডিও
  • এছাড়াও
    • উৎসব
    • ব্যবসা
    • স্বাস্থ্য
    • শিক্ষা
    • প্রযুক্তি
    • হেঁসেল

Government Employee

দেশ

৪৮ ঘণ্টার বেশি জেল হেফাজতে থাকলেই সাসপেন্ড! সরকারি কর্মীদের নিয়ে বড় নির্দেশ সুপ্রিম কোর্টের

কোনও আলাদা নির্দেশের প্রয়োজন নেই। কোনও সরকারি কর্মী ৪৮ ঘণ্টার বেশি বিচারবিভাগীয় হেফাজতে থাকলে তাঁকে স্বয়ংক্রিয় ভাবে সাময়িক বরখাস্ত বলে গণ্য করা হবে। একটি মামলার শুনানিতে এমনই গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ করল সুপ্রিম কোর্ট। বিচারপতি জে বি পারদিওয়ালা এবং বিচারপতি মনমোহনের বেঞ্চ জানিয়ে দিয়েছে, এই ক্ষেত্রে আলাদা করে সাসপেনশনের নির্দেশ জারির প্রয়োজন নেই।মামলাটি বিহারের। সমস্তিপুর সদর হাসপাতালের ম্যানেজার বিশ্বজিৎ সিং ওরফে বিশ্বজিৎ রামানন্দের বিরুদ্ধে ঘুষ চাওয়ার অভিযোগ উঠেছিল। অভিযোগ, এক ব্যক্তির বকেয়া ৩৬ হাজার ৪২১ টাকা মজুরি ছাড়ার জন্য তিনি ৪ হাজার টাকা ঘুষ চেয়েছিলেন। এই ঘটনায় তাঁর বিরুদ্ধে মামলা দায়ের হয়। গ্রেফতারের পর প্রায় ১৫ দিন বিচারবিভাগীয় হেফাজতে ছিলেন বিশ্বজিৎ। পরে দায়রা আদালত তাঁকে জামিন দেয়। কিন্তু প্রায় এক বছর পর সেই জামিন বাতিল করে পটনা হাই কোর্ট। হাই কোর্টের সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন বিশ্বজিৎ।মামলার শুনানিতে সুপ্রিম কোর্ট পটনা হাই কোর্টের নির্দেশ খারিজ করে দেয়। একই সঙ্গে দায়রা আদালতের জামিনের নির্দেশ বহাল রাখে। তবে শুনানির সময় সরকারি কর্মীদের সাময়িক বরখাস্তের নিয়ম নিয়েও গুরুত্বপূর্ণ কথা জানায় শীর্ষ আদালত।বেঞ্চের বক্তব্য, কোনও সরকারি কর্মী গ্রেফতারের পর ৪৮ ঘণ্টার বেশি বিচারবিভাগীয় হেফাজতে থাকলে নিয়ম অনুযায়ী তাঁকে সাময়িক বরখাস্ত বলে গণ্য করতে হবে। একে বলা হয় স্বয়ংক্রিয় সাময়িক বরখাস্ত। অর্থাৎ, এই ব্যবস্থা কার্যকর করার জন্য আলাদা করে কোনও নির্দেশ জারি করার প্রয়োজন নেই। বিশ্বজিৎ যেহেতু সরকারি কর্মী এবং ১৫ দিন বিচারবিভাগীয় হেফাজতে ছিলেন, তাই তাঁকে স্বয়ংক্রিয় ভাবে সাময়িক বরখাস্ত বলে গণ্য করতে হবে।শুনানিতে বিহার সরকারের আইনজীবী জানান, ওই কর্মীকে প্রথমে সাময়িক বরখাস্ত করা হয়েছিল। পরে সেই নির্দেশ প্রত্যাহার করে তাঁকে আবার একই হাসপাতালে, একই পদে নিয়োগ করা হয়। এই বিষয়টি নিয়েও উদ্বেগ প্রকাশ করেছে সুপ্রিম কোর্ট। বিহার সরকারকে দ্রুত বিষয়টি খতিয়ে দেখে আইন মেনে প্রয়োজনীয় পদক্ষেপ করার নির্দেশ দিয়েছে বেঞ্চ।

নভেম্বর ১০, ২০২৬
কলকাতা

মাসের শেষের অপেক্ষা নয়! আগাম বেতন তুলতে পারবেন সরকারি কর্মীরা, নয়া প্রকল্প আনল রাজ্য

চিকিৎসার খরচ, সন্তানের পড়াশোনা কিংবা হঠাৎ পারিবারিক আর্থিক সমস্যার জন্য টাকার প্রয়োজন হলে আর মাসের বেতনের জন্য অপেক্ষা করতে হবে না। রাজ্য সরকারি কর্মীদের জন্য আগাম বেতন তোলার নতুন প্রকল্প চালু করার উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার। ওয়েস্ট বেঙ্গল স্যালারি অ্যাডভান্স স্কিম নামের এই প্রকল্পে নির্দিষ্ট শর্ত মেনে আগাম টাকা পাওয়ার সুযোগ থাকবে।অর্থ দপ্তরের বিজ্ঞপ্তি অনুযায়ী, গ্রুপ এ থেকে গ্রুপ ডি পর্যন্ত বিভিন্ন স্তরের স্থায়ী সরকারি কর্মী ও আধিকারিকেরা এই সুবিধার জন্য আবেদন করতে পারবেন। অর্থ দপ্তরের ই-গভর্ন্যান্স গোষ্ঠীর মাধ্যমে পুরো ব্যবস্থাটি পরিচালিত হবে। প্রকল্পে দুধরনের সুবিধা রাখা হয়েছে। একটি স্বল্পমেয়াদি অগ্রিম এবং অন্যটি দীর্ঘমেয়াদি অগ্রিম।স্বল্পমেয়াদি অগ্রিমের ক্ষেত্রে কোনও কর্মী সংশ্লিষ্ট মাসে তাঁর মোট প্রাপ্য বেতনের সর্বোচ্চ ৫০ শতাংশ পর্যন্ত আগাম তুলতে পারবেন। তবে সেই টাকা ৬০ দিনের মধ্যে অথবা পরবর্তী বেতন চক্রের মধ্যেই ফেরত দিতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে টাকা মিটিয়ে দিলে কোনও সুদ দিতে হবে না। পাশাপাশি প্রসেসিং ফি, প্ল্যাটফর্ম ফি বা অন্য কোনও পরিষেবা বাবদ খরচও নেওয়া হবে না।তবে কর্মীর নিজের ভুলে প্রয়োজনীয় তথ্য দিতে দেরি হলে সর্বোচ্চ এক শতাংশ লেনদেন ফি নেওয়া হতে পারে। অন্যদিকে, সরকারি দফতর বা ডিডিও-র কারণে কোনও কাজে দেরি হলে কর্মীর কাছ থেকে অতিরিক্ত টাকা নেওয়া যাবে না।দীর্ঘমেয়াদি অগ্রিমের ক্ষেত্রে টাকা ফেরত দেওয়ার জন্য ২ মাস থেকে সর্বোচ্চ ৬০ মাস পর্যন্ত সময় পাওয়া যেতে পারে। তবে কর্মীর অবসরের নির্ধারিত সময়ের পরে কিস্তি চলতে পারবে না। ঋণদাতার ঝুঁকি মূল্যায়ন এবং রিজার্ভ ব্যাঙ্কের নিয়ম মেনে ঋণের পরিমাণ ঠিক হবে। বিজ্ঞপ্তি অনুযায়ী, এই ঋণের পরিমাণ কর্মীর মাসিক মোট বেতনের সর্বোচ্চ ৩০ গুণ পর্যন্ত হতে পারে।তবে ঋণের কিস্তি বা ইএমআই বাবদ প্রতি মাসে মোট বেতনের ৫০ শতাংশের বেশি কাটা যাবে না। ঋণ নেওয়ার আগে সুদের হার এবং অন্যান্য খরচের বিস্তারিত তথ্য কর্মীদের জানাতে হবে। সে জন্য কি ফ্যাক্ট স্টেটমেন্ট দেওয়া হবে। নির্ধারিত সময়ের আগেই পুরো টাকা শোধ করে দিলেও কোনও অতিরিক্ত ফি দিতে হবে না।এই প্রকল্পে একসঙ্গে একটির বেশি অগ্রিমের সুবিধা নেওয়া যাবে না। আগের অগ্রিমের পুরো টাকা শোধ করার পরেই নতুন করে আবেদন করা যাবে। পুরো ব্যবস্থাটি রাজ্যের ডব্লিউবিআইএফএমএস এবং এইচআরএমএস পোর্টালের সঙ্গে যুক্ত থাকবে। কর্মীর ডিজিটাল সম্মতি নিয়ে তাঁর বেতন থেকে সরাসরি কিস্তির টাকা কেটে নেওয়া হবে। কোনও কর্মী চাকরি ছেড়ে দিলে বা অবসর নিলে তাঁর চূড়ান্ত পাওনা থেকে বকেয়া টাকা মেটানোর ব্যবস্থা থাকবে।

