• ২৪ কার্তিক ১৪৩৩, শুক্রবার ১৩ নভেম্বর ২০২৬ ই-পোর্টাল

Janatar Katha

Banner Add
  • কলকাতা
  • রাজ্য
  • দেশ
  • বিদেশ
  • রাজনীতি
  • খেলার দুনিয়া
  • বিনোদুনিয়া
  • সম্পাদকীয়
  • নিবন্ধ
  • ভ্রমণ
  • রাশিফল
  • টুকিটাকি
  • চিত্রহার
  • বিবিধ
  • ভিডিও
  • এছাড়াও
    • উৎসব
    • ব্যবসা
    • স্বাস্থ্য
    • শিক্ষা
    • প্রযুক্তি
    • হেঁসেল

Passengers

দেশ

রাজধানী এক্সপ্রেসের পর ফের ট্রেনে আগুন! বিহারে ভয়াবহ অগ্নিকাণ্ডে আতঙ্কে যাত্রীরা

মধ্যপ্রদেশে রাজধানী এক্সপ্রেসে আগুন লাগার ঘটনার রেশ কাটতে না কাটতেই ফের ট্রেনে অগ্নিকাণ্ডের ঘটনা সামনে এল। সোমবার সকালে বিহারের রোহতাস জেলার সাসারাম স্টেশনে দাঁড়িয়ে থাকা একটি প্যাসেঞ্জার ট্রেনে ভয়াবহ আগুন লাগে। ঘটনায় মুহূর্তের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে স্টেশন চত্বরে।রেল পুলিশ সূত্রে জানা গিয়েছে, সাসারাম থেকে পাটনা যাওয়ার প্যাসেঞ্জার ট্রেনটি ৬ নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে ছিল। সেই সময় হঠাৎ একটি কামরা থেকে ধোঁয়া বের হতে দেখা যায়। কিছুক্ষণের মধ্যেই আগুন ভয়াবহ আকার নেয়। দাউদাউ করে জ্বলতে শুরু করে ট্রেনের বগি। আতঙ্কে যাত্রীরা দ্রুত ট্রেন থেকে নেমে আসেন। ফলে বড় দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে বলে মনে করা হচ্ছে।খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় আরপিএফ এবং রেলের কর্মীরা। দীর্ঘ চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনা হয়। রেল সূত্রে খবর, আগুনে একটি কামরা পুরোপুরি পুড়ে গিয়েছে। আরও একটি বগি ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে এখনও পর্যন্ত কোনও হতাহতের খবর মেলেনি।প্রাথমিক তদন্তে রেলের অনুমান, শর্ট সার্কিট থেকেই এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে থাকতে পারে। তবে ঠিক কী কারণে আগুন লাগল, তা জানতে বিস্তারিত তদন্ত শুরু করেছে রেল কর্তৃপক্ষ। তাঁদের মতে, সময়মতো যাত্রীদের নামিয়ে না আনতে পারলে পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারত।উল্লেখ্য, রবিবার ভোরেই মধ্যপ্রদেশে তিরুবনন্তপুরম-নয়াদিল্লি রাজধানী এক্সপ্রেসের একটি শীতাতপ নিয়ন্ত্রিত কামরায় ভয়াবহ আগুন লাগে। লুনি রিছা এবং বিক্রমগড় আলোট স্টেশনের মাঝামাঝি এলাকায় চলন্ত ট্রেনে আগুন লাগতেই আতঙ্ক ছড়িয়ে পড়ে যাত্রীদের মধ্যে। কয়েকজন যাত্রী চলন্ত ট্রেন থেকে লাফ দেওয়ারও চেষ্টা করেন। পরে জরুরি ভিত্তিতে ট্রেন থামিয়ে উদ্ধারকাজ শুরু করা হয়।একদিনের ব্যবধানে ফের ট্রেনে আগুন লাগার ঘটনায় রেলের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে নতুন করে প্রশ্ন উঠতে শুরু করেছে। যাত্রীদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়ছে দেশজুড়ে।

মে ১৮, ২০২৬
দেশ

১২–২৪ ঘণ্টা বিমানবন্দরে আটকে যাত্রী! ইন্ডিগো নিয়ে কেন্দ্রের তীব্র সতর্কবার্তা

শয়ে শয়ে বিমান বাতিল ও দীর্ঘ দেরির জেরে বিপর্যস্ত ইন্ডিগোর পরিষেবা নিয়ে এবার সরাসরি শোকজ নোটিস পাঠাল ডিজিসিএ। সংস্থার সিইও পিটার এলবার্সকে প্রশ্ন করা হয়েছে কেন টানা এক সপ্তাহ ধরে এত বিমান বাতিল হল এবং যাত্রীদের দুর্ভোগ চরমে পৌঁছল। আগামী ২৪ ঘণ্টার মধ্যেই এর ব্যাখ্যা দিতে বলা হয়েছে। নির্দেশ না মানলে কঠোর পদক্ষেপ করা হবে বলেও জানানো হয়েছে।মঙ্গলবার থেকে দেশের সবচেয়ে বড় বিমান সংস্থা ইন্ডিগোর পরিষেবা কার্যত ধসে পড়েছে। প্রতিদিন শতাধিক বিমান বাতিল হচ্ছে। ১২ থেকে ২৪ ঘণ্টা বিমানবন্দরে বসে থাকতে হচ্ছে যাত্রীদের। খাবার, জল, লাগেজকিছুই পাচ্ছেন না তাঁরা। পরিস্থিতি ঘিরে ক্ষোভ বাড়ছে।কেন্দ্র জানতে চেয়েছে, কী কারণে এত বড় সমস্যা তৈরি হল। নোটিসে বলা হয়েছে, কেন্দ্রের নতুন কাজের সময়সীমা সংক্রান্ত নিয়ম মানতে গিয়েই ইন্ডিগোর রিসোর্স ম্যানেজমেন্ট ব্যর্থ হয়। সংস্থার পরিকল্পনার ঘাটতি এবং পরিষেবার ত্রুটি স্পষ্ট হয়ে উঠেছে। যাত্রীদের প্রয়োজনীয় তথ্য দেওয়া হয়নি, এমনকি বাতিল বা বিলম্বের ক্ষেত্রে যে পরিষেবাগুলি দেওয়া বাধ্যতামূলকতাও দেওয়া হয়নি।ডিজিসিএ সরাসরি ইন্ডিগোর সিইওকেই দায়ী করেছে এবং তাঁর দায়িত্ব পালনে ব্যর্থতার কথা উল্লেখ করেছে। আজ, রবিবার বিকেলের মধ্যে টিকিটের টাকা যাত্রীদের ফেরত দিতে বলা হয়েছে। পাশাপাশি একটি বিশেষ প্যাসেঞ্জার সাপোর্ট ও রিফান্ড সেল তৈরি করার নির্দেশ দেওয়া হয়েছে। পরিষেবা স্বাভাবিক করতে কী পদক্ষেপ নেওয়া হচ্ছে, সেটাও জানাতে হবে।ইন্ডিগো জানিয়েছে, পরিস্থিতি ঠিক করতে তারা দ্রুত কাজ করছে। প্রায় ৯৫ শতাংশ পরিষেবাই স্বাভাবিকের পথে। সম্পূর্ণভাবে ফিরতে আরও কয়েক দিন লাগবে। আপাতত দিনে প্রায় ১৫০০টি ফ্লাইট চালানোর ব্যবস্থা করছে তারা।

ডিসেম্বর ০৭, ২০২৫
রাজ্য

মহিলা যাত্রীদের সুরক্ষায় বিশেষ উদ্যোগ রেলের, একাধিক প্রশংসনীয় পদক্ষেপ

পূর্ব রেলওয়ে, যাত্রীদের, বিশেষত নিত্যযাত্রী এবং মহিলাদের সুরক্ষা নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ। মহিলা যাত্রীদের সুরক্ষা এবং তাদের মর্যাদা বজায় রাখতে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করেছে। পূর্ব রেলওয়ের সুরক্ষা বাহিনী (আরপিএফ) মহিলা যাত্রীদের উদ্বেগ দূর করতে এবং সুরক্ষিত ভ্রমণের পরিবেশ সরবরাহ করতে অপারেশন মহিলা সুরক্ষার অধীনে একটি বিস্তৃত প্রচার শুরু করেছে।২০২৪ সালের আগস্ট মাস জুড়ে, পূর্ব রেলওয়ের আরপিএফ বাহিনী বিভিন্ন ট্রেনের মহিলা কামরায় নিয়মিত ভাবে নিখুঁত অভিযান চালিয়েছিল। সেই বগিগুলিতে অবৈধভাবে ভ্রমণকারী পুরুষ যাত্রীদের গ্রেপ্তার ও বিচার করেছিল। এই এক মাসে রেলওয়ে আইনের ১৬২ ধারায় মোট ১,৭৭৪ জন অপরাধীকে গ্রেপ্তার ও মামলা দায়ের করা হয়েছে এবং ₹৩,২৪,৪৫০/- জরিমানা আদায় করা হয়েছে। পূর্ব রেলের তরফে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে, মহিলা যাত্রীদের নিরাপত্তা ও মর্যাদা ক্ষুণ্ণ করে এমন নিয়ম লঙ্ঘন করলে কাউকে বরদাস্ত করা হবে না।নারী ও শিশু সুরক্ষার জন্য যেসব মূল পদক্ষেপগুলি বাস্তবায়িত করা হয়েছে, সেগুলি নিম্নরূপ :ট্রেন এসকর্ট এবং নজরদারি:১। ১২টি মহিলা ইএমইউ স্পেশাল ট্রেন-সহ ৩৩৯টি ট্রেনে নিয়মিত যাতায়াত করেন আরপিএফ জওয়ানরা।২। ৭৪টি এক্সপ্রেস ট্রেনে পুরুষ ও মহিলা আরপিএফ কর্মীরা যৌথভাবে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করেন। ৩। নেটওয়ার্ক জুড়ে ১৭০ টি স্টেশনে মোট ৩,৮৯৪ টি সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়েছে, বিশেষত মহিলা যাত্রীদের সুরক্ষার জন্য আরপিএফ দ্বারা ৮৭ টি স্টেশনে ২,২৬৫ টি ক্যামেরা মাধ্যমে সক্রিয়ভাবে পর্যবেক্ষণ করা হয়েছে।৪। ট্রেন এসকর্ট এবং যাত্রী ইন্টারফেস অপারেশন চলাকালীন আরপিএফ কর্মীদের ১২৭ টি পরিধানযোগ্য ক্যামেরা সরবরাহ করা হয়েছে যা সুরক্ষা পরিস্থিতির রিয়েল-টাইম পর্যবেক্ষণের অনুমতি দেয়।৫। ৮৮টি ট্রেনে একা যাতায়াতকারী মহিলাদের সহায়তার জন্য ১৫টি স্টেশনে মেরি সহেলি দল মোতায়েন করা হয়েছে। যার ফলে মহিলা যাত্রীরা একা হওয়া সত্ত্বেও সম্পূর্ণ যাত্রা সুরক্ষিত ও নিরাপদ ভাবে যাত্রা করতে পারেন।শহরতলির অঞ্চলগুলিতে প্রায় ২৫টি স্টেশনে যেখানে দৈনিক মহিলা যাত্রীদের যাতায়াত বেশি সেখানে মাতঙ্গিনী স্কোয়াড মোতায়েন করা হয়েছে যারা সুনিশ্চিত করে মহিলা যাত্রীদের সুরক্ষা।৬। অভাবী শিশুদের সাহায্য ও উদ্ধারের জন্য (হাওড়া, শিয়ালদহ, আসানসোল, মালদা টাউন, ভাগলপুর, সাহেবগঞ্জ) ছয়টি চাইল্ড হেল্প ডেস্ক চালু রয়েছে। ব্যান্ডেল, বর্ধমান, বোলপুর শান্তিনিকেতন এবং জামালপুরে চারটি অতিরিক্ত হেল্প ডেস্ক স্থাপনের প্রক্রিয়া চলছে।৭। শুধু আগস্ট মাসেই অপারেশন নানহে ফারিশতের আওতায় ১২৫ জন শিশুকে (৮৮ জন ছেলে ও ৩৭ জন মেয়ে) উদ্ধার করে পুনর্বাসনের জন্য শিশু কল্যাণ কমিটির কাছে হস্তান্তর করা হয়েছে।৮। অপারেশন এএএইচটি (মানব পাচার রোধ)-এর অঙ্গ হিসেবে শিয়ালদহ, হাওড়া, মালদা টাউন এবং আসানসোলের আরপিএফ পোস্টগুলিতে ৭১টি বিশেষ দল গঠন করা হয়েছে। যারা আগস্ট মাসে ৯ জন কিশোরকে উদ্ধার ও ৫ জন পাচারকারীকে গ্রেফতার করেছে ।মহিলা যাত্রীদের মধ্যে নিরাপত্তার ভাব জাগিয়ে তুলতে পূর্ব রেলওয়ের বড় বড় স্টেশনগুলিতে আরপিএফ কর্মীদের উপস্থিতি উল্লেখযোগ্যভাবে বাড়ানো হয়েছে। এই সক্রিয় পদক্ষেপটি যে কোনও সম্ভাব্য দুর্বৃত্তকে প্রতিরোধ করে এবং যাত্রীরা তাদের ভ্রমণের সময় যাতে নিরাপদ বোধ করে তা সুনিশ্চিত করে।

