সাতসকালে শিয়ালদহ দক্ষিণ শাখায় বড়সড় বিপত্তি। পুরনো নিকাশি নালায় ধস নামায় বসে গেল রেললাইনের একাংশ। শুধু রেললাইনই নয়, নীচে থাকা জলের পাইপলাইনও ক্ষতিগ্রস্ত হয়েছে। ব্যস্ত সময়ে এই ঘটনা সামনে আসতেই যাত্রীদের মধ্যে উদ্বেগ ছড়ায়। তবে রেল সূত্রে খবর, ক্ষতিগ্রস্ত অংশটি মূল লাইন নয়, লুপ লাইন। তাই এখনও পর্যন্ত যাত্রীবাহী ট্রেন চলাচলে কোনও প্রভাব পড়েনি।
জানা গিয়েছে, শিয়ালদহ স্টেশন থেকে বেরিয়ে কিছুটা এগোলেই রয়েছে বহু পুরনো একটি নিকাশি নালা। সেই নালার একাংশে ধস নামার ফলেই উপরের রেললাইনের মাটি বসে যায়। একই সঙ্গে নীচে থাকা জলের পাইপলাইনও ক্ষতিগ্রস্ত হয়।
স্থানীয় সূত্রে খবর, গত রবিবার প্রথম ওই নিকাশি নালায় ধস নামে। তার পর গত দু'দিনে পরিস্থিতির আরও অবনতি হয়। ধীরে ধীরে নালার ক্ষতিগ্রস্ত অংশ আরও বড় হয়ে যায়। এর জেরেই রেললাইনের একাংশ নীচের দিকে বসে গিয়েছে বলে জানা যাচ্ছে।
ঘটনার খবর পেয়েই মেরামতির কাজে নামে রেল ও পুরসভা। সোমবার রাত থেকেই দুই দফতরের যৌথ উদ্যোগে কাজ শুরু হয়েছে। দ্রুত নিকাশি নালা, জলের পাইপলাইন এবং বসে যাওয়া রেললাইনের অংশ মেরামতির চেষ্টা চলছে।
অন্য দিকে, অফিসের ব্যস্ত সময়ে এই ঘটনা সামনে আসায় স্বাভাবিক ভাবেই চিন্তায় পড়েন নিত্যযাত্রীরা। ট্রেন চলাচল ব্যাহত হতে পারে বলে আশঙ্কা তৈরি হয়। তবে রেলের তরফে জানানো হয়েছে, ক্ষতিগ্রস্ত অংশটি লুপ লাইন হওয়ায় যাত্রীবাহী ট্রেন চলাচলে আপাতত কোনও সমস্যা হচ্ছে না। ফলে স্বাভাবিক রয়েছে ট্রেন পরিষেবা। দ্রুত মেরামতির কাজ শেষ করার চেষ্টা চলছে।
- More Stories On :
- Sealdah Station
- Railway track