নভেম্বর ০৫, ২০২৬
কলকাতা

বছরে আর ৫০ দিন নয়, সরকারি কর্মীদের ছুটি কমে হচ্ছে ৪০ দিন! নবান্নে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

রাজ্য সরকারি কর্মচারীদের ছুটির সংখ্যা কমানোর সিদ্ধান্ত নিতে চলেছে রাজ্য সরকার। প্রশাসনের কাজে গতি আনা এবং সরকারি দফতরে কাজের পরিবেশ উন্নত করতেই এই পদক্ষেপ বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বুধবার রাতে নবান্নে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি জানান, বছরে সরকারি কর্মচারীদের ছুটির সংখ্যা কমিয়ে ৪০ দিনে নামিয়ে আনার নির্দেশ দেওয়া হয়েছে।বর্তমানে রাজ্য সরকারি কর্মচারীরা বছরে প্রায় ৫০ দিন ছুটি পান। সেই তালিকা ছোট করতে অর্থ দফতরের সঙ্গে আলোচনা করেছে রাজ্য সরকার। মুখ্যমন্ত্রী জানান, অর্থসচিব প্রথমে ৪৫ দিনের একটি ছুটির তালিকা তৈরি করেছিলেন। কিন্তু তাতেও সন্তুষ্ট নন তিনি। তাই ছুটির সংখ্যা আরও কমিয়ে ৪০ দিনে নামিয়ে আনার নির্দেশ দিয়েছেন।মুখ্যমন্ত্রীর কথায়, সরকারি দফতরগুলিতে প্রচুর কাজ জমে রয়েছে। সেই কাজ দ্রুত শেষ করতে হবে। প্রশাসনের কাজে দীর্ঘদিনের অচলাবস্থা কাটিয়ে কর্মসংস্কৃতি ফিরিয়ে আনাই সরকারের লক্ষ্য। সেই কারণেই ছুটির সংখ্যা কমানোর সিদ্ধান্ত নেওয়া হচ্ছে।তিনি বলেন, অর্থসচিবকে ডেকে ছুটির সংখ্যা কমানোর কথা জানিয়েছিলেন। অর্থসচিব ৪৫ দিনের একটি তালিকা দিলেও তিনি তা আরও কমিয়ে ৪০ দিন করার নির্দেশ দিয়েছেন।তবে কোন কোন উৎসব বা বিশেষ দিনের ছুটি বাতিল করা হতে পারে, তা এখনও স্পষ্ট নয়। নতুন ছুটির তালিকায় কোন কোন দিন থাকবে এবং কোন কোন দিন বাদ পড়বে, সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছেন সরকারি কর্মচারীরা।উল্লেখ্য, আগের সরকারের আমলে বিভিন্ন ধর্মীয় ও সামাজিক উৎসবের পাশাপাশি মনীষীদের জন্মদিন উপলক্ষেও ছুটি দেওয়া হত। ফলে সরকারি ছুটির তালিকা বেশ দীর্ঘ হয়েছিল। এ বার সেই তালিকায় কাটছাঁট করতে চাইছে নতুন সরকার।অন্যদিকে, সরকারি কর্মীদের ছুটি কমানোর ঘোষণার পাশাপাশি রাজ্যের রাজস্ব আদায় নিয়েও বড় দাবি করেছেন মুখ্যমন্ত্রী। তাঁর অভিযোগ, আগের সরকারের আমলে রাজস্ব আদায়ের ক্ষেত্রে যথেষ্ট ঘাটতি ছিল। নতুন সরকার ক্ষমতায় আসার পর কোনও অতিরিক্ত কর চাপানো ছাড়াই রাজস্ব আদায় বাড়াতে পেরেছে।মুখ্যমন্ত্রীর দাবি, সরকারের প্রথম ছমাসেই আগের সরকারের পুরো অর্থবর্ষের তুলনায় চার হাজার কোটি টাকা বেশি রাজস্ব আদায় হয়েছে। তবে কোন কোন ক্ষেত্র থেকে এই অতিরিক্ত রাজস্ব এসেছে, সে বিষয়ে বিস্তারিত তথ্য দেননি তিনি।সব মিলিয়ে একদিকে সরকারি কর্মীদের ছুটির সংখ্যা কমানোর উদ্যোগ, অন্যদিকে রাজস্ব আদায় বৃদ্ধির দাবিদুই বিষয়েই নতুন করে রাজনৈতিক ও প্রশাসনিক মহলে আলোচনা শুরু হয়েছে। এখন নজর নতুন ছুটির তালিকায়। শেষ পর্যন্ত কোন কোন ছুটিতে কোপ পড়ে, সেটাই দেখার।

নভেম্বর ০৫, ২০২৬
কলকাতা

পুজোর আগেই অ্যাকাউন্টে টাকা! সরকারি কর্মী ও পেনশনভোগীদের জন্য বড় ঘোষণা

রাজ্য সরকারি কর্মী এবং পেনশনভোগীদের জন্য পুজোর আগে বড় খবর। অক্টোবর মাসের বেতন ও পেনশন নির্ধারিত সময়ের প্রায় ১৫ দিন আগেই দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অর্থ দফতরের নির্দেশ অনুযায়ী, অক্টোবরের বেতন ও পেনশন ১৫ তারিখেই দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে। ফলে দুর্গাপুজোর আগে হাতে টাকা পাওয়ার সুযোগ তৈরি হয়েছে সরকারি কর্মীদের।সাধারণ নিয়মে মাসের শেষ দিকে সরকারি কর্মীদের বেতন এবং পেনশন দেওয়া হয়। কিন্তু অক্টোবর মাসে দুর্গাপুজো উপলক্ষে দীর্ঘ ছুটি থাকায় এবার সেই সময়সূচি এগিয়ে আনা হয়েছে। পুজোর কেনাকাটা এবং অন্যান্য খরচের কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সরকারি সূত্রে জানা গিয়েছে।এর সঙ্গে রয়েছে আরও একটি বড় খবর। রাজ্য বাজেটে সরকারি কর্মীদের জন্য অতিরিক্ত ২০ শতাংশ মহার্ঘ ভাতা দেওয়ার ঘোষণা করা হয়েছিল। নতুন হার ১ অক্টোবর ২০২৬ থেকে কার্যকর হওয়ার কথা জানানো হয়েছে। ফলে অক্টোবর মাসের বেতন ও পেনশনের সঙ্গে বর্ধিত মহার্ঘ ভাতার সুবিধাও পাওয়ার কথা সরকারি কর্মী ও পেনশনভোগীদের।এর আগে সরকার জানিয়েছিল, অক্টোবর থেকে বাড়তি মহার্ঘ ভাতা কার্যকর হবে। পরে পুজোর আগেই অক্টোবরের বেতন দেওয়ার সিদ্ধান্তের কথা জানানো হয়। অর্থাৎ, নিয়মিত সময়ের তুলনায় অনেকটা আগেই অক্টোবরের বেতন হাতে পাওয়ার সুযোগ তৈরি হয়েছে।নতুন সিদ্ধান্ত অনুযায়ী, সেপ্টেম্বরের বেতন স্বাভাবিক নিয়মে মাসের শেষ দিকে পাওয়ার পর অল্প সময়ের ব্যবধানেই অক্টোবরের বেতনও হাতে আসবে। পুজোর আগে এই অতিরিক্ত আর্থিক সুবিধা সরকারি কর্মীদের কেনাকাটা ও উৎসবের অন্যান্য খরচে কাজে লাগতে পারে।শুধু রাজ্য সরকারি কর্মী নন, সরকার পোষিত প্রতিষ্ঠানের কর্মীদের ক্ষেত্রেও এই বেতন দেওয়ার সিদ্ধান্ত প্রযোজ্য বলে জানানো হয়েছে। পেনশনভোগীরাও অক্টোবরের পেনশন আগেই পাওয়ার সুবিধা পাবেন।বর্ধিত মহার্ঘ ভাতা কার্যকর হওয়ার পর রাজ্য সরকারি কর্মীদের মহার্ঘ ভাতার হার ১৮ শতাংশ থেকে বেড়ে ৩৮ শতাংশ হওয়ার কথা সরকারি নির্দেশিকায় জানানো হয়েছে। পেনশনভোগীদের ক্ষেত্রেও সংশ্লিষ্ট মহার্ঘ স্বস্তির হার বাড়ানোর কথা বলা হয়েছে।ফলে অক্টোবর মাসে রাজ্য সরকারি কর্মী ও পেনশনভোগীদের জন্য একসঙ্গে দুটি গুরুত্বপূর্ণ পরিবর্তন কার্যকর হতে চলেছেএক দিকে নির্ধারিত সময়ের আগেই বেতন ও পেনশন, অন্য দিকে বর্ধিত মহার্ঘ ভাতা। পুজোর আগে এই সিদ্ধান্তে সরকারি কর্মী ও অবসরপ্রাপ্তদের মধ্যে স্বাভাবিক ভাবেই আগ্রহ তৈরি হয়েছে।

