• ২২ কার্তিক ১৪৩৩, বুধবার ১১ নভেম্বর ২০২৬ ই-পোর্টাল

Janatar Katha

Banner Add
  • কলকাতা
  • রাজ্য
  • দেশ
  • বিদেশ
  • রাজনীতি
  • খেলার দুনিয়া
  • বিনোদুনিয়া
  • সম্পাদকীয়
  • নিবন্ধ
  • ভ্রমণ
  • রাশিফল
  • টুকিটাকি
  • চিত্রহার
  • বিবিধ
  • ভিডিও
  • এছাড়াও
    • উৎসব
    • ব্যবসা
    • স্বাস্থ্য
    • শিক্ষা
    • প্রযুক্তি
    • হেঁসেল

Bulldozer

কলকাতা

তিন লক্ষ দশ হাজার বোতলে রোড রোলার! কলকাতায় নেশামুক্তি অভিযানে নিজেই স্টিয়ারিংয়ে শুভেন্দু

পশ্চিমবঙ্গে নেশাবিরোধী অভিযান আরও জোরদার করার কথা জানিয়েছে রাজ্য সরকার। বালুরঘাটের পর এ বার কলকাতাতেও নিষিদ্ধ কাফসিরাপ ধ্বংস করা হল। নিউ টাউনের ইকোপার্কে আয়োজিত নেশামুক্তি কর্মসূচিতে গিয়ে তিন লক্ষ দশ হাজার নিষিদ্ধ কাফসিরাপের বোতলের উপর রোড রোলার চালান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ঘটনাটি বুধবারের।কলকাতা পুলিশ সূত্রে জানানো হয়েছে, ওই নিষিদ্ধ কাফসিরাপের আনুমানিক মূল্য প্রায় একত্রিশ কোটি টাকা। পুলিশ যে বিপুল পরিমাণ কাফসিরাপ বাজেয়াপ্ত করেছিল, এ দিন ইকোপার্কে তারই একটি অংশ ধ্বংস করা হয় বলে জানা গিয়েছে।এর আগে বালুরঘাটেও নেশামুক্তি অভিযান চালানো হয়েছিল। সেই অভিযানের পর এ বার কলকাতায় একই ধরনের কর্মসূচি নেওয়া হল। ইকোপার্কে রাখা হয়েছিল কলকাতা পুলিশের বাজেয়াপ্ত করা তিন লক্ষ দশ হাজার নিষিদ্ধ কাফসিরাপের বোতল। সেগুলির উপর দিয়েই রোড রোলার চালান মুখ্যমন্ত্রী।রোড রোলারের স্টিয়ারিং নিজেই ধরেন শুভেন্দু। নিষিদ্ধ কাফসিরাপ ধ্বংসের এই কর্মসূচির মাধ্যমে নেশার বিরুদ্ধে কড়া বার্তা দেওয়ার চেষ্টা করা হয়েছে বলে প্রশাসনের তরফে জানানো হয়েছে।কর্মসূচিতে বক্তব্য রাখতে গিয়ে শুভেন্দু বলেন, এটি নেশামুক্তি অভিযানের দ্বিতীয় বড় কর্মসূচি। তাঁর বক্তব্য, কেন্দ্রের নেশামুক্ত ভারত অভিযানের সঙ্গে রাজ্যেও নেশাবিরোধী অভিযানকে গুরুত্ব দেওয়া হচ্ছে।মুখ্যমন্ত্রীর দাবি, নেশার সঙ্গে যুক্ত অপরাধের কারণে মহিলাদের উপর অত্যাচার-সহ বিভিন্ন ধরনের অপরাধ বাড়তে পারে। তাঁর আরও দাবি, বেআইনি নেশার কারণে বহু পরিবার ক্ষতিগ্রস্ত হচ্ছে। তাই সরকার ক্ষমতায় আসার পর থেকেই নেশামুক্তির বিষয়টিকে গুরুত্ব দেওয়া হয়েছে।শুভেন্দু জানান, এই অভিযানে সীমান্তরক্ষী বাহিনী, পুলিশ এবং প্রশাসনের বিভিন্ন স্তর একসঙ্গে কাজ করছে। বালুরঘাটের পর কলকাতাতেও সেই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান তিনি।রাজ্য পুলিশের অতিরিক্ত মহাপরিচালক জাভেদ শামিমের বক্তব্যের প্রসঙ্গও তুলে ধরেন মুখ্যমন্ত্রী। তাঁর দাবি, ইয়াবা উদ্ধারের ক্ষেত্রেও বড় সাফল্য এসেছে। পাশাপাশি কলকাতা পুলিশ ও রাজ্য পুলিশ নিয়মিত ভাবে নেশাবিরোধী অভিযান চালাচ্ছে বলেও জানান তিনি।কলকাতায় তিন লক্ষ দশ হাজার নিষিদ্ধ কাফসিরাপ ধ্বংসের এই কর্মসূচিকে নেশাবিরোধী অভিযানের অংশ হিসেবেই দেখছে রাজ্য সরকার। আগামী দিনে নিষিদ্ধ মাদক ও কাফসিরাপের বিরুদ্ধে অভিযান আরও জোরদার করা হবে কি না, সে দিকেই এখন নজর।

সেপ্টেম্বর ২৩, ২০২৬
কলকাতা

রাতারাতি বদলে গেল পার্ক সার্কাস স্টেশন! একের পর এক দোকান গুঁড়িয়ে বড় অভিযান

সোমবার গভীর রাতে পার্ক সার্কাস রেল স্টেশনে বড় উচ্ছেদ অভিযান চালানো হল। দীর্ঘদিন ধরে স্টেশন চত্বর এবং রেলের জমি দখল করে গড়ে ওঠা অবৈধ দোকান ও অস্থায়ী কাঠামো ভেঙে সরিয়ে দেওয়া হয়। অভিযান ঘিরে গোটা এলাকায় কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়। বিপুল সংখ্যক পুলিশ, রেল পুলিশ এবং নিরাপত্তা বাহিনীর সদস্য মোতায়েন ছিলেন যাতে কোনও অপ্রীতিকর ঘটনা না ঘটে।জানা গিয়েছে, চলতি মাসের শুরুতেই স্টেশন চত্বরে থাকা ব্যবসায়ী ও হকারদের জায়গা খালি করার জন্য নোটিস দেওয়া হয়েছিল। সোমবার রাত সাড়ে দশটার পর নিরাপত্তা বাহিনী পুরো এলাকা ঘিরে ফেলে। এরপর রেলের পক্ষ থেকে বারবার মাইকিং করে দোকানপাট সরিয়ে নেওয়ার জন্য অনুরোধ করা হয়। কিছুটা সময়ও দেওয়া হয়। কিন্তু নির্ধারিত সময়ের মধ্যেও অধিকাংশ দোকান সরানো না হওয়ায় বুলডোজার নামানো হয়। একের পর এক দোকান, গুমটি এবং অবৈধ কাঠামো ভেঙে ফেলা হয়।পার্ক সার্কাস স্টেশন দীর্ঘদিন ধরেই অবৈধ দোকান ও দখলের সমস্যায় ভুগছিল বলে অভিযোগ। যাত্রীদের চলাচলেও বারবার অসুবিধা তৈরি হতো। সেই পরিস্থিতি বদলাতেই এই উচ্ছেদ অভিযান চালানো হয়েছে বলে জানা গিয়েছে। অভিযান চলাকালীন স্টেশনের ভিতরে ও বাইরে কড়া নজরদারি ছিল। প্রায় আড়াই ঘণ্টা ধরে চলে এই উচ্ছেদ অভিযান।এর আগে হাওড়া, শিয়ালদহ, দমদম, হাবরা এবং যাদবপুর-সহ রাজ্যের একাধিক রেল স্টেশন এলাকায় একই ধরনের উচ্ছেদ অভিযান চালানো হয়েছে। রেলের জমি দখলমুক্ত করার লক্ষ্যে এই অভিযান ধারাবাহিকভাবে চলছে বলে জানা গিয়েছে।তবে এই অভিযান নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন বহু দোকানদার। তাঁদের অভিযোগ, পুনর্বাসনের কোনও ব্যবস্থা না করেই জীবিকা কেড়ে নেওয়া হচ্ছে। ফলে উচ্ছেদ অভিযানের পাশাপাশি পুনর্বাসনের দাবিও জোরালো হচ্ছে।

জুন ২৮, ২০২৬
কলকাতা

বুলডোজারে আপাতত ব্রেক! হকার উচ্ছেদে বড় রায়, স্বস্তির নিঃশ্বাস হাজার হাজার পরিবারের

