১০ দিন পর ঘরে ফিরছে বক্সার ‘পলাতক’ বাঘিনি! অসমের জঙ্গল থেকে ফেরাতে শুরু অভিযান
প্রায় ১০ দিন পর বক্সার জঙ্গলে ফিরতে চলেছে পলাতক বাঘিনি। অসমের রাইমোনা জাতীয় উদ্যান থেকে তাকে ফিরিয়ে আনার জন্য মঙ্গলবার ভোর থেকেই অভিযান শুরু করেছে বন দফতর। জাতীয় ব্যাঘ্র সংরক্ষণ কর্তৃপক্ষের অনুমতি মেলার পরই এই উদ্যোগ নেওয়া হয়েছে। রাজ্যের বনমন্ত্রী মনোজ ওরাওঁ জানিয়েছেন, মঙ্গলবার সকালে ঘুমপাড়ানি গুলি ছুড়ে বাঘিনিকে অচেতন করে বাংলায় ফিরিয়ে আনার পরিকল্পনা করা হয়েছে।সোমবার জাতীয় ব্যাঘ্র সংরক্ষণ কর্তৃপক্ষের অনুমতি পাওয়ার পরই বাঘিনিকে ফেরানোর প্রস্তুতি শুরু হয়। বনমন্ত্রী নিজেও অসমে পৌঁছন। তবে রাত হয়ে যাওয়ায় সোমবার আর বাঘিনিকে ধরার চেষ্টা করা হয়নি। তাই মঙ্গলবার ভোর থেকেই অভিযান শুরু হয়েছে।গত ২৪ অক্টোবর বক্সার জঙ্গল ছেড়ে অসমের রাইমোনা জাতীয় উদ্যানে ঢুকে পড়েছিল বিহার থেকে আনা পূর্ণবয়স্ক বাঘিনিটি। তার গলায় রেডিও কলার থাকায় সহজেই তার অবস্থান জানতে পেরেছিলেন বনকর্মীরা। কিন্তু কেন বাঘিনিটি বক্সা ছেড়ে অসমে চলে গেল, তা নিয়ে নানা প্রশ্ন উঠেছিল।এই বিষয়ে বনমন্ত্রী মনোজ ওরাওঁ জানিয়েছিলেন, বাঘের এমন আচরণ অস্বাভাবিক নয়। নিজেদের পছন্দমতো স্থায়ী বাসস্থান খুঁজতে অনেক সময় বাঘ এক জঙ্গল থেকে অন্য জঙ্গলে চলে যায়। এর জন্য দীর্ঘ পথও পাড়ি দেয় তারা। বক্সার বাঘিনিটির ক্ষেত্রেও তেমনটাই হয়েছে বলে মনে করছেন বনকর্তারা।বাঘিনিকে ফিরিয়ে আনতে বনমন্ত্রী নিজে রাইমোনার জঙ্গলে গিয়েছিলেন। এই বিষয়ে বাংলার বন দফতরের আধিকারিকদের সঙ্গে অসমের বনকর্মীদের আলোচনা হয়। দুপক্ষই বাঘিনিটিকে ফেরানোর বিষয়ে একমত হন। তবে একই বনাঞ্চলের মধ্যে যাতায়াতের পথ থাকলেও অসম অন্য রাজ্য। তাই সেখান থেকে বাঘিনিকে বাংলায় ফিরিয়ে আনতে জাতীয় ব্যাঘ্র সংরক্ষণ কর্তৃপক্ষের অনুমতি প্রয়োজন ছিল।এই অনুমতি চেয়ে রাজ্যের বন দফতরের তরফে আবেদন জানানো হয়েছিল। কিন্তু শনি ও রবিবার দফতর বন্ধ থাকায় চূড়ান্ত অনুমোদন পাওয়া যায়নি। সোমবার অনুমতি মেলার পরই বাঘিনিকে ফেরানোর কাজ শুরু করার সিদ্ধান্ত নেওয়া হয়।বন দফতর সূত্রে জানা গিয়েছে, গত সাত দিন ধরে বক্সার বনকর্মী ও বিশেষজ্ঞদের একটি দল রাইমোনায় রয়েছে। বাঘিনিটি যে এলাকায় রয়েছে, সেই জায়গা ইতিমধ্যেই জাল দিয়ে ঘিরে রাখা হয়েছে। মঙ্গলবার ভোরে ঘুমপাড়ানি গুলি ছুড়ে তাকে অচেতন করার পরিকল্পনা নেওয়া হয়েছে। এরপর বিশেষ ব্যবস্থায় বক্সার জঙ্গলে ফিরিয়ে আনা হবে বাঘিনিটিকে।সব কিছু পরিকল্পনামতো এগোলে খুব শীঘ্রই নিজের পুরনো জঙ্গলে ফিরবে বাঘিনিটি। এখন বন দফতরের নজর মঙ্গলবারের অভিযানের দিকে। দীর্ঘ ১০ দিনের অপেক্ষার পর বক্সার জঙ্গলে বাঘিনির প্রত্যাবর্তন ঘিরে আশায় রয়েছেন বনকর্মীরা।