সেপ্টেম্বর ২৩, ২০২৬
রাজ্য

পুজোর মাসে আরও একদিন সরকারি ছুটি! ভোটের কারণে বড় ঘোষণা রাজ্য সরকারের

অক্টোবর মানেই দুর্গাপুজোর মরশুম। ফলে সরকারি কর্মীদের ছুটির তালিকাতেও থাকে একাধিক ছুটি। এর মধ্যেই নন্দীগ্রাম ও রেজিনগর বিধানসভা কেন্দ্রে উপনির্বাচনের কারণে আরও একটি সরকারি ছুটি ঘোষণা করল রাজ্য সরকার। আগামী ৬ অক্টোবর ওই দুই বিধানসভা কেন্দ্রে ভোটগ্রহণ হবে। সেই কারণে সংশ্লিষ্ট এলাকায় সরকারি কার্যালয়, বিভিন্ন সংস্থা, প্রতিষ্ঠান, নিগম, বোর্ড, বিধিবদ্ধ ও স্থানীয় সংস্থা এবং শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে ছুটি থাকবে।সোমবার অর্থ দপ্তরের তরফে প্রকাশিত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ৬ অক্টোবর নন্দীগ্রাম ও রেজিনগর বিধানসভা এলাকার সমস্ত সংশ্লিষ্ট সরকারি প্রতিষ্ঠান ছুটির আওতায় থাকবে। নির্বাচনের দিন ভোটগ্রহণের কাজ গভীর রাত পর্যন্ত চলতে পারে। ফলে ভোটকর্মীদের ভোটগ্রহণ কেন্দ্র থেকে রিসেপশন কেন্দ্রে পৌঁছতে এবং সেখান থেকে ছাড়া পেতে দেরি হওয়ার সম্ভাবনা রয়েছে।এই পরিস্থিতির কথা মাথায় রেখেই ৭ অক্টোবর নিয়েও বিশেষ সুবিধার কথা জানিয়েছে অর্থ দপ্তর। ভোটের কাজে যুক্ত যোগ্য সরকারি কর্মীদের ক্ষেত্রে পরিস্থিতি বিবেচনা করে ওই দিন বিশেষ ছুটি মঞ্জুর করা যেতে পারে। অর্থাৎ ভোটের কাজের কারণে রাতে দেরি হলে পরের দিন অফিসে যোগ দিতে সমস্যা তৈরি হলে সংশ্লিষ্ট কর্মীরা এই সুবিধা পেতে পারেন।শুধু ভোটের দিন বা তার পরের দিনই নয়, ভোটের প্রস্তুতির জন্য ৫ অক্টোবরও স্থানীয় ছুটির সুযোগ রাখা হয়েছে। যে সব সরকারি কার্যালয় বা শিক্ষা প্রতিষ্ঠান ভোটকেন্দ্র, সেক্টর অফিস কিংবা নির্বাচনী সরঞ্জাম বিতরণ ও গ্রহণ কেন্দ্র হিসেবে ব্যবহার করা হবে, সেই সব প্রতিষ্ঠানের ক্ষেত্রে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ৫ অক্টোবর স্থানীয় ছুটি ঘোষণা করতে পারে।এবার নন্দীগ্রাম ও রেজিনগর বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন হচ্ছে আসন দুটি বিধায়কশূন্য হয়ে যাওয়ায়। ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে নন্দীগ্রাম ও ভবানীপুরদুই কেন্দ্রেই জয়ী হন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। নিয়ম অনুযায়ী তাঁকে একটি আসন ছাড়তে হয়। নিজের রাজনৈতিক ঘাঁটি নন্দীগ্রাম আসনটি ছেড়ে দেওয়ার পর ওই কেন্দ্র বিধায়কশূন্য হয়ে যায়।অন্য দিকে, মুর্শিদাবাদের রেজিনগর ও নওদাদুই কেন্দ্র থেকেই জয়ী হয়েছিলেন তৃণমূল থেকে বহিষ্কৃত তথা আমজনতা উন্নয়ন পার্টির প্রতিষ্ঠাতা হুমায়ুন কবীর। পরে তিনি রেজিনগর আসনটি ছেড়ে দেন। ফলে নন্দীগ্রামের পাশাপাশি রেজিনগরও বিধায়কশূন্য হয়ে পড়ে।এই দুই কেন্দ্রেই আগামী ৬ অক্টোবর উপনির্বাচন হবে। ফলে দুর্গাপুজোর ছুটির মধ্যেই ভোট ঘিরে আরও এক দফা ছুটি পেতে চলেছেন সংশ্লিষ্ট এলাকার সরকারি কর্মী ও বাসিন্দারা। তবে ৭ অক্টোবরের বিশেষ ছুটি সকলের জন্য নয়, ভোটের কাজে যুক্ত যোগ্য কর্মীদের ক্ষেত্রে পরিস্থিতি অনুযায়ী তা মঞ্জুর করা যেতে পারে বলেই জানিয়েছে অর্থ দপ্তর।

সেপ্টেম্বর ১৪, ২০২৬
রাজ্য

Weather Emergency: দুর্যোগের আবহে ৫ অক্টোবর পর্যন্ত ছুটি বাতিল সরকারি কর্মীদের

রাজ্যে সম্ভাব্য প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় সর্বোচ্চ স্তরের প্রস্তুতি নিতে রাজ্য সরকার প্রশাসনকে নির্দেশ দিয়েছে। কলকাতা-সহ দক্ষিণবঙ্গে সম্ভাব্য বিপর্যয় মোকাবিলায় একাধিক পদক্ষেপ নেওয়া হয়েছে। বিশেষ করে রাজ্যের যে তিন আসনে উপনির্বাচন রয়েছে, দুর্যোগের কারণে সেখানে ভোট পর্ব যাতে কোনওভাবেই ব্যাহত না হয়, তা দেখতে বলা হয়েছে বলে প্রশাসনিক সূত্রে খবর।পরিস্থিতি মোকাবিলা করার জন্য আগামী ৫ অক্টোবর পর্যন্ত সমস্ত রাজ্য সরকারের কর্মচারীদের ছুটি বাতিল করা হয়েছে। আরও পড়ুনঃ মহামূর্তি ধারণ করে এগিয়ে আসছে জোড়া দুর্যোগ, আতঙ্কে বঙ্গবাসীমুখ্য সচিব হরিকৃষ্ণ দ্বিবেদী আজ সম্ভাব্য প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলার প্রস্তুতি নিয়ে দক্ষিণবঙ্গের সব জেলার জেলাশাসক ও সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের সঙ্গে বৈঠক করেন।সেখানে প্রাকৃতিক দুর্যোগের সময় জমা জল বা ছেঁড়া তার থেকে বিদ্যুৎপৃষ্ট হয়ে দুর্ঘটনা এবং প্রাণহানি কমাতে সবরকম ব্যবস্থা করার তিনি নির্দেশ দিয়েছেন। এ ব্যাপারে প্রশাসন বা বিদ্যুৎ সরবরাহকারী সংস্থার কাজে গাফিলতি প্রমাণ হলে কঠোর পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি দেওয়া হয়েছে বলে প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে। শহরাঞ্চলে সব বাতিস্তম্ভ ফিডার বক্স গুলির অবস্থা খতিয়ে দেখে সে গুলোকে নিরাপদ করে তোলার জন্য বিদ্যুৎ সরবরাহকারী সংস্থাকে নির্দেশ দেওয়া হয়েছে। গ্রামাঞ্চলেও দুর্যোগের সময় ওভারহেড তার ছিড়ে দুর্ঘটনা এড়াতে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে মুখ্য সচিব জেলাশাসকদের নির্দেশ দেন মুখ্যসচিব। পাশাপাশি ঝড় বৃষ্টির সময় বা জল জমে থাকলে বৈদ্যুতিক সরঞ্জাম ব্যবহারে কি কি সর্তকতা প্রয়োজন তা নিয়ে এইসময় নিরন্তর প্রচার চালানোর নির্দেশ দেওয়া হয়েছে। নবান্নে খোলা হয়েছে ২৪ ঘণ্টার কন্ট্রোল রুম।যে কোনও সমস্যায় টোল ফ্রি নম্বর ১০৭০ তে যোগাযোগ করা যাবে বলে জানানো হয়েছে।কলকাতায় পুলিশ, পুরসভা , সিইএসসি, দমকল, পূর্ত দপ্তরের যৌথ ইউনিফায়েড কমান্ড তৈরি করা হয়েছে। পুলিশ ও বিপর্যয় মোকাবিলা বাহিনীর একাধিক দল শহরে মোতায়েন থাকবে। ভবানীপুর একবালপুর কালীঘাট-সহ শহরের মোট পাঁচ জায়গায় বাইশটি দল মোতায়েন থাকবে। এর পাশাপাশি ভারী বৃষ্টিতে শহরের বিপজ্জনক বাড়িগুলি ভেঙে পড়ার আশঙ্কা থাকায় ওই সব বাড়ির বাসিন্দাদের নিরাপদ জায়গায় সরে যেতে অনুরোধ করা হয়েছে।

