তারাতলায় নির্মীয়মাণ গোডাউন ধসে সতেরো শ্রমিকের মৃত্যুর ঘটনায় টানা বাহাত্তর ঘণ্টার উদ্ধার অভিযান শেষে ঘটনাস্থল থেকে ধীরে ধীরে ফিরে যাচ্ছে উদ্ধারকারী দল। সেনা, জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী, দমকল এবং অন্যান্য উদ্ধারকারী সংস্থার দীর্ঘ প্রচেষ্টার পর আপাতত উদ্ধারকাজ শেষ হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। তবে উদ্ধার অভিযান শেষ হলেও ধ্বংসস্তূপ ঘিরে এখনও কড়া নিরাপত্তা বজায় রাখা হয়েছে।
তদন্তকারীদের মতে, দুর্ঘটনার প্রকৃত কারণ জানতে ঘটনাস্থলে পড়ে থাকা বিভিন্ন নমুনা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেই কারণে প্রমাণ নষ্ট না হয়, তা নিশ্চিত করতে পুরো এলাকা পুলিশের নজরদারিতে রাখা হয়েছে। ফরেন্সিক বিশেষজ্ঞদের পরীক্ষা-নিরীক্ষা শেষ না হওয়া পর্যন্ত ধ্বংসস্তূপ সরানোর কাজও শুরু করা হবে না।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, খুব শিগগিরই কলকাতা পুলিশের ফরেন্সিক দল ঘটনাস্থল পরিদর্শনে যাবে। তাঁদের পর্যবেক্ষণ এবং প্রয়োজনীয় নমুনা সংগ্রহের কাজ শেষ হওয়ার পর ধ্বংসস্তূপ সরানোর প্রক্রিয়া শুরু হবে। পাশাপাশি এই মর্মান্তিক দুর্ঘটনার কারণ খুঁজে বের করতে রাজ্য সরকার একটি উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠন করেছে। যুব কল্যাণ ও ক্রীড়া দপ্তরের অতিরিক্ত মুখ্যসচিব রাজেশ কুমার সিনহার নেতৃত্বে গঠিত এগারো সদস্যের এই কমিটিতে কলকাতা পুরসভা, দমকল, পুলিশ, বিপর্যয় মোকাবিলা দপ্তর, গণপূর্ত দপ্তর-সহ একাধিক বিভাগের প্রতিনিধিদের রাখা হয়েছে। সাত দিনের মধ্যে সরকারের কাছে তদন্ত রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
শনিবার পুলিশের অনুরোধে ঘটনাস্থল পরিদর্শনে যান যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পাঁচ সদস্যের বিশেষজ্ঞ দল। নির্মাণ প্রযুক্তি বিভাগের অধ্যাপক পার্থপ্রতিম বিশ্বাসের নেতৃত্বে ওই দল ধ্বংসস্তূপ ঘুরে দেখেন। তিনি জানান, উদ্ধারকাজ সম্পূর্ণ শেষ হওয়ার পর গোটা এলাকা বিস্তারিতভাবে পরীক্ষা করা হবে। এখনও ধ্বংসস্তূপ থেকে দুর্গন্ধ বের হচ্ছে বলেও তিনি উল্লেখ করেন। তাঁর মতে, সেখানে আরও কিছু দেহাংশ আটকে থাকার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। বিশেষজ্ঞরা ঘটনাস্থল থেকে বিভিন্ন নমুনা সংগ্রহ করে পরীক্ষাগারে পরীক্ষা করবেন। পাশাপাশি মাটির গুণগত মানও পরীক্ষা করা হবে। তদন্তকারীদের আশা, এই পরীক্ষার ফলাফল থেকেই দুর্ঘটনার প্রকৃত কারণ সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য সামনে আসবে।
- More Stories On :
- Taratala
- Godown collapsed,