হকার উচ্ছেদ নিয়ে চলা বিতর্কে বড় স্বস্তির খবর। কলকাতা হাই কোর্ট আপাতত একাধিক এলাকায় হকার উচ্ছেদ প্রক্রিয়ার উপর স্থগিতাদেশ জারি করেছে। ফলে বালিগঞ্জ, বামনগাছি, বারুইপুর, ডানকুনি, গুমা, বনগাঁ, দুর্গনগর, মথুরাপুর, যাদবপুর-সহ বিভিন্ন জায়গায় আগের উচ্ছেদ নোটিস এখনই কার্যকর করা যাবে না।আদালতে মামলাকারীদের পক্ষ থেকে দাবি করা হয়, যেভাবে উচ্ছেদ অভিযান চালানো হচ্ছে, তাতে বহু মানুষের মৌলিক অধিকার ক্ষতিগ্রস্ত হচ্ছে। তাঁদের বক্তব্য, জীবিকার অধিকার এবং বেঁচে থাকার অধিকার সংবিধান স্বীকৃত অধিকার। হাজার হাজার পরিবার ছোট দোকান, ঠেলাগাড়ি বা অস্থায়ী ব্যবসার উপর নির্ভর করে সংসার চালায়। হঠাৎ করে উচ্ছেদ করে দিলে তাদের জীবন ও জীবিকা সংকটে পড়বে।মামলাকারীদের আইনজীবীর বক্তব্য, রাষ্ট্রের দায়িত্ব দুর্বল ও প্রান্তিক মানুষের পাশে দাঁড়ানো। তাঁদের শত্রুর মতো আচরণ করা নয়। অথচ বহু জায়গায় আচমকা বুলডোজার নিয়ে গিয়ে দোকান ভেঙে দেওয়া হচ্ছে বলে অভিযোগ তোলা হয় আদালতে। এমন পরিস্থিতিতে বহু মানুষ রাত জেগে নিজেদের দোকান ও জীবিকা বাঁচানোর চেষ্টা করছেন বলেও দাবি করা হয়।আদালতে আরও বলা হয়, দীর্ঘদিন ধরে কোনও জায়গায় মানুষ বসবাস বা ব্যবসা করে এলে সেই বিষয়টি বিবেচনা না করে হঠাৎ উচ্ছেদ করা উচিত নয়। অতীতে সর্বোচ্চ আদালতের বিভিন্ন পর্যবেক্ষণের কথাও তুলে ধরা হয়।অন্যদিকে রেলের পক্ষ থেকে জানানো হয়, সংশ্লিষ্ট জমি বহু বছর আগে আইনসম্মতভাবে অধিগ্রহণ করা হয়েছিল। সেই জমি ব্যবহারের বিষয়ে প্রয়োজনীয় নোটিসও দেওয়া হয়েছিল। তাই উচ্ছেদ প্রক্রিয়া আইন মেনেই করা হচ্ছে বলে দাবি করে রেল।শুনানির সময় আদালত গুরুত্বপূর্ণ কয়েকটি প্রশ্ন তোলে। বিশেষ করে যাঁদের বৈধ অনুমতি বা লাইসেন্স ছিল, তাঁদেরও উচ্ছেদ করা হয়েছে কি না, তা জানতে চাওয়া হয়। পাশাপাশি বিভিন্ন এলাকার বাস্তব পরিস্থিতি সম্পর্কে বিস্তারিত রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।সব পক্ষের বক্তব্য শোনার পর আদালত আপাতত উচ্ছেদ প্রক্রিয়ায় স্থগিতাদেশ জারি করেছে। ফলে বহু হকার ও তাঁদের পরিবারের মধ্যে সাময়িক স্বস্তি ফিরেছে। তবে মামলার চূড়ান্ত নিষ্পত্তি না হওয়া পর্যন্ত এই বিতর্কের উপর নজর থাকবে প্রশাসন, আদালত এবং সাধারণ মানুষের।

জুন ১৭, ২০২৬
কলকাতা

যাদবপুরে রাতভর তাণ্ডব! বুলডোজারের সামনে শুয়ে পড়লেন সুজন, গ্রেফতার সৃজন

যাদবপুর স্টেশন সংলগ্ন এলাকায় হকার উচ্ছেদ অভিযান ঘিরে রবিবার রাত থেকে তীব্র উত্তেজনা ছড়াল। বুলডোজার দিয়ে একের পর এক দোকান ভাঙাকে কেন্দ্র করে বাম ও কংগ্রেস কর্মী-সমর্থকদের সঙ্গে পুলিশের সংঘর্ষের পরিস্থিতি তৈরি হয়। ঘটনায় আহত হন সিপিএম নেতা সুজন চক্রবর্তী-সহ একাধিক বিক্ষোভকারী। আটক করা হয় সিপিএমের রাজ্য সম্পাদকমণ্ডলীর সদস্য সৃজন ভট্টাচার্যকে। পরে সিপিএমের দাবি, সৃজন-সহ মোট ৬ জনকে গ্রেফতার করা হয়েছে।স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রবিবার সন্ধ্যার পর যাদবপুর স্টেশন সংলগ্ন ২১২ নম্বর বাসস্ট্যান্ড এলাকার কাছে উচ্ছেদ অভিযানের প্রস্তুতি শুরু হয়। এলাকায় একাধিক বুলডোজার, বিপুল পুলিশবাহিনী এবং কেন্দ্রীয় বাহিনীর সদস্যদের মোতায়েন করা হয়। কিছুক্ষণের মধ্যেই শুরু হয় অবৈধ দখলদারিত্বের বিরুদ্ধে উচ্ছেদ অভিযান।খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন সিপিএম নেতা সুজন চক্রবর্তী, সৃজন ভট্টাচার্য, ঊষসী চক্রবর্তী এবং কংগ্রেস নেতা আশুতোষ চট্টোপাধ্যায়। উচ্ছেদ অভিযান বন্ধের দাবিতে বাম ও কংগ্রেস সংগঠনের কর্মীরা বিক্ষোভ শুরু করেন। পরিস্থিতি ক্রমশ উত্তপ্ত হয়ে ওঠে। বিক্ষোভকারীদের একাংশ বুলডোজারের সামনে শুয়ে পড়েন। কেউ আবার বুলডোজারের উপর উঠে প্রতিবাদ জানান।বিক্ষোভকারীদের অভিযোগ, রেল কর্তৃপক্ষ এবং পুলিশের সঙ্গে বারবার কথা বলেও কোনও সমাধান হয়নি। রাত বাড়ার সঙ্গে সঙ্গে উত্তেজনাও বাড়তে থাকে। অভিযোগ, রাত প্রায় একটা নাগাদ জমায়েত ছত্রভঙ্গ করতে পুলিশ এগিয়ে গেলে বচসা এবং ধস্তাধস্তির ঘটনা ঘটে। এরপর পুলিশের বিরুদ্ধে লাঠিচার্জের অভিযোগ ওঠে। সেই ঘটনায় আহত হন সুজন চক্রবর্তী-সহ একাধিক বিক্ষোভকারী।বিক্ষোভকারীদের সরিয়ে দেওয়ার পর ফের শুরু হয় উচ্ছেদ অভিযান। স্টেশনের ২ নম্বর প্ল্যাটফর্ম সংলগ্ন মাঠ এলাকায় একাধিক নির্মাণ সংস্থার অফিস এবং কয়েকটি ছোট দোকান ভেঙে ফেলা হয়। এলাকায় থাকা কয়েকটি বাড়ির ক্ষেত্রেও উচ্ছেদের নির্দেশ দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। তবে বাসিন্দাদের অনুরোধে বাড়ি খালি করার জন্য ১৫ দিনের সময় দেওয়া হয়েছে।ঘটনার পর তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন সুজন চক্রবর্তী। তাঁর অভিযোগ, পুলিশ অমানবিক আচরণ করেছে এবং বিনা প্ররোচনায় মারধর করেছে। অন্যদিকে আটক হওয়ার পর প্রিজন ভ্যান থেকে সৃজন ভট্টাচার্য দাবি করেন, রেল আইন ও আদালতের নির্দেশ এড়িয়ে উচ্ছেদ অভিযান চালাচ্ছে। তিনি অভিযোগ করেন, তাঁদের বেআইনিভাবে আটক করা হয়েছে।ঊষসী চক্রবর্তী বলেন, শহরের উন্নয়ন এবং পরিষ্কার-পরিচ্ছন্ন পরিবেশ সবাই চান। তবে যাঁদের জীবিকা এই এলাকাকে কেন্দ্র করে গড়ে উঠেছে, তাঁদের পুনর্বাসনের ব্যবস্থা না করে উচ্ছেদ করা উচিত নয়।সিপিএমের দাবি, ঘটনায় প্রায় ১৫ জন আহত হয়েছেন। তাঁদের মধ্যে রামগড়ের ঋতব্রত ঘোষের অবস্থা আশঙ্কাজনক। সুজন চক্রবর্তী এবং জয়রাজ ভট্টাচার্যের চিকিৎসা ও স্বাস্থ্য পরীক্ষা করা হয়েছে বলেও জানানো হয়েছে।এদিকে সৃজন ভট্টাচার্যের মুক্তির দাবিতে গভীর রাত থেকেই যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ৪ নম্বর গেটের সামনে বিক্ষোভ শুরু করেছেন ছাত্রছাত্রীরা। পরিস্থিতির উপর নজর রাখছে পুলিশ।

