অবিবাহিত ছেলের পথ দুর্ঘটনায় মৃত্যু হলে তাঁর আয়ের উপর নির্ভরশীল হিসেবে সাধারণত মাকেই ধরা হবে। বাবা ও বোনেরা ছেলের উপার্জনের উপর নির্ভর করতেন, এমন প্রমাণ না থাকলে তাঁরা ক্ষতিপূরণের টাকা পাবেন না। একটি গুরুত্বপূর্ণ মামলায় এমনই রায় দিল হিমাচল প্রদেশ হাই কোর্ট।
বিচারপতি সুশীল কুকরেজার একক বেঞ্চে এই মামলার শুনানি হয়। আদালত জানায়, অবিবাহিত কোনও যুবকের মৃত্যু হলে তাঁর বাবা ও বোনেরা যে আর্থিক ভাবে তাঁর উপর নির্ভরশীল ছিলেন, তা আলাদা করে প্রমাণ করতে হবে। তবে সাধারণ ভাবে মাকে মৃত ছেলের আয়ের উপর নির্ভরশীল বলে বিবেচনা করা হবে।
বিচারপতি বলেন, মৃত যুবকের বাবা হওয়ার কারণে কোনও ব্যক্তিকে এবং তাঁর বোন হওয়ার কারণে অন্য আবেদনকারীদের সরাসরি নির্ভরশীল বলে ধরে নেওয়া যায় না। এই মামলায় একমাত্র মৃতের মাকেই তাঁর আয়ের উপর নির্ভরশীল হিসেবে বিবেচনা করা হয়েছে।
আদালতের পর্যবেক্ষণ, সাধারণত বাবার নিজের উপার্জনের কোনও না কোনও ব্যবস্থা থাকে। অন্য দিকে, ভাই বা বোনেরা নিজেরা উপার্জন করতে পারেন অথবা বাবার উপর নির্ভরশীল থাকতে পারেন। তাই বিশেষ প্রমাণ ছাড়া তাঁদের মৃত ব্যক্তির আয়ের উপর নির্ভরশীল বলে গণ্য করা যায় না।
মামলাটি ৩১ বছর বয়সি মোহিতের মৃত্যুকে কেন্দ্র করে। ২০২০ সালের ২৫ নভেম্বর পথ দুর্ঘটনায় মৃত্যু হয় তাঁর। অভিযোগ, খোদরি গ্রামের কাছে একটি দ্রুতগতির গাড়ি বেপরোয়া ভাবে এসে তাঁর মোটরসাইকেলে ধাক্কা মারে। গুরুতর আঘাতের কারণে ঘটনাস্থলেই বা পরে তাঁর মৃত্যু হয়।
মোহিতের পরিবারের দাবি ছিল, তিনি মাসে ১৫ হাজার টাকা উপার্জন করতেন। তাঁর আয়ের উপর নির্ভরশীল ছিলেন বাবা, মা এবং দুই বোন। এই যুক্তিতে পরিবারের তরফে মোটর দুর্ঘটনা ক্ষতিপূরণ ট্রাইব্যুনালে ২৫ লক্ষ টাকা ক্ষতিপূরণ চেয়ে আবেদন করা হয়।
প্রথমে ট্রাইব্যুনাল পরিবারকে ১৭ লক্ষ ২০ হাজার ৪০০ টাকা ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিয়েছিল। সেই টাকার উপর বার্ষিক সাড়ে সাত শতাংশ হারে সুদ দেওয়ার কথাও বলা হয়েছিল। কিন্তু ক্ষতিপূরণের অঙ্ক এবং পরিবারের সদস্যদের নির্ভরশীল হিসেবে বিবেচনা করার সিদ্ধান্ত নিয়ে আপত্তি ওঠে। এর পরেই হাই কোর্টের দ্বারস্থ হন আবেদনকারীরা।
শুনানিতে হাই কোর্ট জানায়, মোহিত মাসে ১৫ হাজার টাকা উপার্জন করতেন বলে দাবি করা হলেও তার পক্ষে কোনও নথি বা প্রমাণ জমা দেওয়া হয়নি। তাই ট্রাইব্যুনাল তাঁর মাসিক আয় ৮ হাজার ২৫০ টাকা ধরে যে হিসাব করেছিল, তা বহাল রাখে আদালত।
সব দিক বিবেচনা করে নির্ভরশীলতা বাবদ ক্ষতিপূরণের অঙ্ক দাঁড়ায় ১১ লক্ষ ৮ হাজার ৮০০ টাকা। এর সঙ্গে অন্যান্য খাতে আরও ৭০ হাজার টাকা যোগ করা হয়। ফলে মোট ক্ষতিপূরণের পরিমাণ দাঁড়ায় ১১ লক্ষ ৭৮ হাজার ৮০০ টাকা।
আদালতের নির্দেশ, সম্পূর্ণ ক্ষতিপূরণের টাকা পাবেন একমাত্র মৃত যুবকের মা। বাবা ও দুই বোনকে মৃতের আয়ের উপর নির্ভরশীল হিসেবে প্রমাণ করা যায়নি বলেই তাঁরা এই ক্ষতিপূরণের অংশ পাবেন না।
- More Stories On :
- High Court
- Himachal Pradesh

