• ২৬ কার্তিক ১৪৩৩, রবিবার ১৫ নভেম্বর ২০২৬ ই-পোর্টাল

Janatar Katha

Banner Add
  • কলকাতা
  • রাজ্য
  • দেশ
  • বিদেশ
  • রাজনীতি
  • খেলার দুনিয়া
  • বিনোদুনিয়া
  • সম্পাদকীয়
  • নিবন্ধ
  • ভ্রমণ
  • রাশিফল
  • টুকিটাকি
  • চিত্রহার
  • বিবিধ
  • ভিডিও
  • এছাড়াও
    • উৎসব
    • ব্যবসা
    • স্বাস্থ্য
    • শিক্ষা
    • প্রযুক্তি
    • হেঁসেল

Alipurduar

রাজ্য

দীর্ঘদিনের সঙ্গীকেই আছড়ে দিল হাতি! আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে মাহুত হীরা

দীর্ঘদিন ধরে হাতির সঙ্গে কাজ করছেন তিনি। সেই হাতির হামলাতেই গুরুতর জখম হলেন মাহুত হীরা রাভা। সোমবার সকালে আলিপুরদুয়ারের পানিঝোরা এলাকায় এই ঘটনা ঘটেছে। আহত অবস্থায় তাঁকে আলিপুরদুয়ার জেলা হাসপাতালে ভর্তি করানো হয়েছে। তাঁর মেরুদণ্ডে চোট লেগেছে। শরীরের একাধিক হাড়েও চিড় ধরেছে বলে হাসপাতাল সূত্রে জানা গিয়েছে। এই ঘটনায় বনকর্মীদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। আহত মাহুতের চিকিৎসার ব্যবস্থা করার আশ্বাস দিয়েছেন রাজ্যের বনমন্ত্রী মনোজ ওরাওঁ।বন দপ্তর সূত্রে জানা গিয়েছে, সোমবার সকাল সাড়ে ৬টা নাগাদ ইস্ট দমনপুর রেঞ্জের চেকো বিটের পানিঝোরা এলাকায় ঘটনাটি ঘটে। চন্দন নামে একটি হাতিকে জঙ্গলে ঘোরানোর পর ডিপোয় ফিরিয়ে নিয়ে যাচ্ছিলেন মাহুত হীরা। সেই সময় আচমকাই পিছন দিক থেকে হীরাকে ধাক্কা মারে হাতিটি। আচমকা এই আক্রমণে সামলে উঠতে পারেননি তিনি। গুরুতর জখম হন হীরা।ঘটনার পরেই ছুটে আসেন অন্য বনকর্মীরা। তাঁরা কোনও রকমে চন্দনকে ডিপোর ভিতরে আটকে রেখে আহত হীরাকে উদ্ধার করেন। এর পর তাঁকে দ্রুত আলিপুরদুয়ার জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তাঁর চিকিৎসা চলছে।হাসপাতালের অস্থিরোগ বিশেষজ্ঞ অনিন্দ্য সাহা জানিয়েছেন, হীরার শারীরিক অবস্থা বেশ গুরুতর। তাঁর মেরুদণ্ডে সমস্যা রয়েছে। এ ছাড়া শরীরের একাধিক হাড়ে চিড় ধরেছে। চিকিৎসকেরা প্রয়োজনীয় চিকিৎসা করছেন।দীর্ঘদিন ধরে হাতির সঙ্গে কাজ করার অভিজ্ঞতা থাকা সত্ত্বেও কীভাবে এমন ঘটনার মুখে পড়লেন হীরা, তা নিয়ে প্রশ্ন উঠেছে। বনকর্মীদের নিরাপত্তার জন্য কী ধরনের সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হচ্ছে, তা নিয়েও আলোচনা শুরু হয়েছে।ঘটনার খবর পেয়ে রাজ্যের বন ও পরিবেশ দপ্তরের মন্ত্রী মনোজকুমার ওরাওঁ আহত মাহুতের চিকিৎসার বিষয়ে আশ্বাস দিয়েছেন। তিনি জানিয়েছেন, হীরার সঙ্গে দেখা করে তাঁর চিকিৎসার প্রয়োজনীয় ব্যবস্থা করা হবে। আপাতত হাসপাতালে চিকিৎসাধীন মাহুতের শারীরিক অবস্থার দিকেই নজর রয়েছে সকলের।

নভেম্বর ০২, ২০২৬
রাজ্য

ভুটানে লেক ফেটে বিপর্যয়ের আশঙ্কা! রাতভর ঘুম উড়ল কোচবিহার, আলিপুরদুয়ারের

ভুটানে লেক ফেটে বিপুল জল নেমে আসার খবরে উত্তরবঙ্গে বন্যার আশঙ্কা তৈরি হয়েছে। সঙ্কোশ নদীর জলস্তর বাড়তে পারে বলে সতর্ক করা হয়েছে কোচবিহার ও আলিপুরদুয়ারের সীমান্তবর্তী এলাকায়। পরিস্থিতি মোকাবিলায় রাতভর মাইকিং করে নদীর ধারের বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে চলে যাওয়ার পরামর্শ দিয়েছে প্রশাসন। ভুটানের শিনটাফু লেক থেকে প্রায় ৭৪ লক্ষ ঘন মিটার জল মো নদীতে নেমেছে বলে খবর। তার জেরেই বাংলা ও অসমের সীমান্তবর্তী এলাকায় উদ্বেগ বেড়েছে।নেপালের সাম্প্রতিক বিপর্যয়ের স্মৃতি এখনও টাটকা। তার মধ্যেই ভুটানের লেক ফেটে যাওয়ার খবর নতুন করে আতঙ্ক ছড়িয়েছে। সঙ্কোশ নদীতে জল বাড়ার আশঙ্কায় রাতেই নদীর ধারের গ্রামগুলিতে মাইকিং করা হয়। বাসিন্দাদের দ্রুত নিরাপদ জায়গায় সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়। ধুবড়ি ও কোচবিহারেও বন্যা নিয়ে সতর্কতা জারি করা হয়েছে। শুক্রবার আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির পূর্বাভাস থাকায় পরিস্থিতি নিয়ে উদ্বেগ আরও বেড়েছে।আলিপুরদুয়ারের বক্সিরহাটের রামপুর-১ নম্বর গ্রাম পঞ্চায়েতের সঙ্কোশ নদীর ধারের সঙ্কোশ গ্রামের বাসিন্দারা আতঙ্কে রাত জাগেন। অনেকে গবাদি পশু নিয়ে বাড়ি থেকে বেরিয়ে রাস্তায় চলে আসেন। প্রশাসনের তরফে জানানো হয়, ৬ থেকে ৮ ঘণ্টার মধ্যে বন্যার জল সীমান্তবর্তী এলাকায় পৌঁছে প্রভাব ফেলতে পারে। পরিস্থিতির উপর নজর রাখা এবং প্রয়োজনীয় সতর্কতামূলক ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে স্থানীয় প্রশাসনকে।রাতেই ভিডিয়োবার্তায় পরিস্থিতি নিয়ে কথা বলেন বনমন্ত্রী মনোজ ওঁরাও। উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী নিশীথ প্রামাণিক জানান, পরিস্থিতি মোকাবিলার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা রাখা হচ্ছে। বিপর্যয় মোকাবিলায় জাতীয় ও রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনীও সতর্ক রয়েছে বলে তিনি জানান।এ দিকে, ভুটানের পুনাসাংচু এলাকাতেও সতর্কতা জারি হয়েছে। সেখানে হঠাৎ জলস্তর বেড়ে গেলে পুনাসাংচু জলবিদ্যুৎ প্রকল্প ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে। ভারত ও ভুটানের যৌথ উদ্যোগে তৈরি এই প্রকল্পের পরিস্থিতির উপর নজর রাখা হচ্ছে।ভুটানের পুনাসাংচু নদীই ভারতে ঢোকার পর সঙ্কোশ নামে পরিচিত। তাই ভুটানের পরিস্থিতির প্রভাব উত্তরবঙ্গ ও অসমের সীমান্তবর্তী এলাকায় পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। আপাতত নদীর জলস্তর এবং আবহাওয়ার পরিস্থিতির দিকে নজর রাখছে প্রশাসন।

অক্টোবর ৩০, ২০২৬
রাজ্য

পরিচয়পত্র চাইতেই উধাও পরিবার! আলিপুরদুয়ারে মৃতা কি বাংলাদেশি অনুপ্রবেশকারী?