জুন ০৮, ২০২৬
রাজ্য

রাতারাতি বদলে গেল হাওড়া স্টেশন! বুলডোজার চালিয়ে উচ্ছেদ শতাধিক দোকান

হাওড়া স্টেশনের বাইরে শনিবার গভীর রাতে বড় উচ্ছেদ অভিযান চালাল রেল পুলিশ। আগেই নোটিস দেওয়া হয়েছিল। সেই মতো রাতেই বুলডোজার নিয়ে স্টেশন চত্বরে পৌঁছে যায় পুলিশ ও আরপিএফ। দীর্ঘদিন ধরে রাস্তা ও ফুটপাত দখল করে বসে থাকা ডালা এবং অস্থায়ী দোকান সরিয়ে দেওয়া হয়। বুলডোজার চালিয়ে একের পর এক দোকান ভেঙে ফেলা হয়। গোটা স্টেশন চত্বর পরিষ্কার করে দেওয়া হয় রাতারাতি।এই উচ্ছেদ অভিযান ঘিরে ব্যাপক শোরগোল পড়ে যায় হাওড়া স্টেশন এলাকায়। রাতেই ঘটনাস্থলে ভিড় জমে যায় বহু মানুষের। যদিও পুলিশ ছিল কড়া অবস্থানে। মাইক হাতে পুলিশকে বলতে শোনা যায়, এখানে ভিড় করবেন না। যাত্রীরা স্টেশনে চলে যান। যাঁদের বাস ধরার, বাস ধরুন। এখানে কোনও নাটক হচ্ছে না। প্রশাসনকে প্রশাসনের কাজ করতে দিন।পুলিশ সূত্রে খবর, দেড়শোরও বেশি অবৈধ দোকান সরানো হয়েছে এই অভিযানে। প্রচুর পুলিশ ও আরপিএফ মোতায়েন ছিল এলাকায়। তাঁদের উপস্থিতিতেই শুরু হয় বুলডোজার অভিযান। রাতভর চলে উচ্ছেদ প্রক্রিয়া।ফুটপাতের ব্যবসায়ীরা জানিয়েছেন, একদিন আগেই রেলের তরফে জায়গা খালি করার নির্দেশ দেওয়া হয়েছিল। তারপরই শনিবার রাতে অভিযান চালানো হয়। অনেকেই আগেভাগে নিজেদের ডালা ও সামগ্রী অন্যত্র সরিয়ে নিতে সক্ষম হয়েছেন।রেল কর্তৃপক্ষ জানিয়েছে, যাত্রীদের সুবিধার কথা ভেবেই এই উচ্ছেদ অভিযান করা হয়েছে। স্টেশনের বাইরে রাস্তা ও ফুটপাত ফাঁকা থাকলে সাধারণ যাত্রীদের যাতায়াতে সুবিধা হবে বলেই দাবি রেলের। বহু যাত্রীও এই পদক্ষেপে সন্তোষ প্রকাশ করেছেন।

মে ১৭, ২০২৬
কলকাতা

তপসিয়ার আগুনের পর কড়া বার্তা, রাতারাতি বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হল বেআইনি বহুতল

তপসিয়ার ভয়াবহ অগ্নিকাণ্ডে মৃত্যুর ঘটনার পরেই প্রশাসনের কড়া পদক্ষেপে কলকাতায় নেমেছে বুলডোজার। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নির্দেশের কয়েক ঘণ্টার মধ্যেই তিলজলা থানা এলাকার ওই চামড়া কারখানার বহুতল ভাঙার কাজ শুরু হয়। প্রশাসনের দাবি, ভবনটি সম্পূর্ণ বেআইনি ভাবে নির্মিত হয়েছিল এবং সেখানে অগ্নিনির্বাপণ ব্যবস্থারও কোনও অস্তিত্ব ছিল না।মঙ্গলবারের ভয়াবহ ঘটনায় প্রাণ হারিয়েছেন দুজন। গুরুতর আহত অবস্থায় একাধিক ব্যক্তি এখনও হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনার পর পুলিশ কারখানার মালিক জাফর নিশার-সহ দুজনকে গ্রেফতার করেছে। তদন্তে উঠে এসেছে, বহুতলটি কোনও অনুমোদিত বিল্ডিং প্ল্যান ছাড়াই তৈরি হয়েছিল এবং সেখানে নিরাপত্তার ন্যূনতম মানদণ্ডও মানা হয়নি।বুধবার নবান্নে সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী স্পষ্ট জানিয়ে দেন, বেআইনি নির্মাণের বিরুদ্ধে সরকার জিরো টলারেন্স নীতি নেবে। তাঁর নির্দেশেই পুর ও নগরোন্নয়ন দফতর, বিদ্যুৎ দফতর এবং সংশ্লিষ্ট প্রশাসনিক কর্তাদের অবিলম্বে ব্যবস্থা নিতে বলা হয়। শুধু ওই কারখানাই নয়, কলকাতার কসবা, তিলজলা, মোমিনপুর, একবালপুর-সহ বিভিন্ন এলাকায় থাকা বেআইনি কারখানা ও ঝুঁকিপূর্ণ নির্মাণ চিহ্নিত করে বিদ্যুৎ ও জল সংযোগ বিচ্ছিন্ন করার নির্দেশও দেওয়া হয়েছে।নির্দেশের পরেই বুধবার বিকেলে ঘটনাস্থলে পৌঁছে যায় বুলডোজার। বিশাল পুলিশবাহিনী ও কেন্দ্রীয় বাহিনীর উপস্থিতিতে বহুতল খালি করে ভাঙার কাজ শুরু হয়, যা রাত পর্যন্ত চলেছে। যাতে কোনও অপ্রীতিকর পরিস্থিতি তৈরি না হয়, তার জন্য গোটা এলাকা ঘিরে রাখা হয়।রাজ্যের পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল জানিয়েছেন, যেসব ভবনের ফায়ার লাইসেন্স বা এনওসি নেই, সেগুলিকে নোটিস পাঠানো শুরু হয়েছে। প্রথমে সংশোধনের সুযোগ দেওয়া হবে, কিন্তু তাতেও নিয়ম না মানলে কড়া ব্যবস্থা নেওয়া হবে। তিনি বলেন, তপসিয়ার ভবনটির সিঁড়ি এতটাই সরু ছিল যে, অনেকেই দ্রুত বেরোতে পারেননি। বিকল্প জরুরি নির্গমন পথ থাকলে হয়তো পরিস্থিতি অন্যরকম হতে পারত।এদিকে এই ঘটনায় সরকারের পদক্ষেপ নিয়ে প্রশ্ন তুলেছে বিরোধীরা। ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকি অভিযোগ করেছেন, যথাযথ নোটিস ও পুনর্বাসনের সুযোগ না দিয়ে এভাবে বহুতল ভেঙে ফেলা অসাংবিধানিক। তাঁর দাবি, ভবনের অন্যান্য ভাড়াটিয়াদের ভবিষ্যৎ নিয়েও ভাবা উচিত ছিল। পাশাপাশি এই বেআইনি কারখানা চালু রাখতে স্থানীয় প্রশাসনের কেউ জড়িত ছিলেন কি না, তারও পূর্ণাঙ্গ তদন্ত দাবি করেছেন তিনি।তপসিয়ার এই ঘটনার পর রাজ্যের পুর এলাকা ও শিল্পাঞ্চলে নজরদারি বাড়াতে বড় সিদ্ধান্ত নিয়েছে সরকার। বিধানসভায় ঘোষণা করা হয়েছে, রাজ্যের সাতটি পুরনিগম, ১২১টি পুরসভা এবং তিনটি শিল্পাঞ্চলকে ধাপে ধাপে সিসিটিভি নজরদারির আওতায় আনা হবে। প্রশাসনের মতে, এতে বেআইনি নির্মাণ ও নিরাপত্তাহীন শিল্পকারখানার উপর আরও কড়া নজর রাখা সম্ভব হবে।