সেপ্টেম্বর ১৩, ২০২৪
বিদেশ

১৩৩ জন যাত্রী-সহ দক্ষিণ চিনে ভেঙে পড়ল বিমান

ভয়াবহ বিমান দুর্ঘটনার মুখোমুখি চিন। দক্ষিণ চিনে ভেঙে পড়ল যাত্রীবাহী বিমান। প্রাথমিকভাবে জানা গিয়েছে ওই বিমানে ১৩৩ জন যাত্রী ছিল। জানা গিয়েছে চিনে যে বিমানটি ভেঙে পড়েছে সেটি বোয়িং ৭৩৭ বিমান ছিল। মনে করা বিমান থাকা কোনও যাত্রীরই বেঁচে থাকার সম্ভাবনা নেই। সবেমাত্র উদ্ধার কাজ শুরু হয়েছে। জানা গিয়েছে বিমানটি কুনমিং শহর থেকে গুয়াংজুর দিকে যাচ্ছিল। ভেঙে পড়া বোয়িং বিমানটি চিন ইস্টার্ন এয়ারলাইন্সের বিমান ছিল। চিনের সিভিল অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন জানিয়েছে, এখনও অবধি এই বিমান দুর্ঘটনায় কত জন মারা গিয়েছেন তা জানা যায়নি।বিমান ভেঙে পড়ার ঘটনায় চিনের প্রেসিডেন্ট শি জিনপিং তদন্তের নির্দেশ দিলেন। কীভাবে আচমকা ভেঙে পড়ল সুরক্ষিত বোয়িং ৭৩৭ বিমান, তা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। বিষয়টি খতিয়ে দেখতে তদন্ত শুরু হয়েছে বলে খবর।Crash site pic.twitter.com/8qJWYK8FhS ChinaAviationReview (@ChinaAvReview) March 21, 2022তবে বিমানে থাকা ১৩৪ জন যাত্রী বেঁচে থাকার কোনও সম্ভাবনা নেই বলেই মনে করা হচ্ছে। বিমান সংস্থা সূত্রে জানা গিয়েছে, ভেঙে পড়া বিমানটি ৬ বছরের পুরানো। সিএএসি জানিয়েছে, উঝুর এয়ার ট্রাফিক কন্ট্রোলের সঙ্গে বিমানটির যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল। বিমানটিতে মোট ১২৩ জন যাত্রী এবং পাইলট সহ মোট ৯ জন কর্মী ছিলেন। ইতিমধ্যে জরুরি ভিত্তিতে উদ্ধারকাজ চালানোর নির্দেশ দেওয়া হয়েছে।স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, ইতিমধ্যেই একটি উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে গিয়েছে এবং উদ্ধারকাজ শুরু হয়েছে। উদ্ধারকারী দলের এক সদস্যকে উদ্ধৃত করে স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে, দুর্ঘটনার ফলে বিমানটি ভেঙে টুকরো টুকরো হয়ে গিয়েছে। প্রত্যক্ষদর্শীদের মতে বিমান দুর্ঘটনার সময়ে আগুন দেখা গিয়েছিল। পাহাড়ের কোলে যে এলাকার বিমানটি ভেঙে পড়েছে, সেখানকার বাঁশ বনে আগুন লেগে গিয়েছে বলেই জানা গিয়েছে।

মার্চ ২১, ২০২২
রাজ্য

Bus Accident: কাদায় চাকা স্লিপ করে ধান জমিতে উল্টে গেল যাত্রীবাহী বাস, আহত ১২ যাত্রী

যাত্রী বোঝাই একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে ধান জমিতে উল্টেপড়ায় আহত হলেন ১২ জন যাত্রী। বৃহস্পতিবার সকালে দুর্ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমানের আউসগ্রামের বাবুরবাঁধ বাস স্ট্যান্ড মোড় এলাকায় ।খবর পেয়ে আউসগ্রাম থানার পুলিশ ঘটনাস্থলে পৌছায়। পুলিশ ও এলাকার মানুষজন বাসটির সামনের অংশে থাকা কাচ খুলে আহত যাত্রীদের উদ্ধার করে স্থানীয় বন নবগ্রাম ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যায়। সেখানেই তাঁদের চিকিৎসা চলে। পরে ক্রেনের সাহায্যে বাসটিকে জমি থেকে রাস্তায় তোলা হয়। বাসটি আটক করে পুলিশ দুর্ঘটনার তদন্ত শুরু করেছে।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বেসরকারী যাত্রীবাহী বাসটি গলসির পারাজ থেকে বোলপুর যাচ্ছিল।বাসটিতে ১৮- ২০ জনের মত যাত্রী ছিল। পথে আউসগ্রামের বাবুরবান্ধ বাস স্ট্যান্ডের কাছে বাঁক কাটানোর সময় চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে জোরে ব্রেক কষেন। তখনই বাসের চাকা কাদায় স্লিপ করলে বাসটি পাল্টি খেয়ে রাস্তার পাশের ধান জমিতে গিয়ে উল্টে পড়ে। এই দুর্ঘটনায় বাসে থাকা মহিলা সহ ১২ জন যাত্রী আহত হন। তাঁদের মধ্যে ৪ জন একটু বেশী চোট পেয়েছেন।উল্টে গেল যাত্রীবাহী বাসপ্রত্যক্ষদর্শী সবির হেসেন মোল্লা, একরাম আলী খাঁন বলেন, বুধবার রাতে হালকা বৃষ্টি হওয়ায় রাস্তা ভিজে ছিল। তার উপর চাষের জমির কাদা ট্র্যাক্টর থেকে রাস্তায় পড়তে পড়তে যাওয়ায় রাস্তাও পিচ্ছিল হয়েছিল। সেই কারণে বাস চালক ব্রেক কষার সাথে সাথেই কাদায় চাকা হড়কে গিয়ে বাসটি রাস্তা থেকে ধান জমিতে গিয়ে উল্টে পড়ে। তবে বরাত জোরে বাসের কোন যাত্রীর প্রাণহাণির ঘটনা ঘটেনি।

ডিসেম্বর ৩০, ২০২১
রাজ্য

Local Train: লোকাল চালু হলেও শিকেয় দূরত্ববিধি, চিন্তায় যাত্রীরা

দীর্ঘ পাঁচ মাস বন্ধ থাকার পর রবিবার থেকে চালু হয়েছে লোকাল ট্রেন। ৫০ শতাংশ যাত্রী নিয়ে শুরু হয়েছে পরিষেবা। সোমবার সপ্তাহের প্রথমদিন কার্যত সবথেকে বড় পরীক্ষা রেলের জন্য। কিভাবে ৫০ শতাংশ যাত্রী নিয়ন্ত্রণ করা যাবে এবং কিভাবে ভিড় নিয়ন্ত্রণ করবে পুলিশ প্রশাসন এবং রেল সেই দিকে নজর রয়েছে সকলের।বিভিন্ন যাত্রী জানিয়েছেন, ৫০ শতাংশ যাত্রী নিয়ে কোভিড বিধি মানার কথা থাকলেও বেশিরভাগ মানুষই সেই বিধি মানছেন না বলে অভিযোগ যাত্রীদের। অনেকেই মনে করছেন যে ট্রেনের সংখ্যা বাড়ানোর সঙ্গে সঙ্গে সময়ে ট্রেন চালানো এবং ১২ বগির ট্রেন চালানোর মধ্য দিয়ে এই বিধি মানা তুলনামূলক বেশি সহজ হবে। সোমবার অফিস টাইমে কিভাবে কোভিড প্রোটোকল মানা হবে সেই দিকে তাকিয়ে রয়েছে শহরবাসী। যদিও প্রথমদিন অর্থাৎ রবিবারে অনেক মানুষই স্টেশনে মাস্ক নিয়েই আসেননি। সোমবারেও বহু স্টেশনে চোখে পড়ার মত ভিড় লক্ষ্য করা গিয়েছে। অনেকের মুখেই দেখা যায়নি মাস্ক। অনেকেই পকেটে ঢুকিয়ে রেখেছেন মাস্ক এবং এই প্রবণতাই ক্রমশ দুশ্চিন্তা বাড়াচ্ছে বিশেষজ্ঞদের।