হার্ট অ্যাটাকে মৃত্যু হয়েছিল এক মহিলার। কিন্তু মৃত্যুর পরই ঘটল এমন কাণ্ড, যা দেখে হতবাক হাসপাতাল কর্তৃপক্ষ। পরিচয় যাচাইয়ের জন্য পরিবারের কাছে আধার কার্ড বা ভোটার কার্ড চাওয়া মাত্রই উধাও হয়ে গেলেন মৃতার পরিবারের সদস্যরা! ফোনেও যোগাযোগ সম্ভব হয়নি। ফলে মৃতদেহ এখনো পড়ে আছে আলিপুরদুয়ার জেলা সদর হাসপাতালের মর্গে দাবিদারহীন অবস্থায়।জানা গিয়েছে, গত ৫ নভেম্বর বেলা সাড়ে ১১টা নাগাদ ৪২ বছর বয়সী এক মহিলা নাম সঞ্জিতা বিবিকে ভর্তি করা হয় আলিপুরদুয়ার জেলা হাসপাতালে। ভর্তি করার সময় তাঁর পরিবারের সদস্যরা জানিয়েছিলেন, তাঁরা দমনপুর এলাকার বাসিন্দা। এক আত্মীয়ের নাম দেওয়া হয়েছিল জাবেদ আলি। হাসপাতালের নথিতে সেই নাম ও মোবাইল নম্বর নথিভুক্ত করা হয়।রোগীর অবস্থা শুরু থেকেই আশঙ্কাজনক ছিল। তাঁকে আইসিসিইউ-তে রাখা হয়। কিন্তু শুক্রবার সন্ধ্যায় তাঁর মৃত্যু হয়। নিয়মমতো ডেথ সার্টিফিকেট তৈরির জন্য পরিবারের কাছে আধার বা ভোটার কার্ড চাওয়া হলে হঠাৎই গা-ঢাকা দেন তাঁরা। হাসপাতালের সুপার ডাঃ পরিতোষ মণ্ডল বলেন, মৃতা হার্ট অ্যাটাকে ভর্তি হয়েছিলেন। আমরা যথাসাধ্য চেষ্টা করেও বাঁচাতে পারিনি। ডেথ সার্টিফিকেটের জন্য পরিচয়পত্র চাইতেই পরিবারের সদস্যরা উধাও হয়ে যান। এরপর আর তাঁদের খুঁজে পাওয়া যায়নি। দুদিন ধরে একজন পুরুষ রোগীর সঙ্গে ছিলেন, তিনিও গায়েব।ফোনে বহুবার যোগাযোগের চেষ্টা করেও তাঁদের হদিশ মেলেনি। ফলে হাসপাতাল মৃতদেহকে দাবিদারহীন হিসেবে মর্গে সংরক্ষণ করেছে। ঘটনাটি ইতিমধ্যে স্থানীয় থানায় জানানো হয়েছে।এরপরই উঠেছে বড় প্রশ্ন ওই মহিলার কোনও বৈধ পরিচয়পত্র ছিল না কেন? যিনি তাঁর সঙ্গে ছিলেন, তিনি আসলে আত্মীয় না অন্য কেউ? নাকি পুরো ঘটনাটির পেছনে রয়েছে অন্য রহস্য?এসআইআর (Special Investigation of Residents) চলাকালীন এমন ঘটনায় জল্পনা আরও গভীর। অনেকেই প্রশ্ন তুলেছেন, মৃতা কি আদৌ ভারতীয় নাগরিক ছিলেন, নাকি বাংলাদেশি অনুপ্রবেশকারী?ঘটনার খবর ছড়িয়ে পড়তেই চাঞ্চল্য ছড়িয়েছে আলিপুরদুয়ার জুড়ে। হাসপাতাল সূত্রে খবর, পরিবারের কেউ যদি পরিচয়পত্র ও প্রমাণপত্র নিয়ে হাজির না হন, তবে আইনি প্রক্রিয়া মেনে মৃতদেহ প্রশাসনের তত্ত্বাবধানে সমাধিস্থ করা হবে।স্থানীয় এক চিকিৎসক বলেন, এমন ঘটনা বিরল। সাধারণত মৃতের পরিবারের সদস্যরা দেহ নিতে আসেন। এখানে উল্টোটা হয়েছে। তাই বিষয়টি সত্যিই সন্দেহজনক। ঘটনার তদন্তে নামতে চলেছে পুলিশ। জানা গিয়েছে, হাসপাতালের সিসিটিভি ফুটেজও খতিয়ে দেখা হচ্ছে, কারা মৃতাকে ভর্তি করেছিল, কখন উধাও হয়েছে তারা।

নভেম্বর ০৮, ২০২৫
রাজ্য

নিজের সাত মাসের শিশুকে গলা টিপে খুন! আলিপুরদুয়ারে রোমহর্ষক ঘটনা

আলিপুরদুয়ারের জংশনের সাউথ চেচাখাতা এলাকায় এমন এক মর্মান্তিক ঘটনা ঘটেছে, যা শুনে শিউরে উঠেছে গোটা এলাকা। শুক্রবার দুপুরে হঠাৎই নিখোঁজ হয়ে যায় সাত মাসের এক শিশু। বিছানায় শুয়ে থাকা অবস্থায় কে বা কারা শিশুটিকে তুলে নিয়ে গেলপ্রথমে সেই নিয়েই শুরু হয় তীব্র চাঞ্চল্য।শিশুর মা প্রথমে পরিবারের সদস্যদের জানান, স্নান সেরে এসে দেখেছেন বিছানায় শিশু নেই। তারপরই তিনি ছুটে গিয়ে শ্বশুরকে বলেন, সন্তানকে খুঁজে পাচ্ছেন না। খবর ছড়িয়ে পড়তেই আশপাশের মানুষ জড়ো হয়ে যায়। পুলিশকে খবর দেওয়া হয়।আলিপুরদুয়ার থানার পুলিশ দ্রুত পৌঁছে যায় ঘটনাস্থলে। স্নিফার ডগ নিয়ে তল্লাশি চালানো হয়। চারপাশের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হয়, এমনকি রেলস্টেশন ও রাস্তার মোড়েও নজরদারি শুরু হয়। সারাদিন ধরে চলতে থাকে শিশুটিকে খোঁজার চেষ্টা।কিন্তু ২৪ ঘণ্টা পর পরিস্থিতি একেবারে পাল্টে যায়। পুলিশের কড়া জেরার মুখে শিশুর মা নিজেই মুখ খুলে ফেলেন। নিজের মুখে তিনি স্বীকার করেনসাত মাসের শিশুটিকে গলা টিপে হত্যা করেছেন এবং পাশের ঝোপে ছুঁড়ে ফেলেছেন।রাতেই সেই ঝোপ থেকে উদ্ধার হয় ছোট্ট শিশুর নিথর দেহ। ঘটনাটি প্রকাশ্যে আসতেই স্তব্ধ আলিপুরদুয়ার। প্রতিবেশীদের মুখে একটাই প্রশ্নএকজন মা এমন ভয়ঙ্কর কাজ কীভাবে করতে পারেন?প্রথমে শিশুর বাবা জয়দীপ ঘোষ জানিয়েছিলেন, আমি বাবাকে খেতে দিই, আমার স্ত্রী তখন স্নান করতে যায়। তারপরই ও এসে বলে, বাচ্চাকে খুঁজে পাচ্ছে না। কিন্তু সেই অভিযোগের আসল রূপ প্রকাশ্যে আসতেই এলাকাজুড়ে নেমে আসে শোক ও ক্ষোভ।এখনও পর্যন্ত পুলিশের কাছে স্পষ্ট নয়, কেন এমন করলেন ওই মা। প্রতিবেশীরা বলছেন, হয়তো মানসিক ভারসাম্য হারিয়েছিলেন তিনি। অন্যদিকে, পুলিশ জানিয়েছে, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে, মানসিক অবস্থার রিপোর্টও সংগ্রহ করা হবে। ঘটনার পর থেকে এলাকা জুড়ে অস্বস্তির বাতাবরণ। কেউ বিশ্বাসই করতে পারছেন নাযে মায়ের কোলেই ছিল সন্তানের আশ্রয়, সেই মায়ের হাতেই এল তার মৃত্যু।

নভেম্বর ০৮, ২০২৫
রাজ্য

আত্মঘাতী হলেন জেডিএ চেয়ারম্যান গঙ্গাপ্রসাদ শর্মার দেহরক্ষী

আলিপুরদুয়ারের জয়ঁগা ভূলন চৌপথি এলাকায় জেডিএ চেয়ারম্যান গঙ্গাপ্রসাদ শর্মার বাড়ি থেকে বুধবার রাতে এক ব্যাক্তির মৃতদেহ উদ্ধার করল জয়ঁগা থানার পুলিশ। জানা যায় কর্তব্যরত অবস্থায় নিজের বন্দুক দিয়ে আত্মঘাতী হয়েছেন বিশিষ্ট তৃণমূল নেতা ও জয়গাঁ উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান গঙ্গাপ্রসাদ শর্মার দেহরক্ষী। এর পরেই গোটা এলাকায় চাঞ্চল্য ও উত্তেজনা ছড়িয়ে পরে।স্থানীয় সুত্রে জানা যায় মৃত ব্যাক্তির নাম কোকিল শৈব (৫৭), তিনি কালচিনি ব্লকের মেন্দাবাড়ি গ্রাম পঞ্চায়েতের বাসিন্দা। ইতিমধ্যেই তার মৃত দেহ উদ্ধার করেছে জয়গাঁ থানার পুলিশ। পুলিশ সূত্রে খবর, এদিন সন্ধ্যায় কর্তব্যরত অবস্থায় গঙ্গাপ্রসাদ শর্মার বাড়িতেই তিনি তার বন্ধুক দিয়ে আত্মঘাতী হন। তিনি প্রায় একবছর ধরে গঙ্গাপ্রসাদ শর্মার দেহরক্ষীর দায়িত্বে ছিলেন। গঙ্গাপ্রসাদ শর্মার দেহরক্ষীর আত্মঘাতী হওয়ার পর থেকেই ইতিমধ্যে রাজ্যের বিভিন্ন নেতা-মন্ত্রীদের পাশাপাশি তাদের দেহরক্ষীদের অর্থনৈতিক বাড়বাড়ন্ত দেখে গঙ্গাপ্রসাদ শর্মার দেহরক্ষীও সেইরকম দুর্নীতিতে রয়েছে এমনটাই কানাঘুষো সন্দেহ করছেন এলাকার স্থানীয় বাসিন্দা থেকে শুরু করে আলিপুরদুয়ার জেলাবাসি।কিন্তু গঙ্গাপ্রসাদ শর্মার দেহরক্ষীর আত্মঘাতী হওয়ার মুল কারন এখনো পর্যন্ত জনা যায়নি। কি কারনে ঘটলো এমন ঘটনা আর কেনই বা ঘটলো এই ঘটনা এই নিয়ে আলিপুরদুয়ার জেলাবাসির অন্দরে উঠছে হাজারো প্রশ্ন।