মে ১৪, ২০২৬
রাজ্য

বুলডোজারের কথা বললেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়, বেআইনি নির্মাণে কড়া পদক্ষেপের নির্দেশ

শিক্ষাক্ষেত্রে একাধিক সিবিআই তদন্তের নির্দেশ থেকে একের পর এক রায়ে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের পরিচিতি এখন বাংলার ঘরে ঘরে। তিনি দুর্নীতির লড়াইয়ে দমবেন না সেকথা বারে বারে ঘোষণা করেছেন। এবার কলকাতা পুরসভা এলাকায় বেআইনি নির্মাণ নিয়ে কি ধরনের পদক্ষেপ করতে তা বোঝাতে বুলডোজার তত্ত্ব সামনে নিয়ে এলেন। কোনও গুন্ডাগিরি বরদাস্ত করা হবে না বলেও স্পষ্ট জানিয়ে দিলেন বিচারপতি।কলকাতা পুর এলাকায় বেআইনি নির্মাণ আটকাতে কীভাবে পদক্ষেপ করতে হবে? শুক্রবার তা বোঝাতে গিয়ে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের প্রসঙ্গ টানলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। মহানগরে বেআইনি নির্মাণ সংক্রান্ত একটি মামলার শুনানিতে বিচারপতি বলেন, দরকার পড়লে যোগী আদিত্যনাথের থেকে কিছু বুলডোজ়ার ভাড়া করুন। সেই সঙ্গেই তাঁর হুঁশিয়ারি, কোনও গুন্ডামি বরদাস্ত করা হবে না, গুন্ডাদের কীভাবে শায়েস্তা করতে হয় তা আমি জানি।কলকাতা পুরসভা এলাকায় বেআইনি নির্মাণের বহু অভিযোগ রয়েছে। তা নিয়ে মামলাও চলছে বছরের পর বছর ধরে। বেআইনি নির্মাণগুলির বিরুদ্ধে কঠোর অবস্থান বোঝাতে গিয়ে বিচারপতি গঙ্গোপাধ্যায়ের মুখে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী এবং বুলডোজার শব্দের ব্যবহার বিশেষ তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে।বিচারপতি গঙ্গোপাধ্যায় এদিন কলকাতা পুলিশের গুন্ডাদমন শাখার প্রশংসা করে বলেন, কলকাতা পুলিশের গুন্ডাদমন শাখার আধিকারিকেরা জানেন, কী ভাবে গুন্ডাদের শায়েস্তা করতে হয়। তবে পুলিশ আর পুরসভা নিয়ে আমি কিছু বলব না। আমি জানি তাদের কী বাহ্যিক চাপের মুখে কাজ করতে হয়।

জুলাই ২৮, ২০২৩

ট্রেন্ডিং

কলকাতা

অভিষেকের সঙ্গে বচসা হয়েছিল ওসি-র! সেই পুলিশকর্তার সঙ্গে দেখা করতে কালীঘাট থানায় শুভেন্দু, কী বললেন মুখ্যমন্ত্রী?

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্মদিনের রাতে কালীঘাটে উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়েছিল। সাংসদের সঙ্গে বচসায় জড়িয়েছিলেন কালীঘাট থানার ওসি বলাই বাগ। সেই ঘটনার কয়েক দিন পরেই ভবানীপুরে মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাই বাবুনের কালীপুজোয় হাজির হলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। পুজো শেষে সোজা চলে গেলেন কালীঘাট থানায়। সেখানে ওসি বলাই বাগের সঙ্গে বেশ কিছুক্ষণ কথা বলেন তিনি। সূত্রের খবর, পুলিশকর্তাকে আশ্বস্ত করে এসেছেন মুখ্যমন্ত্রী। তাঁর বার্তা, ভয় না পেয়ে সাহসের সঙ্গে নিজের দায়িত্ব পালন করতে হবে।মঙ্গলবার সন্ধ্যায় ভবানীপুরে বাবুনের ক্লাবের কালীপুজোয় উপস্থিত হয়েছিলেন শুভেন্দু। কয়েক দিন আগেই ওই এলাকায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন ঘিরে উত্তেজনা ছড়িয়েছিল। রাতভর সরগরম ছিল কালীঘাটের এলাকা। সেই সময় অভিষেকের সঙ্গে কালীঘাট থানার পুলিশ আধিকারিকদের বচসা হয়। বচসায় সামনের সারিতে ছিলেন ওসি বলাই বাগ।মঙ্গলবার কালীপুজো থেকে বেরিয়ে সোজা কালীঘাট থানায় যান শুভেন্দু। তাঁর সঙ্গে ছিলেন কলকাতার পুলিশ কমিশনার অজয় নন্দা। থানায় যাওয়ার কারণ জানতে চাইলে মুখ্যমন্ত্রী জানান, চায়ের আমন্ত্রণ পেয়েই সেখানে গিয়েছেন তিনি। থানার ভিতরে বেশ কিছুক্ষণ সময় কাটান শুভেন্দু। কথা বলেন ওসি বলাই বাগের সঙ্গে।সূত্রের খবর, ওই পুলিশ আধিকারিককে সাহস জুগিয়েছেন মুখ্যমন্ত্রী। দায়িত্ব পালনের সময় কোনও রকম ভয় না পেয়ে দৃঢ় থাকার পরামর্শ দিয়েছেন তিনি। ভয় পাবেন না, আমি সঙ্গে আছি বলেও আশ্বাস দিয়েছেন বলে জানা গিয়েছে। চোখে চোখ রেখে নিজের কাজ করার বার্তাও দিয়েছেন শুভেন্দু।উল্লেখ্য, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্মদিনের রাতে তাঁর বাড়ির সামনে পুলিশ আধিকারিকদের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন সাংসদ এবং তাঁর অনুগামীরা বলে জানা গিয়েছে। সেই সময় কালীঘাট থানার ওসি বলাই বাগের সঙ্গে অভিষেকের তীব্র কথা কাটাকাটি হয়। ওই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক মহলেও আলোচনা শুরু হয়েছিল। তার পরেই মঙ্গলবার কালীঘাট থানায় গিয়ে সেই ওসি-র সঙ্গে মুখ্যমন্ত্রীর সাক্ষাৎ ঘিরে নতুন করে চর্চা শুরু হয়েছে।

নভেম্বর ১০, ২০২৬
দেশ

মাটি থেকে ৯০ মিটার উঁচুতে বিদ্যুতের তারে ঝুলে রুশ প্যারাগ্লাইডার! তিন ঘণ্টার অভিযানে কী ভাবে হল উদ্ধার?

হিমাচল প্রদেশে প্যারাগ্লাইডিং করতে গিয়ে ভয়াবহ বিপত্তি। মাঝআকাশে উড়তে উড়তে হাই-টেনশন বিদ্যুতের তারে আটকে গেলেন এক রুশ পাইলট। মাটি থেকে প্রায় ৯০ মিটার উঁচুতে বিপজ্জনক অবস্থায় ঝুলে রইল তাঁর প্যারাগ্লাইডার। পরিস্থিতি বুঝে মোবাইল ফোনে ছবি তুলে সাহায্য চাইলেন তিনি। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ, দমকল এবং বিপর্যয় মোকাবিলা বাহিনী। প্রায় তিন ঘণ্টার চেষ্টায় শেষ পর্যন্ত অক্ষত অবস্থায় উদ্ধার করা হয় ওই রুশ পাইলটকে।সোমবার বিকেলে হিমাচল প্রদেশের কাংড়া জেলার বীর বিলিং এলাকায় এই ঘটনা ঘটে। ওই এলাকার জনপ্রিয় প্যারাগ্লাইডিং কেন্দ্র থেকে উড়েছিলেন অ্যালেক্সি নামে ওই রুশ পাইলট। আকাশে ওড়ার সময় কোনও ভাবে হাই-টেনশন বিদ্যুতের তারের কাছাকাছি চলে যান তিনি। এরপরই তাঁর প্যারাগ্লাইডার আটকে যায় বিদ্যুতের তারে। মুহূর্তের মধ্যে বিপজ্জনক পরিস্থিতির সৃষ্টি হয়। মাটি থেকে প্রায় ৯০ মিটার উঁচুতে ঝুলতে থাকেন তিনি।বিপদের মধ্যে পড়েও মাথা ঠান্ডা রাখেন অ্যালেক্সি। নিজের মোবাইল ফোন দিয়ে ছবি তুলে পাঠান বীর বিলিং প্যারাগ্লাইডিং অ্যাসোসিয়েশনের কাছে। সেই ছবির মাধ্যমে নিজের অবস্থানের কথাও জানান তিনি। পরে বিষয়টি মান্ডি জেলা প্রশাসনের নজরে আসে। এরপরই শুরু হয় উদ্ধার অভিযান।তবে হাই-টেনশন বিদ্যুতের তারে আটকে থাকায় উদ্ধারকাজ ছিল অত্যন্ত কঠিন। যে কোনও মুহূর্তে বড় দুর্ঘটনা ঘটার আশঙ্কা ছিল। তাই সতর্কতার সঙ্গে উদ্ধারকাজ শুরু করেন বিপর্যয় মোকাবিলা বাহিনীর সদস্যরা। মাটিতে নিরাপত্তার জন্য জাল ও গদি বিছিয়ে রাখা হয়। বিশেষ যন্ত্রপাতির সাহায্যে পাইলটের কাছে পৌঁছনোর চেষ্টা করেন উদ্ধারকারীরা। দীর্ঘ চেষ্টার পর তাঁকে নিরাপদে নিচে নামিয়ে আনা সম্ভব হয়।এই উদ্ধার অভিযানে একাধিক সংস্থা একসঙ্গে কাজ করে। জাতীয় সড়ক কর্তৃপক্ষ, গাওয়ার কনস্ট্রাকশন সংস্থা, রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী এবং জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর সদস্যরা যৌথ ভাবে অভিযান চালান। তাঁদের সমন্বিত প্রচেষ্টাতেই প্রায় তিন ঘণ্টা পর বিপজ্জনক পরিস্থিতি থেকে রক্ষা পান রুশ পাইলট।

