ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে টানা বৃষ্টিতে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ফসলের ক্ষতির আশঙ্কা দেখা দিয়েছে। কোথাও বৃষ্টির জলে ডুবে গিয়েছে চাষের জমি, কোথাও আবার মাঠেই পড়ে রয়েছে পাকা ধান। এই পরিস্থিতিতে উদ্বিগ্ন রাজ্য সরকার। বৃষ্টির জেরে কোন জেলায় কতটা ফসলের ক্ষতি হয়েছে, তা জানতে সমস্ত জেলাশাসকের কাছে বিস্তারিত রিপোর্ট চেয়েছে নবান্ন।
কোন এলাকায় কত জমির ফসল নষ্ট হয়েছে, কোন ফসলের ক্ষতি সবচেয়ে বেশি এবং কৃষকদের আর্থিক ক্ষতির পরিমাণ কত—এই সমস্ত তথ্য দ্রুত সংগ্রহ করার নির্দেশ দেওয়া হয়েছে জেলা প্রশাসনকে। আবহাওয়ার উন্নতি হলেই ক্ষয়ক্ষতির সমীক্ষার কাজ শুরু করবে কৃষি দফতর। সমীক্ষায় জমির পরিমাণ, ক্ষতিগ্রস্ত ফসলের ধরন এবং কৃষকদের আর্থিক ক্ষতির হিসাব খতিয়ে দেখা হবে। দ্রুত সেই রিপোর্ট রাজ্য সরকারের কাছে পাঠাতে বলা হয়েছে।
ক্ষতিগ্রস্ত কৃষকদের কাছ থেকেও সরাসরি তথ্য সংগ্রহ করতে চাইছে রাজ্য। সে জন্য একটি হেল্পলাইন নম্বর চালু করা হয়েছে। কৃষকেরা ১৪৪৪৭ নম্বরে ফোন করে তাঁদের ফসলের ক্ষয়ক্ষতির বিবরণ জানাতে পারবেন। কৃষকদের দেওয়া তথ্যের ভিত্তিতেও ক্ষতির পরিমাণ যাচাই করা হবে। পরিস্থিতি বুঝে পরবর্তী পদক্ষেপ করতে চাইছে নবান্ন। তাই জেলা প্রশাসনকে দ্রুত তথ্য সংগ্রহের উপর বিশেষ গুরুত্ব দিতে বলা হয়েছে।
দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় টানা বৃষ্টিতে মাঠের ফসল নিয়ে উদ্বেগ বাড়ছে কৃষকদের মধ্যে। কোথাও জমিতে জল জমে ফসল ডুবে গিয়েছে, আবার কোথাও পাকা ধান মাঠেই পড়ে রয়েছে। বৃষ্টি চলতে থাকলে ধান পচে গিয়ে বড় ক্ষতি হতে পারে বলে আশঙ্কা করছেন চাষিরা।
শুধু ধান নয়, শীতকালীন সবজির চাষ নিয়েও চিন্তায় কৃষকেরা। এই সময়ে জমিতে ফুলকপি, বাঁধাকপি, টমেটো, বেগুন এবং লঙ্কার চারা থাকে। টানা বৃষ্টিতে মাটি অতিরিক্ত ভিজে থাকলে গাছের গোড়া পচে যাওয়ার আশঙ্কা রয়েছে। তাতে সবজির ফলন কমতে পারে। এর প্রভাব পড়তে পারে বাজারদরেও। সব মিলিয়ে বৃষ্টির জেরে কৃষিক্ষেত্রে কতটা ক্ষতি হয়েছে, তা জানতে এখন জেলা প্রশাসনের রিপোর্টের অপেক্ষায় রাজ্য সরকার।
- More Stories On :
- Cyclone Akvan
- Heavy rain
- Farmers

