অভিষেকের কালীঘাটের বাড়িতে বুলডোজার? তার আগেই শেড খুলতে শুরু করলেন অনুগামীরা, নতুন করে বাড়ল জল্পনা!
অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাড়ি ঘিরে নতুন করে বিতর্ক শুরু হয়েছে। এক দিকে বাড়ির সামনে বেআইনি ভাবে তৈরি অস্থায়ী শেড ভাঙার তোড়জোড়, অন্য দিকে বাড়ির সামনে সন্দেহজনক গতিবিধি নিয়ে পুলিশের বিরুদ্ধে নজরদারির অভিযোগ তুলেছেন তৃণমূল সাংসদ। বুধবার ভাইফোঁটার দুপুরে সমাজমাধ্যমে একটি ভিডিয়ো পোস্ট করে অভিষেক দাবি করেন, তাঁর বাড়ির চারপাশে ফের নজরদারি চালানো হচ্ছে। এমনকি তাঁর উপর হামলার পরিকল্পনা করা হচ্ছে বলেও আশঙ্কা প্রকাশ করেছেন তিনি।অভিষেকের দাবি, গত সপ্তাহেও একই ভাবে তাঁর বাড়ির সামনে নজরদারি চালানো হয়েছিল। তার পরের দিন, ৭ নভেম্বর, তাঁর বাড়ির সামনে দুষ্কৃতীরা হামলা চালায় বলে অভিযোগ। চার দিন পেরিয়ে গেলেও ওই ঘটনায় কাউকে গ্রেফতার করা হয়নি বলে দাবি করেছেন তিনি।ভাইফোঁটার দিন সমাজমাধ্যমে পোস্ট করা ভিডিয়োয় দেখা গিয়েছে, সাদা হেলমেট পরা দুই ব্যক্তি একটি বাইকে যাচ্ছেন। বাড়ির নীচে কলকাতা পুলিশের লেখা একটি বাইকও দাঁড়িয়ে থাকতে দেখা যায়। ভিডিয়োয় এক ব্যক্তিকে বাইক থেকে নেমে ফোনে কথা বলতে এবং অভিষেকের বাড়ির দিকে তাকাতে দেখা গিয়েছে। এই ভিডিয়ো প্রকাশ করেই ফের হামলার আশঙ্কা প্রকাশ করেন ডায়মন্ড হারবারের সাংসদ।প্রশাসনের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহারের অভিযোগও তুলেছেন অভিষেক। তাঁর প্রশ্ন, তাঁকে ভয় দেখিয়ে বা হামলা চালিয়ে কি কণ্ঠরোধ করার চেষ্টা চলছে? বার বার অভিযোগ জানানোর পরেও লোকসভার স্পিকার কেন কোনও পদক্ষেপ করছেন না, সেই প্রশ্নও তুলেছেন তিনি। তাঁর দাবি, ক্ষমতার অপব্যবহার করে সত্যের কণ্ঠরোধ করা সম্ভব নয়।প্রসঙ্গত, ৭ নভেম্বর অভিষেকের জন্মদিনের অনুষ্ঠানকে কেন্দ্র করে তাঁর কালীঘাটের বাড়ির সামনে উত্তেজনা ছড়িয়েছিল। ওই ঘটনায় তাঁকে খুনের চক্রান্ত করা হয়েছিল বলে অভিযোগ তুলেছিলেন তৃণমূল সাংসদ। বিজেপির বিরুদ্ধে অশান্তি ছড়ানোর অভিযোগ করেছিলেন তিনি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও এই ঘটনার প্রতিবাদে সরব হয়েছিলেন।বুধবারের ঘটনা নিয়ে তৃণমূল নেতা কুণাল ঘোষও প্রশ্ন তুলেছেন। তাঁর বক্তব্য, ৭ নভেম্বরের ঘটনার পুনর্নির্মাণ হওয়া উচিত। অভিযুক্তদের চিহ্নিত করা হয়ে থাকলে তাঁদের গ্রেফতার করা হচ্ছে না কেন, সেই প্রশ্নও তুলেছেন তিনি। পুলিশকে সতর্ক হওয়ার পরামর্শ দিয়েছেন কুণাল।অন্য দিকে, সিপিএম নেতা সুজন চক্রবর্তী এই অভিযোগকে বিশেষ গুরুত্ব দিতে চাননি। তাঁর বক্তব্য, অভিষেক বন্দ্যোপাধ্যায় বাড়িতে হামলার আশঙ্কা প্রকাশ করলে পুলিশ বিষয়টি খতিয়ে দেখুক।প্রদেশ কংগ্রেসের মুখপাত্র সুমন রায়চৌধুরী বলেন, অভিষেকের বাড়ি বেআইনি হলে বা তাঁর বিরুদ্ধে কোনও অভিযোগ থাকলে আইনের পথেই তার বিচার হওয়া উচিত। রাজনৈতিক উদ্দেশ্যে কোনও পদক্ষেপ করা ঠিক নয় বলেও মন্তব্য করেছেন তিনি।এ দিকে, বুধবার সন্ধ্যায় অভিষেকের বাড়ির সামনে তৈরি অস্থায়ী টিনের শেড খুলে ফেলতে দেখা যায় তাঁর অনুগামীদের। বাড়ির সামনের ফুটপাথ দখল করে ওই শেড তৈরি করা হয়েছিল বলে অভিযোগ উঠেছিল। বৃহস্পতিবার কলকাতা পুরসভার পক্ষ থেকে ওই বেআইনি অংশ ভাঙার অভিযান চালানো হতে পারে বলে খবর ছড়ায়। সূত্রের দাবি, পুরসভার ইঞ্জিনিয়ারিং বিভাগের কর্মীরা পুলিশকে সঙ্গে নিয়ে এলাকায় যেতে পারেন। যদিও অভিষেকের আইনজীবী অর্ক নাগের দাবি, পুরসভা বা সরকারের তরফে তাঁরা কোনও নোটিস পাননি।শেড খোলার কারণ ব্যাখ্যা করে অর্ক নাগ জানান, আগে অভিষেক বন্দ্যোপাধ্যায় জেড শ্রেণির নিরাপত্তা পেতেন। নিরাপত্তারক্ষী ও পুলিশের সুবিধার জন্যই অস্থায়ী শেডটি তৈরি করা হয়েছিল। বর্তমানে সেই নিরাপত্তা প্রত্যাহার করা হয়েছে। তাই শেডটির আর প্রয়োজন নেই বলে সেটি খুলে ফেলা হচ্ছে।