নভেম্বর ০১, ২০২১
রাজ্য

Palsit Toll Plaza: বাস যাত্রীদের মারধোর ও শ্লীলতাহানির অভিযোগে গ্রেফতার পালসিট টোলপ্লাজার ২ কর্মী

টোল আদায় নিয়ে বিবাদ চলাকালীন বাসের কয়েকজন যাত্রীকে মারধর ও মহিলাদের শ্লীলতাহানির অভিযোগে গ্রেফতার হল টোল প্লাজার দুই কর্মী। মঙ্গলবার ভোরে ঘটনাটি ঘটেছে জাতীয় সড়কে পূর্ব বর্ধমানের মেমারির পালসিট টোল প্লাজায়। ধৃতদের নাম রাজু মুখোপাধ্যায় ও ইন্দ্রজিৎ ঘোষ। হুগলির উত্তরপাড়া থানার ভদ্রকালীতে রাজুর বাড়ি। অপর ধৃত ইন্দ্রজিৎতের বাড়ি হুগলির ডানকুনি থানা এলাকায়। বাসযাত্রীদের অভিযোগের ভিত্তিতে মেমারি থানার পুলিশ এদিনই তাদের গ্রেফতার করে। সুনির্দিষ্ট ধারায় মামলা রুজু করে পুলিশ এদিনই ধৃতদের পেশ করে বর্ধমান আদালতে। ধৃতদের বিচারবিভাগীয় হেপাজতে পাঠিয়ে বৃহস্পতিবার ফের আদালতে পেশের নির্দেশ দিয়েছেন বিচারক।পুলিশ জানিয়েছে, পশ্চিম বর্ধমানের চিত্তরঞ্জন থেকে একটি বাস যাত্রী নিয়ে হাওড়ার লিলুয়ায় যাচ্ছিল। পালশিট টোল প্লাজার কর্মীরা বাসটির কাছে টোল বাবদ ২৯০ টাকা চায়। ফাস্ট ট্যাগ থাকা সত্বেও কেন বাসের টোল বাবদ নগদে টাকা চাওয়া হচ্ছে তা নিয়ে প্রশ্ন তোলেন বাস যাত্রীরা। তা সত্ত্বেও টাকা নিয়ে বাসটিকে তখন ছাড়া হয়। এরপর ফেরার সময় ফের বাসটির চালকের কাছে টোল বাবদ ৩০০ টাকা চায় পালসিট টোল প্লাজার কর্মীরা। কেন এত টাকা চাওয়া হচ্ছে তা নিয়ে ফের প্রশ্ন তোলেন বাসের যাত্রীরা। তা নিয়ে বচসা চলাকালীন টোলের কর্মীরা লাঠি, রড প্রভৃতি নিয়ে বাসের যাত্রীদের উপর হামলা চালায়। যাত্রীদের মারধর করে। বাসের মহিলা যাত্রী ও বৃদ্ধরাও হামলাকারীদের হাত থেকে রেহাই পান না। মহিলা যাত্রীদের শ্লীলতাহানি পর্যন্ত করা হয় বলে অভিযোগ। ঘটনার বিষয়ে রাহুল কুমার বাল্মীকি নামে বাসের এক যাত্রী মেমারি থানায় অভিযোগ দায়ের করেন। তার ভিত্তিতে মামলা রুজু করে পুলিশ টোল প্লাজার দুই কর্মীকে গ্রেপ্তার করে।

অক্টোবর ২৭, ২০২১
রাজ্য

Waterlogged Carshed: টানা বৃষ্টিতে জলমগ্ন হাওড়া ও টিকিয়াপাড়া কারশেড, বাতিল একাধিক ট্রেন

রাতভর ব্যাপক বৃষ্টিতে জল জমেছে রেললাইনে। জলমগ্ন হাওড়া ও টিকিয়াপাড়া কারশেড। তার ফলে ব্যাহত হয়েছে রেল পরিষেবা। হাওড়া স্টেশনের দুই শাখায় খুব ধীরগতিতে চলছে ট্রেন। বেশ কিছু ট্রেন বাতিল হওয়ার সম্ভাবনা। জানা গিয়েছে, রাতের বৃষ্টিতে টিকিয়াপাড়া এবং হাওড়া কারশেডে জমেছে জল। ফলে কারশেড থেকে ট্রেন বের করতে সমস্যা হচ্ছে। তাই জল না নামলে অনেক ট্রেনই চালান সম্ভব হবে না। জল জমে যাওয়ার কারণে আটকে রয়েছে হাওড়া জব্বলপুর স্পেশ্যাল ট্রেনও। তবে ঠিক কোন কোনও ট্রেনের ক্ষেত্রে পরিষেবা ব্যহত হয়েছে, তা এখনও জানা যায়নি। শুধু হাওড়া নয়, একই অবস্থা কলকাতা স্টেশনেরও। স্টেশনে ঢোকার মুখে জল জমেছে। কলকাতা স্টেশন থেকে যে সমস্ত দূরপাল্লার ট্রেন ছাড়ে কিংবা কলকাতা স্টেশনে আসে সেই সব ট্রেনও বাতিল হতে পারে বা দেরি হতে পারে।আরও পড়ুনঃ মুখ থেঁতলানো রক্তাক্ত মহিলার মৃতদেহ উদ্ধার, ব্যাপক চাঞ্চল্য জামালপুরেজল না নামলে বেশ কিছু ট্রেন বার করা যাবে না বলেই খবর। সকাল থেকে যে ট্রেনগুলি চলছে তার গতিও খুব ধীরে। তার ফলে বেশির ভাগ ট্রেনেরই গন্তব্যে পৌঁছতে দেরি হচ্ছে। সমস্যায় পড়েছেন নিত্যযাত্রীরা। শুধু হাওড়া নয়, শিয়ালদহ ও কলকাতা স্টেশনের অবস্থাও অনেকটা একই। কলকাতা স্টেশনে ঢোকার মুখে জল জমেছে। শিয়ালদহ স্টেশনের দক্ষিণ শাখায় বেশ কিছু জায়গায় রেললাইনে জল জমায় ব্যাহত হয়েছে ট্রেন চলাচল। রেললাইনে জল জমায় চক্ররেল পরিষেবাও ব্যাহত হয়েছে। জানিয়েছে, আগামী কয়েক ঘণ্টায় কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর এবং দক্ষিণ ২৪ পরগনায় বৃষ্টি হবে। বৃষ্টি চলতে পারে দুই মেদিনীপুরেও। আলিপুর জানিয়েছে, বঙ্গোপসাগরে তৈরি হয়েছে ঘূর্ণাবর্ত। পাশাপাশি দক্ষিণবঙ্গে সক্রিয় হয়েছে মৌসুমী অক্ষরেখা। তার জেরেই বেড়েছে বৃষ্টির দাপট।কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ অঞ্চলে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস আগেও হয়েছিল। আর সেই বৃষ্টিপাতের জেরেই ব্যহত রেল পরিষেবা। কয়েকদিন আগেও বৃ্ষ্টি জেরে একাধিক ট্রেন বাতিল হতে দেখা গিয়েছিল। এবার ফের হাওড়া বা কলকাতা স্টেশন থেকে একাধিক ট্রেন বাতিল হওয়ার সম্ভাবনা রয়েছে।

সেপ্টেম্বর ২০, ২০২১
দেশ

Land Slide: কয়েক সেকেন্ডের তফাতে প্রাণে বাঁচলেন যাত্রীরা, কীভাবে জানুন

কয়েক দিন আগে ঘটে যাওয়া হিমাচল প্রদেশের কিন্নরের ভয়ানক স্মৃতি ফের একবার উস্কে দিল শনিবারের ঘটনা। পাহাড়ের উপর থেকে হুড়মুড়িয়ে ভেঙে এল বিশাল ধস।অল্পের জন্য রক্ষা পেল যাত্রীবোঝাই বাস। আতঙ্কে বাস থেকে লাফ মারলেন অনেকে। কেউ কেউ জানলা দিয়ে গলে বেরোনোর প্রাণপণ চেষ্টাও করলেন। শনিবার সকালে নৈনিতালে পাহাড়ি রাস্তা দিয়ে ১৪ জন যাত্রী নিয়ে যাচ্ছিল একটি বাস। হঠাৎ কয়েক হাত দূরে হুড়মুড়িয়ে ধস নামতেই আতঙ্ক ছড়িয়ে পড়ে। চালক কোনওক্রমে বাস থামিয়ে দেন। বাস থামতেই আতঙ্কে বাস ছেড়ে বেরিয়ে আসেন যাত্রীরা। কেউ আবার জানলা দিয়ে বেরোনোর চেষ্টা করেন। তবে এই ঘটনায় কারও মৃত্যু হয়নি। আহত হওয়ারও কোনও খবর নেই। এক মিনিটের একটি ভিডিও ইতিমধ্যেই ভাইরাল হয়েছে। দেখা যাচ্ছে বাসটির সামনেই ধস নেমেছে। পাহাড় থেকে লাগাতার পাথর, বোল্ডার ও কাদামাটি নেমে আসছে। ধস কিছুটা কমতেই যাত্রীরা হাতে ব্যাগ নিয়ে বাস থেকে নেমে পড়েন ও পিছন দিকে দৌ্ঁড়তে থাকেন। বাসের চালককেও দেখা যায়, রিভার্সে বাসটিকে ধসের জায়গা থেকে কিছুটা পিছিয়ে আনতে।#WATCH | Uttarakhand: A bus carrying 14 passengers narrowly escaped a landslide in Nainital on Friday. No casualties have been reported. pic.twitter.com/eyj1pBQmNw ANI (@ANI) August 21, 2021কয়েক দিন আগেই হিমাচল প্রদেশের কিন্নরের পাহাড়ি রাস্তায় যাত্রিবোঝাই বাস, বেশ কয়েকটি গাড়ির উপর আছড়ে পড়েছিল ধস। সেই ঘটনায় বেশ কয়েক জনের মৃত্যু হয়। আহত হয়েছিলেন অনেকে। ধসের ধাক্কা পাহাড়ের খাদে আছড়ে ফেলেছিল বাস এবং কয়েকটি গাড়িকে। ভয়ানক সেই ঘটনার স্মৃতি ফিকে হতে না হতেই নৈনিতালের এই ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে।

