কলকাতায় বায়ুদূষণ ও শব্দদূষণ রুখতে আরও কড়া পদক্ষেপ করল দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ। শহর এবং আশপাশের এলাকায় নজরদারির জন্য রাস্তায় নামানো হয়েছে ছ’টি বিশেষ দল। সল্টলেক থেকে যাদবপুর, কলকাতার একাধিক গুরুত্বপূর্ণ ও জনবহুল এলাকায় ঘুরে বেড়াচ্ছেন পর্ষদের আধিকারিকরা। কোথাও নিষিদ্ধ শব্দবাজি ফাটানো হচ্ছে কি না, তা খতিয়ে দেখছেন তাঁরা। নিয়ম ভাঙার অভিযোগ পেলেই দ্রুত পদক্ষেপ করার প্রস্তুতি রয়েছে।
নজরদারির কাজে আধুনিক শব্দ মাপার যন্ত্র ব্যবহার করছেন বিশেষ দলগুলির সদস্যরা। কোনও এলাকায় বাজির শব্দ বেশি হচ্ছে কি না, তা ঘটনাস্থলেই পরীক্ষা করা হচ্ছে। শব্দের মাত্রা নির্ধারিত সীমা ছাড়ালে নিয়ম অনুযায়ী ব্যবস্থা নেওয়া হতে পারে।
সল্টলেকে নজরদারির সময় দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের বিশেষ দলের সঙ্গে ছিল সংবাদমাধ্যমের প্রতিনিধি দল। সেখানে দেখা যায়, কোনও বাড়ির ছাদ থেকে অতিরিক্ত শব্দে বাজি ফাটানোর খবর পেলে সরাসরি সেখানে পৌঁছে যাচ্ছেন আধিকারিকরা। বহুতলে গিয়ে বাসিন্দাদের সঙ্গে কথা বলছেন তাঁরা। বাজি ফাটানো বন্ধ করার নির্দেশ দেওয়ার পাশাপাশি নিয়ম মেনে চলার জন্য সতর্কও করা হচ্ছে।
প্রশাসনের তরফে জানানো হয়েছে, রাত ১০টা পর্যন্ত নির্দিষ্ট নিয়ম মেনে বাজি ফাটানো যাবে। তবে রাত ১০টার পর শব্দবাজি ফাটানো বা শব্দদূষণ সংক্রান্ত নিয়ম ভাঙার অভিযোগ উঠলে কড়া আইনি ব্যবস্থা নেওয়া হবে। কোনও রকম ছাড় দেওয়া হবে না বলেও স্পষ্ট বার্তা দেওয়া হয়েছে।
উৎসবের মরসুমে শহরের পরিবেশ ও সাধারণ মানুষের স্বস্তি বজায় রাখতেই এই বিশেষ নজরদারি চালানো হচ্ছে। কলকাতার বিভিন্ন এলাকায় ছ’টি মোবাইল দলের টহল চলবে। কোথাও নিয়ম ভাঙা হচ্ছে কি না, সে দিকে নজর রাখবেন আধিকারিকরা।
- More Stories On :
- Kolkata
- Kolkata Police
- Fire cracker

