বিগ বসের ঘরে দিন যত এগোচ্ছে, ততই বাড়ছে উত্তেজনা। কে কার বন্ধু, আর কে আড়ালে কার বিরুদ্ধে পরিকল্পনা করছেন, তা বোঝা কঠিন হয়ে উঠেছে। এর মধ্যেই নতুন করে আলোচনায় রাজবীরকে ঘিরে তৈরি হওয়া সমীকরণ। এই শনিবার তনুশ্রী, সোনামণি এবং রাজবীরের মধ্যে কে ঘর ছাড়বেন, তা নিয়ে দর্শকদের মধ্যে জল্পনা তুঙ্গে। তবে তার আগেই ঘরের ভিতরে শুরু হয়েছে নতুন খেলা। জীতু, সৌরভ এবং দুর্নিবারের কথাবার্তায় উঠে এসেছে রাজবীরকে সরানোর পরিকল্পনা।এক সময় রাজবীরকে বাঁচিয়েছিলেন জীতু। কিন্তু এখন তাঁদের সম্পর্কের সমীকরণ অনেকটাই বদলে গিয়েছে। সোনামণি এবং রণিতার সঙ্গে রাজবীর কী পরিকল্পনা করছেন, তা বুঝতে পারছেন না জীতু নিজেও। তাঁর মতে, রাজবীর এখন অতিরিক্ত আত্মবিশ্বাসী হয়ে উঠেছেন। অন্য দিকে, দুর্নিবারের দাবি, রাজবীরের কথাবার্তার মধ্যে কোনও যুক্তি খুঁজে পাওয়া যাচ্ছে না।দুর্নিবারের মতে, নন্দিনী যত দিন ঘরে ছিলেন, তত দিন রাজবীরের পাশে একজন ভরসার মানুষ ছিলেন। কিন্তু নন্দিনী চলে যাওয়ার পর রাজবীর যেন দিশাহারা হয়ে পড়েছেন। জীতুরও ধারণা, রণিতা এবং রাজবীর দুজনেই এখন কোনও নির্দিষ্ট পরিকল্পনা ছাড়াই খেলছেন।কিন্তু আসল আলোচনা শুরু হয় জীতু সেখান থেকে উঠে যাওয়ার পর। জীতু চলে যেতেই সৌরভের সঙ্গে আলাদা করে কথা বলতে শুরু করেন দুর্নিবার। তাঁদের আলোচনায় উঠে আসে রাজবীরকে একা করে দেওয়ার পরিকল্পনা। দুর্নিবার বুঝতে পেরেছেন, জীতু ছাড়া এই মুহূর্তে রাজবীরের পাশে তেমন কেউ নেই। আবার জীতুর মনোযোগও এখন অনেকটাই সৃজলার দিকে।সেই সুযোগকেই কাজে লাগাতে চান দুর্নিবার। তাঁর পরিকল্পনা, জীতুকে আরও বেশি করে সৃজলার কাছাকাছি নিয়ে যেতে হবে। তাতে রাজবীর ধীরে ধীরে একা হয়ে পড়বেন। শুধু তা-ই নয়, কথার মাঝে মনামীরও যে এক দিন ঘর থেকে বিদায় নেওয়ার সময় আসবে, সেই ইঙ্গিতও দেন দুর্নিবার।তবে সৌরভকে সাবধান করে দেন তিনি। রাজবীরের হয়ে বেশি কথা বললে বিপদে পড়তে পারেন সৌরভ। কারণ, রাজবীর যদি তাঁদের কথাবার্তা জীতুকে জানিয়ে দেন, তা হলে পুরো পরিকল্পনাই ভেস্তে যেতে পারে। তাই নিজেদের অবস্থান বুঝে পা ফেলার পরামর্শ দেন দুর্নিবার।অন্য দিকে, সৌরভের মাথায় এখন একটাই চিন্তা। যে ভাবেই হোক, রাজবীরকে ঘর থেকে সরাতে হবে। তাঁর মতে, রাজবীর চলে গেলে প্রথমে খেলাটা আরও কঠিন মনে হলেও পরে পুরো পরিস্থিতিই বদলে যেতে পারে। দুর্নিবার আবার দাবি করেন, জীতু এবং সৃজলার সম্পর্কের মাঝে একমাত্র বাধা রাজবীর। জীতু রাজবীরকে পছন্দ করলেও সৃজলার সঙ্গে তাঁর সম্পর্কের সমীকরণ একেবারেই আলাদা।এর মধ্যেই নতুন প্রশ্ন উঠেছে, রাজবীর যদি দলের নেতা বা ক্যাপ্টেন হয়ে যান, তা হলে কি পরিস্থিতি বদলে যাবে? জীতু কি আবার রাজবীরের দলে ফিরে যাবেন? এই বিষয় নিয়েও সৌরভ ও দুর্নিবারের মধ্যে আলোচনা হয়। তবে তড়িঘড়ি কোনও সিদ্ধান্ত নিতে চান না তাঁরা। বরং সব দিক ভেবেই পরবর্তী পদক্ষেপ করতে চান।এই পরিকল্পনায় গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছেন দুর্নিবারের মা-ও। বিশেষ সপ্তাহে বিগ বসের ঘরে এসেছিলেন তিনি। তাঁর হাতে নিজের পছন্দের প্রতিযোগীকে ক্যাপ্টেন্সির দাবিদার হিসেবে বেছে নেওয়ার ক্ষমতা দিয়েছিলেন বিগ বস। সেই সুযোগ কাজে লাগিয়ে দুর্নিবারের সঙ্গে আলোচনা করে রাজবীরকে বেছে নেন তিনি। এর পিছনে উদ্দেশ্য ছিল, রাজবীরকে নিজেদের দলে টেনে আনা।এখন প্রশ্ন, এই পরিকল্পনায় কি শেষ পর্যন্ত সফল হবেন দুর্নিবার ও সৌরভ? রাজবীর কি তাঁদের দলে যোগ দেবেন, নাকি পুরো ছক বুঝে পাল্টা চাল দেবেন? অন্য দিকে, এই শনিবার ও রবিবার বিগ বসের ঘর থেকে শেষ পর্যন্ত কার বিদায় হয়, তা জানার অপেক্ষায় দর্শকরা। তনুশ্রী, সোনামণি না রাজবীরকার যাত্রা শেষ হবে, এখন সেটাই দেখার।