আগস্ট ২১, ২০২১
বিদেশ

পদ্মায় নৌকোডুবি, মৃত অন্তত ২৫

ফের ভয়াবহ দুর্ঘটনার সাক্ষী থাকল বাংলাদেশ । সোমবার পদ্মা নদীতে দুটি নৌকার মুখোমুখি সংঘর্ষে নিহত হয়েছেন অন্তত ২৫ জন। দ্রুত অভিযান চালিয়ে ডুবে যাওয়া নৌকার পাঁচজন যাত্রীকে উদ্ধার করা হয়।পুলিশ সূত্রে খবর, এদিন সকাল ৭টা নাগাদ মাদারীপুরের শিবচর উপজেলায় বাংলাবাজার ফেরিঘাটে বালিবোঝাই একটি নৌকার সঙ্গে সংঘর্ষ হয় এক যাত্রীবাহী স্পিডবোটের। এর ফলে মৃত্যু হয় অন্তত ২৫ জনের। ওই নৌকাটিতে সওয়ার ছিলেন কমপক্ষে তিরিশ জন যাত্রী। এই ঘটনায় পাঁচজনকে জীবিত উদ্ধার করা হয়েছে। হতাহত ব্যক্তিদের নাম ও পরিচয় এখনও জানা যায়নি। গুরুতর আহতদের দ্রুত হাসপাতালে পাঠানো হয়েছে। বাংলাবাজার ফেরিঘাটের ট্রাফিক পুলিশের পরিদর্শক আশিকুর রহমান স্থানীয় সংবাদমাধ্যমে জানান, মুন্সিগঞ্জের শিমুলিয়া থেকে ৩০ জন যাত্রী নিয়ে একটি স্পিডবোট বাংলাবাজার ফেরিঘাটের দিকে যাচ্ছিল। স্পিডবোটটি বাংলাবাজার ফেরিঘাটের পুরাতন কাঁঠালবাড়ি ঘাটের কাছাকাছি আসার পর বালুবোঝাই একটি নৌকার সঙ্গে সংঘর্ষ হয় যানটির। সংঘর্ষে স্পিডবোটটি উলটে যায়। এই ঘটনায় এখনও পর্যন্ত ২৫ জনের দেহ উদ্ধার করা হয়েছে।উল্লেখ্য, গত এপ্রিল মাসে শীতলক্ষ্যা নদীতে নৌকাডুবির ঘটনায় মৃত্যু হয় ৫ জনের। সেবার মদনগঞ্জ এলাকায় শীতলক্ষ্যা সেতুর কাছাকাছি আসার পর এসকে-৩ নামে একটি পণ্যবাহী জাহাজের সঙ্গে ধাক্কা লাগে একটি লঞ্চের। তাতেই ডুবে যায় লঞ্চটি। দুর্ঘটনার পর অনেক যাত্রী সাঁতরে তীরে উঠে যেতে সক্ষম হন। উদ্ধারকাজ চালিয়েও বেশ কয়েকজনের প্রাণরক্ষা করা হয়। তবে এর আগেও একাধিক নৌকা দুর্ঘটনার সাক্ষী ঠেকেছে বাংলাদেশ। এর জন্য জলপুলিশের গাফিলতিকে দায়ী করছেন অনেকে। তাছাড়া, অতিরিক্ত মুনাফার লোভে ক্ষমতার বেশি যাত্রী বোঝাই করে বিপদ ডেকে আনছে নৌকাগুলি বলেও অভিযোগ অনেকের।

মে ০৩, ২০২১
রাজ্য

চলন্ত ট্রেন ও প্ল্যাটফর্মের মাঝে পড়ে যাওয়া যাত্রীকে বাঁচিয়ে সাহসিকতার পরিচয় আরপিএফ কর্মীর

ফের চলন্ত ট্রেনে উঠতে গিয়ে ট্রেন ও প্ল্যাটফর্মের মাঝে পড়ে গেলেন যাত্রী। আরপিএফ কর্মীর চেষ্টায় ওই যাত্রী প্রাণে বেঁচে গেলেন। ডিউটিতে থাকা আরপিএফ কর্মীর নাম মাইকেল সোরেন। যাত্রীর নাম বিপ্লব চ্যাটার্জি। তিনি বর্ধমানের বাসিন্দা। ঘটনাটি ঘটেছে, বৃহস্পতিবার বিকেল সাড়ে পাঁচটা নাগাদ। আরও পড়ুন ঃ হাওড়ায় কেপমারি, প্রায় ২লক্ষ টাকার সোনার গহনা লুট হাওড়া স্টেশনের ওল্ড কমপ্লেক্সের চার নম্বর প্ল্যাটফর্ম থেকে চলতে শুরু করা ৩৬৮৩৭আপ হাওড়া -বর্ধমান(মেন) লোকালে দৌড়ে এসে উঠতে যান তিনি। কিন্তু পা স্লিপ করায় প্ল্যাটফর্মে পড়ে যান বিপ্লববাবু। তাঁর পা কিছুটা চলে যায় ট্রেন ও প্ল্যাটফর্মের ভিতরে। সেই সময়ে ঘটনাস্থলে থাকা আরপিএফ কর্মী মাইকেল সোরেনের নজরে আসে বিষয়টি। সঙ্গে সঙ্গেই ছুটে গিয়ে নিজের জীবন বিপন্ন করে ওই যাত্রীকে উদ্ধার করেন তিনি বলে পূর্ব রেল সূত্রে জানা গিয়েছে। ওই আরপিএফ কর্মীর সাহসিকতার প্রশংসা করেন নিত্যযাত্রীরা।

ডিসেম্বর ০৪, ২০২০

ট্রেন্ডিং

বিনোদুনিয়া

বিগ বসের ঘরে বড় ষড়যন্ত্র! রাজবীরকে সরাতে গোপন ছক কষলেন দুর্নিবার-সৌরভ, ফাঁস হল জীতুর নামও!

বিগ বসের ঘরে দিন যত এগোচ্ছে, ততই বাড়ছে উত্তেজনা। কে কার বন্ধু, আর কে আড়ালে কার বিরুদ্ধে পরিকল্পনা করছেন, তা বোঝা কঠিন হয়ে উঠেছে। এর মধ্যেই নতুন করে আলোচনায় রাজবীরকে ঘিরে তৈরি হওয়া সমীকরণ। এই শনিবার তনুশ্রী, সোনামণি এবং রাজবীরের মধ্যে কে ঘর ছাড়বেন, তা নিয়ে দর্শকদের মধ্যে জল্পনা তুঙ্গে। তবে তার আগেই ঘরের ভিতরে শুরু হয়েছে নতুন খেলা। জীতু, সৌরভ এবং দুর্নিবারের কথাবার্তায় উঠে এসেছে রাজবীরকে সরানোর পরিকল্পনা।এক সময় রাজবীরকে বাঁচিয়েছিলেন জীতু। কিন্তু এখন তাঁদের সম্পর্কের সমীকরণ অনেকটাই বদলে গিয়েছে। সোনামণি এবং রণিতার সঙ্গে রাজবীর কী পরিকল্পনা করছেন, তা বুঝতে পারছেন না জীতু নিজেও। তাঁর মতে, রাজবীর এখন অতিরিক্ত আত্মবিশ্বাসী হয়ে উঠেছেন। অন্য দিকে, দুর্নিবারের দাবি, রাজবীরের কথাবার্তার মধ্যে কোনও যুক্তি খুঁজে পাওয়া যাচ্ছে না।দুর্নিবারের মতে, নন্দিনী যত দিন ঘরে ছিলেন, তত দিন রাজবীরের পাশে একজন ভরসার মানুষ ছিলেন। কিন্তু নন্দিনী চলে যাওয়ার পর রাজবীর যেন দিশাহারা হয়ে পড়েছেন। জীতুরও ধারণা, রণিতা এবং রাজবীর দুজনেই এখন কোনও নির্দিষ্ট পরিকল্পনা ছাড়াই খেলছেন।কিন্তু আসল আলোচনা শুরু হয় জীতু সেখান থেকে উঠে যাওয়ার পর। জীতু চলে যেতেই সৌরভের সঙ্গে আলাদা করে কথা বলতে শুরু করেন দুর্নিবার। তাঁদের আলোচনায় উঠে আসে রাজবীরকে একা করে দেওয়ার পরিকল্পনা। দুর্নিবার বুঝতে পেরেছেন, জীতু ছাড়া এই মুহূর্তে রাজবীরের পাশে তেমন কেউ নেই। আবার জীতুর মনোযোগও এখন অনেকটাই সৃজলার দিকে।সেই সুযোগকেই কাজে লাগাতে চান দুর্নিবার। তাঁর পরিকল্পনা, জীতুকে আরও বেশি করে সৃজলার কাছাকাছি নিয়ে যেতে হবে। তাতে রাজবীর ধীরে ধীরে একা হয়ে পড়বেন। শুধু তা-ই নয়, কথার মাঝে মনামীরও যে এক দিন ঘর থেকে বিদায় নেওয়ার সময় আসবে, সেই ইঙ্গিতও দেন দুর্নিবার।তবে সৌরভকে সাবধান করে দেন তিনি। রাজবীরের হয়ে বেশি কথা বললে বিপদে পড়তে পারেন সৌরভ। কারণ, রাজবীর যদি তাঁদের কথাবার্তা জীতুকে জানিয়ে দেন, তা হলে পুরো পরিকল্পনাই ভেস্তে যেতে পারে। তাই নিজেদের অবস্থান বুঝে পা ফেলার পরামর্শ দেন দুর্নিবার।অন্য দিকে, সৌরভের মাথায় এখন একটাই চিন্তা। যে ভাবেই হোক, রাজবীরকে ঘর থেকে সরাতে হবে। তাঁর মতে, রাজবীর চলে গেলে প্রথমে খেলাটা আরও কঠিন মনে হলেও পরে পুরো পরিস্থিতিই বদলে যেতে পারে। দুর্নিবার আবার দাবি করেন, জীতু এবং সৃজলার সম্পর্কের মাঝে একমাত্র বাধা রাজবীর। জীতু রাজবীরকে পছন্দ করলেও সৃজলার সঙ্গে তাঁর সম্পর্কের সমীকরণ একেবারেই আলাদা।এর মধ্যেই নতুন প্রশ্ন উঠেছে, রাজবীর যদি দলের নেতা বা ক্যাপ্টেন হয়ে যান, তা হলে কি পরিস্থিতি বদলে যাবে? জীতু কি আবার রাজবীরের দলে ফিরে যাবেন? এই বিষয় নিয়েও সৌরভ ও দুর্নিবারের মধ্যে আলোচনা হয়। তবে তড়িঘড়ি কোনও সিদ্ধান্ত নিতে চান না তাঁরা। বরং সব দিক ভেবেই পরবর্তী পদক্ষেপ করতে চান।এই পরিকল্পনায় গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছেন দুর্নিবারের মা-ও। বিশেষ সপ্তাহে বিগ বসের ঘরে এসেছিলেন তিনি। তাঁর হাতে নিজের পছন্দের প্রতিযোগীকে ক্যাপ্টেন্সির দাবিদার হিসেবে বেছে নেওয়ার ক্ষমতা দিয়েছিলেন বিগ বস। সেই সুযোগ কাজে লাগিয়ে দুর্নিবারের সঙ্গে আলোচনা করে রাজবীরকে বেছে নেন তিনি। এর পিছনে উদ্দেশ্য ছিল, রাজবীরকে নিজেদের দলে টেনে আনা।এখন প্রশ্ন, এই পরিকল্পনায় কি শেষ পর্যন্ত সফল হবেন দুর্নিবার ও সৌরভ? রাজবীর কি তাঁদের দলে যোগ দেবেন, নাকি পুরো ছক বুঝে পাল্টা চাল দেবেন? অন্য দিকে, এই শনিবার ও রবিবার বিগ বসের ঘর থেকে শেষ পর্যন্ত কার বিদায় হয়, তা জানার অপেক্ষায় দর্শকরা। তনুশ্রী, সোনামণি না রাজবীরকার যাত্রা শেষ হবে, এখন সেটাই দেখার।