সেপ্টেম্বর ২৫, ২০২১

ট্রেন্ডিং

কলকাতা

অভিষেকের সঙ্গে বচসা হয়েছিল ওসি-র! সেই পুলিশকর্তার সঙ্গে দেখা করতে কালীঘাট থানায় শুভেন্দু, কী বললেন মুখ্যমন্ত্রী?

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্মদিনের রাতে কালীঘাটে উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়েছিল। সাংসদের সঙ্গে বচসায় জড়িয়েছিলেন কালীঘাট থানার ওসি বলাই বাগ। সেই ঘটনার কয়েক দিন পরেই ভবানীপুরে মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাই বাবুনের কালীপুজোয় হাজির হলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। পুজো শেষে সোজা চলে গেলেন কালীঘাট থানায়। সেখানে ওসি বলাই বাগের সঙ্গে বেশ কিছুক্ষণ কথা বলেন তিনি। সূত্রের খবর, পুলিশকর্তাকে আশ্বস্ত করে এসেছেন মুখ্যমন্ত্রী। তাঁর বার্তা, ভয় না পেয়ে সাহসের সঙ্গে নিজের দায়িত্ব পালন করতে হবে।মঙ্গলবার সন্ধ্যায় ভবানীপুরে বাবুনের ক্লাবের কালীপুজোয় উপস্থিত হয়েছিলেন শুভেন্দু। কয়েক দিন আগেই ওই এলাকায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন ঘিরে উত্তেজনা ছড়িয়েছিল। রাতভর সরগরম ছিল কালীঘাটের এলাকা। সেই সময় অভিষেকের সঙ্গে কালীঘাট থানার পুলিশ আধিকারিকদের বচসা হয়। বচসায় সামনের সারিতে ছিলেন ওসি বলাই বাগ।মঙ্গলবার কালীপুজো থেকে বেরিয়ে সোজা কালীঘাট থানায় যান শুভেন্দু। তাঁর সঙ্গে ছিলেন কলকাতার পুলিশ কমিশনার অজয় নন্দা। থানায় যাওয়ার কারণ জানতে চাইলে মুখ্যমন্ত্রী জানান, চায়ের আমন্ত্রণ পেয়েই সেখানে গিয়েছেন তিনি। থানার ভিতরে বেশ কিছুক্ষণ সময় কাটান শুভেন্দু। কথা বলেন ওসি বলাই বাগের সঙ্গে।সূত্রের খবর, ওই পুলিশ আধিকারিককে সাহস জুগিয়েছেন মুখ্যমন্ত্রী। দায়িত্ব পালনের সময় কোনও রকম ভয় না পেয়ে দৃঢ় থাকার পরামর্শ দিয়েছেন তিনি। ভয় পাবেন না, আমি সঙ্গে আছি বলেও আশ্বাস দিয়েছেন বলে জানা গিয়েছে। চোখে চোখ রেখে নিজের কাজ করার বার্তাও দিয়েছেন শুভেন্দু।উল্লেখ্য, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্মদিনের রাতে তাঁর বাড়ির সামনে পুলিশ আধিকারিকদের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন সাংসদ এবং তাঁর অনুগামীরা বলে জানা গিয়েছে। সেই সময় কালীঘাট থানার ওসি বলাই বাগের সঙ্গে অভিষেকের তীব্র কথা কাটাকাটি হয়। ওই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক মহলেও আলোচনা শুরু হয়েছিল। তার পরেই মঙ্গলবার কালীঘাট থানায় গিয়ে সেই ওসি-র সঙ্গে মুখ্যমন্ত্রীর সাক্ষাৎ ঘিরে নতুন করে চর্চা শুরু হয়েছে।

নভেম্বর ১০, ২০২৬
দেশ

মাটি থেকে ৯০ মিটার উঁচুতে বিদ্যুতের তারে ঝুলে রুশ প্যারাগ্লাইডার! তিন ঘণ্টার অভিযানে কী ভাবে হল উদ্ধার?

হিমাচল প্রদেশে প্যারাগ্লাইডিং করতে গিয়ে ভয়াবহ বিপত্তি। মাঝআকাশে উড়তে উড়তে হাই-টেনশন বিদ্যুতের তারে আটকে গেলেন এক রুশ পাইলট। মাটি থেকে প্রায় ৯০ মিটার উঁচুতে বিপজ্জনক অবস্থায় ঝুলে রইল তাঁর প্যারাগ্লাইডার। পরিস্থিতি বুঝে মোবাইল ফোনে ছবি তুলে সাহায্য চাইলেন তিনি। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ, দমকল এবং বিপর্যয় মোকাবিলা বাহিনী। প্রায় তিন ঘণ্টার চেষ্টায় শেষ পর্যন্ত অক্ষত অবস্থায় উদ্ধার করা হয় ওই রুশ পাইলটকে।সোমবার বিকেলে হিমাচল প্রদেশের কাংড়া জেলার বীর বিলিং এলাকায় এই ঘটনা ঘটে। ওই এলাকার জনপ্রিয় প্যারাগ্লাইডিং কেন্দ্র থেকে উড়েছিলেন অ্যালেক্সি নামে ওই রুশ পাইলট। আকাশে ওড়ার সময় কোনও ভাবে হাই-টেনশন বিদ্যুতের তারের কাছাকাছি চলে যান তিনি। এরপরই তাঁর প্যারাগ্লাইডার আটকে যায় বিদ্যুতের তারে। মুহূর্তের মধ্যে বিপজ্জনক পরিস্থিতির সৃষ্টি হয়। মাটি থেকে প্রায় ৯০ মিটার উঁচুতে ঝুলতে থাকেন তিনি।বিপদের মধ্যে পড়েও মাথা ঠান্ডা রাখেন অ্যালেক্সি। নিজের মোবাইল ফোন দিয়ে ছবি তুলে পাঠান বীর বিলিং প্যারাগ্লাইডিং অ্যাসোসিয়েশনের কাছে। সেই ছবির মাধ্যমে নিজের অবস্থানের কথাও জানান তিনি। পরে বিষয়টি মান্ডি জেলা প্রশাসনের নজরে আসে। এরপরই শুরু হয় উদ্ধার অভিযান।তবে হাই-টেনশন বিদ্যুতের তারে আটকে থাকায় উদ্ধারকাজ ছিল অত্যন্ত কঠিন। যে কোনও মুহূর্তে বড় দুর্ঘটনা ঘটার আশঙ্কা ছিল। তাই সতর্কতার সঙ্গে উদ্ধারকাজ শুরু করেন বিপর্যয় মোকাবিলা বাহিনীর সদস্যরা। মাটিতে নিরাপত্তার জন্য জাল ও গদি বিছিয়ে রাখা হয়। বিশেষ যন্ত্রপাতির সাহায্যে পাইলটের কাছে পৌঁছনোর চেষ্টা করেন উদ্ধারকারীরা। দীর্ঘ চেষ্টার পর তাঁকে নিরাপদে নিচে নামিয়ে আনা সম্ভব হয়।এই উদ্ধার অভিযানে একাধিক সংস্থা একসঙ্গে কাজ করে। জাতীয় সড়ক কর্তৃপক্ষ, গাওয়ার কনস্ট্রাকশন সংস্থা, রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী এবং জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর সদস্যরা যৌথ ভাবে অভিযান চালান। তাঁদের সমন্বিত প্রচেষ্টাতেই প্রায় তিন ঘণ্টা পর বিপজ্জনক পরিস্থিতি থেকে রক্ষা পান রুশ পাইলট।