আগস্ট ২৫, ২০২২
রাজ্য

'পায়ে হেঁটে, সাইকেলে ঘুরুন, চারচাকা গাড়িতে ঘোরার দরকার নেই,' নেতা-কর্মীদের কড়া হুঁশিয়ারি অভিষেকের

আলিপুরদুয়ারের সভাতে গিয়ে ক্ষমা চাইলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। একইসঙ্গে দলীয় নেতা-কর্মীদের বার্তা দিলেন মানুষের পাশে থাকার। অভিষেক বলেন, রাজনীতি মানে শুধু ভোটের রাজনীতি নয়। ১০০দিনের কর্মসূচি নিতে হবে। মানুষের কথা বলতে এসেছি। আমি আপনাদের কাছে ক্ষমা চাইতে এসেছি। নিশ্চিতভাবে আমাদের গাফিলতি ছিল। অপনাদের আস্থা বা ভালবাসা আমাদের দোষেই হারিয়েছি। যে কোনও প্রয়োজনে 7887778877 নম্বরে ফোন করবেন।অভিষেক কড়া হুঁশিয়ারি দিয়েছেন দলের একশ্রেণির নেতাদের। তিনি বলেন, মানুষ ভোট দিতে চায়। কয়েকটা লোকের মুখ দেখে ভোট দেয় না। তাঁদের টিকিট দেওয়া হবে না। জেলার দায়িত্ব মানে কেউ কেটা হয়ে গিয়েছে, সেটা চলবে না। বাইকে করে ঘুরুন, পায়ে হেঁটে ঘুরুন, বড় চারচাকায় ঘোরার দরকার নেই। সাইকেলে ঘুরুন। বিরোধী মনে করে ঘুরুন।এরইমধ্যে বিজেপির মন্ত্রী থেকে বিধায়ক নয়া উত্তরবঙ্গ রাজ্যের দাবি তুলেছেন। এই নিয়ে বিতর্ক চলছেই। এদিন অভিষেক জানিয়ে দিলেন তৃণমূলের অভিধানে আর উত্তরবঙ্গ শব্দটাই থাকবে না{ এমনকী তিনি সাংবাদিকদের কাছেও আবেদন করেছেন উত্তরবঙ্গ না লিখতে। অভিষেক বলেন, কোনও দক্ষিণবঙ্গ নয়, উত্তরবঙ্গ নয়। একটাই বঙ্গ।বিভিন্ন কেন্দ্রীয় প্রকল্প নিয়ে বিতর্ক চলছে। একাধিক প্রকল্পে কেন্দ্রীয় সরকার অর্থ দিচ্ছে না বলে অভিযোগ করে আসছে রাজ্য। অভিষেক বলেন, বাংলার মানুষের প্রকল্প বাংলার নামে হবে না প্রধানমন্ত্রীর নামে হবে? পঞ্চায়েত সমিতির নামে রাস্তা হলে এলাকার নামে হবে না সদস্যর নামে হবে? প্রকল্প প্রধানমন্ত্রীর নামে হবে না বাংলার নামে হবে। মুখ্যমন্ত্রী গ্রাম সড়ক প্রকল্প করতে পারত, করেনি। বাংলার নামে করেছে। তাঁর দাবি, ১০০ দিনের ৯হাজার কোটি টাকা, বাংলার আবাস যোজনা ৮হাজার কোটি টাকা, প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা ৫হাজার কোটি টাকা আটকে রেখে দিয়েছে কেন্দ্র।

জুলাই ১২, ২০২২
রাজনীতি

Alipurduar BJP: সদলবলে তৃণমূলে যোগ দিলেন আলিপুরদুয়ার বিজেপি সভাপতি

উত্তরবঙ্গে বিজেপিতে (BJP) বড়সড় ভাঙন। অবশেষে তৃণমূল শিবিরে যোগ দিলেন আলিপুরদুয়ারের বিজেপি সভাপতি গঙ্গাপ্রসাদ শর্মা (Gangaprasad Sharma)। সোমবার তৃণমূল ভবনে তাঁর হাতে দলের পতাকা তুলে দেন মুকুল রায় ও ব্রাত্য বসু। গঙ্গাপ্রসাদ শর্মা-সহ আলিপুরদুয়ারের মোট ৮ জন বিজেপি নেতা এদিন যোগ দিলেন তৃণমূলে। আরও পড়ুনঃ জেমিসনের বলের দাপটে দিশেহারা ভারতবহুদিন ধরেই আরএসএসের সঙ্গে যুক্ত ছিলেন গঙ্গাপ্রসাদ শর্মা। পরবর্তীতে ২০১৯ সালের লোকসভা নির্বাচনের আগে আলিপুরদুয়ারের বিজেপির জেলা সভাপতির দায়িত্ব পান তিনি। তারপরই লোকসভায় ভাল ফল করে বিজেপি। একুশেও গঙ্গাপ্রসাদ শর্মার জোরেই আলিপুরদুয়ারের ৫ টি আসন বিজেপির দখলে রয়েছে বলেই রাজনৈতিক মহলের একাংশের দাবি। তবে ভোটের আগে থেকেই গঙ্গাপ্রসাদের সঙ্গে বিজেপির সম্পর্কের অবনতি হয়। দলের হয়ে কাজ করলেও সুমধুর সম্পর্কে ছেদ পড়েছে, এমন কানাঘুষো শোনা যাচ্ছিল। দিন কয়েক আগে নিজেই তৃণমূলে (TMC) যোগদানের কথা প্রকাশ করেন তিনি। পূর্ব নির্ধারিত সময়ে সোমবার যোগ দেন তৃণমূলে। গঙ্গাপ্রসাদ শর্মা নিজেই জানিয়েছেন, ভোটের আগে থেকেই দলের সঙ্গে দূরত্ব তৈরি হয়েছিল তাঁর। তিনি বলেন, ভোটের আগে জেলা নেতৃত্বকে না জানিয়ে একের পর এক নেতাকে কলকাতায় এনে এবং কিছু নেতাকে দিল্লিতে পাঠিয়ে যোগদান করানো হয়েছে। আমাদের কোনও কিছু জানানো হয়নি। জেলা নেতৃত্বকে বিন্দুমাত্র গুরুত্ব দেওয়া হয়নি। তখন থেকেই দূরত্ব। তবে সেই সময় দল ছাড়িনি, কারণ ভোটের আগে ছাড়লে লোকে গদ্দার বলত। ভোটের ফল দেখিয়ে দিয়েছি। ৫ টা আসনই বিজেপির দখলে। তবে আগে থেকেই তৃণমূলে আসার সিদ্ধান্ত নিয়েছিলাম।

জুন ২১, ২০২১
রাজ্য

Alipurduar-BJP: ফের ভাঙন বিজেপিতে, তৃণমূলে যোগ দিচ্ছেন ১১ জন শীর্ষ নেতৃত্ব

বড়সড় ভাঙন বিজেপিতে। বিজেপি আলিপুরদুয়ার জেলা সভাপতি গঙ্গাপ্রসাদ শর্মা, বিজেপির আলিপুরদুয়ার জেলা সাধারণ সম্পাদক বীরেন্দ্র বারা ওরাঁও, বিজেপির জেলা-সহ সভাপতি বিপ্লব সরকার, বিজেপি জেলা সম্পাদক বিনোদ মিঞ্জ, বিজেপির কালচিনি নেতা কৃপাশঙ্কর জয়সওয়াল-সহ বিজেপির সাত জন আলিপুরদুয়ার জেলা শীর্ষ নেতৃত্ব তৃণমূলে যোগদান করছেন। সোমবারই তৃণমূলের রাজ্য নেতৃত্বের হাত ধরে এই ৭ নেতৃত্ব তৃণমূলে যোগদান করবে বলে খবর। বিজেপির আলিপুরদুয়ার জেলা সভাপতি গঙ্গাপ্রসাদ শর্মা ফোনে জানান যে, আমরা সাত জন আগামীকাল তৃণমূলে যোগদান করছি। আমরা কলকাতায় আছি। ইতিমধ্যে অভিষেক ব্যানার্জির সাথে আমাদের কথা হয়েছে। আগামীকাল তৃণমূলে যোগদান করছি।আরও পড়ুনঃ হাইকোর্টের নির্দেশের স্থগিতাদেশের আবেদন মুখ্যমন্ত্রীর এই বিষয়ে বিজেপি যুব মোর্চার আলিপুরদুয়ার জেলা সভাপতি বিপ্লব দাস জানান, এই বিষয়ে আমারা কিছু জানিনা। আমাদের কাছে কোনও খবর নেই। বিজেপি পৃথিবীর সর্ববৃহৎ দল এবং বিজেপি কর্মী সমর্থকরা বিজেপিতেই আছেন। তৃণমূলের আলিপুরদুয়ার জেলা কো অর্ডিনেটর এবং তৃণমূল এসটি সেলের রাজ্য কমিটির সাধারণ সম্পাদক পাসাং লামা জানান, সাতজন বিজেপি শীর্ষ নেতৃত্ব কলকাতা পৌঁছে গিয়েছে এবং আরও চার জন বিজেপি নেতা আজ কোলকাতার উদ্দেশ্যে রওনা দিচ্ছেন। উল্লেখ্য, গত লোকসভা ভোটে আলিপুরদুয়ারে বিজেপি ভালো ফল করে। জন বার্লা ব্যাপক ভোটে লিড নিয়ে সাংসদ হন। এমনকী, বিধানসভা ভোটে আলিপুরদুয়ার জেলায় বিজেপি ভালো ফল করে। আলিপুরদুয়ার জেলার পাঁচটি আসনের মধ্যে পাঁচটিতেই বিজেপি জয়যুক্ত হয়। সব গুলো আসনে ভালো ভোটের ব্যবধানে জয়যুক্ত হন বিজেপি প্রার্থীরা।