নভেম্বর ১২, ২০২৬
নিবন্ধ

পাঞ্চালীর ক্রোধ: হস্তিনাপুরের ধ্বংসের ভবিষ্যদ্বাণী - প্রথম পর্ব

হস্তীনাপুরের রাজসভা নিঃস্তব্ধ, পিতামহ ভীষ্ম, গুরু দ্রোনচার্য সকলে যেন পাথর হয়ে গেছেন। মহামন্ত্রী বিদূর রাগে ঘৃনায় যেন ওই অবস্থায় মৃত্যু স্বীকার করেছেন আর শত কৌরব ভাই একত্রে উল্লাস করছে সামনের দৃশ্য দেখে। দুরাচারী দুঃশাসন, ইন্দ্রপ্রস্থ্যের পাটরানীর কেশ নিজের হাতের মুঠোয় নিয়ে তাকে টানতে টানতে নিয়ে আসছে সভার কেন্দ্রস্থলে। মহাবলী ভীম ক্ষনে ক্ষনে গর্জন করছেন কিন্তু আজ এই গর্জনের কোনো প্রভাব বাকিদের উপর পড়ছেনা, নকুল আর সহদেব নিজেদের প্রাণাধিক প্ৰিয় পত্নীর এই অসহায় অবস্থা চোখে দেখতে পারছেন না, কানে বাজছে দুর্যোধনের লালসার বিকৃত সিংহনাদ, গান্ডিবধারী বীরশ্রেষ্ট অর্জুন নিজের পরাক্রমের উপরে সন্দীহান আর ধর্মরাজ যুধিষ্টির আজ পাশার চক্রব্যুহে এমন জড়িয়েছেন যে এহেন অধর্মেও তিনি নিঃস্তব্ধ, সব হারিয়ে আজ নিঃস্ব।দ্রৌপদী দুঃশাসনের হাত ছাড়িয়ে প্রথমে দৌড়ে গেলেন মহামহিম ভীষ্মর কাছে, করজোড়ে প্রার্থনা করলেন তাকে যেন তিনি উদ্ধার করেন কিন্তু বীরত্বের প্রতীক হয়েও তিনি অস্ত্র তুললেন না এক নারীর জন্য। মহামহিমের নিঃস্তব্ধতা দ্রৌপদীর মনে ছুরির মতো বিধলো, সে এবারে একই প্রার্থনা ক্রমে দ্রোনচার্য, মহামন্ত্রী বিদূর সবাইকেই করলো কিন্তু কেওই কোনো উত্তর দিলো না, যেন তার এই ক্রন্দন এই নিস্প্রান পাথরগুলোর সামনে কিছুই না। তার পাঁচ বীর স্বামী পরাজয় স্বীকার করে মাটিতে বসে।দুর্যোধন এবারে গর্জন করে উঠলো, দাসী দ্রৌপদী, নিজের মর্যাদা উলঙ্ঘন করোনা, তোমার স্থান বাকি দাসীদের সাথেই, সেখানেই তোমায় থাকতে হবে। দুর্যোধনের এই কথার উত্তরে দ্রৌপদী জানায়, ওরে মূর্খ রাজকুমার, আমি পাঞ্চালি, ইন্দ্রপ্রস্থ্যের পাটরানী হওয়ার আগে পাঞ্চাল রাজ্যের রাজকন্যা, যার পিতার কাছে তোরা শত কৌরব ভাই বন্দি হয়েছিলি আর আজও আমার পিতা মহারাজ দ্রুপদ আর আমার ভ্রাতা ধৃষ্টধুম্ন যদিও একত্রে সেনা নিয়ে আসে তবে আমি এবং আমার স্বামী সকলেই স্বাধীন হবোই সাথে এই হস্তীনাপুর ধ্বংস করে দেবো। দুর্যোধন, এতো বড়ো সাহস? একজন সামান্য দাসী হয়ে নিজের প্রভুর সাথে এই ব্যবহার। দুঃশাসন নীরবস্ত্র করো এই নারীকে, এই সভায়। দুর্যোধনের এই নিষ্ঠুর দাবি শুনেও বাকিরা মৌন রইলেন, যেন কেও কিছু শুনতেই পায়নি। ভীম গর্জন করে উঠলো, দ্রৌপদীর অঙ্গে কেও স্পর্শ করলে তার হাত আমি শরীর থেকে আলাদা করে দেবো দুর্যোধন। ভীমের এই গর্জনেও কোনো লাভ হলোনা।কৌরবদেরই আর এক ভাই বিকর্ন এইসময় উঠে দাঁড়ালেন আর প্রতিবাদ করলেন নিজের জ্যেষ্ঠ ভাই দুর্যোধনের এই ঘৃণ্য দাবির, সাথে নিজের পিতা জন্মান্ধ রাজা ধৃতরাষ্ট্রকেও তিরস্কার করলেন। তবে দুর্যোধনের সামনে সেও অসহায়, তার প্রতিবাদ টিকলোনা দুর্যোধনের অহংকারের সামনে। উল্টে দুর্যোধনের পক্ষে নিয়ে অঙ্গরাজ কর্ণ বললেন, নিজের ভাইকে অপমান করছো রাজকুমার? তাও এমন এক নারীর জন্য যে কিনা পাঁচজন পুরুষের সাথে সম্পর্ক রাখে? বেশ্যা হয় এরকম নারী। দুঃশাসন আর সময় নস্ট না করে এগোলেন দ্রৌপদীর দিকে, টান দিলেন তার তার বস্ত্র ধরে। আর দ্রৌপদী তখন চোখ বন্ধ করে স্মরণ করতে শুরু করলেন পরম ঈশ্বরকে। দুঃ শাসন দ্রৌপদীর বস্ত্র ধরে টান মেরেই গেলেন, তার পিছনে হলুদ বস্ত্রের পাহাড় তৈরী হয়ে গেলো কিন্তু দ্রৌপদীর শরীর নীরবস্ত্র করা সম্ভব হলোনা। ক্রমে ক্লান্ত হয়ে মাটিতে বসে পড়লেন দুঃশাসন। এহেন দৈবিক ঘটনা দেখে সভায় উপস্থিত সকলে ঘাবড়ে গেলেন, তারা ভাবতেও পারেন নি এরকম কিছু ঘটতে পারে আর যখন তারা দ্রৌপদীর দিকে তাকালেন তখন অগ্নিকন্যা দ্রৌপদীর ওই জ্বলন্ত চোখ দুটি দেখে ভয়ে আঁতকে উঠলেন। এতক্ষনে সভায় এসে উপস্থিত হয়েছেন মাতা কুন্তী আর মহারানী গান্ধারী কিন্তু অনেক দেরি করে ফেলেছেন তারা। দ্রৌপদী সভাস্থলে দাঁড়িয়ে বলে বসলেন, এই অশুদ্ধ সভাস্থলে কেও এমন ছিলোনা যে একজন নারীর অপমানে প্রতিবাদ করতে পারতো। আজ যারা যারা এই সভায় বসে এই ঘোর পাপকে সমর্থন জানিয়েছেন নিঃস্তব্ধভাবে তারা প্রত্যেকেই কঠিন মৃত্যু পাবেন যা গোটা বিশ্ব মনে রাখবে শতাব্দী পর শতাব্দী। এক এক করে সকলের মৃত্যু হবে, এই হলো যাজ্ঞশিনী দ্রৌপদীর অভিশাপ আর এই অভিশাপে শেষ হয়ে যাবে কৌরবকুল। এই বলে দ্রৌপদী সভাস্থল ছাড়লেন, আর দ্রৌপদীর এই অভিশাপ শুনে মাতা গান্ধারীর বুক কেঁপে উঠলো কারণ তিনি ইতিমধ্যে নিজের বংশের অন্তিম সময় দেখতে পাচ্ছেন, তিনি তৎক্ষণাৎ মহারাজকে এক স্ত্রী হিসাবে অনুরোধ করলেন পান্ডবদের সব ফিরিয়ে দেওয়ার জন্য।মহারাজ ধৃতরাষ্ট্র নিজেও এতক্ষনে বুঝে গেছেন দ্রৌপদী কোনো সাধারণ নারী নয় আর দ্রৌপদীর অসম্মান করে দুর্যোধন নিজের বিনাশ ডেকে এনেছে তাই তিনিও পান্ডবদের সব ফিরিয়ে দিতে রাজি ছিলেন তবে এখানে আবারও বাঁধ সাধলো গান্ধার রাজ শকুনি। তিনি বললেন এভাবে সব ফিরিয়ে দেওয়া উচিত না, ধর্মরাজ যুধিষ্টিরের কাছে সুযোগ ছিল হার মানার এবং থেমে যাওয়ার কিন্তু উনি নিজে নিঃস্ব হওয়া বেছে নিয়েছেন তাই কিছু শাস্তি তাদেরকে পেতেই হবে। এই কথার সমর্থনে দুর্যোধন নিজের প্রস্তাব দিলো এই যে পান্ডবদের বারো বছরের বনবাস আর এক বছরের অজ্ঞাত বাস পালন করতে হবে আর যদিও এই শেষের একবছর শেষ হওয়ার আগে তারা ধরা পরে যায় তবে তাদেরকে আবারও একই শাস্তি পালন করতে হবে।ধর্মরাজ যুধিষ্টির এই শর্তে রাজি হন, তবে সভা ছাড়ার আগে ভীম সভার কেন্দ্রে এসে বলে, এই সভা আজ আমার স্ত্রীর অপমান দেখেছে, এই সভা এরপর এই রাজকুমারদের রক্ত দেখবে। যে হাত দিয়ে আজ দুঃশাসন দ্রৌপদীর কেশ ধরার সাহস করেছে সেই হাত আমি উপড়ে ফেলবো আর বুক ছিঁড়ে ওর রক্তপান করবো। যে দুর্যোধন দ্রৌপদীকে নিজের জঙ্ঘায় বসার ইঙ্গিত করেছে তার আমি মৃত্যু দেবো ওই জঙ্ঘা ভেঙেই। সাথে এই শত ধৃতরাষ্ট্র সন্তানের মৃত্যু হবে কেবল আমার হাতে, এই হলো কুন্তীপুত্র ভীমের প্রতিজ্ঞা।ভীমের এই পৈশাচিক প্রতিজ্ঞা শুনে সকলের হৃদয়ে কম্পন ধরতে বাধ্য এরই মধ্যে অর্জুন হুঙ্কার দিয়ে বসলেন, নিজেকে মহান বীর, শ্রেষ্ট ধনুর্ধারি বলে বেড়ানো অঙ্গরাজ কর্ণ এতটাই কাপুরুষ যে একজন নারীর অসম্মানেও চুপ থাকেন, উল্টে সেই নারীর সমন্ধে কটুকথা বলেন। আজ অঙ্গরাজ কর্ণ যে পাপ করেছেন তার একটাই শাস্তি, মৃত্যু। ঠিক আজকের মতোই সেদিনও আপনি অসহায় থাকবেন, ভিক্ষা চাইবেন জীবনের জন্য কিন্তু পাবেন শুধুই মৃত্যু। বনবাসে যাওয়ার আগে পান্ডবকুমারদের এই প্রতিজ্ঞা শুনে এটুকু বোঝা যাচ্ছিলো যে যেদিন এরা ফিরে আসবে, একে একে এই কৌরবকুল এদের হাতে শেষ হয়ে যাবে।আজ অর্জুনের প্রতিজ্ঞা শুনে প্রথমবারের জন্য হলেও যেন বুক কেঁপে উঠলো কর্ণের, অর্জুনের এই রূদ্ররূপ তিনি এর আগে কোনোদিনও দেখেননি, বা হয়তো দেখেছিলেন কিন্তু তখন তিনি জানতেন তিনিও ঠিক কিন্তু আজ হয়তো তার মনই তাকে বলে উঠেছে তিনি পাপ করেছেন যার দন্ড অর্জুন তাকে অবশ্যই দেবে।ক্রমশ.......(পরবর্তী পর্বে)লেখকঃ সায়ন্তন গোস্বামী, বর্ধমান

