ঋতব্রত বন্দ্যোপাধ্যায়-সহ ১০ বিধায়কের বিরুদ্ধে দলত্যাগ বিরোধী আইনে ব্যবস্থা নেওয়ার দাবিতে করা মামলায় বড় নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। বিধানসভার স্পিকার কোনও পদক্ষেপ না করায় তাঁর বিরুদ্ধে তৃণমূল নেতা শোভনদেব চট্টোপাধ্যায়ের দায়ের করা মামলা কলকাতা হাই কোর্টে ফেরত পাঠাল শীর্ষ আদালত। একই সঙ্গে দ্রুত মামলার শুনানি শেষ করার জন্য হাই কোর্টের প্রধান বিচারপতিকে একটি ডিভিশন বেঞ্চ গঠনের অনুরোধ জানিয়েছে প্রধান বিচারপতি সূর্যকান্তের বেঞ্চ।
সুপ্রিম কোর্টের স্পষ্ট বক্তব্য, এই মুহূর্তে মামলাটির শুনানির জন্য কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হওয়াই উপযুক্ত আইনি পদক্ষেপ। তাই শীর্ষ আদালত এই পর্যায়ে আবেদনটি খারিজ করেছে। তবে মামলাকারীকে হাই কোর্টে যাওয়ার স্বাধীনতা দেওয়া হয়েছে। পাশাপাশি, দ্রুত মামলার নিষ্পত্তির জন্য প্রধান বিচারপতিকে বিষয়টি একটি ডিভিশন বেঞ্চে পাঠানোর অনুরোধও জানানো হয়েছে।
শুনানিতে মামলাকারী পক্ষের আইনজীবীরা জানান, প্রায় পাঁচ মাস পেরিয়ে গেলেও বিধানসভার স্পিকার এই বিষয়ে কোনও কার্যকর পদক্ষেপ করেননি। সেই কারণেই সরাসরি সুপ্রিম কোর্টে মামলার শুনানির আবেদন জানানো হয়েছিল। তবে সেই আর্জি শুনে প্রধান বিচারপতি সূর্যকান্ত মন্তব্য করেন, ‘‘সব রাজ্য সুপ্রিম কোর্টে এলে কী ভাবে চলবে?’’
উল্লেখ্য, ঋতব্রত-সহ ১০ বিধায়কের বিরুদ্ধে দলত্যাগ বিরোধী আইনে ব্যবস্থা নেওয়ার দাবিতে গত সেপ্টেম্বর মাসেও সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন শোভনদেব চট্টোপাধ্যায়। সেই সময় শীর্ষ আদালত আশা প্রকাশ করেছিল, ৭ অক্টোবরের মধ্যে বিধানসভার স্পিকার বিষয়টি বিবেচনা করে প্রয়োজনীয় সিদ্ধান্ত নেবেন।
কিন্তু আদালতের বেঁধে দেওয়া সময়সীমা পেরিয়ে গেলেও স্পিকারের তরফে কোনও পদক্ষেপ করা হয়নি বলে অভিযোগ মামলাকারীদের। এর পরেই ফের সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন শোভনদেব। এবার অবশ্য শীর্ষ আদালত মামলাটি কলকাতা হাই কোর্টে ফেরত পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে।
এখন কলকাতা হাই কোর্টের ডিভিশন বেঞ্চে মামলাটির শুনানি হবে। সুপ্রিম কোর্টের নির্দেশের পর ঋতব্রত-সহ ১০ বিধায়কের বিরুদ্ধে দলত্যাগ বিরোধী আইনে কী পদক্ষেপ করা হয়, সে দিকেই নজর রয়েছে রাজ্যের রাজনৈতিক মহলের।
- More Stories On :
- Supreme Court
- Sovandeb Chatterjee
- Calcutta High Court

