রাত তখন সাড়ে দশটা। সারাদিনের ব্যস্ততা শেষে ধীরে ধীরে ফাঁকা হচ্ছিল শহরের রাস্তা। সেই সময়েই ঘটে গেল ভয়াবহ দুর্ঘটনা। নিয়ন্ত্রণ হারিয়ে ফুটপাতে উঠে পড়ল একটি দ্রুতগতির গাড়ি। গাড়ির ধাক্কায় আহত হলেন অন্তত সাত জন। তাঁদের মধ্যে চার জনের অবস্থা আশঙ্কাজনক।
ঘটনাটি হালতু থেকে ঢাকুরিয়া স্টেশনগামী রাস্তার। প্রত্যক্ষদর্শীদের দাবি, রাতের দিকে গাড়িটি অত্যন্ত দ্রুত গতিতে আসছিল। রাস্তার পাশে তখন কেউ বাড়ি ফিরছিলেন, কেউ আবার ফুটপাতের ধারে দাঁড়িয়েছিলেন। আচমকাই নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি ফুটপাতে উঠে পড়ে। কিছু বুঝে ওঠার আগেই পথচারীদের সজোরে ধাক্কা মারে সেটি।
পথচারীদের ধাক্কা মারার পরেও থামেনি গাড়ি। শেষ পর্যন্ত রাস্তার ধারে থাকা একটি বন্ধ দোকানে ধাক্কা মেরে দাঁড়িয়ে যায়। ধাক্কার জেরে দোকানের একাংশ ভেঙে যায়। গাড়িটিও দুমড়ে-মুচড়ে যায়।
দুর্ঘটনার পর রক্তাক্ত অবস্থায় রাস্তায় পড়ে থাকেন সাত জন। স্থানীয় বাসিন্দারাই দ্রুত তাঁদের উদ্ধার করে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেন। প্রথমে গাড়ির চালক পালিয়ে গেলেও পরে তল্লাশি চালিয়ে তাঁকে আটক করে পুলিশ। দুর্ঘটনাগ্রস্ত গাড়িটিও বাজেয়াপ্ত করা হয়েছে। কসবা থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, গাড়িটিতে এক জন পুরুষ এবং এক জন মহিলা ছিলেন। দুর্ঘটনার সময় ঠিক কী কারণে চালক নিয়ন্ত্রণ হারালেন, তা খতিয়ে দেখা হচ্ছে।
এক প্রত্যক্ষদর্শীর কথায়, “গাড়িটা আসতে দেখেছিলাম। হঠাৎ দ্রুতগতিতে এসে ফুটপাতে উঠে পড়ে। তার পরেই জোরে ধাক্কার শব্দ আর মানুষের চিৎকার শুনতে পাই। আমরা কিছুক্ষণের জন্য হতভম্ব হয়ে গিয়েছিলাম। কী করব বুঝতে পারছিলাম না। এর পর গাড়িটি পাশের দোকানেও ধাক্কা মারে।”
- More Stories On :
- Garia
- Car accident