জুন ২০, ২০২১
রাজ্য

কারচুপি করেছে রাজীব, বিস্ফোরক মমতা

দলীয় কর্মিসভা থেকে সদ্য দলত্যাগীদের কড়া বার্তা দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তবে নাম না করে রাজীব বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করেছেন তিনি। বন সহায়ক পদে চাকরি নিয়ে কারচুপির অভিযোগে সরব হলেন মুখ্যমন্ত্রী। এ প্রসঙ্গে মমতাকে পাল্টা বিঁধেছে বিজেপি। দলে থাকাকালীন কেন একথা মনে পড়ল না, কটাক্ষ গেরুয়া শিবিরের।মাসকয়েক আগে অষ্টম শ্রেণি পাশে বন সহায়ক পদে প্রচুর কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি করে রাজ্য সরকার। অষ্টম শ্রেণি পাশের পাশাপাশি উচ্চশিক্ষিতরাও আবেদনপত্র জমা দেন। শুধুমাত্র ইন্টারভিউর মাধ্যমে নিয়োগ হওয়ায় লাইনও পড়ে বিস্তর। এই শূন্যপদ নিয়ে আলিপুরদুয়ারের প্যারেড গ্রাউন্ডের সভা থেকে মুখ খুললেন মমতা বন্দ্যোপাধ্যায়। নাম না-করে রাজীব বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে তোপ দাগেন। কারণ, সেই সময় তৃণমূলে ছিলেন রাজীব। ছিলেন রাজ্যের বনমন্ত্রীও। মুখ্যমন্ত্রীর অভিযোগ, আমাদের সঙ্গে ছেলেটা ছিল। সে এখন আমাদের সঙ্গে আর নেই। আমার কাছে অভিযোগ এসেছে বন সহায়ক পদ নিয়ে কারচুপি হয়েছে। আমরা তদন্ত করে দেখছি। এর আগে একাধিকবার দলবদলকারী রাজীব বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে সুর চড়িয়েছেন মুখ্যমন্ত্রী। অতিরিক্ত লোভ এবং টিকিট না পাওয়ার আশঙ্কায় দলবদলের সিদ্ধান্ত বলেও দাবি করেছেন। তবে এই প্রথমবার এহেন বিস্ফোরক অভিযোগ মমতা বন্দ্যোপাধ্যায়ের।

ফেব্রুয়ারি ০৩, ২০২১
রাজ্য

গোর্খাল্যান্ড ইস্যুকে যে সমর্থন করবে, তাকেই আমারা ভোট দিয়ে জিতিয়ে আনবঃ গুরুং

দিদির সঙ্গে মিলে কেন্দ্রীয় সরকারের উপর চাপ সৃষ্টি করব। মোদি সরকার আমাদের ধোকা দিয়েছে। লোকসভা নির্বাচনে আমারা বিজেপি প্রার্থীকে জিতিয়েছি কিন্তু, বিজেপি আমাদের ধোকা দিয়েছে। ২০২১ সালে বিজেপিকে শিক্ষা দিয়েই ছাড়ব। এদিন আলিপুরদুয়ার জেলার বীরপাড়ার প্রগতি ক্লাবে জনসভায় বক্তব্য দিতে গিয়ে এভাবে বিজেপির প্রতি তোপ দাগলেন মোর্চা সুপ্রিমো বিমল গুরুং। আরও পড়ুন ঃ হাওড়া স্টেশন থেকে প্রায় ২৫ লক্ষ টাকা সহ ধৃত ১ এদিন আলিপুরদুয়ার জেলার বীরপাড়া প্রগতি ক্লাব ময়দানে গোর্খা জনমুক্তি মোর্চার জনসভা আয়োজিত হয়। এদিনের জনসভায় প্রধান বক্তা ছিলেন মোর্চা সুপ্রিমো বিমল গুরুং। এদিন বীরপাড়ার জনসভায় বক্তব্য দিতে গিয়ে আবেগতাড়িত হয়ে পড়েন বিমল গুরুং । এদিন বিমল জানান, আমি ডুয়ার্সকে ভালোবাসি। তাই পাহাড়ে না গিয়ে ডুয়ার্সে এসেছি। এদিন বিমল জানান, আমাদের প্রধান দাবি পার্মানেন্ট পলিটিক্যাল সোলিউশন। এদিন বিমল কর্মীদের নির্দেশ দেন যে বিজেপি আমাদের প্রতি যে অন্যায়, অবিচার করেছে এই বিষয়ে ডুয়ার্সের প্রতিটি এলাকায় গ্ৰামে গ্ৰামে সবাইকে জানাতে হবে। বিমল জানান, আগামী ২০২১ বিধানসভা নির্বাচনের জন্য আমরা মমতা বন্দ্যোপাধ্যায়কে সমর্থন করেছি। কিন্তু, ২০২৪ এ গোর্খাল্যান্ড ইস্যুকে যে সমর্থন করবে তাকেই আমারা ভোট দিয়ে জিতিয়ে আনব।

ডিসেম্বর ১৩, ২০২০
রাজ্য

জেলা আদালত চালু না হওয়ায় হতাশ আলিপুরদুয়ারবাসী

২০১৮ সালে আলিপুরদুয়ারকে জেলা ঘোষণার পর জেলা প্রশাসনের সমস্ত পরিকাঠামো গড়ে তুলে আধিকারিকদের নিয়োগ করা হয়েছে। কিন্তু চালু হয়নি জেলা আদালত। আলিপুরদুয়ার বার অ্যাসোসিয়েশনের সম্পাদক সুহৃদ মজুমদার জানান, জেলা ঘোষণার পর জেলা আদালত চালু করার জন্য মহকুমা শাসকের দপ্তরটিতে জেলা আদালতের পরিকাঠামো গড়ে তোলা হয়। সাইনবোর্ডও লাগানো হয়। আরও পড়ুনঃ মিহির গোস্বামীকে নিয়ে বিশেষ মাথা ব্যথা নেই বিজেপিরঃ সায়ন্তন উচ্চ আদালতের প্রতিনিধি দল পরিদর্শণ করে জানায় যে এই পরিকাঠামো জেলা আদালত চালু করার জন্য সন্তোষজনক নয়। জেলা আদালত চালু করতে হলে নতুন ভবন নির্মাণ করতে হবে। সেই অনুযায়ী একটি সাততলা ভবনের প্ল্যান হাইকোর্টে পাঠানো হয়। এর ফলে হতাশ আলিপুরদুয়ারবাসী।

অক্টোবর ১৮, ২০২০
রাজ্য

শহিদ জওয়ানের পরিবারকে আর্থিক সাহায্য রাজ্যপালের

লাদাখের গালোয়ান ভ্যালিতে সংঘর্ষে শহিদ জওয়ান বিপুল রায়ের বাড়িতে গেলেন সস্ত্রীক রাজ্যপাল জগদীপ ধনকড় । শুক্রবার সকাল ৯ টা ২৫ মিনিট নাগাদ বিন্দিপাড়ায় শহিদ জওয়ানের বাড়িতে যান রাজ্যপাল। শহিদ বিপুল রায়ের পরিবারের সুবিধা-অসুবিধার কথা শোনেন তিনি। তিনি নিজে ব্যক্তিগতভাবে সাড়ে পাঁচ লাখ টাকা তুলে দেন শহিদ বিপুল রায়ের স্ত্রী রুম্পা রায়ের হাতে । রাজ্যপালের স্ত্রী বিপুল রায়ের মা কুসুম রায়ের হাতে তুলে দেন আরও সাড়ে পাঁচ লাখ টাকা । বিপুলের ছোটো ভাই বকুল রায়কে কেন্দ্রীয় সরকারের গ্রুপ সি পদে চাকরি দেওয়ার কথা ঘোষণা করেন রাজ্যপাল । প্রায় চল্লিশ মিনিট পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন তিনি। সাংবাদিকদের মুখোমুখি হয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রশংসা করে বলেন, ভারত সঠিক দিশায় এগোচ্ছে । ভারতের প্রধানমন্ত্রী বিশ্বের শ্রেষ্ঠ নেতাদের মধ্যে একজন । সে বিষয়ে কোনও মতান্তর নেই । ভারত আমূল পালটে যাচ্ছে । ভারত সঠিক পথেই বদলাচ্ছে । আমি দেখতে পাচ্ছি ভারতের পুরোনো ঐতিহ্য, গৌরব ফিরে আসছে । ভারতকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য পশ্চিমবঙ্গের যোগদান কম থাকবে না । রাজ্যের প্রথম নাগরিক হওয়ার সুবাদে আমার কর্তব্য পশ্চিমবঙ্গকে কোনওভাবেই এমন বিষয়ের পরিচায়ক হতে দেব না যাকে আমরা হিংসা বলি । তিনি এদিন রাজ্য সরকারের সমালোচনা করে বলেন, রাজ্যে আইনশৃঙ্খলা নেই। ধর্ষণ ও নারী নির্যাতনের ঘটনা বাড়ছে। ছক কষে বিরোধীদের খুন করা হচ্ছে। মুখ্যসচিব এবং স্বরাষ্ট্রসচিবের থেকে জবাব চেয়েও পাইনি। গণতান্ত্রিক পরিকাঠামোয় এভাবে রাজ্য সরকার চলতে পারে না। এদিকে এদিন আলিপুরদুয়ারের বিন্দিপাড়ায় পৌঁছনো্র পর রাজ্যপাল দেখতে পান, কয়েকটি পোস্টার সাঁটা রয়েছে। সেখানে লেখা রয়েছে, পঙ্গপাল রাজ্যপাল। নির্লজ্জ বিজেপির দালাল। কোথায় ছিল এতকাল। জবাব চাই। জবাব দাও। পোস্টারের নিচে তৃণমূলের নামও উল্লেখ করা ছিল। তাতেই বেজায় ক্ষুব্ধ রাজ্যের সাংবিধানিক প্রধান। যদিও শাসকদল তৃণমূল এই পোস্টারের সঙ্গে তাদের কোনও যোগসাজশ নেই বলেই দাবি করেছে।

