চিকিৎসকের গায়ে হাত তুললে কিংবা হাসপাতালে ভাঙচুর চালালে এ বার থেকে কড়া শাস্তির মুখে পড়তে হবে। দিতে হতে পারে সর্বোচ্চ ৫০ হাজার টাকা জরিমানা। এমনকি দোষ প্রমাণিত হলে তিন বছর পর্যন্ত জেলও হতে পারে। চিকিৎসক, নার্স এবং অন্যান্য স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তা নিশ্চিত করতে নতুন নির্দেশিকা জারি করল রাজ্যের স্বাস্থ্য দফতর।
সাম্প্রতিক সময়ে রাজ্যের একাধিক হাসপাতালে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। মেডিক্যাল কলেজ, নিউ টাউনের একটি বেসরকারি হাসপাতাল এবং পূর্ব বর্ধমানের একটি গ্রামীণ হাসপাতালে হামলার ঘটনা সামনে এসেছে। এই পরিস্থিতিতে হাসপাতাল ও স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তা আরও জোরদার করতে নতুন পদক্ষেপ করল স্বাস্থ্য দফতর।
নির্দেশিকায় জানানো হয়েছে, ২০০৯ সালের পশ্চিমবঙ্গ মেডিকেয়ার সার্ভিস পার্সন্স অ্যান্ড মেডিকেয়ার সার্ভিস ইনস্টিটিউশন আইনের বিধান আরও কঠোর ভাবে কার্যকর করা হবে। সরকারি হোক বা বেসরকারি, কোনও হাসপাতাল কিংবা স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসক, নার্স বা অন্য কোনও স্বাস্থ্যকর্মীর উপর হামলা হলে অভিযুক্তের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে।
কোনও স্বাস্থ্যকর্মীর গায়ে হাত তোলা কিংবা হাসপাতাল বা নার্সিংহোমে ভাঙচুরের ঘটনায় অভিযুক্তকে সর্বোচ্চ ৫০ হাজার টাকা জরিমানা দিতে হতে পারে। পাশাপাশি দোষ প্রমাণিত হলে সর্বোচ্চ তিন বছরের কারাদণ্ডও হতে পারে। অভিযুক্তকে চিহ্নিত করার জন্য হাসপাতালের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হবে। এই ধরনের ঘটনায় পুলিশকে জামিন অযোগ্য ধারায় মামলা করার নির্দেশও দেওয়া হয়েছে।
শুধু জরিমানা বা জেলেই শেষ নয়, হাসপাতালের সম্পত্তির ক্ষতি করলে তার ক্ষতিপূরণও দিতে হবে অভিযুক্তকে। নির্দেশিকায় বলা হয়েছে, ভাঙচুরের ফলে কত টাকার ক্ষতি হয়েছে, তা আদালত খতিয়ে দেখবে। আদালতের নির্দেশ অনুযায়ী সেই ক্ষতিপূরণের টাকা হামলাকারীর কাছ থেকেই আদায় করা হবে।
ইতিমধ্যেই রাজ্যের প্রতিটি জেলার পুলিশ প্রশাসনের কাছে নতুন নির্দেশিকার প্রতিলিপি পাঠিয়ে দেওয়া হয়েছে। ফলে হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্রে হামলার ঘটনায় এ বার থেকে আরও কড়া নজরদারি এবং আইনি পদক্ষেপের সম্ভাবনা তৈরি হয়েছে।
স্বাস্থ্য দফতরের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে অ্যাসোসিয়েশন অফ প্রাইভেট হসপিটাল অ্যান্ড নার্সিংহোম। সংগঠনের তরফে চিকিৎসক রাজীব পাণ্ডে জানিয়েছেন, এই সিদ্ধান্ত অত্যন্ত সময়োপযোগী। রোগীদের নিরবচ্ছিন্ন চিকিৎসা পরিষেবা দিতে হলে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তা নিশ্চিত করা জরুরি। সেই দিক থেকে নতুন নির্দেশিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
- More Stories On :
- Swasthya Bhaban
- West Bengal government