নভেম্বর ১২, ২০২৬
দেশ

‘হ্যাপি দিওয়ালি’ বলেই গুলি! সিসিটিভিতে ধরা পড়ল টেক মহিন্দ্রার প্রাক্তন কর্তার খুনের ভয়ংকর দৃশ্য

হ্যাপি দিওয়ালি বলেই গুলি! ফরিদাবাদে টেক মহিন্দ্রার প্রাক্তন আধিকারিক পরমজিৎ ধনখড়কে খুনের ঘটনায় সামনে এল সিসিটিভি ফুটেজ। সেই ফুটেজে দেখা যাচ্ছে, পার্কিং নিয়ে কথা বলার অজুহাতে পরমজিৎকে ফ্ল্যাট থেকে নীচে ডেকে আনেন অভিযুক্ত মনু শর্মা। এর পরই তাঁকে লক্ষ্য করে গুলি চালান তিনি। শুধু প্রথম দফার গুলিই নয়, আবাসনের মূল ফটকের কাছেও পরমজিৎকে লক্ষ্য করে ফের গুলি চালাতে দেখা গিয়েছে অভিযুক্তকে।ঘটনাটি ২০২৬ সালের ৫ নভেম্বর, ধনতেরসের সন্ধ্যার। দীপাবলির দুদিন আগে ফরিদাবাদের সেক্টর ২১সি-তে নিজের আবাসনেই খুন হন পরমজিৎ। অভিযুক্ত মোহন ওরফে মনু শর্মা একই আবাসনের বাসিন্দা ছিলেন। ঘটনার পর পরিবারের সদস্যদের নিয়ে পালিয়ে যান তিনি। পরে ফরিদাবাদ পুলিশের অপরাধ দমন শাখা তাঁকে গ্রেফতার করে। পুলিশের দাবি, নিজের লাইসেন্সপ্রাপ্ত পিস্তল থেকে ১৫ থেকে ১৬ রাউন্ড গুলি চালিয়েছিলেন অভিযুক্ত। পরমজিতের শরীরে আট থেকে নটি গুলি লাগে।প্রথম সিসিটিভি ফুটেজে দেখা যাচ্ছে, মনু শর্মা পরমজিতের কাছে এগিয়ে যাচ্ছেন। সেই সময় পরমজিৎ তাঁর ছেলেকে নিয়ে গাড়ি রাখার জায়গায় আসেন। অভিযোগ, কথাবার্তার শুরুতেই মনু তাঁকে দুবার প্রশ্ন করেন, তিনি বিধবা সম্পর্কে জানেন কি না এবং এ বিষয়ে তাঁর বিশ্বাস আছে কি না। এমন প্রশ্ন শুনে কিছুটা অবাক হয়ে যান পরমজিৎ। কী হয়েছে, তা জানতে চান তিনি।এর পরমনু অভিযোগ করেন, তিন জনকে দিয়ে তাঁকে মার খাওয়ানোর ব্যবস্থা করেছেন পরমজিৎ। পাল্টা পরমজিৎ হাতজোড় করে বোঝানোর চেষ্টা করেন, কাউকে দিয়ে তিনি মারধর করাননি। কী নিয়ে এই বিবাদ, তা-ও জানতে চান। কিন্তু মনু কথা বলতে চাননি। বার বার জানান, পরমজিতের সঙ্গে তাঁর কোনও কথা নেই।এক সময় পরমজিৎ বলেন, কথা বলতে না চাইলে আলোচনা চালিয়ে যাওয়ার কোনও অর্থ নেই। তাঁর ছেলে তখন বিষয়টিতে হস্তক্ষেপ করতে গেলে তাঁকে থামিয়ে দেন পরমজিৎ। ফুটেজে দেখা যাচ্ছে, এর পর মনু পরমজিতের ছেলের দিকে ইশারা করে তাঁকে সামনে আসতে বলেন। তার পর পরমজিৎকে প্রশ্ন করেন, তিনি ঈশ্বরে বিশ্বাস করেন কি না। এর পরেই পকেট থেকে পিস্তল বার করে গুলি চালাতে শুরু করেন। বাবার উপর গুলি চলতে দেখে ঘটনাস্থল থেকে দৌড়ে পালিয়ে যায় পরমজিতের ছেলে।দ্বিতীয় সিসিটিভি ফুটেজে দেখা যাচ্ছে, গুলিবিদ্ধ অবস্থায় আবাসনের মূল ফটকের দিকে এগিয়ে যাচ্ছেন পরমজিৎ। সম্ভবত সাহায্য চাইছিলেন তিনি। সেই সময় পিছন থেকে তাঁর কাছে পৌঁছন মনু। পরমজিৎ অভিযুক্তের জামার কলার ধরে তাঁকে মাটিতে ফেলে দেন। এই ধস্তাধস্তির মধ্যেই সেখানে পৌঁছে যান পরমজিতের মা। তিনি পুত্রবধূকে ডাকতে থাকেন।এর পরেও থামেননি অভিযুক্ত। ফুটেজে দেখা যাচ্ছে, পরমজিৎকে লক্ষ্য করে আরও চার রাউন্ড গুলি চালান মনু। তাঁকে গালিগালাজ করতেও শোনা যায়। তার পর হ্যাপি দিওয়ালি বলে ঘটনাস্থল থেকে পালিয়ে যান তিনি।পুলিশ সূত্রে জানা গিয়েছে, পার্কিং নিয়ে বিবাদ থেকেই এই ঘটনার সূত্রপাত। তবে দুই পরিবারের মধ্যে আগে থেকেই নানা বিষয় নিয়ে মনোমালিন্য ছিল বলে খবর। কয়েক দিন আগে একটি কুকুরকে কেন্দ্র করে পরমজিতের ছেলে ও মনুর মধ্যে বচসাও হয়েছিল বলে জানা গিয়েছে।ঘটনার কিছু দিন আগে সিঙ্গাপুর থেকে ফরিদাবাদে ফিরেছিলেন পরমজিৎ। ভাইপোর বিয়েতে যোগ দিতেই তাঁর আসা। এর প্রায় দুমাস আগে তিনি টেক মহিন্দ্রার চাকরি ছেড়ে সিঙ্গাপুরের একটি বহুজাতিক সংস্থায় উচ্চপদে যোগ দিয়েছিলেন। ফরিদাবাদের ওই আবাসনে স্ত্রী, ছেলে ও মেয়েকে নিয়ে থাকতেন তিনি। অন্য দিকে, মনু থাকতেন আবাসনের তিন তলায়।সিসিটিভি ফুটেজে খুনের আগে ও পরে দুই ব্যক্তির মধ্যে সংঘর্ষের একাধিক মুহূর্ত ধরা পড়েছে। ঘটনার তদন্ত চালাচ্ছে পুলিশ।

নভেম্বর ১২, ২০২৬
কলকাতা

তৃণমূলের নথি লুটের আশঙ্কা! নির্বাচন কমিশনে চিঠি অভিষেকের, চাঞ্চল্য রাজনৈতিক মহলে

আসল তৃণমূল কংগ্রেস কোনটি, তা নিয়ে নির্বাচন কমিশনে লড়াই এখনও জারি। একদিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস, অন্যদিকে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের গণতান্ত্রিক তৃণমূল কংগ্রেস। নিজেদের দাবির সমর্থনে দুই পক্ষই দিল্লিতে জাতীয় নির্বাচন কমিশনের কাছে বিভিন্ন নথি ও হলফনামা জমা দিচ্ছে। এরই মধ্যে দলের নথি লুটের আশঙ্কা প্রকাশ করে নির্বাচন কমিশনকে চিঠি দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।বৃহস্পতিবার আইনজীবী অর্ককুমার নাগের মাধ্যমে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার এবং দুই নির্বাচন কমিশনার সুখবীর সিং সান্ধু ও বিবেক যোশীকে চিঠি পাঠান অভিষেক। সেখানে কমিশনে জমা দেওয়ার জন্য তৈরি করা দলের গুরুত্বপূর্ণ নথি ও হলফনামা লুট হয়ে যেতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন তিনি। তাঁর অভিযোগ, এই নথি হাতিয়ে নেওয়ার চক্রান্ত হতে পারে।চিঠিতে অভিষেক তাঁর কালীঘাটের বাড়ির নিরাপত্তা নিয়েও উদ্বেগ প্রকাশ করেছেন। তাঁর দাবি, গত ৬ থেকে ১১ নভেম্বর পর্যন্ত বাড়ির আশপাশে কয়েক জন সন্দেহভাজন ব্যক্তির গতিবিধি দেখা গিয়েছে। এই বিষয়টি নিয়ে আগেও একাধিক বার সমাজমাধ্যমে সরব হয়েছিলেন তিনি। কলকাতা পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক।এরই মধ্যে বৃহস্পতিবার সকালে অভিষেকের কালীঘাটের বাড়ির একাংশ ভেঙে ফেলা হয় বুলডোজার দিয়ে। ওই অংশটি পুরসভার তরফে বেআইনি বলে চিহ্নিত করা হয়েছিল। বাড়ির একাংশ ভাঙার ঘটনাকে কেন্দ্র করে নতুন করে চর্চা শুরু হয় রাজনৈতিক মহলে। সেই দিনই নির্বাচন কমিশনে চিঠি পাঠিয়ে নথি লুটের আশঙ্কার কথা জানান অভিষেক।উল্লেখ্য, এর আগে গত ২৬ অক্টোবর একই ধরনের অভিযোগ তুলেছিলেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। সমাজমাধ্যমে একটি পোস্ট করে তিনি দাবি করেছিলেন, তাঁদের দলের পাঠানো ট্রাকভর্তি নথি হরিয়ানার কাছে কোথাও লুট করা হয়েছে। এই ঘটনার পিছনে কালীঘাটের তৃণমূলের হাত রয়েছে বলেও অভিযোগ করেছিলেন তিনি।এ বার সেই নথি লুটের আশঙ্কা প্রকাশ করেই সরাসরি নির্বাচন কমিশনের দ্বারস্থ হলেন অভিষেক। আসল তৃণমূলের পরিচয় নিয়ে দুই শিবিরের লড়াইয়ের মধ্যেই নথি নিয়ে এই পাল্টাপাল্টি অভিযোগ নতুন করে রাজনৈতিক উত্তাপ বাড়াল।