অক্টোবর ০৯, ২০২০

ট্রেন্ডিং

কলকাতা

ফের বিপাকে অভিষেক! জ্ঞানেশ কুমারকে কটাক্ষ করে পোস্ট, শনিবারই থানায় হাজিরার নির্দেশ

দেশের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে নিয়ে সমাজমাধ্যমে করা একটি পোস্ট ঘিরে নতুন করে বিতর্কে জড়ালেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাঁর বিরুদ্ধে গুজরাটিদের ভাবাবেগে আঘাত করার অভিযোগ উঠেছে। এই ঘটনায় ফের অভিষেককে তলব করল পুলিশ। শনিবার দুপুর সাড়ে ১২টার মধ্যে তাঁকে ভবানীপুর থানায় হাজির হতে বলা হয়েছে।জ্ঞানেশ কুমারকে বাংলাবিরোধী গুজরাটি গ্যাংয়ের হাতের পুতুল বলে কটাক্ষ করে সমাজমাধ্যমে একটি পোস্ট করেছিলেন অভিষেক। সেই পোস্টের বিরুদ্ধে গত ২৭ মে ভবানীপুর থানায় অভিযোগ দায়ের করেন অর্ণবকান্তি দাস। অভিযোগকারীর দাবি, একজন সাংসদের কাছ থেকে এমন দায়িত্বজ্ঞানহীন মন্তব্য প্রত্যাশিত নয়। এই ধরনের মন্তব্যের ফলে সাম্প্রদায়িক সম্প্রীতি এবং জাতীয় সংহতি নষ্ট হতে পারে বলেও অভিযোগ করেন তিনি।অভিষেকের বিরুদ্ধে হিংসা ও বিদ্বেষ ছড়ানো, বিশৃঙ্খলা তৈরির চেষ্টা, রাষ্ট্রের বিরুদ্ধে অপরাধে প্ররোচনা এবং গুজব ছড়ানোর অভিযোগে মামলা দায়ের করা হয়। সেই মামলার তদন্তের জন্যই শনিবার দুপুর সাড়ে ১২টার মধ্যে অভিষেককে ভবানীপুর থানায় হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।তবে এই একটি মামলাই নয়, এর আগেও পুলিশকে হুঁশিয়ারি দেওয়ার অভিযোগে অভিষেকের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। সেই মামলার সূত্রেই শুক্রবার কালীঘাটের বাড়িতে গিয়ে তাঁকে নোটিস দেয় পুলিশ।গত ২৯ অক্টোবর সংবাদমাধ্যমের সামনে অভিষেক অভিযোগ করেছিলেন, মুখ্যমন্ত্রী এবং রাজ্য সরকারের ইন্ধনে পুলিশ বিরোধীদের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করছে। সরকার বদল হলে সংশ্লিষ্ট পুলিশ আধিকারিকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারিও দিয়েছিলেন তিনি। তাঁর এই মন্তব্যের পরেই বিতর্ক শুরু হয়।এর পর ৩১ অক্টোবর এক মহিলা অভিষেকের বিরুদ্ধে গিরিশ পার্ক থানায় অভিযোগ দায়ের করেন। সেই অভিযোগের ভিত্তিতে মামলা শুরু হয়। শুক্রবার সন্ধ্যায় কালীঘাটে অভিষেকের বাড়িতে পৌঁছয় গিরিশ পার্ক থানার পুলিশ। সেখানে তাঁকে হাজিরার নোটিস দেওয়া হয়। আগামী ২০ নভেম্বর থানায় হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদককে।পুলিশের তরফে জানানো হয়েছে, অভিষেকের বাড়ির সদস্যরা নোটিসটি গ্রহণ করেছেন।এক দিকে জ্ঞানেশ কুমারকে নিয়ে সমাজমাধ্যমে করা পোস্টের জেরে ভবানীপুর থানায় হাজিরার নির্দেশ, অন্য দিকে পুলিশকে হুঁশিয়ারি দেওয়ার অভিযোগে গিরিশ পার্ক থানার নোটিস। পর পর দুটি ঘটনায় নতুন করে রাজনৈতিক মহলে চর্চা শুরু হয়েছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় এই দুই মামলায় কী পদক্ষেপ করেন, এখন সে দিকেই নজর রয়েছে।

নভেম্বর ১৪, ২০২৬
দেশ

বাংলাদেশে ফিরতে চান শেখ হাসিনা, কিন্তু ভারত দিল দু’টি কঠিন শর্ত! কী হবে তাঁর প্রত্যাবর্তনের ভবিষ্যৎ?

২০২৪ সালের ৫ অগস্ট। বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি তখন উত্তাল। আন্দোলনের মুখে দেশ ছাড়তে বাধ্য হয়েছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সামরিক বিমানে করে ভারতে এসে আশ্রয় নেন তিনি। তার পর কেটে গিয়েছে প্রায় আড়াই বছর। কিন্তু এখনও বাংলাদেশে ফেরা হয়নি তাঁর। এ বার অবশ্য দেশে ফেরার ইচ্ছাপ্রকাশ করেছেন হাসিনা নিজেই। ডিসেম্বরের মধ্যেই বাংলাদেশে ফিরতে চান বলে জানিয়েছেন তিনি। কিন্তু তাঁর প্রত্যাবর্তনের পথে বাধা হয়ে দাঁড়িয়েছে একাধিক বিষয়। নতুন পাসপোর্ট এবং জাতীয় পরিচয়পত্রের জন্য আবেদন করলেও তা খারিজ করে দিয়েছে বাংলাদেশের সরকার। তা হলে কী ভাবে দেশে ফিরবেন শেখ হাসিনা? এই প্রশ্নের মধ্যেই সামনে এসেছে ভারতের দুটি শর্ত।বাংলাদেশ ছাড়ার পর থেকেই ভারতে রয়েছেন শেখ হাসিনা। প্রতিবেশী দেশের তৎকালীন প্রধানমন্ত্রী হিসাবে তিনি যখন আশ্রয় চেয়েছিলেন, তখন তাঁকে আশ্রয় দেওয়ার সিদ্ধান্ত নেয় নয়াদিল্লি। হাসিনার পরিবারের সঙ্গে ভারতের দীর্ঘদিনের সম্পর্কও এই সিদ্ধান্তের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ছিল। তবে বর্তমানে তাঁর বাংলাদেশে ফেরার বিষয়টি নিয়ে ভারতের অবস্থান কিছুটা স্পষ্ট করেছে বিদেশ মন্ত্রক। নয়াদিল্লির বক্তব্য, বিষয়টি সম্পূর্ণ আইনি। সেই অনুযায়ীই পরবর্তী পদক্ষেপ করা হবে।এরই মধ্যে হাসিনার প্রত্যর্পণ নিয়ে দুটি শর্তের কথা সামনে এসেছে। বিবিসি বাংলার একটি প্রতিবেদন অনুযায়ী, শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরানোর ক্ষেত্রে এই দুটি শর্ত দিয়েছে ভারত। যদিও এই বিষয়ে ভারত সরকারের তরফে এখনও কোনও সরকারি বিবৃতি প্রকাশ করা হয়নি।প্রতিবেদন অনুযায়ী, ভারতের প্রথম শর্ত হল, হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে নিয়ে যাওয়ার দায়িত্ব নিতে হবে সে দেশের সেনাবাহিনীকে। ২০২৪ সালের ৫ অগস্ট বাংলাদেশ ছাড়ার সময় সামরিক বিমানে চেপেই ভারতের হিন্দন বিমানঘাঁটিতে পৌঁছেছিলেন তিনি। এ বার বাংলাদেশে ফেরানোর ক্ষেত্রেও সেনাবাহিনীর ভূমিকা চায় নয়াদিল্লি। আকাশপথে হোক বা স্থলপথে, বাংলাদেশের সেনাবাহিনীকেই তাঁকে ফিরিয়ে নিয়ে যাওয়ার ব্যবস্থা করতে হবে। প্রয়োজনীয় যাতায়াত ও অন্যান্য ব্যবস্থার ক্ষেত্রে ভারত সাহায্য করতে পারে বলেও প্রতিবেদনে দাবি করা হয়েছে।দ্বিতীয় শর্তটি আরও গুরুত্বপূর্ণ। জুলাই আন্দোলনের সময় সংঘটিত হত্যাকাণ্ডের অভিযোগে শেখ হাসিনাকে দোষী সাব্যস্ত করে মৃত্যুদণ্ডের সাজা দিয়েছে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। ভারতের দাবি, বাংলাদেশে ফিরলে এই রায়ের বিরুদ্ধে আপিল করার সুযোগ পেতে হবে তাঁকে। শুধু তা-ই নয়, মামলাটির বিচারপ্রক্রিয়া নতুন করে শুরু করার সুযোগও নিশ্চিত করতে হবে। তবে এই শর্তের মাধ্যমে বাংলাদেশের বিচারব্যবস্থায় ভারত হস্তক্ষেপ করছে, এমন কোনও পরিস্থিতি তৈরি হোক, তা চায় না নয়াদিল্লি।উল্লেখ্য, বাংলাদেশ ছাড়ার পর প্রথমে লন্ডনে যাওয়ার ইচ্ছা ছিল শেখ হাসিনার। কিন্তু ব্রিটেনের সরকার তাঁকে আশ্রয় দিতে রাজি হয়নি বলে জানা যায়। ফলে শেষ পর্যন্ত ভারতেই থেকে যান তিনি। অন্য দিকে, বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের আমলে হাসিনাকে দেশে ফেরানোর জন্য ভারতের কাছে প্রত্যর্পণের আবেদন জানানো হয়েছিল। কিন্তু সেই আবেদনের বিষয়ে দীর্ঘদিন কোনও স্পষ্ট জবাব দেয়নি নয়াদিল্লি।সূত্রের দাবি, ভারত সরকার শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরে গিয়ে আইনি প্রক্রিয়ার মুখোমুখি হওয়ার পরামর্শ দিয়েছে। পাশাপাশি বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লিগের ভবিষ্যৎ নিয়েও প্রশ্ন রয়েছে। দলটিকে আবার সক্রিয় করতে হলে হাসিনার দেশে ফেরা গুরুত্বপূর্ণ হতে পারে বলে মনে করা হচ্ছে। সেই পরিস্থিতিতে ভারতের প্রস্তাব বিবেচনা করেই বাংলাদেশে ফেরার পরিকল্পনা করছেন তিনি বলে খবর।তবে সব কিছু নির্ভর করছে বাংলাদেশের সরকারের পরবর্তী সিদ্ধান্তের উপর। ভারতের শর্তে ঢাকা রাজি হবে কি না, হাসিনার আপিলের সুযোগ নিশ্চিত করা হবে কি না, তা এখনও স্পষ্ট নয়। ফলে ডিসেম্বরের মধ্যে শেখ হাসিনার বাংলাদেশে ফেরা আদৌ সম্ভব হবে কি না, এখন সেই প্রশ্নই ঘুরছে দুই দেশের রাজনৈতিক মহলে।

