২২ গজে তাঁর ঘূর্ণিতে কাবু হয়েছেন বিশ্বের তাবড় ব্যাটারেরা। এ বার ক্রিকেটের বাইরেও নতুন ইনিংস শুরু করলেন ভারতীয় ক্রিকেটার যুজবেন্দ্র চাহাল। বিজেপির ওবিসি মোর্চার জাতীয় কার্যনির্বাহী কমিটিতে জায়গা পেলেন ভারতের এই তারকা লেগ স্পিনার। শনিবার দলের তরফে নতুন কমিটির সদস্যদের নাম প্রকাশ করা হয়েছে। সেই তালিকায় বিশেষ আমন্ত্রিত সদস্য হিসেবে রয়েছে চাহালের নাম।
কিছু দিন আগেই বিজেপির ওবিসি মোর্চার জাতীয় সভাপতি তথা রাজ্যসভার সাংসদ অমর পাল মৌর্যের সঙ্গে দেখা করেছিলেন চাহাল। তার পর থেকেই তাঁর বিজেপিতে যোগ দেওয়া নিয়ে জল্পনা শুরু হয়েছিল। শনিবার নতুন কমিটির তালিকা প্রকাশ হতেই সেই জল্পনা আরও বেড়েছে।
বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতীন নবীনের নির্দেশে শনিবার ওবিসি মোর্চার নতুন জাতীয় কমিটি ঘোষণা করা হয়েছে। মোট ৩৭ জনকে এই কমিটিতে জায়গা দেওয়া হয়েছে। তাঁদের মধ্যে রয়েছেন সাত জন জাতীয় সহ-সভাপতি, তিন জন জাতীয় সাধারণ সম্পাদক এবং সাত জন জাতীয় সম্পাদক। এই কমিটিতে বিশেষ আমন্ত্রিত সদস্য হিসেবে রাখা হয়েছে চাহালকে।
উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ড-সহ পাঁচ রাজ্যে বিধানসভা নির্বাচনের আগে বিজেপির এই নতুন কমিটি গঠনকে রাজনৈতিক ভাবে গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।
হরিয়ানার জিন্দ জেলার বাসিন্দা চাহাল। তিনি জাঠ সম্প্রদায়ের মানুষ। হরিয়ানা-সহ উত্তর ভারতের বিভিন্ন রাজ্যে জাঠ সম্প্রদায় ওবিসি তালিকাভুক্ত। ক্রিকেটের ময়দানে ইতিমধ্যেই একাধিক নজির গড়েছেন এই স্পিনার। টি-টোয়েন্টি ক্রিকেটে ৪০০ উইকেট নেওয়া প্রথম ভারতীয় বোলার তিনি। আইপিএলে পঞ্জাব কিংসের হয়ে খেলেন চাহাল। ভারতের হয়ে ৭২টি এক দিনের ম্যাচ এবং ৮০টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন তিনি।
২০২৬ সালের অক্টোবরে ইংল্যান্ডের লর্ডসে নর্থ্যাম্পটনশায়ারের হয়ে শেষ ম্যাচ খেলে প্রথম শ্রেণির ক্রিকেট থেকে অবসরের কথা ঘোষণা করেন চাহাল। তবে এক দিনের ক্রিকেট এবং টি-টোয়েন্টি খেলা চালিয়ে যাচ্ছেন তিনি। এ বার তার সঙ্গে যুক্ত হল রাজনীতির নতুন অধ্যায়।
অন্য দিকে, বিজেপির ওবিসি মোর্চার জাতীয় কার্যনির্বাহী কমিটিতে জায়গা পেয়েছেন বাংলার দু’জনও। তাঁরা হলেন অজিত দাস এবং মীনাক্ষী কর্মকার। অজিত আগে ওবিসি মোর্চার রাজ্য সভাপতির দায়িত্ব সামলেছেন। বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতীন নবীনের নির্দেশেই তাঁদের জাতীয় কমিটিতে নেওয়া হয়েছে বলে জানা গিয়েছে।
রাজনৈতিক মহলের মতে, এক দিকে পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচন, অন্য দিকে পশ্চিমবঙ্গে দলের সংগঠন আরও মজবুত করার লক্ষ্য— দুই দিক মাথায় রেখেই নতুন কমিটি সাজিয়েছে বিজেপি। সেই কমিটিতে চাহালের মতো জনপ্রিয় ক্রিকেটারের জায়গা পাওয়া নিয়েও রাজনৈতিক মহলে আলোচনা শুরু হয়েছে।
- More Stories On :
- Yuzvendra Chahal
- Politics
- BJP