নভেম্বর ১০, ২০২৬
কলকাতা

একে একে বিকল হচ্ছে অঙ্গ, গুরুতর সঙ্কটজনক অবস্থায় রাজ্যের মন্ত্রী

বাইপাস অস্ত্রোপচারের পর স্ট্রোক। তার পর থেকে একের পর এক শারীরিক জটিলতা। নিউমোনিয়া, মূত্রনালিতে সংক্রমণ, সেপটিক শক। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে শরীরের একাধিক অঙ্গের কার্যক্ষমতা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। বর্তমানে সম্পূর্ণ ভেন্টিলেশন সাপোর্টে রয়েছেন নদিয়ার প্রবীণ তৃণমূল নেতা তথা রাজ্যের প্রাক্তন মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস। কিডনির কার্যক্ষমতা কমে যাওয়ায় চলছে ডায়ালিসিসও। কলকাতার মুকুন্দপুরের ফর্টিস হাসপাতালে চিকিৎসাধীন ৭২ বছরের এই প্রাক্তন মন্ত্রীর শারীরিক অবস্থা অত্যন্ত সংকটজনক। মঙ্গলবার হাসপাতালের চিকিৎসকদের দেওয়া মেডিক্যাল রিপোর্টে এমনটাই জানানো হয়েছে। চিকিৎসকদের মতে, তাঁর সুস্থ হয়ে ওঠার সম্ভাবনাও অত্যন্ত কম।হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, গত ২৪ সেপ্টেম্বর অন্য একটি হাসপাতালে উজ্জ্বল বিশ্বাসের বাইপাস অস্ত্রোপচার হয়েছিল। হৃদ্যন্ত্রের তিনটি রক্তনালিতে ব্লক থাকায় অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেওয়া হয়। কিন্তু অস্ত্রোপচারের পরেই জটিলতা দেখা দেয়। হৃদ্যন্ত্র থেকে তৈরি হওয়া রক্তের জমাট মস্তিষ্কে পৌঁছে যাওয়ায় স্ট্রোক হয় তাঁর। এর পর থেকেই ধীরে ধীরে শারীরিক অবস্থার অবনতি হতে থাকে।গত ১৮ অক্টোবর নিউমোনিয়া এবং মূত্রনালিতে সংক্রমণ নিয়ে তাঁকে মুকুন্দপুরের ফর্টিস হাসপাতালে ভর্তি করানো হয়। পরে সংক্রমণ আরও ছড়িয়ে পড়ে। তৈরি হয় সেপটিক শকের পরিস্থিতি। শরীরের একাধিক অঙ্গের কার্যক্ষমতাও ক্ষতিগ্রস্ত হয়। বিশেষ করে কিডনির অবস্থা অত্যন্ত খারাপ হয়ে যায়। সেই কারণে বর্তমানে নিয়মিত ডায়ালিসিস করতে হচ্ছে তাঁকে।চিকিৎসকদের রিপোর্ট অনুযায়ী, এখন যন্ত্রের সাহায্যে শ্বাসপ্রশ্বাস চালানো হচ্ছে উজ্জ্বল বিশ্বাসের। শ্বাস নিতে সুবিধা হওয়ার জন্য গলায় অস্ত্রোপচার করে বিশেষ নল বসানো হয়েছে। চিকিৎসাবিজ্ঞানের ভাষায় এই পদ্ধতিকে ট্র্যাকিওস্টমি বলা হয়। পাশাপাশি চলছে হেমোডায়ালিসিস। বিভিন্ন বিভাগের বিশেষজ্ঞ চিকিৎসকদের নিয়ে তৈরি দল তাঁর চিকিৎসার দায়িত্বে রয়েছে। সারাক্ষণ নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে প্রাক্তন মন্ত্রীকে। তবে চিকিৎসকদের বক্তব্য, তাঁর শারীরিক অবস্থা এখনও অত্যন্ত সংকটজনক। সামগ্রিকভাবে সুস্থ হয়ে ওঠার সম্ভাবনা খুবই কম।জানা গিয়েছে, গত কয়েক মাস ধরেই হৃদ্যন্ত্রের সমস্যায় ভুগছিলেন উজ্জ্বল বিশ্বাস। বাইপাস অস্ত্রোপচারের পর প্রায় ১৪ দিন হাসপাতালে থাকতে হয়েছিল তাঁকে। পরে বাড়ি ফিরে চিকিৎসকদের পরামর্শ মেনে চিকিৎসা চলছিল। কিন্তু দুর্গাপুজোর পঞ্চমীর দিন ফের অসুস্থ হয়ে পড়েন তিনি। সপ্তমীর দিন তাঁকে কলকাতার হাসপাতালে ভর্তি করানো হয়। পরীক্ষায় ধরা পড়ে নিউমোনিয়া। এরপর ধীরে ধীরে ফুসফুসের কার্যক্ষমতা কমতে শুরু করে। শরীরের অন্যান্য অঙ্গেও সমস্যা দেখা দেয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গলায় অস্ত্রোপচার করে শ্বাসপ্রশ্বাসের বিশেষ ব্যবস্থা করেন চিকিৎসকেরা।প্রাক্তন মন্ত্রীর শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন তৃণমূল বিধায়ক কুণাল ঘোষ। সমাজমাধ্যমে একটি পোস্ট করে উজ্জ্বল বিশ্বাসের দ্রুত আরোগ্য কামনা করেন তিনি। পাশাপাশি তাঁর অসুস্থতার পিছনে সাম্প্রতিক রাজনৈতিক ঘটনাবলির প্রভাব রয়েছে বলেও অভিযোগ করেন কুণাল। তাঁর দাবি, ভোটের ফল প্রকাশের পর উজ্জ্বল বিশ্বাসকে অপমান করা হয়েছিল। সেই ঘটনার মানসিক ও শারীরিক ধাক্কা তিনি সামলাতে পারেননি। যাঁরা তাঁকে নিগ্রহ করেছিলেন, তাঁদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার দাবিও জানিয়েছেন তৃণমূল বিধায়ক।এদিকে মুকুন্দপুরের ফর্টিস হাসপাতালে উজ্জ্বল বিশ্বাসকে দেখতে গিয়েছিলেন কৃষ্ণনগরের সাংসদ মহুয়া মৈত্র। তাঁর অভিযোগ, মিথ্যা মামলায় উজ্জ্বল বিশ্বাসকে গ্রেফতার করে জেলে পাঠানো হয়েছিল। এই বয়সেও তাঁকে একা সেলে থাকতে হয়েছিল বলে দাবি করেন মহুয়া। প্রাক্তন মন্ত্রীর দ্রুত সুস্থতা কামনা করে কৃষ্ণনগর, নদিয়া-সহ বাংলার সর্বস্তরের মানুষের কাছে প্রার্থনার আবেদন জানিয়েছেন তিনি। রাজনৈতিক মতপার্থক্য ভুলে সকলকে উজ্জ্বল বিশ্বাসের আরোগ্য কামনা করার অনুরোধ করেছেন তৃণমূল সাংসদ।

নভেম্বর ১০, ২০২৬
বিনোদুনিয়া

জীতুকে বাঁচাতে নিজের চুল কেটে ফেললেন সৃজলা! বিগ বসের বাড়িতে প্রেমের কী অদ্ভুত পরীক্ষা!

