দাবার বিশ্বমঞ্চে আজ নতুন ইতিহাসের অপেক্ষা। বিশ্বচ্যাম্পিয়নের মুকুট ধরে রাখার লক্ষ্যে বোর্ডে নামছেন ভারতের ডি গুকেশ। প্রতিপক্ষ উজবেকিস্তানের জাভোখির সিনদারভ। সুইজারল্যান্ডের জেনেভায় শুরু হচ্ছে ২০২৬ সালের ফিডে বিশ্ব দাবা চ্যাম্পিয়নশিপের খেতাবি লড়াই। দুই প্রতিদ্বন্দ্বীর বয়সই মাত্র ২০। ফলে বিশ্ব দাবার ইতিহাসে এটিই হতে চলেছে সর্বকনিষ্ঠ দুই খেলোয়াড়ের বিশ্বচ্যাম্পিয়নশিপ ম্যাচ।
২০২৪ সালে সিঙ্গাপুরে চিনের ডিং লিরেনকে হারিয়ে মাত্র ১৮ বছর বয়সে সর্বকনিষ্ঠ অবিসংবাদিত বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার নজির গড়েছিলেন গুকেশ। এবার তাঁর সামনে আরও কঠিন পরীক্ষা। কারণ, প্রতিপক্ষ সিনদারভও সাম্প্রতিক সময়ে দুরন্ত ছন্দে। ২০২৬ সালের ফিডে ক্যান্ডিডেটস টুর্নামেন্ট জিতে বিশ্বচ্যাম্পিয়নশিপে জায়গা করে নিয়েছেন তিনি। শুধু তাই নয়, বিশ্বকাপ জয়ের অভিজ্ঞতাও রয়েছে তাঁর।
পরিসংখ্যানের বিচারে অবশ্য কিছুটা এগিয়ে সিনদারভ। ধ্রুপদি দাবায় মুখোমুখি লড়াইয়ে তাঁর পাল্লা ভারী। কিন্তু বিশ্বচ্যাম্পিয়নশিপের লড়াইয়ে অতীতের হিসাব সবসময় শেষ কথা বলে না। দীর্ঘ ম্যাচে স্নায়ুর চাপ সামলানো, প্রতিপক্ষের চাল বুঝে পাল্টা কৌশল তৈরি করা এবং গুরুত্বপূর্ণ মুহূর্তে ভুল না করার ক্ষমতাই শেষ পর্যন্ত নির্ণায়ক হয়ে উঠতে পারে।
আজ প্রথম খেলায় সাদা ঘুঁটি নিয়ে শুরু করবেন সিনদারভ। গুকেশ খেলবেন কালো ঘুঁটি নিয়ে। ভারতীয় সময় সন্ধ্যা সাড়ে সাতটায় শুরু হবে প্রথম গেম। সর্বোচ্চ ১৪টি ধ্রুপদি গেমের এই লড়াইয়ে প্রথমে সাড়ে সাত পয়েন্ট পাওয়া খেলোয়াড়ই হবেন বিশ্বচ্যাম্পিয়ন। স্কোর ৭-৭ হলে হবে টাইব্রেক।
গুকেশের সামনে লক্ষ্য শুধু খেতাব রক্ষা নয়, বিশ্ব দাবায় ভারতের আধিপত্য আরও একবার প্রতিষ্ঠা করা। আজ থেকেই শুরু সেই কঠিন পরীক্ষা।
- More Stories On :
- World Chess Championship
- Gukesh

