তৃণমূলের নাম ও প্রতীকের অধিকার কার হাতে থাকবে, তা নিয়ে দুই শিবিরের লড়াই ক্রমশ জোরালো হচ্ছে। এক দিকে কালীঘাটের শিবির, অন্য দিকে ঋতব্রতদের নেতৃত্বাধীন ‘গণতান্ত্রিক তৃণমূল’। দুই পক্ষই নিজেদের দাবি প্রতিষ্ঠা করতে নির্বাচন কমিশনের কাছে একাধিক নথি জমা দিয়েছে। এর মধ্যেই বড় ধাক্কা খেল ঋতব্রত শিবির। আচমকাই সমাজমাধ্যমের মঞ্চ এক্স থেকে সাসপেন্ড হয়ে গেল ‘গণতান্ত্রিক তৃণমূল’-এর অ্যাকাউন্ট।
সোমবার সকাল থেকেই ওই অ্যাকাউন্টটি আর দেখা যাচ্ছে না বলে জানা গিয়েছে। এক্সে অ্যাকাউন্টের পাতায় ঢুকলেই ‘অ্যাকাউন্ট সাসপেন্ডেড’ লেখা ভেসে উঠছে। হঠাৎ কেন এই পদক্ষেপ করা হল, তা নিয়ে শুরু হয়েছে জল্পনা। বিষয়টি খতিয়ে দেখছে সংশ্লিষ্ট শিবির।
ঋতব্রত শিবিরের অভিযোগ, মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন তৃণমূলের তথ্যপ্রযুক্তি বিভাগের পক্ষ থেকে বারবার তাদের সমাজমাধ্যমের পাতার বিরুদ্ধে অভিযোগ জানানো হয়েছে। তার জেরেই অ্যাকাউন্টটি বন্ধ করে দেওয়া হয়েছে বলে দাবি তাদের। যদিও এই অভিযোগের সত্যতা এখনও স্পষ্ট নয়।
ঋতব্রত শিবিরের দাবি, সমাজমাধ্যমের অ্যাকাউন্ট বন্ধ করে তাদের লড়াই থামানো যাবে না। কয়েক দিনের মধ্যেই তৃণমূলের নাম ও প্রতীক তারাই পাবে বলে আশাবাদী তারা।
অন্য দিকে, কালীঘাট শিবির এই ঘটনার সঙ্গে তাদের কোনও যোগ নেই বলে দাবি করেছে। তাদের বক্তব্য, এই ধরনের পদক্ষেপ করে কোনও লাভ হবে না। মমতা বন্দ্যোপাধ্যায়ই এখনও বিজেপির বিরুদ্ধে লড়াই চালিয়ে যাচ্ছেন।
এই বিষয়ে ‘গণতান্ত্রিক তৃণমূল’-এর নেতা ঋজু দত্ত বলেন, ‘‘আমরা সমাজমাধ্যমে নিজেদের পাতা তৈরি করেছিলাম। কিন্তু মমতা তৃণমূলের তথ্যপ্রযুক্তি বিভাগের ছেলেরা বারবার আমাদের পাতা বন্ধ করিয়ে দিচ্ছে। কারণ, সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস নামে একটি পাতা রয়েছে। আমাদের কাছে এখনও এমন কোনও নথি নেই, যার মাধ্যমে প্রমাণ করতে পারব যে আমরাই আসল তৃণমূল।’’
অন্য দিকে, মমতা তৃণমূলের মুখপাত্র প্রদীপ্ত মুখোপাধ্যায় এই ঘটনার জন্য বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর দিকে ইঙ্গিত করেছেন। তাঁর বক্তব্য, ‘‘শুভেন্দু অধিকারী ৪ তারিখ বলেছিলেন, তৃণমূলের নাম-নিশান মুছে দেবেন। এখন এমনও হতে পারে, উনি গণতান্ত্রিক তৃণমূলের নাম-নিশান মুছে দিচ্ছেন।’’
সব মিলিয়ে তৃণমূলের নাম ও প্রতীক নিয়ে দুই শিবিরের লড়াই নতুন মাত্রা পেয়েছে। নির্বাচন কমিশনে কার দাবি শেষ পর্যন্ত মান্যতা পায়, এখন সেদিকেই নজর রাজনৈতিক মহলের। তার মধ্যেই সমাজমাধ্যমের অ্যাকাউন্ট সাসপেন্ড হওয়ায় নতুন করে চর্চা শুরু হয়েছে রাজ্য রাজনীতিতে।
- More Stories On :
- Ritabrata Banerjee
- Mamata Banerjee
- Social media