খেলার জন্য প্রেম, নাকি প্রেমের জন্য খেলা? বিগ বসের বাড়িতে এই প্রশ্নই যেন বার বার উঠে আসছে। তবে সৃজলা গুহর কাছে জীতু কামালের গুরুত্ব যে কতটা, তা বুঝিয়ে দিলেন অভিনেত্রী নিজেই। জীতুকে নমিনেশন থেকে বাঁচাতে নিজের সাধের লম্বা চুল কেটে ফেললেন তিনি। বিগ বসের দেওয়া শর্ত শুনে এক মুহূর্তও দেরি করেননি সৃজলা। সোমবারের পর্বে তাঁর এই সিদ্ধান্তে অবাক হয়ে যান বাড়ির অন্য প্রতিযোগীরাও।সোমবার বিগ বসের বাড়িতে নমিনেশনের জন্য এক অভিনব খেলার আয়োজন করা হয়। বাড়ির বাগানে তৈরি করা হয়েছিল পুরনো দিনের টেলিফোন বুথের মতো একটি ঘর। সেখান থেকে একে একে প্রতিযোগীদের ফোন করেন বিগ বস। ফোনের পর্দায় ভেসে ওঠে প্রতিযোগীদের নাম। যাঁর নাম দেখা যায়, তিনি ফোন ধরলেই বিগ বস জানিয়ে দেন, তিনি এই সপ্তাহে বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার জন্য নমিনেটেড।তবে নমিনেশন থেকে বাঁচারও সুযোগ ছিল। তার জন্য অন্য কোনও প্রতিযোগীকে নিজের স্বার্থ ত্যাগ করে বিগ বসের দেওয়া শর্ত পূরণ করতে হত। অর্থাৎ, একজনকে বাঁচাতে অন্যজন কতটা ত্যাগ স্বীকার করতে পারেন, সেটাই ছিল এই খেলার আসল পরীক্ষা।জীতু কামালের নাম আসতেই বিগ বস তাঁকে জানান, নমিনেশন থেকে বাঁচাতে হলে সৃজলাকে কাঁধ পর্যন্ত চুল কেটে ফেলতে হবে। এই কথা শুনে প্রথমেই আপত্তি জানান জীতু। তাঁর মতে, একজন নারীর সৌন্দর্যের অন্যতম অংশ তাঁর চুল। তাই সৃজলাকে চুল কাটার কথা বলতে চাননি তিনি। বরং নিজে নমিনেশনে থাকতে রাজি ছিলেন।কিন্তু বিগ বস জানিয়ে দেন, এটি একটি খেলা। তাই জীতুকে চেষ্টা করতেই হবে। শেষ পর্যন্ত সৃজলাকে বিষয়টি জানান জীতু। চুল কাটার কথা শুনে প্রথমে অবাক হয়ে যান অভিনেত্রী। কিন্তু পরক্ষণেই রাজি হয়ে যান তিনি। নিজের হাতে কাঁচি নিয়ে লম্বা, ঢেউখেলানো চুলের অনেকটা কেটে ফেলেন সৃজলা।সৃজলার এই সিদ্ধান্তে অবাক হয়ে যান জীতু-সহ বাড়ির অন্য প্রতিযোগীরা। নতুন ছোট চুলে অভিনেত্রীকে বেশ সুন্দর দেখাচ্ছিল। বিগ বসও তাঁর নতুন চেহারার প্রশংসা করেন। পরে জীতু নিজেই সৃজলার কাটা চুল ঠিক করে দেন। প্রেমের প্রস্তাবে এখনও সরাসরি সম্মতি না দিলেও জীতুর জন্য সৃজলার এই ত্যাগ তাঁদের সম্পর্ক নিয়ে নতুন করে চর্চা শুরু করেছে।তবে শুধু সৃজলাই নন, অন্য প্রতিযোগীরাও প্রিয় সহ-প্রতিযোগীদের বাঁচাতে কঠিন শর্ত মেনে নিয়েছেন। তাঁদের মধ্যে সবচেয়ে আবেগঘন মুহূর্ত তৈরি হয় নিরঞ্জন মণ্ডল ওরফে লাফটারসেন এবং রনিতা দাসকে ঘিরে।রনিতাকে নমিনেশন থেকে বাঁচানোর জন্য নিরঞ্জনকে বিগ বসের দেওয়া শর্ত ছিল, বাড়ি থেকে পাওয়া তাঁর সাধের স্মৃতির খাতাটি পুড়িয়ে ফেলতে হবে। ওই খাতার সঙ্গে জড়িয়ে ছিল তাঁর অনেক পুরনো স্মৃতি। তাই এমন শর্ত শুনে ভেঙে পড়েন রনিতা। নিরঞ্জনকেও কাজটি করতে দিতে চাইছিলেন না তিনি।কিন্তু শেষ পর্যন্ত নিজের স্মৃতির খাতা পুড়িয়ে ফেলতে রাজি হন নিরঞ্জন। খাতাটি আনতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন তিনি। তাঁকে জড়িয়ে ধরে সান্ত্বনা দেন সৃজলা। নিজেকে সামলে শেষ পর্যন্ত খাতাটি আগুনে পুড়িয়ে দেন নিরঞ্জন। সেই দৃশ্য দেখে কেঁদে ফেলেন রনিতাও। বাড়ির অন্য প্রতিযোগীদের চোখেও জল চলে আসে।এর পর মনামী ঘোষকে বাঁচানোর দায়িত্ব পড়ে রনিতার উপর। তাঁকে বিগ বসের দেওয়া শর্তও ছিল বেশ কঠিন। মাছের সস, কাসুন্দি এবং কাঁচা ডিম মিশিয়ে সেই মিশ্রণ দিয়ে দাঁত মাজতে বলা হয় তাঁকে। অদ্ভুত এই শর্ত শুনেও পিছিয়ে যাননি রনিতা। শেষ পর্যন্ত কাজটি করে দেখান তিনি। তাঁর সাহসের প্রশংসা করেন বাড়ির অন্য প্রতিযোগীরা।তবে সবাই বিগ বসের দেওয়া শর্ত পূরণ করতে পারেননি। ফলে এই সপ্তাহে বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার জন্য নমিনেটেড হয়েছেন সোনামণি সাহা, রাজবীর দে এবং তনুশ্রী রায় দাস। তাঁদের ভাগ্য এখন নির্ভর করছে দর্শকদের ভোটের উপর।

নভেম্বর ১০, ২০২৬
কলকাতা

মমতা ভাইফোঁটা দেন না, রাখিও পরান না! সেই ভাইয়ের মুখেই শুভেন্দুর প্রশংসা, অভিষেককে তোপ

