দুর্গাপুজোর চোরবাগান কাণ্ডের পর কালীপুজোর মণ্ডপ নিয়েও সতর্ক ছিল প্রশাসন। বায়ুদূষণ রুখতে বাজি ফাটানোর ক্ষেত্রেও জারি করা হয়েছিল একাধিক নিয়ম। রাত ৮টা থেকে ১০টা পর্যন্ত বাজি পোড়ানোর অনুমতি দেওয়া হয়েছিল। পুরোপুরি নিষিদ্ধ করা হয়েছিল শব্দবাজি। কিন্তু সরকারি নির্দেশিকাকে কার্যত বুড়ো আঙুল দেখিয়ে কালীপুজোর সন্ধ্যা থেকেই কলকাতার বিভিন্ন এলাকায় শুরু হয় নিষিদ্ধ বাজির দাপট। রাত বাড়ার সঙ্গে সঙ্গে বাড়ে শব্দবাজির তাণ্ডবও। তবে অভিযানে পিছিয়ে থাকেনি পুলিশ। নিষিদ্ধ বাজি ফাটানো এবং অভব্য আচরণের অভিযোগে কালীপুজোর রাতে কলকাতায় মোট ৫৯২ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ সূত্রে খবর, দীপাবলির রাতে শব্দবাজি ফাটানোর অভিযোগে ২০৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। অন্য দিকে, অভব্য আচরণের অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে আরও ৩৮৭ জনকে। সব মিলিয়ে ধৃতের সংখ্যা ৫৯২। অভিযানে ২৩৮.৬ কেজি শব্দবাজি বাজেয়াপ্ত করেছে পুলিশ। পাশাপাশি উদ্ধার হয়েছে ৬ লিটার মদ।
শুধু বাজি ফাটানোই নয়, কালীপুজোর রাতে শহরের রাস্তাতেও কড়া নজরদারি চালিয়েছে কলকাতা পুলিশ। বিশেষ করে বেপরোয়া বাইক ও গাড়ি চালানো এবং মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর বিরুদ্ধে অভিযান চালানো হয়। হেলমেট ছাড়া বাইক চালানো, বেপরোয়া গাড়ি চালানো এবং মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর অভিযোগে রবিবার রাতেই ৫৯৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
তবে প্রশাসনের এত কড়াকড়ির পরেও শব্দবাজির দাপট নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন শহরের বহু মানুষ। কালীপুজোর রাতে নিষিদ্ধ বাজির শব্দে অতিষ্ঠ হয়ে সমাজমাধ্যমে সরব হয়েছেন একাধিক নেতা-নেত্রী ও সমাজকর্মী। কলকাতা পুলিশকে উল্লেখ করে বিজেপি বিধায়ক রূপা গঙ্গোপাধ্যায় সমাজমাধ্যমে লেখেন, ‘কখন থামবে এই শব্দের দাপট? ঘুমোতে পারছি না।’ তাঁর এই পোস্ট ঘিরেও শুরু হয়েছে আলোচনা।
নিষিদ্ধ বাজির ব্যবহার বন্ধ করতে কালীপুজোর রাতে কলকাতা পুলিশের গাড়িতে চেপে শহরের বিভিন্ন এলাকায় ঘুরে নজরদারি চালান পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল। কোথাও যাতে শব্দবাজি ফাটানো না হয়, তা নিশ্চিত করতেই এই উদ্যোগ বলে জানা গিয়েছে।
কিন্তু এত অভিযান, গ্রেপ্তারি এবং প্রশাসনিক সতর্কতার পরেও কেন বন্ধ করা যাচ্ছে না নিষিদ্ধ বাজির ব্যবহার? প্রতি বছরই কালীপুজো ও দীপাবলির রাতে শব্দবাজির দাপটে সমস্যায় পড়েন সাধারণ মানুষ। ক্ষতিগ্রস্ত হয় পরিবেশও। প্রশাসনের কড়াকড়ি সত্ত্বেও এই ছবি বদলাচ্ছে না কেন, সেই প্রশ্নই ফের সামনে এল। পরিবেশ বাঁচাতে শুধু প্রশাসনের উদ্যোগ নয়, সাধারণ মানুষের সচেতনতাও যে জরুরি, কালীপুজোর রাতের ঘটনা ফের তা মনে করিয়ে দিল।
- More Stories On :
- Kolkata Police
- Kali Puja
- Arrested