নভেম্বর ১০, ২০২৬
কলকাতা

একে একে বিকল হচ্ছে অঙ্গ, গুরুতর সঙ্কটজনক অবস্থায় রাজ্যের মন্ত্রী

বাইপাস অস্ত্রোপচারের পর স্ট্রোক। তার পর থেকে একের পর এক শারীরিক জটিলতা। নিউমোনিয়া, মূত্রনালিতে সংক্রমণ, সেপটিক শক। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে শরীরের একাধিক অঙ্গের কার্যক্ষমতা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। বর্তমানে সম্পূর্ণ ভেন্টিলেশন সাপোর্টে রয়েছেন নদিয়ার প্রবীণ তৃণমূল নেতা তথা রাজ্যের প্রাক্তন মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস। কিডনির কার্যক্ষমতা কমে যাওয়ায় চলছে ডায়ালিসিসও। কলকাতার মুকুন্দপুরের ফর্টিস হাসপাতালে চিকিৎসাধীন ৭২ বছরের এই প্রাক্তন মন্ত্রীর শারীরিক অবস্থা অত্যন্ত সংকটজনক। মঙ্গলবার হাসপাতালের চিকিৎসকদের দেওয়া মেডিক্যাল রিপোর্টে এমনটাই জানানো হয়েছে। চিকিৎসকদের মতে, তাঁর সুস্থ হয়ে ওঠার সম্ভাবনাও অত্যন্ত কম।হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, গত ২৪ সেপ্টেম্বর অন্য একটি হাসপাতালে উজ্জ্বল বিশ্বাসের বাইপাস অস্ত্রোপচার হয়েছিল। হৃদ্যন্ত্রের তিনটি রক্তনালিতে ব্লক থাকায় অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেওয়া হয়। কিন্তু অস্ত্রোপচারের পরেই জটিলতা দেখা দেয়। হৃদ্যন্ত্র থেকে তৈরি হওয়া রক্তের জমাট মস্তিষ্কে পৌঁছে যাওয়ায় স্ট্রোক হয় তাঁর। এর পর থেকেই ধীরে ধীরে শারীরিক অবস্থার অবনতি হতে থাকে।গত ১৮ অক্টোবর নিউমোনিয়া এবং মূত্রনালিতে সংক্রমণ নিয়ে তাঁকে মুকুন্দপুরের ফর্টিস হাসপাতালে ভর্তি করানো হয়। পরে সংক্রমণ আরও ছড়িয়ে পড়ে। তৈরি হয় সেপটিক শকের পরিস্থিতি। শরীরের একাধিক অঙ্গের কার্যক্ষমতাও ক্ষতিগ্রস্ত হয়। বিশেষ করে কিডনির অবস্থা অত্যন্ত খারাপ হয়ে যায়। সেই কারণে বর্তমানে নিয়মিত ডায়ালিসিস করতে হচ্ছে তাঁকে।চিকিৎসকদের রিপোর্ট অনুযায়ী, এখন যন্ত্রের সাহায্যে শ্বাসপ্রশ্বাস চালানো হচ্ছে উজ্জ্বল বিশ্বাসের। শ্বাস নিতে সুবিধা হওয়ার জন্য গলায় অস্ত্রোপচার করে বিশেষ নল বসানো হয়েছে। চিকিৎসাবিজ্ঞানের ভাষায় এই পদ্ধতিকে ট্র্যাকিওস্টমি বলা হয়। পাশাপাশি চলছে হেমোডায়ালিসিস। বিভিন্ন বিভাগের বিশেষজ্ঞ চিকিৎসকদের নিয়ে তৈরি দল তাঁর চিকিৎসার দায়িত্বে রয়েছে। সারাক্ষণ নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে প্রাক্তন মন্ত্রীকে। তবে চিকিৎসকদের বক্তব্য, তাঁর শারীরিক অবস্থা এখনও অত্যন্ত সংকটজনক। সামগ্রিকভাবে সুস্থ হয়ে ওঠার সম্ভাবনা খুবই কম।জানা গিয়েছে, গত কয়েক মাস ধরেই হৃদ্যন্ত্রের সমস্যায় ভুগছিলেন উজ্জ্বল বিশ্বাস। বাইপাস অস্ত্রোপচারের পর প্রায় ১৪ দিন হাসপাতালে থাকতে হয়েছিল তাঁকে। পরে বাড়ি ফিরে চিকিৎসকদের পরামর্শ মেনে চিকিৎসা চলছিল। কিন্তু দুর্গাপুজোর পঞ্চমীর দিন ফের অসুস্থ হয়ে পড়েন তিনি। সপ্তমীর দিন তাঁকে কলকাতার হাসপাতালে ভর্তি করানো হয়। পরীক্ষায় ধরা পড়ে নিউমোনিয়া। এরপর ধীরে ধীরে ফুসফুসের কার্যক্ষমতা কমতে শুরু করে। শরীরের অন্যান্য অঙ্গেও সমস্যা দেখা দেয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গলায় অস্ত্রোপচার করে শ্বাসপ্রশ্বাসের বিশেষ ব্যবস্থা করেন চিকিৎসকেরা।প্রাক্তন মন্ত্রীর শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন তৃণমূল বিধায়ক কুণাল ঘোষ। সমাজমাধ্যমে একটি পোস্ট করে উজ্জ্বল বিশ্বাসের দ্রুত আরোগ্য কামনা করেন তিনি। পাশাপাশি তাঁর অসুস্থতার পিছনে সাম্প্রতিক রাজনৈতিক ঘটনাবলির প্রভাব রয়েছে বলেও অভিযোগ করেন কুণাল। তাঁর দাবি, ভোটের ফল প্রকাশের পর উজ্জ্বল বিশ্বাসকে অপমান করা হয়েছিল। সেই ঘটনার মানসিক ও শারীরিক ধাক্কা তিনি সামলাতে পারেননি। যাঁরা তাঁকে নিগ্রহ করেছিলেন, তাঁদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার দাবিও জানিয়েছেন তৃণমূল বিধায়ক।এদিকে মুকুন্দপুরের ফর্টিস হাসপাতালে উজ্জ্বল বিশ্বাসকে দেখতে গিয়েছিলেন কৃষ্ণনগরের সাংসদ মহুয়া মৈত্র। তাঁর অভিযোগ, মিথ্যা মামলায় উজ্জ্বল বিশ্বাসকে গ্রেফতার করে জেলে পাঠানো হয়েছিল। এই বয়সেও তাঁকে একা সেলে থাকতে হয়েছিল বলে দাবি করেন মহুয়া। প্রাক্তন মন্ত্রীর দ্রুত সুস্থতা কামনা করে কৃষ্ণনগর, নদিয়া-সহ বাংলার সর্বস্তরের মানুষের কাছে প্রার্থনার আবেদন জানিয়েছেন তিনি। রাজনৈতিক মতপার্থক্য ভুলে সকলকে উজ্জ্বল বিশ্বাসের আরোগ্য কামনা করার অনুরোধ করেছেন তৃণমূল সাংসদ।

নভেম্বর ১০, ২০২৬
বিনোদুনিয়া

জীতুকে বাঁচাতে নিজের চুল কেটে ফেললেন সৃজলা! বিগ বসের বাড়িতে প্রেমের কী অদ্ভুত পরীক্ষা!