নভেম্বর ১৪, ২০২৬
রাজ্য

জাঁকিয়ে শীতের আগেই বড় বিপত্তি! বঙ্গোপসাগরে ফুঁসছে শক্তিশালী নিম্নচাপ, সরাসরি বাংলাতেই কি আঘাত?

নভেম্বরের মাঝামাঝি এসেও জাঁকিয়ে শীতের দেখা নেই, উল্টে বৃষ্টির ভ্রুকুটিতে ফের কপালে চিন্তার ভাঁজ পড়েছে সাধারণ মানুষের। আলিপুর আবহাওয়া অফিস জানাচ্ছে, বঙ্গোপসাগরে শক্তি বাড়াচ্ছে একটি নিম্নচাপ। সোমবারের মধ্যে সেখানে নতুন করে একটি ঘূর্ণিঝড় তৈরির পূর্বাভাস দিয়েছে মৌসম ভবন। অর্ণব ও মুরাসুরের পর এবার বঙ্গোপসাগরে আরও একটি ঘূর্ণিঝড় আছড়ে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে। এই সম্ভাব্য ঘূর্ণিঝড়ের নাম দেওয়া হয়েছে আকভান। এটি ঠিক কোন দিকে এগোবে, সে বিষয়ে এখনও স্পষ্ট করে কিছু জানায়নি আবহাওয়া দফতর। তবে এই ঝড়ের প্রভাবে আসন্ন জগদ্ধাত্রী পুজোয় দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বৃষ্টির প্রবল সম্ভাবনা রয়েছে।আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী ১৮ এবং ১৯ নভেম্বর দক্ষিণবঙ্গের একাধিক জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। এমনকি ১৯ নভেম্বর কলকাতার আকাশেও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির আশঙ্কা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। গত কয়েকদিন ধরে কিছুটা ঠান্ডা অনুভূত হলেও, এই বৃষ্টির জেরে ফের তাপমাত্রা বেড়ে যাওয়ার পূর্বাভাস মিলেছে। গত শুক্রবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল একুশ দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে এক দশমিক দুই ডিগ্রি বেশি। ফলে এই মুহূর্তে শীতের আমেজ ফিকে হয়ে তাপমাত্রা বাড়ার সম্ভাবনাই বেশি।

নভেম্বর ১৪, ২০২৬
দেশ

সিকিমে ভয়াবহ তুষারপাত! বরফের চাদরে আটকে ৩০০-র বেশি গাড়ি, মাঝপথে বিপাকে হাজার পর্যটক

ফের ভারী তুষারপাতের জেরে বিপর্যস্ত পূর্ব সিকিম। বরফের চাদরে ঢেকে গেল পাহাড়ি রাস্তা। আটকে পড়ল তিনশোরও বেশি গাড়ি। বিপাকে পড়লেন প্রায় এক হাজার পর্যটক। পরিস্থিতি এতটাই ভয়াবহ হয়ে ওঠে যে বৃহস্পতিবার গভীর রাত পর্যন্ত উদ্ধার অভিযান চালাতে হয় ভারতীয় সেনা, পুলিশ ও সিকিম প্রশাসনকে। শেষ পর্যন্ত প্রায় এক হাজার পর্যটককে উদ্ধার করে নিরাপদে গ্যাংটকে ফেরানোর ব্যবস্থা করা হয়।বৃহস্পতিবার বিকেলের পর থেকেই পরিস্থিতি সামাল দিতে বিশেষ অভিযানে নামে ভারতীয় সেনার ত্রিশক্তি কর্পস। নাথু-লা, শেরথাং, বাবা ধাম এবং ছাঙ্গু হ্রদ সংলগ্ন এলাকায় শুরু হয় উদ্ধারকাজ। রাত পর্যন্ত অভিযান চালিয়ে তিনশোর বেশি আটকে পড়া গাড়ি উদ্ধার করা হয়। তার মধ্যে প্রায় আড়াইশোটি ছিল পর্যটকদের গাড়ি। প্রতিটি গাড়িকে নিরাপদে সরিয়ে আনার ব্যবস্থা করেন সেনার জওয়ানেরা।সিকিম প্রশাসন সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার সকাল থেকেই পূর্ব সিকিমের উঁচু এলাকাগুলিতে তুষারপাত শুরু হয়। নাথু-লা, শেরথাং, বাবা ধাম এবং ছাঙ্গু হ্রদ এলাকায় বরফ পড়তে শুরু করে। তুষারপাতের খবর ছড়িয়ে পড়তেই ওই সব এলাকায় পর্যটকদের ভিড় বাড়তে থাকে। কিন্তু বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তুষারপাতের পরিমাণও বাড়ে। দ্রুত বদলে যায় আবহাওয়া।পাহাড়ি এলাকায় তাপমাত্রা অনেকটা নেমে যায়। প্রবল ঠান্ডা হাওয়া বইতে শুরু করে। উঁচু এলাকায় বাতাসে অক্সিজেনের মাত্রাও কমে যায়। এর মধ্যেই রাস্তার উপর জমতে থাকে পুরু বরফ। ফলে যান চলাচল ক্রমশ কঠিন হয়ে পড়ে। কয়েকটি জায়গায় রাস্তার উপর প্রায় এক ফুট পুরু বরফ জমে যায়।শেরথাং চেকপোস্ট ও পুলিশ স্টেশনের কাছে জওহরলাল নেহরু রোডের ১৫ মাইল ও ১৩ মাইলের মাঝামাঝি থুলা খোলা এলাকায় পরিস্থিতি আরও খারাপ হয়ে ওঠে। রাস্তা বরফে ঢেকে যাওয়ায় গাড়ির চাকা পিছলে যেতে থাকে। কোথাও কোথাও তৈরি হয় বিপজ্জনক ব্ল্যাক আইস। এই ধরনের বরফ বাইরে থেকে সাধারণ রাস্তার মতো দেখালেও অত্যন্ত পিচ্ছিল। ফলে চালকেরা গাড়ির নিয়ন্ত্রণ হারানোর আশঙ্কায় আর এগোতে পারেননি।এর পরই আটকে পড়া পর্যটকদের উদ্ধারে সেনা, পুলিশ ও প্রশাসন একসঙ্গে কাজ শুরু করে। বিশেষ অভিযানে একের পর এক গাড়িকে নিরাপদ জায়গায় সরিয়ে নিয়ে যাওয়া হয়। গভীর রাত পর্যন্ত চলে উদ্ধারকাজ। শেষ পর্যন্ত প্রায় এক হাজার পর্যটককে নিরাপদে গ্যাংটকে ফেরানোর ব্যবস্থা করা হয়।উল্লেখ্য, চলতি বছরের ফেব্রুয়ারি মাসেও ভারী তুষারপাতের জেরে পূর্ব সিকিমে প্রায় তিন হাজার পর্যটক আটকে পড়েছিলেন। সে বারও ভারতীয় সেনার তৎপরতায় তাঁদের উদ্ধার করা হয়েছিল। ফের একই ধরনের ঘটনায় পাহাড়ি এলাকায় পর্যটকদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।