দুধের ডিপোয় কাজ করে দিনে ৪৫ টাকা রোজগার করতেন। সেই টাকা দিয়েই ছোট ভাইদের মানুষ করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বাবার মৃত্যুর পর কী ভাবে সংসার চালিয়েছিলেন, তা একাধিক বার প্রকাশ্যে জানিয়েছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী। সেই সময় বাবুন বন্দ্যোপাধ্যায়ের বয়স ছিল মাত্র আড়াই বছর। কিন্তু রাজনীতির কারণে সময়ের সঙ্গে সঙ্গে ভাই-বোনের সম্পর্কে দূরত্ব তৈরি হয়েছে। মমতা এখন আর বাবুনকে ভাইফোঁটা দেন না, রাখিও পরান না। আর সেই বাবুনই এ বার প্রকাশ্যে শুভেন্দু অধিকারীর পায়ে হাত দিয়ে প্রণাম করলেন। শুধু তাই নয়, শুভেন্দুকে নিজের নেতা, দাদা এবং অভিভাবক বলেও উল্লেখ করলেন তিনি।মঙ্গলবার সন্ধ্যায় কালীঘাটে নিজের ক্লাবের কালীপুজোয় শুভেন্দু অধিকারীকে আমন্ত্রণ জানিয়েছিলেন বাবুন। মুখ্যমন্ত্রী সেখানে গিয়ে পুজো করেন এবং আরতিতে অংশ নেন। শুভেন্দু চলে যাওয়ার পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে নিজের উচ্ছ্বাস প্রকাশ করেন বাবুন।তিনি বলেন, গোটা এলাকার মানুষ খুব খুশি। এরকম মানুষ দেখা যায় না। এর আগেও বাবুনের আমন্ত্রণে একটি রক্তদান শিবিরে গিয়েছিলেন শুভেন্দু। এ বার তাঁর ক্লাবের কালীপুজোয় উপস্থিত হলেন মুখ্যমন্ত্রী। বাবুনের কথায়, এটা আমার কাছে বিরাট পাওনা। ওঁর জন্য আমার সারাজীবন পড়ে আছে।শুভেন্দুকে নিজের নেতা এবং অভিভাবক বলেও উল্লেখ করেছেন বাবুন। তাঁর কথায়, শুভেন্দু আমার নেতা, আমার দাদা। আমার অভিভাবক বলে মনে করি। মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সম্পর্ক নিয়ে প্রশ্ন করা হলে বাবুন বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় আমাকে ভাইফোঁটা দেন না, রাখিও পরান না। একসময় মুকুল রায় এবং সুব্রত বক্সী তাঁর অভিভাবক ছিলেন বলেও জানান তিনি। সেই তালিকায় শুভেন্দুর নামও রয়েছে বলে দাবি বাবুনের।মঙ্গলবার সন্ধ্যা থেকেই পাড়ার গলিতে দাঁড়িয়ে শুভেন্দুর জন্য অপেক্ষা করছিলেন বাবুন। নিজের ক্লাবের পুজোয় মুখ্যমন্ত্রীকে নিয়ে যাওয়াই ছিল তাঁর লক্ষ্য। শুভেন্দু সেখানে পৌঁছতেই তাঁকে স্বাগত জানান বাবুন। মুখ্যমন্ত্রীর পায়ে হাত দিয়ে প্রণামও করেন তিনি। গোটা ঘটনায় মমতার সঙ্গে তাঁর সম্পর্কের টানাপড়েন ফের আলোচনায় উঠে এসেছে।তবে শুধু শুভেন্দুর প্রশংসা করেই থামেননি বাবুন। এ বার সরাসরি অভিষেক বন্দ্যোপাধ্যায়কেও আক্রমণ করেছেন তিনি। তৃণমূলের নেতা-নেত্রীরা বিভিন্ন সময়ে শুভেন্দুকে গদ্দার বলে আক্রমণ করেন। সেই প্রসঙ্গে বাবুনের বক্তব্য, শুভেন্দু গদ্দার নয়। গদ্দার অভিষেক।উল্লেখ্য, তৃণমূলের সঙ্গে বাবুনের দূরত্ব নতুন নয়। বছর দুয়েক আগে দলের প্রার্থী নির্বাচন নিয়ে প্রকাশ্যেই ক্ষোভ জানিয়েছিলেন তিনি। দলের সিদ্ধান্তে অসন্তোষ প্রকাশ করেছিলেন। এ বার শুভেন্দুর প্রতি প্রকাশ্যে সমর্থন জানানো এবং অভিষেককে আক্রমণ করার ঘটনায় রাজ্য রাজনীতিতে নতুন করে চর্চা শুরু হয়েছে।

নভেম্বর ১০, ২০২৬
বিনোদুনিয়া

‘সীতা কি রণক্ষেত্রে যুদ্ধ করেছিলেন?’ ‘রামায়ণ’ নিয়ে ক্ষোভে ফেটে পড়লেন মুকেশ খান্না!

মুক্তির পর থেকেই আলোচনায় পরিচালক নীতেশ তিওয়ারির ছবি রামায়ণ। ছবির ব্যবসা নিয়ে যেমন চর্চা চলছে, তেমনই নতুন করে বিতর্ক শুরু হয়েছে ছবির একটি দৃশ্যকে ঘিরে। সীতার চরিত্রে অভিনয় করেছেন সাই পল্লবী। ছবিতে তাঁর একটি যুদ্ধের দৃশ্য নিয়েই আপত্তি তুলেছেন প্রবীণ অভিনেতা মুকেশ খান্না। শক্তিমান খ্যাত এই অভিনেতা নিজের ইউটিউব ভ্লগে ছবির নির্মাতাদের কড়া ভাষায় আক্রমণ করেছেন।মুকেশ জানিয়েছেন, ছবির প্রচার ঝলক এবং দর্শক ও সমালোচকদের প্রতিক্রিয়া দেখেই তিনি এই মন্তব্য করছেন। তাঁর মতে, ছবির ৪০০০ কোটি টাকার বাজেট এবং সেই টাকা তুলে আনার চিন্তাই নির্মাতাদের কাছে বেশি গুরুত্ব পাচ্ছে। অথচ রামায়ণের মূল কাহিনি ঠিক ভাবে তুলে ধরা হচ্ছে কি না, সে দিকে নজর দেওয়া হচ্ছে না।মুকেশের কথায়, ছবির মুক্তি এবং ব্যবসাই যেন এখন সবচেয়ে বড় বিষয়। কী ভাবে ৪০০০ কোটি টাকার খরচ তোলা যাবে, সেটাই ভাবনা। কিন্তু রামায়ণের আসল গল্প দর্শকদের সামনে ঠিক ভাবে তুলে ধরা হচ্ছে কি না, তা নিয়ে কারও মাথাব্যথা নেই। নিজেদের কল্পনা মিশিয়ে রামায়ণ বা মহাভারতের মতো মহাকাব্য বদলে দেওয়া কি ঠিক?বিশেষ করে সাই পল্লবীর যুদ্ধের দৃশ্য নিয়ে আপত্তি জানিয়েছেন তিনি। মুকেশের প্রশ্ন, সীতাকে কি এখনকার অ্যাকশন ছবির নায়িকা কিংবা রানি লক্ষ্মীবাঈয়ের মতো যুদ্ধে লড়তে দেখা যাবে? তাঁর দাবি, বাল্মীকি রামায়ণে সীতার যুদ্ধ করার কোনও উল্লেখ নেই। তিনি বলেন, আমি বাল্মীকি রামায়ণ পড়েছি। সেখানে কোথাও লেখা নেই যে সীতা মা যুদ্ধ করতে গিয়েছিলেন। তাঁর মধ্যে সেবার মনোভাব ছিল। তিনি যদি যোদ্ধাই হতেন, তা হলে রাবণের সঙ্গে লড়াই করলেন না কেন? রাবণই বা তাঁকে তুলে নিয়ে যেতে পারল কী ভাবে?ছবির প্রযোজক নমিত মলহোত্রের বক্তব্য নিয়েও আপত্তি জানিয়েছেন মুকেশ। সম্প্রতি নমিত জানিয়েছিলেন, সীতার যুদ্ধের দৃশ্যটি বাল্মীকি রামায়ণ নয়, অদ্ভুত রামায়ণ থেকে অনুপ্রাণিত। এই ব্যাখ্যা শুনে ক্ষোভ প্রকাশ করেন অভিনেতা। তাঁর দাবি, বাল্মীকি রামায়ণই আসল রামায়ণ। অন্য ধর্মের পবিত্র গ্রন্থের কাহিনিতে কি এ ভাবে পরিবর্তন আনা সম্ভব? তা হলে রামায়ণ বা গীতার ক্ষেত্রে এমন কল্পনা যোগ করা হবে কেন? নির্মাতাদের উদ্দেশে তাঁর বার্তা, নিজেদের মতামত বাল্মীকি রামায়ণের উপর চাপিয়ে দেওয়া বন্ধ করা উচিত।নীতেশ তিওয়ারির এই ছবিতে রামের চরিত্রে অভিনয় করেছেন রণবীর কাপুর। সীতা হয়েছেন সাই পল্লবী, রাবণের চরিত্রে রয়েছেন যশ এবং লক্ষ্মণের ভূমিকায় অভিনয় করেছেন রবি দুবে। দীপাবলি উপলক্ষে ৫ নভেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে ছবিটি। বক্স অফিসে সাফল্য পেলেও ছবির একটি দৃশ্য ঘিরে বিতর্ক থামার লক্ষণ নেই। মুকেশ খান্নার মন্তব্য প্রকাশ্যে আসার পর সমাজমাধ্যমেও শুরু হয়েছে জোর আলোচনা।

নভেম্বর ১০, ২০২৬
বিনোদুনিয়া

লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের হুমকিতে আতঙ্কিত বলিপাড়া, তারকাদের কী করতে বারণ করল পুলিশ?

