ফের হোয়াইট হাউসের নিরাপত্তায় বড়সড় ফাঁক! নিরাপত্তা পোস্টে সজোরে ধাক্কা গাড়ির, ভিতরে ছিলেন ট্রাম্প
হোয়াইট হাউসের নিরাপত্তা নিয়ে ফের বড়সড় প্রশ্ন উঠল। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যখন হোয়াইট হাউসের ভিতরে, তখনই সেখানে নিরাপত্তা পোস্টে ধাক্কা মারল একটি গাড়ি। সোমবার সকালে এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ায়। সঙ্গে সঙ্গে ওই এলাকায় নিরাপত্তা বাড়ানো হয়। আটক করা হয়েছে গাড়ির চালককে। তবে কেন তিনি নিরাপত্তা পোস্টে ধাক্কা মারলেন, তা এখনও জানা যায়নি।মার্কিন সংবাদমাধ্যম সূত্রে খবর, স্থানীয় সময় সোমবার সকাল ১০টা নাগাদ একটি রুপোলি রঙের গাড়ি হোয়াইট হাউসের কাছে লাফায়েত স্কোয়ারের উত্তর দিকে একটি নিরাপত্তা পোস্টে ধাক্কা মারে। সেই সময় হোয়াইট হাউসের ভিতরেই ছিলেন ট্রাম্প।ঘটনার পরেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। প্রকাশ্যে আসা ছবি ও ভিডিয়োয় দেখা গিয়েছে, নিরাপত্তা পোস্টে ধাক্কা মারার পর গাড়ি থেকে নেমে আসেন চালক। এর পর নিরাপত্তারক্ষীদের সঙ্গে তাঁর ধস্তাধস্তি শুরু হয়। শেষ পর্যন্ত তাঁকে আটক করেন নিরাপত্তারক্ষীরা। তবে ধৃত ব্যক্তির পরিচয় এখনও প্রকাশ করেনি প্রশাসন।কী কারণে ওই গাড়িটি নিরাপত্তা পোস্টে ধাক্কা মারল, তা নিয়ে তৈরি হয়েছে রহস্য। চালক কি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছিলেন, নাকি এর পিছনে অন্য কোনও উদ্দেশ্য ছিল? তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। ঘটনাটি নিছক দুর্ঘটনা, নাকি পরিকল্পিত ভাবে নিরাপত্তা ভাঙার চেষ্টা, তা এখনও স্পষ্ট নয়।হোয়াইট হাউসের ঠিক বিপরীত দিকে পেনসিলভানিয়া অ্যাভিনিউয়ের অন্য পাশে রয়েছে লাফায়েত স্কোয়ার। প্রেসিডেন্টের কার্যালয় ও বাসভবনের এত কাছে এই ঘটনা ঘটায় স্বাভাবিক ভাবেই উদ্বেগ বেড়েছে। ঘটনার পর গোটা এলাকা ঘিরে ফেলে নিরাপত্তাবাহিনী। মোতায়েন করা হয় অতিরিক্ত নিরাপত্তারক্ষী। ঘটনাস্থলে পৌঁছন সিক্রেট সার্ভিসের আধিকারিকেরাও। সাময়িক ভাবে বন্ধ করে দেওয়া হয় হোয়াইট হাউস ও সংলগ্ন এলাকার নিরাপত্তা ব্যবস্থা। ঘটনার পিছনে কোনও বড় পরিকল্পনা রয়েছে কি না, এখন সেই প্রশ্নই ভাবাচ্ছে তদন্তকারীদের।

