শাহরুখকে নিয়ে ট্রোলের রেশ কাটতে না কাটতেই বিপাকে সলমন! নতুন গান ঘিরে হাসির রোল
শাহরুখ খানের জন্মদিন উপলক্ষে গত ২ নভেম্বর মধ্যরাতে প্রকাশ্যে এসেছে তাঁর আগামী ছবি কিং-এর নতুন গান তু মিল যায়ে। গানটিতে শাহরুখ খান ও দীপিকা পাড়ুকোনের রোম্যান্সের পাশাপাশি অরিজিৎ সিং এবং এড শিরানের যুগলবন্দিও নজর কেড়েছে। মুক্তির পর গানটি ঘিরে অনুরাগীদের মধ্যে উন্মাদনা তৈরি হয়েছে। দাবি করা হচ্ছে, প্রকাশের মাত্র এক দিনেই গানটি ৬ কোটি বার দেখা হয়েছে।তবে প্রশংসার পাশাপাশি সমালোচনাও কম হচ্ছে না। গানের কিছু দৃশ্যের সঙ্গে পাঠান ছবির মিল খুঁজে পেয়েছেন দর্শকদের একাংশ। আবার কেউ কেউ প্রশ্ন তুলেছেন দৃশ্যায়নে ব্যবহৃত বিশেষ দৃশ্যপ্রযুক্তি নিয়েও।এরই মধ্যে নতুন গান প্রকাশ করে কটাক্ষের মুখে পড়েছেন সলমন খান। বুধবার সকালে তাঁর আগামী ছবি মাতৃভূমির গান তেরি সেক্সি বিউটি প্রকাশ্যে এসেছে। গানটিতে নিজেই কণ্ঠ দিয়েছেন সলমন। কিন্তু গানের কথা শুনে খুশি হওয়ার বদলে নেটমাধ্যমে হাসি-ঠাট্টায় মেতেছেন বহু মানুষ।গানের কথায় সলমনকে বলতে শোনা যাচ্ছে, দুপেগ শেষ, আমার সেক্সি বিউটিকে নিয়ে উড়ান দিলাম, জানি না কোথায় গিয়ে নামব! এই কথা নিয়েই শুরু হয়েছে সমালোচনা। অনেকে গানের কথা নিয়ে মশকরা করেছেন, আবার কেউ প্রশ্ন তুলেছেন, এমন গান কি দেশাত্মবোধক ছবির সঙ্গে মানানসই?মাতৃভূমি ছবির কাহিনি ভারত ও চিনের সংঘাতকে ঘিরে। সেই ছবিতে এমন গানের কথা কেন রাখা হল, তা নিয়ে প্রশ্ন তুলেছেন দর্শকদের একাংশ। কেউ কেউ সলমনের গান গাওয়ার সিদ্ধান্ত নিয়েও কটাক্ষ করেছেন।নেটমাধ্যমে অনেকে আবার শাহরুখ ও সলমনকে একসঙ্গে টেনে এনে মজা করছেন। তাঁদের বক্তব্য, গত ২৪ ঘণ্টা ধরে কিং-এর গান নিয়ে ট্রোলের মুখে ছিলেন শাহরুখ। এ বার সেই তালিকায় যোগ দিলেন সলমনও। দুই খানের গান ঘিরে পরপর বিতর্ক দেখে কেউ কেউ মজার ছলে বলছেন, তাঁদের বন্ধুত্বের প্রমাণ যেন এ ভাবেই মিলছে!