টাইগার শ্রফের গাড়ি লক্ষ্য করে গুলি চালানোর ঘটনার পর বলিউড তারকাদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ বেড়েছে। একের পর এক তারকাকে হুমকি দেওয়ার অভিযোগ সামনে আসায় সতর্ক হয়েছে মুম্বই পুলিশ। বলিউডের অভিনেতা-অভিনেত্রীদের জন্য বিশেষ নির্দেশিকা জারি করেছে তারা। ভিড়ের মধ্যে যাওয়া এবং প্রকাশ্যে অনুরাগীদের সঙ্গে মেলামেশা এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছে তারকাদের।মুম্বই পুলিশের তরফে জানানো হয়েছে, তারকাদের নিরাপত্তা নিশ্চিত করতেই এই আগাম সতর্কতা। সম্প্রতি কয়েক জন অভিনেতার বাড়ির বাইরে সন্দেহজনক নজরদারির খবর সামনে আসে। তার পরেই বিষয়টি গুরুত্ব দিয়ে দেখতে শুরু করে পুলিশ।টাইগার শ্রফের উপর হামলার পর তুষার কাপুর, আয়ুষ্মান খুরানা এবং অমিতাভ বচ্চনের মতো অভিনেতাদের কাছেও হুমকি বার্তা আসার অভিযোগ উঠেছে। আয়ুষ্মান খুরানাকে হুমকি দেওয়ার ঘটনায় তদন্তে নামে মুম্বই পুলিশের অপরাধ দমন শাখা। বেঙ্গালুরু থেকে ৩০ বছর বয়সি বৈভব মিশ্র নামে এক তথ্যপ্রযুক্তি কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযোগ, লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের নাম করে ওই যুবক তারকাদের কাছে টাকা চেয়ে হুমকি অডিয়ো বার্তা পাঠাত।উল্লেখ্য, গত ১৮ অক্টোবর মুম্বইয়ের জুহু এলাকায় টাইগার শ্রফের গাড়ি লক্ষ্য করে গুলি চালায় বাইকে আসা তিন দুষ্কৃতী। অল্পের জন্য রক্ষা পান অভিনেতা। তবে গুলিতে গুরুতর আহত হন তাঁর গাড়ির চালক এবং এক পথচারী। পরে লরেন্স বিষ্ণোই গ্যাং এই হামলার দায় স্বীকার করে বলে খবর। ঘটনার তদন্তে নেমে পুলিশ অভিযুক্তদের গ্রেপ্তার করেছে।মুম্বই পুলিশের এই সতর্কতা এবং বলিউডের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে একটি সংবাদমাধ্যমকে মুখ খুলেছেন অভিনেতা তথা বিজেপি বিধায়ক রুদ্রনীল ঘোষ। তাঁর মতে, মুম্বই দেশের বাণিজ্যনগরী হয়ে ওঠার পর থেকেই সেখানে নানা ধরনের অপরাধমূলক ঘটনা ঘটছে। প্রশাসন কঠোর হলেও মাঝেমধ্যে অপরাধীরা মাথাচাড়া দিয়ে ওঠে। টাইগার শ্রফের উপর হামলার পর পুলিশ বিষয়টিকে গুরুত্ব দিয়ে দেখছে বলেই তারকাদের সতর্ক করা হয়েছে বলে মনে করেন তিনি।তবে তারকাদের পক্ষে এই নির্দেশিকা মেনে চলা কতটা সহজ, তা নিয়েও প্রশ্ন তুলেছেন রুদ্রনীল। তাঁর কথায়, পেশার প্রয়োজনে অভিনেতাদের প্রায়ই সাধারণ মানুষের সামনে আসতে হয়। শুটিংয়ের বাইরেও নানা সামাজিক অনুষ্ঠানে যেতে হয় তাঁদের। সব জায়গায় সব সময় কত জনের উপর নজর রাখা সম্ভব, সেটাও বড় প্রশ্ন। তারকাদের নিজস্ব নিরাপত্তারক্ষী থাকে, পুলিশের তরফেও নিরাপত্তার ব্যবস্থা করা হয়। তবু পরিস্থিতি কঠিন। সতর্ক থাকা জরুরি, কিন্তু এই ধরনের বিধিনিষেধ মেনে চলা তারকাদের পক্ষে সহজ নয়।

নভেম্বর ১০, ২০২৬
কলকাতা

মমতার ভাইয়ের ক্লাবে শুভেন্দু, পায়ে হাত দিয়ে প্রণাম বাবুনের! তারপর কী বললেন তিনি?

মমতা বন্দ্যোপাধ্যায়ের পাড়ায় গিয়ে কালীপুজোয় অংশ নিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মঙ্গলবার সন্ধ্যায় কালীঘাটে যান তিনি। প্রথমে প্রাক্তন মুখ্যমন্ত্রীর ভাই বাবুন বন্দ্যোপাধ্যায়ের ক্লাবের কালীপুজোয় উপস্থিত হন শুভেন্দু। সেখানে মুখ্যমন্ত্রীকে স্বাগত জানান বাবুন। গাড়ি থেকে নামতেই শুভেন্দুর পায়ে হাত দিয়ে প্রণাম করেন তিনি। এরপর তাঁকে মালা পরিয়ে বরণ করা হয়।পুজোর মণ্ডপে গিয়ে কালীমাকে পদ্মফুলের মালা পরান মুখ্যমন্ত্রী। মায়ের সামনে দাঁড়িয়ে আরতিও করেন তিনি। পুজো শেষে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে দিয়ে হেঁটে যান শুভেন্দু। সেই সময় বাড়ির উঠোনে অন্ধকার ছিল। সেখান থেকে হরিশ চ্যাটার্জি স্ট্রিটের আরও কয়েকটি কালীপুজোর মণ্ডপে যান তিনি। পথে সাধারণ মানুষের সঙ্গে কথাও বলেন মুখ্যমন্ত্রী।শুভেন্দু চলে যাওয়ার পর সাংবাদিকদের মুখোমুখি হন বাবুন বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করে তিনি যে খুশি, তা-ও জানান। বাবুন বলেন, দাদা বললেন, কালীপুজোয় তোমাদের কাছে আসতে পেরে ভাল লাগল। শুভেন্দুদার কাছে একটাই প্রার্থনা, দাদা তুমি এগিয়ে চলো, আমরা তোমার সঙ্গে আছি। তবে ব্যস্ততার কারণে মুখ্যমন্ত্রীর সঙ্গে বেশি কথা বলার সুযোগ হয়নি বলেও জানান তিনি।এ দিন কালীঘাটের সেবক সংঘ এবং তরুণ যুবক সংঘের কালীপুজোয়ও যান শুভেন্দু। বিজেপির অভিযোগ, এই দুই ক্লাবের পুজো উদ্বোধনের জন্যই মুখ্যমন্ত্রীকে আমন্ত্রণ জানানো হয়েছিল। কিন্তু সেই সময় তিনি যেতে পারেননি। এর মধ্যে শনিবার সেবক সংঘ এবং রবিবার তরুণ যুবক সংঘের পুজোর উদ্বোধন করেন মমতা বন্দ্যোপাধ্যায়। তা নিয়ে বিজেপি কর্মীদের মধ্যে ক্ষোভ তৈরি হয় বলে অভিযোগ।মঙ্গলবার সেই দুই পুজোর মণ্ডপে গিয়ে বিসর্জনের আগের বিশেষ পুজোয় অংশ নেন শুভেন্দু। উল্লেখযোগ্য বিষয় হল, সেবক সংঘের পুজো হয় মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির ঠিক উলটো দিকে। ফলে একই সন্ধ্যায় মমতার পাড়ায় শুভেন্দুর এই উপস্থিতি রাজনৈতিক মহলে বিশেষ চর্চার বিষয় হয়ে উঠেছে।

নভেম্বর ১০, ২০২৬

Ads

You May Like

Gallery

265-year-old "Mukhopadhyay House" in Bhavanandpur, Kalnar, played vermilion on Dasami during Durga Puja
BJP candidate Locket Chatterjee campaigned on the banks of the Ganges from Chandannagar Ranighat to Triveni Ghat wishing New Year.
A living depiction of history with a touch of color, everyone is enthralled by the initiative of the Eastern Railway
Sucharita Biswas actress and model on Durga Puja
Lord Kalabau came up in palanquin; Navapatrika walked towards the mandap - the puja started
On Sunday, the 'Hilsa festival' is celebrated in the city with great joy.
Check out who has joined Mamata's new cabinet
Take a look at the list of recipients at the Bangabibhushan award ceremony
If you are grassroots, you will get ration for free. Lakshmi Bhandar, Kanyashree, Swastha Sathi, Krishakbandhu, Oikyashree, Sabujsathi — you will get all.

Categories

  • কলকাতা
  • রাজ্য
  • দেশ
  • বিদেশ
  • রাজনীতি
  • খেলার দুনিয়া
  • বিনোদুনিয়া
  • সম্পাদকীয়
  • নিবন্ধ
  • ভ্রমণ
  • রাশিফল
  • টুকিটাকি
  • চিত্রহার
  • বিবিধ
  • ভিডিও

Company

  • About Us
  • Advertise
  • Privacy
  • Terms of Use
  • Contact Us
Copyright © 2026 Janatar Katha News Portal