খেলার জন্য প্রেম, নাকি প্রেমের জন্য খেলা? বিগ বসের বাড়িতে এই প্রশ্নই যেন বার বার উঠে আসছে। তবে সৃজলা গুহর কাছে জীতু কামালের গুরুত্ব যে কতটা, তা বুঝিয়ে দিলেন অভিনেত্রী নিজেই। জীতুকে নমিনেশন থেকে বাঁচাতে নিজের সাধের লম্বা চুল কেটে ফেললেন তিনি। বিগ বসের দেওয়া শর্ত শুনে এক মুহূর্তও দেরি করেননি সৃজলা। সোমবারের পর্বে তাঁর এই সিদ্ধান্তে অবাক হয়ে যান বাড়ির অন্য প্রতিযোগীরাও।সোমবার বিগ বসের বাড়িতে নমিনেশনের জন্য এক অভিনব খেলার আয়োজন করা হয়। বাড়ির বাগানে তৈরি করা হয়েছিল পুরনো দিনের টেলিফোন বুথের মতো একটি ঘর। সেখান থেকে একে একে প্রতিযোগীদের ফোন করেন বিগ বস। ফোনের পর্দায় ভেসে ওঠে প্রতিযোগীদের নাম। যাঁর নাম দেখা যায়, তিনি ফোন ধরলেই বিগ বস জানিয়ে দেন, তিনি এই সপ্তাহে বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার জন্য নমিনেটেড।তবে নমিনেশন থেকে বাঁচারও সুযোগ ছিল। তার জন্য অন্য কোনও প্রতিযোগীকে নিজের স্বার্থ ত্যাগ করে বিগ বসের দেওয়া শর্ত পূরণ করতে হত। অর্থাৎ, একজনকে বাঁচাতে অন্যজন কতটা ত্যাগ স্বীকার করতে পারেন, সেটাই ছিল এই খেলার আসল পরীক্ষা।জীতু কামালের নাম আসতেই বিগ বস তাঁকে জানান, নমিনেশন থেকে বাঁচাতে হলে সৃজলাকে কাঁধ পর্যন্ত চুল কেটে ফেলতে হবে। এই কথা শুনে প্রথমেই আপত্তি জানান জীতু। তাঁর মতে, একজন নারীর সৌন্দর্যের অন্যতম অংশ তাঁর চুল। তাই সৃজলাকে চুল কাটার কথা বলতে চাননি তিনি। বরং নিজে নমিনেশনে থাকতে রাজি ছিলেন।কিন্তু বিগ বস জানিয়ে দেন, এটি একটি খেলা। তাই জীতুকে চেষ্টা করতেই হবে। শেষ পর্যন্ত সৃজলাকে বিষয়টি জানান জীতু। চুল কাটার কথা শুনে প্রথমে অবাক হয়ে যান অভিনেত্রী। কিন্তু পরক্ষণেই রাজি হয়ে যান তিনি। নিজের হাতে কাঁচি নিয়ে লম্বা, ঢেউখেলানো চুলের অনেকটা কেটে ফেলেন সৃজলা।সৃজলার এই সিদ্ধান্তে অবাক হয়ে যান জীতু-সহ বাড়ির অন্য প্রতিযোগীরা। নতুন ছোট চুলে অভিনেত্রীকে বেশ সুন্দর দেখাচ্ছিল। বিগ বসও তাঁর নতুন চেহারার প্রশংসা করেন। পরে জীতু নিজেই সৃজলার কাটা চুল ঠিক করে দেন। প্রেমের প্রস্তাবে এখনও সরাসরি সম্মতি না দিলেও জীতুর জন্য সৃজলার এই ত্যাগ তাঁদের সম্পর্ক নিয়ে নতুন করে চর্চা শুরু করেছে।তবে শুধু সৃজলাই নন, অন্য প্রতিযোগীরাও প্রিয় সহ-প্রতিযোগীদের বাঁচাতে কঠিন শর্ত মেনে নিয়েছেন। তাঁদের মধ্যে সবচেয়ে আবেগঘন মুহূর্ত তৈরি হয় নিরঞ্জন মণ্ডল ওরফে লাফটারসেন এবং রনিতা দাসকে ঘিরে।রনিতাকে নমিনেশন থেকে বাঁচানোর জন্য নিরঞ্জনকে বিগ বসের দেওয়া শর্ত ছিল, বাড়ি থেকে পাওয়া তাঁর সাধের স্মৃতির খাতাটি পুড়িয়ে ফেলতে হবে। ওই খাতার সঙ্গে জড়িয়ে ছিল তাঁর অনেক পুরনো স্মৃতি। তাই এমন শর্ত শুনে ভেঙে পড়েন রনিতা। নিরঞ্জনকেও কাজটি করতে দিতে চাইছিলেন না তিনি।কিন্তু শেষ পর্যন্ত নিজের স্মৃতির খাতা পুড়িয়ে ফেলতে রাজি হন নিরঞ্জন। খাতাটি আনতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন তিনি। তাঁকে জড়িয়ে ধরে সান্ত্বনা দেন সৃজলা। নিজেকে সামলে শেষ পর্যন্ত খাতাটি আগুনে পুড়িয়ে দেন নিরঞ্জন। সেই দৃশ্য দেখে কেঁদে ফেলেন রনিতাও। বাড়ির অন্য প্রতিযোগীদের চোখেও জল চলে আসে।এর পর মনামী ঘোষকে বাঁচানোর দায়িত্ব পড়ে রনিতার উপর। তাঁকে বিগ বসের দেওয়া শর্তও ছিল বেশ কঠিন। মাছের সস, কাসুন্দি এবং কাঁচা ডিম মিশিয়ে সেই মিশ্রণ দিয়ে দাঁত মাজতে বলা হয় তাঁকে। অদ্ভুত এই শর্ত শুনেও পিছিয়ে যাননি রনিতা। শেষ পর্যন্ত কাজটি করে দেখান তিনি। তাঁর সাহসের প্রশংসা করেন বাড়ির অন্য প্রতিযোগীরা।তবে সবাই বিগ বসের দেওয়া শর্ত পূরণ করতে পারেননি। ফলে এই সপ্তাহে বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার জন্য নমিনেটেড হয়েছেন সোনামণি সাহা, রাজবীর দে এবং তনুশ্রী রায় দাস। তাঁদের ভাগ্য এখন নির্ভর করছে দর্শকদের ভোটের উপর।

নভেম্বর ১০, ২০২৬
কলকাতা

মমতা ভাইফোঁটা দেন না, রাখিও পরান না! সেই ভাইয়ের মুখেই শুভেন্দুর প্রশংসা, অভিষেককে তোপ