নভেম্বর ১২, ২০২৬
রাজ্য

‘জাহাঙ্গিরের জমিতে গরিবদের বাড়ি হবে’, হাওড়ার মঞ্চ থেকে বড় ঘোষণা শুভেন্দুর! শাহজাহানকেও হুঁশিয়ারি

সরকারি জমি দখল করে প্রায় ১০ কোটি টাকার বিলাসবহুল বাড়ি তৈরির অভিযোগ উঠেছে ফলতার তৃণমূল নেতা জাহাঙ্গির খানের বিরুদ্ধে। সেই বাড়ি ভাঙার কাজ শুরু করেছে প্রশাসন। এ বার ওই জমি উদ্ধার করে সেখানে গরিব মানুষের জন্য আবাসন তৈরির ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। শুধু জাহাঙ্গির নন, সন্দেশখালির প্রাক্তন তৃণমূল নেতা শেখ শাহজাহানের সম্পত্তি নিয়েও কড়া বার্তা দিয়েছেন তিনি। শুভেন্দুর স্পষ্ট হুঁশিয়ারি, এই সরকার কাউকে ছাড়বে না।বৃহস্পতিবার ছটপুজোর একটি অনুষ্ঠানে যোগ দিতে হাওড়ায় গিয়েছিলেন মুখ্যমন্ত্রী। সেখান থেকেই ফলতার জাহাঙ্গির খানকে নিশানা করেন তিনি। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ বলে পরিচিত এই নেতার নাম করে শুভেন্দু বলেন, ফলতায় কী চলছে, তা সবাই দেখতে পাচ্ছেন। সরকারি জমি দখল করে ১০ কোটি টাকার বিলাসবহুল বাড়ি তৈরি করা হয়েছিল। পুষ্পা ওরফে জাহাঙ্গির খান বলেছিলেন, ঝুঁকেগা নেহি। কিন্তু তাঁর বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে।শুধু হুঁশিয়ারি দিয়েই থেমে থাকেননি শুভেন্দু। ওই জমি উদ্ধার করে সেখানে স্থানীয় গরিব মানুষের জন্য আবাস যোজনার বাড়ি তৈরি করা হবে বলেও ঘোষণা করেন তিনি।এর পরেই সন্দেশখালির শেখ শাহজাহানের প্রসঙ্গ তোলেন মুখ্যমন্ত্রী। সরাসরি তাঁর নাম করে শুভেন্দু বলেন, শাহজাহানের দখলে থাকা জমিও উদ্ধার করা হবে। সেই জমিতে মাছের বাজার তৈরি করার পরিকল্পনা রয়েছে। তাঁর কথায়, এটা সবে শুরু। আগামী দিনে আরও অনেক কিছু হবে।উল্লেখ্য, বুধবার সকাল থেকেই দক্ষিণ ২৪ পরগনার ফলতার শ্রীরামপুর এলাকায় জাহাঙ্গির খানের বিলাসবহুল বাড়ি ভাঙার কাজ শুরু করে প্রশাসন। অভিযোগ, সরকারি জমি দখল করেই ওই বাড়ি তৈরি করেছিলেন তিনি। প্রশাসনের তরফে তাঁকে নোটিস দিয়ে সাত দিনের মধ্যে বাড়ি ভেঙে ফেলার নির্দেশ দেওয়া হয়েছিল। কিন্তু নির্দিষ্ট সময় পেরিয়ে গেলেও বাড়ি ভাঙা হয়নি বলে অভিযোগ। এরপরই প্রশাসনের তরফে বুলডোজার দিয়ে বাড়ি ভাঙার কাজ শুরু হয়। বৃহস্পতিবারও সকাল থেকে সেই কাজ চলছে। ঘটনাস্থলে রয়েছেন পুলিশের উচ্চপদস্থ আধিকারিকেরা।একসময় ফলতা ও ডায়মন্ড হারবার এলাকায় যথেষ্ট প্রভাব ছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ বলে পরিচিত জাহাঙ্গিরের। পূর্বতন তৃণমূল সরকারের আমলে ওই এলাকায় তাঁর প্রভাব নিয়ে রাজনৈতিক মহলে আলোচনা হত। ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে ফলতা কেন্দ্র থেকে তাঁকে প্রার্থী করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু একাধিক অনিয়মের অভিযোগ সামনে আসায় ওই কেন্দ্রের ভোট বাতিল করে নতুন করে ভোটের দিন ঘোষণা করে নির্বাচন কমিশন। পরে নতুন ভোটের আগে নির্বাচনী লড়াই থেকে সরে দাঁড়ান জাহাঙ্গির।নাড্ডার কনভয়ে হামলা এবং ভোট-পরবর্তী হিংসা-সহ একাধিক মামলায় অভিযুক্ত জাহাঙ্গির বর্তমানে জেলে রয়েছেন। পরে নেপাল থেকে তাঁকে গ্রেফতার করা হয় বলে জানা গিয়েছে।অন্যদিকে, সন্দেশখালির একসময়ের প্রভাবশালী তৃণমূল নেতা শেখ শাহজাহানের সম্পত্তি নিয়েও নতুন করে রাজনৈতিক চর্চা শুরু হয়েছে। তাঁর দখলে থাকা জমি উদ্ধার করে সেখানে মাছের বাজার তৈরির শুভেন্দুর ঘোষণাকে ঘিরে নজর রয়েছে রাজনৈতিক মহলের। সরকারি জমি দখলের অভিযোগে প্রশাসনের এই পদক্ষেপ আগামী দিনে আরও কোন কোন এলাকায় পৌঁছয়, এখন সেটাই দেখার।

নভেম্বর ১২, ২০২৬
রাজ্য

যুবতীর মৃত্যুর পরও চালু মোবাইল! পরিবারের কাছে মেসেজ, টাওয়ারের অবস্থান দেখে বাড়ছে রহস্য

বরানগরে বন্ধ ফ্ল্যাটের ভিতর থেকে এক যুবতীর দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। মৃতার নাম অঞ্জলি সাউ। তাঁর জামাইবাবুর ফ্ল্যাট থেকে মঙ্গলবার রাতে দেহ উদ্ধার করে পুলিশ। যুবতীর শরীরে একাধিক আঘাতের চিহ্ন মিলেছে। প্রাথমিক ভাবে পুলিশের অনুমান, তাঁকে মারধর করা হয়েছিল। এই ঘটনায় খুনের সন্দেহও উড়িয়ে দিচ্ছেন না তদন্তকারীরা।সবচেয়ে বেশি রহস্য তৈরি হয়েছে অঞ্জলির খোয়া যাওয়া মোবাইল ফোন ঘিরে। বুধবার সকাল ১০টা ৫৩ মিনিট থেকে ১১টার মধ্যে ওই ফোন থেকে পরিবারের একাধিক সদস্যের কাছে বার্তা পাঠানো হয়েছে। কিন্তু সেই সময় ফোনটির অবস্থান দেখাচ্ছে ভিনরাজ্যে। ফলে কে বা কারা ওই ফোন ব্যবহার করে বার্তা পাঠাল, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।পুলিশ সূত্রে খবর, অঞ্জলির শরীরের বিভিন্ন জায়গায় ক্ষতচিহ্ন রয়েছে। গলায় দাগের পাশাপাশি মাথার পিছনেও ভারী কোনও বস্তু দিয়ে আঘাতের চিহ্ন পাওয়া গিয়েছে। পুলিশের প্রাথমিক অনুমান, মৃত্যুর আগে তাঁকে মারধর করা হয়ে থাকতে পারে।ঘটনার তদন্তে নেমে এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছেন তদন্তকারীরা। ফুটেজে এক যুবককে চিহ্নিত করা হয়েছে বলে জানা গিয়েছে। পুলিশের প্রাথমিক ধারণা, এই ঘটনার পিছনে পরিচিত কারও হাত থাকতে পারে। ওই যুবকের সঙ্গে ঘটনার কোনও যোগ রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।বরানগরের ১৭ নম্বর ওয়ার্ডের লেকপল্লি এলাকায় এই ঘটনা ঘটেছে। ওই এলাকার একটি ফ্ল্যাটে থাকতেন অঞ্জলির জামাইবাবু ও তাঁর স্ত্রী। প্রায় চার বছর ধরে সেখানে বসবাস করছিলেন তাঁরা। তবে ব্যবসার কাজে বর্তমানে স্ত্রীকে নিয়ে হুগলির শ্রীরামপুরে থাকেন অঞ্জলির জামাইবাবু।জানা গিয়েছে, সোমবার রাতে ফ্ল্যাটের চাবি প্রতিবেশী লতিকা মান্নার কাছে রেখে যান অঞ্জলির জামাইবাবু। মঙ্গলবার দুপুরে সেই চাবি নিয়ে পাঁচতলার ফ্ল্যাটে যান অঞ্জলি। বিকেলের দিকে তাঁর দিদি ফোন করেন। কিন্তু ফোনে কোনও উত্তর না পেয়ে উদ্বিগ্ন হয়ে পড়েন তিনি। এরপর প্রতিবেশীদের সঙ্গে যোগাযোগ করেন।ফ্ল্যাটের দরজায় বারবার ধাক্কা দিয়েও কোনও সাড়া পাওয়া যায়নি। শেষ পর্যন্ত বরানগর থানায় খবর দেওয়া হয়। মঙ্গলবার রাতে পুলিশ গিয়ে দরজা ভেঙে ভিতরে ঢোকে। সেখান থেকেই অঞ্জলির দেহ উদ্ধার হয়।উদ্ধারের সময় যুবতীর শরীরে মোবাইল ফোন, আংটি ও ব্রেসলেট ছিল বলে জানা গিয়েছে। তবে তাঁর মোবাইল ফোনটি পরে খোয়া যায়। সেই ফোন থেকেই পরিবারের সদস্যদের কাছে বার্তা যাওয়ার ঘটনায় নতুন করে রহস্য তৈরি হয়েছে।ফোনটির অবস্থান ভিনরাজ্যে দেখানোয় তদন্তকারীদের সন্দেহ আরও বেড়েছে। ফোনটি কে ব্যবহার করছে, কী ভাবে সেটি রাজ্যের বাইরে পৌঁছল এবং অঞ্জলির মৃত্যুর সঙ্গে তার কোনও যোগ রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। আপাতত সিসিটিভি ফুটেজ, মোবাইলের অবস্থান এবং অন্যান্য তথ্যের ভিত্তিতে অভিযুক্তের খোঁজ চালাচ্ছে পুলিশ।