নভেম্বর ১৩, ২০২৬
কলকাতা

কালীঘাটের বাড়িতে হঠাৎ পুলিশ! অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নোটিস, ২০ নভেম্বর থানায় তলব

পুলিশকে হুমকি দেওয়ার অভিযোগে নতুন করে বিপাকে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুক্রবার সন্ধ্যায় তাঁর কালীঘাটের বাড়িতে পৌঁছে যায় পুলিশ। সেখানে গিয়ে তাঁকে হাজিরার নোটিস দেওয়া হয়েছে। আগামী ২০ নভেম্বর গিরিশ পার্ক থানায় হাজিরা দিতে বলা হয়েছে সাংসদকে। পুলিশ সূত্রে খবর, অভিষেকের বাড়ির তরফে ওই নোটিস গ্রহণ করা হয়েছে।কী কারণে এই নোটিস? গত ২৯ অক্টোবর সংবাদমাধ্যমের সামনে অভিষেক অভিযোগ করেছিলেন, মুখ্যমন্ত্রী ও বর্তমান রাজ্য সরকারের ইন্ধনে পুলিশ বিরোধীদের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করছে। সরকার বদলের পর সংশ্লিষ্ট পুলিশ আধিকারিকদের দেখে নেওয়ার হুঁশিয়ারিও দিয়েছিলেন তিনি। তাঁর এই মন্তব্য ঘিরে রাজনৈতিক মহলে বিতর্ক তৈরি হয়।এর পর ৩১ অক্টোবর অভিষেকের বিরুদ্ধে গিরিশ পার্ক থানায় অভিযোগ দায়ের করেন এক মহিলা। সেই অভিযোগের ভিত্তিতে মামলা রুজু হয়। ওই মামলাতেই শুক্রবার সন্ধ্যায় অভিষেকের কালীঘাটের বাড়িতে পৌঁছন পুলিশ আধিকারিকেরা। তাঁকে থানায় হাজিরার নোটিস দেওয়া হয় বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।পুলিশ সূত্রে খবর, আগামী ২০ নভেম্বর দুপুর ১টা নাগাদ গিরিশ পার্ক থানায় হাজিরা দিতে বলা হয়েছে অভিষেককে। পুলিশকে হুমকি দেওয়ার অভিযোগ সংক্রান্ত মামলায় তাঁকে জিজ্ঞাসাবাদ করা হতে পারে। তবে পুলিশের এই নোটিসের জবাবে অভিষেক কী পদক্ষেপ করেন, এখন সেটাই দেখার।উল্লেখ্য, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে একাধিক মামলা বর্তমানে আদালতে বিচারাধীন। তার মধ্যেই পুলিশকে হুমকি দেওয়ার অভিযোগে নতুন করে পুলিশের নোটিস ঘিরে রাজনৈতিক মহলে চর্চা শুরু হয়েছে। নির্ধারিত দিনে তিনি থানায় হাজিরা দেন কি না, সেদিকেই নজর রয়েছে।

নভেম্বর ১৩, ২০২৬
কলকাতা

এ বার পুলিশের কাজকর্মেও নজর রাখতে পারবেন সাধারণ মানুষ! বাংলায় চালু হল ‘পুলিশ মিত্র’ অ্যাপ, কী সুবিধা পাবেন?

পুলিশের সঙ্গে সাধারণ মানুষের যোগাযোগ আরও সহজ করতে নতুন উদ্যোগ নিল পশ্চিমবঙ্গ সরকার। রাজ্যে চালু হল পুলিশ মিত্র অ্যাপ। এই অ্যাপের মাধ্যমে কোন এলাকায় কোন পুলিশ আধিকারিক কর্মরত রয়েছেন, তা জানতে পারবেন সাধারণ মানুষ। এমনকি, কোন বিট অফিসার কোন দায়িত্বে রয়েছেন, সেই তথ্যও পাওয়া যাবে। পুলিশের কাজকর্মে স্বচ্ছতা বাড়ানো এবং সাধারণ মানুষের সঙ্গে পুলিশের যোগাযোগ আরও মজবুত করতেই এই উদ্যোগ।এ দিন নবান্নের সভাঘর থেকে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এই অ্যাপ চালুর কথা জানান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তাঁর বক্তব্য, পুলিশকে আরও জনমুখী করে তোলাই সরকারের লক্ষ্য। সাধারণ মানুষের জানা প্রয়োজন, তাঁদের এলাকার দায়িত্বে কোন পুলিশ আধিকারিক রয়েছেন। সেই তথ্য সহজে পাওয়া গেলে পুলিশের সঙ্গে মানুষের যোগাযোগও বাড়বে। প্রশাসনিক কাজেও আরও স্বচ্ছতা আসবে বলে মনে করছে রাজ্য সরকার।রাজ্যে পুলিশি ব্যবস্থার আধুনিকীকরণ নিয়েও একাধিক পদক্ষেপের কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী। পুলিশের হাতে আধুনিক সরঞ্জাম তুলে দেওয়া থেকে শুরু করে পরিকাঠামোর উন্নতি, সব দিকেই নজর দেওয়া হচ্ছে। পুলিশের জন্য নতুন গাড়ি ও প্রয়োজনীয় সরঞ্জামের ব্যবস্থার কথাও আগেই জানিয়েছিলেন তিনি।এ দিন রাজ্যে পুলিশকর্মীর অভাবের বিষয়টিও তুলে ধরেন মুখ্যমন্ত্রী। তাঁর মতে, পুলিশের কাজের পরিধি ক্রমশ বাড়ছে। কিন্তু সেই তুলনায় পর্যাপ্ত পুলিশকর্মী নেই। শুধু পরিকল্পনা করলেই হবে না, সেই পরিকল্পনা বাস্তবায়ন করাও জরুরি। এই বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ করছে রাজ্য সরকার। পুলিশ আধিকারিকদের পাশাপাশি স্বরাষ্ট্রসচিবও গোটা কাজের উপর নজর রাখছেন।কেন্দ্র ও রাজ্যের মধ্যে সমন্বয় নিয়েও এ দিন বক্তব্য রাখেন মুখ্যমন্ত্রী। তাঁর দাবি, আগের সরকারের আমলে কেন্দ্র ও রাজ্যের মধ্যে যথেষ্ট সমন্বয় ছিল না। তবে নতুন সরকার কেন্দ্রের সঙ্গে যৌথ ভাবে কাজ করতে আগ্রহী। নিরাপত্তা ও প্রশাসনিক বিষয়ে কোনও তথ্য গোপন করতে চায় না রাজ্য। এই বিষয়ে ইতিমধ্যেই যৌথ সমন্বয় বৈঠকও হয়েছে বলে জানান তিনি।পশ্চিমবঙ্গ সীমান্তবর্তী রাজ্য হওয়ায় নিরাপত্তার বিষয়ে আরও বেশি গুরুত্ব দেওয়া প্রয়োজন বলে মনে করেন মুখ্যমন্ত্রী। সেই কারণে পুলিশি ব্যবস্থার উন্নতি এবং কেন্দ্রের সঙ্গে সমন্বয় বাড়ানোর উপর জোর দিচ্ছে রাজ্য সরকার। তবে নতুন সরকারের কাজের ফলাফল বিচার করার আগে আরও তিন মাস সময় দেওয়া উচিত বলেও মন্তব্য করেছেন তিনি।

নভেম্বর ১৩, ২০২৬
রাজ্য

বক্সার জঙ্গলে আনা বাঘিনি কি অন্তঃসত্ত্বা ছিল? ঘুমপাড়ানি গুলির পর তিন শাবকের মৃত্যু, তদন্তে দিল্লির দল!