দুধের ডিপোয় কাজ করে দিনে ৪৫ টাকা রোজগার করতেন। সেই টাকা দিয়েই ছোট ভাইদের মানুষ করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বাবার মৃত্যুর পর কী ভাবে সংসার চালিয়েছিলেন, তা একাধিক বার প্রকাশ্যে জানিয়েছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী। সেই সময় বাবুন বন্দ্যোপাধ্যায়ের বয়স ছিল মাত্র আড়াই বছর। কিন্তু রাজনীতির কারণে সময়ের সঙ্গে সঙ্গে ভাই-বোনের সম্পর্কে দূরত্ব তৈরি হয়েছে। মমতা এখন আর বাবুনকে ভাইফোঁটা দেন না, রাখিও পরান না। আর সেই বাবুনই এ বার প্রকাশ্যে শুভেন্দু অধিকারীর পায়ে হাত দিয়ে প্রণাম করলেন। শুধু তাই নয়, শুভেন্দুকে নিজের নেতা, দাদা এবং অভিভাবক বলেও উল্লেখ করলেন তিনি।মঙ্গলবার সন্ধ্যায় কালীঘাটে নিজের ক্লাবের কালীপুজোয় শুভেন্দু অধিকারীকে আমন্ত্রণ জানিয়েছিলেন বাবুন। মুখ্যমন্ত্রী সেখানে গিয়ে পুজো করেন এবং আরতিতে অংশ নেন। শুভেন্দু চলে যাওয়ার পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে নিজের উচ্ছ্বাস প্রকাশ করেন বাবুন।তিনি বলেন, গোটা এলাকার মানুষ খুব খুশি। এরকম মানুষ দেখা যায় না। এর আগেও বাবুনের আমন্ত্রণে একটি রক্তদান শিবিরে গিয়েছিলেন শুভেন্দু। এ বার তাঁর ক্লাবের কালীপুজোয় উপস্থিত হলেন মুখ্যমন্ত্রী। বাবুনের কথায়, এটা আমার কাছে বিরাট পাওনা। ওঁর জন্য আমার সারাজীবন পড়ে আছে।শুভেন্দুকে নিজের নেতা এবং অভিভাবক বলেও উল্লেখ করেছেন বাবুন। তাঁর কথায়, শুভেন্দু আমার নেতা, আমার দাদা। আমার অভিভাবক বলে মনে করি। মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সম্পর্ক নিয়ে প্রশ্ন করা হলে বাবুন বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় আমাকে ভাইফোঁটা দেন না, রাখিও পরান না। একসময় মুকুল রায় এবং সুব্রত বক্সী তাঁর অভিভাবক ছিলেন বলেও জানান তিনি। সেই তালিকায় শুভেন্দুর নামও রয়েছে বলে দাবি বাবুনের।মঙ্গলবার সন্ধ্যা থেকেই পাড়ার গলিতে দাঁড়িয়ে শুভেন্দুর জন্য অপেক্ষা করছিলেন বাবুন। নিজের ক্লাবের পুজোয় মুখ্যমন্ত্রীকে নিয়ে যাওয়াই ছিল তাঁর লক্ষ্য। শুভেন্দু সেখানে পৌঁছতেই তাঁকে স্বাগত জানান বাবুন। মুখ্যমন্ত্রীর পায়ে হাত দিয়ে প্রণামও করেন তিনি। গোটা ঘটনায় মমতার সঙ্গে তাঁর সম্পর্কের টানাপড়েন ফের আলোচনায় উঠে এসেছে।তবে শুধু শুভেন্দুর প্রশংসা করেই থামেননি বাবুন। এ বার সরাসরি অভিষেক বন্দ্যোপাধ্যায়কেও আক্রমণ করেছেন তিনি। তৃণমূলের নেতা-নেত্রীরা বিভিন্ন সময়ে শুভেন্দুকে গদ্দার বলে আক্রমণ করেন। সেই প্রসঙ্গে বাবুনের বক্তব্য, শুভেন্দু গদ্দার নয়। গদ্দার অভিষেক।উল্লেখ্য, তৃণমূলের সঙ্গে বাবুনের দূরত্ব নতুন নয়। বছর দুয়েক আগে দলের প্রার্থী নির্বাচন নিয়ে প্রকাশ্যেই ক্ষোভ জানিয়েছিলেন তিনি। দলের সিদ্ধান্তে অসন্তোষ প্রকাশ করেছিলেন। এ বার শুভেন্দুর প্রতি প্রকাশ্যে সমর্থন জানানো এবং অভিষেককে আক্রমণ করার ঘটনায় রাজ্য রাজনীতিতে নতুন করে চর্চা শুরু হয়েছে।

নভেম্বর ১০, ২০২৬
বিনোদুনিয়া

‘সীতা কি রণক্ষেত্রে যুদ্ধ করেছিলেন?’ ‘রামায়ণ’ নিয়ে ক্ষোভে ফেটে পড়লেন মুকেশ খান্না!

মুক্তির পর থেকেই আলোচনায় পরিচালক নীতেশ তিওয়ারির ছবি রামায়ণ। ছবির ব্যবসা নিয়ে যেমন চর্চা চলছে, তেমনই নতুন করে বিতর্ক শুরু হয়েছে ছবির একটি দৃশ্যকে ঘিরে। সীতার চরিত্রে অভিনয় করেছেন সাই পল্লবী। ছবিতে তাঁর একটি যুদ্ধের দৃশ্য নিয়েই আপত্তি তুলেছেন প্রবীণ অভিনেতা মুকেশ খান্না। শক্তিমান খ্যাত এই অভিনেতা নিজের ইউটিউব ভ্লগে ছবির নির্মাতাদের কড়া ভাষায় আক্রমণ করেছেন।মুকেশ জানিয়েছেন, ছবির প্রচার ঝলক এবং দর্শক ও সমালোচকদের প্রতিক্রিয়া দেখেই তিনি এই মন্তব্য করছেন। তাঁর মতে, ছবির ৪০০০ কোটি টাকার বাজেট এবং সেই টাকা তুলে আনার চিন্তাই নির্মাতাদের কাছে বেশি গুরুত্ব পাচ্ছে। অথচ রামায়ণের মূল কাহিনি ঠিক ভাবে তুলে ধরা হচ্ছে কি না, সে দিকে নজর দেওয়া হচ্ছে না।মুকেশের কথায়, ছবির মুক্তি এবং ব্যবসাই যেন এখন সবচেয়ে বড় বিষয়। কী ভাবে ৪০০০ কোটি টাকার খরচ তোলা যাবে, সেটাই ভাবনা। কিন্তু রামায়ণের আসল গল্প দর্শকদের সামনে ঠিক ভাবে তুলে ধরা হচ্ছে কি না, তা নিয়ে কারও মাথাব্যথা নেই। নিজেদের কল্পনা মিশিয়ে রামায়ণ বা মহাভারতের মতো মহাকাব্য বদলে দেওয়া কি ঠিক?বিশেষ করে সাই পল্লবীর যুদ্ধের দৃশ্য নিয়ে আপত্তি জানিয়েছেন তিনি। মুকেশের প্রশ্ন, সীতাকে কি এখনকার অ্যাকশন ছবির নায়িকা কিংবা রানি লক্ষ্মীবাঈয়ের মতো যুদ্ধে লড়তে দেখা যাবে? তাঁর দাবি, বাল্মীকি রামায়ণে সীতার যুদ্ধ করার কোনও উল্লেখ নেই। তিনি বলেন, আমি বাল্মীকি রামায়ণ পড়েছি। সেখানে কোথাও লেখা নেই যে সীতা মা যুদ্ধ করতে গিয়েছিলেন। তাঁর মধ্যে সেবার মনোভাব ছিল। তিনি যদি যোদ্ধাই হতেন, তা হলে রাবণের সঙ্গে লড়াই করলেন না কেন? রাবণই বা তাঁকে তুলে নিয়ে যেতে পারল কী ভাবে?ছবির প্রযোজক নমিত মলহোত্রের বক্তব্য নিয়েও আপত্তি জানিয়েছেন মুকেশ। সম্প্রতি নমিত জানিয়েছিলেন, সীতার যুদ্ধের দৃশ্যটি বাল্মীকি রামায়ণ নয়, অদ্ভুত রামায়ণ থেকে অনুপ্রাণিত। এই ব্যাখ্যা শুনে ক্ষোভ প্রকাশ করেন অভিনেতা। তাঁর দাবি, বাল্মীকি রামায়ণই আসল রামায়ণ। অন্য ধর্মের পবিত্র গ্রন্থের কাহিনিতে কি এ ভাবে পরিবর্তন আনা সম্ভব? তা হলে রামায়ণ বা গীতার ক্ষেত্রে এমন কল্পনা যোগ করা হবে কেন? নির্মাতাদের উদ্দেশে তাঁর বার্তা, নিজেদের মতামত বাল্মীকি রামায়ণের উপর চাপিয়ে দেওয়া বন্ধ করা উচিত।নীতেশ তিওয়ারির এই ছবিতে রামের চরিত্রে অভিনয় করেছেন রণবীর কাপুর। সীতা হয়েছেন সাই পল্লবী, রাবণের চরিত্রে রয়েছেন যশ এবং লক্ষ্মণের ভূমিকায় অভিনয় করেছেন রবি দুবে। দীপাবলি উপলক্ষে ৫ নভেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে ছবিটি। বক্স অফিসে সাফল্য পেলেও ছবির একটি দৃশ্য ঘিরে বিতর্ক থামার লক্ষণ নেই। মুকেশ খান্নার মন্তব্য প্রকাশ্যে আসার পর সমাজমাধ্যমেও শুরু হয়েছে জোর আলোচনা।

নভেম্বর ১০, ২০২৬
বিনোদুনিয়া

লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের হুমকিতে আতঙ্কিত বলিপাড়া, তারকাদের কী করতে বারণ করল পুলিশ?

