বাংলাদেশ থেকে অবৈধ ভাবে ভারতে প্রবেশের অভিযোগে গ্রেফতার এক মহিলা। হায়দরাবাদ যাওয়ার পথে নিউ জলপাইগুড়ি রেল স্টেশন থেকে তাঁকে গ্রেফতার করেছে পুলিশ। শিলিগুড়ি জিআরপির বিশেষ দল এবং এনজেপি জিআরপির সাদা পোশাকের পুলিশের যৌথ অভিযানে ধরা পড়েন ওই মহিলা। শুক্রবার প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষ করে তাঁকে জলপাইগুড়ির হোল্ডিং সেন্টারে পাঠানো হয়েছে। এই ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃত মহিলার নাম ওদেরা আক্তার। বয়স আনুমানিক ৩০ বছর। তিনি বাংলাদেশের মুন্সিগঞ্জ জেলার সিরাজগঞ্জ এলাকার বাসিন্দা। পুলিশ জানিয়েছে, গুয়াহাটির কামাখ্যা স্টেশন থেকে চেরালাপল্লীগামী এক্সপ্রেস ট্রেনের সাধারণ কামরায় চেপে হায়দরাবাদের উদ্দেশে রওনা দিয়েছিলেন তিনি।
ওই মহিলার গতিবিধি এবং পরিচয় সম্পর্কে আগে থেকেই তথ্য ছিল পুলিশের কাছে। সেই সূত্র ধরেই তাঁর উপর নজরদারি শুরু করেন তদন্তকারীরা। এরপর নিউ জলপাইগুড়ি স্টেশনের ৬ নম্বর প্ল্যাটফর্মে ট্রেনটি পৌঁছতেই অভিযান চালানো হয়। ট্রেনের সাধারণ কামরা থেকে তাঁকে গ্রেফতার করেন জিআরপির আধিকারিকেরা।
প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, গত ১৭ নভেম্বর সিলেট ও মেঘালয় সীমান্তের একটি পথ ব্যবহার করে অবৈধ ভাবে ভারতে প্রবেশ করেছিলেন ওই মহিলা। তার পর গুয়াহাটি থেকে ট্রেনে চেপে হায়দরাবাদের উদ্দেশে যাত্রা শুরু করেন। তবে কী কারণে তিনি ভারতে এসেছিলেন, কেনই বা হায়দরাবাদ যাচ্ছিলেন, তা এখনও স্পষ্ট নয়।
ধৃত মহিলার ভারতে প্রবেশের উদ্দেশ্য নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। হায়দরাবাদে যাওয়ার পিছনে অন্য কোনও কারণ রয়েছে কি না, তা-ও খতিয়ে দেখা হচ্ছে। এই ঘটনার সঙ্গে আরও কেউ জড়িত রয়েছেন কি না, তা জানার চেষ্টা করছেন তদন্তকারীরা।
শুক্রবার প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করার পর ওই মহিলাকে জলপাইগুড়ির হোল্ডিং সেন্টারে পাঠানো হয়েছে। কী ভাবে তিনি সীমান্ত পেরিয়ে ভারতে ঢুকলেন, কোন পথে বিভিন্ন জায়গায় যাতায়াত করলেন এবং তাঁর যাত্রার পরিকল্পনায় অন্য কারও ভূমিকা ছিল কি না, সব দিক খতিয়ে দেখছে পুলিশ। এই ঘটনার পর রেলপথে নজরদারি ও নিরাপত্তা ব্যবস্থা নিয়েও নতুন করে আলোচনা শুরু হয়েছে।
- More Stories On :
- NJP
- Bangladeshi Arrested