নভেম্বর ১২, ২০২৬
দেশ

৭ কোটি টাকা না দিলে খুন! অরবিন্দ কেজরীওয়াল ও মেয়েকে প্রাণনাশের হুমকি, চাঞ্চল্য

৭ কোটি টাকা না দিলে খুন করা হবে। এমনই হুমকি দেওয়া হয়েছে আম আদমি পার্টির জাতীয় আহ্বায়ক তথা দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীওয়াল এবং তাঁর মেয়ে হর্ষিতা কেজরীওয়ালকে। অভিযোগ, ফোন করা ব্যক্তি নিজেকে কুখ্যাত গ্যাংস্টার লরেন্স বিষ্ণোইয়ের দলের সদস্য বলে পরিচয় দিয়েছে। এই ঘটনায় পুলিশের দ্বারস্থ হয়েছেন আম আদমি পার্টির বিধায়ক জারনেল সিং।দিল্লির তিলক নগরের বিধায়ক জারনেলের অভিযোগ, তাঁকেও ফোন এবং হোয়াটসঅ্যাপের মাধ্যমে হুমকি দেওয়া হয়েছে। গত ৬ নভেম্বর তিনি মোহালির পুলিশ সুপারের কাছে লিখিত অভিযোগ দায়ের করেন। সেখানে তিনি জানান, ফোন করা ব্যক্তি নিজেকে লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের সদস্য বলে দাবি করেছে।অভিযোগ অনুযায়ী, কেজরীওয়ালের কাছে ৭ কোটি টাকা দাবি করা হয়েছে। সেই টাকা না দিলে তাঁকে এবং তাঁর মেয়েকে খুনের হুমকি দেওয়া হয়েছে বলেও অভিযোগ। ঘটনার ভিত্তিতে ভারতীয় ন্যায় সংহিতা এবং তথ্যপ্রযুক্তি আইনের একাধিক ধারায় মামলা দায়ের করেছে মোহালি পুলিশ। তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে সাইবার অপরাধ দমন শাখার পরিদর্শক সুনীল কুমারকে।এর আগেও প্রাণনাশের হুমকি পেয়েছিলেন কেজরীওয়াল। ২০১৯ সালে তিনি দিল্লির মুখ্যমন্ত্রী থাকাকালীন তাঁর দফতরে ইমেল পাঠিয়ে খুনের হুমকি দেওয়া হয়েছিল। সেই ঘটনায় মুখ্যমন্ত্রীর দফতরের তরফে অভিযোগ দায়ের করা হয়। তদন্ত শুরু করে দিল্লি পুলিশ।এ বার হুমকির ঘটনায় ফোন করা ব্যক্তির পরিচয় জানার চেষ্টা করছে পুলিশ। যে মোবাইল নম্বর থেকে ফোন এবং বার্তা পাঠানো হয়েছিল, তার কলের তথ্য, ইন্টারনেট সংযোগের সূত্র এবং অবস্থান খতিয়ে দেখা হচ্ছে। কেজরীওয়াল এবং তাঁর পরিবারের নিরাপত্তা বাড়ানোরও আর্জি জানিয়েছেন বিধায়ক জারনেল সিং।ঘটনার তদন্ত চলছে। এখনও পর্যন্ত হুমকি দেওয়া ব্যক্তির পরিচয় সম্পর্কে নিশ্চিত করে কিছু জানায়নি পুলিশ।

নভেম্বর ১২, ২০২৬
দেশ

কাশ্মীরে নিখোঁজ হওয়ার ২৪ ঘণ্টার মধ্যেই উদ্ধার দুই পুলিশকর্মীর গুলিবিদ্ধ দেহ! জঙ্গি হামলার আশঙ্কা

কাশ্মীরে দুই পুলিশকর্মীর রহস্যমৃত্যু ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। বুধবার থেকে নিখোঁজ ছিলেন তাঁরা। বৃহস্পতিবার সকালে তাঁদের গুলিবিদ্ধ দেহ উদ্ধার হয়েছে। মৃতদের শরীরে একাধিক গুলির চিহ্ন মিলেছে। প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে, জঙ্গি হামলায় তাঁদের মৃত্যু হয়ে থাকতে পারে। তবে ঘটনার পিছনে ঠিক কী কারণ রয়েছে, তা এখনও স্পষ্ট নয়। ইতিমধ্যেই তদন্ত শুরু হয়েছে। জঙ্গিদের খোঁজে তল্লাশি চালাচ্ছে নিরাপত্তাবাহিনী।পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত দুই কর্মীর নাম রাশাপাল কুমার (৪০) এবং ববি চাঁদ (৫৪)। তাঁরা জম্মু ও কাশ্মীর পুলিশের স্পেশাল অপারেশনস গ্রুপের সদস্য ছিলেন। কিস্তওয়ারের দাচ্চানের কিয়ার গ্রামে তাঁদের পোস্টিং ছিল।বুধবার বিকেলে কিয়ার শিবির থেকে ধেরনা-মারওয়াহ এলাকার সেনা ছাউনির দিকে যাচ্ছিলেন ওই দুই পুলিশকর্মী। সেই সময় মারওয়া এলাকার দেহারণার জঙ্গলে আচমকা গুলির শব্দ শোনা যায়। তার পর থেকেই তাঁদের কোনও খোঁজ পাওয়া যাচ্ছিল না। শুরু হয় তল্লাশি অভিযান।সূত্রের খবর, যে জায়গা থেকে তাঁরা নিখোঁজ হয়েছিলেন, সেখান থেকে প্রায় দুকিলোমিটার দূরে তাঁদের দেহ পাওয়া যায়। বৃহস্পতিবার সকালে ধেরনা টপ এলাকা থেকে দেহ দুটি উদ্ধার করা হয়। দুজনের মাথা ও পিঠে গুলির চিহ্ন রয়েছে বলে জানা গিয়েছে।তদন্তকারীদের আরও সন্দেহ বাড়িয়েছে তাঁদের সার্ভিস অস্ত্রের খোঁজ না পাওয়া। দুই পুলিশকর্মীর কাছেই সরকারি আগ্নেয়াস্ত্র ছিল। কিন্তু দেহ উদ্ধারের সময় সেগুলি পাওয়া যায়নি। জঙ্গিরা অস্ত্রগুলি নিয়ে পালিয়ে থাকতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।সূত্রের খবর, গুলির শব্দ শোনার পরেও কিছুক্ষণ পর্যন্ত দুই পুলিশকর্মীর মোবাইল ফোন চালু ছিল। পরে ফোন দুটি বন্ধ হয়ে যায়। দীর্ঘক্ষণ তাঁদের সঙ্গে যোগাযোগ করতে না পেরে উদ্বিগ্ন হয়ে পড়েন সহকর্মীরা। এরপরই তল্লাশি শুরু হয়।ঘটনার পর কাশ্মীরের ওই এলাকায় নিরাপত্তা আরও বাড়ানো হয়েছে। জঙ্গিদের খোঁজে বিশেষ অভিযান শুরু করেছে সেনা ও নিরাপত্তাবাহিনী। কী ভাবে ওই দুই পুলিশকর্মীর মৃত্যু হল, তাঁদের উপর কারা হামলা চালাল, তা খতিয়ে দেখা হচ্ছে।উল্লেখ্য, বুধবারই জম্মু ও কাশ্মীরের কুলগামে সিআরপিএফ শিবিরে হামলার ঘটনা ঘটে। দুপুর দুটো নাগাদ বাইকে চড়ে দুই জঙ্গি সেখানে আসে বলে সূত্রের খবর। নাকা তল্লাশির সময় সিআরপিএফ শিবির লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি চালায় তারা। ওই হামলায় তিন সিআরপিএফ জওয়ান গুলিবিদ্ধ হন।আহত জওয়ানদের উদ্ধার করে অনন্তনাগ হাসপাতালে ভর্তি করানো হয়েছে। তাঁদের মধ্যে একজন পশ্চিমবঙ্গের বাসিন্দা। একই দিনে কুলগামে সিআরপিএফ শিবিরে হামলা এবং দুই পুলিশকর্মীর মৃত্যুর ঘটনায় উপত্যকায় নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। দুই ঘটনার মধ্যে কোনও যোগ রয়েছে কি না, তা এখনও জানা যায়নি।

নভেম্বর ১২, ২০২৬

Ads

You May Like

Gallery

265-year-old "Mukhopadhyay House" in Bhavanandpur, Kalnar, played vermilion on Dasami during Durga Puja
BJP candidate Locket Chatterjee campaigned on the banks of the Ganges from Chandannagar Ranighat to Triveni Ghat wishing New Year.
A living depiction of history with a touch of color, everyone is enthralled by the initiative of the Eastern Railway
Sucharita Biswas actress and model on Durga Puja
Lord Kalabau came up in palanquin; Navapatrika walked towards the mandap - the puja started
On Sunday, the 'Hilsa festival' is celebrated in the city with great joy.
Check out who has joined Mamata's new cabinet
Take a look at the list of recipients at the Bangabibhushan award ceremony
If you are grassroots, you will get ration for free. Lakshmi Bhandar, Kanyashree, Swastha Sathi, Krishakbandhu, Oikyashree, Sabujsathi — you will get all.

Categories

  • কলকাতা
  • রাজ্য
  • দেশ
  • বিদেশ
  • রাজনীতি
  • খেলার দুনিয়া
  • বিনোদুনিয়া
  • সম্পাদকীয়
  • নিবন্ধ
  • ভ্রমণ
  • রাশিফল
  • টুকিটাকি
  • চিত্রহার
  • বিবিধ
  • ভিডিও

Company

  • About Us
  • Advertise
  • Privacy
  • Terms of Use
  • Contact Us
Copyright © 2026 Janatar Katha News Portal