টাইগার শ্রফের গাড়ি লক্ষ্য করে গুলি চালানোর ঘটনার পর বলিউড তারকাদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ বেড়েছে। একের পর এক তারকাকে হুমকি দেওয়ার অভিযোগ সামনে আসায় সতর্ক হয়েছে মুম্বই পুলিশ। বলিউডের অভিনেতা-অভিনেত্রীদের জন্য বিশেষ নির্দেশিকা জারি করেছে তারা। ভিড়ের মধ্যে যাওয়া এবং প্রকাশ্যে অনুরাগীদের সঙ্গে মেলামেশা এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছে তারকাদের।মুম্বই পুলিশের তরফে জানানো হয়েছে, তারকাদের নিরাপত্তা নিশ্চিত করতেই এই আগাম সতর্কতা। সম্প্রতি কয়েক জন অভিনেতার বাড়ির বাইরে সন্দেহজনক নজরদারির খবর সামনে আসে। তার পরেই বিষয়টি গুরুত্ব দিয়ে দেখতে শুরু করে পুলিশ।টাইগার শ্রফের উপর হামলার পর তুষার কাপুর, আয়ুষ্মান খুরানা এবং অমিতাভ বচ্চনের মতো অভিনেতাদের কাছেও হুমকি বার্তা আসার অভিযোগ উঠেছে। আয়ুষ্মান খুরানাকে হুমকি দেওয়ার ঘটনায় তদন্তে নামে মুম্বই পুলিশের অপরাধ দমন শাখা। বেঙ্গালুরু থেকে ৩০ বছর বয়সি বৈভব মিশ্র নামে এক তথ্যপ্রযুক্তি কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযোগ, লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের নাম করে ওই যুবক তারকাদের কাছে টাকা চেয়ে হুমকি অডিয়ো বার্তা পাঠাত।উল্লেখ্য, গত ১৮ অক্টোবর মুম্বইয়ের জুহু এলাকায় টাইগার শ্রফের গাড়ি লক্ষ্য করে গুলি চালায় বাইকে আসা তিন দুষ্কৃতী। অল্পের জন্য রক্ষা পান অভিনেতা। তবে গুলিতে গুরুতর আহত হন তাঁর গাড়ির চালক এবং এক পথচারী। পরে লরেন্স বিষ্ণোই গ্যাং এই হামলার দায় স্বীকার করে বলে খবর। ঘটনার তদন্তে নেমে পুলিশ অভিযুক্তদের গ্রেপ্তার করেছে।মুম্বই পুলিশের এই সতর্কতা এবং বলিউডের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে একটি সংবাদমাধ্যমকে মুখ খুলেছেন অভিনেতা তথা বিজেপি বিধায়ক রুদ্রনীল ঘোষ। তাঁর মতে, মুম্বই দেশের বাণিজ্যনগরী হয়ে ওঠার পর থেকেই সেখানে নানা ধরনের অপরাধমূলক ঘটনা ঘটছে। প্রশাসন কঠোর হলেও মাঝেমধ্যে অপরাধীরা মাথাচাড়া দিয়ে ওঠে। টাইগার শ্রফের উপর হামলার পর পুলিশ বিষয়টিকে গুরুত্ব দিয়ে দেখছে বলেই তারকাদের সতর্ক করা হয়েছে বলে মনে করেন তিনি।তবে তারকাদের পক্ষে এই নির্দেশিকা মেনে চলা কতটা সহজ, তা নিয়েও প্রশ্ন তুলেছেন রুদ্রনীল। তাঁর কথায়, পেশার প্রয়োজনে অভিনেতাদের প্রায়ই সাধারণ মানুষের সামনে আসতে হয়। শুটিংয়ের বাইরেও নানা সামাজিক অনুষ্ঠানে যেতে হয় তাঁদের। সব জায়গায় সব সময় কত জনের উপর নজর রাখা সম্ভব, সেটাও বড় প্রশ্ন। তারকাদের নিজস্ব নিরাপত্তারক্ষী থাকে, পুলিশের তরফেও নিরাপত্তার ব্যবস্থা করা হয়। তবু পরিস্থিতি কঠিন। সতর্ক থাকা জরুরি, কিন্তু এই ধরনের বিধিনিষেধ মেনে চলা তারকাদের পক্ষে সহজ নয়।

নভেম্বর ১০, ২০২৬
কলকাতা

মমতার ভাইয়ের ক্লাবে শুভেন্দু, পায়ে হাত দিয়ে প্রণাম বাবুনের! তারপর কী বললেন তিনি?

মমতা বন্দ্যোপাধ্যায়ের পাড়ায় গিয়ে কালীপুজোয় অংশ নিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মঙ্গলবার সন্ধ্যায় কালীঘাটে যান তিনি। প্রথমে প্রাক্তন মুখ্যমন্ত্রীর ভাই বাবুন বন্দ্যোপাধ্যায়ের ক্লাবের কালীপুজোয় উপস্থিত হন শুভেন্দু। সেখানে মুখ্যমন্ত্রীকে স্বাগত জানান বাবুন। গাড়ি থেকে নামতেই শুভেন্দুর পায়ে হাত দিয়ে প্রণাম করেন তিনি। এরপর তাঁকে মালা পরিয়ে বরণ করা হয়।পুজোর মণ্ডপে গিয়ে কালীমাকে পদ্মফুলের মালা পরান মুখ্যমন্ত্রী। মায়ের সামনে দাঁড়িয়ে আরতিও করেন তিনি। পুজো শেষে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে দিয়ে হেঁটে যান শুভেন্দু। সেই সময় বাড়ির উঠোনে অন্ধকার ছিল। সেখান থেকে হরিশ চ্যাটার্জি স্ট্রিটের আরও কয়েকটি কালীপুজোর মণ্ডপে যান তিনি। পথে সাধারণ মানুষের সঙ্গে কথাও বলেন মুখ্যমন্ত্রী।শুভেন্দু চলে যাওয়ার পর সাংবাদিকদের মুখোমুখি হন বাবুন বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করে তিনি যে খুশি, তা-ও জানান। বাবুন বলেন, দাদা বললেন, কালীপুজোয় তোমাদের কাছে আসতে পেরে ভাল লাগল। শুভেন্দুদার কাছে একটাই প্রার্থনা, দাদা তুমি এগিয়ে চলো, আমরা তোমার সঙ্গে আছি। তবে ব্যস্ততার কারণে মুখ্যমন্ত্রীর সঙ্গে বেশি কথা বলার সুযোগ হয়নি বলেও জানান তিনি।এ দিন কালীঘাটের সেবক সংঘ এবং তরুণ যুবক সংঘের কালীপুজোয়ও যান শুভেন্দু। বিজেপির অভিযোগ, এই দুই ক্লাবের পুজো উদ্বোধনের জন্যই মুখ্যমন্ত্রীকে আমন্ত্রণ জানানো হয়েছিল। কিন্তু সেই সময় তিনি যেতে পারেননি। এর মধ্যে শনিবার সেবক সংঘ এবং রবিবার তরুণ যুবক সংঘের পুজোর উদ্বোধন করেন মমতা বন্দ্যোপাধ্যায়। তা নিয়ে বিজেপি কর্মীদের মধ্যে ক্ষোভ তৈরি হয় বলে অভিযোগ।মঙ্গলবার সেই দুই পুজোর মণ্ডপে গিয়ে বিসর্জনের আগের বিশেষ পুজোয় অংশ নেন শুভেন্দু। উল্লেখযোগ্য বিষয় হল, সেবক সংঘের পুজো হয় মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির ঠিক উলটো দিকে। ফলে একই সন্ধ্যায় মমতার পাড়ায় শুভেন্দুর এই উপস্থিতি রাজনৈতিক মহলে বিশেষ চর্চার বিষয় হয়ে উঠেছে।

নভেম্বর ১০, ২০২৬

Ads

You May Like

Gallery

265-year-old "Mukhopadhyay House" in Bhavanandpur, Kalnar, played vermilion on Dasami during Durga Puja
BJP candidate Locket Chatterjee campaigned on the banks of the Ganges from Chandannagar Ranighat to Triveni Ghat wishing New Year.
A living depiction of history with a touch of color, everyone is enthralled by the initiative of the Eastern Railway
Sucharita Biswas actress and model on Durga Puja
Lord Kalabau came up in palanquin; Navapatrika walked towards the mandap - the puja started
On Sunday, the 'Hilsa festival' is celebrated in the city with great joy.
Check out who has joined Mamata's new cabinet
Take a look at the list of recipients at the Bangabibhushan award ceremony
If you are grassroots, you will get ration for free. Lakshmi Bhandar, Kanyashree, Swastha Sathi, Krishakbandhu, Oikyashree, Sabujsathi — you will get all.

Categories

  • কলকাতা
  • রাজ্য
  • দেশ
  • বিদেশ
  • রাজনীতি
  • খেলার দুনিয়া
  • বিনোদুনিয়া
  • সম্পাদকীয়
  • নিবন্ধ
  • ভ্রমণ
  • রাশিফল
  • টুকিটাকি
  • চিত্রহার
  • বিবিধ
  • ভিডিও

Company

  • About Us
  • Advertise
  • Privacy
  • Terms of Use
  • Contact Us
Copyright © 2026 Janatar Katha News Portal