বক্সার জঙ্গলে বারবার পালিয়ে যাওয়া বাঘিনিকে ঘিরে রহস্য ক্রমশ বাড়ছে। বাঘিনিটি কি বক্সায় আনার আগেই অন্তঃসত্ত্বা ছিল? তাকে বারবার ঘুমপাড়ানি গুলি করে কাবু করার কারণে কি গর্ভেই মৃত্যু হয়েছে শাবকদের? এই সব প্রশ্নের উত্তর খুঁজতে বক্সায় পৌঁছেছে কেন্দ্রীয় বাঘ সংরক্ষণ সংস্থার একটি বিশেষজ্ঞ দল। দিল্লি থেকে আসা এই দলে রয়েছেন ন্যাশনাল টাইগার কনজার্ভেশন অথরিটি এবং ওয়াইল্ড লাইফ ইনস্টিটিউট অব ইন্ডিয়ার বিশেষজ্ঞরা।সূত্রের খবর, বিহারের বাল্মীকি ব্যাঘ্র প্রকল্প থেকে তিন বছর বয়সি ওই বাঘিনিকে বক্সায় আনার জন্য চিহ্নিত করার সময়ই তার অন্তঃসত্ত্বা হওয়ার সম্ভাবনার কথা সামনে আসে। আরও দাবি করা হচ্ছে, গত ৩ নভেম্বর অসমের রাইমোনা জাতীয় উদ্যানের কাছে গেলাগুড়ি গ্রাম থেকে বাঘিনিটিকে ঘুমপাড়ানি গুলি করে ধরা হয়। ওই রাতেই তাকে আবার বক্সার নির্দিষ্ট ঘেরাটোপে ফিরিয়ে আনা হয়। অভিযোগ, অসমে তাকে ঘুমপাড়ানি গুলি করার পর তার গর্ভে থাকা তিনটি ভ্রূণ নষ্ট হয়ে যায়।এই খবর সামনে আসতেই শুরু হয়েছে তীব্র চর্চা। যদিও বাঘিনির অন্তঃসত্ত্বা হওয়া বা তার গর্ভের শাবকদের মৃত্যুর বিষয়ে বন দফতরের আধিকারিকেরা এখনও কোনও তথ্য নিশ্চিত করেননি। বৃহস্পতিবার বক্সা ব্যাঘ্র প্রকল্পের একাধিক আধিকারিকের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁদের পাওয়া যায়নি।বাঘ বিশেষজ্ঞদের একাংশের মতে, বাঘিনিটি সত্যিই অন্তঃসত্ত্বা হয়ে থাকলে তাকে অন্য জায়গায় নিয়ে আসার সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন উঠতে পারে। কারণ, জাতীয় বাঘ সংরক্ষণ কর্তৃপক্ষের ২০১৯ সালের নির্দেশিকায় বলা হয়েছে, অন্তঃসত্ত্বা, শাবককে দুধ খাওয়াচ্ছে এমন বা ঋতুমতী বাঘিনিকে এক জায়গা থেকে অন্য জায়গায় সরানো যাবে না। সেই নির্দেশিকা মেনেই বাঘিনিকে স্থানান্তর করা হয়েছিল কি না, তা নিয়েও প্রশ্ন উঠছে।এই বিষয়ে রাজ্যের বনমন্ত্রী মনোজকুমার ওরাওঁ জানিয়েছেন, বাঘিনিকে ঘিরে ওঠা অভিযোগ সম্পর্কে তাঁর কাছে কোনও তথ্য নেই। দিল্লি থেকে তদন্তকারী দল এসেছে। তারা গোটা বিষয়টি খতিয়ে দেখছে। তদন্তের রিপোর্ট হাতে এলেই প্রকৃত ঘটনা জানা যাবে।বনমন্ত্রীর আরও দাবি, বক্সার বাঘিনি, যাকে ডুয়ার্সরানি নামেও ডাকা হচ্ছে, বর্তমানে সুস্থ রয়েছে এবং বক্সাতেই আছে। সে যদি ওই জঙ্গলে স্থায়ী ভাবে থাকতে শুরু করে, তা হলে ভবিষ্যতে আরও বাঘ আনার পরিকল্পনা করা হবে।এ দিন বনমন্ত্রী নিজেও বক্সা ব্যাঘ্র প্রকল্পের জঙ্গলে গিয়ে বাঘিনিটি যে এলাকায় রয়েছে, সেই এলাকা ঘুরে দেখেন। অন্য দিকে, বাঘিনিকে ঘিরে একের পর এক প্রশ্ন ওঠায় বন দফতরের অন্দরেও অসন্তোষ তৈরি হয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক এক বন আধিকারিকের দাবি, তাঁরা জাতীয় বাঘ সংরক্ষণ কর্তৃপক্ষের নির্দেশিকা মেনেই কাজ করছেন। বাঘিনির বয়স সম্পর্কে তাঁদের কাছে যে তথ্য দেওয়া হয়েছে, সেটাই তাঁরা মেনে নিয়েছেন।জানা গিয়েছে, বিহারের বাল্মীকি ব্যাঘ্র প্রকল্প থেকে বক্সায় আনার পর একাধিকবার বাঘিনিটিকে ঘুমপাড়ানি গুলি করে অচেতন করতে হয়েছে। কখনও রেডিয়ো কলার খুলে যাওয়ায় সেটি ঠিক করার জন্য, আবার কখনও বক্সা থেকে পালিয়ে অসমে চলে যাওয়ার পর তাকে ফিরিয়ে আনার জন্য এই পদক্ষেপ করা হয়। প্রতিবারই অচেতন করার পর জ্ঞান ফেরাতে ওষুধ দেওয়া হয়েছে।বাঘিনিটিকে বিহার, বাংলা ও অসমের মধ্যে সড়কপথে এবং আকাশপথে নিয়ে যাওয়া হয়েছে। বারবার স্থান পরিবর্তন, যাতায়াতের ধকল এবং ঘুমপাড়ানি ওষুধের প্রভাব তার শরীরে পড়েছিল কি না, তা নিয়েও প্রশ্ন উঠছে। সত্যিই কি বাঘিনিটি অন্তঃসত্ত্বা ছিল? তার গর্ভের শাবকদের কি মৃত্যু হয়েছে? নাকি এই দাবি সম্পূর্ণ ভিত্তিহীন? আপাতত তদন্তকারী দলের রিপোর্টের দিকেই তাকিয়ে বন দফতর ও বন্যপ্রাণীপ্রেমীরা।

নভেম্বর ১৩, ২০২৬
দেশ

পড়ুয়াদের নিয়ে যাচ্ছিল মিনিবাস, আচমকাই উল্টো দিক থেকে এল ট্রাক! কাজিরাঙায় ভয়াবহ দুর্ঘটনা, মৃত ২৩

অসমের কাজিরাঙায় ভয়াবহ পথ দুর্ঘটনা। কন্টেনার ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হল একটি মিনিবাসের। এই দুর্ঘটনায় অন্তত ২৩ জনের মৃত্যু হয়েছে বলে প্রাথমিক ভাবে জানা গিয়েছে। আহত হয়েছেন আরও অনেকে। দুর্ঘটনাগ্রস্ত বাসে বেশির ভাগ যাত্রীই পড়ুয়া ছিলেন বলে খবর। ফলে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।শুক্রবার দুপুরে কাজিরাঙার কোহরা রেঞ্জের রঙ্গাজান এলাকায় হাতিকুলি চা বাগানের কাছে ৭১৫ নম্বর জাতীয় সড়কে দুর্ঘটনাটি ঘটে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মিনিবাসটি বোকাখাত থেকে নগাঁওয়ের দিকে যাচ্ছিল। সেই সময় উল্টো দিক থেকে আসা একটি কন্টেনার ট্রাকের সঙ্গে বাসটির মুখোমুখি সংঘর্ষ হয়। ধাক্কার তীব্রতা এতটাই বেশি ছিল যে দুমড়ে-মুচড়ে যায় বাসটি। ভিতরে আটকে পড়েন বহু যাত্রী।দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছন স্থানীয় বাসিন্দারা। খবর দেওয়া হয় পুলিশ ও উদ্ধারকারী দলকে। বাসের ভিতর থেকে আহতদের উদ্ধার করে প্রথমে কোহরা মডেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে গুরুতর আহত কয়েক জনকে জোরহাট মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়। বাসে মোট কত জন যাত্রী ছিলেন, তা এখনও স্পষ্ট নয়।প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, দুর্ঘটনার সময় বাসটির গতি অত্যন্ত বেশি ছিল। কাজিরাঙা জাতীয় উদ্যান সংলগ্ন এলাকায় গতিসীমা নির্দিষ্ট থাকা সত্ত্বেও বাসটি দ্রুতগতিতে চলছিল বলে মনে করা হচ্ছে। চালক নিয়ন্ত্রণ হারানোর কারণেই ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়ে থাকতে পারে। তবে দুর্ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে।দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছেন অসমের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রী তথা স্থানীয় বিধায়ক অতুল বোরা। তিনি উদ্ধারকাজের তদারকি করছেন। এই ঘটনায় শোক প্রকাশ করেছেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা। এখনও ঘটনাস্থলে উদ্ধারকাজ চলছে।

নভেম্বর ১৩, ২০২৬

Ads

You May Like

Gallery

265-year-old "Mukhopadhyay House" in Bhavanandpur, Kalnar, played vermilion on Dasami during Durga Puja
BJP candidate Locket Chatterjee campaigned on the banks of the Ganges from Chandannagar Ranighat to Triveni Ghat wishing New Year.
A living depiction of history with a touch of color, everyone is enthralled by the initiative of the Eastern Railway
Sucharita Biswas actress and model on Durga Puja
Lord Kalabau came up in palanquin; Navapatrika walked towards the mandap - the puja started
On Sunday, the 'Hilsa festival' is celebrated in the city with great joy.
Check out who has joined Mamata's new cabinet
Take a look at the list of recipients at the Bangabibhushan award ceremony
If you are grassroots, you will get ration for free. Lakshmi Bhandar, Kanyashree, Swastha Sathi, Krishakbandhu, Oikyashree, Sabujsathi — you will get all.

Categories

  • কলকাতা
  • রাজ্য
  • দেশ
  • বিদেশ
  • রাজনীতি
  • খেলার দুনিয়া
  • বিনোদুনিয়া
  • সম্পাদকীয়
  • নিবন্ধ
  • ভ্রমণ
  • রাশিফল
  • টুকিটাকি
  • চিত্রহার
  • বিবিধ
  • ভিডিও

Company

  • About Us
  • Advertise
  • Privacy
  • Terms of Use
  • Contact Us
Copyright © 2026 Janatar Katha News Portal